#কাব্যের_নীলাম্বরী [০৭]
পুরো আরণ্যক ম্যানশনের পরিবেশ পালটে গেছে, নিস্তব্ধতা বিরাজ করছে পুরো রুম জুড়ে, কথা নেই কারো মুখেই। মাহতাব সাহেব নিচে নেমেছিলেন তখন। ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। স্রোতের উপর রাগ দেখিয়েই কি সে এত কিছু করল, না কি অন্য কারণ বুঝে আসছে না উনার। কাব্য চলে যেতে চাইল বাড়ি থেকে, মাহতাব সাহেব ছেলের পথ আটকে বললেন,
"যেও না কাব্য। স্রোত ভুল করেছে, ও ক্ষমা চাইবে তোমার কাছে।"
কাব্য তাচ্ছিল্যের স্বরে হেসে বলল ওর বাবাকে,
"আপনারা ও তো ভুল করেছিলেন,আমার আম্মুকে ধোঁকা দিয়েছিলেন। ক্ষমা চেয়েছিলেন উনার কাছে? ছোট্ট কাব্যকে দিনের পর দিন কষ্ট দিয়ে ক্ষমা চেয়েছিলেন তার কাছে?"
মাহতাব সাহেবের মুখে উত্তর নেই। কি-বা বলবেন তিনি। সাবরিনা বেগম দাঁড়িয়ে আছেন একপাশে উনিও আজ চুপ। নিজের পরনে থাকা শাড়িটার দিকে সাবরিনা বেগমের চোখ যেতেই চোখমুখ শুকিয়ে আসল উনার। বুঝতে পারলেন কাব্যের রাগের কারণ। আজ উনার বাসার গৃহকর্মী মেয়েটা ভুলবশত সব শাড়ি ধুয়ে দিয়েছে। বলেছিলেন উনিই, তবে মেয়েটার বুঝতে ভুল হয়েছে। না পেরে কাবার্ড থেকে কাব্যের আম্মুর শাড়িটা বের করে পরলেন। এত কিছু হয়ে যাবে ভাবনাতেও আসেনি উনার! কাব্য চলে যাবে বলে পা বাড়িয়েছে, সাবরিনা বেগম সামনে আসলেন, কাব্যের হাত দুটো জোর করে বললেন,
"আমি বুঝতে পেরেছি তোমার রাগের কারণ। আমাকে ক্ষমা করো বাবা, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আমি তোমাকে এখনো স্নেহ করি কাব্য, সেই ছোটবেলার মতো। খালামুনিকে ভুল বুঝো না তুমি।"
কাব্যের হাসি পেল সাবরিনা বেগমের কথায়, আবার প্রচণ্ড রাগও হলো। কাব্য সংযত করল নিজেকে, চোখমুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলল,
"কাব্য কাউকে ক্ষমা করে না। আমার মধ্যে মায়া, দয়া আর ভালোবাসা খুব কম। আপনারা যত্ন করে মেরে ফেলেছেন পুরোনো কাব্যকে।লোক দেখানো ভালোবাসা দেখাচ্ছেন এখন? লজ্জা নেই আপনাদের?"
মাহতাব সাহেবের চোখ দুটো ছলছল করছে। নিজের ভুলেই তিনি ছেলেকে এতটা দূরে সরিয়েছেন,বাড়ি আর উনার থেকে। পুরোনো কাব্য সত্যিই ম'রে গেছে। উনি নিজ হাতে মে'রে ফেলেছেন তাকে। সে ভালোবাসতো তার বাবাকে, বাড়ির সবাইকে। স্কুল থেকে ফিরেই মায়ের আগে বাবাকে খুঁজতো কাব্য। উনাকে না পেলে ফোনে কল দিত বার বার। মাহতাব সাহেবের যে আজ মনে পড়ছে পুরোনো দিনগুলোর কথা। কোথায় গেল বাবার প্রতি কাব্যের সেই ভালোবাসা? তিনি কি নিজ হাতেই শেষ করে দিলেন সবটা? আজ যে বড়ই অনুশোচনা হচ্ছে উনার। রাগ লাগছে নিজের উপরেই। বাড়ির প্রত্যেকেই তখন কাব্যকে আটকাতে ব্যস্ত। স্রোত দুঃখে, কষ্টে দৌড়ে চলে গেছে নিজের রুমে। ব্যাপারটা ধ্রুব খেয়াল করলে সেও গেল স্রোতের পিছু পিছু।
______________________
রুমে এসে চুপচাপ বসে রইল স্রোত। কান্না পাচ্ছে ওর, এত দিনে এ বাড়ির কেউ-ই ওর সাথে এমন ব্যবহার করেনি। কাব্য যে ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে এত ঝামেলা করবে ধারণাতেও ছিল না স্রোতের। এমনটা মনে হলে সে কাব্যের সামনে যেত না দ্বিতীয় বার। স্রোতের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, মাটিতে পড়ার আগেই কেউ হাত দিয়ে আটকে নিল স্রোতের নীল চোখ থেকে বেয়ে পড়া মুক্তোর দানার মতো পানি। কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকাল স্রোত, দেখতে পেল ধ্রুবকে। চোখের পানি মুছে নিয়ে বলল,
"ধ্রুব ভাই, আপনি এখানে?"
"আমি এখানে আসতে পারি না স্রোত?"
"পারবেন না কেন? বাড়িটা তো আপনাদেরই। চাইলেই যখন তখন আপনার ভাইয়ের মতো আমামে অপমান করতে পারেন।"
স্রোতের কথায় আড়ালে লুকিয়ে থাকা অভিমান বুঝে নিল ধ্রুব। ওকে শান্ত করতেই বলল,
"ছোটবেলা থেকে একা থাকতে থাকতে ভাইয়ার এই অবস্থা হয়েছে। তুই তো সবই জানিস স্রোত! ভুলেও উনার সামনে যাবি না আর।"
"আমি এ বাড়ি থেকেই চলে যাব।"
"কোথায় যাবি? তোর ঐ ভুতুড়ে বাড়িতে? রাতের বেলা ঘুমোলে পেত্নী এসে যখন ঘাড় মটকাবে,ভয়ের ঠেলায় সব রাগ অভিমান বেরিয়ে যাবে তখন।
স্রোত বরাবরই ভুতে ভয় পায়। আর এই ধ্রুব ভাই সারাক্ষণ ওকে ভূত-প্রেত নিয়ে ভয় দেখায়। স্রোত রেগে তাকাল ধ্রুবের দিকে। ধ্রুব হাসল স্রোতের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে। উঠে চলে যেতে যেতে বলল,
"রাগিস না স্রোত, রাগলে তোকে একটু বেশিই সুন্দর দেখায়।পাকা টমেটোর মতো!এতো সুন্দর রূপ দেখে আমি জ্ঞান হারালে ধরবে কে?"
ধ্রুবের শেষের কথাটা কানে আসেনি স্রোতের। রাগলে মানুষকে সুন্দর দেখায়? এসব আজগুবি কথা স্রোতের ধ্রুব ভাইয়ের মুখেই ভালো মানায়। কথাগুলো ভেবেই হাসছে স্রোত।কিছুক্ষণ আগে পাওয়া কষ্টের কথা ভুলে গেছে সে।
______________________
কাব্য বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখনই রাহুল খাওয়াদাওয়া শেষে রুম থেকে বেরিয়ে কাব্যকে খুঁজল অনেক সময়। না পেয়ে দোয়েলকেই জিজ্ঞেস করল,
"শুনো পাখি।"
দোয়েল ফোনের স্ক্রিনে তাকিয়ে ছিল, অল্প পরিচয়ে রাহুলের এমন কথায় ভ্রু কুঁচকাল সে। ফোন থেকে নজর সরিয়ে তাকাল রাহুলের দিকে। লোকটা হাসছে, এমন মনে হচ্ছে তার ডাকে দোয়েল সাড়া দেওয়ায় সে রাজ্য জয় করে ফেলেছে! দোয়েল মেজাজ দেখিয়ে বলল রাহুলকে,
"খাওয়া শেষ হয়েছে? মানুষ যে এতো পেটুক হয় আপনাকে না দেখলে বিশ্বাস হতো না আমার।"
"খাইয়ে আবার কোটা দিচ্ছ! আল্লাহ কিন্তু পাপ দিবেন।"
দোয়েল মুখ ভেংচি কেটে জিজ্ঞেস করল রাহুলকে,
"কি চাই?"
"এতো মিষ্টি করে ডাকলাম,এমন তিত করলার মতো উত্তর দিলে যে?"
"মিষ্টি আমি পছন্দ করি না। মিষ্টি কথায় দোয়েলের অ্যালার্জি আছে।এতো মিষ্টি কথা পরের বার আর বলবেন না। কি বলতে ডেকেছেন বলুন?"
"বলছি যে, কাব্য কোথায়?"
"জানি না।"
রাহুল এবার সিরিয়ার হলো,ঠাট্টা না করে চোখ মুখ শক্ত করে বলল দোয়েলকে,
"তুমি আমার থেকে অনেকটাই ছোট হবে দোয়েল।সেজন্য তুমি করেই বলছি। কাব্য কেমন, আমার থেকে ভালো তোমরা হয়তো জানো। ওর সাথে বাকিদের কেমন সম্পর্ক জানি না, তবে যতোটুকু বুঝলাম, তোমরা ভাইবোনরা ওকে অনেক ভালোবাসো। মাঝেমধ্যে ওর সাথে কথা বলো। সম্পর্কটা ভালো হবে।"
দোয়েল ওপর-নিচ মাথা নাড়িয়ে সায় জানালো রাহুলের কথায়।সেও তো ভালোবাসে ভাইকে, কথা বলতে গিয়েও ফিরে আসে বার বার। মনের মধ্যে ভয় কাজ করে ছোট বেলার মতোই কাব্য যদি এড়িয়ে যায় ওকে! বাড়ির সবাই এক এক করে নিচে এসেছেন তখন। রাহুল সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কাব্যকে খুঁজতে ধ্রুব আর মাহফুজ সাহেবও গেলেন রাহুলের সাথে। এখন রাহুলই একমাত্র ভরসা উনাদের।
___________________
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত প্রায় ১টা। কাব্যকে কত কী বলে বুঝিয়ে বাড়ি নিয়ে এসেছেন মাহফুজ সাহেব। রাহুলের সাথে আবার অকারণে ঝগড়া হয়েছে কাব্যের, সবার উপরের সব রাগ ঝেড়েছে ওর উপরে। রাহুল বেচারা ভয়ে আর কাব্যের পিছু পিছু আসেনি।
কাব্য বসে আছে ওর রুমে জানালার কাছের টেবিলটাতে। জানালা দিয়ে বাইরে থেকে বাতাস এসে ঢুকছে রুমে। কাব্যের এলোমেলো চুলগুলো এসে পড়েছে কপালে। গায়ে থাকা সাদা শার্টের বিভিন্ন জায়গায় রঙ লেগে আছে। কাব্য কারো ছবি আঁকছে মন দিয়ে, কাব্যের প্রতিদিনের রুটিনে ছবি আঁকাও আছে। এই ছবি আঁকা, গান গাওয়াতে শান্তি খুঁজে পায় সে। পুরো টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ক্যানভাসে আঁকা বিভিন্ন ছবি আর রঙ-তুলি। এই দুই মাসে কাব্য ২০০ টার বেশি ছবি এঁকেছে, সবগুলো ছবিতেই দুটো নীল চোখ ব্যতীত আর কিছুই দেখা যায় না। কাব্য এমনিতে কঠোর, প্রেম-ভালোবাসার প্রতি তার আকাশছোঁয়া ঘৃণা। কিন্তু, হঠাৎ করেই কাব্যের জীবনে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। এক নীল চোখের মেয়ে উঁকিঝুঁকি মারে তার নির্লিপ্ত অনুভবের দেয়ালে। কাব্য তাকে মনে মনে নাম দিয়েছে নীলাম্বরী। সে নিজেও জানে না এই নীল চোখের মেয়েটা কে। কেন বারবার স্বপ্নে এসে জ্বালাতন করে ওকে! কাব্য যখনই আপসেট থাকে কোনো বিষয় নিয়ে, মন খারাপ হয় ওর, তখনই রঙ-তুলি হাতে নিয়ে বসে পড়ে নীলাম্বরীর ছবি আঁকতে। তবে এতদিন ধরে এই নীলাভ চোখ দুটো ছাড়া আর কিছুই আঁকতে পারেনি সে। কাব্য জানে না ওর নীলাম্বরী দেখতে কেমন, শুধু জানে নীলাম্বরীর সাগরের ন্যায় অতলস্পর্শ গভীর চোখের দিকে তাকিয়ে থাকলে কাব্যের কঠোর হৃদয়েও নেমে আসে নীরবতা। শান্ত হয়ে যায় ওর পুরো পৃথিবী। অজানা এক টান অনুভব করে সে। কাব্য তো ভালোবাসে না কাউকে, তাহলে নীলাম্বরীর প্রতি এমন অদ্ভুত টান কেন ওর? না ছুঁয়ে, না দেখেও প্রতিটা মুহূর্তে অনুভব করে ওকে! কাব্য কবে পাবে ওর নীলাম্বরীর দেখা?
কথাগুলো ভেবে আনমনেই হাসল কাব্য।চোখ গেল ওর পছন্দের গিটারটার দিকে। উঠে গিয়ে হাতে নিল গিটারটা, টুংটাং শব্দ তুলে গান গাইল সে,
স্বপ্নের বালুকায়
কেউ কি পা লুকায়
যদি না আসে ভেজা দিন
ইচ্ছের হিমালয়
হয় না কভু ক্ষয়
হৃদয়ে থাকে অমলিন....
কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে
এই আমায় টেনে নিচ্ছে
তোমার কাছে বারবার.....
কেউ না জানুক আমিতো জানি
আমি তোমার...
কেউ না জানুক তুমিতো জানো
তুমি আমার........
কাব্যের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে স্রোত, মনোযোগ দিয়ে সে দেখছে কাব্যকে। এই রাগী লোকটার এত গুণ? কখনো রংতুলি হাতে সুন্দর ছবি আঁকা, কখনো আবার গিটার হাতে গান গাওয়া, দেখতে কত সুন্দর সে,কোনো কিছুতেই যেন কমতি নেই। কাব্যের এই গানের গলা মুগ্ধ করবে যে কাউকেই। যতটা মুগ্ধ হলো স্রোত নিজে।
স্রোতের ভীষণ মন খারাপ ছিল, ঘুম না আসায় ছাদে যাচ্ছিল সে। ছাদে যাওয়ার পথেই কাব্যের রুম। না চাইতেও মন্ত্রমুগ্ধের ন্যায় স্রোত কেমন আটকা পড়ে গেল কাব্যের গান শুনে। কাব্য হয়তো টের পেল ওর রুমের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। দ্রুত গতিতে মাথা তুলে তাকাল সে, ঠিক স্রোতের চোখ বরাবর। সাথে সাথেই চোখ দুটো নামিয়ে নিল স্রোত। পা দুটো আর নাড়াতে পারল না সে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই বোঝার চেষ্টা করল কাব্যের মতিগতি। ছোট ছোট পা ফেলে চলে যেতে চাইল।
স্রোতের পায়ের নুপুরের রিনিঝিনি শব্দ এল কাব্যের কানে। কেমন অদ্ভুত ভালো লাগা কাজ করল কাব্যের মনে। না চাইতেও ডাকল স্রোতকে,
"এই মেয়ে, এদিকে আসো।"
কাব্যের ডাককে উপেক্ষা করতে পারল না স্রোত। কিন্তু ওর যে ভয় করছে কাব্যের কাছে যেতে, যদি তখনকার মতো আবার কোনো ভুল করে বসে আর কাব্য ভাংচুর শুরু করে আগের মতো।রেগে বকাঝকা দিলে সে তো আবার কান্না করে ভাসাবে। স্রোত চলে যাবে বলে পা বাড়াতে চাইল, ধমকের স্বরে আবারও ডেকে উঠল কাব্য,
"আসতে বলেছি তোমাকে!"
স্রোত ঘুরে তাকাল, আস্তে আস্তে হেঁটে এল কাব্যের কাছে। সামনে এসে দাঁড়াতেই কাব্য ভালো করে দেখল ওকে। মনে হলো, ওর স্বপ্নে দেখা সেই নীল চোখের নীলাম্বরীকেই দেখছে। পরক্ষণেই আবার বকাঝকা দিল নিজেকে না না, এ মেয়ে কাব্যের নীলাম্বরী হতে পারে না। কাব্যের চাহনিতে অস্বস্তি হলো স্রোতের, আমতা আমতা করে বলল,
"কেন ডাকলেন কাব্য ভাই?"
স্রোতের মুখে ভাইয়া ডাক ভালো লাগল না কাব্যের, ধমকের স্বরে বলল,
"আমি তোমার কোন জন্মের ভাইয়া হই? ভুলেও আমাকে ভাইয়া-টাইয়া ডাকবে না। আমার কোনো বোন নেই। দূর হও সামনে থেকে!"
স্রোতের মনে মনে রাগ হলো। এই লোকটা এমন কেন! নিজে ডেকে নিজেই আবার তাড়িয়ে দিচ্ছে! না না, স্রোত দাঁড়াবে না এই খরগোশটার সামনে, এক্ষুণি চলে যাবে সে! যেই ভাবা, সেই কাজ। স্রোত পা বাড়াল যাবে বলে, আবারও ডেকে উঠল কাব্য। স্রোত তাকাতেই গা থেকে খুলে রাখা সেই সাদা শার্টটা ছুড়ে মারল ওর মুখের উপর, বলল গম্ভীর কণ্ঠে,
"কালকের মধ্যেই শার্টটা পরিষ্কার করে আবার ফিরিয়ে দেবে।"
"আমি পরিষ্কার করব? আমি কি আপনার চাকর?"
"ধরে নাও তাই।"
স্রোত ভ্রু কুঁচকাল, রাগে চোখমুখ লাল হয়ে এলো ওর। মনে মনে কত বকাঝকা দিল কাব্যকে, কিন্তু কিছুই বলতে পারল না মুখ ফুটে। কাব্য দ্বিতীয় বার ধমক দেওয়ার আগেই দ্রুত বেরিয়ে গেল ওর রুম থেকে।
® আফরোজা আঁখি।
পোস্ট পড়বেন।
https://www.facebook.com/share/p/19hsBaAB5C/
★
১.
পড়ুন রোমান্টিক ই-বুক "প্রাণ প্রণয়িনী"
https://link.boitoi.com.bd/4T8X
২.
পড়ুন রোমান্টিক ই-বই "রাগে অনুরাগে সিক্ত কাব্য"
https://link.boitoi.com.bd/GQcM
★
গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147