ড্রয়িং রুমে সাদিদকে একটার পর একটা জেরা করেই যাচ্ছে সোহানা আর টিটু। সাদিদ কারো কথার জবাব দিচ্ছে না। রাগে কেবল ফুঁসতেছে। সোহানা বারবার জিজ্ঞাসা করতেছে,
' তুমি কেন ওই ইউনিভার্সিটি গিয়ে অচেনা কারো সাথে মারামারি করবে?
টিটুও স্তব্ধ হয়ে এতক্ষণ বসে ছিলো। সাদিদ মুখ না খুলাতে সেও ধৈর্য হারিয়ে ফেললো। শেষে রেগেমেগে বললো,
' সাদিদ আমাকে পুলিশ ফোন করে তোমাকে আনতে থানায় ডেকেছে! আমার মানসম্মান কিছু রেখেছো? কেন এতো সিনিয়র একজনের গায়ে হাত তুললে? এতটা অভদ্রতা তো তোমার থেকে আশা করিনা আমরা।
সাদিদ ব্যান্ডেজ করা হাতটা দিয়ে কুশনের উপর আঘাত করে বললো,
' কারণ সে নিধির বয়ফ্রেন্ড ছিলো, যার জন্য নিধিকে আমি ছেড়ে দিয়েছিলাম। আমি নিধির খুঁজে তার ইউনিভার্সিটি গিয়েছিলাম, তাকে খুঁজে পাইনি শেষ পর্যন্ত সেই ছেলেকে খুঁজে পেয়েছি, আমি কেবল নিধির খোঁজ জানতে চেয়েছিলাম। সে বলেছে নিধি আবার কে? কোনদিন কার সাথে শুই আমার এতকিছু মনে থাকে নাকি? এমন বাজে কথা বলায় রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। নিধি ওই টাইপ মেয়ে নয় বাবা।
সোহানা চোখ বন্ধ করে একটু শান্ত গলায় বললো,
' বুঝলাম নিধি ভালো মেয়ে। তাই বলে একা তুমি অচেনা জায়গায় ঝামেলা করবে? ওরা কতজন ছিলো বুঝতে পারছো? যদি তোমার কিছু করে ফেলতো? আমরা কি করতাম সাদিদ?
' পুলিশ না আসলে আমি ওকে মেরে ফেলতাম মা।
' সাদিদ কিসব বলছো? আর নিধির জন্য এমন পাগলামি করছো কেন? ওর সাথে তো সবকিছু কবেই শেষ।
সাদিদ চুপ করে রইলো। টিটু বললো,
' নিধিকে কি খুঁজে পাওনি?
' না বাবা।
' তাকে কেন খুঁজছো?
' জানিনা বাবা। কেন জানি তার বর্তমান অবস্থা জানতে মন অস্থির হচ্ছিলো।
' কোনো বিশেষ কারণ?
' আমার মন বলছে সে ভালো নেই, আমি কেবল তার সম্পর্কে জানতে চাই আর কিচ্ছুনা।
' আচ্ছা আমি তোমাকে সাহায্য করবো।
' সত্যি?
' হ্যাঁ সত্যি। বেঁচে থাকলে তো পৃথিবীর কোথাও না কোথাও আছে তাইনা? মানুষ খুঁজে পাওয়া তো এতো কঠিন না।
সাদিদ যেন একটু স্বস্তি অনূভব করলো।
সে উঠে নিজের রুমে চলে গেলো।
সাদিদ চলে যেতেই সোহানা টিটুকে বলে উঠলো,
' আজ আফসানা এসেছিলো অফিসে।
টিটু অবাক হয়ে বললো,
' কি বলো? কেন এসেছিলো? কি বলেছে?
' আমি ভেতরে আসতে দেইনি, বাইরে অপেক্ষা করেছে। শেষে গাড়ির কাছে এসে ডাকাডাকি করাতে শুধু কি চায় জিজ্ঞাসা করেছি।
' তারপর কি বললো?
' বললো তাকে সাহায্য করতে, তার নাকি সংসার নষ্ট হয়ে যাচ্ছে আর তার মেয়ে কি জানি! এরপর শুনিনি। তার মেয়ের প্রসঙ্গ আর শুনে কি করবো বলো? ছেলে তো বললো ব্রেকাপ করে ফেলেছে। ছেলে স্বইচ্ছায় ব্রেকাপ করে নিলে আমি কেন আর এটার ব্যপারে শুনতে যাবো? এমন তো না আমরা মেনে নিতাম সম্পর্কটা! চলে গেছে বেঁচে গেছি, অযথা আর সেই দুঃখের সংলাপ শুনে লাভ কি?
' অবশ্যই। কিন্তু তার সংসার কীভাবে নষ্ট হলো?
' জানিনা। তার সংসারে আমাদের কি হস্তক্ষেপ বলোতো? শুনেছিলাম তার প্রথম বাচ্চা ছেলে ছিলো। এই মেয়ে কবে হলো, কোন সংসারে হলো এসব কি আমরা জানি নাকি?
টিটু মাথা নেড়ে বললো,
' তা ঠিক কিন্তু তোমার সবকিছু শোনা উচিত ছিলো।
' তোমার দেখি খুব আগ্রহ! তাহলে তোমার কাছে পাঠিয়ে দিবো?
' ধ্যাত! তুমিও না কিসব বলো?
সোহানা হেসে উঠে সেখান থেকে চলে গেলো।
সাদিদের কেন জানি নিধির উপর থাকা সব রাগ ভেতর থেকে হারিয়ে গেছে। তার মনে হচ্ছে নিধির সাথে সত্যিই কিছু একটা খারাপ হচ্ছে। নিধি এতটা চুপসে যাওয়া মেয়ে ছিলোনা। সে ছিলো পড়ায় ভালো আবার অতি চঞ্চল প্রকৃতির। সবসময় মজা দুষ্টামি বন্ধুবান্ধব, ঘুরাঘুরি এসবে অভ্যস্ত। ওই ছেলেটা নিশ্চয়ই তাকে ফাঁদে ফেলে বাজেভাবে ঠকিয়েছে যার জন্য মেয়েটা এভাবে নিশ্চুপ হয়ে গেছে।
সাদিদ আবারও তার নাম্বারে ফোন দিলো, ঢুকলোনা। তার সাথে যোগাযোগের সবকিছু রাস্তা ঘেঁটে ফেললো, সব জায়গা থেকে তাকে ব্লক করে দেওয়া হয়েছে।
সাদিদ বিছানায় শুয়ে আছে, তার ডান হাতে প্রচন্ড ব্যথা। দুদিন পর লাস্ট এক্সাম, কীভাবে দিবে?
ওই অসভ্য ছেলেটাকে শায়েস্তা করতে গিয়ে সে নিজেই রক্তাক্ত হয়েছে। একেবারে গুণ্ডাপাণ্ডা সাথে নিয়ে চলাফেরা করে, তাকে আঘাত করতেই তার ছেলেপেলে এসে সাদিদের উপর আক্রমণ চালিয়েছে।
আরেকটু হলে মনে হয় মেরেই ফেলতো। যেভাবে গলা চেপে ধরেছিলো! ভাগ্যিস পাশেই ডিউডিরত পুলিশ এসে তাদের থামিয়েছে! এরপর থানায় নিয়ে গিয়ে সবকিছু মিটমাট করেছে। যেহেতু সাদিদ আগে আক্রমণ করেছে তাই ওদেরকেও ছেড়ে দিয়েছে।
'
রাত যখন গভীর সাদিদের ফোনে আননোন নাম্বার থেকে একটা ম্যসেজ এলো। ' আগামীকাল বিকাল ৩টায় দেখা করো। '
নিচে একটা ঠিকানাও দেওয়া।
সাদিদের মনে হলো এটা নিধি হতে পারে। সাদিদ সেই নাম্বারে কল দিলো কিন্তু ততক্ষণে বন্ধ দেখাচ্ছিলো।
সাদিদের রাতে আর ঘুম এলোনা। অনেক্ষণ ঘুমের জন্য চেষ্টা করে সে উঠে পড়লো। দরজা খুলে বের হয়ে দেখলো বাড়ির সবকিছু নিরব, নিস্তেজ। সবাই ঘুমাচ্ছে। আস্তে আস্তে গিয়ে সে তার মা'য়ের ডায়েরিটা নিজের রুমে নিয়ে এলো।
দেখলো তার মা আজও কিছু লিখেছে। আর সেটা আফসানার অফিসে আসা এবং তার বলা কথাগুলো।
এগুলোর নিচে সোহানা লিখেছে,
' আফসানাকে দেখার পর আমার মনে হয়েছে আমার ছেলে যদি আয়াতকে ছাড়া পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়েও নিজের জন্য বাছাই করে আনে আমি আপত্তি করবোনা। তাকে দেখে আমার এতটাই অস্বস্তি হয়েছিলো যে শুধু মনে হয়েছে আমি তাকে মৃত্যুর আগে আর দেখতে চাইনা। আমার ছেলে যখন বললো আয়াতের সাথে তার ব্রেকাপ হয়ে গেছে, তখন থেকে আমার ভেতরে এতটা প্রশান্তি ফিরে এসেছে যা লিখে শেষ করা সম্ভব নয়। আমার ছেলে আমার মন পড়তে পারে হয়তো সে আমাকে কখনোই হতাশ করেনা!
সাদিদ চোখ বন্ধ করে কিছুক্ষণ নিরব থেকে আবারও ডায়েরি জায়গায় রেখে এলো। আর বসে বসে ভাবলো আয়াতের সাথে ব্রেকাপের সিদ্ধান্তটা তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিলো। যত যাই হোক আয়াতকে আর কখনোই তার জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া যাবেনা।
'
পরেরদিন এক ঘণ্টা আগেই সে সেই জায়গায় পৌঁছে গেলো। একটা খোলা জায়গা, একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ। আশেপাশে মানুষও আছে হালকা পাতলা। বসার জায়গাও আছে সেখানে। কিন্তু বসে যেন সময় কাটছিলোনা। সাদিদ একবার বসছিলো একবার উঠছিলো আর বারবার পানি খাচ্ছিলো।
তিনটা বাজার এক মিনিট আগেই ধীরে ধীরে তার পেছনে এসে একজন দাঁড়ালো। সাদিদ প্রথমে চোখ বন্ধ করে নিলো ভেবে নিলো নিধি এসেছে এরপর ফিরে তাকাতেই দেখলো আয়াত দাঁড়িয়ে আছে। সাদিদ আয়াতকে দেখে প্রচন্ড রকম বিরক্তি নিয়ে বললো,
' তুমি এখানে?
' কেন অন্য কাউকে আশা করেছিলে নাকি?
সাদিদ চুপ করে রইলো।
আয়াত ব্যঙ্গ করে বললো,
' এর মধ্যে অন্য গার্লফ্রেন্ডও জুটে গেছে?
' তুমি আমাকে অচেনা নাম্বার দিয়ে ম্যসেজ দিলে কেন?
' আমি দিয়েছি জানলে কি আসতে নাকি?
' না আসতাম না।
' তাহলে অচেনা মানুষের প্রতিও দেখি তোমার বেশ আগ্রহ।
' বিরক্ত লাগছে, ব্যবহার খারাপ করার আগে চলে যাও।
' যাবোনা।
' তাহলে আমি চলে যাচ্ছি!
' তুমি নাকি গতকাল নিধির খুঁজে গিয়েছিলে?
সাদিদ অবাক হয়ে ফিরে বললো,
' তুমি কি করে জানো?
' শুনেছি।
' নিধিকে তুমি কীভাবে চিনো? সবকিছুর পেছনে তোমার হাত নেই তো?
' কিসের হাতের কথা বলছো?
' এই যে হঠাৎ নিধির বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে যাওয়া, এরপর আমার লাইফে তুমি চলে আসা। এসব তোমার পরিকল্পনা নয়তো?
' যদি হয়?
' তাহলে এখনি তোমাকে খুন করে আমি জেলে যাবো।
' আরেহ আমি তো মজা করেছি।
' তাহলে বলো নিধিকে কীভাবে চিনো? নিধিও তোমাকে চিনে কীভাবে?
' আমি তোমার এক্স গার্লফ্রেন্ড হিসেবেই তাকে চিনি, সেও হয়তো আমাকে তোমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হিসেবে চিনে সিম্পল।
' প্রেজেন্ট নয়, তুমিও এক্স হয়ে গেছো।
' অপরাধ? আফসানা জাহানের মেয়ে তাই?
' হ্যাঁ।
' আমার মায়ের কি দোষ ছিলো? তোমার মায়ের প্রাক্তন স্বামী নিজে আমার মা'কে বিয়ে করেছিলো, তোমার মা তাকে সন্তান দিতে পারছিলোনা বলে।
' খবরদার আমার মাকে নিয়ে কথা বলবেনা।
' কেন বলবোনা? তুমি আমার মা'কে টেনে ব্রেকাপ পর্যন্ত করে দিলে আমি কেন তোমার মা'কে টানতে পারবোনা?
' আয়াত আমি কিন্তু এখনো ভদ্র আছি। নাহলে?
' কিছুই করতে পারবেনা, হাত তো অকেজো করে এসেছো কাল। আর কি করবে?
সাদিদ রাগে গজগজ করছিলো, কিন্তু উত্তর দিলোনা কোনো।
তখন আয়াত বললো,
' আমার উপর এতো জিদ করো না। আমি তোমাকে বলি শুনো,
নিধি একটা খারাপ মেয়ে ছিলো, ওই রাফি ভাই যার সাথে গণ্ডগোল করলে তার সাথে ইচ্ছাকৃত সম্পর্কে জড়িয়েছে আর তোমাকে ধোকা দিয়েছে। পরে অবাধ মেলামেশার পর যখন রাফি ভাই ছেড়ে দিলো তখন সে একেবারে চুপসে গেছে। ফুউস! হুদাই তার পেছনে ছুটা বন্ধ করো সাদিদ।
' একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে খারাপ বলতে লজ্জা হচ্ছেনা তোমার? আমি তোমার সাথে এতদিন সম্পর্কে ছিলাম মনে হতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে।
' আমি মিথ্যা কি বলেছি? রাফি ভাই সেটাই বলেছিলো বলেই তো মারামারি করেছিলে, সত্য একটু তিতা'ই হয় সাদিদ।
' এতকিছু তুমি কীভাবে জানো? রাফির সাথে তোমার সম্পর্ক কি?
' এসব হাওয়ায় ভেসেই কানে আসে।
' তুমি একটা জঘন্য!
বলেই সাদিদ চলে যেতে লাগলো। আয়াত পেছন পেছন ডাকলো,
' সাদিদ? সাদিদ শুনো?
' ডাকবেনা।
' সাদিদ আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলি চলো। দেখো আমাদের মা-বাবার জন্য আমার বর্তমান কেন নষ্ট হবে বলো?
' কারণ তুমিও তোমার মায়ের রক্ত। তোমার শিরায় উপশিরায় তার রক্ত বহন করছো।
' তাহলে আমি কেটে সব রক্ত ফেলে দিবো?
' ফেলে দিলেও নষ্টামি চলে যাবেনা। তুমি কেমন আজ ভালো করেই প্রমাণ করে দিলে!
সাদিদ চলে যেতে লাগলো। আয়াত বুঝতে পারলো তার কথাগুলো অনুচিত ছিলো, সে বিরক্তির সাথে হাত মুষ্টিবদ্ধ করে পা ঝাড়তে ঝাড়তে নিজের উপরই রাগ করতে লাগলো।
'
সোহানার গাড়ি ট্রাফিক জ্যামে আটকা পড়েছে প্রায় ১০ মিনিট হলো। একটা নতুন ব্রান্ডের সাথে চুক্তি নিয়ে মিটিং ছিলো তাই একটু দূরে যেতে হয়েছিলো তাকে, ফেরার পথেই জ্যামে আটকে গেছে।
লোকেরা বলছে সামনে নাকি একটা এক্সিডেন্ট হয়েছে তাই পুলিশ এসে সবকিছু পর্যবেক্ষণ না করা পর্যন্ত কোনো গাড়ি যেতে পারবেনা। সোহানা জানালা খুলে বাইরের অবস্থা বুঝার চেষ্টা করছিলো।
সে সবকিছু দেখতে দেখতে তার ভাই আজমের চেহেরার একজনকে পত্রিকা বিক্রি করতে দেখলো। অনেক বছর সে তার আজম ভাইকে দেখেনা। তাই বুঝতে পারছেনা তার বর্তমান অবস্থা ঠিক কি রকম? সে প্রায় ২০ বছর আগে শেষ গ্রামে গিয়েছিলো, আর তার জমি এবং তার বাবার বিক্রি করা জমিও তাদেরকে কিনে ফিরিয়ে দিয়ে এসেছিলো। বলেছিলো তাদের কাছে সে আর ঋণী নয়! এরপরও সে তার লোক দিয়ে গ্রামে তার ভাইদের জন্য অনেকবার অর্থ পাঠিয়েছে। কিন্তু সরাসরি তাদের সামনে যায়নি।
কেন জানি আজমের চেহেরার কাউকে দেখে সে একটু ঘাবড়ে গেছে, আজম তার পরিবার নিয়ে তাদের থেকে বহুদূরে থাকতো। তাহলে ঢাকায় এলো কীভাবে?
সোহানা তার ড্রাইভারকে পাঠালো সেই লোকটাকে ডেকে আনতে। ড্রাইভার সেই লোকটা ডেকে গাড়ির দিকে ইশারা করে বললো,
' আমাদের ম্যাডাম আপনাকে ডাকিয়েছে।
কাছে এসে লোকটা জানালার দিকে নিচু হয়ে তাকিয়েই বললো,
' সোহানা?
সোহানার বুক কেঁপে ওঠলো। তবে তার ধারণা মিথ্যা নয়? চুল দাড়ি পেকে একেবারে বৃদ্ধ হয়ে গেছে তার ভাই।হওয়ারই কথা, বয়স তো অনেক হয়েছে। সে-ই তো বুড়ি হয়ে যাচ্ছে!
সোহানা ধীর স্বরে বললো,
' ভাই আপনে ঢাকায়?
' তোর খুঁজে পুরা ঢাকা তন্নতন্ন কইরা ফেললাম। কোথাও পাইলামনা।
' কি কন? আমাকে কিংবা বাসার ঠিকানা পান নাই বুঝলাম, কিন্তু সাদিদের বাবার কারখানার ঠিকানা তো এলাকার সবাই জানে।
আজম চুপ করে রইলো।
সোহানা বললো,
' বুড়া হইলেন তাও তার প্রতি রাগ কমাইতে পারলেন না?
তখনি সামনের গাড়িগুলো আগাতে শুরু করলো। সোহানা দরজা খুলে বললো,
' ভেতরে আসেন।
আজম উঠে বসলো। সোহানা তারপর বললো,
' কেন এসেছেন ঢাকায়? আমাকেই খুঁজতেছেন কেন?
' তোর ভাবীরে পিজিতে ভর্তি করাইছি।
' কি হইছে ভাবীর?
' জরায়ু ক্যানসার। ওর চিকিৎসা করাইতে গিয়া আমার সমস্ত সঞ্চয় শেষ। বাড়িতে আইসা তোর কিইন্না দেওয়া জমির অর্ধেক ভাইয়ের কাছে চাইছি দেয়না, কয় তুই খালি বড় ভাইয়ের লাইগাই ওই জমি কিনছত।
' আপনি তখন আছিলেন না তাই বড় ভাইয়ের নামেই করছিলাম। বড় ভাই আপনারে অর্ধেক দিয়া দিবো কইছিলো।
' ভাই আমারে কিছু দিতে অস্বীকার করে। জমির দাম অনেক বাড়ছে,রাস্তার কিনারে যে। তাই এখন কয় সব নাকি তার, বলে পাইলে খালি বাড়ির অর্ধেক পামু। কিন্তু ওইটুকু বেইচা কি করুম? পরে থাকুম কই? তাই আমি দিক হারাইয়া তোরে খুঁজতেছি। কিন্তু পাইতাছিলাম না কোথাও!
' এইতো পাইছেন। টাকাপয়সা নিয়া চিন্তা করতে হইবোনা। ভাবীর চিকিৎসার খরচ আমিই দিমু, লাগলে দেশের বাইরে নিয়া চিকিৎসা করামু।
আজম ডুকরে কেঁদে উঠলো। সোহানা কাঁধে হাত রেখে বললো,
' পত্রিকা বিক্রি করছিলেন কেন?
' কি করুম আজাইরা? এক সপ্তাহ হইয়া গেছে। এইটা করলে তো কিছু ইনকাম হইবো।
' আপনার সন্তানরা কই?
' তারা বড় হইয়া গেছেনা? পোলাডা অমানুষ হইছে, নেশা করে ঘুরেফিরে। মা'র যে এই অবস্থা একটাবার ফিরাও চায়না। মাইয়াডারে বিয়া দিয়া দিছি। ও-ই একটু দেখে।
' ভাবীরে একলা রাইখা আইছেন হাসপাতালে?
' না মাইয়া আছে লগে।
' চলেন তাহলে হাসপাতালে যাই। ডাক্তারের সাথে কথা বলে দেখি কি করা যায়!
সোহানা ড্রাইভারকে হাসপাতালের দিকে যেতে বললো।
'
রাতে সোহানা আজমকে নিয়ে বাড়িতে এলো। আজম আসতে রাজী ছিলোনা। কিন্তু হাসপাতালে থাকার অসুবিধা, ঘুমের অসুবিধা তাই একপ্রকার জোর করে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে ঢুকে আজমের চোখ ছানাবড়া, সে শুধু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি দেখছিলো। এদিকে সে টিটুকে সারপ্রাইজ দিবে বলে তাড়াতাড়ি বাড়িতে ডেকে এনেছে। সাদিদও সাথে বসে আছে, সে তার মামাদের এখনো পর্যন্ত দেখেনি।
আজমকে নিয়ে তাদের সামনে যেতেই টিটু বিয়েরদিনের মতো আৎকে উঠে ছেলের পেছনে মুখ লুকিয়ে ফেললো। সোহানা হেসে বললো,
' কই? ভাইয়ের সাথে হাত মিলান?
আজমও ইতস্তততার সাথে বললো,
' না না হাত মিলান লাগবোনা।
এদিকে সবজান্তা সাদিদ সরে তার বাবাকে মুখোমুখি করে দিয়ে বললো,
' একি বাবা? সমন্ধীকে দেখে কে লুকায়?