#কাব্যের_নীলাম্বরী [১৩]
স্রোতকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছে কাব্য। ওরা আসতেই দুজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা ছুটে এলেন ওদের কাছে। উনাদের আপ্যায়ন দেখে মনে হলো, জানতেন আগে থেকেই স্রোত-কাব্য এখানে আসবে। কাব্য ছেড়ে দিল স্রোতের হাত, কেমন অচেনা মানুষদের মতো ভাব দেখিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। স্রোতের মন খারাপ হলো, মাথায় কত কী আসছে ওর। ওভারথিংকিং করা তো স্রোতের অভ্যাস!এই যে এখন ভাবছে, মুভিতে যেমন দেখত, কোনো কোনো নায়কের আলাদা বাড়ি থাকে, পরিবারের পছন্দে যার সাথে বিয়ে হয় তাকে রেখে, আলাদা বাড়িতে সে নিজের পছন্দের মানুষকে নিয়ে থাকে। তেমনই হয়তো কাব্য ভাইও তার পছন্দের মানুষ নিয়ে এখানে থাকেন! হয়তো বিয়ে করেছেন, বাচ্চাকাচ্চাও আছে! স্রোতকে তো কাব্য অপছন্দ করে, তবে কেন নিয়ে এল এই বাড়িতে? পরক্ষণেই আবার নিজেকে বকা দিল স্রোত। বিড়বিড় করে বলল,
"ধুর! কী সব ভাবছি আমি! সিনেমা আর বাস্তব কি এক হলো নাকি?"
স্রোতের সামনে দাঁড়িয়ে থাকা দুই ভদ্রমহিলা চোখ চাওয়াচাওয়ি করলেন নিজেদের মধ্যে। পরে আবার স্রোতের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন,
"একা একা কী কথা বলছ, বউমা? আমাদের সাথে এসো। সাহেবের কথামতো তোমার জন্য অনেক খাবার বানিয়েছি। মুখে তুলবে তো আমাদের হাতের রান্না?"
ভদ্রমহিলার কথা শেষ হতেই মিষ্টি করে হাসল স্রোত। বলল উনাদের,
"মুখে তুলব না কেন, খালা? আমি তো আপনাদের মতোই।"
হেসে উঠলেন দুজনেই। উনারা জানতেন, স্রোতের উত্তর এমনই হবে,কাব্যের মুখে যে উনারা শুনেছেন স্রোতের কথা। দুজনের মধ্যে একজন চলে গেলেন তখন, অন্যজনের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো স্রোতের। উনি বললেন, স্রোত যেন উনাকে মিনু খালা বলেই ডাকে, কাব্য নাকি একই নামে ডাকে। স্রোত মুচকি হেসে সম্মতি জানাল উনার কথায়। স্রোতকে ভালো করে পরখ করে বললেন তিনি,
"তুমি তো পরীদের মতো, মা। একবার ছুঁয়ে দেখব তোমার হাত। রাগ করবে না তো?"
স্রোত হাসল, নিজেই উনার হাতটা ধরে নিল। ভদ্রমহিলার মুখটা মায়াবী গায়ের রঙ কালো হলেও আলাদা একটা মায়া কাজ করে উনার মুখে। মায়ের বয়সী সবার মধ্যেই কেমন মা-মা গন্ধ পায় স্রোত। এই যে এখন মিনু খালাকেও নিজের মায়ের জায়গায় বসিয়ে দিয়েছে সে।
.
.
.
রাহুলের পরে কাব্যের কাছের বন্ধু হচ্ছে স্নিগ্ধ আর লিয়া। আরেকজন আছে ইথিকা, সে ছাড়া বাকিরা কাব্যের সাথেই আছে। তবে আজ হুট করেই কোথা থেকে উদয় হয়েছে সে। কাব্য মাত্রই ওয়াশরুম থেকে বেরিয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে ভিজে চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিচ্ছেলো, আচমকাই কেউ একজন জড়িয়ে ধরল কাব্যকে! চোখ-মুখের ভাবভঙ্গি মুহূর্তেই পরিবর্তন হলো কাব্যের। স্রোত তো এমন করবে না কখনোই। ওর ছোঁয়া কাব্য চিনে একশো মাইল দূর থেকেও কাব্য বুঝে, সে স্রোত। কাব্য দ্রুত ঘুরে তাকাল, সামনে কে দাঁড়িয়ে আছে না দেখেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। আকম্বিক আক্রমণে কিছুটা পিছিয়ে গেলো মেয়েটা, কোনো কিছুর সাথে হাত লেগে ব্যথা পেলো সে, কাব্য খেয়াল করল না সেদিকে। ধমকের স্বরে বলল মেয়েটাকে,
"হাউ ডেয়ার ইউ! আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে তোকে?"
কাব্যের সামনে দাঁড়িয়ে থাকা ইথিকা বিরক্ত হলো না ওর এমন আচরণে। হাবভাব দেখে মনে হলো, সে অভ্যস্ত এসবে। সত্যিই ইথিকা অভ্যস্ত কাব্যের রাগী রূপটার সাথে। কতবার কাব্য ওকে বাসা থেকে বের করে দিয়েছে। বিরক্ত হয়ে কখনো আবার গালে চড় বসাতে চেয়েছে। ইথিকা জানে কাব্য উগ্র রাগী, কিন্তু কাব্যের স্বভাবই তো এমন, তাই ইথিকা রাগ করে না। এই যে এখন কাব্য এতটা রেগে কথা বলল, তার উত্তরে মিষ্টি হেসে বলল ইথিকা,
"সাহস লাগে? তোর রুম মানেই তো আমার রুম। আমি এখানে আসব না তো কে আসবে?"
"ইথিকা, থাপ্পড় খাবি কিন্তু! যা এখান থেকে!"
ইথিকা হাসল, এগিয়ে এল কাব্যের কাছে, ওর সামনে দাঁড়িয়ে বলল,
"তুই রাগলে কত সুন্দর দেখায় জানিস?"
ইথিকার এমন গায়ে পড়া আচরণে বরাবরই বিরক্ত হয় কাব্য। এত অপমানের পরেও এই মেয়ে বারবার ওর কাছে আসে কেন বুঝে পায় না সে! কাব্য সত্যিই হাত উঁচিয়ে ছিল ইথিকার গালে থাপ্পড় মারবে বলে, তখনই ইথিকা খপ করে ধরে নেয় ওর হাত। কাব্য এবার রেগে কিছু বলতে যাবে, তখনই চোখ গেল দরজার সামনে স্রোত দাঁড়িয়ে আছে ওখানে। চোখ-মুখে রাগ স্পষ্ট। নাকের ডগা লাল হয়ে আছে মেয়ের। যে কেউ দেখলেই বুঝে যাবে, স্রোত প্রচণ্ড রেগে আছে কোনো কারণে। কাব্যের চোখের সাথে চোখ মিলতেই চলে যাচ্ছিল স্রোত। ডাকল কাব্য,
"স্রোত..."
থেমে গেল স্রোতের পা জোড়া। এই চেনা পরিচিত পুরুষালি কণ্ঠস্বর কানে আসলেই কেমন বশীভূত, মন্ত্রের ন্যায় তার আদেশ মানতে বাধ্য হয় সে। কেন এমন হয়, স্রোত নিজেও জানে না। এই যে কাব্য ওকে ডাকল, চাইলেও কোনোভাবে উপেক্ষা করতে পারছে না স্রোত। অথচ অন্য কেউ ডাকলে নির্দ্বিধায় সে চলে যেতে পারত। স্রোত তাকাল কাব্যের মুখপানে। কাব্যের তাকানো অনুসরণ করে তাকাল ইথিকাও। স্রোতের চোখের দিকে তাকাতেই থমকাল সে। এগিয়ে যেতে চেয়েও গেল না। কাব্য বারণ করলেও ইথিকা ওর রুমে গিয়ে সব কিছুই নেড়েচেড়ে দেখত। চোখ বুলাতো পুরো রুমে। কখনো কখনো আবার অগোছালো রুম গুছিয়ে দিত। একদিন কাব্যের স্টাডি রুমে কতগুলো হাতে আঁকা স্কেচ দেখেছিল ইথিকা কারো নীল চোখ ছাড়া কিছুই দৃশ্যমান ছিল না ছবিতে। প্রত্যেকটা ছবির নিচের সুন্দর করে নীলাম্বরী নামটা লিখা। ইথিকা জানত না এই নীলাম্বরী কে,তবে বুঝে নিয়েছিল কাব্য তার পছন্দের কারোরই ছবি এঁকেছে এতো যত্ন করে। স্রোতকে সামনে থেকে দেখে বারবার ইথিকার মনে হচ্ছে, ছবির মেয়েটার চোখ হুবহু ওর সামনে দাঁড়িয়ে থাকা স্রোতের মতো। তবে কি কাব্যের নীলাম্বরী এই মেয়ে? কাব্যের কণ্ঠস্বর কানে আসায় ভাবনায় ছেদ পড়ল ইথিকার। কাব্য স্রোতকে ডেকে বলল,
"কফি নিয়ে আয়।"
সাথে সাথেই উত্তর দিল স্রোত,
"পারব না।"
কাব্য মনে মনে হাসছে,স্রোত বুঝি জেলাস হলো! তার মানে, স্রোতও পছন্দ করে কাব্যকে! একটু হলেও করে, নইলে ওর পাশে অন্য কাউকে দেখে এমন রাগ করে সে? কাব্য এগিয়ে গেল স্রোতের কাছে। স্রোত পালাতে চাইলেই ওর হাত চেপে ধরল কাব্য। চোখ-মুখ কঠিন করে বলল,
"পারবি না মানে, পারতে হবে।"
স্রোত আগের তুলনায় চোখ মুখ আরও কঠিন করে তিক্ত গলায় বলল,
"পারব না মানে পারব না। হুকুম করবেন না আমাকে, আমি আপনার চাকর নই।"
কাব্য অবাক হচ্ছে স্রোতের কথায় এ মেয়ে এভাবে ঝাড়ি মেরে কথা বলছে ওর সাথে! অথচ কিছুক্ষণ আগেও এমন ছিল, কাব্যকে দেখলেই ভয়ে পালাত সে। স্রোত এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল কাব্যের থেকে। এ বাড়ি থেকে চলে যাবে বলেই পা বাড়াল সে। তখনই কানে এল ইথিকার কথা,
"এই মেয়েটা কে রে কাব্য? তোর বাসার সার্ভেন্ট বুঝি?"
স্রোত অপেক্ষা করল কাব্যের উত্তরের। এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট করে চার-পাঁচ মিনিট হয়ে গেল, কোনো উত্তরই দিল না কাব্য। অভিমান হলো স্রোতের। কাব্য কেন বলল না, স্রোত ওর বিয়ে করা বউ? নাকি তাকে বউ বললে সম্মান যাবে কাব্যের! হয়তো এমনটাই। এই মেয়েটার সাথেই বা কাব্যের কী সম্পর্ক? যে কাব্য স্রোতকেই নিজের রুমে পা রাখতে দেয় না, তার রুমে বাহিরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাও এতটা কাছাকাছি! মনের মধ্যে জমে রাগ অভিমান নিয়েই দৌড়ে নিচে চলে গেল স্রোত। সে আর এক মিনিটও থাকবে না এখানে। বিরক্তিকর লাগছে সবকিছু।
স্রোত চলে যাচ্ছে দেখে কাব্য পিছু নিতে চাইল ওর। আগের মতোই ইথিকা এসে পথ আটকাল কাব্যের। প্রচণ্ড রাগে চোখ দুটো লালবর্ণ ধারণ করল কাব্যের। প্রথমে নিজের মাথার চুলই খামচে ধরল। পরে আবার এদিক-সেদিক খুঁজে একটা শক্তপোক্ত ফুলদানি হাতে নিল। ইথিকাকে জানে মে'রে ফেলতে ইচ্ছে করছে ওর। মনের আশা রাখবে কেন? এই ভেবেই কাব্য তার হাতে থাকা ফুলদানি দিয়ে ইথিকার মাথায় আঘাত করতে চাইল। দুই হাত দিয়ে মুখ ঢেকে চিৎকার দিয়ে উঠল ইথিকা। রাহুল ছুটে এসে হাত ধরে আটকাল কাব্যকে, ভয়ে ভয়ে বলল,
"কি করছিস ভাই! পাগল হয়েছিস তুই? ও ইথিকা, আমাদের বন্ধু হয়।"
"কিসের বন্ধু! ওর জন্য আমার নীলাম্বরী চলে গেল! হয়তো আমাকে ভুল বুঝল। ওর চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, ইথিকা... আমি তোকে মে'রে ফেলব।"
কথাটা বলেই হাতের ফুলদানিটা দেয়ালে ছুড়ে মারল কাব্য। ইথিকার মনে প্রশ্ন জাগল, মেয়েটা কে? কেনই বা কাব্য ওর জন্য এমন করছে? ইথিকা নিজেকে স্বাভাবিক করে বলল কাব্যকে,
"মানে? ঐ মেয়েটা কে? ঐ মেয়ের জন্য তুই আমার সাথে এভাবে কথা বলছিস? অথচ আমি শুধু তোর জন্যই ছুটে এসেছি এত দূর।"
ইথিকার কথায় মেজাজ খারাপ হলো কাব্যের, রাহুলদেরকে আচ্ছামতো ধোলাই দিতে ইচ্ছে করল। ওদের কথা শুনেই হয়তো ইথিকা এসেছে এখানে! কাব্য রেগে-মেগে বলল সবার উদ্দেশ্যে,
"তোকে আসতে বলেছিলাম আমি? বেরিয়ে যা এক্ষুণি। তোরাও যা আমার বাসা থেকে। এক্ষুণি যা। আমার সামনে আসবি না কেউ।"
ইথিকার রাগ হচ্ছে, ঐ মেয়েটা এতো গুরুত্বপূর্ণ কাব্যের কাছে? কীভাবে বেরিয়ে যেতে বলছে সবাইকে! কাব্য রাগী, তবে কখনোই তো এতোটা খারাপ ব্যবহার করে না বাকিদের সাথে! আবারও প্রশ্ন করল ইথিকা,
"ঐ মেয়েটা কে? ওর জন্য তুই এমন করছিস কেন? আমাদের থেকে ঐ মেয়েটা তোর কাছে বেশি ইম্পরট্যান্ট হলো?"
"হ্যাঁ, ও আমার কাছে ইম্পরট্যান্ট। সবার থেকে বেশি ইম্পরট্যান্ট।"
কাব্য চিৎকার দিয়েই বলল কথাটা। বাকিরা ভয় পেলেও ইথিকা স্বাভাবিকই রইল। এই মেয়েটার সাথে কাব্যের সম্পর্ক কী, জানতে হবে ওকে। যে কাব্য তার কাছাকাছি কোনো মেয়েকে আসতে দেয় না, সে একটা মেয়ের জন্য আঠারো বছর বয়সী ছেলেদের মতো এমন পাগলামি করছে? বিষয়টা যে ভালো লাগছে না ইথিকার। কাব্য চলে যেতে চাইলেই বলল ইথিকা,
"হু ইজ শি?"
ঘাড় ফিরিয়ে তাকাল কাব্য। চোখ বন্ধ করে নীলাম্বরীর কথা ভাবল সে। চোখ-মুখের সেই গম্ভীর ভাব বজায় রেখেই বলল ইথিকাকে,
"শি ইজ মাই ওয়াইফ, মাই হোল ওয়ার্ল্ড, মাই হ্যাপিনেস। গট ইট?"
কয়েক পা পিছিয়ে গেল ইথিকা। এ কী শুনছে সে? স্রোত মেয়েটা কাব্যের বউ মানে! কাব্য ম্যারিড কবে হলো এসব? বিষয়টা সত্যি না মিথ্যা জানেনা ইথিকা তবে মিথ্যা হলেও অন্য কারো প্রতি কাব্যের এমন টান জেনে ইথিকার খারাপ লাগছে, এ বাড়িতে থাকলে দম আটকেই ম’রে যাবে সে। কাব্য বাসা থেকে বেরুনোর আগেই বেরিয়ে গেল ইথিকা। রাহুল সবটাই দেখল, কী বলবে বুঝল না সে। জানত, ইথিকা আসলেই এমন একটা ঝামেলা হবে। বাকি দুইজন বড় বড় চোখ করে একবার তাকাচ্ছে কাব্যের যাওয়ার দিকে, তো আরেকবার তাকাচ্ছে ইথিকার যাওয়ার পানে। এ ছেলে যে আপাদমস্তক পাগল আর পাষাণ, ভালো করেই জানে স্নিগ্ধ, লিয়া আর রাহুল। তবে এই ইথিকাকে শত চেষ্টা করেও বুঝাতে পারে না ওরা। এই যে এত কাণ্ড হলো, সেই বেহায়ার মতো আবার কাছ ঘেঁষবে কাব্যের। নিঃসন্দেহে বলতে পারে ওর বন্ধুরা, এ মেয়ে একশো পার্সেন্ট বেহায়া মেটারিয়াল! কাব্য রুমে গিয়ে নিজের কাপড়চোপড় চেঞ্জ করে বেরিয়ে গেল স্রোতকে খুঁজতে।
.
.
.
খাবার টেবিলে বসে আছেন বাড়ির সবাই। দীপ্তের প্লেটে মাছের মাথাটা দিতে যাচ্ছিল দোয়েল, তখনই দুই হাত উঁচিয়ে মানা করে বলল দীপ্ত,
"না না, আমি ব্যাঙ খাব না। তুমিই খাও।"
দোয়েল চোখ দুটো বড় বড় করে তাকিয়েছে দীপ্তের দিকে। অন্য হাতে ভাত লেগে আছে ওর, নইলে খাবার সময় এমন কথা বলায় ছোটখাটো একটা থাপ্পড় দিত দীপ্তের গালে। ছোট্ট কোয়েল ভাইয়ের দিকে তাকিয়ে ছিল ড্যাবড্যাব করে। ওর মাথায় ঘুরতে থাকা প্রশ্নটা করেই ফেলল অবশেষে,
"তুমি তো কিছুই চিনো না ভাইয়া! এটা তো মাছের মাথা, ব্যাঙ আসল কোথা থেকে?"
"আরে পিচ্ছি, তুই কি জানিস মাছ ব্যাঙ খায়, দোয়েল আপু মাছ খায়, তার মানে দোয়েল আপু ব্যাঙ খায়! দীপ্ত এসব পচা খাবার খায় না। এগুলো দোয়েল আপুর খাবার, সেই খাক।"
দীপ্তের আম্মু দাঁড়িয়ে ছিলেন ছেলে মেয়ের পাশেই। দোয়েল উনাকে বলল,
"চাচি, রান্নাঘর থেকে খুন্তিটা নিয়ে আসো তো! আজ দীপ্তের দার্শনিকগিরি ছাড়াব আমি।"
হেসে উঠলেন দীপ্তের আম্মু আর কোয়েল। দীপ্ত চোখের চশমাটা ঠিক করে খাবারের প্লেট হাতে নিয়ে দৌড়ে পালাল নিজের রুমে।
.
.
.
ফোনের স্ক্রিনের দিকে চোখ রেখেই হেঁটে যাচ্ছে ধ্রুব, মাত্রই ভার্সিটি থেকে বেরুলো সে। পাশেই মেডিকেল কলেজ, তাহিয়া ওখানে পড়াশোনা করে। ধ্রুবের কথাটা মাথায় আসতেই দাঁড়িয়ে পড়ল, গেটের দিকে চোখ বুলালো সে,হয়তো তাহিয়ার খোঁজ করছে মনে মনে। ওদের দুজনের চিন্তাভাবনা, পছন্দ সবই আলাদা, পড়াশোনাও আলাদা আলাদা স্কুল-কলেজ থেকে, তবুও কীভাবে যেন বন্ধুত্ব হয়ে গেছে দুজনের মধ্যে। বন্ধুত্বটা প্রথমে হয়েছিল তাহিয়ার দিক থেকেই। ধ্রুব একদিন বিপদে পড়েছিল বাইক এক্সিডেন্ট করে একা রাস্তায় পড়ে ছিল রক্তাক্ত অবস্থায়। আশপাশ দিয়ে গাড়ি চলাচল করছিল, দুয়েক একজন মানুষের যাতায়াতও ছিল, দেখেও কেউ সাহায্য করেনি ওকে।ঐ বৃষ্টি বাদলার দিনে তাহিয়া মেয়েটা ছুটে এসেছিল কোথা থেকে, ধ্রুবকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল সে। তাহিয়ার আব্বু ঐ গ্রামের ডাক্তার ছিলেন, বাসায় নিয়ে গেলে ট্রিটমেন্ট করে সারিয়ে তুলেছিলেন ধ্রুবকে। ধ্রুবের আজও মনে আছে সেদিনের কথা।
কিছুক্ষণ অপেক্ষা করে ধ্রুব যখনই পা বাড়ালো, কেউ দৌড়ে এসে ওর ডান পাশে দাঁড়ালো, হাঁটল ধ্রুবের হাঁটার সঙ্গে তাল মিলিয়ে। ধ্রুব হয়তো বুঝল, ওর পাশাপাশি কে হাঁটছে, তবুও তাকাল না সে। এমনভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এই মুহূর্তে ফোন ঘাটাঘাটি করাই তার প্রধান কাজ! তাহিয়া বিরক্ত ধ্রুবের কাজে, ওর হাতে থাকা ফোনটা কেড়ে নিয়ে বলল,
"এই মনোযোগটুকু আমার দিকে দিলেও তো পারিস! তাকিয়ে দেখ, আমি শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে?"
ধ্রুব মাথা ঘুরিয়ে তাকাল তাহিয়ার দিকে। পা থেকে মাথা পর্যন্ত দেখল ওকে, সাদা রঙের সুন্দর একটা শাড়ি পড়েছে তাহিয়া, মাথার সিল্কি চুলগুলো সব খুলে রাখা। মুখেও হালকা মেকআপ! আজ তাহিয়ার কলেজে প্রোগ্রাম ছিল, সেজন্যই হয়তো সেজেছে এভাবে! ধ্রুব তাহিয়ার মাথার চুলগুলো এলোমেলো করে বলল ওকে,
"সব সময় সাদা পরে মেঘ সাজিস কেন? মাঝেমধ্যে নীল শাড়ি পরে নীলাঞ্জনা ওতো হতে পারিস!"
"তোর নীল পছন্দ? কিন্তু আমি তো জানি সাদা পছন্দ!"
"আমার পছন্দে কি আসে যায়?"
কথা বলল না তাহিয়া। মনে হলো নিজের কথার জালে নিজেই ফেঁসেছে সে। কথা কাটাতে বলল ধ্রুবকে,
"আচ্ছা ধ্রুব, তোর কেমন কেমন মেয়ে পছন্দ?"
হাঁটা থামাল ধ্রুব,চোখ বুলালো চারিপাশে। আজ প্রকৃতি শান্ত। চারদিকের পরিবেশও সুন্দর, তেমন রোদ নেই, আবার ঠান্ডাও নেই। পাখি আর প্রজাপতি উড়াউড়ি করছে।আশেপাশে থাকা ফুল গাছ গুলোতে রংবেরঙের ফুল ফুটেছে।বাতাসে মিশে গেছে শিমুল-পলাশের গন্ধ। সময়টাই তো এমন বসন্তের আগমনে চারিদিক যেন সতেজ হয়ে উঠেছে। এই মন ভালো করার মতো পরিবেশে ধ্রুবও মন খারাপ করে থাকতে পারল না। তাহিয়া একই প্রশ্ন আবার করল,চোখ বন্ধ করে কার কথা যেন ভাবল ধ্রুব, মুচকি হেসে বলল তাহিয়াকে,
"বউ খুঁজে দিবি?"
"হ্যাঁ দিব,তুই আগে বল কেমন মেয়ে পছন্দ।"
ধ্রুবের তো তো পছন্দ স্রোতের মতো নরম মনের মেয়ে। ওর বৈশিষ্ট্য গুলোই বলল তাহিয়াকে,"ফুলের মতো স্নিগ্ধ আর পবিত্র যে। মন ভোলানো হাসির অধিকারী আর লম্বা কালো কেশগুচ্ছ থাকবে যার। সবার সাথে মিশে যাওয়ার আলাদা একটা গুণ থাকবে তার মধ্যে।"
তাহিয়া শুনল সবটাই, একটু আগেই মুখে থাকা খুশি খুশি ভাবটা এখন আর নেই। কি যেন ভেবে মন খারাপ হলো ওর। ধ্রুবের দেওয়া বর্ণনার সাথে একজনেরই মিল পাচ্ছে তাহিয়া সে হলো স্রোত! তবে কি ধ্রুব কোনোভাবে স্রোতকে পছন্দ করে? জিজ্ঞেস করবে একবার? নিজের ভাবনা সত্যি কিনা জানতেই প্রশ্ন করল তাহিয়া,
"সে নিশ্চয়ই কোনো উপন্যাস প্রেমি অষ্টাদশী! তার চোখের মণি নীল হবে,তাই না?"
কথায় কথায় বলে ফেলল ধ্রুব,
"হুম।"
তাহিয়ার মুখটা ঢেকে গেল ঘোর অন্ধকারে। কিছুক্ষণ আগে ধ্রুবের প্রশংসায় যতটা উৎফুল্ল হয়েছিল ওর মন, ততোটাই খারাপ হলো এখন, ধ্রুবের মনে অন্য কারো বসবাস শুনে! তাহিয়ার যে কষ্ট হচ্ছে ধ্রুবকে সে ভালোবাসে ওদের দেখা হওয়ার সেই প্রথম দিন থেকেই! আপাতত তাহিয়াকে যেতে হবে এখান থেকে, চোখের আড়াল হতে হবে ধ্রুবের। এটা সেটা কত বাহানা দেখিয়ে চলে গেল তাহিয়া। ধ্রুব অবাক চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। মনে হচ্ছে, মেয়েটা কিছু আড়াল করার জন্যই পালালো ওর থেকে!
.
.
.
কাব্য স্রোতকে খুঁজতে খুঁজতে পেয়েও গেলো, কিন্তু যে অবস্থায় পেলো তার জন্য হয়তো প্রস্তুত ছিল না সে। স্রোতের হাত ধরে ওকে মাটি থেকে টেনে তুলেছে রেজওয়ান, তারপর থেকেই সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছে দুজনে। প্রায় মিনিট পাঁচেক হলো কাব্য গাড়িতে বসে দেখে যাচ্ছে এ দৃশ্য। আশেপাশে লোকজনের অভাব নেই, সবার সামনে ঝামেলা করতে চাইল না কাব্য, অপেক্ষা করল রেজওয়ানের চলে যাওয়ার। কিন্তু এত সময় ধরে কী এত কথা বলছে ওরা? কাব্যের ধৈর্যের বাঁধ ভাঙল আর সহ্য হচ্ছে না ওর। মাথাটা এমনিতেই খারাপ হয়ে আছে,নির্ঘাত মাথার তার ছিঁড়েছে সমস্ত সিস্টেম এলোমেলো হয়ে গেছে। রেজওয়ান স্রোতের হাত ধরল কেন? স্রোতই বা কেন ওর হাত ধরে উঠলো? রেজওয়ানের এই হাত অকেজো করে দিতে পারলেই শান্তি পাবে কাব্য! সাথে স্রোতকে বুঝাবে ওর থেকে পালিয়ে আসার শাস্তি! কাব্যের ভাবনাগুলো সত্যি না হওয়া পর্যন্ত মাথার তারটা কোনওভাবেই জোড়া লাগবে না।
কাব্য গাড়ি থেকে নামল, হেঁটে এসে দাঁড়াল স্রোত আর রেজওয়ানের সামনে। তখনও স্রোত খেয়াল করেনি কাব্যকে। আচমকাই হাতে টান পড়ল স্রোতের চমকে তাকাল সে।দেখল রাগান্বিত চেহারার কাব্যকে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে কাব্যের এমন ভাবে তাকিয়ে আছে স্রোতের দিকে মনে হচ্ছে চোখের চাহনি দিয়েই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে ওকে। স্রোত তীব্র রাগের আভাস পাচ্ছে কাব্যের এই চাহনিতে!
® আফরোজা আঁখি।
#চলবে.......
ভুল চোখে পড়লে ধরিয়ে দিবেন।
আমার সকল ই-বুক লিংক কমেন্টে—--❤️🦋