#কাব্যের_নীলাম্বরী [০৯]
স্রোতকে বিছানায় এনে বসিয়েছে দোয়েল, ওর লাল লাল গাল দুটোর দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ। দোয়েলের কষ্ট লাগছে স্রোতের কান্না দেখে। আবার হাসি পাচ্ছে, বারবার কাব্যের রাগের মুখে স্রোতই পড়ছে দেখে। কিছুসময় বসে থেকে গলা খাঁকারি দিয়ে বলল দোয়েল,
"বাহ! থাপ্পড় থেরাপি তো ভালোই চলছে। তোর ১৮ বছরের বাদরামোর শাস্তি এই এক সাপ্তাহেই পেয়ে গেছিস। তাই না?"
দোয়েলের দিকে তাকাল স্রোত রেগে বলল ওকে,
"তুমি হাসছ? আনন্দ হচ্ছে আমাকে দেখে? আমি আর এ বাড়িতে থাকব না। এ বাড়ির কেউ-ই আমার আপন না। ঐ খরগোশটা তো একেবারেই না, উনাকে দেখলেই আমার মারতে ইচ্ছে করে।"
"মারতে পারবি?"
স্রোত কথা বলল না, দাঁত কিড়মিড় করে তাকাল দোয়েলের দিকে। দোয়েল ফ্রিজ থেকে আইস আনতে যাচ্ছিল স্রোতের গালে লাগাবে বলে। স্রোতের মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে করছে কাব্যের রুমে গিয়ে ইচ্ছে মতো ভাঙচুর করতে, ওর সব জিনিসপত্র... মনের আশা মনেই রইলো স্রোতের, আপাতত ঘুম প্রয়োজন। মাথাটা ভনভন করে ঘুরছে, চারিদিকটা কেমন অন্ধকার ঠেকছে। বেশি কিছু না ভেবে স্রোত দপ করে শুয়ে পড়ল বিছানায়।
_____________________
দোয়েলের হাতে থাকা ফোনটাতে বারবার রিংটোন বেজে যাচ্ছে। কথা বলার মুড নেই, তাই ফোন তুলছে না সে। স্রোতের পাশেই ছিল এতক্ষণ, ঘুমিয়ে পড়েছে দেখে মাত্রই বেরুলো। স্রোত একা থাক কিছুসময়! ছাদের কিনারায় এসে দাঁড়িয়েছে দোয়েল, আকাশপানে তাকিয়ে কী যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল সে। হাসিখুশি দোয়েলেরও বিচ্ছিরি একটা অতীত আছে। যে অতীতের কথা মনে পড়লেই মন খারাপ হয় ওর। শ্বাস বন্ধ হওয়ার মতো বিরক্তিকর অবস্থাতে পড়ে সে। প্রতিটা মানুষের জীবনেই লুকানো কত শত গল্প থাকে। দোয়েলের জীবনেও আছে! দোয়েলের ভাবনায় ছেদ পড়ল, আবারও রিংটোন বেজে উঠল হাতে থাকা ফোনটাতে। অপরিচিত নাম্বার দেখে কলটা রিসিভ করল না সে, কেটে দিয়ে ফোনটাই অফ করে দিল।
_______________________
কাব্য রুমে এসে দপ করে পড়েছে বিছানায়। ওর কেমন অশান্ত লাগছে, হাতটা কাঁপছে, বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা করছে। কেন মারল স্রোতকে? কেনই বা এমন অনুশোচনা হচ্ছে? কাব্যের মাথায় ঘুরতে থাকা এত প্রশ্নের উত্তর জানা নেই তার। তবে তখন স্রোতের মুখে রেজওয়ানের নামটা শুনে ইচ্ছে করছিল স্রোতের কথা বলা সারাজীবনের জন্য থামিয়ে দিতে। স্রোতকে কাব্য ঘৃণা করে, আবার ওকে দেখলেই যেন চোখে শান্তি খুঁজে পায়। কেন এমন হয়? যে মেয়েটাকে এত অপছন্দ করে, তার প্রতি এমন অদ্ভুত টান কেন কাব্যের? কাব্য যখনই দুশ্চিন্তায় থাকে, মনের মধ্যে দোটানা কাজ করে, তখনই সে চোখ বন্ধ করে ভাবতে থাকে নীলাম্বরীর কথা। আজও তেমনটাই করল কাব্য, কিন্তু এ কী হলো! চোখের পাতা বন্ধ করতেই নীলাম্বরীর জায়গায় স্রোতকে সে কেন দেখল? আজ কাব্যের মনটা অস্থির হয়ে উঠছে না নীলাম্বরীর চেহারা দেখার জন্য। মনের মধ্যে আলাদাই শান্তি লাগছে তার। কাব্য উঠে গেল কী যেন মনে করে। ক্যানভাস বোর্ডে আঁকার চেষ্টা করল নীলাম্বরীর ছবি। ঘুরেফিরে সেই স্রোতের ছবিটাই এঁকে ফেলল মনের অজান্তে। কাব্য নিষ্পলক চোখে তাকিয়ে রইলো ওর হাতে আঁকা ছবিটার দিকে। কী সুন্দর লাগছে মেয়েটাকে। টানা টানা হরিণীর মতো চোখ, গোলাপসম পাতলা ঠোঁট, ঘন কালো কেশগুচ্ছ, সব মিলিয়ে অপূর্ব লাগছে তাকে। কাব্যের কল্পনায় থাকা নীল চোখের নীলাম্বরী তো ঠিক এতোটাই সুন্দর! আজ প্রথমবার কাব্য কোনো বাধা ছাড়াই একে নিল নীলাম্বরীর ছবি। অন্যদিন তো নীল চোখ ছাড়া আর কিছুই ফুটিয়ে তুলতে পারতো না তার আঁকা ছবিতে। তবে আজ কী হলো? স্রোতই কি তবে কাব্যের নীলাম্বরী? কাব্য কি তখন ভুল দেখেনি? এক ঝলক দেখে মনে হয়েছিল স্রোতের চোখগুলো মিলে যায় ওর কল্পনার নীলাম্বরীর সাথে। কেন বারবার এ বাড়িতে চলে আসে কাব্য? কেন এমন অদ্ভুত টান অনুভব করে স্রোতের প্রতি? কাব্য মরিয়া হয়ে উঠল স্রোতের কাছে যাওয়ার জন্য। ওর চোখে চোখ রেখে দেখতে চায় কাব্য, স্রোতই ওর নীলাম্বরী কিনা!
_______________________
স্রোত শুয়ে আছে বিছানায়, জামাকাপড়ের ঠিক নেই ওর। পাশে থাকা কোলবালিশটা জাপ্টে ধরে ঘুমিয়ে আছে। কাব্য আস্তে আস্তে হেঁটে গিয়ে বসল স্রোতের মাথার কাছে। সবকিছু রেখে স্রোতের লালচে গালগুলোতে আটকাল ওর চোখ। স্রোতের ফর্সা গালে কাব্যের শক্তপোক্ত হাতের পাঁচ আঙুলের দাগ বসে গেছে। কাব্য হাত বুলালো স্রোতের গালে। দ্রুত উঠে গিয়ে ফ্রিজ থেকে আইস কিউব এনে লাগিয়ে দিল ওর গালে। নড়ে চড়ে উঠলো স্রোত, কোলবালিশটা ছেড়ে দিয়ে জাপ্টে ধরল কাব্যকেই। চোখ দুটো বন্ধ করেই কান্না করার ভান করল সে। কাব্য চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল স্রোতকে,
"কি হয়েছে স্রোত?"
"ঐ খরগোশটা মেরেছে।"
কাব্য বুঝে নিল, স্রোত কথাটা ওকেই বলেছে। কিন্তু আজ আর রাগ হলো না কাব্যের। ওর কী হয়েছে কে জানে, যে মনে কারো জন্য বিন্দুমাত্র মায়া নেই, সেই মনটাই আর নিরবে কাঁদছে কারো জন্য। অনুশোচনায় ম'রছে সে, কাব্য কি বেশি করে ফেলল স্রোতের সাথে? এতটা কঠোর হওয়া ঠিক হয়েছে ওর? কাউকে না পেয়ে নিজের সবটুকু রাগ কেন স্রোতের উপরেই উগরে দিচ্ছে বার বার! কাব্য কতো কি ভেবে বোঝালো নিজেকে, স্রোতের মুখটার দিকে তাকিয়ে বলল,
"খরগোশ বললি কেন?থাপ্পড় খাবি?"
স্রোত অবুঝের মতো দুইদিকে মাথা নাড়াল। পরে অবশ্য কাব্য অনেক কিছু জিজ্ঞেস করেছে ওকে, কিন্তু স্রোত কি শুনল কাব্যের কথা? হয়তো না। সে তো গভীর ঘুমে আচ্ছন্ন, কীভাবেই বা শুনবে কাব্যের কথা! কাব্য অনেক সময় অপেক্ষা করল স্রোতের ঘুম ভাঙার জন্য। কিন্তু একবার চোখ খুলে তাকাল না সে। কাব্যের যে অস্থির লাগছে, বারবার স্রোতের চোখের মণি দেখার ইচ্ছে জাগছে মনে। না পেরেই কাব্য ডাকল স্রোতকে,
"স্রোত, এই মেয়ে, চোখ খুলো। তাকাও আমার দিকে।"
ঘুম জড়ানো কণ্ঠে বলল স্রোত,
"উম।"
"চোখ খুলো,একবার আমার দিকে তাকাও।"
ঘুমের ঘোরেই স্রোত জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য উতলা হলো স্রোতের চোখগুলো দেখার জন্য। বারবার চাইল স্রোত যেন একবার চোখ খুলে তাকায় ওর দিকে। সত্যি হলো কাব্যের ভাবনা, স্রোত চোখ খুলে তাকাল ওর দিকে। চোখাচোখি হলো দুজনের। কাব্যের কী যেন হলো, চোখ-মুখে রাগ আর বিরক্তির ছিটেফোঁটাও নেই। কাব্য হাসল স্রোতের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, "নীলাম্বরী!"
স্রোতের কানে গেল না কাব্যের কথা, সে তো ভাবছে অন্য কিছু। মনে ভয় ঝেঁকে বসেছে ওর। রাত প্রায় ১টা বাজতে চলেছে, এই সময় কাব্য ওর রুমে কি করছে? এত কাছে এসেছেই বা কেন? কথাগুলো ভাবনায় আসতেই ধাক্কা দিয়ে কাব্যকে নিজের থেকে দূরে সরালো স্রোত। কাব্য কিছুটা পিছিয়ে গেল, ঠোঁটে ওর হাসি লেগে আছে আগের মতোই। চোখগুলো কেমন শান্ত আজ, রাগ ক্রোধের জায়গায় একরাশ মুগ্ধতা বিরাজ করছে। কিন্তু স্রোতের যে ভয় হলো কাব্যকে এত রাতে নিজের রুমে দেখে। চিৎকার দিতে চাইল স্রোত, কাব্য এক হাত স্রোতের মাথার পিছনে নিয়ে, অন্য হাতটা দিয়ে চেপে ধরল ওর মুখ। ফিসফিস করে বলল,
"কি হলো স্রোত? আমি মারব না তোকে। ভয় পাবিনা একদম।"
স্রোতের বুক ধুকপুক করছে, ওর থেকে দশ হাত দূরে থাকা মানুষটার কানে যাবে এই ধুকপুকানির আওয়াজ। স্রোতের অস্থিরতা দেখে কাব্য ছেড়ে দিল ওকে। ভয়ে ভয়ে বলল স্রোত,
"আপনি কেন এসেছেন এখানে?"
কাব্য ঘাড় কাত করে তাকাল। হাসলো সে,ঠিক কতোদিন পরে হাসল নিজেও জানেনা। কাব্য আবার এগিয়ে এল স্রোতের কাছে ফুউ দিয়ে ওর চোখ মুখে এসে পরা চুল গুলো সরিয়ে দিয়ে বলল মাদকতা মিশ্রিত কন্ঠে,
"ডুবতে এসেছি।"
স্রোত তাকিয়ে আছে কাব্যের হাসিমাখা সুন্দর মুখটার দিকে।এই প্রথম বোধহয় স্রোত কাব্যের হাসি দেখল, তাও এতো কাছ থেকে!অবাক হলো সে। হাসলে মানুষকে এতো সুন্দর লাগে? অন্যদের কেমন লাগে জানেনা স্রোত কিন্তু ওর কাব্য ভাইকে যে অনেক সুন্দর লাগছে। অন্ধকার আকাশে চাঁদের মতো চিকচিক করছে যেন। এই হাসিতে গায়েল হবে যে কেউ। কিন্তু স্রোতের মনে প্রচন্ড রাগ কাব্যের উপরে। নিজেকে সামলে নিয়ে বিষ্মিত কন্ঠে উচ্চারণ করল সে, "কিহ?"
বাক্য মুচকি হাসল বিড়বিড় করে বলল,
"হুম, নীলাম্বরীর নীল চোখের অনন্ত মায়ায় ডুবতে এসেছে কাব্য!"
স্রোত বুঝল না কাব্যের কথার মানে,কি বলল স্পষ্টভাবে শুনতেও পারল না। স্রোতের দরজার সামনে তখন সাবরিনা বেগম দাঁড়িয়ে ছিলেন। দেখতে এসেছিলেন স্রোত ঘুমিয়েছে কিনা। কিন্তু এখানে এসে যা দেখলেন তার জন্য প্রস্তুত ছিলেন না সাবরিনা বেগম।কাব্য আর স্রোতকে এই অবস্থাটা মোটেও আশা করেননি তিনি। কাব্য যথেষ্ট বুঝদার, সে ঠিক ভুল বুঝে। কিন্তু স্রোত যে অবুঝ, মনটা ওর এখনো বাচ্চাদের মতো। তবে কি স্রোতের সুযোগ নিচ্ছে কাব্য? যে মেয়েকে নিয়ে তার এতো সমস্যা, তার রুমেই মাঝরাতে আসতে হলো কেন? সাবরিনা বেগমের পছন্দ হলো না বিষয়টা। বড় বড় পা ফেলে স্রোতের রুমে ঢুকলেন তিনি। কাব্যের ঠিক সামনে গিয়ে দাঁড়ালেন ধমক দিয়ে বললেন,
"কি হচ্ছে এখানে?"
ফুপির কণ্ঠস্বর কানে আসতেই কেঁপে উঠল স্রোত। হাতের বাঁধন আলগা করল কাব্য, স্রোত দ্রুত সরে গেল কাব্যের থেকে কিছুটা দূরে। বিছানা থেকে উঠে গিয়ে একপাশে দাঁড়ালো চুপটি করে। কাব্য বেডের বোর্ডের সাথে হেলান দিয়ে বসল, অপলক চোখে তাকিয়ে রইলো তার নীলাম্বরীর দিকে। যেন কিছুই হয়নি এমন হাবভাব কাব্যের! সাবরিনা বেগমের কপালে ভাঁজ পড়ল, বিরক্তির রেখা ফুটে উঠলো চোখ-মুখে। কাব্যের এহেন আচরণেই যে উনার ভাবভঙ্গি পরিবর্তন হয়েছে, তা যে কেউ দেখলেই বুঝে যাবে। সাবরিনা বেগম রাগান্বিত স্বরে বললেন স্রোতকে,
"তোমাকে এখানে থাকতে হবে না, স্রোত। দোয়েলের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো।"
বাধ্য মেয়ের মতো ফুপির কথা শুনে চলে গেল স্রোত। কাব্য তাকিয়ে রইলো ওর যাওয়ার পানে। কাব্য আজ ভীষণ খুশি, ওর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিই বলে দিচ্ছে তা। কাব্য আজ হেসেছে,অনেক দিন পর হেসেছে। ওর আম্মু চলে যাওয়ার পর কাব্যের মুখের হাসিও হারিয়ে গেছে৷ কাব্য এতো কঠোর ছিলো না আগে,ওর আম্মুর চলে যাওয়া আর পরিস্থিতি বাধ্য করেছে এতো কঠোর হতে। আজ কাব্যের হাসির কারণ, নীলাম্বরীর দেখা পাওয়া! কাব্যের জীবনে তার কল্পনার পরী এসেছে। কাব্যের সাদাকালো জীবন রাঙিয়ে দিতে নীলাম্বরীর আগমন ঘটেছে রঙিন প্রজাপতির মতো। বাইরে গিয়ে খোলা আকাশপানে তাকিয়ে চিৎকার দিয়ে কাব্যের বলতে ইচ্ছে করছে কথাগুলো।
সাবরিনা বেগমের কথায় ভাবনার জগৎ থেকে বেরুলো কাব্য,
"তুমি ঠিক কি চাইছো কাব্য?"
কাব্য উঠে এসে দাঁড়ালো সাবরিনা বেগমের সামনে, সোজাসাপ্টা উত্তর ওর, "আপনার ভাইজিকে।"
চোখ মুখে বিষ্ময় সাবরিনা বেগমের। কাব্যের মুখে মাত্রই কি শুনলেন উনি? কাব্য স্রোতকে চাইছে! কীভাবে সম্ভব কাব্যের মুখে এমন কথা? বিষ্ময়ের চুড়ান্ত সীমায় গিয়ে বললেন সাবরিনা বেগম,
"কীহ? তুমি ঠিক আছো কাব্য? ভেবে বলছ এসব?"
"আমি একদম ঠিকঠাক আছি। আর যা বলছি ভেবেই বলছি।স্রোতকে আমার প্রয়োজন।"
"স্রোত একটা বাচ্চা মেয়ে। ও নিষ্পাপ। তুমি কি কোনোভাবে আমার রাগ ওর উপর মেটাতে চাইছো? তুমি জেনে বুঝেই এসব করছো, তাই না? স্রোতকে নিজের ফাঁদে ফেলছ তুমি?"
কাব্য হাসল, এই হাসির কারণ অজানা সাবরিনা বেগমের কাছে।উনি কিছু বলতে নিলেই হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল কাব্য নিজেই,
"ওতো কিছু জানি না। শুধু জানি,আমার স্রোতকে লাগবে।স্রোতকে লাগবে মানে স্রোতকেই লাগবে! আপনার মতো ছোটখাটো ঝড় তুফান কাব্যকে আটকাতে পারবেনা।"
সাবরিনা বেগমের রাগ বাড়ল তরতর করে,মুখে মুখে কাব্যের এমন তর্কে বিরক্ত হচ্ছেন উনি।চোখ মুখ শক্ত করে বললেন কাব্যকে,
"তোমার মতো বদমেজাজী,ছন্নছাড়া, বাউন্ডুলে ছেলের হাতে আমি কখনোই স্রোতকে তুলে দেব না কাব্য।"
কাব্য হেসে উঠলো আবারও, চোখ রাঙিয়ে তাকাল সাবরিনা বেগমের দিকে,ধারালো গলায় বলল উনাকে,
"দিতে হবে না, মিসেস মাহতাব। স্রোত নিজেই আসবে। আর আপনিও আমার হাতে-পায়ে ধরে কান্নাকাটি করবেন ওকে বিয়ে করে নেওয়ার জন্য।"
কাব্য চলে গেল কথাটা বলেই। ভ্রু কুঁচকে ওর যাওয়ার পানে তাকিয়ে রইলেন সাবরিনা বেগম। কাব্যকে তিনি যথেষ্ট স্নেহ করেন, ঠিক দোয়েল ধ্রুবের মতোই। কিন্তু স্রোতকে কাব্যের পাশে মানতে পারছেন না। স্রোতের আম্মু আব্বুকে তিনি কথা দিয়েছেন, ওকে আগলে রাখবেন ম'রার আগ পর্যন্ত। কাব্য যে নিষ্ঠুর, দয়া মায়া কম ওর মধ্যে। স্রোতকে সে কষ্ট দেবে সর্বক্ষণ। ফুপি হয়ে ভাইজিকে আগুনের দিকে ঠেলে দেবেন কী করে? সাবরিনা বেগম চোখের চশমাটা ঠেলে পিছনের দিকে সরিয়ে দিলেন, গটগট করে হেঁটে চলে গেলেন নিজের রুমে। অপেক্ষা করলেন সকাল হওয়ার।
_______________________
সকাল হলেই সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিচে এসেছে স্রোত। আজ ওর কলেজ নেই,আর কলেজ না থাকলে এতো সকালে উঠেও না সে তবে আজ উঠলো ফুপির ডাকাডাকিতে।উনিই স্রোতের হাতে সুন্দর একটা শাড়ি ধরিয়ে দিয়ে পরে আসতে বললেন নিচে।স্রোতও বাধ্য মেয়েটির মতো শুনল ফুপির কথা, নিচে নামতেই চোখ পড়ল সোফায় বসে থাকা রেজওয়ানের দিকে। তাকিয়ে আছে স্রোতের চোখ বরাবর। রেজওয়ানের পাশেই ওর আম্মু আর বাড়ির বাকিরা বসে আছেন। হাসিমুখ করে স্রোতকে কাছে ডাকলেন সাবরিনা বেগম, স্রোতও উনার কথামতো গিয়ে ফুপির পাশে বসল। প্রায় অনেক্ষন সবার সাথে কথা বলে স্রোতকে জিজ্ঞেস করলেন সাবরিনা বেগম,
"তোমাকে আমি রেজওয়ানের সাথে বিয়ে দিতে চাইছি, স্রোত। তোমার কি কোনো আপত্তি আছে?"
স্রোত কী বলবে বুঝল না। রেজওয়ান ছেলেটা দেখতে-শুনতে মাশাআল্লাহ, ভালো লাগবে যে কারোরই। কিন্তু স্রোতের মনে যে অন্য কারোর বসবাস, নিজের অজান্তেই সে মন দিয়ে বসেছে অন্য কাউকে। কথাগুলো ভেবে নিজেই বিরক্ত হচ্ছে স্রোত না না, সে ভালোবাসে না কাউকে। ফুপির পছন্দকেই প্রাধান্য দেবে সে।যতোই হোক উনি খাইয়ে পড়িয়ে বড় করেছেন স্রোতকে। উনার কাছে আর এ বাড়ির প্রতি যে অনেক ঋণ স্রোতের। ফুপির কথা অমান্য করবে কি করে? স্রোত একবার সবার দিকে তাকাল, পরে আবার সাবরিনা বেগমের দিকে তাকিয়ে ডানে-বামে মাথা নাড়ল। খুশি হলেন সাবরিনা বেগম, ভাইজির উত্তর এমনটাই হবে জানা ছিল উনার। তবুও বললেন রেজওয়ানের সাথে আলাদা করে কথা বলে নিতে রেজওয়ানও চাইল এমনটাই কিন্তু স্রোত আলাদা ভাবে কথা বলতে চাইছেনা এই মুহূর্তে। সকলেই ভেবে নিলেন মেয়ের লজ্জা করছে,উনারাও আর বাড়াবাড়ি করলেন না। বাড়ির সকলেই উপস্থিত তখন, নেই কেবল কাব্য।মায়ের মুখে স্রোতের বিয়ের খবর শুনেই, ধ্রুবও রাগে কষ্টে বেরিয়ে গেছে বাড়ি থেকে। কেউ-ই হয়তো জানে না ধ্রুবের রাগের কারণ। সাবরিনা বেগমকে ভাবাচ্ছে বিষয়টা উনার শান্ত ছেলেটা হঠাৎ রাগলো কেন?
আচমকাই সকলের হৈ-হুল্লোড় থেমে গেলো। বাড়ির ছোট্ট দুই সদস্য দীপ্ত আর কোয়েল ভয়ে কথা থামিয়ে দিল লুকিয়ে পড়ল মায়ের দোয়েলের পিছনে। মাহতাব আর মাহফুফ সাহেবের মুখের হাসিও মিলিয়ে গেছে এতো সময়৷ ড্রয়িংরুমে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন সিঁড়ির দিকে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসল কাব্য, বসল এসে স্রোতের পাশে। ভ্রু কুঁচকে তাকালেন সাবরিনা বেগম, কাব্য যেন উনাকে বোঝাতে চাইছে স্রোতের পাশে তাকেই ভালো লাগছে। কাব্যের হঠাৎ পরিবর্তনে সবাই অবাক হলেও, সাবরিনা বেগমের চোখ-মুখে কঠোরতা। কাব্য বাড়িতে আছে জানতেন না তিনি। ভেবেছিলেন বেরিয়ে গেছে অনেক আগেই। দোয়েলও জানালো কাব্য বাসায় নেই, তাই তো রেজওয়ানের পরিবারকে আসতে বলেছিলেন সাবরিনা বেগম। কিন্তু এখন দেখছেন অন্য ব্যাপার। উনার চিন্তা হচ্ছে কাব্য কোনো অঘটন ঘটাবে কিনা এই ভেবে!
কাব্য এসে সবার সাথে বসেছে দেখে খুশি হলেন বাড়ির সবাই। বিশেষ করে মাহতাব সাহেব আর উনার ভাই।ছেলেটা তবে একটু একটু করে নরম হচ্ছে! কাব্যের চাচি ছুটে গেলেন রান্নাঘরে কতো রকমের খাবার নিয়ে হাজির হলেন কাব্যের জন্য। মেহমান রেখে ওর আপ্যায়নেই যেন ব্যাস্ত সবাই। স্রোত এতো সময়ে একবারও তাকায়নি কাব্যের দিকে, কাব্য ভাইকে নিজের পাশে সহ্য হচ্ছেনা স্রোতের অন্যদিকে লোকলজ্জায় উঠেও যেতে পারছেনা সে। কাব্যের উপস্থিতিতে সবাই খুশি কিন্তু সাবরিনা বেগম চিন্তা করছেন কাব্যের মাথায় কী চলছে, কিছুই বুঝতে পারছেন না তিনি।প্রায় অনেক সময় অতিক্রান্ত হলো এভাবেই, রেজওয়ানরা সবাই চলে যাবে এখন, রেজওয়ান কাব্যের সাথে এত সময় কথা বলতে চাইলেও সে পাত্তা দেয়নি। কিন্তু ওদের যাওয়ার আগে হুট করেই বলে উঠলো কাব্য,
"আপনাদের যাত্রা শুভ হোক।"
রেজওয়ান আর ওর বাড়ির সবাই হাসি মুখেই বিদায় জানালো কাব্যকে। কিছুক্ষণ না যেতেই কাব্যের কথাটা নিয়ে ভাবলেন সাবরিনা বেগম। কেঁপে উঠলো উনার ভিতরটা কাব্য কী বোঝাল এই কথাটা দিয়ে? দৌড়ে বেরিয়ে গেলেন তিনি রেজওয়ানদের আটকাতে, কিন্তু ওদের গাড়িটা বাড়ির সীমানা পেরিয়ে চলে গেছে অনেক আগেই।
গুনগুনিয়ে গান গেয়ে কেউ এসে দাঁড়িয়েছে সাবরিনা বেগমের পাশে। উনি তাকাতেই রাগে টইটম্বুর করা চোখ দুটো নিয়ে তাকাল সে,বলল সাবরিনা বেগমকে,
"ভয় পেলেন? ট্রেলার দেখেই আপনি এতো ভয় পাচ্ছেন, পুরো মুভি দেখলে কী হবে?"
ভড়কালেন সাবরিনা বেগম কাঁপা কাঁপা কন্ঠে জিজ্ঞেস করলেন কাব্যকে,
"কি চাইছো তুমি?"
কাব্য বাঁকা হাসল, চলে যেতে যেতে বলল,
"আমার নীলাম্বরীকে চাই। জ্বালিয়ে-পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য হলেও চাই!"
সাবরিনা বেগম শুনলেন না কাব্যের বলা কথা। ছাদে দাঁড়িয়ে ছিল স্রোত, সে দেখল সবটাই। কাব্য বাইকে বসে আছে, বাইকটা স্টার্ট দিয়ে গেইটের সামনে গিয়ে কী যেন ভেবে দাঁড় করিয়েছে বাইকটা। মাথার হেলমেট খুলে হাতে নিয়েছে,মাথাটা ঘুরিয়ে তাকিয়েছে ছাদের দিকে ঠিক স্রোতের চোখ বরাবর। রক্তলাল চোখ দুটো নিয়ে স্রোতের চোখের দিকে তাকিয়েছিল কাব্য, মুখে ছিল রাগের আভাস। স্রোত ওদের সামনে তখন সেজে-গুজে গেল বলেই হয়তো কাব্যের এত রাগ! স্রোত ভয় পেল, শুকনো ঢোঁক গিলে পা চালিয়ে চলে যেতে চাইল সে। কিন্তু পা দুটো নড়াতে পারছে না কোনোভাবেই। কাব্যের চোখের ধারালো চাহনি কাঁপুনি ধরিয়ে দিচ্ছে স্রোতের শরীরে। কিচ্ছুক্ষণ যেতেই কাব্যের চোখ মুখ জমে থাকা রাগ সরে গেলো, নীলাম্বরীর চাহনি শান্ত করে দিল তাকে। কাব্য মুচকি হাসল বাইক স্টার্ট দিয়ে চলে গেলো বাড়ির সীমানা পেরিয়ে।
চলবে.......
পরের পর্বে স্রোত-কাব্যের বিয়ে দেখানো হবে আর অতীত শেষ হবে। অধৈর্য হবেন না দয়া করে। একেকজন একেক কথা বলে আমাকে বিব্রত করবেন না। গল্প আমি যেভাবে ভেবেছি সেভাবেই লিখছি একটু ধৈর্য ধরুন। সামনের পর্বগুলো সুন্দর হবে।💙
১.
"প্রাণ প্রণয়িনী" বর্তমান দাম ২৭৳।
https://link.boitoi.com.bd/4T8X
২.
"রাগে অনুরাগে সিক্ত কাব্য" বর্তমান দাম ১৯৳।
https://link.boitoi.com.bd/GQcM
★
গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147