ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 36

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [৩৬]

'ফিরতে ফিরতে অনেকটা দেরি গেল দোয়েলের। সবটাই হলো রাহুলের জন্য! রাহুল দোয়েলকে নিয়ে এই রাতের বেলায় নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল!ওখানে একটা সুন্দর চায়ের দোকানও আছে, মন ভালো করার মতোই পরিবেশ বলা চলে!দোয়েল অতি আনন্দে তখন কিছুই বলেনি রাহুলকে, কিন্তু বাড়ির গেটের সামনে আসতেই কেমন একটা অস্বস্তি কাজ করছে মেয়েটার মনে। ফিরতে দেরি হওয়ায় ওর ভাইয়েরা কী না ভাবছে, এই ভেবেই দোয়েলের এত অস্বস্তি হচ্ছে। রাহুলের দিকে তাকাল না দোয়েল। সে পা বাড়াল চলে যাবে বলে,ওমনি দোয়েলের হাতটা ধরে নিল রাহুল। দোয়েল খানিকটা বিব্রত হলো। এদিক-ওদিক তাকিয়ে নিজের হাতটা রাহুলের থেকে ছাড়ানোর চেষ্টা করে বলছে দোয়েল-
"ছাড়ুন, কেউ দেখলে সর্বনাশ হবে!"

ওমনি চোখ মেরে বেসুরে গলায় গান গেয়ে উঠল রাহুল-
'ধার ধারিনা পাড়া পরশীর,
ধার ধারিনা কারোর,
প্রেমের পথে আসবে বাধা,
আসতে পারে ঝড়ও!
তবু যদি পরাণ বন্ধু
আমার পানে চায়....

'দোয়েল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে রাহুলের দিকে। এই ছেলেটার কি মাথায় সমস্যা? শেষে কিনা এক পাগলকে মনে ধরল দোয়েল বেচারির! কিন্তু কী আর করার, একবার যখন মন দিয়ে ফেলেছে,পাগল হোক আর ভালো ও মেনে নেবে সবটাই!

___________________
'রাত তখন গভীর। পুরো আরণ্যক ম্যানশন শান্ত। সবাই-ই হয়তো ঘুমিয়ে পড়েছেন! তাহিয়ার চোখটা মাত্রই লেগেছে, নগ্ন পেটে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল মেয়েটা। তবে চোখ খুলে তাকাল না সে, স্বপ্ন ভেবেই ঘুমিয়ে পড়ল আবারও। কিন্তু এ কী হচ্ছে! যত সময় বাড়ছে, কারো হাতের অবাধ্য বিচরণ আরও পাগল করে তুলছে তাহিয়াকে।ঘুমের ঘোরেই বলে উঠল তাহিয়া-
"আহ... ধ্রুব! ঘুমোতে দে আমায়।"

'ধ্রুব একপ্রকার বিরক্তি নিয়েই সরে গেল অন্য দিকে। তাহিয়ার গায়ে থাকা ব্ল্যাংকেটটা এক টানে নিয়ে নিজের শরীর ঢাকল সে। বিড়বিড় করে বলল-
"ষ্টুপিড একটা! জন্মের ঘুম ঘুমিয়ে নে তুই।"

'তাহিয়া কি শুনল ধ্রুবের কথা?হয়তো না, সে তো গভীর ঘুমে আচ্ছন্ন।শুনবে কি করে? ঘুমের ঘোরেই সে জড়িয়ে ধরল ধ্রুবকে। ধ্রুব প্রথমে রাগ দেখিয়ে সরে যাচ্ছিল, পরে আবার কী যেন ভেবে ঘুরে তাকাল। ব্ল্যাংকেট দিয়ে তাহিয়ার শরীরটা ঢেকে দিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়াল কপালে। প্রেয়সীকে জড়িয়ে ধরে চোখ বুজল সে।

___________________
'রাতের অন্ধকার কেটে গিয়ে সূচনা হয়েছে নতুন ভোরের। প্রকৃতিতে আগমন ঘটেছে শীতের। এক কুয়াশাচ্ছন্ন ভোরে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে মধু। কিছুক্ষণ আগেই সে সুনেহরাকে বাড়িতে রেখে এসেছে। আনোয়ার সাহেব রাগারাগি করেছিলেন সুনেহরার ওপর, কিন্তু মেয়েটা যে সেন্সলেস অবস্থায় ছিল, সে শুনেনি বাবার ধমকাধমকি। মধু এটা-ওটা বলে তাকে বাঁচিয়ে নিয়েছে আবারও! সুনেহরার জ্ঞান ফিরতেই মধু ওদের বাসা থেকে বেরিয়ে গেছে। বিষয়টা গৃহকর্মীর থেকে জেনেছে সুনেহরা! দেরি না করে মেয়েটা বেরিয়ে গেল বাড়ি থেকে। গেট পেরিয়ে রাস্তায় আসতেই দেখা পেলো মধুর। ছেলেটা সিগারেট টানছে মনোযোগ দিয়ে।এই সাধ সকালে মধুর ঠোঁটের ভাঁজে সিগারেট দেখে বিরক্ত হলো সুনেহরা।কাছে গিয়ে সিগারেটটা ফেলে দিল সে।মধু হাঁটা থামিয়ে রাগী চোখে তাকাল সুনেহরার দিকে। হাত উঁচিয়ে চড় মারতে চেয়েও থেমে গেলো। তবে রামধমক দিয়ে বলল-
"থাপ্পড় খাবি কিন্তু!"

সুনেহরা নিজের গালটা বাড়িয়ে দিয়ে বলল-
"দে থাপ্পড়!"

মধু বিরক্ত হলো ভীষণ! কথা না বাড়িয়ে চলে যাবে বলে পা বাড়াল সে। মধু কয়েক পা এগিয়েও গেছে, এদিকে সুনেহরা কল্পনা করছে—-'ওর গালে থাপ্পড়ের বদলে গাঢ় চুম্বন এঁকেছে মধু! মেয়েটা কল্পনা করেই আনন্দিত হলো! কিন্তু যখনই বুঝল এ তার কল্পনা, মনটাই যেন ভেঙে গেল। তড়িঘড়ি করে পা বাড়াল সুনেহরা, মধুর হাত ধরে বলল-
"আরেহ ভাই,কথা শুনবি তো!"

'মধু বিরক্তি ভঙ্গিতে তাকাতেই বলল সুনেহরা-
"বাড়ি চল, চা-কফি কিছু একটা বানিয়ে দিই। এই সাধ সকালে সিগারেট টানছিস কেন?"
"ইচ্ছে করেছে তাই। জ্বালাস না তো আমাকে।"

'সুনেহরা খানিকক্ষণ তাকিয়ে রইল মধুর কালচে ঠোঁটের দিকে। তারপর কী যেন ভেবে বলল-
"তবে যাই হোক,তোর কালচে খয়েরী ঠোঁট দুটো বেশ আকর্ষণীয় লাগছে! আমার চুমু খেতে কোনো অসুবিধা নেই!"

'মধু এবার শক্ত করে চেপে ধরল সুনেহরার হাত। মেয়েটা ওর দিকে তাকাতেই বলল-
"তুই র‌্যাবের বড় পদের কোনো এক অফিসার!তাই না? আর আমি কে জানিস? বললাম না সেদিন! আমি কিলার, আমি ড্রাগস,অস্ত্রোপাচার এগুলোর মতো খারাপ কাজের সঙ্গে জড়িত। তুই পুলিশ স্টেশনগুলোতে খুঁজে নে,সব জায়গায়,সব পুলিশ স্টেশনে আমার নামে একটা না একটা মামলা পেয়ে যাবি।বুঝতে পারছিস আমি কতটা ক্ষতিকর তোর জন্য?আমার কাছে আসিস না,সুনেহরা, আমি হলাম জলন্ত আগুন। আমার কাছে আসলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি তুই।"
"আগুন নয় দিব্য,তুই জলজ্যান্ত নেশা যা আমার পুরো শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে।আমি তোকে ছাড়া একটা মুহূর্তও কল্পনা করতে পারি না।কেন বুঝিস না আমাকে? একবার বল না, ভালোবাসিস! আমি নিজের স্বপ্নের চাকরি,শখ,সব ছেড়ে দেব তোর জন্য। আমরা একসাথে দূরে কোথাও চলে যাব না হয়।"

'মধু অপলক তাকিয়ে আছে সুনেহরার দিকে। মেয়েটার চোখের ভাষা বলছে,ও মধুকে ভালোবাসে।কিন্তু সুনেহরা যে সেই ছোটবেলা থেকে চাকরি করতে চায়!সে নিজের মায়ের মতো হতে চায়! যে মেয়েটা নিজের বাবাকে লুকিয়ে এতগুলো দিন ধরে কাজ করে যাচ্ছে নিষ্ঠার সাথে সে কিনা মধুর জন্য সব ছেড়ে দেবে! মধুর মনে হলো,ও ভ্রমের মধ্যে আছে।ও ভুল ভাবছে, সুনেহরা ওকে ভুল বুঝাতে চাইছে।এই ভেবেই এক ধাক্কায় সুনেহরাকে নিজের থেকে সরিয়ে দিল মধু।গম্ভীর কণ্ঠে বলল-
"এত নাটক করছিস কেন? বললেই পারিস! তুই আমাকে শেষ করবি বলেই ভালোবাসার নাটক করছিস!"
"শেষ করব না,দিব্য। আমি নতুন করে গড়ব তোকে। আমার ভালোবাসা দিয়ে তোর জীবনের সব অন্ধকার দূর করে দেব আমি!"
"আমার এসবের প্রয়োজন নেই, সুনেহরা।তুই, তোর ভালোবাসা কোনো কিছুরই প্রয়োজন নেই আমার।"
"তোর আমাকে প্রয়োজন না হলেও, আমার তোকে ভীষণ প্রয়োজন, দিব্য। যতটা প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন!"

'মধুর চোখ মুখে গম্ভীর ভাব!ওর প্রতি সুনেহরার এত ভালোবাসা কি সত্যিই? নাকি পুরোটাই অভিনয়! মধু ঘাড় কাত করে অপলক তাকিয়ে আছে ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। ও কিছু বলার আগেই সুনেহরা এগিয়ে এসে হাত চেপে ধরল মধুর মুখে। চোখ বুজতেই গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। সেদিকে খেয়াল না করে বলল-
"আমার কথা শেষ হয়নি, দিব্য। আমাকে বলতে দে! আমার তোকে প্রয়োজন, যতটা প্রয়োজন শ্বাসকষ্টের রোগীর জন্য ইনহেলার!"

'সুনেহরার এমন আবেগী কথা গলাতে পারল না মধুর মনকে। মধু গা ছাড়া ভাব নিয়ে এগিয়ে গেল নিজের মতো। সুনেহরা ভীষণ কষ্ট পেল। মেয়েটা মন ভার করে দাঁড়িয়ে রইল ওখানেই। পরক্ষণেই আবার ভাবল—-'ওর মতো চঞ্চল, উড়নচণ্ডী মেয়ের মুখে দুঃখী ভাবটা মানায় না!সুনেহরা নিজেকে স্বাভাবিক করল। হাঁটতে শুরু করল মধুর পিছু পিছু। অনেকটা পথ চলে এসেছে ওরা। আস্তে আস্তে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। কুয়াশাচ্ছন্ন সুন্দর সকালে একটা টং দোকানে গিয়ে বসল মধু। ও দোকানিকে কিছু বলবে, তার আগে ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল সুনেহরা-
"মামা... কড়া করে দুই কাপ রঙ চা দিন।"
"তোর লম্বা নাকটা সামলে রাখ! সব কিছুতে নাক গলাতে আসবি না। জানিস না আমি এসব লাল চা টাল চা খাই না।"
"দুধ চা খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, দিব্য!"
"হোক ক্ষতি!"

'বলেই দোকানিকে নির্দেশ দিল মধু। উনিও শুনলেন ওর কথা। কিছু সময় ব্যয় করে এক কাপ রঙ চা আর এক কাপ দুধ চা নিয়ে এলেন। সুনেহরা আবার ওর চায়ের কাপটা পালটে নিয়ে আসল। মধুর ঠিক পাশে বসে বলল-
"আচ্ছা, ঠিক আছে! আমিও আস্তে আস্তে তোর পছন্দগুলোকে নিজের পছন্দ বানিয়ে নেব। ব্যাপার না।"

মধু পর্যবেক্ষন করল সুনেহরাকে গমগমে কন্ঠে বলল-
"আমরা দুই মেরুর দুটো মানুষ!আমাদের এক হওয়া সম্ভব নয়, মিছে মিছে ঢং করিস না তো!"

সাথে সাথেই উত্তর এল সুনেহরার থেকে-
"কে বলল এক না? এই যে তোর দুটো কান, চোখ, হাত আর পা আছে, সেইম সেইম আমারও আছে।আমি মানুষ, তুইও মানুষ। তোর মনে আমার প্রতি ভালোবাসা আছে,আর আমার মনে তোর প্রতি।আর কিসের মিলের কথা বলছিস তুই?"

'সুনেহরার বকবকানিতে মধুর কানের ঝালাপালা অবস্থা! মেয়েটাকে কোনোভাবেই বুঝাতে না পেরে হতাশ হলো বেচারা। কী যেন ভেবে বলল তখন-
"আমাদের মধ্যে কত অমিল! তোর সঙ্গে আমার যায় বল? আমাদের দুজনের স্কিন টোনটাই দেখ না! আমাকে বিয়ে করলে মানুষ তোকে বলবে—‘এমন কালো ছেলেকে কেন বিয়ে করেছিস?’ কী বলবি তখন?"

'মধু ছেলেটার গায়ের রঙ শ্যামলা। ওকে কোনোভাবেই কালো বলা যায় না, তবুও সে নিজেকে কালো দাবী করে। সুনেহরা বুঝে পায় না, এসব বলে মধু কি শান্তি পায়! তবে সুনেহরা যে এই শ্যামবর্ণের সুদর্শন মানবটিকে বড্ড ভালোবাসে! ওর চোখের চাহনি, সুন্দর হাসি,সবই যে মুগ্ধ করে সুনেহরাকে! মধু চোখের ইশারায় আবারও প্রশ্ন করল ওকে। সুনেহরার অধরকোণে ফুটে উঠলো হাসির রেখা।হাতে থাকা চায়ের কাপটা কাঠের কাঠের বেঞ্চে রেখে মধুর এলোমেলো চুলের ভাঁজে হাত বুলিয়ে গান গাইল সে,

'কালো যতন কালো রতন,
কালো জগৎ আলো
এই কালা' রে দেখতে
আমার এত লাগে ভালো!

গান থামাল সুনেহরা। মন ভোলানো একটা হাসি দিয়ে মধুর মাথার এলোমেলো চুলের ভাঁজে আবারও হাত বুলাল সে। উঠে চলে যেতে যেতে বলল
"তুইও আমাকে ভালোবাসবি,দিব্য, যতটা ভালো আমি তোকে বাসি!"

'মধু নিষ্পলক তাকিয়ে আছে মেয়েটার যাওয়ার পানে।সুনেহরা কবে এমন হলো! কবে থেকে এত পাগল হলো মধুর প্রতি! এগুলো কি সত্যিই নাকি নাটক! কিছুই যে বুঝতে পারছে না মধু।

___________________
'সকালের আলো জানালার পর্দা ভেদ করে রুমে আসতেই চোখ মুখ কুঁচকে নিল স্রোত। বিরক্তি নিয়ে ফিরে তাকাতেই দেখল, কাব্য দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের আয়নার সামনে। পরনে স্যুট-কোট,মাথার চুলগুলো আজ আর এলোমেলো নেই, সুন্দর করে ব্যাক-ব্রাশ করা।হাতে একটা দামী ঘড়ি।স্রোত পা থেকে মাথা পর্যন্ত দেখল কাব্যকে।মানুষটাকে আজ দারুণ লাগছে! স্রোত নিজেই নজর লাগিয়ে দেবে এমন অবস্থা। কিন্তু এত সকালে তো কাব্য ঘুম থেকে ওঠে না! আজ আবার নিজে থেকেই উঠে রেডি হয়েছে,কোথাও বেরোবে বুঝি!কোথায় যাবে কাব্য? স্রোত মুখে কিছু না বলে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকিয়ে রইল কাব্যের দিকে। কাব্য তখন তাকালো ওর নীলাম্বরীর মুখপানে। কাছে গিয়ে মেয়েটার পুরো মুখে চুমু দিয়ে বলল-
"শরীর ঠিক আছে? আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি।দোয়েলের সাথে হাসপাতালে যাবে। আমি তোমাদের ওখান থেকে বাড়ি নিয়ে আসব।"

'স্রোত আস্তে করে উত্তর দিল-
"তার প্রয়োজন নেই। আপনি যাচ্ছেন কোথায়?"
"কাজে।"
"কিসের কাজ?"
"আছে কিছু দরকারি কাজ!তোমাকে এত জানতে হবে না। যা বললাম মনে থাকবে?"

স্রোত বাধ্য মেয়ের মতো মাথা নাড়াল দুইদিকে,আস্তে করে বলল-
"হুম।"
"যাচ্ছি তা...."

'পুরো কথাটা বলতে দিল না স্রোত, হাত দিয়ে চেপে ধরল কাব্যের মুখ। কাব্য ভ্রু কুঁচকালেই বলল-
"যাচ্ছি বলতে নেই,আসছি বলুন!"

'কাব্য নিজের মুখের উপর থেকে স্রোতের হাত সরাল, মনে মনে হাসল সে। স্রোতের মধ্যে কেমন গিন্নি গিন্নি ভাব! ভালোই লাগছে কাব্যের। সে মুচকি হেসে বলল
"আসছি,নীলাম্বরী।"

~~~
'কোনো একটি আন্তর্জাতিক মানের আর্কিটেকচার ও কনস্ট্রাকশন ফার্মের সিইওর সাথে ধ্রুব আর ওর চাচা মাহফুজ সাহেবের আজ একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে।উনি প্রফেশনাল আর্কিটেক্ট!বিদেশ থেকে এ নিয়ে পড়াশোনাও করে এসেছেন। লোকটার বয়স খুব বেশি হলে কাব্যের মতোই হবে!এই অল্প বয়সে উনি দেশের এতো বড় বিজনেস সামলেছেন বিদেশে থেকেই।বাংলাদেশকে টেকসই, প্রযুক্তিনির্ভর শহরের পথে এগিয়ে নেওয়ায় জন্য এই তরুন প্রতিভাবান বিজনেসম্যান বিশেষ পুরুষ্কারও পেয়েছেন।লোকটাকে দেখার বড্ড ইচ্ছে ধ্রুবের। ওদের পরের প্রজেক্টে অর্থাৎ হাসপাতাল তৈরিতে উনার সহায়তা খুবই প্রয়োজন।তাই সুযোগটা হাতছাড়া করলেন না ধ্রুব আর ওর চাচা।লোকটা নাকি দেরি পছন্দ করেননা।সেজন্যই না খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন উনারা।

_____________________
"তুমিই সুনেহরা সিদ্দিকী?"

সামনের চেয়ারে বসে থাকা অপারেশন ডিরেক্টর কর্নেল রাশেদ হলেন র‍্যাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।উনিই প্রশ্নটা করলেন সুনেহরাকে। সাথে সাথেই মেয়েটা উত্তর দিলো -
"হ্যাঁ।"
"আমি আগেও তোমার বিষয়ে শুনেছি। কিন্তু এখানে এসে তো তোমার কাজের সাথে আমার শোনা কথার কোনো মিল পাচ্ছিনা!"

সুনেহরা ভড়কালো খানিকটা। কি বলতে চাইছে লোকটা?মেয়েটা গলা পরিষ্কার করে বলল-
"আমি কোনো ভুল করেছি স্যার?"
"তা করেছো!"
"কি করেছি?"
"কিছুদিন আগেই তুমি একটা অপারেশনে গেলে সেখানে গিয়ে অপারাধী শনাক্ত করতে পারলে না, নাকি ইচ্ছে করেই ছেড়ে দিলে?"
"সেটা তো বড় কথা নয়। মেয়েগুলোকে রেস্কিউ করে তাদের ঠিকানায় ফিরিয়ে দেওয়া হয়েছে।আর ঐ মুহূর্তে আমাদের কাজ ছিলো এতোটুকুই।

মুখে মুখে কথা বরাবরই অপছন্দ কর্নেল রাশেদের।তার মধ্যে আবার সুনেহরার এতো নাম ডাক শুনে ওর উপর লোকটা ক্ষেপে আছে।মুখে মুখে তর্ক করায় ধমক দিয়ে বলল লোকটা-

"তোমার কাজ কেবল মেয়েগুলোকে উদ্ধার করা ছিলো না।ট্রাক ড্রাইভারের কথামতো যে ছেলেটা মেয়েগুলোকে নিয়ে গিয়েছিলো তাকে খুঁজে বের করেছিলে?তুমি জানো সে কে?কি তার পরিচয়?আর কেনই বা এসব করল?এই বিষয় গুলো সম্পর্কে খুঁজ নিয়েছিলে?"

সুনেহরার চোখ দুটো বড় বড় হয়ে এল। শুকনো ঢোক গিলল মেয়েটা। সেদিন ও সন্দেহ করেছে ছেলেটা মধু! আসলেই ছেলেটা মধু।মেয়েগুলোর থেকেই সুনেহরা পরে এই খবরটা জেনেছে। তাই তো মধুর প্রতি ওর রাগ কিছুটা কমেছিল।মধু মেয়েগুলোকে বাঁচিয়েছে সেদিন।ও তো খারাপ কিছুই করেনি তাহলে সুনেহরা তাকে শাস্তি দিবে কেন? কথাটাই কর্নেল রাশেদকে বলতে যাচ্ছিলো সুনেহরা কিন্তু পরক্ষণেই মনে পড়ল মধুর কেস হিস্ট্রি ভালো না।পুলিশের খাতায় ওর নাম উঠেছে আগেই!ও ভালো করলেও হয়তো খারাপ ভাববে তাই মুখের কথা গিলে ফেলল সুনেহরা। রাগী চোখে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কর্নেল রাশেদ-
"কি হলো?কি বলতে চেয়ে থেমে গেলে?"
"কি... কিছুনা স্যার।"
"ছেলেটার ব্যাপারে খোঁজ নাও।"

সুনেহরা মাথা নেড়ে ছোট ছোট পা ফেলে চলে যাচ্ছিলো ওখান থেকে পিছু ডাকলেন কর্নেল রাশেদ-
"শুনো।"

সুনেহরা ফিরে তাকাল আস্তে করে বলল-
"বলুন!"
"তুমি সেদিন জঙ্গলের ভেতরের ঐ পুরোনো বাড়িটাতে কি করছিলে?তোমার কি একবারও মনে হয়নি ওটা কোনো খারাপ কাজের আস্তানা!"

'সুনেহরার ভেতরটায় ভয় ঝেকে বসল। কর্নেল রাশেদ কি কোনোভাবে অবগত মধুর কাজ সম্পর্কে!সেইজন্যই কি এতো এতো প্রশ্ন করছেন ওকে?লোকটা হয়তো আগেই খোঁজ নিয়েছে সুনেহরার সাথে মধুর সম্পর্ক কেমন এ বিষয়ে। তাই খুঁটিয়ে খুঁটিয়ে সবটা বের করছে।ওকে অপদস্ত করার সবরকম ফন্দী এঁটেই এসেছেন কর্নেল রাশেদ। সুনেহরা এবার স্বাভাবিক হলো। চোখ মুখ কঠিন করে বলল-
"এমন কিছু মনে হলে আমি নিজেই তদন্ত করতাম!"
"কিন্তু তুমি তা করোনি!"
"মানে?"
"তুমি কি জানো আমার পুলিশ বন্ধু কিছুদিন আগেই ঐ বাড়িতে তল্লাশি চালিয়েছে!ওর কাছে আসা তথ্য অনুযায়ী ঐ জায়গাটা ড্রাগস আর অস্রোপাচারের কাজে ব্যাবহার করা হয়। মৃত্যুপুরি বললেও কম হবেনা! শোনা গেছে কোনো এক মাফিয়া বসের যাতায়াত চলে ওখানে!লোকটার সম্পর্কে ঠিকঠাক প্রমাণ না পাওয়ায় পুলিশ এখনো ওকে গ্রেফতার করতে পারেনি। কিন্তু তুমি তো তাকে কাছ থেকে দেখেছো তাই না?আমাকে ইনফরমেশন দিতে পারবে অবশ্যই!"

'সুনেহরার চোখ মুখে নেমে এল অন্ধকার।মনে ভয় হলেও বাহির থেকে সে স্বাভাবিকই রইলো। কর্নেল রাশেদের কথার উত্তরে বলল-
"না আমি কাউকেই দেখিনি। আর না তো বাড়িটার ভেতরে ঢুকেছি।"
"কিন্তু আমি যে... অন্য খবর পেলাম!"
"ভুল খবর পেয়েছেন আপনি।"

'কর্নেল রাশেদ একটা ফাইল বাড়িয়ে দিলেন সুনেহরার দিকে। ফাইলটাতে মধু সম্পর্কে সমস্ত তথ্য আছে! সুনেহরা সেটা হাতে নিতেই বললেন উনি-
"ওকে। মেনে নিলাম ভুল খবর!তুমি এই ফাইলটা চেক করবে তবে তার আগে একটা কথা বলো।"
"কি কথা?"
"এই লোকটা সব রকম অপরাধচক্রের হেড!ড্রাগস, অস্ত্র, মানবপাচার, চাঁদাবাজি, বা অবৈধ ব্যবসা,এসবের পুরো নেটওয়ার্ক তার নিয়ন্ত্রণে আছে।সে নিজে কিছুই করেনা, অন্য লোকেদের দিয়ে করায়।তাই প্রমাণ জোগাড় করা কষ্টই হবে।এখন কথা হলো —'আমি যদি তোমাকে এই কেসটা তদন্ত কর‍তে বলি?যদি বলি মাফিয়া বসকে পুলিশের হাতে তুলে দিতে!তার সমস্ত অপরাধ সামনে আনতে!আনবে নিশ্চয়ই!"

'সুনেহরা বরাবরই তার কাজের প্রতি দায়িত্বশীল।ওর প্রফেশনাল কাজ একদিকে বাকি সব একদিকে।কিন্তু এবার যে এর সাথে জড়িয়ে আছে ওর হৃদয়ে থাকা মানুষটা।মেয়েটা কি করবে বুঝে পাচ্ছেনা কর্নেল রাশেদের ঠোঁটের কোণে বাঁকা হাসি।উনি সুনেহরার বিষয়ে ঠিকঠাক তথ্য নিয়ে তবেই এখানে এসেছেন!উনি মধুর বিষয়েও জানেন ছেলেটা অতন্ত্য ধুরন্দর! কতো কতো কেস তার নামে কিন্তু সঠিক প্রমাণের অভাবে শান্তি পাওয়া থেকে বেঁচে যাচ্ছে বার বার। সুনেহরার দিকে তাকালেন কর্নেল রাশেদ গমগমে কন্ঠের আওয়াজে প্রশ্ন করলেন-
"পারবে?"

সুনেহরা চোখ মুখ কঠিন করে উত্তর দিল-
"পারব।"

কথাটা বলে এক মিনিটও ব্যায় করল না সুনেহরা। গটগট করে হেঁটে বেরিয়ে গেলো সে।বাইরে তখন রাফসান সহ ওর বাকি কলিগরা অপেক্ষা করছিলেন।সবাই কিছু জিজ্ঞেস করতে চাইলে সুনেহরা হাত উঁচিয়ে থামিয়ে দিল ওদের।সকলেই বুঝল ওর মুড ঠিক নেই তাই কেউ আর বিরক্ত করল না।

[র‍্যাব সম্পর্কে আমার তেমন ধারণা নেই যতোটুকু লিখেছি গুগল আর জিপিটির হেল্প নিয়ে। তাই বলছি ভুল কিছু লিখে ফেললে ধরিয়ে দিবেন।]
___________________
'বড় আর নামী-দামী এক অফিসের সামনে এসে দাঁড়ালেন ধ্রুব আর মাহফুজ সাহেব। চকচকে কাঁচের দেয়ালের ওপরে সোনালি অক্ষরে লেখা—-'এ.কে. ইনস্ট্রাকশন অ্যান্ড ডিজাইন।’ নামের নিচে হালকা ধাতব প্লেটে ঝলমল করছে লোগোটা। ধ্রুব একবার তাকিয়ে নিল সেই নামফলকের দিকে। পর্যবেক্ষণ করল চারিপাশ ওদের অফিসের মতো ৩/৪ টা অফিস মিলিয়ে এই অফিসটা! দেখেই মনে হচ্ছে অফিসটা বড় আর কাজও ভীষণ ভালো! ধ্রুবের ভাবনার মাঝেই কেউ একজন এসে বলল-
"আপনাদের অনেকটা দেরি হয়ে গেছে। স্যার হয়তো এক্ষুণি বেরুবেন। আজ আর দেখা করবেন বলে মনে হয় না!"

ভ্রু কুঁচকালো ধ্রুব।উত্তর দিল লোকটার কথার-
"দেরি হয়েছে মানে? আমরা তো ঠিক টাইমেই এসেছি।"
"উঁহু! আপনাদের আসার কথা ঠিক ১১টায়, এখন বাজে ১১:০৫। আর স্যার মোটেও সময় অপচয় করা পছন্দ করেন না।"

'ধ্রুবের মেজাজ বিগড়ে গেল। রেগে কিছু বলতে গেলেই সামলে নিলেন মাহফুজ সাহেব। উনাদের প্রজেক্টটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ না হলে অনেক টাকা ক্ষতি হবে,তাই আজকে এই মিটিংটা খুবই প্রয়োজন। এই ভেবেই তিনি সামলে নিলেন সবটা। অনুরোধ করে রাজি করালেন দেখা করতে।

'ভেতরে যেতেই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালেন উনারা। নামকরা বিজনেসম্যান আর এ.কে. ইনস্ট্রাকশন অ্যান্ড ডিজাইনের সিইও আর কেউ নয়, কাব্য! কিন্তু কাব্য তো সেই ছোটবেলা থেকে আমেরিকায় ছিল,কবে এত বড় ব্যবসা দাঁড় করাল? মাহফুজ সাহেবের অবাকের সাথে এই কথাগুলোই বলতে নিচ্ছিলেন কাব্যকে।কিন্তু ধ্রুব উনাকে থামিয়ে দিয়ে বলল-
"আমরা কাজে এসেছি চাচ্চু। সামনের চেয়ারে তোমার ভাইপো নয়, এ অফিসের সিইও বসে আছেন। তাই এখানে কেবল কাজের কথাই হোক!"

ধ্রুবের কথায় মাথা নাড়লেন মাহফুজ সাহেব। কাজের কথাই বললেন কাব্যের সাথে। উনারা লক্ষ্য করলেন কাব্যকে ছেলেটা কি মনোযোগ দিয়ে পর্যবেক্ষন করছে সবটা। কিন্তু চোখ-মুখ দেখে বোঝা মুশকিল, উনাদের প্রস্তাবে কাব্য রাজি হবে কিনা! মিটিং শেষে কাব্য জানালো, সে ভেবে বলবে এই প্রজেক্ট নিয়ে কাজ করবে কিনা। প্রয়োজনীয় কথা বলে ধ্রুব আর মাহফুজ সাহেবও চলে গেলেন ওখান থেকে।

___________________
সময়টা সন্ধ্যা। মাত্রই বাড়ি ফিরল মধু। সাহেলা বেগমকে খুঁজে না পেয়ে উনার রুমের সামনে এসে দাঁড়িয়েছে সে। ভেতরে ঢুকবে তখন কানে এলো মায়ের কান্নারত কণ্ঠ। পুরো মেঝেতে বাচ্চাদের জামাকাপড় আর খেলনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সাহেলা ওগুলোতে চোখ বুলাচ্ছেন, কখনো আবার বুকে আগলে কান্না করছেন আর বলছেন-
"তুই কোথায় আছিস বাবা? আমি কোথায় খুঁজব তোকে! তোর অভাগীনি মায়ের যে মন কাঁদে তোকে একনজর দেখার আশায়!"

মধুর কপালে চিন্তার ভাঁজ! ও তো সারাক্ষণ ওর মায়ের চোখের সামনেই তাকে। তাহলে এভাবে বলছেন কেন? আর জিনিসপত্রগুলো তো মধুর নয়! ওর ছোটবেলার কোনো স্মৃতিই তো ওর আম্মুর কাছে নেই, তাহলে এগুলো কার? মধু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল মায়ের কাছে। মেঝেতে হাঁটু গেড়ে উনার ঠিক সামনে বসল সে। আস্তে করে ডেকে বলল-
"মাদার ইন্ডিয়া, তুমি কাঁদছো? কেন কান্না করছো তুমি? আমি আছি তো!"

সাহেলা বেগম মুখ তুলে তাকালেন মধুর দিকে। উনার ভড়কে যাওয়ার কথা হলেও উনি ভড়কালেন না। নিজেকে স্বাভাবিক করেই বললেন-
"তুমি থাকলেও আরেকজনকে যে আমি হারিয়ে ফেলেছি দিব্য! আমি তাকে কোথায় খুঁজব! সে যে আমার উপর অভিমান করে বসে আছে। আমি কি করে ভাঙাব তার অভিমান?"

মধু বুঝল না তার আম্মু কার কথা বললেন! চোখ-মুখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল সে-
"তুমি কার কথা বলছো আম্মু? এই জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, জামাকাপড় এগুলো কার?"

সাহেলা বেগম আবার তাকালেন উনার হাতে থাকা কাব্যের টি-শার্টের দিকে। টি-শার্টটা বুকে জড়িয়ে কান্না করে বললেন-
"তোমার আরেকটা ভাই আছে, দিব্য। তুমি পৃথিবীতে একা আসোনি,তোমরা দুই ভাই এসেছিলে আমার কোলে।কিন্তু আমার যে কপাল মন্দ!কাউকেই নিজের বুকে আগলে রাখতে পারিনি।প্রথমে তুমি হারিয়ে গেলে তারপর সে!"

মধু যেন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো। এ কি শুনছে সে! ওর আরেকটা ভাই আছে মানে? সে কোথায়! মধু আবারও প্রশ্ন করল ওর আম্মুকে-
"কি বলছ আম্মু? আমার আরেকটা ভাই আছে আর আমিই জানি না? তুমি কেন বলোনি আগে? সে কোথায় আছে?"

ক্রন্দনরত অবস্থাতেই বললেন সাহেলা বেগম-
"সে কোথায় আছে, আমি জানি না দিব্য।"

মধু বোকার মতো তাকিয়ে আছে ওর মায়ের দিকে। কি হচ্ছে, কিছুই যেন ওর মাথায় ঢুকছে না।মধু স্পষ্ট দেখছে ওর আম্মুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। উনার শ্বাস কষ্ট বেড়েছে। কান্না করতে করতে চোখ-মুখ কেমন লাল হয়ে গেছে। ওর যে সহ্য হচ্ছে না মায়ের কান্না। মধু ওর আম্মুকে জাপ্টে ধরল, মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলল-
"কেঁদো না আম্মু। আমি আছি তো! তুমি আমাকে সবটা বলো, আমি তাকে খুঁজে বের করব। এই যে কথা দিচ্ছি।"

'মায়ের হাত ধরে কথাটা বলল মধু। সাহেলা বেগম তাকালেন ছেলের দিকে। ওকে আজ সবটা খোলে বলা দরকার। ওর জানা দরকার নিজের মায়ের বিশ্রী অতীত সম্পর্কে!
___________________
'চারিদিকে নেমে এসেছে ঘন অন্ধকার।শীতের আগমনে রাস্তাঘাটে লেগেছে হালকা কুয়াশার আস্তর।দূর থেকে ভেসে আসছে গাড়ির হর্ন আর মানুষের গলার আওয়াজ।দিনের আলো মুছে গিয়ে রাতের সূচনা হয়েছে প্রকৃতিতে।

'আজ স্রোতকে নিয়ে দোয়েলের ডাক্তারের কাছে যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। রাহুলের বোন আর দুলাভাই এসেছিলেন আরণ্যক ম্যানশনে।দোয়েলের কাছে বিষয়টা অপ্রত্যাশিত ছিল বটে! কাব্য বাড়ি ফিরলেই উনারা ওর সাথে কথা বললেন। দোয়েলের আম্মু-আব্বু আর বাকিদের কাছে দোয়েলের আর রাহুলের বিয়ের প্রস্তাব দিলেন।

'সাবরিনা বেগম গম্ভীর স্বভাবের মানুষ,উনি প্রথমে কিছুই বলছিলেন না। তবে মাহতাব সাহেব আর বাকিরা ভীষণ খুশি হয়েছেন এই প্রস্তাবে। রাহুলকে উনাদের অনেক পছন্দ, তার উপর আবার কাব্যের বেস্টফ্রেন্ড!তাই আর কেউই আপত্তি করলেন না। তবে সাবরিনা বেগম কথা তুললেন রাহুলের কাজ নিয়ে। উনার ধারণা, রাহুল কোনো কাজকর্ম করে না।শুধু কি বিয়ে করে বাহিরে নিয়ে গেলেই হবে!বিয়ের পর সে দোয়েলের ভরনপোষণের খরচ চালাবে কী করে? কাব্য তখন হেসে বলল উনার উদ্দেশ্যে-
"রাহুল কাজকর্ম করে না কারণ ওর কাজ করার দরকারই পড়ে না! আমেরিকায় ওর নিজের একটা প্রোডাকশন হাউস আছে।সেখানে ডজন ডজন স্টাফ কাজ করে, ও কেবল ইন্সট্রাকশন দেয় আর ওরা সেটা ফলো করে। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিও সব ওদের কোম্পানি থেকেই বের হয়।ওটা আমেরিকায় রেজিস্টার্ড, কিন্তু ওদের কাজ বাংলাদেশেও চলে।আর এই কাজের জন্যই রাহুল আমার সাথে এখানে এসেছিলো! চিন্তা নেই শুধু দোয়েল কেন আপনি চাইলে আপনার ভরনপোষণের খরচও রাহুল চালাতে পারবে।"

শেষের কথাটা কাব্য এমন একটা ভাব নিয়ে বলল যে, স্পষ্টই বোঝা গেল খানিকটা খোঁচা দিল সাবরিনা বেগমকে। সাবরিনা বেগম রেগে গেলেও স্রোতের মুখের দিকে তাকিয়ে কিছুই বললেন না উনি। ড্রয়িংরুমে তখন বাড়ির সবাই উপস্থিত ছিলেন। কাব্যের কথা শুনে সকলেই চুপ করে গেলেন। কাব্য সোফা থেকে উঠে গটগট করে হেঁটে সিঁড়ি পর্যন্ত গেল। পিছু ফিরে আবারও ড্রয়িংরুমে চোখ বুলালো সে। দেখল, স্রোত দাঁড়িয়ে আছে তাহিয়ার ঠিক পাশে। স্রোতের পরনে একটা নীল রঙের জামা, মাথাটা ঢেকে রেখেছে ওড়না দিয়ে।মেয়েটার মিষ্টি মুখের দিকে তাকাতেই কাব্যের সমস্ত বিরক্তি আর ক্লান্তি মিলিয়ে গেলো। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ডাকল স্রোতকে-
"পাঁচ মিনিটের মধ্যে রুমে আসবি,স্রোত!"

'কাব্য কথাটা এমনভাবে বলেছে যে উপস্থিত সকলের কানে গেছে। সবার দৃষ্টি তখন স্রোতের দিকে। তাহিয়া আর দোয়েল তো মিটিমিটি হাসছে,এদিকে দীপ্ত কতো কিছু বলে যাচ্ছে।লজ্জায় মাথাটা নুইয়ে নিল স্রোত। কারও দিকে না তাকিয়ে সোজা চলে গেল নিজের রুমে।
~~~~
® আফরোজা আঁখি।
গ্রুপে জয়েন হবেন।আমার সব ই-বুক লিংক কমেন্টে—-

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 36 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন