ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 5

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [০৫]

কাব্য থামলো। আজ ওর কষ্ট হচ্ছে, কেমন অশান্ত লাগছে নিজেকে। এ বাড়িতে থাকতে পারবে না সে, কোনোভাবেই না। নিজের বাবা আর খালামুনির প্রতি ওর যে এক আকাশ পরিমাণ ঘৃণা! কীভাবে থাকবে এ বাড়িতে? কাব্য চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল, নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করল সে। পাশে থাকা রাহুলের দিকে চোখ যেতেই দেখল রাহুল কান্না করছে। চোখ দুটো ফুলে গেছে ছেলেটার। কাব্যের কেন যেন হাসি পেল রাহুলের কান্নার ধরণ দেখে। ওর কাঁধে হাত রেখে বলল কাব্য,

"কি হলো তোর? মেয়েদের মতো কান্না করে ভাসাচ্ছিস কেন?"

রাহুল জাপ্টে ধরল কাব্যকে, কান্না করতে করতে বলল,—- "তুই এত কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছিস কাব্য। এতদিনে একবারও তো বলিসনি এগুলো!"

"বললে কি হতো? তুই আমার আম্মুকে এনে দিতে পারতি? কষ্ট কমতো আমার?"

রাহুল নিজেকে স্বাভাবিক করল। কাব্যের মুখের দিকে তাকাতেই দেখল সে হাসছে। এই ছেলেটা এমন কেন? ওর কি কষ্ট লাগে না? যার বিষাক্ত অতীত শুনে যে কেউ কান্না করে দেবে নির্দ্বিধায়, সে কতটা শান্তভাবে বলে দিল সব! চোখ-মুখে এক ফোঁটা কষ্টের ছাপ নেই। কাব্য কি তবে অতি সুখে পাথর হলো? দুঃখ কি ওকে ছুঁতে পারে না এখন আর? সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে রাহুল বলল কাব্যকে,
"তা হয়তো পারতাম না, কিন্তু সুখ দুঃখে ছায়ার মতো তোর পাশে থাকতে তো পারতাম। কষ্টগুলোর ভাগ নিতে পারতাম!"

"এই যে আছিস, তাই তো অনেক! আমি যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম,ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম, তখনই তো তোদের সাথে দেখা। আমার জীবনে আল্লাহর দেওয়া সবচেয়ে দামী উপহার আমার বন্ধুরা।"

কাব্যের এমন কথায় আবারও আবেগী হলো রাহুল। এই রাহুল ছেলেটা এমনই। মনটা ওর নরম। কাব্য কত সময় কত কী বলে, কখনো আবার চড়-থাপ্পড়ও মারে, কিছুক্ষণ রাগ করে থেকে পরে আবার একটা কল দিলেই ছুটে আসে ওর কাছে। এ পৃথিবীতে রাহুলেরও আপন বলতে কেউ নেই, আছে কেবল এক বোন। সেও তো বোঝে না থাকার কষ্ট!

___________________

স্রোতের জ্ঞান ফিরেছে। বিছানায় বসে আছে, হাঁটুতে মুখ গুঁজে। গালের এক পাশ লাল হয়ে আছে ওর, কারো আঙুলের দাগ বসে আছে ফর্সা সুন্দর গালটায়। রুমে দোয়েল, দীপ্ত আর কোয়েল ছাড়া আর কেউ নেই। কোয়েল তো একটা বাচ্চা মেয়ে এই বাড়িতে কেবল স্রোতের সাথেই তার বন্ধুত্ব ভালো। স্রোতের এমন অবস্থা দেখে ভয় পেয়েছে কোয়েল। কাঁদো কাঁদো মুখ করে বলছে ওকে,
"তুমি ঠিক আছো তো আপুনি? কে মেরেছে তোমাকে?"

স্রোত বাচ্চা মেয়েটার দিকে তাকাল, মুখে হাসি টেনে ওর গাল স্পর্শ করে বলল,
"কেউ মারেনি কোয়েল সোনা। আপুনি একদম ঠিক আছি।"

দীপ্ত গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল স্রোতকে। কি যেন ভেবে বলল,
"তাহলে তোমার গাল এমন শুকনো মরিচের মতো লাল বর্ণ ধারণ করেছে কেন? পিঁপড়া কামড়েছে বুঝি?"

স্রোতের চোখ-মুখে রাগ ফুটে উঠলো। দাঁত কিড়মিড় করে বলল, "না, খরগোশ কামড়েছে।"

"কিন্তু খরগোশ তোমার গালের নাগাল পেল কী করে?"

দীপ্তের এতো প্রশ্নে বিরক্ত হয়ে বলল স্রোত,
"তুই যা তো দীপ্ত, মাথা খাস না আমার।"

দীপ্তের মুখটা অন্ধকারে ঢেকে গেল। বড় একটা শ্বাস ছেড়ে বলল,
"ইসরে! আমার সিনিয়রের গালে আমি চুমু দেওয়ার আগে খরগোশ চুমু দিল! তাও আবার যেমন তেমন চুমু না, বাইট বসিয়ে দিল! খরগোশটার নাম বলো সিনিয়র,এক্ষুনি খুঁজে বের করে কলিজা কতো বড় দেখে নিব!"

স্রোত বিরক্ত হলো দীপ্তের বাঁদড়ামিতে। খাটের পাশের সেন্টার টেবিলে রাখা একটা ফুলদানী হাতে তুলেছে, ওকে মারবে বলে। জান বাঁচাতে দীপ্ত দৌড়ে পালিয়েছে তখনই। কোয়েল মজা পেল ভাইয়ের এমন অবস্থা দেখে। সেও হাসতে হাসতে বেরিয়ে গেল দীপ্তের পিছু পিছু।

দোয়েল স্রোতকে নিজের দিকে ঘুরালো, ওর গালে হাত দিয়ে বলল,
"কি হয়েছিল স্রোত? আপুকে বল। গালে এমন লালচে দাগ পড়ল কী করে? কাব্য ভাইয়াকেই বা কোথায় পেলি তুই?"

কাব্যের নামটা শুনেই রাগ হলো স্রোতের। রেগে মেগে বলল দোয়েলকে,
"ঐ অসভ্য, অভদ্র, পাষাণ লোকটাই তো আমার গালে থাপ্পড় মেরেছে দোয়েল আপু! খরগোশ লোক একটা! মানুষ মানুষকে মারতে পারে এভাবে!"

চোখের কোণে পানি জমেছে স্রোতের। দোয়েল বোকা বনে গেছে যেন। স্রোতের কোনো কথাই তো বুঝতে পারছে না সে। কাব্য অকারণে ওর গালে থাপ্পড় মারতে যাবে কেন? দোয়েল মাথায় হাত ঠেকিয়ে, চোখ-মুখ শক্ত করেই বলল স্রোতকে,
"ক্লিয়ার করে বল, কি হয়েছে? পাত্রপক্ষ আসবে জেনে তুই কোথায় চলে গিয়েছিলি? এই বিয়েতে মত নেই তোর?"

ফটাফট উত্তর দিল স্রোত,—-"না।"

"কেন?"

"ঐ লোকটার হাবভাব আমার ভালো লাগেনা।"

"কিন্তু রেজওয়ান ভাইয়া তো ভালো ছেলে। উনি তোকে অনেক পছন্দ করেন স্রোত। তুই ভালো থাকবি উনার সাথে।"

"এত পছন্দ হলে তুমিই বিয়েটা করে নাও দোয়েল আপু। আমি পড়ব, তাহিয়া আপুর মতো ডাক্তার হবো।"

"বিয়েতে দোয়েলের এলার্জি আছে জানিস না? এইসব বিয়ে-টিয়ে আমি এখন করব না। কি হয়েছিল বলবি তুই? কাব্য ভাইয়াকে পেলি কোথায়?"

স্রোত উঠলো বিছানা থেকে। পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে। মাথার খোঁপা করা সিল্কি চুলগুলো খুলে কোমর পেরিয়ে গেছে। দোয়েল তাকিয়ে আছে ওর দিকে। এই মেয়েটা অনেক সুন্দর। অপূর্ব দেখতে, ভুবনমোহিনী সুন্দরী বললে কম হবে না। গায়ের রঙ, উচ্চতা, স্বাস্থ্য, লম্বা কালো কেশগুচ্ছ, সবকিছুই পারফেক্ট তার। একটা মানুষ এত পারফেক্ট হয় কী করে? আল্লাহ যেন সব সৌন্দর্য এই অষ্টাদশী মেয়েটার মধ্যেই ঢেলে দিয়েছেন।

স্রোত আবারও এসে বসল দোয়েলের পাশে। কাব্যের সাথে ওর দেখা হওয়ার বিষয়টা বলল সুন্দর করে।

____________________

ফুপির জোরাজুড়িতে উনার আনা শাড়ি, চুড়ি আর সব গহনা পরে রেডি হয়েছিল স্রোত। কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিল, সে কোনোভাবেই যাবে না রেজওয়ান ছেলেটার পরিবারের সামনে। লোকটা দেখতে অনেক সুন্দর, কথাবার্তাও ভালো, সব মিলিয়ে পারফেক্ট বলা চলে! কিন্তু স্রোতের সামনে আসলেই কেমন ত্যাড়া ব্যাকা কথা বলতে শুরু করে লোকটা। বেশ কয়েকবার দেখা হয়েছে ওদের। কখনো স্রোতের কলেজে, কখনো রাস্তায়, কখনো আবার বাড়িতে। প্রতিবারই নানা বাহানায় স্রোতের সাথে কথা বলতে চেয়েছে সে। স্রোতের একদমই পছন্দ না এমন ছেলে মানুষকে। ছেলেদের অ্যাটিটিউড থাকবে, আত্মসম্মান থাকবে তারা কেন যেচে পড়ে কথা বলতে যাবে যেকোনো মেয়ের সাথে!

আজ যখন জানলো স্রোতের ছোট ফুপি সাবরিনা বেগম উনারই বান্ধবীর ছেলে রেজওয়ানের সাথে বিয়ে ঠিক করেছেন ওর, তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল স্রোতের। স্রোত তো চায়নি এমনটা। ইচ্ছে না থাকার পরেও ফুপির কথা রাখতে সাজগোজ করে তৈরি হলো সে। কোনো একটা কারণে স্রোত তখন ছাদে গিয়েছিল। এক ফুচকাওয়ালাকে যেতে দেখল গেটের সামনে দিয়ে। ছাদে দাঁড়িয়েই চিৎকার দিয়ে ডাকলো লোকটাকে, সে সফল হলো নিজের কাজে। ফুচকাওয়ালা থামলো, স্রোতের দিকে তাকিয়ে চোখের ইশারায় বললেন তিনি দাঁড়াবেন।

তারপর আর কি! স্রোত আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেলো ফুচকা খাবে বলে। সাবরিনা বেগম আর উনার জা তখন রান্নার কাজে ব্যস্ত, ধ্রুব বাসায় নেই আর দোয়েল নিজের পড়ার টেবিলে। স্রোতকে দেখলো না কেউ-ই।

প্রায় অনেকক্ষণ হলো স্রোত বাড়ির বাইরে, হাঁটতে হাঁটতে বাড়ির সীমানা পেরিয়ে অনেক দূর চলে গেছে সে। আশপাশে তাকিয়ে দেখল জনমানবের উপস্থিতি নেই জায়গাটাতে। কিছু দূরেই সুন্দর একটা পার্ক, স্রোত এগোলো সেদিকেই। কিছু দূর যেতেই কোথা থেকে কতগুলো ছেলে এসে ঘিরে ধরল ওকে। তাদের মধ্যে একজনকে ভালো করেই চেনে স্রোত। কিছুদিন আগেও কলেজ থেকে ফেরার পথে স্রোতের সাথে অসভ্যতামো করতে চেয়েছিল সে। ধ্রুব এসব জেনে মারধর করেছে ছেলেটাকে। ছেলেটা স্রোতের কলেজের সিনিয়র, নাম রোহান। স্রোত পাশ কাটিয়ে চলে যেতে চাইলে রোহান ওর হাত ধরে নেয়, ঘাড় কাত করে ঠোঁটের কোণে শয়তানি হাসি নিয়ে বলে,

"কি মামুনি, একা কেন? আমাদের সঙ্গ লাগবে?"

"মানে? কাকে কি বলছেন আপনি? মাথা ঠিক আছে? ঘরে মা বোন নেই?"

"মা বোন তো আছেই, বেড পার্টনার নেই। তুমি হবে?"

রাগে, ঘেন্নায় রোহানের থেকে নিজের হাতটা ছাড়িয়ে গালে চড় বসিয়ে দিল স্রোত। রোহানের রাগ যেন তরতর করে বাড়ল। স্রোতের দিকে এগিয়ে যেতেই দৌড়ে পালালো স্রোত, রোহানরাও ছুটলো ওর পিছু পিছু।

কিছু দূর আসতেই স্রোতের ধাক্কা লাগলো কারো সাথে।টাল সামলাতে না পেরে মাটিতে পরে গেলো সে। সামনের মানুষটার হাতে থাকা দামী ফোনটা হাত থেকে পড়ে গেলো নিচে। পাকা রাস্তায় পড়ার কারণে ফোনের গ্লাস ফেটে গেলো তখনই। স্রোতের হাত ধরে টেনে তুললো লোকটা, ধমকের স্বরে বলল,

"এই মেয়ে, চোখে দেখতে পাও না?"

স্রোত কেঁপে উঠলো। কিছু দূর পিছিয়ে গিয়ে লোকটার দিকে তাকাতেই অবাক হলো সে। এ তো ওর বড় ফুপির ছেলে, আরণ্যক কাব্য! আরণ্যক ম্যানশনের বড় রাজপুত্র বলা যায়। যার আসার অপেক্ষায় দিন গুনছেন সবাই।ফুপি আর উনার হাজবেন্ডের মুখে যে কাব্য ভাইয়ের গল্প শুনে এসেছে এতোদিন। প্রতিদিন কাব্যের ফেসবুক প্রোফাইল ঘাঁটাঘাঁটি করে স্রোত, তাই সামনে থেকে দেখে চিনতে অসুবিধে হয়নি খুব একটা। স্রোতের এমন চাহনি দেখে বিরক্ত হলো কাব্য। ফোনটা হাতে তুলে চলে যাচ্ছিল সে। রোহান ততোক্ষণে এসে দাঁড়িয়েছে স্রোতের পেছনে। উপায় না পেয়ে কাব্যের সামনে গিয়ে পথ আটকালো স্রোত। ওকে দু'হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল,

"আ.. আমাকে হেল্প করুন প্লিজ।"

কাব্যের চোখ দুটো লাল হয়ে এলো সহসাই। অতিরিক্ত রাগে সুন্দর মুখটা তামাটে বর্ণ ধারণ করেছে ওর। চেনা নেই, জানা নেই একটা অপরিচিত মেয়ে এভাবে ওকে জড়িয়ে ধরল হুট করে! বিষয়টা ভালো লাগল না কাব্যের। মেয়েদের গায়ে পড়া ভাব একদমই পছন্দ না ওর। কাব্য স্রোতকে সরালো নিজের থেকে, গায়ের সবটুকু শক্তি দিয়ে চড় বসালো স্রোতের গালে। সাথে সাথেই কিছু দূরে ছিটকে পড়ল স্রোত। মাথাটা ভনভন করে ঘুরতে শুরু করল ওর। চারিদিকটা অন্ধকার ঠেকলো, সেন্স হারালো তখনই। কাব্য তো তাকাল না পর্যন্ত মেয়েটার মুখের দিকে। কিন্তু রাহুল, সে তো হাঁ করে দাঁড়িয়ে আছে কিছু দূরে। এই ছেলে এতো নিষ্ঠুর কেন? এতো সুন্দর মেয়েটাকে এভাবে মারতে পারল? ইস, মায়া হচ্ছে রাহুলের। স্রোতের কাছে গিয়ে কাব্যকে বলল সে,

"কি করলি ভাই? মেয়েটা তোকে হেল্প চাইল! এই বুঝি হেল্প করার নমুনা?"

"চুপ কর! কোনো অপরিচিত ছেলেকে জড়িয়ে ধরে হেল্প চায় কেউ? মেয়েটা হয়তো কোনো অভদ্র অসভ্য ফ্যামিলির, নয়তো ওর চরিত্রের ঠিক নেই!"

কাব্য চলে যাবে বলে পা বাড়াতেই সামনে দাঁড়িয়ে থাকা ৩-৪টা ছেলেপেলেকে দেখল। সবকয়টার বেশভূষা দেখে জেল থেকে পলাতক আসামি ছাড়া কিছুই মনে হচ্ছিল না ওর। কাব্য বুঝে নিল, মেয়েটা বিপদে পড়েই হেল্প চেয়েছে হয়তো! মাটিতে পড়ে থাকা স্রোতের দিকে তাকাল সে। রোহান ততোসময়ে এগিয়ে গেলো, স্রোতকে নিয়ে যাবে বলে। ওর চোখভর্তি লালসা আর ঠোঁটের কোণে জঘন্য হাসি। রোহান স্রোতের হাত স্পর্শ করবে, তখনই ওর শার্টের কলার ধরে টেনে তুলল কাব্য। নিজের রক্তলাল চোখ দুটো নিয়ে ওর দিকে তাকাতেই গলা শুকিয়ে এল রোহানের। কাব্য গম্ভীর কণ্ঠে বলল ওকে,

"মেয়েটাকে বিরক্ত করছিলি?"

"না..আ তো। মেয়েটা আমার গার্লফ্রেন্ড হয়।"

রাহুলের বিশ্বাস হলো না কথাটা। কাব্যকে উদ্দেশ্য করে বলল,

"এই শালা মিথ্যা বলছে কাব্য। এর মতো মদনের এতো সুন্দর গার্লফ্রেন্ড হলে আমি রাহুল কি দোষ করলাম?"

কাব্য এখনও নিজের রক্তলাল চোখ নিয়ে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহানের ভয় হলো, নিজেকে ছাড়াতে চাইল কাব্যের থেকে।রেগে বলল,
"হ্যাঁ করেছি। কি করবি তুই?"

কাব্য বাঁকা হাসল,নিজের শক্তপোক্ত হাত দিয়ে ঘুষি বসাল রোহানের নাকে। রোহান সাথে সাথে দুই হাত দিয়ে নাক চেপে ধরল নিজের। আরেকদফা আক্রমণের শিকার হলো সে। কাব্য লাথি মারল ওর পেটে, হাত টেনে মুচড়ে দিল তা। গগনকাপানো চিৎকার দিয়ে উঠল রোহান। নাক থেকে গলগল করে রক্ত বের হলো ওর। প্রচণ্ড পেটব্যথায় আর হাতের যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করতে শুরু করল সে।

রোহানের সাথের ছেলেগুলো হাঁ করে দাঁড়িয়ে আছে কিছু দূরে। কাব্য চোখ গরম করে ওদের দিকে তাকাতেই দৌড়ে পালাল ছেলেগুলো। রোহানের এমন আর্তনাদে মায়া হলো না কাব্যের, ভ্রু কুঁচকে এখনও তাকিয়ে রইল ওর দিকে। আবারও গিয়ে আঘাত করবে, তখন রাহুল এসে আটকালো ওকে। কাব্য শান্ত হলো। স্রোতের দিকে তাকাতেই কেমন যেন এক অনুভূতি হলো ওর। মনে হলো, স্রোতকে সে চেনে,বহুদিনের পরিচিত ওর। কিন্ত এ মেয়েকে তো আগে কখনোই দেখেনি কাব্য। কেন এমন অদৃশ্য সুতোর টান অনুভব করছে মেয়েটার প্রতি!
স্রোতকে পড়ে থাকতে দেখে রাহুল কোলে তুলে গাড়িতে উঠাতে চাইছিল। কাব্য স্পর্শ করতে দিল না ওকে, নিজেই স্রোতকে উঠালো গাড়িতে। রাহুল আশেপাশের মানুষের থেকে জানার চেষ্টা করছে স্রোতের পরিচয়। জানতেও পারল সে। উঠে গিয়ে বসল কাব্যের গাড়ির ড্রাইভিং সিটে। কাব্য নিষ্পলক চোখে তাকিয়ে দেখছে স্রোতকে। স্রোতের দিকে কিছুটা ঝুঁকতেই চোখ খুলে তাকাল সে। মনের মধ্যে থাকা ভয়ে ভাবল কাব্য খারাপ কিছু করতে চাইছে ওর সাথে। নিজের গায়ের সবটুকু শক্তি নিয়ে তখন চড় বসাল কাব্যের গালে।

রাহুল স্তব্ধ এ দেখে। কি হতে যাচ্ছে বুঝতে বাকি রইল না আর। কাব্য নিজের গালে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে স্রোতের ভয়ার্ত মুখটার দিকে। স্রোত মনে হয় ভয় পেয়েছে। বুঝতে পেরেছে সে ভুল করেছে। কাব্যকে সরি বলতে নিলেই, ওর বাম গালে ২য় বার থাপ্পড় পড়ল কাব্যের শক্তপোক্ত হাতের। সাথে সাথেই মাথাটা ঝিমঝিম করতে শুরু করল ওর, সেন্স হারালো তখনই।

লোকজনের থেকে পাওয়া ঠিকানায় গিয়ে গাড়িটা থামালো রাহুল। কাব্য গাড়ি থেকে বেরুলো, অনেক ভেবে-চিন্তে স্রোতকে কোলে নিল সে। বাড়ির সদর দরজার সামনে আসতেই নেমপ্লেটে লেখা সুন্দর অক্ষরে “আরণ্যক ম্যানশন” নামটা চোখে ভাসল ওর। চিন্তায় চিন্তায় রাহুলের মোটা মাথাটা মনে হ্যাং করবে এখন! এই অপরিচিত মেয়েটার বাড়িতে কাব্যের নাম লেখা কেন বুঝে আসছে না তার! নাকি এটা কাব্যেরই বাড়ি আর স্রোত তার পরিচিত?
কাব্য পা রাখলো বাড়ির ভিতরে। তখন ওর দিকে চোখ পড়ল সবার।তারপরের ঘটনা তো সবারই জানা!

স্রোতের কথা শুনে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে দোয়েল। এতোক্ষণ সে স্বপ্ন দেখল না বাস্তবের কাহিনি শুনল, কিছুই বুঝতে পারছে না,তালগোল পাকিয়ে যাচ্ছে সব। তবে কাব্যের হাতের চড়ের পাওয়ার এতোটাই? টানা ৩ ঘণ্টা অচেতন হয়ে পড়ে রইল স্রোত! এ ভেবেই মনে মনে হাসছে দোয়েল।
#চলবে.....
আফরোজা আঁখি/২

প্রথম দুই পর্বে দেখিয়েছি স্রোত কাব্যের বিয়ে হয়েছে। এখন কীভাবে হয়েছে এটা ক্লিয়ার করতে হবে না? ৩ নাম্বার পর্বের শেষের দিক থেকেই অতীত শুরু,স্রোত কাব্যের দেখা হওয়া ওর বাড়িতে আসা সবই দেখালাম এবার বিয়ের ঘটনাটা দেখানো হলেই অতীত শেষ হয়ে আবার বর্তমানে আসবে।আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে?

বহু চেষ্টা করেও অতীত শেষ করতে পারলাম না,শব্দ শুধু বেড়েই যাচ্ছে। পরের পর্বে শেষ হবে,বিরক্ত হবেন না আমি যেভাবে সাজিয়েছি সেভাবেই লিখছি।
১.
পড়ুন রোমান্টিক ই-বুক "প্রাণ প্রণয়িনী"
https://link.boitoi.com.bd/4T8X
২.
পড়ুন রোমান্টিক ই-বই "রাগে অনুরাগে সিক্ত কাব্য"
https://link.boitoi.com.bd/GQcM
★
গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন