#কাব্যের_নীলাম্বরী [০৬]
"এই তাহলে কাহিনি?"
দোয়েলের কথার উত্তরে বলল স্রোত, —-"হুম। তবে দোয়েল আপু স্রোতও তোমার ঐ খরগোশ ভাইকে দেখে নিবে!"
"চোখ যেন ঝলসে না যায়। ভাইয়া তো আবার বেশি সুন্দর।"
"হুহ্ আমি দেখতে কম সুন্দর?"
"উঁহু তুই তো সুন্দরী,ভাইয়ার পাশে মানাবে ভালো।"
স্রোত মুখ ভেংচি কেটে বলল দোয়েলকে,
"আমি কখনোই ঐ লোকটার পাশে গিয়ে দাঁড়াবো না। মানানোর তো প্রশ্নই আসেনা!"
দোয়েল হাসল উঠে চলে যেতে যেতে বলল স্রোতকে,
"তোর কপালে দুঃখ আছে রে স্রোত। বুঝে শুনে ভাইয়ার সামনে যাবি। ভাইয়া কিন্তু অনেক রাগী, দ্বিতীয় বার ভাইয়ার রাগের কারণ হলে পড়লে তুই কিন্তু শেষ!"
ঠাট্টার স্বরে কথাগুলো বলে চলে গেল দোয়েল। স্রোত তেমন পাত্তা দিল না দোয়েলের কথায়। মনটা প্রচণ্ড খারাপ ওর। কাল একটা পার্সেল এসেছিল স্রোতের নামে। ভিতরে কী আছে খুলে দেখেনি এখনও। মন ভালো করার জন্য ভাবল পার্সেলটা খুলে দেখবে।
বিছানা থেকে উঠল স্রোত, খাটের নিচে রাখা বাক্সটা টেনে বের করল। আনবক্সিং করতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। স্রোতের পছন্দের উপন্যাসের কতগুলো বই রাখা, সাথে কিছু গিফট। বই হলো স্রোতের সময় কাটানোর সঙ্গী, মন ভালো করার মাধ্যম। ওকে কিছুদিন পর পর এমন গিফট পাঠায় একজনই,সে হলো ধ্রুব ভাই। আজকের পার্সেলও হয়তো ধ্রুব ভাই-ই পাঠিয়েছে, এই ভেবে মনে মনে খুশি হলো স্রোত। বইগুলো সব সাজিয়ে রাখল বইয়ের শেলফে। স্রোতের দরজার সামনে দাঁড়িয়ে ছিল ধ্রুব। ওর হাসিমুখটা দেখে নিজেও হাসল। স্রোত দেখার আগেই চলে গেল সেখান থেকে।
____________________
আজ বাড়িতে লোকজনের আনাগোনা, সবাই এসেছেন কাব্যকে দেখতেই। কিন্তু কাব্য তো বসে আছে নিজের রুমে, বাইরে এসে কারো সঙ্গে কথা বলা তো দূরের কথা, কেউ যেচে কথা বলতে গেলেও বিরক্ত হয় সে। আজ সাবরিনা বেগম আর উনার জা কত রকমের রান্নাবান্না করেছেন। ডাইনিং টেবিলে একে একে এনে রেখেছেন সব খাবার। দোয়েল, ধ্রুব, দীপ্ত সবাইকেই বললেন কাব্য আর ওর বন্ধুকে ডেকে আনতে। কিন্তু তারা কেউই যাবে না। ধ্রুব আর দোয়েল তো ভাইকে ভয় পায়। ছোটবেলায় কাব্যকে দেখলেই ছুটে যেত ওরা দুজনে, কথা বলতে চাইত কাব্যের সঙ্গে, কিন্তু প্রতিবারই ওদের এড়িয়ে চলত কাব্য। চোখ-মুখে ওদের প্রতি রাগ ছাড়া মায়া দেখেনি কখনোই। কাব্যের প্রতি সেই ভয়টা আজও মন থেকে যায়নি ওদের। মাকে পরিষ্কার না করে দিয়েছে, ওরা যাবে না। এ বাড়িতে সবচেয়ে সাহসী সদস্য হলো দীপ্ত আর স্রোত। কাউকে না পেয়ে সাবরিনা বেগম তাকালেন ওদের দিকে, দুজনেই বুঝে নিল উনার চাহনির মানে। মনে কাব্যের প্রতি রাগ থাকলেও ফুপির কথায় স্রোত গেল ওকে ডাকতে।
আস্তে আস্তে পা ফেলে কাব্যের রুম পর্যন্ত এসেছে স্রোত আর দীপ্ত। স্রোত কাব্যের রুমের দরজা পেরিয়ে ভিতরে পা রাখবে, তখনই কানে এলো দীপ্তের কথা,
"সিনিয়র, তুমি যাও। আমি বরং এখানেই থাকি। কাব্য ভাইয়া তোমাকে কিছু বললে আমি দেখে নেব।"
স্রোতের হাসি পেল দীপ্তের কথায়। মনে মনে ভয় পাচ্ছে, সেটা বলবে না কোনোভাবেই। স্রোত দেরি করল না, আস্তে আস্তে কাব্যের রুমে ঢুকল সে। আশেপাশে তাকিয়ে ভালো করে দেখল পুরো রুমটা,কোথাও নেই কাব্য। ওয়াশরুমের দরজাটা আটকানো, স্রোত বুঝে নিল কাব্য গোসল করছে। কিন্তু কাব্যকে না নিয়ে সে যাবে কী করে? এই ভেবেই বসে রইল স্রোত। রুমটা কেমন এলোমেলো হয়ে আছে। কাব্যের প্যান্ট-শার্ট বিছানায়, সোফায়, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। একটা একটা করে সব কাপড় গোছাল স্রোত। কাচের জানালাটার পাশে আঁকিবুঁকি করার বিভিন্ন জিনিস চোখে পড়ল ওর। ক্যানভাসে আঁকা সুন্দর ছবিগুলোর দিকে চোখ আটকাল স্রোতের। কী সুন্দর, নিখুঁত হাতের কাজ! এগুলো কি কাব্য ভাই এঁকেছেন? উনার অনেক গুণ জানে স্রোত, তাই খুব একটা অবাক হলো না সে। সোফায় ফেলে রাখা গিটারটাতে হাত দিতে নিচ্ছিলো স্রোত, তখনই কেউ একজন চিৎকার দিয়ে বলে উঠল,
"এই মেয়ে, ছুঁবে না ওটা।"
হঠাৎ ধমকে কেঁপে উঠল স্রোত। মুখ ভেংচি কেটে বিড়বিড় করে বলছে,
"বাবাগো বাবা, লোকটার ভাব দেখো, মনে হচ্ছে উনার বউয়ের গায়ে কোনো পরপুরুষ হাত দিয়েছে।"
কাব্য এগিয়ে এলো স্রোতের কাছে। গম্ভীর কণ্ঠে বলল ওকে,
"আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে তোমাকে?"
কথার উত্তর দেবে বলে স্রোত ঘুরে তাকাল, মুখটা অটোমেটিক্যালি হাঁ হয়ে গেলো স্রোতের। চোখ দুটো বড় বড় করে শুকনো ঢোক গিলল সে। তাকিয়ে রইল কাব্যের দিকে। সদ্য গোসল সেরে আসায় পরনে কাব্যের একটা তোয়ালে ব্যতীত কিছুই নেই। ওর লোমযুক্ত উদোম চওড়া বক্ষদেশ স্পষ্ট দেখা যাচ্ছে। ভেজা চুলগুলো থেকে পানি গড়িয়ে পড়ছে। কাব্যের মুখটার দিকে তাকাতেই কী যেন হলো স্রোতের। ফর্সা সুন্দর মুখশ্রী আর খোঁচা খোঁচা দাড়িতে অপূর্ব লাগছে কাব্যকে। ঠিক যেন স্রোতের কল্পনার রাজপুত্র, ওর পছন্দের উপন্যাসে পড়া সুদর্শন নায়ক।
স্রোতের হাসিমাখা মুখটা অন্ধকারে ঢেকে গেল কাব্যের চোখে চোখ পড়তেই। লোকটা লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে, চেহারায় রাগের আভাস। স্রোত ভয় পেল, চোখের সামনে ভেসে উঠল তখনকার ঘটনাটা। মনে হলো কাব্য ভাই হাত উঁচিয়ে থাপ্পড় মারল ওকে। ভয়ে আর আতঙ্কে দুই গালে হাত চেপে ধরল স্রোত, আমতা আমতা করে বলল কাব্যকে,
"ইয়ে মানে... আপনাকে সবাই নিচে ডাকছে।"
কথাটা বলে এক মিনিটও দাঁড়াল না স্রোত, দ্রুত বেরিয়ে গেল কাব্যের রুমের সীমানা অতিক্রম করে। দীপ্ত তো অনেক আগেই পালিয়েছে ভয়ে।
____________________
কাব্য ভেবেছিল আজই চলে যাবে এখান থেকে। এ বাড়িতে থাকবে না সে। রাহুলের জন্য যেতে পারল না, রাহুল ভেবেই এসেছে এ বাড়িতে বেশ কিছুদিন থাকবে, কাব্যদের রাজপ্রাসাদের মতো সুন্দর দেখতে পুরো বাড়িটা ঘুরে দেখবে সে! এই অল্প সময়েই মাহতাব সাহেবের সঙ্গে আর বাড়ির ছোট্ট সদস্যদের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে রাহুলের। ঝগড়া-ঝামেলা যা হওয়ার সব হয়েছে দোয়েলের সঙ্গে। এ বাড়িতে এসে রাহুল বুঝল, বাড়ির সবাই ভালো হলেও দোয়েল অনেকটা কাব্যের মতো রগচটা, প্রয়োজন ছাড়া তো কথাই বলে না, আবার কেউ কথা বলতে গেলেও সে রেগে যায়। তবে মেয়েটার সঙ্গে ঝগড়া হলেও, ওকে অনেক পছন্দ হয়ে গেছে রাহুলের। মনে মনে দোয়েলকে বিয়ে করে অর্ধেক সংসারও করে ফেলেছে সে!
কাব্য খেতে আসতে চাইছিল না, রাহুল ওকে জোরাজুরি করে নিয়ে এসেছে। বেচারার পেটে খিদে লেগেছে অনেক। রেস্টুরেন্টে গিয়ে সময় নষ্ট করতে চায়নি আর। কাব্য ড্রয়িংরুমে আসতেই সকলের চেঁচামেচি, হৈ-হুল্লোড় কমে গেল। মাহতাব সাহেব আর এলেন না, পাঠালেন নিজের ভাইকে। কাব্য ওর চাচ্চুকে অনেক পছন্দ করে, দুজনের মধ্যে সম্পর্কও অনেক ভালো। খাবারের সময় ছেলের মুখোমুখি বসে বিরক্তির কারণ হতে চাইলেন না মাহতাব সাহেব, তাই উনার ছোট ভাই মাহফুজকেই বললেন কাব্যের সঙ্গে গিয়ে কথা বলতে, একসাথে বসে খেতে।
কাব্য ওর চাচ্চুর সঙ্গে কথা বলল, খাবার টেবিলে গিয়ে বসল তিনজনে। সাবরিনা বেগম আর উনার জায়ের হাতে হাতে সাহায্য করছে স্রোত। একে একে খাবারের প্লেট থেকে শুরু করে সব কিছু এনে রেখেছে টেবিলে। কাব্য একবার চোখ বুলাল টেবিলে রাখা খাবারের দিকে সবই ওর পছন্দের খাবার। এক্সামে ফার্স্ট হয়ে যখনই কাব্য বাড়ি ফিরত, দেখত ওর আম্মু নানা রকম খাবার সাজিয়ে বসে আছেন ওর জন্য। এ বাড়িতে কাব্যের আম্মুর অস্তিত্ব নেই, খাবারগুলোর মধ্যে নেই ওর মায়ের হাতের ছোঁয়া। প্লেটের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল কাব্য। শতো চেষ্টা করলেও এ খাবার গলা দিয়ে নামবে না ওর।
স্রোত তখন তরকারির বাটি নিয়ে আসছিল। ছোট্ট কোয়েল দৌড়ে যাচ্ছিল কিচেনের দিকে, ধাক্কা লাগল স্রোতের সঙ্গে। অসাবধানতায় হাতের তরকারির বাটিটা পড়ে গেল টেবিলেই। কাব্য আর স্রোতের দূরত্ব খুব বেশি ছিলোনা। স্রোতের হাত থেকে তরকারির বাটি পড়তেই কাব্যের গায়ে থাকা সাদা শার্টের দাগ লাগল সঙ্গে সঙ্গে। বিরক্ত হলো কাব্য, দাঁত কিড়মিড় করে, চোখ-মুখ কুঁচকে তাকাল স্রোতের দিকে। পুরো রুম জুড়ে নেমে এলো নিস্তব্ধতা। কথা নেই কারোর মুখে। কি হতে যাচ্ছে হয়তো আন্দাজ করে নিয়েছেন সকলেই।
রাহুল একবার স্রোত আর কাব্যের দিকে তাকিয়ে আবার ভাতের লোকমা মুখে তুলল। রাহুলের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, এখন একটা মস্ত বড় ঝামেলা বাধবে এই ঘটনাকে কেন্দ্র করে! ঝামেলা বাধলে বাধুক, ওকে আগে খেয়ে পেট ভরাতে হবে। এই ভেবে স্রোত আর কাব্যের দিক থেকে চোখ সরিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল রাহুল।
স্রোত আস্তে আস্তে বলল কাব্যকে,
"আ... আমি ইচ্ছে করে করিনি এটা। ক্ষমা করে দিন।"
কাব্য চোখ-মুখ শক্ত করে চিৎকার দিয়ে বলল,
"স্টুপিড! এক্ষুনি আমার সামনে থেকে যা।"
স্রোত পিছিয়ে গেল কয়েক পা। কেমন অপমানিত বোধ হচ্ছে ওর। খারাপ লাগছে কাব্যের আচরণে, এভাবে কখনোই কেউ বকাঝকা করেনি তাকে। খারাপ তো লাগবেই। কাব্য তো এমনিতেই রেগে আছে, ওর রাগে ঘি ঢালার মতো কাজ করলেন সাবরিনা বেগম। উনি এসে দাঁড়ালেন স্রোতের পাশে। কাব্য উনার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বুঝল সাবরিনা বেগমের পরনের শাড়িটা কাব্যের আম্মুর। মাথায় রাগ চড়ে গেল মুহূর্তেই।প্রচন্ড রাগে নিজেকে পাগল পাগল লাগল ওর। মন চাইল রুমে থাকা সব জিনিসপত্র ভেঙে চুড়ে শেষ করে দিতে। মনের কথা না শুনলে মাথা ঠান্ডা হবে না কাব্যের।কিন্তু প্রথম দিনই ঝামেলা পাকাতে চাইছে না সে। কাব্য উঠে দাঁড়াল, চলে যাবে বলে। তখন সাবরিনা বেগম বললেন,
"চলে যাচ্ছো কেন বাবা? সব আয়োজন তো তোমার জন্যই। প্লেটের ভাত রেখে উঠতে নেই।"
সাথে সাথে উত্তর এল কাব্যের থেকে,
"ঠিক আছে, ফেলে দিচ্ছি তবে।"
কথাটা বলেই কাব্য টেবিলে থাকা কাচের প্লেট, তরকারির বাটি এক এক করে সব ছুড়ে ফেলল মেঝেতে। ঝনঝন শব্দ তুলে প্লেটগুলো ভেঙে গেল মুহূর্তেই। পানির গ্লাসটা দেয়ালে ছুড়ে মারতেই টিভির স্ক্রিন ফেটে গেল সঙ্গে সঙ্গে। সাবরিনা বেগমের মুখে কথা নেই। মনে হচ্ছে কাব্যের উনাকে সহ্যই হচ্ছেনা। নইলে কি উনার উত্তরে এমন কাজ করে কাব্য?
স্রোত দাঁড়িয়ে আছে কাব্যের থেকে কিছু দূরে। চোখ দুটো ছলছল করছে ওর। কতবার হাঁটতে গিয়ে হোচট খেয়ে ধ্রুবর ওপরে পড়ে গেছে সে। কতবার খাবার টেবিলে তরকারি ফেলেছে ওর শার্টের ওপর। ধ্রুবর রুমে গিয়ে পছন্দের বইগুলো নিয়ে এসেছে ওর। কখনোই তো এমন করেনি ধ্রুব ভাই। আর কাব্য ভাই? ছোট্ট একটা বিষয় নিয়ে এমন করছে! ওর মনে কি দয়া মায়া নেই? মানুষ এতো কঠোর হয়? কথাগুলোই বার বার মাথায় আসছে স্রোতের। ধ্রুব আর দোয়েল দাঁড়িয়ে আছে এক পাশে। ধ্রুব চোখ-মুখ শক্ত করে রেখেছে। পারছে না কিছু বলতে যতোই হোক, কাব্য তো ওর ভাই! দোয়েলের চোখ-মুখে ভয়ের ছাপ। কাব্য রাগী, জানে সে। কিন্তু এতটা উগ্র? যাদের সামনে ধ্রুব-দোয়েল কখনোই কথা বলে না, তাদের সামনে এমন আচরণ করছে ওর ভাই? দোয়েল রাহুলের ঠিক পেছনে এসে দাঁড়াল, মিনমিনে কণ্ঠে ডেকে বলল,
"শুনুন।"
সঙ্গে সঙ্গেই উত্তর এলো রাহুলের থেকে,
"বলুন।"
"ভাইয়াকে সামলান, প্লিজ।"
রাহুল চোখের ইশারায় দোয়েলকে আশ্বস্ত করল,সে দেখে নিচ্ছে সবটা। দোয়েলও নিশ্চিত হলো। কিন্তু রাহুল কী করল! খাবারের প্লেট হাতে নিয়ে কাব্যের সামনে গিয়ে বলল,
"তোর ঝগড়া মারামারি শেষ হলে ডাকিস। আমি খেয়ে নিই।"
কথাটা বলেই রাহুল চলে গেল কাব্যের রুমে। দীপ্ত, ধ্রুব আর দোয়েল হাঁ করে তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে।
® আফরোজা আঁখি।
১.
পড়ুন রোমান্টিক ই-বুক "প্রাণ প্রণয়িনী"
https://link.boitoi.com.bd/4T8X
২.
পড়ুন রোমান্টিক ই-বই "রাগে অনুরাগে সিক্ত কাব্য"
https://link.boitoi.com.bd/GQcM
গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147
কভার পিক একেঁছে এই মিষ্টি মেয়ে — সুমাইয়া আল রাজি। অসম্ভব সুন্দর হয়েছে এটা।🥹🫶