ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 11

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [১১]

কাব্য দাঁড়িয়ে আছে বেলকনিতে আজ। বাইরের আবহাওয়া সুন্দর, বসন্তের সাজে সেজেছে প্রকৃতি। প্রজাপতি উড়াউড়ি করছে চারিপাশে। উড়তে উড়তে একটা রঙিন প্রজাপতি এসে বসেছে কাব্যের কাঁধে। কাব্য আঙুলের ডগায় প্রজাপতিটাকে নিল চোখের সামনে এনে মুচকি হেসে বলল,

"শুনছিস প্রজাপতি, আজ নীলাম্বরী আমার হবে।"

প্রজাপতি বসে রইলো ওভাবেই, কাব্য তাকিয়ে রইলো ওর আঙুলের ডগায় বসে থাকা সুন্দর প্রজাপতিটার দিকে। মনে মনে ভাবল কাব্য, প্রজাপতিটা সুন্দর কিন্তু ওর নীলাম্বরী আরও বেশি সুন্দর। দরজার ঠকঠক আওয়াজ কানে আসল কাব্যের। পিছনে না তাকিয়েও কে এসেছে বুঝে নিল সে। কাব্য বাঁকা হাসল। মুখে গম্ভীর ভাব নিয়ে ঘুরে তাকাল সে, বলল সাবরিনা বেগমকে,

"কি চাই?"

সাবরিনা বেগম রুমে ঢুকলেন, বাইরে দাঁড়িয়ে রইলেন উনার দেবর আর জা। মাহতাব সাহেবের হার্টের ব্যথা বেড়েছে, উনাকে রুমে নিয়ে শুইয়ে দেওয়া হয়েছে, ধ্রুবকে কল দিয়ে বলা হয়েছে এক্ষুনি ডাক্তার ডাকতে। স্রোতের অবস্থা, বাড়ির পরিবেশ সবকিছুর কথা ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম। কাব্য হেঁটে এসে দাঁড়ালো সাবরিনা বেগমের সামনে। সে কিছু বলার আগেই বলে উঠলেন সাবরিনা বেগম,

"তুমি এগুলো কেন করলে কাব্য? স্রোতের বিয়েটা যে তোমার জন্যই ভেঙেছে, তা আর কেউ না বুঝলেও আমি ভালো করেই বুঝতে পারছি।"

কাব্যের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন,আগের মতো হেসেই বলল সে,
"বুঝতে পারলে আপনি জিনিয়াস। কথা শেষ হলে যান, আমি ঘুমাবো।"

কাব্যের এমন কথায় ভ্রু কুঁচকে তাকালেন সাবরিনা বেগম। মনে মনে রাগ হলো উনার। কাব্য যে উনার কথাকে গুরুত্ব দিচ্ছে না, বুঝতে পারছেন, তবুও বললেন তিনি,

"তুমি স্রোতের সর্বনাশ করেছ কাব্য। তোমার জন্যই ওর বিয়ে ভেঙেছে। আমার ভালো মেয়েটার গায়ে কলঙ্কের দাগ লেগেছে, তোমাকেই ওর দায়িত্ব নিতে হবে।"

"কি বলতে চাইছেন আপনি?"

"আমি কি বলতে চাইছি তুমি ভালো করেই জানো। স্রোতকে বিয়ে করে নাও কাব্য।"

"না করলে কি করবেন?"

"যা যা করা লাগে সবই করব।তুমি ভুল করেছ কাব্য, তোমার ভুল তোমাকেই শুধরে নিতে হবে।"

"থ্রেট দিচ্ছেন?"

সাবরিনা বেগমের মনে হলো রেগে গিয়ে বেশিই বলে ফেলছেন তিনি। কাব্য যদি বেঁকে বসে খারাপ হবে এতে হাত দুটো জোর করে বললেন সাবরিনা বেগম,
"অনুরোধ করছি।"

কাব্যের ঠোঁটের কোণে হাসি খেলে গেলো। বলল সাবরিনা বেগমকে,
"আপনি দেরি করে ফেলেছেন। আমার ডিসিশন যে চেঞ্জ হয়ে গেছে। স্রোতকে আমি বিয়ে করব না। অনেক ভেবেচিন্তে দেখলাম, আপনার ভাইঝির সাথে আমার যায় না।"

"তা কি ভেবে তোমার সিদ্ধান্ত পরিবর্তন করলে?"

"স্রোতের শরীরে আপনার রক্ত আছে কিনা। যদি বেঈমানি করে! আমি তো আম্মুর মতো কষ্ট লুকিয়ে পালিয়ে যাব না। জানে মে'রে ফেলব ওকে। আমার পবিত্র হাতে রক্তের দাগ লাগাতে চাই না।"

সাবরিনা বেগমের চোখ-মুখে বিস্ময়। উনি তাকিয়ে আছেন কাব্যের মুখপানে। ছেলেটা এতো কঠোর হলো কবে থেকে! কাব্য তো এমন ছিল না! নিজেকে স্বাভাবিক করলেন সাবরিনা বেগম। মিনতি করেই বললেন কাব্যকে,

"তুমি স্রোতকে বিয়ে করো কাব্য, আমি হাত জোড় করে বলছি তোমায়। দরকার পড়লে পায়েও ধরব, তবুও প্লিজ, বিয়েটা করো। আমার মেয়েটার সম্মান বাঁচাও।"

কাব্য হয়তো এটাই চাইছিল। সফল হলো নিজের কাজে। চোখ-মুখের গম্ভীর ভাব বজায় রেখেই বলল সাবরিনা বেগমকে,

"ঠিক আছে, ভেবে দেখছি..."

কাব্যের এমন হেলাফেলা পছন্দ হচ্ছে না সাবরিনা বেগমের। ভেতরে ভেতরে রাগে গিজগিজ করছেন উনি। কিন্তু কিছু বলার উপায় নেই। আপাতত মেনে নিতে হবে কাব্যের সব কথা।

রাহুল, লিয়া আর স্নিগ্ধ এসেছে আরণ্যক ম্যানশনে, কল দিয়ে এনেছেন সাবরিনা বেগম নিজেই। কাব্যের সাথে এ বাড়িতে ভালো সম্পর্ক কেবল ওর চাচার, উনাকেও পাঠালেন কাব্যের রুমে। সকলে মিলে বুঝালেন যেন স্রোতকে সে বিয়েটা করে নেয়। কাব্য তো এটাই চাইছিল, তবুও ভাব দেখালো কিছু সময়। এমন হাবভাব, যেন মনে হচ্ছে বাধ্য হয়েই বিয়েটা করতে হবে তাকে। কিন্তু রাহুল তো ভালো করেই জানে, কাব্যের মন জুড়ে কেবল স্রোতই আছে। এতো কান্ড ঘটিয়েছে কাব্য নিজেই। কাব্যের কানের কাছে গিয়ে বলল রাহুল,

"হয়েছে ভাই, এবার নাটক বন্ধ কর। বিয়েটা করে আমাদের উদ্ধার কর।"

কাব্য রেগে তাকাল রাহুলের দিকে, কটমট করে বলল ওকে,

"চিনিস আমাকে? থাপড়ে দাঁত ফেলে দিব।"

"কেন তুই নিজেকে চিনিস না? মেমোরি লস হয়েছে,ডাক্তার ডাকব?"

কাব্য চোখ গরম করে তাকাতেই রাহুল দুই হাত দিয়ে গাল ঢেকে নিল। ভাবল কাব্য এখনই চড় বসাবে ওর গালে। ভয়ে মুখ ভেংচি কেটে সরে গেলো অন্যদিকে। টেবিলে রাখা প্লেটের রসগোল্লা গুলো তখন থেকেই কাছে ডাকছে রাহুলকে। না খেলে এবার পেটে গন্ডগোল বেঁধে যাবে। রাহুল উঠে গিয়ে চেয়ার টেনে বসলো। একটা একটা করে প্লেটের রসগোল্লা হাতে নিয়ে মুখে পুরতে শুরু করল। দোয়েল তখন থেকেই দাঁড়িয়ে আছে কাব্যের রুমের দরজার সামনে কাব্য কি বলবে, এটা শোনার জন্যই ওর কষ্ট করে দাঁড়িয়ে থাকা এখানে। কিন্তু রাহুলের এমন কাজ দেখে কাব্যদের থেকে চোখ সরিয়ে ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে রইলো দোয়েল। মনে মনে বলল সে, "মানুষ এমন পেটুক হয়?"

কাব্য তার চাচার মুখে শুনল, ওর আব্বুর নাকি শরীর খারাপ, বারবার দেখতে চাইছেন ওকে। বেশ কিছুদিন ধরেই এই অবস্থা মাহতাব সাহেবের বিছানায় পড়ে পড়েই দিন কাটে উনার। কাব্য সবটাই শুনল, কিন্তু এক ফোঁটা মায়া হলো না বাবার জন্য। মা-বাবা ছাড়া বড় হওয়া ছেলে-মেয়েগুলো বোধহয় এমনই হয়। ফুটবল হাতে নিয়ে খেলার বয়সে যে ছেলে বাবার অবহেলা আর মাকে হারানোর কষ্ট অনুভব করেছে, তার মন তো পাথর হবেই। সহজে ভালোবাসা জন্মাবে না কারো জন্য। তবে যার জন্য কাব্যের মনে ভালোবাসা জন্মায়, তাকে সে মনপ্রাণ দিয়েই ভালোবাসে,তার উদাহরণ হলো কাব্যের নীলাম্বরী!
______________________

স্রোত মেঝেতে বসে আছে, হাঁটুতে মুখ গুজে কান্না করছে নিজের ভাগ্যের কথা স্বরণ করে। আল্লাহ কেন ম'রাকেই মারেন সবসময়? ওর তো কিছুই নেই, ছোটখাটো সুখগুলোও কেন আল্লাহ কেড়ে নিচ্ছেন বারবার? নিজের ভাগ্যের উপরে যে পরিহাস হচ্ছে ওর। বিরক্ত সে নিজের উপরেই। স্রোতের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে ধ্রুব। আজই ছেলেটা বাড়ি ফিরেছে বাবার অসুস্থতার খবর শুনে। স্রোতের বিয়ে মেনে নিতে পারছিল না সে, কাউকে কিছু বলার সাহসও ছিল না, মা নিশ্চয়ই শুনতো না ওর কথা! এগুলো ভেবেই চলে গিয়েছিল বাড়ি ছেড়ে। আজ বাড়ি ফেরা মাত্রই দীপ্তের মুখে যখন শুনল কাব্য ভাইয়ের সাথে স্রোতের বিয়ে হবে। বুকের ভিতরটা মোচর দিয়ে উঠেছে ধ্রুবের। নিজের অজান্তেই যাকে মন দিল, ভালোবাসল, সারাজীবন চেয়ে আসল নীরবে তার সাথেই বিয়ে হবে নিজের ভাইয়ের!একই বাড়িতে থাকবে ওরা, অন্য কারো বউ হয়ে সারাক্ষণ স্রোত ঘুরঘুর করবে ধ্রুবের সামনে? কথাটা ভাবলেই যে দমবন্ধ লাগছে ওর। আল্লাহ কেন এমন মানুষের প্রতি ভালোবাসার জন্ম দেন যাকে আমরা কোনোদিনও পাব না? স্রোতের চোখের পানি যে কষ্ট দিচ্ছে ধ্রুবকে। কিন্তু স্রোতের সামনে গিয়ে ওকে সান্ত্বনা দেবে বা কান্না করতে বারণ করবে ওতোটা মানসিক শক্তি ধ্রুবের নেই। সে চলে গেলো নিঃশব্দেই। ধ্রুবের ভালোবাসা ভালো থাক। অন্যের হলেও, সে ভালো থাক!

দীপ্ত স্রোতের রুমের দিকেই আসছিল, ধ্রুবকে দেবদাস মার্কা লুক নিয়ে চলে যেতে দেখল তখন। চোখের কালো ফ্রেমের চশমাটা ঠিক করে নিল দীপ্ত, ভাবুক দৃষ্টিতে কিছুসময় ধ্রুবের যাওয়ার পানে তাকিয়ে বলল,
"ব্যাপার স্যাপার তো ভালো ঠেকছে না। বিয়ে হচ্ছে সিনিয়র আর তার খরগোশের, ধ্রুব ভাই এমন দেবদাস হলো কেন?"

দোয়েল এসেছে স্রোতকে নিতে। দীপ্তকে ওভাবে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করতে দেখে মাথায় গাট্টা মেরে বলল সে,
"কি রে? বিড়বিড় করে কি বলছিস?"

"জানো তো দোয়েল আপু, আমরা সবসময় যা দেখি তা কিন্তু সত্যি হয় না। সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে গভীর রহস্য!"

দোয়েল মনোযোগ দিয়ে শুনল দীপ্তের কথা, কৌতূহলী দৃষ্টিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
"কিসের রহস্য?"

"স্রোত আপুর বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ধ্রুব ভাইয়া বাড়ি থাকেনা কেন? হতে ওতো পারে আজ এতো কিছুর পিছনে ধ্রুব ভাইয়ার হাত আছে। বিরাট গন্ডগোল আছে বুঝলে।"

দোয়েল প্রথমে মন দিয়েই শুনছিল দীপ্তের কথা। এখন মনে হচ্ছে সময় নষ্ট করা ছাড়া কিছুই করেনি সে। চোখ-মুখ শক্ত করে মেজাজ দেখিয়ে বলল দোয়েল,
"এসেছে বিজ্ঞানী নিউটন! যাবি এখান থেকে? থাপড়ে তোর দার্শনিকগিরি বের করব আমি। সবকিছুতেই রহস্য খুঁজিস হতচ্ছাড়া।"

দীপ্ত ভাবল সত্যিই মার খাবে দোয়েলের হাতে। সে পালিয়ে যাচ্ছিল ওখান থেকে, যেতে যেতে মুখ ভেংচি কেটে বলছে,
"হুহ্! সব দোষ দীপ্ত ঘোষ। কেউ আমার কথা বিশ্বাসই করেনা, যখন সবটা সত্যি হবে তখন বুঝবে।"
____________________

কাব্যের সাথে স্রোতের বিয়ে হবে শুনে যেন আকাশ থেকে পড়ল স্রোত। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কা নিতে পারছে না মেয়েটা। স্রোতের বিয়ে নিয়ে তার কোনো মাথাব্যথা ছিল না কোনোকালেই ফুপির পছন্দই ওর পছন্দ। রেজওয়ানকে স্রোতের পছন্দ না, এই বিয়েতেও তার মত ছিল না, কিন্তু মেনে নিয়েছে সবটাই, মুখ ফুটে বলেনি কিছুই। নানা ঝামেলায় বিয়েটা তো ভেঙে গেল, আজই আবার কাব্যের সাথে ওর বিয়ে! ব্যাপারটা কেমন যেন লাগছে স্রোতের। তাছাড়া কাব্য কি স্রোতকে পছন্দ করে? কীভাবেই বা রাজি হলো এ বিয়েতে? বাধ্য হয়েই কি তবে বিয়েটা করছে কাব্য? স্রোত যে এমন বিয়ে চায়নি কখনোই। সাবরিনা বেগম স্রোতের রুমে আসলেন, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় বললেন,
"তোমার ভালোর কথা ভেবেই আমি এতো কিছু করছি স্রোত। ফুপিকে ভুল বুঝো না। সবটা ঠিক হবে।"

স্রোতের চোখ দিয়ে দুফোটা পানি গড়িয়ে পড়ল। ফুপির হাতটা ধরে বলল,
"আমি কিছুই করিনি ফুপি। তুমি আমাকে বিশ্বাস করোনা বলো? কাব্য ভাই সেদিন কোথা থেকে ওখানে আসলেন, আমি সত্যিই জানি না..."

স্রোতের পুরো কথাটা শেষ হওয়ার আগেই সাবরিনা বেগম বুকে জড়িয়ে নিলেন ওকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আবারও,

"আমি জানি তুমি স্নিগ্ধ, পবিত্র। তুমি কোনো ভুল করতে পারো না, কিন্তু সমাজ যে এসব মানবে না স্রোত। তোমাদের দুজনকে নিয়ে সবাই আজেবাজে কথা বলছে। ওদের মুখ বন্ধ করার জন্য হলেও কাব্যকে বিয়েটা করে নাও। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে।"

স্রোত অনেক ভেবেচিন্তে সম্মতি জানালো ফুপির কথায়। পরনে থাকা শাড়িটা ঠিক করে নিল সে। সাবরিনা বেগম মুছে দিলেন ভাইঝির চোখের পানি, হাত ধরে নিয়ে গেলেন ওকে। পিছু পিছু আসল দোয়েলও।
__________________

পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে কাব্য। বাড়ির সবাই-ই উপস্থিত সেখানে। মাহতাব সাহেব উনার অসুস্থ শরীরে এসে বসেছেন ছেলের মুখোমুখি। উনার চেহারা মলিন হলেও ঠোঁটের কোণে হাসি লেগে আছে। স্রোতকে তিনি দোয়েলের মতোই ভালোবাসেন, মেয়েটা অন্য কোথায় না গিয়ে উনার ছেলের বউ হয়ে এ বাড়িতে থাকবে ভেবেই এতো আনন্দ হচ্ছে উনার। কাব্য ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে ছিলো। স্রোত যে ওর পাশে এসে বসল বুঝলেও তাকায়নি ওর দিকে। কাজী সাহেব বিয়ে পড়ালেন, দুজনেই সুন্দর মতো কবুল বলল, সম্পন্ন হলো ওদের বিয়ে। স্রোত আর কাব্যের বিয়ে হলো অবশেষে। দুজনেই বাঁধা পড়ল বিয়ের মতো সুন্দর, পবিত্র বন্ধনে। কাব্যের চোখ-মুখে গম্ভীর ভাব, কিন্তু মনে মনে সে খুশি, রাজ্য জয় করার মতোই আনন্দ হচ্ছে তার। আজ নীলাম্বরী কাব্যের হয়েছে, কাব্য তার কল্পনার পরীকে বাস্তবে পেয়েছে। জীবনসঙ্গী হিসেবে পেয়েছে তাকে, কাব্য আর কষ্ট দেবে না তার নীলাম্বরীকে। শত ঝড়-তুফান আসলেও কাব্য আগলে রাখবে তাকে। কথাগুলো মনে মনে ভেবে যাচ্ছে কাব্য।
দোয়েল আর লিয়া স্রোতকে কাব্যের রুমে নিয়ে গেলো। বেশ কিছুক্ষণ পরে কাব্যও রুমে ঢুকল। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে স্রোত। কাব্য তাকিয়ে আছে স্রোতের দিকে, মেয়েটা কেমন মনমরা হয়ে বসে আছে, হয়তো ট্রমার মধ্যে আছে। এতো কিছু একসাথে নিতে পারেনি সে। কাব্য স্রোতের ঠিক সামনে গিয়ে বসেছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, কি যেন ভেবে যাচ্ছে মনে মনে। কাব্যের রাগ হলো অকারণেই! স্রোত কি দেখিনি ওকে? একবারও মুখ তুলে তাকাল না কেন ওর দিকে? স্রোত কি মেনে নিতে পারছে না এই বিয়ে? কেন করছে এমন? সেজেগুজে রেজওয়ানের সাথে বিয়ের পিঁড়িতে বসার পরেও কাব্য বিন্দুমাত্র রাগ দেখায়নি, ক্ষমা করে দিয়েছে ওকে, মনে মনে ভেবেছে আর কষ্ট দেবে না তার নীলাম্বরীকে। কিন্তু নীলাম্বরীর কী হলো? তবে কি কাব্যের ভাবনাই সত্যি স্রোত ভালোবাসে ঐ রেজওয়ানকে? কাব্য পরীক্ষা করতে চাইল স্রোতকে। একটা নকল ডিভোর্স পেপার স্রোতের দিকে এগিয়ে দিয়ে বলল,
"তোকে আমার পাশে মানায় স্রোত?"

স্রোত মুখ তুলে তাকাল। স্রোতের চোখের সাথে চোখ মিলতেই কাব্য ঘুরে তাকাল অন্যদিকে। এই মেয়ের অসহায় চাহনি, নীলাভ চোখ দুটো নেশা ধরিয়ে দেয় কাব্যকে।নিজেকে ঠিক রাখতে পারেনা কাব্য। নীলাম্বরীর ছলছল চোখ জোড়া দেখলেই তোলপাএ শুরু হয় বুকের ভিতরে। কাব্যের অশান্ত মন শান্ত হয়ে যায় নীলাম্বরীর নীল চোখের দিকে তাকালে। কিন্তু কাব্য যে স্রোতের সামনে কঠোরই থাকতে চায়। চায় না নিজের দুর্বলতা প্রকাশ করতে! স্রোত কিছুক্ষণ তাকিয়ে রইলো কাব্যের মুখপানে। কাব্যের এমন প্রশ্নে ভড়কাল না সে। সত্যিই স্রোতকে মানায় না কাব্যের পাশে। কাব্য ভাই তো সুন্দর, অন্ধকার আকাশে ঝলমল করতে থাকা তারা যতটা সুন্দর, ততোটাই সুন্দর স্রোতের কাব্য ভাই! তাকে তো মানায় না কাব্যের পাশে?স্রোত ডানে-বামে মাথা নাড়ল। কাব্য তখন ঐ ডিভোর্স পেপারটা দেখিয়ে বলল,
"তাহলে আমাদের একসাথে থাকার দরকার নেই। এই মিথ্যে বিয়েটা ভেঙে যাক! ডিভোর্স পেপারে সিগনেচার করে দে।"

স্রোত এবারেও অবাক হলো না। ভালো, খারাপ কোনোটাই লাগল না ওর। স্রোত যেন নির্জীব হয়ে আছে কাঠের পুতুলের মতো, যাকে আঘাত করলেও কষ্ট হয় না। কোনো অপমানই গায়ে লাগেনা। এই যে বিয়ের ঠিক কিছুসময় পর কাব্য ওট হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিচ্ছে বিন্দুমাত্র কষ্ট হচ্ছেনা স্রোতের। কাব্য ভাইয়ের থেকে এর চেয়ে বেশি কী-ই বা আশা করবে স্রোত? এমন কিছু যে হবে, তার তো জানা ছিল আগেই। কাব্য ভাই তো সহ্য করতে পারে না স্রোতকে, পরিস্থিতি সামাল দিতেই কেবল করেছে বিয়েটা।

কত চিন্তাভাবনা করে স্রোত পেপারটা হাতে নিল। ভ্রু কুঁচকাল কাব্য। স্রোত কি ওকে ডিভোর্স দিতে চাইছে? তারপর কি করবে? চলে যাবে ঐ রেজওয়ানের কাছে? কথাগুলো ভাবনায় আসতেই রাগে লাল হলো কাব্যের চোখ মুখ। হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করল সে। লাল লাল চোখগুলো নিয়ে তাকিয়ে রইলো স্রোতের দিকে। ডিভোর্স পেপারটা স্রোতের হাত থেকে কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল সে। রাগে গর্জে উঠে বলল স্রোতকে,
"বেরিয়ে যা স্রোত। আমার চোখের সামনে থেকে যা এক্ষুনি। মে'রে ফেলব আমি তোকে।"

স্রোত বুঝল না কাব্যের এমন কথার মানে। অবুঝের মতো বলল সে,
"কেন? আপনি যা বললেন, তাই তো করলাম।"

কাব্যের রাগ বাড়ল তরতর করে। দেয়ালে টাঙানো একটা ছবি খুলে ছুড়ে ফেলল মেঝেতে। সাথে সাথে ঝনঝন শব্দ তুলে ভেঙে গেলো ছবিটার কাচের ফ্রেম। স্রোত পিছিয়ে গেলো কয়েক পা। কাব্য শক্ত করে ওর হাত চেপে ধরল, বলল চিৎকার দিয়ে,
"সব সময় আমি যা বলব, তাই কেন করতে হবে তোকে?"

কাব্যের এমন চিৎকারে কেঁপে উঠলো স্রোত, কি বলবে বুঝল না সে। কাব্য নিজেকে সংযত করার চেষ্টা করল, আপাতত সে বেরিয়ে যাবে বাড়ি থেকে।

কাব্য চলে যাচ্ছে দেখে চিন্তা হলো স্রোতের। ওর ফুপার শরীর তো ভালো নেই, স্রোত দেখেছে অসুস্থ অবস্থায় বারবার কীভাবে মাহতাব সাহেব ডেকে যাচ্ছিলেন কাব্যকে। ডক্টর বলেছে বারবার, উনাকে কোনো রকম টেনশন না দিতে। তার উপর আজ বাড়িতে এতো কিছু ঘটে গেলো। বাড়ির এই অবস্থায় কাব্য যদি চলে যায়, উনি নিশ্চয়ই আরও অসুস্থ হয়ে পড়বেন। দোয়েল বারবার স্রোতকে বলেছে কাব্যকে কোথাও যেতে না দিতে। স্রোত বাধ্য হয়েই সামনে গিয়ে দাঁড়াল কাব্যের, ওর পথ আটকে বলল,
"যাবেন না কাব্য ভাই।"

"সামনে থেকে সর স্রোত বিরক্ত লাগছে আমার তোকে।"

"আমাকে নিয়ে আপনার সমস্যা? আমি চলে যাব এ বাড়ি থেকে আপনি প্লিজ যাবেন না ফুপার শরীর খারাপ। আপনি চলে গেছেন শুনলে আরও অসুস্থ হয়ে পড়বেন উনি।"

এবারেও কাব্যের রাগ হলো। স্রোতের কি খারাপ লাগবে না কাব্য চলে গেলে কেবল ওর ফুপা অসুস্থ বলেই আটকাতে চাইছে এভাবে। কাব্য রেগে-মেগে আবারও সামনে থেকে সরতে বলল স্রোতকে, স্রোত না সরলে হাত দিয়ে ঠেলে ওকে সরিয়ে দিল কাব্য। স্রোতের মাথাটা ঘুরছে তখন থেকেই টাল সামলাতে পারল না সে, পড়ে গেলো মেঝেতে কোনো কিছুর সাথে মাথাটা লেগে রক্ত বের হলো কপাল দিয়ে। কাব্য পিছু ফিরে তাকাল না লম্বা লম্বা পা ফেলে দরজার সামনে যেতেই। স্রোত আবারও গিয়ে আটকানোর চেষ্টা করল কাব্যকে। স্রোতের মনে হলো তখন, ডিভোর্স পেপারে দ্রুত সিগনেচার না করায় কাব্য রাগ করেছে। এই বিয়ে নিয়ে সে বিরক্ত স্রোতকে সহ্য করতে পারছে না বলেই এমন করছে, চলে যেতে চাইছে বাড়ি থেকে কাব্যকে আটকাবে বলেই বলল স্রোত,
"যাবেন না কাব্য ভাই, আমি আপনার সব কথা শুনব। আপনাকে ডিভোর্স দিব। আমি চলে যাব এ বাড়ি থেকে। আপনি প্লিজ যাবেন না।"

® আফরোজা আঁখি।

#চলবে......
এখান থেকেই গল্প শুরু হয়েছিলো। ৩ নাম্বার পর্বের শেষের দিক থেকেই অতীত শুরু, আজকের পর্বে অতীত শেষ হলো। আরও লিখতে চেয়েছিলাম ২৩০০ শব্দ আর লিখা সম্ভব না। বুঝতে সমস্যা হলে মেনশন করিয়েন কোন জায়গা বুঝেন নি।😕

® আফরোজা আঁখি।

(📍ধ্রুব তাহিয়াকে পরের পর্বে পাবেন।)
১.
"প্রাণ প্রণয়িনী" বর্তমান দাম ২৭৳।
https://link.boitoi.com.bd/4T8X
২.
"রাগে অনুরাগে সিক্ত কাব্য" বর্তমান দাম ১৯৳।
https://link.boitoi.com.bd/GQcM
🌿
গল্প রিলেটেড সব আপডেট পেতে গ্রুপে জয়েন হোন।
https://facebook.com/groups/569604222322147

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন