ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 38

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [৩৮]

'ড্রাইভিং সিটে বসে থাকা কাব্য রক্তচক্ষু নিয়ে তাকাল রেজওয়ানের দিকে।গাড়ি থেকে নেমে পিছনে বসে থাকা রেজওয়ানের নাকে ঘুষি বসালো সে।সাথে সাথেই রেজওয়ানের নাক-মুখ দিয়ে বের হলো তরল পদার্থ।সেদিকে পাত্তা দিল না রেজওয়ান, পিশাচের মতো হাসতে শুরু করল সে। কাব্য যখনই ওর শার্টের কলারে ধরে টেনে বের করবে গাড়ি থেকে, তখনই রেজওয়ান বাঁকা হেসে হাতে থাকা রিভলবারটা স্রোতের পেটে ধরে বলল কাব্যকে -
"বাড়াবাড়ি করবি না কাব্য।তোর নীলাম্বরীর দিয়েছিলাম কেবল!তাতেই এমন করছিস?এবার যদি তোর নীলাম্বরীই না থাকে, বাঁচতে পারবি তো?"

'ভয়ে কাব্যের চোখ-মুখ শুকিয়ে কাঠ। অচেতন স্রোতের দিকে তাকালেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল।পরক্ষণেই আবার রেগে তাকাল রেজওয়ানের দিকে।প্রচণ্ড রাগে মুহূর্তেই ওর কপালের শিরা ফুলে উঠল।হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলল -
"দেখ রেজওয়ান,তোর সব রাগ তো আমার উপর,তাই না? আমার সাথে লড়াই কর।এসবের মধ্যে স্রোতকে টানছিস কেন?"
"কারণ তোর আর আমার ঝামেলার মূলে রয়েছে স্রোত! সবটাই তো ওর জন্য। আর শুন কাব্য, স্রোতকে আমি না পেলে তুইও পাবি না। স্রোতকে হারাবি, সাথে নিজের অনাগত বাচ্চাকেও!"

'সাথে সাথেই চিৎকার দিয়ে বলল কাব্য-
"না... আমাকে মা'র।আমার বাচ্চা বা স্রোতের কোনো ক্ষতি করবি না। ওদের কিছু হলে আমি তোকে বাঁচতে দিব না রেজওয়ান।"
"মে'রে ফেলিস, আমার যায় আসবে না।তবে শুনে নে কাব্য—' ম'রলে আমি স্রোতকে সাথে নিয়েই ম'রব।আমিও ওকে পাব না, তুইও পাবি না,বিষয়টা সুন্দর না?"

'কথাটা বলেই হাসতে শুরু করল রেজওয়ান।কাব্যের মেজাজ বিগড়ে গেছে ইতিমধ্যেই।তবুও নিজেকে কোনোভাবে শান্ত রাখল সে। এখন রাগ দেখাতে গেলেই স্রোতের আর বেবির ক্ষতি হবে। না, কাব্য বেঁচে থাকতে ওর বাচ্চা বা নীলাম্বরীর কিছু হতে দিবে না। রেজওয়ান সরতে বললেই কিছুদূরে সরে গেল কাব্য। এই সুযোগে ড্রাইভিং সিটে এসে বসল রেজওয়ান। কাব্য কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা স্টার্ট দিয়ে দ্রুত গতিতে চলে গেল হাসপাতালের সীমানা পেরিয়ে।কাব্যের গাড়িটা রাখা ছিল কিছু দূরেই।সময় নষ্ট না করে সে পিছু নিল রেজওয়ানের।

______________________
'পুরো হাসপাতাল তন্নতন্ন করে স্রোতকে খুঁজেছে দোয়েল। কিন্তু কোথাও মেয়েটা নেই। যে নার্সকে বসিয়ে রেখে গেলো তাকেও পাচ্ছেনা।এবার ওর বেশ চিন্তা হচ্ছে।ব্যাগ থেকে ফোনটা বের করেছিল কাব্যকে কল দিবে বলে,তখনই কোথা থেকে রাহুল এসে উপস্থিত হলো।দোয়েল বিরক্ত হয়ে বলল-
"আপনি এখনও যাননি?"
"তোমাকে এখানে রেখে আমি যাই কী করে?চলো,ঘুরতে যাই।"
"ঘুরতে যাব মানে?আমি স্রোতকে খুঁজে পাচ্ছি না।ভাইয়াকে কী উত্তর দিব এবার!"

রাহুল নিশ্চিত মনে বলল -
"স্রোত হয়তো কাব্যের সাথে আছে।কাব্য তো কিছুক্ষণ আগেই এল, হয়তো ওকে সাথে করে নিয়ে গেছে!"

দোয়েলের চোখ-মুখে বিরক্তির ছাপ। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল সে-
"হয়তো! আপনি শিওর নন, তাই না?"

'রাহুলের মন বলছে, স্রোত কাব্যের সাথেই আছে।কিছুক্ষণ আগেই তো দেখল কাব্য এদিকটায় আসছে, তার মানে স্রোতকে সে সাথে করে নিয়েই গেছে!এই ভেবেই মাথার চুলগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে বলল রাহুল-
"আরেহ পাখি, এতো চিন্তা কেন করছো বলো তো? স্রোত কাব্যের সাথেই আছে। যদি ও অন্য কোথাও যেত, কাব্য কি তোমাকে আস্ত রাখত? কাব্য এদিকটাতেই এসেছিল, আর এখন কাব্য-স্রোত কেউই নেই! তার মানে পরিষ্কার,ওরা একসাথেই আছে!"

'দোয়েল পুরো বিষয়টা ভেবে দেখল। হুম, স্রোত হয়তো কাব্যের সাথেই আছে। কাব্য এখানে এসে স্রোতকে না পেলে অবশ্যই দোয়েলকে কল দিয়ে বকাঝকা করত! এমন কিছু যেহেতু হয়নি, ওরা নিশ্চয়ই একসাথে আছে।

_______________________
'প্রকৃতিতে সন্ধ্যা নামার সাথে সাথেই পরিবর্তন হয়েছে আকাশের রঙ। শীতকাল হওয়ায় হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারিপাশ। উত্তরের শীতল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে সাবরিনা বেগমের শরীর!উনি দাঁড়িয়ে আছেন রেলিংয়ের পাশে,একটা উষ্ণ শালের মোড়কে নিজেকে জড়িয়ে রেখেছেন। উনার নিঃশ্বাস থেকে উঠছে ক্ষীণ ধোঁয়া। আকাশের দিকে তাকিয়ে আছেন অপলক।যেন গুরুত্বপূর্ণ কিছু ভেবে চলেছেন!সাবরিনা বেগমের ভাবনায় ব্যাঘাত ঘটল,পরিচিত কণ্ঠস্বর শুনে তাকালেন পাশ ফিরে-
"তোমার মন খারাপ, আম্মু?"

'ধ্রুবের প্রশ্নে সাবরিনা বেগম আলতো হেসে বললেন-
"না তো। তোমার কাজ কেমন চলছে, ধ্রুব?"
"ভালো!"

'সাবরিনা বেগম হাসলেন ছেলের উত্তরে।খানিকক্ষণ চুপ থেকে বললেন-
"আর তাহিয়ার সাথে তোমার সম্পর্কটা?"

'ধ্রুব বড় একটা নিশ্বাস ছেড়ে বলল-
"সবই ঠিকঠাক আছে,আম্মু।"
"ঠিক থাকলেই হলো! আমি তো চাই সব ঠিকঠাক থাক। কিন্তু ঠিক আর থাকছে কোথায়!"

'ধ্রুব কেবল শুনল মায়ের কথা, কোনো প্রতুত্তর করল না সে। কিছু সময় কেটে গেল ওভাবেই। সাবরিনা বেগম তাকিয়ে আছেন আকাশপানে। ধ্রুব ওর মায়ের ঠিক পাশটায় দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে কথা বলল ধ্রুব-
"একটা কথা বলি, আম্মু?"
"বলো।"
"তুমি কেন আব্বুর সাথে বিয়েটা করলে? তুমি যদি বিয়েটা না করতে, ভাইয়ার এই পরিণতি হতো না।খালামুনি সব ছেড়েছুড়ে চলে যেতেন না। আর না তো এতো কিচগু হতো!"

'সাবরিনা বেগম তাকালেন না ধ্রুবের দিকে। ছেলের প্রশ্নে উনার ভড়কে যাওয়ার কথা হলেও ভড়কালেন না, বরং স্বাভাবিকই রইলেন। উনি জানেন, ধ্রুব আর দোয়েল ওদের বাবা সম্পর্কে সবটাই জানে! তাই হয়তো অবাক হলেন না। সাবরিনা বেগম চোখের চশমাটা ঠিক করে বললেন-
"আমি এক মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে ছিলাম, ধ্রুব। আমার কাছে আমার পরিবার ছিল সবার আগে।আমার আম্মু-আব্বুর আদেশ পালন করা ছিল সব কিছুর ঊর্ধ্বে! তোমার বাবার মনে কী ছিল না ছিল, তা তো আমি জানতাম না, ধ্রুব। সকলের অনুরোধ আমি ফেলতে পারিনি।সবাই যখন আমাকে জোড়াজুড়ি করল আমি ফেলতে পারলাম না কারোর কথা।সবার কথা রাখতে আর কাব্যের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম বিয়েতে। কে জানত, সবটাই তোমার বাবার চল-চাতুরী!"
"পরে নিশ্চয়ই জেনেছিলে, আম্মু। তখন কেন আত্মসম্মান বাঁচিয়ে সব ছেড়ে চলে গেলে না?"
"তখন যে অনেকটা দেরি হয়ে গেছে, ধ্রুব। আমার কোলে তখন তুমি আর দোয়েল! আমি কোথায় নিয়ে যেতাম তোমাদের? কাব্য চলে গেল আমার উপর অভিমান করে। আমার প্রাণপ্রিয় বোন সে বেঁচে আছে কিনা, ম'রে গেছে এও আমি জানি না।আমি যখন সবটা জানলাম,তখন থেকেই সব কিছুর জন্য নিজেকে দায়ী করে এসেছি।তোমার বাবাকে আমি ক্ষমা করিনি,ধ্রুব! আর না, তো কখনো করব!আমি কেবল মানিয়ে চলছিলাম।ভেতর থেকে তো শেষ হয়ে গেছি সেই কবেই! আমি এই তীব্র যাতনা, অনুশোচনা, গ্লানি বয়ে নিয়ে বেড়াচ্ছি কতগুলো দিন ধরে।ভাবতে পারছো আমার মনের অবস্থা?আমি না পারছি সব ছেড়ে চলে যেতে,আর না পারছি আপন করে নিতে!"

'ধ্রুবের চোখ দুটো চিকচিক করছে,ওর খুব কান্না পাচ্ছে।স্পষ্ট দেখছে ভেঙে চুরে শেষ হয়ে যাওয়া একটা মানুষকে।যিনি নিজ হাতে গড়ে তুলেছেন ওকে।এই পুরো বাড়িটাকে সামলে রেখেছেন তিনি।কে জানত, উনার মনে এত না-বলা কষ্ট লুকিয়ে আছে! সাবরিনা বেগম দেখছেন নিজের ছেলেকে। স্পষ্ট বুঝতে পারছেন ধ্রুব কান্না করছে।উনি মলিন হেসে বললেন-
"কাঁদছো কেন,ধ্রুব? আমি তোমাকে ভেঙে পড়তে শেখাইনি।"
"কিন্তু তুমি যে ভেঙে পড়েছ,আম্মু!"

'সাবরিনা বেগম হাসলেন। নিজের দুঃখ আড়াল করার চেষ্টা চালানোর জন্যই উনার এই মিথ্যা হাসি! ধ্রুব আচমকাই ওর আম্মুকে জড়িয়ে ধরল। নিরবে চোখের অশ্রু বিসর্জন দিল কিছুক্ষণ। সাবরিনা বেগম খুবই ঠান্ডা মেজাজের। উনি অতি কষ্টে এতটাই পাথর হয়ে গেছেন যে এখন আর কান্না আসে না! তবে ছেলের আদুরে কাণ্ডে নিজেকে সামলে রাখতে পারলেন না উনি, কান্না করে দিলেন তখনই।

'ছাদের দরজার কাছে দাঁড়িয়ে ছিল তাহিয়া। না চাইতেও মেয়েটা শুনে নিয়েছে ধ্রুব আর ওর আম্মুর কথোপকথন। সামনের দৃশ্যটা দেখে নিজেকে সামলাতে পারেনি সে।আবেগী হয়ে চোখের অশ্রু ফেলেছে ধ্রুবের মতোই।

________________________
'একটা সুন্দর সন্ধ্যায় দোয়েলের হাত ধরে খোলা আকাশের নিচে হাঁটছিল রাহুল। আচমকাই ওর ফোনটায় নোটিফিকেশন এলো। প্রথমে পাত্তা না দিলেও পরে ফোনটা বের করে চোখের সামনে আনতেই কপালে পড়ল চিন্তার ভাঁজ। ওদের ফ্রেন্ডস গ্রুপে মেসেজ পাঠিয়েছে কাব্য—'স্রোতকে রেজওয়ান কোথাও একটা নিয়ে গেছে। লোকেশন জানালে রাহুলরা যেন দ্রুতই উপস্থিত হয় সেখানে, এমনটাই বলেছে সে। লিয়া আর স্নিগ্ধ পরে অবশ্য অনেকগুলো মেসেজ পাঠিয়েছে কাব্য, ওগুলো দেখেছে বলে মনে হয় না! দোয়েল তখন আইসক্রিম খাচ্ছিল। রাহুল ওর হাত টেনে বলল-
"তাড়াতাড়ি চলো।"
"মানে? কোথায় যাব? মাত্রই তো আসলাম।"
"আহা! আমার কথা শুনো দোয়েল।স্রোত-কাব্য বিপদে পড়েছে, আমাদের এক্ষুনি ওদের কাছে যেতে হবে।"

'দোয়েলের চোখ-মুখ জুড়ে ভয়। মেয়েটা কান্না করে ফেলবে এমন অবস্থা। ভয়ে আর আতঙ্কে বলে উঠল সে-
"মানে? আপনিই তো বললেন স্রোত আর ভাইয়া একসাথে আছে। ওরা বিপদে পড়েছে মানে!কি হয়েছে ওদের?"

'দোয়েলের একের পর এক প্রশ্নে বিরক্ত হলো রাহুল,ধমক দিয়ে বলল ওকে ফলো করতে। নিজে দ্রুত হেঁটে বাইকের কাছে গেল, পিছু পিছু গেল দোয়েলও। লিয়া আর স্নিগ্ধ বেরিয়ে গেছে, ওদেরকে যত দ্রুত সম্ভব যেতে হবে কাব্যের দেওয়া ঠিকানায়।

_______________________
'অন্ধকার নির্জন রাস্তা দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে কাব্য। সামনের গাড়িটাকে ফলো করছিল সে, কিন্তু হুট করেই রেজওয়ানের গাড়িটা কোনদিকে চলে গেল বুঝতে পারছে না কাব্য। ওর হাত কাঁপছে, চারিদিকটা কেমন অন্ধকার লাগছে। বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে।বারবার মনে হচ্ছে নীলাম্বরী ঠিক নেই! পরক্ষণেই আবার মনে মনে নিজেকে বকাঝকা দিচ্ছে সে, বিড়বিড় করে বলছে—-"নীলাম্বরীর কিছুই হতে পারে না!"

'কাব্য আবারও নিজের গাড়িটা স্টার্ট দিল,কিন্তু সামনে কারোর বাইক চলে আসায় আবারও ব্রেক কষল সে।বিরক্ত হয়ে গাড়ির জানালা দিয়ে মুখ বের করে বলল -
"এইই... সমস্যা কী?"

'বাইকে বসে থাকা যুবকটি মাস্কের আড়ালেই বাঁকা হাসল।কাব্য ঝামেলা চাইছে না এই মুহূর্তে,আবারও গাড়ি স্টার্ট দেবে তখনই মনে হলো, ওর মতো দেখতে অন্য কাউকে দেখছে সে! ভ্রু জোড়া আপনা-আপনি কুঁচকে এল কাব্যের। বাইকে বসে থাকা যুবকটি তার মুখের মাস্ক খুলেছে। বাইক থেকে নেমে এসে দাঁড়িয়েছে কাব্যের গাড়ির সামনে। কাব্যের মনে হচ্ছে, সে ভ্রমের মধ্যে আছে। এ কী করে সম্ভব! এই ছেলেটার চেহারা, গায়ের গঠন হাসি সব যেন ওর নিজের মতোই!ছোটবেলা থেকেই শুনে এসেছে সে পৃথিবীতে এক রকম দেখতে সাতজন মানুষ থাকে! কিন্তু একটা মানুষের সাথে অন্য একটা মানুষের এতো মিল কখন হয়? এতো মিল থাকা সম্ভব কেবল জমজ ভাই হলেই? তবে কি এই ছেলেটাই দিব্য?যাকে পাগলের মতো পুরো শহরে খুঁজে চলেছে কাব্য!

'এতো চিন্তার মধ্যেও কাব্যের ঠোঁটের কোণে দেখা মিলল এক চিলতে হাসির রেখা।সে গাড়ি থেকে দ্রুত নেমে গিয়ে দাঁড়াল কালো রঙের হুডি আর কালো প্যান্টে আবৃত যুবকটির সামনে। মধুর ঠোঁটের কোণে বাঁকা হাসি।সে মনে মনে কী ভাবছে, বোঝা মুশকিল। কাব্যের চোখ মুখে বিস্ময়।ছেলেটা অবাক হলো না কেন ওকে দেখে?তার মানে আগে থেকেই সে জানে কাব্য সম্পর্কে! কিন্তু এটা কী করে সম্ভব!কাব্যের প্রশ্নবোধক চাহনির মানে বুঝতে পারল মধু। নীরবতা ভেঙে কথা বলল সে -
"আমি তোমার ভ্রম নয়,বাস্তব!"

'গমগমে কণ্ঠে উচ্চারণ করল কাব্য -
"কে তুমি?"
"তুমি যে ভাবছো,সে! তুমিই তো আমাকে খুঁজছিলে, তাই না? নিজে থেকে সামনে আসলাম এখন চিনতে পারছো না?এ কেমন কথা ব্রো!"

'কাব্য বুঝতে পারছে না কী করবে বা কি বলবে।দিব্যকে খুঁজে পেয়ে কাব্যের খুশি হওয়ার কথা! হ্যাঁ, কাব্য খুশি হয়েছে, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না সে। ওর নীলাম্বরী যে ঠিক নেই! কাব্যের কত কিছু জানার আছে দিব্যের থেকে, কিন্তু এই সময়টাতে কী বলবে, কী করবে দিশা খুঁজে পাচ্ছে না সে। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল কাব্য, নিজেকে স্বাভাবিক করে গাড়ির দিকে যেতে যেতে বলল -
"তুমি ভুল সময়ে এসেছ।"
"আমার কাজই ভুল সময়ে এন্ট্রি নেওয়া!"

'কথাটা বলতে বলতে বাইকে গিয়ে বসল মধু।কাব্য তখন ওর বাইকের সামনে গিয়ে বলল -
"আমাদের আবার দেখা হবে।"

'মধু বাঁকা হাসে,হেলমেটটা মাথায় পরতে পরতে বলে -
"দেখা তো হতেই হবে!"

'কাব্য মাথাটা ঘুরিয়ে তাকাল মধুর দিকে।মধুও তখন ওর দিকে তাকাল। দুজনের দৃষ্টি মিলিত হলেই অদ্ভুত এক অনুভূতি হলো যেন।দিব্যের মনে কত কথা জমে আছে কাব্যকে বলবে বলে, কাব্যের মনেও কত শত প্রশ্ন মধুকে জিজ্ঞেস করবে বলে। কিন্তু এমন অসময়ে দেখা হলো যে,কেউই নিজের মনে থাকা কথাগুলো প্রকাশ করতে পারল না!নিয়তি এমন কেন?কেন আমাদের ভাবনা মতো কিছুই হয়না।যদি দেখাটা অন্য সময় অন্য কোথাও হতো! কাব্য হয়তো অতি আবেগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতো ভাইকে। দিব্যও সব মান অভিমান ভুলে গিয়ে আপন করে নিতো ওর ভাইকে। কিন্তু এমন কিছুই হলো না!পরিস্থিতি হতে দিলো না।

________________________
'একটা পুরোনো বাড়ির সামনে এসে গাড়ির ব্রেক কষলো কাব্য। তড়িঘড়ি করে গাড়ি থেকে নামলেই চোখ আটকাল রেজওয়ানের গাড়ির দিকে। তার মানে কাব্য ঠিক জায়গাতেই এসেছে! সামনে থাকা বাড়িটার দিকে পা বাড়ালো কাব্য। পেছন থেকে স্রোত ডেকে উঠলো ওকে -
"শুনুন... ও দিকে যাবেন না।"

'সাথে সাথেই স্রোতের মুখ চেপে ধরল রেজওয়ান। স্রোত কতো চেষ্টা করল নিজেকে ছাড়ানোর জন্য,পারলো না। জায়গাটা অন্ধকারে ঢেকে আছে। বড় একটা গাছের আড়ালেই রেজওয়ান দাঁড়িয়ে আছে, স্রোতকে নিয়ে। স্রোত কোনোমতে নিজেকে ছাড়িয়ে কাব্যকে ডেকেছিল, কিন্তু লাভের লাভ কিছুই হলো না।কাব্য তো ঐ বাড়িটার ভেতরে ঢুকে গেলো। এবার কি হবে?ঐ বাড়িটাতে আগে থেকেই রেজওয়ান টাইম বোমা ফিট করে রেখেছে আসতে আসতে ফোনে কাউকে কথাটা বলছিল,তখনই শুনেছে স্রোত! স্রোতের ভেতরটা কাঁপছে, কাব্যকে হারানোর ভয়ে সে মনে সাহস সঞ্চয় করল।নিজেকে ছাড়ানোর চেষ্টা করল রেজওয়ানের থেকে,কিন্তু শক্তপোক্ত শরীরের রেজওয়ানের শক্তির সাথে পেরে উঠলো না সে। এদিকে ওর পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে। রেজওয়ান স্রোতকে টেনে হিচড়ে নিয়ে গেল পাশের ফ্ল্যাটে। স্রোতের পাগলপ্রায় অবস্থা।ও যে রুমে আছে,সেই রুমের বেলকনি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ঐ বাড়িটা যে বাড়িতে খানিকক্ষণ আগেই কাব্য ঢুকল। কাব্য কি বেরিয়ে গেছে?কিন্তু ওর গাড়িটা যে ওখানেই রাখা! স্রোতের ভিষণ চিন্তা হচ্ছে।শ্বাস আটকে আসছে মেয়েটার।পেটে হাত দিয়ে বিড়বিড় করে বলল স্রোত -
"আ.. আমি তোর কিচ্ছু হতে দিব সোনা।চিন্তা করবি না একদম।তোর বাবাকেও আমি বাঁচিয়ে নিব।"

কথাটা বলতে না বলতেই কোনো কিছুর বিকট শব্দ এলো স্রোতের কাবে।সে চোখ তুলে ঐ বাড়িটার দিকে তাকালেই কেঁপে উঠলো অন্তরাত্মা। বাড়িটাতে যে আগুন জ্বলছে,দাউদাউ করে আগুন জ্বলছে!স্রোত দপ করে মেঝেতে বসে পড়ল, চিৎকার করে বলল -
"না! এ হতে পারে না। আমাকে একা রেখে কাব্য-ভাই কখনোই হারাতে পারে না। আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। ঐ বাড়িটা, আগুন, কাব্য ভাই সবকিছু আমার কল্পনা!"

'কথাগুলো বলে নিজেকে মিছে সান্ত্বনা দিতে চাইল স্রোত। কানে ভেসে এলো রেজওয়ানের কণ্ঠস্বর।হাসতে হাসতে বলল রেজওয়ান-
"ঐ জলন্ত বাড়ি, কাব্য, আগুন,কোনোকিছুই তোমার ভ্রম নয় বেবিগার্ল। তোমার কাব্যের সময় শেষ। ওদিকে তাকিয়ে দেখো, দাউদাউ করে আগুন জ্বলছে। তোমার ভালোবাসা, তোমার কাব্য ভাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।এবার তোমাকে কে বাঁচাবে, বেবিগার্ল?"

'রক্তচক্ষু নিয়ে রেজওয়ানের দিকে তাকাল স্রোত। নিজের গায়ের সবটুকু শক্তি দিয়ে চড় বসাল ওর গালে। রাগে গর্জে উঠল-
"চুপ... একদম চুপ। আর একটা আজেবাজে কথা বললে আমি তোকে মে'রে ফেলব,রেজওয়ান!"

'রেজওয়ান এগিয়ে এলো স্রোতের কাছে, ওর হাত ধরে পরপর কয়েকটা চড় দিতে থাকল নিজের গালে;পরে আবার বলল-
"মারো, আরও মারো। মারো, কা'টো যাই করো,আমার তোমাকেই লাগবে স্রোত! একবার শুধু আমার হয়ে যাও।একবার বলো না,ভালোবাসি'!"

'রেজওয়ানের আচরণ মানসিক রোগীর মতো।কি করছে, কী বলছে, হয়তো নিজেও জানে না। স্রোত ভীষণ ভয় পাচ্ছে; ওর কাব্যের জন্য চিন্তা হচ্ছে।কাব্যের কথা ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। রেজওয়ান স্রোতকে ছাড়লেই ও পালাতে চাইল; সিঁড়ির কাছটায় আসতেই মনে হলো কেউ ধাক্কা মারল ওর পিঠে টাল সামলাতে না পেরে মেয়েটা পড়ে গেল নিচে। সঙ্গে সঙ্গেই পেটে প্রচণ্ড ব্যথা হলো।সাদা টাইলস লাল হলো রক্তে।স্রোত যখনই বুঝল ওর পেটের বাচ্চাটার ক্ষতি হচ্ছে,সব যন্ত্রণা ভুলে গেল।যে করেই হোক বাচ্চাটাকে বাঁচাতে হবে।কাব্যের অংশ ও এভাবে মিলিয়ে যেতে দিবে না।রেজওয়ানের দিকে তাকাল স্রোত।কোনোমতে ওর পায়ের কাছে পড়ে কান্না করে বলল-
"আ... আমার বাচ্চাটাকে বাঁচান,প্লিজ।হাতজোড় করছি, আমি পায়ে পড়ছি আপনার। ওকে বাঁচিয়ে নিন!"

'সাহায্যের বদলে স্রোতের কানে ভেসে এলো রেজওয়ানের হাসির আওয়াজ।স্রোত কান্না করে যাচ্ছে, অসহ্য যন্ত্রণায় দুইহাত দিয়ে চেপে ধরেছে নিজের পেট।চোখ-মুখ কুঁচকে বন্ধ করলে ভেসে উঠছে ঐ জলন্ত বাড়িটির দৃশ্য। কাব্য ঠিক আছে তো? কাব্য ঠিক না থাকলে স্রোত বাঁচবে কী করে? কাব্য যখন শুনবে বাচ্চাটা ঠিক নেই, নিশ্চয়ই ওকে বকাঝকা করবে? ইশশ—'কাব্য কতোটা এক্সাইটেড ছিল বাচ্চাটাকে নিয়ে,কতো কতো প্ল্যান করতো সকাল হলেই!স্রোত কী উত্তর দিত ওকে? স্রোত সামনের দিকে চোখ তুলে তাকানোর শক্তি পাচ্ছে না; ওর পেটে যে প্রচণ্ড ব্যথা করছে।স্রোত যখন তীব্র যন্ত্রণায় ছটফট করছে, তখনই রেজওয়ান ওর কানের কাছে এসে বলল-
"তোমার পেটে থাকা কাব্যের অস্তিত্ব আমি শেষ করে দেব,স্রোত। তুমি কি ভাবলে? তুমি এক্সিডেন্টলি পড়েছো? উঁহু,তোমাকে তো ফেলেছি আমি। তোমার মধ্যে বেড়ে ওঠা কাব্যের প্রাণকে আমি পৃথিবীতে আসতে দেব না,স্রোত!তুমি শুধু আমার হবে। আমার মানে আমার।"

'স্রোত নিতে পারছে না আর। ওর নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। স্পষ্ট বুঝতে পারছে ওর ভেতরে থাকা ছোট্ট প্রাণটা শেষ হতে বসেছে।শারীরিক দুর্বলতা আর মানসিক চাপে সেন্স হারাল মেয়েটা। মেঝের দিকে তাকিয়ে হাসছে রেজওয়ান স্রোতের এমন অবস্থা দেখে এই প্রথম হয়তো কষ্ট হচ্ছে না রেজওয়ানের। ওর ইনটেনশনই ছিলো স্রোত-কাব্যের বাচ্চাটাকে পৃথিবীতে আসতে না দেওয়া। রেজওয়ান ওর কাজে সফল! সবটা ভেবে হাসতে শুরু করল রেজওয়ান। মেঝেতে বসে যখন স্রোতের মুখ স্পর্শ করবে তখন চোখ আটকালো এক জোড়া কালো বুটের দিকে।ভ্রু কুঁচকাল রেজওয়ান কেউ একজন ওর সামনে দাঁড়িয়ে আছে ভেবেই চোখ তুলে তাকালো অতঃপর অতি বিষ্ময়ে উচ্চারণ করল-
"এ... এ কি করে সম্ভব? এ হতে পারেনা,কখনোই না। কে তুমি?কে.. কে তুমি।বলছো না কেন?"

ওর পক্ষের মানুষটা কোনো কথা বলল না কেবল বাঁকা হাসল সে কিচ্ছুক্ষণ গেলেই তার হাসি পরিনত হলো তীব্র রাগে!
________________________
'রাত বাড়ার সাথে সাথেই চারিদিক ঢেকে গেছে অন্ধকারে। লিয়া, স্নিগ্ধ আর দোয়েল দাঁড়িয়ে আছে ঐ জলন্ত বাড়িটির সামনে। ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে। কাব্যের গাড়িটা রাখা আছে বাড়িটির সামনেই। রাহুল বাড়ির দিকে গেলেই দেখল কাব্যের ঘড়িটা মাটিতে পড়ে আছে। কাব্য কি তবে ঐ বাড়িতেই আটকা পড়েছে? না না, এমনটা হতে পারে না। দোয়েল ওদিকে কান্নাকাটি করে যাচ্ছে।ওর একটা ভুলের জন্য এতো কিছু হলো! তখন যদি স্রোতকে একা রেখে না যেতো, এতো কিছু হতো না।এই ভেবে নিজেকে দোষারোপ করছে মেয়েটা।

'রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে; ওর হাত-পা কাঁপছে। অতিরিক্ত চিন্তায় আর কান্নার কারণে চোখ-মুখ কেমন লাল হয়ে গেছে। ওর ভাবনা যদি সত্যি হয়, তাহলে তো কাব্যকে ফিরে পাওয়া অসম্ভব! রাহুল ছুটে যাচ্ছিল বাড়িটির দিকে; স্নিগ্ধ আর লিয়া ওর হাত ধরে আটকে বলল -
"করছিস কি, পাগল হয়েছিস?"
"কা... কাব্য আছে ওখানে।আমাকে যেতে হবে।ওকে বাঁচাতে হবে।"
"ভালো করে তাকিয়ে দেখ ওখানে গেলে তুই নিজে বেঁচে থাকবি?"
"কিন্তু কাব্য!কাব্যকে ছেড়ে আমরা বাঁচব কি করে? আমরা না সবাইকে কথা দিয়েছিলাম মৃত্যুর আগে পর্যন্ত একে অপরের বন্ধু হয়েই থাকব।তোরা কি ভুলে গেছিস ওসব?"

'লিয়া আর স্নিগ্ধ কি বলবে বুঝল না। ওদের কষ্ট কম হচ্ছেনা। কিন্তু রাহুলকে কি করে ঠেলে দিবে বিপদের মুখে!বাড়ির ভেতরে থাকা জিনিসপত্র সব হয়তো এতো সময়েই পুড়ে ছাই হয়ে গেছে।সাথে কাব্য! চারিপাশটা পর্যবেক্ষণ করল রাহুল, বিড়বিড় করে বলল -
"না না, কাব্যের কিছুই হতে পারে না। ও ঠিক ফিরে আসবে। ও হয়তো অন্য কোথাও গিয়েছে! তাই না, বল?"

'স্নিগ্ধ আর লিয়া দুজনেই চোখের পানি মুছল, মাথা নেড়ে সম্মতি জানালো রাহুলের কথায়।কিন্তু রাহুল না দেখলেও ওরা কাব্যকে এই বাড়িটির ভেতরে ঢুকতে দেখেছে। আর তারপরই এতো বড় একটা ব্লাস্ট! ইশশ, ওদের ভাবনা যদি ভুল হতো। ওদের চোখের দেখা যদি ভুল হতো!কি যেন ভেবে অদ্ভুত এক টানে রাহুল, লিয়া, স্নিগ্ধ তিনজনই ছুটে গেলো বাড়িটির দিকে,কিন্তু অনেক দেরি হয়ে গেলো; বাড়িটা যে পুরোপুরি ছাই হয়ে গেছে, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে! সবকিছুর মাঝখানে দোয়েলের মাথায় এলো। স্রোত কোথায়? মেয়েটা ঠিক আছে তো!

'দোয়েল এখানে আসার আগে উপায় না পেয়ে সুনেহরাকে জানিয়েছিল সবটা। কাব্যের বন্ধুরা যদিও পুলিশকে নিয়ে এসেছে, তবুও দোয়েলের মাথায় তখন সুনেহরার নামই এসেছিলো। ওরা তো ভালো বন্ধু তাই বিপদের সময় ওকেই স্মরণ করল দোয়েল। আর পেলোও সময় মতো মেয়েটা এখানে এসে উপস্থিত হয়েছে। দোয়েলকে সাথে করে নিয়ে সুনেহরা পা বাড়ালো রেজওয়ানের ঐ ফ্ল্যাটের দিকে। পুলিশের সদস্যরা আর দোয়েল পুরো ফ্ল্যাটে খুঁজে যাচ্ছে স্রোতকে।

'এদিকে সুনেহরা আস্তে আস্তে হেঁটে একটা অন্ধকার রুম পর্যন্ত এসে পৌঁছালো। অন্ধকার রুমে আলো জ্বলে উঠলেই পরিচিত কাউকে চোখের সামনে দেখে সুনেহরা বিব্রত হলো। নিজেকে সামলে নিয়ে যখনই পা বাড়ালো, ওর থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা যুবকটির কাছে যাবে বলে। তখনই দেখল ভয়ংকর এক দৃশ্য! মেয়েটা যেন আকাশ থেকে পড়ল। পুরো রুমে চোখ বুলিয়ে মেঝের দিকে তাকালেই কয়েক পা পিছিয়ে গেলো সে।রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে রেজওয়ান।ওর গায়ে থাকা সাদা শার্ট আর মেঝের সাদা টাইলস রক্তে ভিজে লাল হয়ে গেছে। লোকটাকে কেউ নৃশংসভাবে কুপেছে।বুকের বা পাশটায় জঘন্য ক্ষত; মনে হচ্ছে হৃদপিণ্ড উগড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, এমনটাই হয়েছে।রেজওয়ানের হৃদপিণ্ড উগড়ে নেওয়া হয়েছে। দুই ঠোঁটের মাঝখানে সেলাই করা, চোখগুলোর অবস্থা খারাপ মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে; রক্ত লেগে আছে পুরো মুখে ও শরীরে। কেউ যেন তার সবটুকু রাগ উগড়ে দিয়েছে ওই লোকটার ওপর।এতোক্ষনে যে রেজওয়ান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তা ওর প্রাণহীন শরীর দেখেই বুঝে নিল সুনেহরা।কিন্তু কে করলো এসব? সুনেহরা বিষ্মিত দৃষ্টিতে পিছনে তাকাল। ওর অতি পরিচিত সেই যুবকটি হাতে একটা রক্তে মাখানো ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে ওখানেই। রেজওয়ানের লা'শের দিকে তাকিয়ে বাঁকা হাসছে সে।সুনেহরার চোখে ঘৃনা জন্মালো মানুষের প্রতি। একটা মানুষ অন্য একটা মানুষকে এতো খারাপভাবে মারতে পারে!সামনাসামনি না দেখলে বুঝতো না সে।অপরাধী প্রমাণ সবই তো ওর সামনে তাহলে এতে কিছু কেন ভাবছে? সুনেহরা বাক্য ব্যয় করার আগেই লোকটি ওর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল -
"তুমি ঠিক, আমিই মেরেছি ওকে। এই নর্দমার কিট আমাকে বড্ড জ্বালাতন করছিল, তাই একেবারে প্রাণে মেরে ফেলেছি।"

'রাগে ঘেন্নায় সুনেহরা উচ্চারণ করল -
"ছিহ!"

'যুবকটি হাসল, অতঃপর নিজের হাত বাড়িয়ে বলে-
"অ্যারেস্ট মি, মিস সুনেহরা সিদ্দিকী!"

#চলবে.....
® আফরোজা আঁখি।

প্রায় ৩৩০০+ শব্দের পর্ব।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 38 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন