ফন্ট সাইজ:
থিম:
নিতুর মাহবুব ভাই

পর্ব 5

লেখক: তৃধা আনিকা

নিতুর মাহবুব ভাই পর্ব ৫

মাহবুব ভাইয়ের সামনে থেকে এসে সেই সন্ধ্যায়, নিতু অার ঘর থেকে বেরই হলো না। রাত ন’টার দিকে মা এসেছিলেন ডাকতে; খেতে যেতে।
নিতু ভীষণ বিষন্ন আর কাহিল গলায় বললো,

—পেট ব্যাথা করছে মা।

—বেশি?

—হুঁ। খুব বেশি।

—খালিপেটে থাকলে তো আরও ব্যাথা করবে। একটু খাবি আয়।

—উঁহু। খেলে বরং বমি হয়ে যাবে।
বলতে বলতে নিতু মায়ের গলা ধরে কেঁদে ফেললো।
—আমি এক্ষুণি ঔষধ নিয়ে আসছি।

ঔষধ লাগবে না মা। তোমার বুকে শুয়ে কিছুক্ষণ কাঁদলে ব্যাথা চলে যাবে।

নিতুর মা মিসেস সালমা চৌধুরী মেয়েকে বুকে জড়িয়ে আদর করে মাথায় হাত বুলাতে লাগলেন।
নিতু প্রায় ঘন্টাখানেক মায়ের বুকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলো।

এরপর চোখ মুছে বললো,

—ব্যাথা চলে গেছে, ভাত খাবো মা।
মুখে তুলে দেবে?

মায়ের হাতে নিতু বেশ আয়েশ করে ভাত খেলো।

—আমরা বাসায় যাবো কবে?

—কাল বৌভাতটা হয়ে গেলেই দুদিন পর।

—মা, বৌভাত শেষ করেই চলে যাওয়া যায় না?

—কেনো রে? তোর তো কলেজ ছুটিই।

—কলেজ ছুটি। পড়াশোনার তো ছুটি নেই। আমার কোর্স জমে যাচ্ছে; দুদিন পর আমার ইয়ার ফাইনাল এক্সাম।

মিসেস সালমা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন।

—তোর বাবাকে বলে দেখছি; আমার তো মনেই নেই।
ওহঃ..

নিতু ভাত খেয়ে ভালো করে হাত-মুখ ধুয়ে নিয়ে, তাঁর প্রিয় গোলাপি জামাটা পরলো। সুন্দর করে চুল বাঁধলো। চোখে কাজল দিয়ে আয়নায় তাঁকালো।

এই মাহবুব ভাইয়ের জন্য তাঁর পুরো বিয়ের অনুষ্ঠানই মাটি হয়েছে। এবার অন্তত নিজেকে একটু সময় দেওয়া যাক।

ঘর থেকে বেরোতেই নিতুর শিলা ফুপির সাথে দেখা হলে। তিনি একশোরকম পিঠার থালা নিয়ে ব্যস্ত ভঙ্গিতে এ’কে, ও’কে ডাকছেন।

নিতু এগিয়ে গিয়ে বললো,

—এতগুলো থালা। আমাকেও কিছু দাও ফুপি।
—ও.. নে ধর ধর! এই বাড়িতে সবগুলোই তো কাজচোরা। সারাক্ষণ সবগুলো ফুর্তি করে বেড়াচ্ছে। এদিকে দেখ্ একা একা আমাকে মরতে হচ্ছে।

হ্যাঁরে নিতু?
তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো?
—এখানেই তো!

—তাই নাকি? মাহবুব যে বললো, তোকে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছিস! ফুসসসসস…
নিতু নির্লিপ্ত কণ্ঠে বললো,
—বলেছে নাকি? মাহবুব ভাই?
—হুঁ.. দু-বার করে খোঁজ করে গেলো।

নিতু গম্ভীর গলায় বললো,
—মাহবুব ভাই মোটেও আমার খোঁজ করেনি ফুপি। অন্য কেউ হয়তো করেছিলো। তুমি কাকে দেখতে কাকে দেখেছো..
—আমি ভুল দেখবো কেনো? আমি কি অন্ধ নাকি? এত পাওয়ারফুল চশমা পরি, ভুল দেখার জন্য নয়। ঠিক দেখার জন্য।

নিতু মনে মনে বললো,

—তুমি একদম ঠিক দেখোনি ফুপি। মাহবুব ভাই কখনোই আমার খোঁজ করেন না।
পিঠার থালা হাতে রান্না ঘরে যাওয়া মাত্রই বড় নানু চেঁচালেন।
—তুই কোথায় গায়েব হইছিলিরে নিতু? সবাই তোরে খুইজ্জা হয়রান।

—কে খুঁজলো? মাহবুব ভাই?
—মুকুল আর পানসী আইসা খোঁজ করলো। কইলো, তোর নাকি পাত্তা নাই। গুম হইয়া গেছোস!
নিতু বিরস গলায় বললো,
—ও। আমি তো মায়ের সাথে ছিলাম।

নতুন মামানীর ঘরে গানের কলি খেলা হচ্ছে। হাত তালির শব্দ আসছে। ওখানে গিয়ে একটু হৈ চৈ করলে কেমন হয়?

নতুন মামানীর ঘরে যাবার আগে দোতলার বারান্দায় নিতুর মাহবুব ভাইয়ের সাথে দেখা।

তিনি একগাদা ইলেকট্রিক তাঁর হাতে গলায় নিয়ে মুখে প্লাস কামড়ে ছুটছেন। তাঁর দুটো হাতই বন্ধ।
নিতু সম্পূর্ণ না দেখার ভান করলো। পাশ কাটিয়ে চলেও এলো।

কিন্তু মাহবুব ফিরে এসে তাঁর পথ আটকালেন।

ইশারায় তাঁর মুখের প্লাসটা নিতে বললেন।
নিতু তাচ্ছিল্যের সাথে প্লাসটা হাতে নিলো।

—এতগুলো জিনিস নিয়ে আমি একা কষ্ট করছি, একটু হেল্প তো করতে পারিস!
নিতু জবাব দিলো না।

এই নে, এই তারের বান্ডেলটা ধর। এই যে…
—আমি পারবোনা মাহবুব ভাই। আমি ব্যস্ত।
—ব্যস্ত মানে, দিব্যি ঘুরে বেড়াচ্ছিস দেখতেই পাচ্ছি। যাচ্ছিস কোথায় এখন?

—গানের কলি খেলবো ;নতুন মামানীর ঘরে।

—খেলাটা তোর কাজ? বেয়াদব..! ফাঁকিবাজ! নতুন জামা পরে শো-পিস হয়ে শুধু ঘুড়ে বেরানো! হুহঃ!
নিতু মাথা নিচু করতে গিয়ে নিজেকে সামলালো। ঘাড়টা সোজাই রাখলো। তাঁর দুনিয়া ভেঙ্গে কান্না পাচ্ছে। এই মুহূর্তে কেঁদে ফেলা যাবেনা। সে বাঁ-হাতে

ওড়নার কোণটা শক্ত করে টেনে ধরলো৷ মনে যথেষ্ট জোর এনে বললো,
—এই নিন আপনার প্লাস, নিন। হাঁ করুন, মুখে দিই। ওদিকে খেলা এগিয়ে যাচ্ছে।আমার যেতে হবে।
নিতু প্লাসটা মাহবুব ভাইয়ের মুখের দিকে বাড়িয়ে ধরলো।

মাহবুব ভাই এবার আগের চাইতে তিনগুণ রাগী গলায় ধমকালেন।
—তোর খেলা বন্ধ। আমার সাথে আয়, নিচের পুকুর পাড়ে লাইটিং করবো। একটা টুল নিয়ে আয় হাতে করে, গাছের ডালে ডালে তার প্যাঁচাতে হবে। অনেক ঝামেলা, এই তারগুলোও যেনো প্যাঁচমলাই, একটু পরপর প্যাচঁ লাগছে। তুই আমাকে প্যাঁচ খুলতে সাহায্য করবি।

নিতু শক্ত আমি ঠান্ডা গলায় বললো,

—বললাম না, অামি পারবোনা মাহবুব ভাই, আমি খেলবো এখন।

আমার আপনার সাথে কাজ করতে ইচ্ছে করছে না।
নিতু প্লাসটা বারান্দার রেলিংয়ের উপর রেখে দ্রুত হেঁটে চলে এলো। একটুও পেছনে তাঁকালো না। পেছনে ফিরে তাঁকালে নিতু ঠিক দেখতো, মাহবুব ভাই কেমন বিশাল সাইজের হাঁ- মুখ করে হতভম্ব হয়ে তাঁকিয়ে আছেন।

গানের কলিতে সবাই নিতুর দলে ভিড়তে চাইলো।
নিতু নেতাদের মত করে বললো,

—তোরা বরং সবাই একদল হ। আমি একা একদল।

—তুই একলা? পারবি?
—খেলেই দেখি আগে।
মুকুল চেঁচালো।

—হোক্ হোক্, বাজি হোক্।

বেশি না পাঁচটা দান যদি তুই জিততে পারিস নিতু, তোর জন্য ছোটমামার নতুন পাগড়ীটা উপহার থাকবে।

নিতু সিরিয়াস মুখে বললো,
—পাঁচটা নয়, আমি দশটা দান জিতে দেখাবো।
সেই সময় গানের কলিতে নিতু সত্যি সত্যিই একাধারে দশটা দান জিতলো। এবং উপহার হিসেবে নতুন মামানী যখন তাঁকে পাগড়ী পরিয়ে দিতে গেলেন,

সে মিষ্টি হেসে বললো,

—এটা ছোটমামার বিয়ের পাগড়ী। বমি নিই কি করে? তাছাড়া আমি উপহার পাবো বলে খেলিনি, আনন্দের জন্য খেলেছি।
পলাশ তো চিৎকার দিলো বিকট করে।
—বাহ্ নিতু, তুই তো দেখি রেকর্ড করে ফেললি খেলায়!

—এটা মোটেই রেকর্ড নয় পলু, আমি এক্ষুণি আরো পনেরো দান জিতে দেখাতে পারি।
সবাই হতবাক হয়ে নিতুর এমন জ্ঞানী জ্ঞানী রিয়েকশান দেখে মজা পাচ্ছিলো বেশ। কিন্তু সেই মুহূর্তে পৃথিবীর আকাশ বাতাস জানে, ফুল পাখিরা জানে,

পৃথিবীর এক কোণের এই নিতু নামের মেয়েটি কি অসহনীয় জেদ আর অসহ্য অভিমান বুকে করে হেঁটে বেড়াচ্ছিলো। রাতে গণহারে শোবার ঘরে নিতু শুতে এলো না। কয়েকজন ডাকতে গেলোও। নিতু শুকনো গলায় বললো,
—আমি মায়ের সাথে শুবো।

—মায়ের সাথে শোবি মানে? 

এতদিন তো সবাই একসাথেই ছিলাম। আজ একেবারে দুধের বাচ্চা বনে গেলি? একসাথে কত মজা করবো আমরা।
—আমার মজা করতে ইচ্ছে করছে না। মাথাব্যথা করছে।

—কি আমার মাথাব্যাথারে! ফাজিল একটা। জানিস, মাহবুব ভাই আজকে ভুতের ছবি দেখাবে। পুকুর পাড়ে স্ক্রিনিং হবে.. এই ছবিটা নাকি লাশ বিষয়ক!

একদল ডেডবডি কবর থেকে উঠে এসে অদ্ভুত আর ভয়ংকর কান্ড কারখানা করে।

নিতু বিরক্ত ভঙ্গিতে হাই তুললো,

—আমি এক্ষুনি ঘুমাবো। বেশি ঘুম পেয়ে গেছে আমার।
বিছানায় এসে নিতু একফোঁটাও ঘুমোলো না। সারারাতে সে একবারের জন্যও চোখ বন্ধ করলো না।

দেয়ালের নীল রংয়ের দিকে তাঁকিয়ে নীল ব্যাথায় নিতু একটু পরপর শুধু কুঁকড়ে গেছে ।
মা তখনি তাঁকে জড়িয়ে ধরে বলেছেন,
—দুঃস্বপ্ন দেখেছিস নিতু? ভয়ের স্বপ্ন?
নিতু তখন কাঠ কাঠ হয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলেছে শুধু। মাকে একদমই কিছু বুঝতে দেওয়া যাবেনা।
বৌ-ভাতের দিন সকালে ঘুম না হওয়া মাথা ধরা নিয়ে সে যখনি পুকুরপাড়ে গিয়ে বসলো,

ওমনি মুকুল এসে বললো,
—জানিস নিতু? মাহবুব ভাই কাল রাতে পুকুরে একশোটা ডুব দিয়ে রেকর্ড তৈরি করেছেন। তুই তো পুরো ব্যাপারটাই মিস করলি!
—একশোটা ডুব? সত্যিই?
—হুঁ, বকুল মামা নিজে দাঁড়িয়ে থেকে গুনে গুনে হিসেব রেখেছেন খাতায়।

নিতু মনেমনে বললো পুকুরে ডুব দেওয়া কি কোনো ব্যাপার হলো? এই যে নিতু মাহবুব ভাইয়ের জন্য ভাবতে গিয়ে কত লক্ষ কোটিবার ভাবনার সমুদ্রে ডুবে ডুবে মরেছে তাতো কেউ জানলো না!আহঃ…

দুপুর অবধি নিতুর মাহবুব ভাইয়ের সাথে একবারও দেখা হলোনা। নিতু মনে মনে চাইছেই দেখা না হোক। বিকেলে ওরা কোনোরকম চলে যেতে পারলে শান্তি। বাবা তো বলেছেনই,
—-নিতুর পড়াশোনা তো, দরকার পড়লে একটা নিজে ভাড়া করা গাড়ি নিয়ে চলে যাবেন।

দুপুরে যখন মামানীদের বাড়ির লোকজন এলো, তখন বড় নানু একবার চেঁচালেন,
—পুকুরে ডুবাইয়া মাহবুব্বা কেমন জ্বর বান্ধাইলো ক তো! এখন দেখো মেহমান সামলানোর কেউ নাই। পুলাডা কত তড়িৎ সব গুছাইয়া নিতে পারতো।
নিতুর শুনেই গা কেঁপে উঠলো।
মাহবুব ভাইয়ের জ্বর এসেছে? কই কেউ তো তাঁকে বলেনি?

অবশ্য বলবেই বা কি জন্যে?
নিতু উপরের ঘরের দিকে দৌড়াতে শুরু করলো। জ্বরের কি অবস্থা জানা দরকার।
অর্ধেক বারান্দায় গিয়ে নিতু হঠাৎ থামলো।
আশ্চর্য! মাহবুব ভাইয়ের জ্বর শুনে সে কেনো দৌড়াচ্ছে? তাঁর দৌড়ানোতে তো আর জ্বর কমবে না।

নিতু বারান্দার রেলিংয়ের উপরে বসলো, বড় বড় করে দম নিলো। গলা শুকিয়ে তেষ্টা পেয়েছে খুব। এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া দরকার। এক্ষুনি সে একটা ভুল করতে যাচ্ছিলো। উফ্, অল্পের জন্য রক্ষা হয়েছে।
সেতো মাহবুব ভাইয়ের কাছে স্পেশাল নয়। সবার মতোই।
শিলা ফুপি ডাকলেন,

—তুই এখানে রেলিং এ বসে বসে পা দোলাচ্ছিস…। নিচে তিথিদের ঘরে রাবার ক্লথ আছে, এক দৌড়ে নিয়ে আয়। মাহবুবটার টেম্পারেচার নামছেই না। পানি ঢালতে হবে মাথায়।
—আমি পারবোনা ফুপি। তুমি মুকুলকে বলো। নাহলে এই যে পলাশ আসছে, ওকে বলো।

—আচ্ছা পলাশ নাহয় রাবার ক্লথ নিয়ে এলো।

ততক্ষণে তুই একটু হাতে হাতে আমাকে হেল্প করে দে; ওর গা স্পঞ্জ করিয়ে দেবো।
—বললাম তো ফুপি, আমি পারবো না। এসব ভাইরাল জ্বর, কাছে গেলে দেখা যাবে আমারও জ্বর এসেছে। এখন জ্বর বাঁধালে পড়াশোনার ক্ষতি..
শিলা ফুপি বিস্মিত গলায় বললেন,

—তুই কত স্বার্থপররে নিতু। ছেলেটা জ্বরে পুড়ে যাচ্ছে, আর তুই নিজে ইনফেকটেড হওয়া নিয়ে ভাবছিস?

—আমার পড়াশোনা নিয়ে আমি ভাববো না তো কে ভাববে ফুপি? পড়াশোনা তো আমাকেই করতে হয়…
নিতু রেলিং থেকে শব্দ করে লাফ দিয়ে নামলো। আবার ফিরে নিচে এলো।তিথিদের ঘরে রাবার ক্লথ পাওয়া গেলো না। সে সোমাদের ঘর থেকে রাবার

ক্লথ এনে মুকুলকে দিয়ে শিলা ফুপির কাছে পাঠালো।

তারপর বিয়ের মেহমান বিদেয় হবার আগেই বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললো,

—বাড়ি যাবো বাবা, এক্ষুনি বাড়ি নিয়ে চলো। বাড়ির জন্য মন খারাপ লাগছে।
সেদিন বাড়ি ফিরে আসবার পথে নিতুর গা কাঁপিয়ে ধুম জ্বর এলো। গাড়িতেই সে বমি করলে দু-বার। জ্বরের ঘোরে আবোল-তাবোল বকে-বকে একসময় বেঁহুশ হয়ে গেলো।

মিসেস সালমা চিন্তিতভাবে নিতুকে নিয়ে বাড়ি না গিয়ে সোজা ক্লিনিকে এলেন। এত মারাত্মক জ্বর মেয়েটার কি করে যে হলো?

চলবে............

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন