পর্ব — ০৮
#ইশক_এ_রূহানিয়াত
লেখনীতে : #ঈশাল_সরদার_তীব্রতা
────୨ৎ────────୨ৎ────────୨ৎ─
আচমকাই তার চোখ খুলে গেলো। মোবাইল ফোনটা এখনও মুঠো বন্দি করে রাখা। আধোঘুমে সময় খেয়াল করতেই তন্দ্রার আবরণ ছিন্ন হয়ে গেলো। চোখ দুটো ছানাবড়া হয়ে উঠলো।
কত্ত বেলা হয়ে গিয়েছে ! তা উপলব্ধি করতে পেরেই ধপ করে সোজা হয়ে বসলো। চারপাশে এক পলক তাকিয়ে নিজের অবস্থানটা বুঝতে পারলো। সে বিছানায় নয়। পড়ার টেবিলে ঘুমিয়ে পড়েছিল। সামনে খোলা অবস্থায় পরে আছে ‘কপালকুণ্ডলা’।
গতকাল সেই আজব স্বপ্ন দেখার পর থেকেই মনটা বড্ড অস্থির হয়ে গিয়েছিল। মাথায় অসংখ্য চিন্তারা ঘুরপাক খাচ্ছিল। সেই সকল চিন্তা থেকে মুক্তি পেতেই , নিজের মনকে কল্পনার জগতে নিমজ্জিত করেছিল। বইটি পড়তে পড়তে কখন যেনো নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিল।
বইটি তার ভীষণ পছন্দের। কারণটা বইটি সুন্দর , সেটা অবশ্যই নয়। কারণটা হলো বইটি আলীয়ানের দেওয়া উপহার। শুধু এই বইটিই নয় , তার শেলফের একটা বড় অংশ আলীয়ানের স্মৃতিতে সন্নিবেশিত।
আলীয়ানের থেকে পাওয়া উপহার গুলোর বিশেষ গুরুত্ব রয়েছে তার কাছে। তাই সেগুলোর যত্নের কোনো অভাব হয় না।
ইয়াযীয়া প্রচ্ছদে কিছুক্ষণ হাত বুলিয়ে বইটি শেলফে রেখে দিলো। বইটি যতবারই পড়ে , ততবারই বুকের ভেতর একই আফসোসের স্ফুরণ ঘটে।
ঈশ্ ! নবকুমার যদি তার মৃন্ময়ীকে এত সহজে অবিশ্বাস না করতেন। যদি তাদের সম্পর্কের ভেতর সন্দেহ এসে এত বড় যবনিকা টেনে না দিত। তাহলে হয়তো তাদের পরিণতি ভিন্ন হতো। তাদের একটা সুন্দর সাজানো গোছানো সংসার হতো।
ভাবনাটা আরও খানিক দূর গড়ানোর আগেই , আবারও মোবাইলের দিকে চোখ গেলো।
“ উফ ... শিট। ”
আর সময় নষ্ট না করে ওয়াশরুমে ঢুকে পড়লো সে। অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে , ড্রেস চেঞ্জ করে বেরিয়ে এলো। এমনিতেই সে খুব একটা সাজগোজ করে না। আজ তো কোনো অবকাশও নেই। অনেক দেড়ি হয়ে গিয়েছে। যদিও সে চোখে কাজল আর আইলাইনার পরতে ভীষণ ভালোবাসে। সেই জন্য আলীয়ান আবার তাকে ‘মঞ্জুলিকা’ বলে ক্ষেপায়। সেও তখন মেকি রাগ দেখায়।
তাড়াহুড়ায় একটা জিন্স এর টপস্ পড়েছে সে। এই টপটাও আলীয়ানের দেওয়া। বেশিরভাগ সময়ই সে আলীয়ানের দেওয়া ড্রেস গুলোই পরতে পছন্দ করে।
তিন বছর আগে আলীয়ান বাড়ির সবার জন্য ঈদের সপিং করেছিল। প্রতিবছর যে করে , বিষয়টা এমন না। সেবছর সে তার গেমিং একাউন্টগুলো বিক্রি করে অনেক ডলার আয় করেছিল। সেই খুশিতেই সবার জন্য শপিং করেছিল।
সেবারের ঈদের জামাটা সে এরপর থেকে প্রতি ঈদেই পরে। শুধু তাই নয় , প্রতি ঈদে আলীয়ানের থেকে পাওয়া সালামি গুলোও সে যত্ন করে রেখে দেয়। খরচ করে না। যখন মন চায়, বের করে ছুঁয়ে দেখে আবার রেখে দেয়।
বিষয়টা শুধু টাকার ক্ষেত্রেই সীমাবদ্ধ না। সবকিছুর ক্ষেত্রেই। এমনকি তার দেওয়া ফুল গুলোও যখন শুকিয়ে যায় , তখন ইয়াযীয়া সেগুলিকে রেজিনের স্বচ্ছ আবরণে সংরক্ষণ করে রাখে।
বুক শেলফের বই গুলোকে হালকা করে ঠিকঠাক করে রেখে সে ব্যাগ কাঁধে নিয়ে বেরোতে ধরলো। ওমনি মনে পরলো, খালি পায়েই বেরিয়ে যাচ্ছিল। নিজের মাথায় একটা গাট্টা মেরে , ক্রক্স জোড়া পরে নিলো। তার কাছে ফ্যাশনের চাইতে আরাম বেশি গুরুত্বপূর্ণ।
এরপর দ্রুত গতিতে ছুটে বেরিয়ে পরলো। সিঁড়ি দিয়ে নামার সময় জয়তুনের ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেলো।
“ নাস্তা করবেন না ? ”
ইয়াযীয়া খানিক গলা উঁচু করে বলল ,
“ দেরি হয়ে গিয়েছে। আমি গেলাম ... ”
সাধারণত ভার্সিটিতে যাওয়ার সময় নিজের গাড়ি ব্যবহার করে না সে। ভার্সিটির ফ্রি শাটল ব্যবহার করে। কখনও কখনও আলীয়ানের সাথে বাইকে করেও যায়।
আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাই গাড়িতে করেই যেতে হবে।
রাস্তায় আর খুব একটা বেশি সময় লাগলো না। এমনিতেও বাড়ি থেকে ভার্সিটির দুরত্ব খুবই কম। আধ ঘণ্টারও কম সময়ের মধ্যেই ইয়াযীয়ার গাড়ি পার্কিং লটে প্রবেশ করলো।
গাড়ির দরজা বন্ধ করে পা বাড়াবে অমনি তার আঁখিযুগল থমকে গেলো।
সামনের গাড়িটি আর পাঁচটা ব্র্যান্ড’ড গাড়ির মতো নয়। ইউনিভার্সিটির পার্কিং লটে নামিদামি ব্র্যান্ডের গাড়ি দেখতে পাওয়া নতুন কিছু নয়। তার নিজেরও তো বিএমডাবলু রয়েছে।
তবে সামনের গাড়িটি একদম ব্যতিক্রম। হঠাৎ মনে পরলো , কয়েকমাস আগে ইনস্টাগ্রামে একটা রিল দেখেছিল। সেখানে হুবহু এমনই একটা কাস্টম অটোমোবাইল দেখাচ্ছিল। গাড়ি সম্পর্কিত সবকিছু নিয়েই আলোচনা হচ্ছিল। ভিডিওটা কিছুটা ভাইরালও হয়েছিল। তা নিয়ে অনেকে মাতামাটিও করছিল। ডিজাইনারের নামটাও তার মনে আছে, Leepu and Pitbull...
বাংলাদেশে নিজের পরিচিত পরিসরে এমন আন্তর্জাতিক custom - design craftsmanship - এ রূপ দেওয়া গাড়ি আগে কখনও দেখেনি সে। মনে প্রশ্ন আশা স্বাভাবিক যে গাড়িটি আসলে কার ?
কিন্তু হাতে তেমন সময় নেই। এগারোটা বাজার আগেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ক্লাসে পরেও যেতে পারবে।
তাই আর দেরি না করে বেসমেন্ট থেকেই লিফটে উঠে পরলো। লিফটে পরিচিত আরও অনেককেই পেলো সে। তাদের দেখে সৌজন্যেবসত হালকা হাসলো। দু - একজনের সঙ্গে কুশল বিনিময়ও হলো। তবে বাড়তি কথা কেউই বলল না।
ভার্সিটির বন্ধুত্ব নিয়ে আমাদের অনেকের মনেই অনেক কৌতূহল ও আকাঙ্ক্ষা থাকে। তবে সকলকে বন্ধু না ভেবে ক্লাসমেট ভাবাই অধিক শ্রেয়। একটা বন্ধু মহল থাকবে ! সকলে অনেক মজা করবো ! বন্ধুরাও সবাই সবার পাশে থাকবো! ইত্যাদি ... ইত্যাদি ... ভাবনাগুলো নিতান্তই ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়। এগুলো বাস্তবে নয় , নাটক - সিনেমা কিংবা উপন্যাসের পাতাতেই মানায়। বাস্তবতা কখনোই এতটা সুবিন্যস্ত হতে পারে না।
প্রথম সেমিস্টারের সবার সাথে সবার একটা বেশ ভালো সম্পর্কই থাকে। একসঙ্গে বসা হয় , ক্যান্টিনে আড্ডা জমে , নোট আদান - প্রদান হয়। কিন্তু এরপরই সময় নিজের স্বভাব দেখাতে শুরু করে।
মতের অমিল হয় , কারো অগ্রাধিকার বদলে যায় , মনে হিংসাত্মক মনোভাব জন্ম নেয় ও ধীরে ধীরে সম্পর্কে ফাটল ধরে। তবে পড়াশোনার প্রয়োজনে সবার সাথেই সবার যোগাযোগ থাকে। আবার সবার সাথে যোগাযোগ নাও থাকতে পারে।
ক্লাসমেট আর বন্ধু দুটি শব্দের মাঝে বিস্তর ফারাক রয়েছে। সেটা আমরা যত জলদি উপলব্ধি করতে পারবো, ততই আমাদের জন্য মঙ্গল।
সবার সঙ্গেই পরিচিত হওয়া যায় , হাসি মুখে কথা বলা যায় , প্রয়োজনে গ্রুপ স্টাডি করা যায়। কিন্তু বন্ধুত্ব করা যায় না।
লিফটের পেছনের দিকে গিয়ে দাঁড়াতেই ইয়াযীয়া জান্নাতকে দেখতে পেলো। জান্নাত আলীয়ানের ক্লাসমেট। সেই সূত্রে ইয়াযীয়ারও পরিচিত। মেয়েটা অত্যন্ত প্রাণবন্ত। সকলের সাথেই বেশ হেসে খেলে কথা বলে। যদিও জান্নাতের কিছু বিষয় ইয়াযীয়ার মোটেও পছন্দ নয়। এই যেমন সকলের সঙ্গে খুব সহজেই মিশে যাওয়া বা ব্যক্তিগত পরিসর অতিক্রম করে ফেলা।
জান্নাত হাত বাড়িয়ে ইয়াযীয়ার কাঁধে রাখলো।
“ Hey , তারিন ... কেমন আছো ? কালকে এলে না কেনো ? ”
ইয়াযীয়া ভাবলেশহীন কণ্ঠে বলল,
“ অসুস্থ ছিলাম। ”
জান্নাতের মুখের অভিব্যক্তি খানিক পরিবর্তন হলো। তার মুখশ্রীতে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠলো।
“ এখন কেমন আছো ? ”
“ এই তো আছি ... ”
ইয়াযীয়ার অভিব্যক্তি বা কন্ঠস্বরে বিশেষ পরিবর্তন লক্ষ করা গেলো না। সে বরাবরই সবার সঙ্গে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই কথা বলে। তার আচার - আচরণে কখনওই তেমন বিশেষ প্রতিক্রিয়া লক্ষ করা যায় না।
“ খেয়াল রেখো নিজের। সামনেই তো ফাইনাল। দেখতে দেখতে এই একমাস কেটে যাবে। ”
লিফট নয় তলায় আসতেই দরজা খুলে গেলো। ইয়াযীয়া জান্নাতের উদ্দেশ্যে বলল ,
“ অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। আসি .. ”
“ হুম্ , বায়। টেক কেয়ার , সোনা। ”
ইয়াযীয়া লিফট থেকে বেরিয়ে এলো। করিডোরে পা রাখতেই নাকে সিগারেটের গন্ধ এসে লাগলো। কয়েক হাত দূরে শাওন দাড়িয়ে স্মোকিং করছে।
ছেলেটা আলীয়ানের ক্লাসমেট। একই সঙ্গে প্রজেক্টে কাজ করছে। তাই তার সাথে আলীয়ানের নিয়মিত ওঠাবসা করা হয়। ক্লাসমেট না হওয়া সত্ত্বেও প্রতিদিন কিভাবে জানো এই ছেলেটার সাথে কোনো না কোনোভাবে দেখা হয়েই যায় ইয়াযীয়ার।
শাওনের উপস্থিতি বরাবরই ইয়াযীয়াকে অস্বস্তিতে ফেলে। যেকোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় তার চোখে অদ্ভুত ধরনের অনধিকার কৌতূহল ফুটে উঠে। মানুষকে মানুষের মতো দেখার বদলে তার ব্যক্তিগত পরিসর খুঁটিতে খুঁটিয়ে দেখার প্রবণতা শাওনের মাঝে রয়েছে। ইয়াযীয়ার শাওনের এই বিষয়গুলো মোটেও ভালো লাগে না।
শাওন হয়তো তাকে দেখতে পেয়েছে। কিন্তু ইয়াযীয়া তার সঙ্গে কুশল বিনিময় করতে এগিয়ে যাওয়ার প্রয়োজন মনে করলো না। ডান দিকে ঘুরে ফ্যাকাল্টি রুমের দিকে এগিয়ে গেলো।
ফ্যাকাল্টি রুম থেকে তখই ইরফা বেরিয়ে আসছিল। ইরফার সঙ্গে কখনোই ইয়াযীয়ার তেমন একটা কথা হয়নি। সখ্যতা নেই বললেই চলে। তবে প্রয়োজনে বহুবার কথা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই কীভাবে যেনো সব ট্রাইমিস্টারেই তাদের কোর্স , ফ্যাকাল্টি , সেকশন সবসময় মিলে গিয়েছে।
ফ্যাকাল্টি রুমে ঢোকার সময় ইয়াযীয়া ইরফাকে দেখে সৌজন্যেসূচক হাসলো। ইরফাও ইয়াযীয়াকে দেখে মৃদু হাসলো। যদিও কোনও বাক্যবিনিময় হলো না।
ইয়াযীয়া অ্যাসাইনমেন্ট জমা দিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো। এরপর মোবাইল ফোন বের করে কাউকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই মোবাইলের অপর দিকে থাকা ব্যক্তিটা কল রিসিভ করলো।
“ কিরে দোস্ত ? আসছস আজকে ? ”
ইয়াযীয়া হাঁটতে হাঁটতে বলল ,
“ এই তো মাত্র অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসলাম। ”
“ ক্যান্টিনে আছি। তুইও আয়। ক্লাসে পরে ঘুকবো নে। নাহলে এটেনডেন্স দিয়া আয়। ফার্স্ট ক্লাস করতে মন চাইতাছেনা না আজকে। ইরফার সাথে দেখা হইছিল , ওকে আমার আইডি দিসিলাম , বলছি এটেনডেন্সটা একটু দিয়া দিতে। ”
“ আচ্ছা। আমি ইরফাকে মাত্রই দেখলাম। ওকে আমার আইডি দিয়ে আসছি। কিন্তু তুই ক্যান্টিনের কই ?”
“ এই তো মামা , থার্ড কিচেনের সামনে বসে আছি। ”
“ ওকে। কামিং। ”
.
.
ত্বরণ কফির কাপে চুমুক দিতে নিবে। ওমনি কেউ পেছন থেকে তার মাথায় গাট্টা মারলো।
“ উফ , মাম্মা। কফিটা খাইতে দে। ”
“ খা। আমি ধরে রেখেছি। ”
ইয়াযীয়া তার পাশের চেয়ারে বসে পরলো।
ত্বরণ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো ,
“ কিছু কি হইছে ? এমনে কথা বলতাসোস কেন ? ”
“ জানি না। কিন্তু কেনো জানি খুব মেজাজটা গরম হয়ে গেলো ? কি করবো বুঝতে পারছি না। তোর মাথাটা ফাটিয়ে দেই ? শান্তি পেলেও পেতে পারি। ”
কথাটা শেষ করেই সে বাঁকা হাসলো।
“ সর বোলতাসি। দূরে গিয়া ম/র। এইসব মেন্টালের সাথে আমারই শুধু দেখা - সাক্ষাৎ হয়। ”
“ এখন আবার নতুন কে এলো ? ”
ত্বরণের মুখে দুষ্ট হাসির রেখা ফুটে উঠলো।
“ আরেহ , মাম্মা। কালকে ক্লাসে ঘুকছিলাম একা বের হইছিও একা। মাঝখানে আইনস্টাইনের লগে দেখা!!!”
ইয়াযীয়া খানিক বিরক্ত হয়ে বলল,
“ কি সব ভুগি চুগি বলছিস। যা গিয়ে আমার জন্য একটা কফি নিয়ে আয়। এরপর ডিটেইলসে বল। ”
.
~ চলবে ( ইন শাহ্ আল্লাহ্ ) ~
[ এই পেইজে একটু সমস্যা হচ্ছে। তাই প্লীজ আমার আরেকটা পেইজ ফলো করে দেও। যদি এই পেইজ চলে যায় তো সেখানে গল্প দিবো : https://www.facebook.com/share/19WpgP2zm8/ ]
.
.
.
.
#ইশক_এ_রূহানিয়াত_উপন্যাস || #ইশক_এ_রূহানিয়াত_গল্প