#কাব্যের_নীলাম্বরী [০২]
বিছানায় বসে থাকা স্রোতের পাশটায় গিয়ে বসল দোয়েল। ওর মাথার এলোমেলো লম্বা চুলগুলো খোপা করে দিয়ে বলল,
"স্রোত, তুই এখানে কি করছিস? তোর তো ভাইয়ার রুমে থাকার কথা ছিল।"
স্রোতের মনে পড়ল কাল রাতের ঘটনা, কাব্যের ওমন ব্যবহার। ওর প্রতি এত বিরক্তির কথা মাথায় আসতেই চোখ দুটো ছলছল করে উঠল স্রোতের। নিজেকে সামলে নিয়ে বলল দোয়েলকে,
"ওখানেই তো ছিলাম দোয়েল আপু। সকালে এসেছি।"
"হাতে কি তবে ভাইয়াই ব্যান্ডেজ করে দিল?"
"হয়তো!"
দোয়েল ভালো করেই জানে স্রোত মিথ্যে কথা বলছে। স্রোত মিথ্যে বললে দোয়েল ধরে নিতে পারে খুব সহজেই, এই যে স্রোত ওর চোখে চোখ রেখে কথা বলছে না, তোতলাচ্ছে এগুলোই তো বোঝাচ্ছে সে মিথ্যে বলছে! স্রোতকে নিজের দিকে ঘুরিয়ে নিল দোয়েল। বলল আলতো হেসে,
"স্রোত, আমি তোর বড় বোন। তোর থেকেও বেশি আমি তোকে চিনি। আমি জানি তুই কেমন। মিথ্যে বলছিস আপুকে? ভাইয়া তোর সাথে সব সময়ের মতোই খারাপ ব্যবহার করেছে, তাই না?"
স্রোতের সবচেয়ে বিশ্বাস আর ভরসার জায়গাটাই হলো দোয়েল। তার কাছে মিথ্যে বলে পার পাবে না, ভালো করেই জানত স্রোত। তবুও চেষ্টা করল নিজের কষ্ট লুকানোর। দোয়েল হয়তো কিছু বুঝল, হাত মেলতেই স্রোত জাপটে ধরল ওকে। কান্না করতে করতে বলল,
"আমার উপর তোমার ভাইয়ের এত রাগ কেন, দোয়েল আপু? আমি কি অন্যায় করেছি? আমার ব্যাপারেই উনি এত কঠোর কেন? উনার সব রাগ কি কেবল আমার উপরেই?"
"কাঁদিস না স্রোত। ভাইয়া তো এমনই। সব ঠিক হবে একদিন।"
দোয়েল মিছে মিছে সান্ত্বনা দিল স্রোতকে। সে নিজেও জানে না, নারীদের প্রতি এমন অব্যক্ত বিদ্বেষ কেন কাব্যের! কী এমন হয়েছে যে ও মেয়েদের দেখলেই এভাবে নাক সিঁটকায়! সবার সাথে যেমন তেমন স্রোতের ব্যাপারে একটু বেশিই কঠোর। কেন স্রোতের প্রতি এত রাগ কাব্যের? সবগুলো প্রশ্নের উত্তর অজানাই রইল দোয়েলের। আপাতত সে ভাববে না এগুলো নিয়ে। স্রোতকে নিয়ে নিচে গেল দোয়েল। ড্রয়িং রুম আর শান্ত, শান্ত থাকার একমাত্র কারণ কাব্য বাসায় আছে। আরেকটা কারণ বাড়ির কর্তা মাহতাব সাহেব অসুস্থ।
স্রোত ওর সাজপোশাক পালটে এসেছে। হালকা গোলাপি রঙের, নীল পাড়ের একটা শাড়ি পরেছে। দুই হাতেই নীল রঙের কয়েকটা চুড়ি। দোয়েল বসে আছে স্রোতের পাশে, খাবারের প্লেট হাতে নিয়ে বারবার স্রোতকে খেতে বলছে। কিন্তু স্রোত তো বরাবরই একগুঁয়ে স্বভাবের, একবার বলেছে খিদে নেই, খাবেনা ওকে আর কেউ হাজার চেষ্টা করেও খাওয়াতে পারবে না।
ধ্রুব বারবার দরজার সামনে গিয়ে দেখছে তাহিয়া এসেছে কিনা! ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুঁচকালো ধ্রুব। এই তাহিয়া মেয়েটা এত কাণ্ডজ্ঞানহীন কেন, বুঝে পায় না সে! প্রায় ঘণ্টাখানেক আগে বলেছে আসছি, এখনও এসে পৌঁছায়নি।
ধ্রুব যখন পা ফেলে এগোতে যাবে, ধাক্কা লাগল কারো সঙ্গে। সামনে তাকাতেই দেখতে পেল, গোলগাল চেহারার, কালো ফ্রেমের চশমা পরা তাহিয়াকে। ধ্রুবের শক্তপোক্ত শরীরের সঙ্গে ধাক্কা খেয়ে বেশ ব্যথা পেল তাহিয়া। বুঝে আসল না, মানুষের সঙ্গে ধাক্কা খেল, না পাথরের সঙ্গে! চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে নিল তাহিয়া। বেশি কিছু না ভেবে দরজা ডিঙিয়ে বাড়ির ভিতরে পা রাখল। ধ্রুব তখনই মেজাজ দেখিয়ে বলল তাহিয়াকে,—- "চোখ কোথায় থাকে তোর?"
"সবার যেখানে থাকে, কপালের নিচে আর গালের উপরে,নাকের দুইপাশে। তাকিয়ে দেখে নে।"
রাগের মধ্যে ঘি ঢালার মতোই কাজ করল তাহিয়ার কথা। দাঁত কিড়মিড় করে বলল ধ্রুব,
"তুই কি ভালো হবি না তানু?"
"আমি খারাপ ছিলাম কবে?"
"ইডিয়ট!"
"ইডিয়ট টু।"
ধ্রুব বিরক্ত হয়ে চলে গেল, তাহিয়াও গেল ওর পিছু পিছু। সোফায় বসে থাকা স্রোতের ঠিক পাশেই গিয়ে বসল তাহিয়া। মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে মুচকি হেসে বলল,
"বাহ, স্রোত! বিয়ের পরে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় শুনেছি, কিন্তু তোমার সৌন্দর্য একটু বেশিই বেড়ে গেছে। এই পিংক আর নীলের কম্বিনেশনে ভালোই মানিয়েছে তোমাকে।"
স্রোত মিষ্টি হেসে বলল তাহিয়াকে,
"তুমি তো আরও বেশি সুন্দর, তানু আপু। আমাকে নিয়ে তুমি একটু বেশিই বলো সবসময়।"
"উঁহু, তুমি সত্যিই সুন্দর, স্রোত। কাব্য ভাইয়ার তো কপাল ভালো, তোমাকে পেয়ে গেছে কষ্ট ছাড়াই। অবশ্য কাব্য ভাইয়াও সুন্দর কম না। প্রথম দেখাতেই যে কারোর ভালো লেগে যাবে। ওমন গোমড়া মুখো না হলে আমি কবেই পটানোর কাজে লেগে পড়তাম।"
কথাটা বলেই হেসে উঠল তাহিয়া। স্রোত তাকিয়ে আছে তাহিয়ার দিকে, ভাবছে মনে মনে, —-"হাসলে মানুষকে এত সুন্দর দেখায়? হুম, তাহিয়াকে সুন্দর দেখায়। ঠিক যেন পুতুলের মতো লাগছে ওকে।"
ধ্রুব চোখের ইশারা দিতেই হাসি থামিয়ে চুপ করে রইল তাহিয়া। ধ্রুব বিরক্ত হয়ে ধমকের স্বরে বলল আবারও,
"এত কথা না বলে, যে কাজে এসেছিস সেটা কর।"
তাহিয়া মুখ ভেংচি কেটে স্রোতের হাতটা ভালো করে দেখল। ব্যান্ডেজ খুলেছে, ভালোভাবে জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেবে বলে। স্রোতের হাতের কাটাস্থান দেখে হাঁ করে তাকিয়ে রইল তাহিয়া। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, স্রোত নিজেই করেছে এই কাজ, তবে ধ্রুব যে বলল, অন্য কথা! বেশি কিছু ভাবল না তাহিয়া। জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে আবারও ব্যান্ডেজ বেঁধে দিল। যদিও কেটেছে অল্প জায়গা, ব্যান্ডেজ না করলেও ঠিক হয়ে যাবে। বাড়ি থেকে বারবার কল আসায় উঠে চলে যাচ্ছিল তাহিয়া। যাওয়ার আগে স্রোতের কানের কাছে গিয়ে ঠাট্টার স্বরে বলল সে,
"বাহ! একদিন না যেতেই এত দূর! পরে তোমার কী হবে, সেটাই ভাবছি আমি। চালিয়ে যাও স্রোত..."
পুরো কথাটা বলে শেষ করতে পারল না তাহিয়া, ধ্রুব ওর হাত টেনে নিয়ে গেল বাড়ির বাইরে। কিছু সময় আগে তাহিয়াই বলেছে, ওকে বাড়ি পর্যন্ত দিয়ে আসতে, এখন আবার গল্প জুড়ে দিয়েছে দেখেই ধ্রুব এমনটা করল!
________________
সুন্দর পাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধ্রুব আর তাহিয়া। সামনেই একটা ছোট্ট ফুচকার স্টল, তাহিয়ার ওদিকে চোখে পড়তেই ধ্রুবের শার্টের হাতা টেনে বলল,
"ফুচকা খাব।"
"আমার মাথা খেয়ে পেট ভরছে না তোর? ফুচকা খেতেই হবে?"
"এমন করিস কেন? ৫০ টাকার ফুসকাই তো খেতে চেয়েছি! এমনভাবে বলছিস, মনে হচ্ছে আমি তোর কাছে এক বস্তা টাকা চেয়েছি!"
"চাইলেও আমি অবাক হব না।"
মুখটা অসহায়ের মতো বানিয়ে বলল তাহিয়া,
"খাওয়াবি না তাহলে?"
তাহিয়ার মুখের ভাবভঙ্গি দেখে গলে গেল ধ্রুব। না করবে কী করে, এমন আদুরে আবদারে? তাহিয়ার হাতটা ধরে ফুসকার স্টলের দিকে যেতে যেতে বলল,
"আসুন ম্যাডাম।"
হেসে উঠল তাহিয়া। ধ্রুবকে কীভাবে কথার জালে ফাঁসাতে হয়, বেশ ভালো করেই জানে সে।
___________
ছাদে যাচ্ছিল স্রোত, তখনই কাব্যের রুমের দরজার দিকে চোখ গেল ওর। কাব্যের গানের গলা কেমন বশিভূত মন্ত্রের মতো আটকে নিল ওকে। গিটারে টুংটাং শব্দ তুলে গান গাইছে কাব্য,
আমি তোমার দ্বিধায় বাঁচি,
তোমার দ্বিধায় পুড়ে যায়,
এমন দ্বিধার পৃথিবীতে,
তোমায় চেয়েছি পুরোটাই
আমি তোমার স্বপ্নে বাঁচি
তোমার স্বপ্নে পুড়ে যায়
এমন সাধের পৃথিবীতে
তোমায় চেয়েছি পুরোটাই....
দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে ভেবে গান থামাল কাব্য। দ্রুত গতিতে মুখ তুলে তাকাল দরজার দিকে। স্রোতের কী যেন হলো, পালাতে চেয়েও পা দুটো নড়াতে পারছে না সে মনে হচ্ছে কেউ দু'হাত দিয়ে আটকে রেখেছে স্রোতের পা। শুকনো ঢোক গিলল স্রোত। কাব্য কিছু বলার আগে আমতা আমতা করে বলল সে,
"আ...আসলে আমাকে! আমি এখানে আসতে চাইনি, বিশ্বাস করুন।"
ভয়ে কাঁপছে স্রোত, কী বলবে বুঝতে পারছে না সে। কাব্য ততোক্ষণে হেঁটে এসে দাঁড়িয়েছে স্রোতের সামনে, ঘাড় কাত করে ওর দিকে তাকিয়ে বলছে,
"তারপর?"
"তা...তারপর কিছুনা। আমি চলে যাচ্ছি এক্ষুনি।"
স্রোত পা বাড়াল চলে যাবে বলে, এমনিতেই শাড়ি পরার অভ্যেস নেই ওর, তার উপর এমন তাড়াহুড়ো করায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। কাব্য নিজের শক্তপোক্ত বাহুর সাহায্যে আটকে নিল ওকে। স্রোত অবাক হলো, কাব্য ওকে স্পর্শ করেছে? পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে? নিজেকে স্বাভাবিক করল স্রোত।অন্য সময় ভয় হলেও আজ একটু সাহস হলো ওর, কৃতজ্ঞতার দৃষ্টিতে কাব্যের মুখপানে তাকাল সে। কাব্যকে শান্ত লাগছে আজ, একেবারে অন্যরকম লাগছে। স্রোতের মনে হচ্ছে সে কল্পনার জগতে আছে। নাক-উঁচু #আরণ্যক_কাব্য, যার দু’চোখের বিষ স্রোত সে কিনা বাঁচালো ওকে? না না, স্রোত কল্পনার জগতেই আছিস। কাব্য ওকে বাঁচাবে না কোনোভাবেই! সত্যি হলো স্রোতের ভাবনা। কাব্য দু’হাতের বাঁধন আগলা করতেই হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল স্রোত। কোমরে আর হাতের কাটাস্থানে প্রচণ্ড ব্যথা পেল সে। কাব্য ওর হাত টেনে তুলল, আবারও ব্যান্ডেজ করা জায়গায় চাপ দিয়ে বলল,
"বলেছিলাম না আমার সামনে না আসতে!"
কাব্য কী বলল কানে গেলো না স্রোতের, হাতের প্রচণ্ড ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠলো সে,
"আহ! লাগছে আমার।"
কাব্য হাসল, মনে হলো নিজের কাজে সফল হয়েছে সে। আরও শক্ত করে স্রোতের হাতটা চেপে ধরে চোখ মুখ শক্ত করে বলল,
"কোথায় লাগছে? দেখা আমাকে, আদর করে মলম লাগিয়ে দিব।"
স্রোতের ঘেন্না হলো মনে মনে। এই মানুষটা এমন কেন? কই, অন্য কারো সাথে তো এমন করে না,তাহলে ওর সাথেই কেন? চোখ দুটো বন্ধ করে শ্বাস ছাড়ল স্রোত। গড়িয়ে পড়ল অশ্রুকণা, অন্য হাতের তালু দিয়ে মুছে নিল তা। কাব্যের মুখটার দিকে চোখ গেলেই দেখতে পেল স্রোত ওর ঠোঁটের কোণে কেমন অদ্ভুত হাসি। চোখের চাহনিও ভয়ংকর, মায়া-দয়া নেই এই চাহনিতে।
স্রোত নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও যখন পারল না, ডুকরে কেঁদে উঠল। কাব্যের যেন আনন্দ হলো ওর কান্না দেখে। কী যেন ভেবে কাব্য ছেড়ে দিল স্রোতের হাতটা। সুযোগ পেতেই দৌড়ে পালালো স্রোত।
______________
দিনের আলো কেটে গিয়ে রাত হয়েছে। অন্ধকার নেমে এসেছে প্রকৃতিতে। পুরো আরণ্যক ম্যানশন শান্ত এখন। বাড়ির সবচেয়ে বড় রুমটাই কাব্যের, ওর রুমের পরেই ধ্রুবের, তারপর দোয়েল আর স্রোতের। এই সময়টাতে পুরো বাড়িটা হেঁটে মেয়ে আর ছেলেদের রুম গুলোতে চোখ বুলান মিসেস মাহতাব, মানে সাবরিনা বেগম। আজও তার ব্যতিক্রম হয়নি। ধ্রুবের রুমের দরজাটা ভিতর থেকেই বন্ধ, হয়তো সে ঘুমিয়ে পড়েছে। দোয়েলের পাশে স্রোতকে দেখেও খুব একটা অবাক হননি তিনি।
নিজ হাতে যে ভাইজির জীবনটা নষ্ট করেছেন, বুঝতে পারছেন হাড়ে হাড়ে। কিন্তু তারও যে উপায় ছিল না। স্বামীর আদেশ অমান্য করবেন কী করে? তাছাড়া পরিস্থিতি তখন বাধ্য করেছে স্রোত আর কাব্যের বিয়ে দিতে! আপাতত ওসব ভাববেন না তিনি, সব ঠিকঠাক দেখে শান্তির শ্বাস ছাড়লেন সাবরিনা বেগম, চলে যাচ্ছিলেন নিজের রুমে। চোখ যায় তখন কাব্যের রুমের দিকে। দরজা খোলা, তাই না চেয়েও নজর ফেরাতে পারেননি।
কাব্য উনাকে খুব একটা পছন্দ করে না, তাই সামনে গিয়ে ভালো মন্দ কথা খুব কমই বলেন। তবে লুকিয়ে লুকিয়ে নজর রাখেন ছেলের উপর। দরজার সামনে গিয়ে পুরো রুমে চোখ বুলালেন সাবরিনা বেগম। জামাকাপড় সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিছানায়,মেঝেতে। সোফায় ল্যাপটপ আর গিটার ফেলে রাখা। রুমের একপাশে আঁকিবুঁকি করার বিভিন্ন সরঞ্জাম। সাবরিনা বেগম বুঝলেন, কাব্য রুমে নেই। চুপিচুপি ওর রুমে ঢুকে গুছিয়ে দিলেন সবটা। নিচে গিয়ে অপেক্ষা করতে লাগলেন কাব্যের বাড়ি ফেরার।
ঘড়ির কাটায় তখন রাত ১টা বাজে। বাড়ির সদর দরজা ঠেলে কেউ একজন ভিতরে প্রবেশ করেছে। পরনে কালো রঙের জিন্স প্যান্ট আর গায়ে জড়ানো কালো হুডি। কানে লাগানো হেডফোন। গুনগুনিয়ে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে। তখনই কানে এল পরিচিত কণ্ঠস্বর,
"তোমার জানা উচিত কাব্য, এতো রাত করে কোনো ভদ্র বাড়ির ছেলেরা বাড়ি ফেরে না।"
পা জোড়া থেমে গেল কাব্যের। তাকাল ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সাবরিনা বেগমের দিকে। তখনই অন্ধকার রুমটায় আলো জ্বলে উঠল। কাব্য এগিয়ে গেল সাবরিনা বেগমের কাছে। বাঁকা হেসে বলল উনাকে,
"আপনারও জানা উচিত মিসেস মাহতাব, কাব্য কখনোই এসব নিয়ম-নিষেধের পরোয়া করে না! আমার চলাফেরা নিয়ে সমস্যা আপনাদের?"
ভারী শ্বাস ফেললেন সাবরিনা বেগম। এমন কিছুই যে কাব্য বলবে, জানা ছিল উনার। তবুও যেচে পড়ে অপমানিত হলেন!
সাবরিনা বেগম হাসার চেষ্টা করে বললেন,
"তা হবে কেন কাব্য?"
"হলেও আমার খুব একটা যায় আসে না।"
~~~~
®আফরোজা আঁখি।
[ ৩-৪ পর্ব না পড়লে কাহিনি বুঝবেন না। আরেকটা কথা, সবার সব ক্যাটাগরির গল্প ভালো লাগবে এমন না এই গল্পে নায়ক ডেস্পারেট হবে, নায়িকা স্ট্রং পার্সোনালিটির হবে না। এমন গল্প পছন্দ না হলে স্কিপ করবেন। ভালোবাসাময় সফট রোমান্টিক গল্প চাইলে #আমার_উপমা_তুমি পড়ুন।]
১.
পড়ুন রোমান্টিক ই-বুক "প্রাণ প্রণয়িনী"
https://link.boitoi.com.bd/4T8X
২.
পড়ুন রোমান্টিক ই-বই "রাগে অনুরাগে সিক্ত কাব্য"
https://link.boitoi.com.bd/GQcM
★
গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147