ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

23

লেখক: তাজরীন খন্দকার

দুনিয়ার এক আজব সমন্ধী আর বোনজামাই। বিয়ের দুইযুগ পেরিয়েছে সেই কবে, তবুও কেউই কারো মুখোমুখি হতে রাজী নয়। একজন তীব্র রাগের বশে অন্যজন লজ্জা আর সংকোচের ভারে।

কিন্তু এবার নিজের ছেলের সামনে স্বনামধন্য ব্যবসায়ী সাজ্জাদুর রহমান কীভাবে লজ্জা প্রকাশ করবে? ইতোমধ্যে ছেলে ধরেও ফেলেছে বিষয়টা!

কোনো উপায়ন্তর না দেখে সে বলতে লাগলো,

' সাদিদ কিসব বলছো? কোথায় লুকালাম আমি? কোথায়? আমি তো শুধু হেলান দিয়ে বসে ছিলাম।

সাদিদ এবার বাবাকে ধাক্কা দিয়ে বললো,

' তাহলে মামার সাথে কোলাকুলি করো।

টিটু ছেলের হাত টেনে বললো,

' তাহলে তুমি বসে আছো কেন? তুমিও আসো।

সাদিদ আর তার বাবা একসাথে উঠে আজমের সামনে দাঁড়ালো। তবে ঠেলে টিটু সাদিদকে সামনে রাখলো। আজমের হাবভাব বেশ বিব্রতকর। তবুও বললো,

' কি অবস্থা মামা?আমারে চিনসো?অনেক বড় হইয়া গেছো দেখি।

সাদিদ হেসে তাকে হালকা জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো।

এরপর সাদিদ তার বাবাকে সামনে দিয়ে সে সরে গেলো। টিটু হাত বাড়িয়ে অস্বস্তির সাথে আবার হাত গুটিয়ে নিলো, এদিকে আজম হাত বাড়াতেই দেখলো টিটু হাত গুটিয়ে নিয়েছে। আজম হাত সরিয়ে নিতেই আবার টিটু হাত বাড়ালো আর আজমের হাত না আসায় আবার ফিরেয়ে নিলো। ফিরিয়ে নেওয়ার পর আবার আজম যেই হাত বাড়িয়েছে তখনি মাঝখানে সোহানা এসে হাত খপ করে ধরে ফেললো আর টিটুর হাত টেনে এনে একসাথে চেপে ধরে বললো,

' বহু বছর হয়েছে এবার সবকিছু ভুলে যান তো আপনারা। আর সাদিদের বাবা তুমি ভয় পেয়োনা, ভাই আর নাক ফাটাবেনা তোমার।

টিটু এটা শুনতেই নাকে উপর হাত রাখলো। সাদিদ মুখ চেপে হাসছে।

আর এদিকে আজম আর টিটু দুজনেই দুদিক থেকে হাত সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু সোহানা ছাড়ছেনা। এক পর্যায়ে সোহানা বললো,

' ভাই আপনেও? বাদ দিবেন না?

আজম থতমত করে বললো,

' আইচ্ছা যা বাদ। বাদ দিলাম সব।

টিটু এবার মৃদু হাসলো। আজম আর সোহানাও হাসছে।

তারপর তারা খাওয়াদাওয়া করলো।

সবশেষে তারা বসে মূল আলোচনায় এলো। সোহানা টিটুকে বিস্তারিত বুঝাতে বলতে লাগলো,

' ভাবীর উপর আমার অনেক রাগ ছিলো, কিন্তু অসুস্থতার কথা শুনে স্থির থাকতে পারিনি তাই হাসপাতালে গিয়েছিলাম। যদিও তখন ঘুমে ছিলো আমাকে দেখেনি কিন্তু অবস্থা বেশ খারাপ। ভালো চিকিৎসা প্রয়োজন নাহলে বাঁচানো হয়তো অসম্ভব।

আজম ছলছল চোখে বললো,

' ভালো চিকিৎসার লাইগা যেই খরচের কথা ডাক্তার কয়, শুনলেই গায়ে জ্বর উইঠা পড়ে।

টিটু বললো,

' টেনশন নিবেন না। সবচেয়ে উন্নত চিকিৎসা করাবো আমরা। ভাবী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।

আজমও বিরবির করে উচ্চারণ করলো 'ইনশাআল্লাহ'।

'

হাসপাতালের জন্য সকালের খাবারদাবার বাসা থেকে তৈরি করে পরেরদিন আবার সোহানা তার আজম ভাইয়ের সাথে হাসপাতালে গেলো।

তার ভাবী এবার সজাগ ছিলো, হাতে খাবার স্যালাইন চলছে। সোহানাকে দেখেই তার ভাবী অন্য হাত দিয়ে চোখ ঢেকে ফেললো। সোহানা গিয়ে পাশে বসে বললো,

' কেমন আছেন এখন?

আজমের স্ত্রী কেঁদে ফেললো। সোহানা আস্তে আস্তে তার চোখ থেকে হাত সরিয়ে বললো,

' একি কাঁদছেন কেন?

' তোমারে দেইখা শরমে কান্দি! তুমি ছাড়া আর গতিও নাই আমার! আমারে বাঁচাও বইন, আমার আর সইহ্য হইতাছেনা কষ্ট।

' বাঁচাবে তো আল্লাহ। আমি কেবল তার উসিলা হতে পারি।

' কোনোদিন তোমার কাছে হাত পাতন লাগবো ভাবি নাই। যারে নিন্দাইয়া আইলাম তার পায়ের কাছেই পড়ন লাগলো আমার।

' কেন নিন্দা করতেন ভাবী? আমি তো আপনাদের ক্ষতি করি নাই কোনোদিন।

সে ধীরে ধীরে বললো,

' জানিনা। বড় ভাবীর লগে বইলেই তোমারে নিয়া নিন্দা কর‍তাম। ভাবী একটা কইতো আমি একটা কইতাম, শয়তান মনে হয় কান্ধে বইয়া থাকতো, এতো মজা লাগতো এইসব কইলে। তারই শাস্তিই আল্লাহ দিতাছে মনে হয়।

' না না শাস্তি হবে কেন? আমি তো বদদোয়া দেইনি আপনাদের। শুধু আপনাদের মুখোমুখি হওয়ার ইচ্ছেগুলো মৃত ছিলো।

' ক্যান আইলা তাইলে?

' মানুষের বিপদে না আসলে তো আবার হয়না। আমারও তো বিচার হবে একদিন। আমাকে যিনি এতো ধনসম্পদ দিলো, যদি হিসাব চায় কেন আমি সামর্থ্য থাকা সত্ত্বেও পাশে দাঁড়াইনি তখন কি বলবো?

' তুমি সবসময় ভালাই ছিলা। আমরাই খারাপ আছিলাম। তোমার ভাই ভালাই কামাইতো, মনে হইতো আমরার আর কারো দারস্থ হওয়া লাগবোনা। দেখো খোদার লীলা, দেড়মাসের ডাক্তার খরচেই সব শেষ হইয়া গেলো।

' ভাই সেসবে আফসোস করেনা ভাবী। আপনারে সুস্থ করতে মরিয়া হয়ে আছে। আপনার ভাগ্য ভালো এমন একজনকে পেয়েছেন। তার জন্য সুস্থ হয়ে উঠুন।

আজমও পাশে বসে চোখ মুছতেছে, তার স্ত্রীও ছলছল করে তার দিকে তাকিয়ে আছে।

সোহানা আবারও সিনিয়র ডক্টরের সাথে কথা বলে বের হয়ে গেলো। এখানে আরো কিছু ট্রিটমেন্ট বাকি আছে সেসবে উন্নতি না হলে তারপর ব্যবস্থা বদলাতে হবে!

'

দুপুর ১ টা।

হঠাৎ টিটু সাদিদকে ফোন দিলো। সাদিদ তখন বন্ধুদের সাথে ইউনিভার্সিটিতে। এক্সাম শেষ তাই তারা সবাই মিলে আড্ডা দিচ্ছে। সাদিদের এক্সাম তেমন ভালো হয়নি, হাতের জন্য তেমন আগাতে পারেনি। আবার সহকারীও প্রয়োজন হয়নি। যেহেতু একটু ঠিক বোধ করছিলো। কোনো রকম পাশ করে যাবে।

সাদিদ টিটুর অসময়ে দেওয়া ফোন রিসিভ করতেই টিটু বললো,

' হ্যাঁ সাদিদ? ওই যে নিধি মেয়েটা? ওর খোঁজ পেয়েছি।

' কি বলো বাবা? কীভাবে?

' ওর ইউনিভার্সিটি থেকে, আমার একজন পার্টনার আছে আছে ওকে দিয়ে খোঁজ করিয়েছি।

' তারপর কি পেয়েছো বাবা?

' বাসার ঠিকানা।

' কিন্তু বাবা আমি বাসায় গিয়ে খোঁজ করেছি, ওরা ওখানে নেই।

' কিন্তু আমি তো বর্তমান ঠিকানাই জোগাড় করলাম। ওর বাবার নাম্বারও আছে আমার কাছে।

' বাবার নাম্বার লাগবেনা, বাসার ঠিকানা দাও?

' আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি।

' থ্যাংকিউ বাবা। লাভ ইউ! একটা চুমু তোমার জন্য!

টিটু হেসে ফোন কেটে দিলো। আর সাথে সাথেই ঠিকানা সাদিদকে পাঠিয়ে দিলো।

সাদিদ ঠিকানা পেয়েই বন্ধুদের ছেড়েছুড়ে ছুটে গেলো সেই ঠিকানায়।

বাসার ঠিকানা মিলিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে একটু বেগ পেতে হয়েছিলো তাকে। কিন্তু শেষ পর্যন্ত খুঁজে পেয়েছে।

সাদিদ ভেতরে কীভাবে যাবে ভেবে পাচ্ছিলোনা। তার মা-বাবা যদি কিছু মনে করে?

সে পাশেই একটা শপ দেখতে পেলো। সেখানে গিয়ে খুঁজতে লাগলো কিছু একটা প্যাকেট করে পার্সেল হিসেবে চালিয়ে দেওয়া যায় কিনা!

কি এমন দেওয়া যায়? যা সবাই দেখলেও সন্দেহ করবেনা? খুঁজতে খুঁজতে একটা সুন্দর কফিমগ নিলো। আর সেটাকে পার্সেলের মতো মুড়িয়ে হুদাই ঠিকানা লিখে নিয়ে সাহস করে দরজায় গিয়ে বেল দিলো।

এদিকে যার জন্য সাহস করে দাঁড়ালো তাকে দেখতে পেলোনা,দরজা খুলে দিলো নিধির মা। সাদিদ বললো,

' নিধি ম্যামের বাসা এটা? উনার একটা পার্সেল ছিলো।

অবাক চোখে নিধির মা বললো,

' নিধি তো সচরাচর কিছু অনলাইন থেকে নেয়না। আর তার ফোনও নষ্ট হয়ে গেছে রিসেন্ট।

' ম্যাম এটা প্রি অর্ডার ছিলো, অনেকদিন আগের অর্ডার। উনাকে প্লিজ ডাকবেন?

নিধির মা এবার ঘাড় ঘুরিয়ে ডাকলো,

' নিধি? তোর পার্সেল এসেছে। তুই কবে কি অর্ডার দিয়েছিস?

' কি বলো মা আমি তো কিছু অর্ডার করি....

বলতে বলতে নিধি সাদিদের মুখোমুখি হয়েই থেমে গেলো। তোতলাতে তোতলাতে বললো,

' হ্যাঁ হ্যাঁ করেছিলাম তো। ভুলে গিয়েছিলাম।

সাদিদ হেসে বললো,

' জ্বী ম্যাম। এটা একটা কাস্টমাইজ প্রোডাক্ট, আপনি অনেক আগেই প্রি অর্ডার করেছিলেন। ডেলিভারি হতে দেরি হয়ে গেলো।

' আচ্ছা আচ্ছা সমস্যা নাই।

' ম্যাডাম আপনাকে একটা জায়গায় সই করতে হবে।

নিধি ইশারায় সাদিদকে প্রশ্ন ছুড়তেছে, আর চলে যেতে বলতেছে। কিন্তু সাদিদ অভিনয় করেই যাচ্ছে,

' ম্যাম আমার কলমটা হারিয়ে গেছে, প্লিজ একটা কলম আনবেন? একটা সাক্ষর লাগবে।

নিধির মা অস্থির গলায় বললো,

' কিসব পার্সেল আবার সইও লাগে। আমি তো প্রেসার কুকার আনলাম ওইদিন, কিছুই লাগলোনা।

' কিছু ব্রান্ডের প্রোডাক্ট রিসিভের সময় এসব লাগে ম্যাম।

' বুঝছি বুঝছি আনতেছি আমি দাঁড়াও।

তার মা চলে যেতেই নিধি ফিসফিসিয়ে বললো,

' কেন এসেছো? কীভাবে পেলে বাসার ঠিকানা? চলে যাও এখনি চলে যাও সাদিদ!

' যাবোনা। তুমি আমার সাথে দেখা না করলে আমি রোজ আসবো এখানে।

' প্লিজ দয়া করো।

' তাহলে বলো আসবে?

' কোথায়?

' যেখানে সবসময় আমরা দেখা কর‍তাম।

তখনি নিধির মা কলম নিয়ে ফিরে এসে বললো ,

' এই সাক্ষর দেওয়ার আগে পার্সেল খুলে চেক দে। জিনিস ঠিক আছে কিনা না দেখে কীভাবে সই দিবি?

' থাকুক মা।

' কিসের থাকুক। এখনি খুল।

নিধি আড়চোখে সাদিদের দিকে তাকাতে তাকাতে প্যাকেট খুললো। খুলে মগটা বের করতেই নিধির মা বললো,

' এইগুলা তো আমাদের পাশের দোকানেই আছে, এইটা আবার কাস্টমাইজ হয় কি করে? আবার নাকি প্রি অর্ডার! কি আজাইরা জিনিস অর্ডার দিলি, আমাকে বলতি এনে দিতাম দুই মিনিটে!

নিধি টেনে নিয়ে বললো,

' দোকানে সব ডুপ্লিকেট মা, এটা অরিজিনাল।

' তোরে আমি সেইম এনে দিতে পারলে আমাকে কি দিবি বল?

আর এই ছেলে কোম্পানির নাম বলো?অভিযোগ করবো। এসব ছাতামাথা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে কেন এরা?

' আন্টি আসলে আমি...

' মা ছেড়ে দাও তো, ও সামান্য ডেলিভারি বয় ওকে কেন কথা শুনাচ্ছো? সে কি এসব জানে?

' হুম আমি নিরহ ডেলিভারিম্যান। প্লিজ এবার সাক্ষরটা করে দিন?

নিধি সাক্ষরের জায়গায় লিখে দিলো 'আগামীকাল সকাল এগারোটায় আসবো।'

সাদিদ হাতে নিয়ে হেসে বিদায় নিয়ে চলে গেলো।

'

সোহানা আজও অফিস থেকে বের হয়ে আফসানাকে দেখতে পেলো। তড়িঘড়ি করে সে গাড়িতে উঠতে লাগলো। আফসানা ডেকে বললো,

' আয়াতের কি দোষ? মেয়েটা সাদিদের বিরহে মরে যাচ্ছে। আমি সহ্য করতে পারছিনা। আমার শাস্তি ওকে কেন দিচ্ছো?

সোহানা এটা শুনে একটু দাঁড়িয়ে বললো,

' তো কি তোমার অস্তিত্বকে আমি আগলে রাখবো?

' যদি আয়াত আমার মেয়ে না হয় তবে কি রাখতে?

সোহানা এবার গাড়িতে পা দিয়েও ফিরে দাঁড়ালো। আর হাত গুটিয়ে প্রশ্ন করলো,

' কিন্তু আফসোস! সে তোমারই মেয়ে।

' না আয়াত আমার মেয়ে নয়।

' তবে? আয়াত কার মেয়ে?

' কার মেয়ে জানার আগে বলো আমার মেয়ে নাহলে মেনে নিতে তো?

' নিতাম যদি তোমার সাথে কোনো সম্পর্কই না থাকতো।

' নেই তো আমার কোনো কিছুই তাকে প্রভাবিত করেনি। মেয়েটা কিছুই জানেনা এসব। প্লিজ শুনো?

' তাহলে আয়াত কি তোমার প্রেজেন্ট হাসবেন্ডের মেয়ে?

' না।

' তাহলে?

' সেটা তো জরুরি নয়। শুধু আয়াত আমার মেয়ে নয় সেটাই জেনে রাখো। আর সাদিদকে তুমি অতীত জানিয়ে ভালো করোনি, সে আমাদের বাসায় এসে অনেক তুলকালাম করেছে। আমার স্বামীর মাথায় সন্দেহ সৃষ্টি করে এসেছে। তারপর থেকে আমার স্বামী আমার সাথে জঘন্য আচরণ করে যাচ্ছে।

এটা শুনতেই সোহানা অস্থিরতার সহিত পিছিয়ে গাড়িতে গিয়ে ধাক্কা খেলো। তার শরীর কেমন যেন অসাড় লাগছে। সাদিদ সবকিছু জেনে গেছে তাহলে? এই কারণেই কি আয়াতের সাথে ব্রেকাপ করে ফেলেছে?

সোহানাকে এভাবে গাড়ির লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার দরজা খুলতে এগিয়ে এলো। সোহানা একটু সরে দাঁড়ালো আর দরজা খুলে দিলো। সোহানা গাড়িতে উঠতেছে আর আফসানা বলতেছে,

' বিবেকবান হলে অতীত নিয়ে বাচ্চাদের উস্কে দিতেনা। এটা ঠিক হয়নি।

সোহানা দরজা বন্ধ করে বাড়ির দিকে ছুটলো। গাড়ির ভেতরটা শীতাতপ নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও সে ঘামছে। আফসানার কথাগুলো বারবার কানে রিপিট হচ্ছে তার।

বাড়িতে গিয়েই সে সাদিদের রুমে রাগান্বিত হয়ে প্রবেশ করলো। সাদিদ দেখলো সোহানার মুখমণ্ডল রাগে লাল হয়ে আছে। সাদিদ চোখ বন্ধ করে মিউজিক শুনতেছিলো। মাকে দেখে সব খুলে রেখে বললো,

' মা এভাবে আমার কাছে চলে এলে? সমস্যা কোনো?

' তুমি আয়াতের বাসায় কেন গিয়েছিলে সাদিদ?

' কি বলছো মা?

' কেন গিয়েছিলে বলো? আর তাদের সাথে কি তুলকালাম করেছো? তুমি কি আবারও আমার ডায়েরিতে হাত দিয়েছিলে?

সাদিদ চুপ করে গেলো।

' সাদিদ উত্তর দাও?

সাদিদ কাঁপা স্বরে বললো,

' হ্যাঁ মা।

' কেন ধরেছো? আমি চাচ্ছিলাম না তারপরও কেন তুমি এই কাজ করবে? এতটা পঁচা তুমি কীভাবে হতে পারো আমাকে বলো?

' মা? আমি অনেকবেশি ডিপ্রেশনে ভুগছিলাম। আমার জানতে ইচ্ছে হয়েছিলো কেন তুমি শেষটা জানতে দিতে নারাজ ছিলে। ভালো হয়েছে না বলো? আমি জেনে গেছি আয়াত কে, আর তার থেকে আমার দূরে থাকা উচিত?

' সাদিদ আমি প্রচন্ড কষ্ট পেয়েছি। তুমি আমার অতীতের জন্য কাউকে কথা শোনাতে পারোনা। ওসব আমার ব্যপার, আমি দেখতাম। তোমার জন্য আমি অপমানিত হলাম।

' স্যরি মা। কিন্তু আয়াতকে আমি এক সুযোগে চিনে গেছি। ও ভালো নয় মা। ও খুবই জঘন্য আর ন্যারো মাইন্ডের। একদম ওর মা'র মতো!

' আফসানা ওর মা নয়!

সাদিদ অবাক হয়ে বললো,

' তাহলে আফসানা কার মেয়ে?

' আমি জানিনা, কিচ্ছু জানিনা। কেন সবকিছু এতো জটিল হয়ে যাচ্ছে! কেন এরা এতো বছর পর আমার পিছু নিয়েছে কিচ্ছু বুঝতে পারছি না।

' মা টাকাপয়সা দেখলে শত্রুরাও বন্ধু হতে আসে, আবার বন্ধুরাও শত্রু হয়। এসব এতো ভেবোনা তো।

সোহানা কোনো কথা বললোনা আর। শুধু আহাজারি করতে করতে বের হয়ে গেলো। সাদিদ হাঁ করে বসে আছে! যদি তাই হয় আয়াত অন্য কারো সন্তান তাহলে আয়াত সেদিন আফসানার রক্ত এই প্রসঙ্গে রক্ত কেটে ফেলে দিবে বলছিলো কেন? সে বললেই পারতো আফসানার রক্ত তার শরীরে নেই! তাহলে কি সিদ্দিকের মেয়েকে আফসানা লালন পালন করছে? আয়াত সেটা এখনো জানেনা? এমন কিছু কি হতে পারে?

সাদিদ তার মাথায় আসা ভাবনাকে স্থগিত করলো, হুদাই ভাবছে এসব! সত্যটা তো তারাই কেবল জানে।

'

পরেরদিন আবারও সেই অপেক্ষা। তবে এবারের অপেক্ষা বৃথা গেলোনা। নিধি আসলো, খুবই সিম্পল একটা ড্রেস পরে। ঠোঁটে লিপ বাম অব্দি লাগায়নি নিধি, তবুও যেন সাদিদ চোখ ফেরাতে পারছিলোনা। নিধি সত্যিই প্রচন্ডরকম মায়াবী!

নিধি কাছে আসতেই সাদিদ বললো,

' ফাইনালি তোমাকে পেলাম। হঠাৎ এমন হয়ে গেলে কেন তুমি?

' সাদিদ কোনো প্রশ্ন করো না। তুমি বাড়িতে জ্বালাবেনা আমি এই শর্তে এখানে এসেছি।

' তাহলে রাফি ভাইয়ের সাথে সম্পর্ক কোথায় গেলো সেটা বলো?

' রাফি ভাই?

' হ্যাঁ!

' তোমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা কর‍তা এটা নিয়ে! সে তো তারই ভাই।

' তার ভাই মানে?

' কি জানি একটু জটিল তবে তার ফুফাতো ভাই সম্ভবত।

' ফুফাতো ভাই?

' হ্যাঁ তাদের বাসায়ই তো থাকে আয়াত মেয়েটা।

' রাফিদের বাসায় থাকে? তাহলে কি আফসানা জাহানের ছেলে রাফি?

' আমি এসব জানিনা কিছু। রাফি আমাকে বলেছিলো আয়াত তার মামাতো বোন। তার মামার মেজো বউয়ের মেয়ে নাকি, এক নির্বাচনের সময় তার সব বউরা তাকে ছেড়ে চলে গিয়েছিলো, অনেক অপদস্ত হতে হয়েছিলো। এলাকার স্কুলে নাকি তার বাচ্চাদেরও লোকজন হেনস্থা করতো, তাই আয়াতকে ফুফাতো বোনের কাছে শহরে দিয়েছিলো!

সাদিদ কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললো।

আর মনে মনে আওড়াতে লাগলো ' কোথাকার পানি কোথায় গড়ায়! আয়াত সেই চরিত্রহীন শাহজাহান চেয়ারম্যানের মেয়ে? তারা তাহলে প্রতিশোধের জন্য দল বেঁধে নেমেছে? সেই চেয়ারম্যানের ফুফু আবার আফসানার মা? সব খারাপরা এক রক্তের ধারায় বয়ে এসেছে!

নিধি বলে উঠলো,

' তোমাকে অস্থির দেখাচ্ছে!

' না আমি ঠিক আছি। আমাকে বলো তুমি এসব কিভাবে জানো?

' রাফি আমাকে সত্যি সত্যি প্রেমের ফাঁদে ফেলতে অনেককিছুই বলেছিলো!

মুখ ফসকে এটা বলে দিতেই সাদিদ বললো,

' তাহলে রাফির সাথে তুমি নাটক করেছিলে? কেন নিধি? কেন এমন করলে?

নিধি থতমত করতে করতে বললো,

' নাটক কেন হবে? পরে তো সিরিয়াস হয়েছিলামই।

' মিথ্যা কথা। রাফি একটা খারাপ ছেলে, তুমি ওর মতো ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারোনা। তুমি ওই টাইপ নও!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 23 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন