ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 16

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [১৬]

রাতের আঁধারে ঢেকে গেছে চারিপাশ। জনমানবের উপস্থিতি নেই রাস্তাঘাটে। দিনের আলোয় শহর যেমন ঝকমকে হয়ে উঠে কর্মব্যস্ত মানুষ ছুটে কাজের তাগিদে, রাতের অন্ধকারে ঠিক ততটাই নিস্তব্ধ হয়ে যায়, কোলাহল কমে যায় চারিপাশের।
তাহিয়া মেয়েটা ট্রমার মধ্যে আছে, কী হয়েছে ভালো করে বলতেও পারছে না ধ্রুবকে। কিন্তু মনের মধ্যে আগের মতো ভয় কাজ করছে না ওর, ধ্রুবকে পেয়ে একটু হলেও সাহস পেয়েছে সে। ধ্রুব তাহিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আদুরে গলায় বলছে ওকে,
'তানু, কী হয়েছে আমাকে খুলে বল? ভয় নেই, আমি আছি তো।'

তাহিয়া কান্না করছে আর বলছে,
'আমার ভয় করছে ধ্রুব।'

ধ্রুব শক্ত করে জড়িয়ে ধরল তাহিয়াকে, একহাত ওর পিঠে রেখে অন্য হাত দিয়ে মাথার এলো মেলো চুল গুলো ঠিক করে দিল বলল মিষ্টি হেসে,
'কিসের ভয়? আমি থাকতে তোর কিছুই হবে না। পুরো দুনিয়া তোকে ভুল বুঝলেও আমি বুঝব না, তানু। তুই বল আমাকে কী হয়েছে।'

তাহিয়া মাথা তুলে তাকাল ধ্রুবের মুখটার দিকে। ধ্রুব ছেলেটা দেখতে মাশাল্লাহ, তাহিয়ার কল্পপুরুষ যেমন ধ্রুব ঠিক তেমনই। এই ছেলেটাকে তাহিয়া ভালোবাসে, সবার থেকে বেশি ভালোবাসে। তাই দ্বিধাবোধ করল না ধ্রুবকে কিছু বলতে।
_____________________
তাহিয়ার আব্বু প্রতিদিন এই সময়টাতে গ্রামের হাসপাতালেই থাকেন, আসতে রাত হয় উনার। বাসায় অবশ্য এক ভদ্রমহিলা থাকেন। তিনি সেই ছোটবেলা থেকেই দেখাশোনা করেছেন তাহিয়ার। তাহিয়ার আম্মু না থাকার কষ্ট ঐ ভদ্রমহিলাকে পেয়ে ভুলে গেছে। তবে আজ তিনি আসেননি, কোনো কারণে হয়তো আসতে পারেননি। বাইরের আবহাওয়া দেখে মনে হচ্ছিলো বৃষ্টি আসতে পারে, তাহিয়া একটা পলিথিন নিয়ে বাবার বাইকটা ঢেকে আসতে গিয়েছিল, তখনই কোথা থেকে তিন চারটা ছেলে এসে ঘিরে ধরল ওকে। সবগুলোকে দেখে হচ্ছিলো মদ খেয়ে মাতাল হয়ে এসেছে একেকজন। ওদের মধ্যে থাকা এক ছেলে গায়ে হাত দিতে যাচ্ছিল তাহিয়ার, তাহিয়া রাগে আর ঘেন্নায় কোনোকিছু না ভেবেই চড় বসিয়ে দিয়েছে ছেলেটার গালে।

সাথে সাথেই ছেলেটা আক্রমণ করল ওকে। বাঘের মতো থাবা বসালো ওর শরীরে, আশেপাশের বাড়িগুলোতে তখন একটা মানুষের উপস্থিতি নেই, মহিলারা নিজেদের ঘরোয়া কাজে ব্যস্ত আর পুরুষগুলো বাইরে। ভয়ে আতঙ্কে চিৎকার করল তাহিয়া, কারো কানে গেল না ওর গলার স্বর। নিজেকে বাঁচিয়ে ছেলেগুলোর থেকে পালিয়ে যেই না রুমে ঢুকবে, ওরাও তখন ওর পিছু নিল। তাহিয়ার মনে হচ্ছিল সে বিপদের অথৈ জলে,এক্ষুণি বুঝে সতীত্ব হারাবে নিজের। নিজেকে বাঁচানোর জন্য প্রাণপ্রনে চেষ্টা করল তাহিয়া গলা ফাটিয়ে চিৎকার দিল সে। কিন্তু ঐ সময়টাতে চেনা পরিচিত কেউই ছিল না আশেপাশে। ছেলেগুলোর খারাপ দৃষ্টি ছিল ওর উপরে। একেক জনের একেক কথা শুনে ঘেন্না লাগছিল তাহিয়ার। নিজের সম্মান বাঁচাতে ভেবেছিল, সে নিজেকেই মে'রে ফেলবে। ওদের মধ্যে থাকা যে লোকটাকে তাহিয়া চড় মেরেছিল, সে একটু একটু করে এগিয়ে আসল ওর দিকে। পিছুতে পিছুতে তাহিয়ার পিঠ গিয়ে ঠেকলো ড্রেসিং টেবিলের সাথে। হাত দিয়ে খুঁজে একটা কাচের গ্লাস পেল সে, সজোরে আঘাত করল ছেলেটার মাথায়। সাথে সাথেই লোকটার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ল। রাগে গর্জে উঠে বলল ছেলেটা,
'শালী, তুই আমাকে তেজ দেখাচ্ছিস? আমার গায়ে হাত তুলেছিস? তোকে যে শাস্তি পেতে হবে!'

তাহিয়া কাঁপছে, ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলছে লোকটা,
'আ...এগুবেন না আমার দিকে।'

মুহূর্তেই লোকটার ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠলো। একটু একটু করে তাহিয়ার দিকে এগোতে লাগল সে, একটানে খুলে নিল ওর গলায় জড়ানো ওড়নাটা। দুই হাত দিয়ে নিজের বুক ঢেকে নিল তাহিয়া। লোকটা ওর গায়ে হাত দিতে নিলেই তাহিয়া চিৎকার দিয়ে উঠলো, মুহূর্তেই চোখ-মুখ কুঁচকে বন্ধ করে নিল সে।

কিছুক্ষণ না যেতেই কোনো কিছুর বিকট শব্দ আসল তাহিয়ার কানে, সাথে আসল ওর সামনে দাঁড়িয়ে থাকা লোকটার আর্তনাদ। মাথা তুলে তাকালেই দেখল, ওদের দরজার সামনে কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে তাহিয়ার দিকে এগুচ্ছিল যে লোকটা, তার হাতে গুলি লেগেছে, অন্য হাত দিয়ে ঐ হাতটা চেপে ধরেছে সে। পাশের দুই-তিনটা ছেলেও ভয় পেয়েছে। পুলিশ অফিসাররা মিলে সবগুলোকে টেনে হিচড়ে নিয়ে গেল উনাদের সাথে। তাহিয়াকে মহিলা কনস্টেবল গুলো শান্ত হতে বলল। ভালো ভাবে ওকে পর্যবেক্ষণ করলে বুঝল উনারা ঠিক টাইমেই এসেছেন তাহিয়ার কোনো ক্ষতি হয়নি৷ তবে প্রচন্ড ভয়ে পেয়েছে সে। কথা বলাই যেন ভুলে গেছে। মহিলা পুলিশগুলো চলে যাচ্ছিলেন যাওয়ার আগে জানালেন তাহিয়াকে, ওরা জেলকাটা আসামী, কোর্টে নিয়ে যাওয়ার সময়ই মাঝ রাস্তা থেকে পালিয়েছিল। তারপর থেকেই ওদেরকে খুঁজে চলেছেন পুলিশ অফিসাররা। শেষমেশ এখানে এসে পেলেন। তাহিয়াকে তাঁদের সাথে নিয়ে যেতে চাইলেও গেল না সে। আল্লাহর রহমতে বেঁচে গেছে ঠিকই, কিন্তু মনের মধ্যে ভয় রয়ে গেছে তার। এক পা নড়ানোরও সাহস পাচ্ছেনা সে।

তাহিয়ার আব্বু, আব্দুর রাহমান সাহেব, দাঁড়িয়ে ছিলেন দরজার সামনে। উনার সাথে গৃহকর্মী এক ছেলে ছিল। সবটা শুনলেন দুজনেই। মেয়ের কান্নারত কণ্ঠ শুনে ভড়কে গিয়েছিলেন আব্দুর রাহমান। ধ্রুবকে তিনি চেনেন, ধ্রুব যে তাহিয়ার কোনো ক্ষতি করবে না এও জানেন। ফিরে যেতে চেয়েও মেয়ের কথা কানে আসায় থেমে গেলেন তখন। না চাইতেও শুনে নিলেন তাহিয়ার সব কথা। চিন্তায় আর অস্থিরতায় হঠাৎই বুকের ব্যথাটা বাড়ল উনার। বুকে হাত দিয়ে বসে পড়লেন মেঝেতে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা ডেকে উঠলো তাহিয়াকে,
'তানু আপা, তাড়াতাড়ি আসেন। চাচার বুকের ব্যথা বাড়ছে।'

পরিচিত কণ্ঠস্বর শুনে দ্রুত দরজার দিকে তাকাল তাহিয়া। দেখল নিজের বাবাকে। বুকের ভেতরটা কেঁপে উঠলো ওর। এই পৃথিবীতে যে তাহিয়ার বাবা ছাড়া আর কেউ নেই, উনার কিছু হলে ম'রেই যাবে সে। তাহিয়া দ্রুত ছুটে গেল বাবার কাছে, কান্নারত কণ্ঠেই বলল সে,
'আব্বু, তোমার কিছুই হবে না। আমি এক্ষুণি তোমাকে হসপিটালে নিয়ে যাব।'

মেয়েকে শান্ত করতে আব্দুর রাহমান মলিন হাসলেন, কাঁপা কাঁপা হাতটা দিয়ে মেয়ের মাথা স্পর্শ করে বললেন,
'আমাকে ক্ষমা করো মামুনি, আমি এই সময় বাড়িতে থাকলে এত কিছু হতো না।'

ধ্রুবের চোখ মুখে চিন্তার ভিড় জমিয়েছে। তাহিয়াকে সরিয়ে দিয়ে ওর আব্বুকে ধরাধরি করে বিছানায় তুলল। আশ্বাস দিয়ে বলল,
'চিন্তার কিছুই হয়নি আঙ্কেল, তানু ঠিক আছে। আপনি একটু ধৈর্য ধরুন, আমি ডাক্তার ডেকে আনছি।'

ধ্রুব চলে যেতে চাইল, থেমে গেল তাহিয়ার আব্বুর কথা শুনে,
'অনেক কিছু হয়েছে, বাবা। ও তো মেয়ে। মেয়েদের গায়ে একবার কলঙ্ক লাগলে কী হয়, জানো না তুমি? ওকে আমি বিয়ে দিব কীভাবে? আমার মেয়েটার গায়ে যে কলঙ্ক লেগেছে!'

তাহিয়া কাঁদছে, বাবার পাশে দাঁড়িয়ে। আশেপাশের বাড়িগুলো থেকে কয়েকজন ভদ্রমহিলা এসেছেন এর মধ্যে। পুলিশ যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, তখনই বাইরের লোকজন জানাজানি হয়ে গেছে এখানে কী ঘটেছে। তাহিয়ার আব্বুকে দেখার নাম করে অনেকেই এসেছেন, শুরু করেছেন কানাঘুষা। ধ্রুব শুনছে সবটাই। একেকজনের একেক কথায় বিরক্ত সে। মানুষগুলো এমন কেন? বিপদের সময় এসে সাহায্য করেনা আর বিপদ কাটিয়ে উঠলেই বদনাম শুরু করে! মানুষ জাতি ভিষণ খারাপ।ধ্রুব দীর্ঘশ্বাস ছাড়ল, কী যেন ভেবে তাহিয়ার আব্বুর হাতটা ধরল চোখের ইশারায় উনাকে শান্ত হতে বলল। সবার মুখ বন্ধ করতে পরক্ষণেই আবার বলে উঠলো,
'তানুর বিয়ে হবে, আঙ্কেল। আমি বিয়ে করব ওকে।'

আরও কত কী বলে ধ্রুব বোঝালো তাহিয়ার আব্বুকে। ধ্রুব ছেলেটাকে উনি পছন্দ করেন অনেক আগে থেকেই। মেয়ের মনেও যে ধ্রুবের প্রতি ভালোবাসা আছে, এও অজানা নয় উনার। ধ্রুবকে বারবার বললেন উনি, যেন বাধ্য হয়ে উনার মুখের দিকে তাকিয়ে বিয়েটা না করে। ধ্রুবের উত্তর একটাই ছিল সে তাহিয়াকে বিয়ে করতে চায়, ওর সম্মান রক্ষা করার জন্য হলেও বিয়ে করতে চায়! বন্ধু হিসেবে ধ্রুবের দায়িত্ব এটা। ধ্রুবের এমন কথায় মুগ্ধ হলেন আব্দুর রাহমান, ওর আশ্বাস পেয়ে নিজেকে শান্ত করলেন তিনি। তাহিয়াকে ওর আব্বুর খেয়াল রাখতে বলে বেরিয়ে গেলো ধ্রুব। নিজের কয়েকজন বন্ধুকে কল দিয়ে আসতে বলল এখানে। তাহিয়ার আব্বু উনার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে পাঠালেন উনার কাছের কয়েকজনকে ডেকে আনতে। সবকিছু তো টজিক হলো কিন্তু তাহিয়ার মন জুড়ে বিষন্নতা। কি হচ্ছে কিছুই যেন মাথায় ঢুকছে না তার। তাহিয়া ছলছল চোখ জোড়া নিয়ে তাকিয়ে আছে ধ্রুবের যাওয়ার দিকে।
ধ্রুব যে ওকে বন্ধু ছাড়া কিছুই ভাবে না, এটা তাহিয়া ভালো করেই জানে। দুইটা মানুষের মধ্যে ভালোবাসা না থাকলে বিয়ে কী করে হয়? ধ্রুব নিশ্চয়ই তাহিয়ার অসহায়ত্ব আর ওর আব্বুর মুখের দিকে তাকিয়ে এই বিয়েটা করতে চাইছে! এমন বিয়ে তো তাহিয়া চায়নি। সে চেয়েছিলো জাঁকজমকপূর্ণ বিয়ে, ধ্রুব শেরওয়ানি পরে মাথায় মুকুট লাগিয়ে বিয়ে করতে আসবে ওকে। তাহিয়া অপেক্ষা করবে লাল বেনারসি শাড়ি পরে বউ সেজে। কিছুই কি তবে সত্যি হবে না? এমন হঠাৎ বিয়েতে কি ধ্রুবের মনে তাহিয়ার প্রতি ভালোবাসা জন্মাবে? বেশ অনেক্ষন বাবার পাশটায় দাঁড়িয়ে কথাগুলো ভাবল তাহিয়া। ভাবনায় ছেদ পড়ল ওর কিছুক্ষণের মধ্যেই ধ্রুব আসল ওর বন্ধুদের নিয়ে। সাথে আসলেন কাজী সাহেব।
.
.
.
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় সকাল ৯টা। হাতে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন সাবরিনা বেগম, মাহতাব সাহেব উনার ঠিক পাশেই বসে আছে, নজর উনার হাতে থাকা খবরের কাগজটার দিকে। শরীর খানিকটা ভালো হয়েছে উনার, হাঁটাচলা করতে পারেন এখন। আজ ঘুম থেকে উঠেই ছেলে-মেয়েদের খোঁজ করেছেন মাহতাব সাহেব, কেউ-ই বাড়িতে নেই। কাব্য আর ধ্রুব দুজনেই কাল থেকে বাড়ি ফেরেনি। কাব্যের ফোনে কল দেওয়ার সাহস নেই বাড়ির কারোর, তাই ওর বন্ধুদের ফোনে বেশ কয়েকবার কল দিয়েছেন, কিন্তু কাউকেই পাননি। ধ্রুবকেও বারবার কল দিয়ে যাচ্ছে দোয়েল, একবারও ফোন তুলছে না সে। সাবরিনা বেগমের মনটা কু গাইছে বার বার মনে হচ্ছে উনার ছেলেরা বিপদে পড়েছে!পরক্ষণেই আবার কতো কিছু বলে নিজের মনকে বোঝাচ্ছেন তিনি।

দোয়েল ভার্সিটিতে গেলো মাত্রই, দীপ্ত আর কোয়েলও গেলো ওর সাথে। যাবার পথে ওদের স্কুলে নামিয়ে দিয়ে তারপর ভার্সিটিতে যাবে দোয়েল। অফিস সামলান মাহফুজ সাহেব আর সাবরিনা বেগমই, তবে বেশ কিছুদিন ধরেই অফিসের সব কাজ মাহফুজ সাহেবের উপরেই ছেড়ে দিয়েছেন উনি। স্বামীর অসুস্থতার জন্য বাড়িতেই আছেন কিছুদিন যাবত। ফোনের রিংটোন কানে আসতেই ধ্যান ভাঙল সাবরিনা বেগমের। স্রোতের কলেজ থেকে বারবার কল আসছে সাবরিনা বেগমের ফোনে, কখনো কোনো না কোনো টিচার, কখনো আবার স্রোতের বন্ধুরা কল দিয়ে যাচ্ছে। সামনেই ওর টেস্ট এক্সাম, এদিকে এত কিছুর চক্করে স্রোত কতগুলো ক্লাস মিস দিয়েছে। সাবরিনা বেগম উঠে গেলেন। সিঁড়ি বেয়ে কাব্যের রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন উনি, ভাবলেন স্রোত এখানেই আছে। দরজা খোলাই ছিল, ঠেলে ভিতরে চোখ বুলালেন তিনি। কপালে ভাঁজ পড়ল উনার, স্রোতের কোনো ক্ষতি হলো না তো? কাব্য যেখানে ইচ্ছে যাক, কিন্তু স্রোত? ও কোথায় গেলো? সাবরিনা বেগম দৌড়ে গেলেন স্রোতের রুমে। দরজা খোলাই ছিল, তবুও নক করলেন তিনি। স্রোত ঘুম জড়ানো কণ্ঠে বলল,
'কে?'

'ভেতরে আসব স্রোত? আমি তোমার ফুপি বলছি।'

স্রোত দ্রুত উঠে বসল। মাথার খোলা চুলগুলো খোপা করে নিল, বিছানা থেকে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে গিয়ে দাঁড়ালো ফুপির সামনে। সাবরিনা বেগম চোখ-মুখে গম্ভীর ভাব নিয়ে এসে বললেন স্রোতকে,
'এই বাড়ির কেউ-ই এত দেরিতে ঘুম থেকে উঠেনা, স্রোত। জানো নিশ্চয়ই?'

স্রোত উপর-নিচ মাথা নাড়াল, যার উত্তর হ্যাঁ। সাবরিনা বেগম বড় করে নিঃশ্বাস নিলেন, বললেন স্রোতকে,
'ফোন কোথায় তোমার? কলেজ থেকে বার বার কল আসছে খেয়াল আছে সেদিকে?'

স্রোতের মনে পড়ল সেদিনের কথা। কাব্য ভাই তো রাগ করে সেদিন ফোন ভেঙে দিল ওর। এরপর থেকেই স্রোতের কাছে কোনো ফোন নেই। ফুপির মুখের দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে বলল স্রোত,
'ফোন নেই।'

'নেই মানে? হারিয়ে ফেলেছো?'

'না।'

'তাহলে?'

স্রোত কি বলবে বুঝল না। চুপ করেই রইলো সে। গায়ের ওড়নাটা আঙুলে পেঁচাচ্ছে বারবার। সাবরিনা বেগম আবারও জিজ্ঞেস করলেন একই কথা। স্রোত কিছু বলতে নিলেই থেমে গেলো কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে,
'ফোন নেই কারণ আমি চাই না স্রোত ফোন ইউজ করুক।'

কাব্যের এমন ত্যাড়া কথায় মেজাজ খারাপ হলো সাবরিনা বেগমের। ঘুরে তাকালেন উনি। কাব্য দাঁড়িয়ে আছে উনার থেকে কিছু দূরে, মাথার অনেকটা জায়গা নিয়ে সাদা কাপড়ের ব্যান্ডেজ বাঁধা ওর। রাগ চলে গেলো সাবরিনা বেগমের, চোখ মুখে ভিড় জমালো চিন্তারা। কাব্যের দিকে এগিয়ে গিয়ে বললেন উনি,
'মাথায় ব্যান্ডেজ কেন কাব্য? কী হয়েছে তোমার?'

কাব্য কিছু একটা ভেবে হেসে উঠলো,বলল সাবরিনা বেগমকে,
'আমার মতো অমানুষের জন্য চিন্তা হয় আপনার?'

'এভাবে বলছো যে? তুমি আমার ছেলে না হলেও ছেলের মতোই, কাব্য। তোমার আর ধ্রুবের মধ্যে কখনোই আমি কোনো তফাৎ করিনি। তোমরা দুজনেই আমার ছেলে।'

কাব্যের হাসি পাচ্ছে সাবরিনা বেগমের কথা শুনে। মাহতাব সাহেব তখন দেখেছিলেন কাব্য ঠিক মতো হাঁটতে পারছে না। ছেলেটা মাথায় হাত দিয়ে চোখ-মুখ কুঁচকে উপরে উঠছিল তখন। চিন্তায় তিনিও এসেছেন কাব্যের পিছু পিছু। সাবরিনা বেগমের কথা শেষ হলেই মাহতাব সাহেব ছেলের কাছে গিয়ে চিন্তিত কণ্ঠে বললেন,
'কি হয়েছে বাবা? ঠিক আছো তুমি?'

মাহতাব সাহেব হাত দিয়ে ছুঁতে চাইছিলেন কাব্যের মাথা। কাব্য সরে গেলো, চোখ-মুখ কঠিন করে বলল,
'ম'রি'নি আমি।'

কথাটা বলে এক মিনিটও দাঁড়ায়নি কাব্য, চলে গেছে নিজের রুমের দিকে। স্রোত দেখল সবটাই। কাব্য ভাইয়ের মুখে ম'রে যাওয়ার কথা শুনে বুকের ভিতরটা কেঁপে উঠলো ওর। স্রোত যেতে চাইল কাব্যের পিছু পিছু, সাবরিনা বেগম ওর হাত ধরে আটকালেন। চোখ দিয়ে শাসালেন যেন না যায় কাব্যের কাছে।কাব্য কীভাবে যেন বুঝে নিল বিষয়টা। দরজার সামনে গিয়ে আবার ফিরে তাকাল সে। চোখ-মুখে রাগের আভাস তার। কাব্যের রুমের দরজার সামনে একটা ছোট্ট টেবিল রাখা ওটাতে সুন্দর একটা ফুলদানি রাখা আছে অতিরিক্ত রাগে কাব্য ওটাই ছুড়ে ফেলেছে মেঝেতে। সাথে সাথে ঝনঝন শব্দ তুলে ভেঙে গেছে ফুলদানিটা, কোনো কিছু ভাঙার শব্দ পেলেই সাবরিনা বেগম তাকালেন সেদিকে। নজরে আসল কাব্যের রাগান্বিত মুখটা,ওর রাগত্ব চেহারার দিকে তাকাতেই ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠলো সাবরিনা বেগমের। সাথে সাথেই ছেড়ে দিলেন স্রোতের হাত।

মাহতাব সাহেবের বুকের যন্ত্রণাটা বাড়ল হুট করেই। তড়িঘড়ি করে সাবরিনা বেগম উনাকে নিয়ে গেলেন রুমে। স্রোত ফুপির সাথে উনাদের রুমে গেলো। উনি যা যা বললেন, তাই করল সে। ডাক্তারকে কল দিল, সাথে দোয়েল আর মাহফুজ সাহেবকেও।
সাবরিনা বেগম বেশ কিছুক্ষণ দেখলেন স্রোতকে। ফ্যানের বাতাসে গায়ে জড়ানো ওড়নাটা এলোমেলো হলো স্রোতের। তখনই সাবরিনা বেগমের চোখ গেলো ওর ঘাড়ের দিকে। কী যেন ভেবে লজ্জায় মাথাটা নুইয়ে ফেললেন উনি। তখনই স্রোত বলে উঠলো ফুপিকে,
'আমি যাই ফুপি?'

সাবরিনা বেগম চোখ-মুখ শক্ত করলেন, গম্ভীর কণ্ঠে বললেন স্রোতকে,
'যাও। তোমার বর তখন ডাকল, কথা না শুনলে আবার তুলকালাম কাণ্ড বাধাবেন গম্ভীর পুত্র!'

ফুপির সম্মতি পেতেই আস্তে আস্তে পা ফেলে বাইরে গেলো স্রোত। এদিক-সেদিক না তাকিয়ে ছুটে গেলো কাব্যের রুমের দিকে। তখন কাব্যকে ওভাবে দেখে কষ্ট হচ্ছে ওর, কেন এমন কষ্ট হচ্ছে সে নিজেও জানে না। শুধু জানে কাব্য ভাইকে দেখতে হবে। ওর তৃষ্ণার্ত চোখ দুটোকে শান্ত করার জন্য হলেও কাব্য ভাইকে দেখতে হবে।
স্রোত এসে দাঁড়িয়েছে কাব্যের রুমের দরজার সামনে। ডাক্তার ওর পায়ের ব্যান্ডেজ খুলে আবারও নতুন করে ব্যান্ডেজ করে দিলেন, বললেন এই অবস্থায় বেশি হাঁটাচলা না করতে। কাজ শেষে ব্যাগপত্র হাতে নিয়ে চলে গেলেন ডাক্তার সাহেব।
স্রোত এগিয়ে গেলো, দরজার সামনে দাঁড়িয়েই উঁকিঝুঁকি মারছিল কাব্যের রুমে। কাব্য কোনোভাবে দেখে নিয়েছে ওকে, নিজের চেহারার গম্ভীর ভাব বজায় রেখেই বলছে,
'স্রোত, এদিকে আয়।'

স্রোত হাঁ করে তাকিয়ে রইলো কিছু সময়। অবাক হলো সে, লুকিয়ে থাকার পরেও কাব্য ভাই ওকে বারবার দেখে ফেলেন কী করে? স্রোত এবার কিছুটা এগিয়ে এল, বলল কাব্যকে,
'আসব না।'

'আসতে হবে।'

'উঁহু।'

স্রোত চলে যাবে বলে পা বাড়াতেই কাব্য গম্ভীর কণ্ঠে বলে উঠেছে ওকে,
'স্রোত, যাবি না বলছি। আমি ধরতে পারলে থাপ্পড় খাবি কিন্তু! কাছে আয়!'

স্রোত আজ সাহস পেয়েছে। ডাক্তার তো একটু আগেই বলে গেলো কাব্যের পায়ের অবস্থা খারাপ, যেন বিছানা থেকে না উঠে। স্রোত যাই করুক, কাব্য ভাই কি ওকে থাপ্পড় মারতে পারবে?
স্রোত মনে হয় সুযোগ পেলো কাব্যকে জব্দ করার। দুষ্টুমিতে ভরা হাসি ওর অধরে জুডে, বলল কাব্যকে,
'থাপ্পড় দেওয়ার জন্য তো আপনাকে বিছানা থেকে উঠতে হবে। পারবেন উঠতে? চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ুন, স্বপ্নে না হয় স্রোতকে থাপ্পড় মারবেন।'

কথাটা বলেই দাঁত কেলিয়ে হাসি দিল স্রোত। কাব্য ওদিকে রেগে-মেগে তাকিয়ে আছে ওর দিকে, এমন হাবভাব যেন ধরতে পারলেই চিবিয়ে খাবে স্রোতকে। আজ কাব্যের এই রাগান্বিত চেহারা দেখে ভয় হলো না স্রোতের। কাব্য ভাইকে জব্দ করতে পেরে আনন্দ হচ্ছে তার। রাস্তায় এক বস্তা টাকা কুড়িয়ে পেলেও এত আনন্দ তার হতো না। স্রোত যেই না কাব্যের রুমের বাইরে পা রাখল, কানে আসল কারো গুঙানির শব্দ। স্রোতের মস্তিষ্ক বলছে কাব্য ভাই ভালো নেই। পায়ে বা মাথায় কী ব্যথা পেলেন উনি?
দৌড়ে গেলো স্রোত, কাব্যের পাশটায় বসে ওর গালে হাত স্পর্শ করে বলল চিন্তিত কণ্ঠে,
'কি হয়েছে আপনার? কোথায় লেগেছে? আমাকে বলুন!'

'বললে কি করবি?'

'মেডিসিন এনে দিব।'

কাব্য মনে মনে হাসল, এই মেয়েটা এত ভাবে ওকে নিয়ে? কাব্য স্রোতের হাতটা ধরে ওর বুকের বাম পাশটায় রাখল, ঘাড় কাত করে নীলাম্বরীর নীল চোখ দুটোর সাথে চোখ মিলিয়ে বলল,
'এখানে ব্যথা করছে, নীলাম্বরী। মেডিসিন এনে দাও।'

স্রোত শান্ত হলো, তাকিয়ে রইলো ওর সামনে বসে থাকা কাব্য ভাইয়ের সুন্দর মুখটার দিকে। লোকটার চোখ-মুখে এক ফোঁটা রাগ নেই। কেমন মুগ্ধ দৃষ্টিতে, ঘায়েল করা হাসি দিয়ে তাকিয়ে আছে স্রোতের দিকে। এই চাহনি, এই কণ্ঠস্বর, এই হাসিতে পাগল হতে বাধ্য যেকোনো মেয়ে। স্রোতের মনেও যে রঙিন প্রজাপতি উড়তে শুরু করেছে! বারবার মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছে কাব্য ভাইয়ের নাম। ভালোবাসতে ইচ্ছে করছে এই গম্ভীর মানুষটাকে।
এই মুহূর্তে স্রোতের মনে হচ্ছে, ওর জীবনের সব থেকে অমূল্য সম্পদ ওর কাব্য ভাই। কাব্য ভাই তো সহজে মিশে না কারো সাথে, ভালোবাসে না কাউকে ওর প্রতি হঠাৎ এমন সুন্দর আচরণের মানে কী? কাব্য ভাই কি তবে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করল স্রোতকে? কিন্তু কাব্য ভাইয়ের মুড চেঞ্জ হতে তো সময় লাগে না! স্রোত কি তবে বেশিই ভাবছে? ধ্যান ভাঙলো স্রোতের, কাব্য ডেকে বলল আবারও,
'মেডিসিন এনে দিবি?'

স্রোত দ্রুত উঠে গেলো, কাব্যের থেকে নিজের হাত ছাড়াতে সক্ষম হলো সে। কিছু দূর গিয়ে বলল,
'এই অসুখের মেডিসিন কোথায় পাব? চল চাতুরী করে কাছে ডাকলেন যে। থাপ্পড় মারবেন?'

কাব্য আগের মতোই তাকিয়ে বলল স্রোতকে,
'মারব না। কাছে আয়।'

স্রোতের ক্ষমতা নেই কাব্যের এই ডাক উপেক্ষা করার। তবুও কোনোমতে সে সামলালো নিজেকে। এই কাব্য ভাইয়ের হাতের থাপ্পড়ের কেমন স্বাদ, সে তো জানে! জেনে শুনে বাঘের গুহায় পা রাখে কে? স্রোত চলে যাচ্ছিলো কাব্যের রুম থেকে, কাব্য ডাকলেই ওকে বলল,
'আসব না আপনার কাছে।'

এই প্রথম স্রোত কাব্যের কথা না শুনলেও সে রাগল না, হাসল স্রোতের চঞ্চলতা দেখে। ওর যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বলল,
'আমার সব অসুখের মেডিসিন তুমিই, নীলাম্বরী। আমার মন খারাপের কারণ তুমি, আবার মন ভালো করার ঔষধও তুমি।তুমিই তো আমার সব, কাব্যের স্বপ্নলোকের নীলাম্বরী তুমি।'

® আফরোজা আঁখি।
#চলবে.....
#চলবে...
ই-বুক লিংক কমেন্টে—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 16 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন