ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 4

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [০৪]

কাব্যকে দেখেই ধ্রুব, দোয়েল, সাথে বাড়ির ছোট সদস্য কোয়েল আর দীপ্ত ছুটে গেলো ওর কাছে। দীপ্ত আর কোয়েল হলো কাব্যের ছোট চাচা, অর্থাৎ মাহতাব সাহেবের ভাই মাহফুজ সাহেবের ছেলে-মেয়ে। দীপ্তের বয়স ১৬ কি ১৭ হবে, কোয়েল ওর থেকে অনেকটাই ছোট। এই দুজনের সাথে খুব বেশি দেখা সাক্ষাৎ হয়নি কাব্যের, ভালোভাবে চেনে কিনা সন্দেহ। তবে দোয়েল আর ধ্রুবকে দেখেছে সে,ওতোটা ভালো সম্পর্ক না হলেও মনে আছে তাদেরকে। কাব্য যখন বাড়ি ছেড়ে চলে যায় ওরা তখন বুঝদারই ছিলো। সবাই কাব্যের সাথে কথা বলতে এগিয়ে গেলেও সে কারো সাথে কথা বলল না। পাত্রপক্ষের সবাই উঠে দাঁড়িয়েছেন, কাব্য আর স্রোতের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন বুঝতে পারছেন না উনারা। সবার প্রশ্নবোধক চাহনি দেখে নিজেকে ধাতস্থ করে বললেন সাবরিনা বেগম,
"ও আমার বড় ছেলে, স্রোতের ভাই হয় সম্পর্কে।"

চিন্তার চাপ সরে গেলো সকলের মুখ থেকে, কিন্তু কাব্য! অকারণেই রাগ হলো ওর। কেন যে রাগ করল, সে নিজেও জানে না৷ সবার সামনেই অচেতন স্রোতকে সোফায় ছুড়ে ফেলল কাব্য, গটগট করে হেঁটে চলে গেলো নিজের রুমে। রাহুল কাব্যের পিছনেই ছিল, হাঁ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির পরিস্থিতি বুঝল। কাব্যকে তো কেউ-ই কিছু বলল না, সবার নজর গেলো রাহুলের দিকে। রাহুলের কেমন অসহায় লাগল নিজেকে, মুখে কষ্ট করে হাসি টেনে মাথার চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে বলল,
"আসসালামু আলাইকুম, আমি রাহুল। রাহুল শেখ। কাব্যের বন্ধু।"

কথাটা বলে কারো উত্তরের অপেক্ষা করল না রাহুল, দৌড়ে চলে গেলো কাব্যের পিছু পিছু। আজ প্রায় ৯ বছর পর বাড়ি ফিরেছে কাব্য। ওর থাকার রুমটা যেমন ছিলো এখনও ঠিক তেমনই আছে,আগের থেকে কিছুটা উন্নত করা হয়েছে। কাব্য অবাক হলো ওর রুমটা এত সুন্দর করে গোছানো দেখে,মনে প্রশ্ন আসল কাব্যের, এ বাড়িতে ওর কথা ভাবে কেউ? নাকি এই রুমে অন্য কেউ থাকে? কথাটা মাথায় আসতেই রাগ হলো, রুমে না ঢুকে ফিরে যেতে চাইল আবার। ততোসময়ে রাহুল ওর পাশ কাটিয়ে রুমে চলে গেলো, দপ করে পড়ল বিছানায়। কাব্য চোখ গরম করে একবার রাহুলের দিকে তাকিয়ে চলে যেতে নিলেই কানে ভেসে আসল কারো পরিচিত কণ্ঠ,
"কাব্য!"

পা জোড়া থেমে গেলো কাব্যের, কিন্তু ফিরে তাকাল না সে। মাহতাব সাহেব বললেন আবারও,
"বাবার উপর রাগ কমেনি তোমার কাব্য?"

কাব্য ঘুরে তাকাল, তাচ্ছিল্যের স্বরে বলল,
"আমাকে ছেলে বলে মানেন আপনি? বাবা কাকে বলে জানেন আদৌ? নিজেকে আমার বাবা দাবী করছেন যে!"

মাহতাব সাহেবের মুখটা ছোট হয়ে এল! ছেলের মনে যে উনার প্রতি অনেক রাগ, তা আর অজানা নয়। কাব্যের স্বভাব কেমন, এটাও তিনি জানেন মুখের উপর সব কথা বলে দেওয়ার সাহস রাখে সে। মাহতাব সাহেব আপাতত ভাবলেন না এত কিছু, এগিয়ে গিয়ে বললেন কাব্যকে,
"আসলেই যখন চলে যাচ্ছ, কেন? থেকে যাও না বাবা!"

মাহতাব সাহেব এও বললেন, নির্দিষ্ট দুই একজন ছাড়া কাব্যের রুমে কখনোই কেউ ঢোকেনি। বাবার মিষ্টি কথায় মন গলল না কাব্যের, চলে যাচ্ছিল সে, রাহুল এসে পথ আটকালো। হাত ধরে টানতে টানতে নিয়ে গেলো রুমে। কাব্য অবশ্য গালাগালি করেছে ওকে, কিন্তু রাহুল ওসব পাত্তা দিল না৷ চোখের ইশারায় মাহতাব সাহেবকে কিছু বলল সে, উনিও বুঝে নিলেন রাহুলের ইশারার মানে। মনে মনে হাসলেন, রাহুল ছেলেটাকে ভালোই লেগেছে উনার।
_______________

স্রোত শুয়ে আছে বিছানায়, বাড়ির প্রত্যেকেই ঘিরে রেখেছেন ওকে। সাবরিনা বেগম বসে আছেন ওর মাথার কাছে। মেয়েটার বয়স যখন ৯ ওর আম্মু মা'রা যান এক্সিডেন্টে। ভাগ্য ভালো থাকায় বেঁচে যায় স্রোত। মাহতাব সাহেব আর উনার পরিবারের সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করে সুস্থ করে তুলেন ওকে। অসহায় স্রোত আশ্রয় পায় নিজের ফুপির কাছে। মাহতাব সাহেবের বন্ধু ছিলেন স্রোতের আব্বু, ওর বাবা মা মা'রা যাওয়ার পর দায়িত্ব নেন ছোট্ট স্রোতের। এখন স্রোত বড় হয়েছে, বুঝতে শিখেছে সে। কিন্তু পাত্রপক্ষ আসার দিন স্রোত কোথায় গেলো, কাব্যই বা ওকে কোথায় পেল সব কিছুই অজানা সকলের। কী হয়েছে, না হয়েছে সব কিছু না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না সাবরিনা বেগমের। স্রোতকে ডক্টর দেখে গেছে একটু আগেই, সকলে অপেক্ষা করছেন ওর জ্ঞান ফেরার জন্য। সাবরিনা বেগম উঠে গেলেন, ভয়ে ভয়ে এসে দাঁড়ালেন কাব্যের রুমের দরজার সামনে। কাব্য তখন গিটার হাতে নিয়ে বসে আছে, ওর ঠিক সামনেই বসে আছে রাহুল। বলছে কাব্যকে,
"ওমন সুন্দরী মেয়েটাকে তুই এভাবে থাপ্পড় মারতে পারলি কাব্য? বুঝতে পারছিস তোর থাপ্পড়ের পাওয়ার! মেয়েটা এখনো অচেতন হয়ে পড়ে আছে!"

"জানে মা'রিনি এই অনেক।"

"জানে মা'রার মতো কি করেছে? আমাকে ওভাবে জড়িয়ে ধরলে তো আমি ওর জন্য জান দিয়ে দিতাম। আহ্ মেয়ে তো নয় ঠিক যেন আসমানের পরী।"

কাব্য রেগে তাকাল রাহুলের দিকে তখনই সাবরিনা বেগম দরজায় ঠকঠক আওয়াজ করে গলা খাকারি দিয়ে বললেন,
"আসতে পারি?"

সাবরিনা বেগমের কথা শুনতে পেলেও কাব্য সেদিকে তাকাল না পর্যন্ত। রাহুলের খারাপ লাগল কাব্যের এমন আচরণে। বলল সাবরিনা বেগমকে,
"জিজ্ঞেস করার কী আছে আন্টি! ভিতরে আসুন, রুমটা তো আপনার ছেলেরই!"

কাব্য চোখ গরম করে তাকাল রাহুলের দিকে, রাহুল পাত্তা দিল না কাব্যের রাগকে, একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে কিছু দূরে গিয়ে বসল সে।
সাবরিনা বেগম এগিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন কাব্যকে,
"স্রোতকে তুমি কোথায় পেলে কাব্য? তোমরা কি আগে থেকেই পরিচিত?"

"স্রোত কে?"

"যাকে তুমি নিয়ে আসলে!"

ভ্রু কুঁচকে তাকাল কাব্য। মেয়েটার প্রতি প্রচণ্ড রাগ ওর। দাঁত কিড়মিড় করে উল্টো প্রশ্ন করল,
"ঐ মেয়ের সাথে এ বাড়ির সম্পর্ক কী?"

"ও তোমার মামাতো বোন হয়..."

পুরো কথাটা বলার আগেই হাত উঁচিয়ে থামিয়ে দিল কাব্য, বলল গম্ভীর কণ্ঠে,
"আমার কোনো মামা-খালা বা মামাতো বোন নেই। অকারণে আমার রুমে আসবেন না। কী হয়েছে, ঐ অসভ্য অভদ্র মেয়েটাকেই গিয়ে জিজ্ঞেস করুন।"

মুখটা অন্ধকারে ঢেকে গেলো সাবরিনা বেগমের। অপমানিত বোধ হলো উনার। কাব্যের যে উনার প্রতি একরাশ অভিমান, তা ভালো করেই জানেন। কিন্তু মুখের উপর এভাবে কথা বলবে, আশা করেননি হয়তো। কাব্যের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে একটা ছেলে। ছেলেটা উনাদের বাসায় থাকে, হাতে হাতে সাহায্য করে সব কাজে।বাজারহাট ওই করে। সাবরিনা বেগমই বলেছিলেন ওকে এখানে আসতে। ছেলেটাকে দেখিয়ে বললেন কাব্যকে,
"তোমার কিছু লাগলে বা সমস্যা হলে সাইফকে বলতে পারো। ও সবসময় তোমার আশেপাশেই থাকবে।"

"আমি প্রতিবন্ধী নই, নিজের কাজ নিজেই করতে পারি। আপনাকে এত ভাবতে হবে না আমাকে নিয়ে। চলে যান।"

সাবরিনা বেগম চলে যাচ্ছিলেন। যাওয়ার আগে কাব্যের রুমের দেয়ালে টাঙানো উনার বড় বোনের ছবিটার দিকে তাকালেন কিছুক্ষণ। কাব্যের এ দেখে রাগ হলো। উঠে গিয়ে সাবরিনা বেগমের সামনে দাঁড়িয়ে আড়াল করে নিল মায়ের ছবিটা, নিজের মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলল উনাকে,

"আপনার স্বামী আর এ বাড়ির সবার ভাষায় আমার আম্মু খারাপ, ব্যাশা, জঘন্য! আমার আম্মুর মতো খারাপ আর পাপী কাউকে দেখে নিজের পাপ বাড়াচ্ছেন কেন?"

সাবরিনা বেগমের খারাপ লাগলো। উনি কখনোই এমন ভাবেননি কাব্যের আম্মুকে নিয়ে। বরং বোনের অনুপস্থিতিতে সামলেছিলেন এ বাড়িটাকে, বুকে টেনে নিয়েছিলেন ছোট্ট কাব্যকে। সে ছেলে আজ এভাবে কথা বলছে উনার সাথে? সাবরিনা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন, বললেন কাব্যকে,

"তোমার মায়ের অনুপস্থিতিতে আমিই তোমার দায়িত্ব নিয়েছিলাম, কাব্য। আমাকে এভাবে বলতে মুখে বাধছে না তোমার?"

কাব্য হেসে উঠলো। সাবরিনা বেগম বুঝলেন না এ হাসির মানে। আবারও কিছু জিজ্ঞেস করবেন, তখনই বলল কাব্য,

"উঁহু, আপনি আমার নয়,আমার আম্মু অর্থাৎ আপনার বোনের হাজবেন্ডের দায়িত্ব নিতে এসেছিলেন। আমি তো ছিলাম বাহানা মাত্র। আপনি মাহতাব খানের স্ত্রী হয়েছেন ঠিকই,তবে কাব্যের আম্মুর মতো হতে পারবেন না কখনোই।"

কাব্য আবারও রেগে-মেগে চিৎকার দিয়ে চলে যেতে বলল সাবরিনা বেগমকে। অপমানে, অসম্মানে এক মুহূর্তও দাঁড়ালেন না তিনি, চলে গেলেন তখনই।

পুরোনো দিনের কথা মনে পড়তেই রাগে মাথা ফেটে পড়ল কাব্যের। পাশের সেন্টার টেবিলে রাখা জিনিসপত্র, কাচের ফুলদানি ভেঙে ফেলল সে। রাহুল এগিয়ে গেল ওর কাছে, শান্ত হতে বলল কাব্যকে। কাব্য শান্ত হলো বটে, হেঁটে গেল দেয়ালে টাঙানো মায়ের ছবিটার কাছে। কাঁপা কাঁপা হাতে উনার ছবি স্পর্শ করে বলল,
"তুমি ভুল করোনি, আমি জানি আম্মু। তবে আমাকে ছেড়ে চলে গেলে কেন? সাথে নিয়ে গেলেও তো পারতে! তোমার কাব্য ভালো নেই, আম্মু।"

ভিতরটা পুড়ছে কাব্যের, অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সে।বুকের ভিতর জমে থাকা চাপা কষ্টে কান্না করতে ইচ্ছে করছে আজ। রাহুল এতক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে ছিল, শুনল সব কথাই। বুঝল কাব্যের রাগের কারণ। কাব্য কখনোই নিজের পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলেনা কাউকে, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে ও আপসেট থাকে খুব, রাহুল এটা লক্ষ্য করেছে অনেকবার। কাব্যের মন খারাপের কারণ কি তবে এই বাড়ির লোকজন?
কাব্যের এমন অবস্থা দেখে রাহুল স্তব্ধ এ কী দেখছে সে? কাব্য কষ্ট পাচ্ছে, চোখের কোণে পানি জমেছে ওর! কিন্তু রাহুল যে কাব্যকে কঠোর আর বদমেজাজি বলেই জানে, যে কষ্ট পায় না কারো জন্য, যার মনে প্রেম ভালোবাসা নেই, কারো প্রতি টান নেই। যে দূর্বল হয় না কোনো পরিস্থিতিতেই। তবে আজ কাব্যের কি হলো? এমন করছে কেন সে? অন্য সময় কাব্যকে ভয় পেলেও আজ সাহস করে জিজ্ঞেস করল রাহুল,

"তোর কি কোনো খারাপ অতীত আছে কাব্য? আন্টি কোথায়? যিনি একটু আগে রুমে আসলেন উনি কি তোর আম্মু নয়?"

"না।"

রাহুল কাব্যের কাঁধে হাত রেখে বলল মিষ্টি হেসে,
"আমাকে বিশ্বাস করিস? বন্ধু ভাসিস?"

কাব্য মাথা নাড়াল উপর নিচ,যার উত্তর হ্যাঁ,রাহুল বুঝে নিল কাব্যের কথা। বলল আবারও,
"কি হয়েছিল আমাকে বল, কষ্টের কথা বিশ্বাসযোগ্য কাউকে বললে হালকা লাগে নিজেকে।"

প্রতুত্তর করল না কাব্য গটগট করে হেঁটে বেরিয়ে গেলো রুম থেকে। রাহুলও গেলো ওর পিছু পিছু।

ছাদের রেলিঙে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কাব্য, তাকিয়ে আছে আকাশপানে। রাহুল অধীর আগ্রহে অপেক্ষা করছে কাব্যের অতীত শোনার জন্য। অধৈর্য হয়ে আবার প্রশ্ন করবে তখনই মুখ খুলল কাব্য,

সাবরিনা বেগম মাহতাব সাহেবের দ্বিতীয় স্ত্রী। শুনতে অদ্ভুত লাগলেও কাব্যের আম্মু উনারই বড় বোন! কাব্যের বয়স তখন সাত কি আট, ওর আম্মু হুট করেই উধাও হয়ে যান। এর আগে মাহতাব সাহেবের সাথে কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় উনার। কি নিয়ে সেদিন ঝামেলা হয়েছিল তা আজও অজানা সকলের কাছে।তবে বাবা মায়ের ঝগড়া ঝামেলা নতুন ছিলো না কাব্যের কাছে, ছোট থেকেই সে দেখে আসছে এসব। মায়ের চলে যাওয়ার পর ভেঙে পড়েছিল কাব্য। একেক জনের একেক কথা শুনে শুনে বিরক্ত হচ্ছিলো সে। কাব্য বিশ্বাস করে ওর আম্মুর কোনো ভুল নেই, তবে মাহতাব সাহেবের মুখে সবাই এটাই শুনেছেন, কাব্যের আম্মুর নাকি উনার কোনো এক বন্ধুর সাথে সম্পর্ক ছিল। এগুলো নিয়েই ঝামেলা হতো প্রতিনিয়ত। তাই তো দুজনে একসাথেই নিরুদ্দেশ হয়েছেন, বাকিরাও এটাই ধরে নিলেন। প্রমাণ ও তো পেলেন বিশ্বাস করবেন নাই বা কেন?
তখন ছোট্ট কাব্যের দেখাশোনার জন্য আরণ্যক ম্যানশনে এসেছিলেন সাবরিনা বেগম। বেশ কিছুদিনে বন্ধুত্বও করে নিয়েছিলেন কাব্যের সাথে। কাব্য ইন্ট্রোভার্ট টাইপের সেই ছোট থেকেই খুব বেশি ক্লোজ না হলে সে কথা বলেনা কারোর সাথেই।একমাত্র নিজের মায়ের সাথেই কাব্যের সম্পর্ক ছিলো ভালো। তবে সাবরিনা বেগম একটু একটু করে জিতে নিয়েছিলেন ওর মন। কাব্য ওর আম্মুকে হারানোর কষ্ট ভুলেছিল উনাকে পেয়ে।
মাকে নিয়ে আজেবাজে কথা শুনতো সে প্রতিদিনই। কোনো ভুল হলেই পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে ওর দাদী বলে উঠতেন—"যে ছেলের মা তাকে ফেলে রেখে অন্য পুরুষের সাথে চলে যায়, সে তো এমন হবেই!" কাব্যের প্রচণ্ড রাগ হতো। কাউকে কিছু বলতে না পেরে কষ্ট দিত সে নিজেকেই। তখন ওকে সামলে নিতেন সাবরিনা বেগম। কাব্য সেদিন স্কুলে গিয়েছিল নিজের রেজাল্ট জানতে। সব কয়টা বিষয়েই এ প্লাস ছিলো তার। কাব্যের ভালো রেজাল্টে সবসময় খুশি হতেন ওর আম্মু, কিন্তু এবার তো উনি পাশে নেই। কাব্য ভাবল, খালামুনিকেই দেখাবে নিজের রেজাল্ট। খুশি মনে বাড়ি ফিরল সে। সেদিন বাড়িটা সুন্দর করে সাজানো ছিলো, পুরো বাড়িতে মেহমান, এত মানুষের ভিড়ে কাব্য ওর খালামুনিকে খুঁজে পেল না কোথাও। বাড়ির প্রত্যেক সদস্য, বিশেষ করে কাব্যের দাদা-দাদি আর বাবা উনারা যেন ভুলেই গেলেন ওর অস্তিত্ব। কাব্য বলে এ বাড়িতে কেউ আছে মনেই নেই কারো! খালামুনিকে খুঁজতে খুঁজতে কাব্য যখন ওর মায়ের রুমের সামনে গেলো, মনে হলো ভিতরে ওর খালামুনি আছেন, ঢুকতে নিলেই বাধা দিল সবাই। সবার নিষেধ বারণ না শুনে কাব্য ঢুকল ওর মায়ের রুমে। মাহতাব সাহেব তখন বরের সাজে দাঁড়িয়ে আছেন সাবরিনা বেগমের সামনে,সাবরিনা বেগমের পরনে কাব্যের মায়ের বিয়ের লাল টুকটুকে শাড়িটা। গলায়, হাতে ওর আম্মুর গহনা। কাব্যের প্রচণ্ড রাগ হলো ওর আম্মুর শাড়ি, চুড়ি, গহনা অন্য কেউ কেন পড়বে? ওর আম্মু ব্যাতীত অন্য কেউ কেন ওর আব্বুর পাশে থাকবে? কাব্য তাঁর হাতে থাকা মার্কশিট, স্কুল ব্যাগ, বইপত্র সব ছুড়ে ফেলল মেঝেতে। মাহতাব সাহেব দেখলেন সবটাই, কাব্যকে বোঝাতে চাইলেন কত কিছু বলে। কিন্তু কাব্য তো শুনলো না উনার কোনো কথা। রাগ দেখিয়ে বলল,
"ঐ মহিলা আমার আম্মুর শাড়ি পড়েছে কেন? আমার আম্মুর রুমে উনি ঢুকেছেন কেন? উনাকে বেরিয়ে যেতে বলো, আব্বু। আমার আম্মুর শাড়ি-গহনা এক্ষুণি খুলে দিতে বলো।"

দরজার সামনে তখন বাড়ির সব সদস্যরা এসে দাঁড়িয়েছেন। মাহতাব সাহেবও রাগলেন, ধমক দিয়ে বললেন ছেলেকে,

"ঐ মহিলা মানে কি কাব্য? ও তোমার আম্মু হয়। আম্মু বলে ডাকবে।"

বাবার এমন কথায় আর ধমকে ছোট্ট কাব্যের কষ্ট হলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকজনেরা আজেবাজে কথা বলল ওর আম্মুকে নিয়ে। সহ্য করতে না পেরে দৌড়ে নিজের রুমে চলে গেল কাব্য।

সেদিনের পর থেকে শান্ত হয়ে গেল সে। চুপচাপ থাকতো সারাক্ষণ, কেউ কথা বলতে আসলেও কাব্য কথা বলতো না তার সাথে। সাবরিনা বেগম কত কিছু বলে বোঝাতে চাইতেন ওকে, কিন্তু কাব্য তো এক কথা মনে নিয়ে বসে আছে,ওর আম্মুর জায়গা দ্বিতীয় কাউকেই দেবে না।
অনেকগুলো বছর কাটল এভাবে। সাবরিনা বেগম তখন দুই ছেলে-মেয়ের মা। কাব্যের প্রতি উনার আর মাহতাব সাহেবের যাই একটু টান ছিলো, তাও চলে গেলো। কাব্য তো ততোদিনে পুরোপুরি বিগড়ে গেছে। কারণে-অকারণে রাগ দেখাতো, সবার উপরে, বেশিরভাগ সময় থাকতো বাড়ির বাইরেই। বাড়ির মানুষরা ভয়ই পেতো ওকে।

ধ্রুবের বয়স তখন ৫, দোয়েল ধ্রুবের দুই বছরের ছোট। বাবার সাথে কাব্যের সম্পর্ক খারাপ হলেও ওর চাচ্চু মাহফুজ সাহেবের সাথে সম্পর্কটা ছিলো বন্ধুর মতোই। কাব্য ওর বাবার থেকে টাকা নিতো না কখনোই। ওর মায়ের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সবই ছিলো ওর নামে। মাহফুজ সাহেবও মাঝেমধ্যেই না বলে টাকা পাঠিয়ে দিতেন ওকে। পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই চলে যেতো এভাবে। কাব্য সেদিন ওর চাচ্চুকে দেখতে বাসায় এসেছে। ধ্রুব ভাইয়া ভাইয়া করে ছুটে গেছে ওর কাছে। কাব্য তো এক গোয়ে স্বভাবের, দয়া-মায়া কমই ওর মনে। ধ্রুবকে পাত্তা দিল না সে, পাশ কাটিয়ে চলে যাচ্ছিলো। পিছু পিছু গেল ধ্রুবও। কাব্যের হাত ধরলে ও ঝাড়া মারল। অসাবধানতায় সিঁড়ি থেকে পড়ে গেলো ধ্রুব। মাথা ফেটে রক্ত বের হয়ে ভরে গেল সাদা টাইলস। ছটফট করতে লাগল মাথার ব্যথায়। কাব্য থম মেরে দাঁড়িয়ে ছিলো সিঁড়িতেই। ও তো এমনটা চায়নি। এতো জোরে ঝাড়াও দেয়নি যে ধ্রুব পরে যাবে! ধ্রুবকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এদিকে সবাই মিলে দোষারোপ করতে শুরু করল কাব্যকে।হিংসায় নাকি ও এসব করেছে! ওর ভুলের জন্য, ওর আম্মুকে টেনে কত আজেবাজে কথা সবার মুখে। বাদ যাননি সাবরিনা বেগম আর ওর বাবাও। বাবা আর খালামুনির প্রতি রাগে, ঘেন্নায় সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল কাব্য এ বাড়ি আর দেশ ছেড়ে চলে যাবে সে।

® আফরোজা আখি।
চলবে......

(গঠনমূলক মন্তব্য না করতে পারলে দয়া করে কমেন্টই করবেন না, এসব নাইস, নেক্সট দেখতে দেখতে আর ভালো লাগেনা।)
১.
পড়ুন রোমান্টিক ই-বুক "প্রাণ প্রণয়িনী"
https://link.boitoi.com.bd/4T8X
২.
পড়ুন রোমান্টিক ই-বই "রাগে অনুরাগে সিক্ত কাব্য"
https://link.boitoi.com.bd/GQcM
★
স্রোত-কাব্যকে নিয়ে মতামত দিতে এবং গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন