ফন্ট সাইজ:
থিম:
কাব্যের নীলাম্বরী

পর্ব 43

লেখক: আফরোজা আঁখি

#কাব্যের_নীলাম্বরী [৪৩]

[র‍্যাব সম্পর্কে আমি তেমন কিছুই জানিনা, না বুঝেই দিয়ে ফেলেছিলাম, আর তাই এখন সুনেহরার পেশা চেঞ্জ করে সাব ইন্সপেক্টর দিলাম। আগের পর্বগুলো এডিট করে চেঞ্জ করব।]

•
"শুন ধ্রুব, আমি একটা দরকারেই এখানে এসেছি।কোনো চাকরি-টাকরি করতে নয়!"

'ধ্রুব ভ্রু কুঁচকে আবারও তাহিয়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। ডাক্তারি করতে আসেনি তো গায়ে অ্যাপ্রোন, গলায় স্টেথোস্কোপ কেন? ধ্রুবের প্রশ্নবোধক চাহনির মানে বুঝল তাহিয়া। ধ্রুবের মনে যে দ্বিধা চলছে, সেটা এক সেকেন্ডেই পরিষ্কার হয়ে গেল ওর কাছে। মুচকি হেসে তাহিয়া দ্রুত নিজের গলার স্টেথোস্কোপটি খুলে হাতে নিল এবং অ্যাপ্রোনের বুকপকেটে আলতো করে টোকা দিয়ে বলল -
"ওহ! এইটা দেখে ভুল বুঝছিস তো?শোন, এটা আমার নয়, আর আমি এখনো চাকরি শুরু করিনি ভাই! ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছি মাত্র।"

'তাহিয়া মনে মনে ভেবেই নিয়েছে, চাকরি করার হলে ভবিষ্যতে এই হাসপাতালেই জয়েন করবে। কিছুক্ষণ আগে যখন ডক্টর আজমল-এর সঙ্গে কথা বলছিল, যিনি তাহিয়ার বাবার পরিচিত এবং এই হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার। তখন কথার প্রসঙ্গেই উনি জানতে পারেন যে তাহিয়াও ডাক্তারি পড়ছে, প্রায় কয়েকমাস আগেই ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে সে। উনি তাহিয়াকে দেখে বললেন,—'তুমি তো সদ্য পরীক্ষা দিয়েছ! চলো, আজ সকাল থেকে যেসব নতুন রোগী ভর্তি হয়েছে, তাদের কেস হিস্টরি এবং প্রথম ভিজিটগুলো দেখতে আমাকে একটু হেল্প করো।তোমার এ বিষয়ে আইডিয়া হবে,আর আমারও হেল্প হবে!' তাহিয়া মিষ্টি হেসে সম্মতি জানালো লোকটার কথায়। স্রেফ আজকের জন্যই!

"তুই কথা ঘোরাচ্ছিস,হুম? তুই চাকরি করিস কি না এটা তো ফ্যাক্ট না! ঐ লোকটা তোকে স্পর্শ করল কেন? বাড়িতেই বা মিথ্যা বলে বেরিয়েছিস কেন?"
"কারণ আছে, তাই!"
"কারণটা কী?"

'তাহিয়া মাথাটা নুইয়ে নিল। কী বলবে, কীভাবে বলবে বুঝল না সে। নিরুত্তর তাহিয়াকে দেখে বিরক্ত হলো ধ্রুব। চলে যেতে যেতে বলল -
"কারণটা কী বলতে না পারলে আমার সাথে আসার প্রয়োজন নেই! আমার বাড়িতে আসারও দরকার নেই।থাক তুই এখানেই!"

'তাহিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো কেবল। ওর মনেও অভিমান জন্মালো,সবটা না বুঝে না জেনে ধ্রুব ওকে অপমান করল এভাবে! সাথে যেতে বারণ করল! ঠিক আছে—'তবে ধ্রুবের ইচ্ছেই সত্যি হোক।তাহিয়া আর ফিরবে না ও বাড়িতে! এই ভেবেই নিজের বাবার কাছে চলে গেলো তাহিয়া।

-

'সাহেলা বেগম কিচেনের দিকে যাচ্ছিলেন, তখনই দেখলেন মধু এসে রুমে ঢুকছে। সেদিনের পর থেকে মধুর সাথে সেভাবে উনার কথা হয়নি। উনি নিজেই কথা বলেননি। মায়ের রাগ দেখে মধুও নিজে থেকে কথা বলার সাহস পায়নি, বলা চলে ইচ্ছে করেই লুকিয়ে বেড়াচ্ছে উনার থেকে! সাহেলা বেগম রান্নাঘরে গিয়ে চুলোয় পাতিল বসিয়ে গ্যাসটা অন করলেন। এক এক করে রান্নার সকল উপকরণ দিয়ে রান্না করছেন তিনি। মধু তখন উনার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। অবাক চোখে দেখে যাচ্ছে উনাকে। সাহেলা বেগমের রাগ কিছুটা কমল। উনি পেছনে না তাকিয়েই বললেন -
"ফ্রেশ হয়ে আসো,খাবার দিচ্ছি। ইদানীং তো মায়ের হাতের রান্না তোমার ভালো লাগেনা।বাইরেই ছাইপাঁশ খেয়ে অভ্যাস খারাপ করেছো!"

'সাহেলা বেগমের কথার উত্তরে শান্ত কণ্ঠে বলল সে -
"তোমার হাতের রান্না আমি খুব মিস করি আম্মু।কতোদিন হলো তোমার হাতের রান্না খাইনা! আম্মু... একবার তাকাবে আমার দিকে!তোমাকে ভিষণ দেখতে ইচ্ছে করছে।"

সাহেলা বেগম থমকালেন। বুকটা কেমন করে উঠলো যেন। মধু তো উনাকে মা বা মাদার ইন্ডিয়া বলেই বেশি ডাকে, আম্মু খুব একটা বলে না। আজ বলছে, তাও এমন বিনয়ের স্বরে! চুলোর আগুন কমিয়ে ঘুরে তাকালেন সাহেলা বেগম। পা থেকে মাথা পর্যন্ত দেখলেন মধুকে। উনার মনে হলো ছেলেটা মধু নয়! মধুর তুলনায় উনার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা বেশিই ফর্সা। চুলগুলো তার এলোমেলো, কাঁধ ছুঁই-ছুঁই! গালে খোঁচা খোঁচা দাড়ি, হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা! সাহেলা বেগমের কেমন অদ্ভুত লাগছে সবটা। চোখ দুটোতে অজান্তেই কান্নারা ভিড় জমিয়েছে। উনি যা ভাবছেন, তাই কি সত্যি? মধু ওর কথা রেখেছে, কাব্যকে খুঁজে নিয়ে এসেছে! কিন্তু ওর হাত পায়ে ব্যান্ডেজ কেন? কী হয়েছে? মুখ ফুটে ছেলেকে কথাটা জিজ্ঞেস করবেন, তাও যেন পারছেন না সাহেলা বেগম। উনার কান্না পাচ্ছে, মন বলছে কাব্য উনাকে ভুল বুঝবে! ভুল বুঝারই তো কথা! কিন্তু উনার ভাবনা যে ভুল। কাব্য তার আম্মুকে দেখে মোটেও রাগ করেনি বা ভুল বুঝেনি, বরং খুশি হয়েছে, আনন্দে চোখের কোণে অশ্রু জমেছে। মায়ের হাত দুটো ধরল কাব্য। ঘাড় কাত করে উনার দিকে তাকিয়ে বলল -
"তোমার আমাকে মনে আছে আম্মু? নাকি ভুলে গেছ!"

'সাহেলা বেগম কেঁদে উঠলেন,কাব্যকে জড়িয়ে ধরলেন উনি। ছেলের উচ্চতা বেশি, তাই উনার মাথা গিয়ে ঠেকলো কাব্যের বুকে। কাব্য দু'হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মাকে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল তার। সাহেলা বেগমও একই ভাবে কান্না করছেন। কান্নারত অবস্থাতেই বলছেন -
"ভুলিনি কাব্য। মায়ের তোমাকে মনে আছে, তোমার স্মৃতি আঁকড়ে ধরেই যে আমি বেঁচে ছিলাম।আমি এতোদিন অপেক্ষা করছিলাম এই দিনটার জন্যই। অবশেষে আমি তোমার দেখা পেলাম, আমার ছেলেকে স্পর্শ করলাম, তার মুখে মা ডাক শুনলাম। এবার ম'রেও শান্তি পাব আমি।"

'কাব্য কিছুটা পিছু হটল। ওর আম্মুর মুখে হাত দিয়ে বলল -
"এসব বোলো না আম্মু। আমরা এবার থেকে একসাথে থাকব, আমি আর তোমাকে হারাতে দিব না।"

'সাহেলা বেগমের ভীষণ আনন্দ হচ্ছে কাব্যকে পেয়ে। আবার ভয় হচ্ছে—'কাব্য মনে মনে অভিমান করে বসে নেই তো? উনি নিজের পরিস্থিতি আর অতীতের ঘটনাগুলো কাব্যকে বলে বুঝাতে চাইলেন, কিন্তু কাব্য উনাকে থামিয়ে দিল। বলল সে অতীত সম্পর্কে কিছুই শুনতে চায় না। এবার থেকে কেবল সুন্দর আর সুখের স্মৃতি তৈরি হবে। পুরোনো অতীত মনে করে আর কষ্ট পাবে না সে, আর না কষ্ট পেতে দিবে মাকে! মধু কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুকে দু'হাত ভাঁজ করে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মা-ভাইয়ের দিকে। মনে কিঞ্চিৎ হিংসা জন্মেছে। কাব্যকে পেয়ে ওর আম্মু যেন ওকে ভুলেই গেছেন। কাব্যের চোখ পড়ল মধুর দিকে। ওকে রাগাতে মায়ের সাথে ভাব জমালো সে। মধু রেগে বলল ওর আম্মুকে -
"রান্না পুড়ে যাচ্ছে আম্মু! তোমার ছেলেকে পরে আদর করো, আগে রান্নাটা দেখো। আমার খুব খিদে পেয়েছে।"

'সাথে সাথেই কাব্য বলল -
"রান্না পুড়ছে না কি হিংসায় তোমার ভেতর পুড়ছে?"
"হুহ্।তুমি কথাই বলবে না।স্বার্থপর ছেলে একটা!"

'সাহেলা বেগম তাকালেন ছেলের দিকে। দুই ভাইয়ের খুনসুটি দেখে কান্নার মধ্যেও হাসি পেলো উনার। উনি আজ ভীষণ খুশি। মধু তার কথা রেখেছে,কাব্যকে বাড়ি অব্দি নিয়ে এসেছে। এ দেখে ছেলের প্রতি উনার ভালোবাসাটা যেন আরও বেড়ে গেছে। এবার দুই ছেলেকে আগলে রাখবেন উনি,কোনো অভিযোগ করার সুযোগ দিবেন না। সাহেলা বেগম দুই ছেলেকেই ডাইনিং টেবিলে বসতে বললেন। উনি এক এক করে সব খাবার এনে টেবিলে সাজিয়ে রাখলেন। নিজ হাতে ভাত মেখে খাইয়ে দিলেন দুই ছেলেকেই। উনার চোখে পানি দেখে বলল কাব্য -
"কাঁদবে না আম্মু। তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না।"

'কাব্যের বলতে ইচ্ছে করল ওর আম্মুকে— 'কেন ওকে নিজের সাথে করে নিয়ে আসলেন না উনি? এতো গুলো বছর কাব্যকে ছাড়া থাকতে কি উনার কষ্ট হয়নি? ওর যে ভীষণ কষ্ট হয়েছে উনাকে ছেড়ে থাকতে। প্রতিনিয়ত কান্না করেছে মাকে কাছে পাওয়ার জন্য! কেন করলেন উনি এমন?' কাব্য কিছুই বলল না। নিজের মনের কথাগুলো সে মনেই রেখে দিল। পুরোনো অতীত, বিষাক্ত স্মৃতি কিছুই সে মনে করবে না। কোনো অভিযোগও করবে না। মধু জানে কাব্যের মনের মধ্যে কী চলছে। ও চোখের ইশারায় কাব্যকে শান্ত হতে বলল। কাব্য শান্ত হলো ঠিকই, তবে অশান্ত হলেন সাহেলা বেগম। তখন ওর হাত-পায়ের ব্যান্ডেজ দেখেছিলেন বটে, তবে ছেলেকে ফিরে পাওয়ায় আবেগে ওতোটাও গুরুত্ব দেননি। এখন আবারও বিষয়টা লক্ষ্য করে চিন্তিত কণ্ঠে বললেন -
"তোমার হাত পায়ে কি হয়েছে কাব্য?ব্যান্ডেজ বাঁধা কেন? কীভাবে আঘাত পেয়েছো?"

'কাব্য ওর আম্মুর চিন্তিত মুখের দিকে তাকাল।ফের কান্না এলো ওর চোখ বেয়ে।মাকে আবারও জড়িয়ে ধরল।সাহেলা বেগমেরও একই অবস্থা। উনি জানেন কাব্যের তার মায়ের প্রতি অনেক অভিমান জন্মেছে, কতো শতো প্রশ্ন ঘুরছে তার মাথায়, কিন্তু উনি কষ্ট পাবেন বিধায় সে মুখ ফুটে কিছুই বলছে না। ইশশ! ছেলেটার চোখের অশ্রু ভীষণ কষ্ট দিচ্ছে উনাকে। আজ কাব্যের এই পরিণতি উনার জন্যই! কাব্য নিশ্চয়ই ভালো ছিলো না এতোদিন! এতোদিন যেমনই থাকুক, সাহেলা বেগম আর ওকে কষ্ট পেতে দিবেন না। এবার থেকে যা হবে সবটাই ভালো হবে। সাহেলা বেগম ছেলের কপালে চুমু দিয়ে বললেন -
"মাকে ভুল বুঝো না কাব্য। আমি তোমাকে অনেক খুঁজেছি, দিন গুনেছি তোমার অপেক্ষায়। কিন্তু আমার ভাগ্য যে সহায় ছিলো না, তাই খুঁজে পাইনি তোমাকে। তবে এবার আর আমি হারাব না কাব্য। আমি তোমাদের দুই ভাইকে আগলে রাখব। মৃত্যু ছাড়া কেউ আমাকে তোমাদের থেকে আলাদা করতে পারবে না।"

'কাব্য ওর মায়ের দিকে তাকিয়ে আছে।মধু এতোসময় সবটা দেখে যাচ্ছিলো, কিন্তু এবার মায়ের মুখে মৃত্যুর কথা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠলো যেন। মধু আর কাব্য দুজনেই ওদের আম্মুকে জড়িয়ে ধরল, মানা করল এমন কথা বলতে।সাহেলা বেগমের মনে হচ্ছে পৃথিবীর সবটুকু সুখ আর উনার দোয়ারে।এই সুখে কারোর নজর না লাগুক!

-

'সময়ের ধারাবাহিকতায় পেরিয়ে গেছে আরও ২ টি দিন। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সুনেহরা। সামনের টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু কাগজপত্র আর ফাইল। সুনেহরা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে ওগুলো। এমন সময় আনোয়ার সাহেব এলেন ওখানে। সুনেহরার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে ভরাট কণ্ঠে বললেন -
"তুমি চাকরিটা ছাড়বে না, তাই না?"
"না।"

'সুনেহরার সোজাসাপ্টা জবাবে রেগে গেলেন আনোয়ার সাহেব - "তাহলে আমাকে ছেড়ে দাও।"

সুনেহরা নিজের বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল -
"তুমি কি চাইছো আব্বু?কেন করছ এসব?"
"আমি চাইছি না তুমি এই চাকরিটা করো। আর যদি করতে চাও, তো একটা শর্ত আছে।"
"কী শর্ত শুনি।"
"তুমি দিব্যকে বিয়ে করবে আজ আর এক্ষুণি!রাজি?"

'সুনেহরার ভ্রু জোড়া কুঁচকে এলো সহসাই।বিরক্ত হয়ে বলল - "কখনোই না! তুমি জানো দিব্য কে, কী করে? ওর নামে কতো গুলো কেস ঝুলছে সে বিষয়ে তোমার কোনো আইডিয়া আছে? নিজের মেয়েকে ঠেলেঠুলে খাদে ফেলতে চাইছো আব্বু?"

"চুপ করো। তুমি কি ভাবলে? দিব্য সম্পর্কে এসব আজেবাজে কথা বললেই আমি বিশ্বাস করে নিব? উঁহু, কখনোই না। আর শুনো সুনেহরা, আমি আগে থেকেই ঠিক করে রেখেছি তোমার বিয়েটা দিব্যের সাথে দিব। ও যাই করুক, যেমনই হোক, আমি তোমাকে অন্য কারোর পাশে দেখতে চাই না।"

"তুমি যদি এমনটাই চাও, তাহলে দিব্যকে সব খারাপ কাজ ছেড়ে ভালো পথে আসতে বলো।"
"আমার ধারণা দিব্য কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়। আর তাই এমন কিছুই আমি তাকে বলব না। তবে তোমাকে বলছি শুনো, আজ তুমি দিব্যের সাথে বিয়ে করবে, আর নাহলে আমাকে আর আমার এই বাড়ি ছেড়ে সারাজীবনের মতো চলে যাবে।"

'সুনেহরা বাকরুদ্ধ। কী বলতে বুঝতে পারছে না সে। হুট করে ওর আব্বুই বা এমন করছেন কেন? সুনেহরা নিজেও দিব্যকে ভালোবাসে, ওর বউ হতে চায়। সারাটা জীবন ওর সাথে কাটাতে চায়, কিন্তু ওর আর সুনেহরার কাজের মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ, এমন অনিশ্চিত সম্পর্কে নিজেকে জড়াতে চাইছে না সে। কিন্তু বাবাকেই বা ছাড়বে কী করে? আনোয়ার সাহেব রাগে গিজগিজ করতে করতে জায়গা ছেড়ে চলে যাচ্ছিলেন, তখনই বলল সুনেহরা -
"ঠিক আছে।"

'থমকালেন আনোয়ার সাহেব। পিছু ফিরে তাকালেন মুহূর্তেই। অন্ধকার মুখটাতে দেখা মিলল হাসির রেখা!উনি দ্রুত সুনেহরার কাছে এসে উৎসুক হয়ে বললেন -
"তুমি বিয়েটা করছো তবে!"
"না করে উপায় আছে।"
"তা নেই। তবে তোমার সিদ্ধান্তে আমি বেশ খুশি হয়েছি। আমার সাথে চলো।"
"কোথায় যাব আব্বু?"
"আহা, কথা বলো না।"

'আনোয়ার সাহেব মেয়ের হাত ধরে ওকে নিয়ে গেলেন রুমে। আলমারি থেকে একটা সুন্দর শাড়ি আর কতো গুলো গহনা বের করে দিয়ে বললেন -
"এগুলো তোমার আম্মুর রেখে যাওয়া স্মৃতি। ওর ইচ্ছে ছিলো এই গহনা গুলো পরিয়েই তোমাকে বউ সাজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবে। এই শাড়িটাও তোমার আম্মুর। সালেহা আগেই অনেক জিনিসপত্র পাঠিয়েছে, তবে আমি চাই তুমি এগুলো পরেই বিয়েটা করো!"

'সুনেহরা নিজের বাবার মুখের দিকে তাকিয়ে আছে কেবল। ওর বিয়েতে উনি এতোটা আনন্দিত! বাবার এই খুশিটা দেখতেও ভালো লাগছে সুনেহরার। ও কথা না বাড়িয়ে শাড়ি-গহনাগুলো নিজের হাতে তুলে নিল। আনোয়ার সাহেব বেরিয়ে গেলেন রুম থেকে।

-

'স্রোতের অবস্থা ভীষণ খারাপ। বার বার সেন্সলেস হচ্ছে মেয়েটা। ঠিক মতো খাওয়া-দাওয়া না করায় ওর এই অবস্থা! দুই দিন হলো স্রোতকে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাড়ির সবার মন খারাপ। চিন্তা আর সমস্যা যেন পিছু ছাড়ছে না কারোরই।ধ্রুব আর তাহিয়ার মধ্যে ঝামেলা আবার মাহতাব সাহেবের যায় যায় অবস্থা!এমন একটা পরিস্থিতিতে সাবরিনা বেগম কি করবেন বুঝতে পারছেন না। উনি হসপিটালেই ছিলেন স্রোতের সাথে।তখনই কাব্যের বন্ধুরা গিয়ে বলল স্রোতকে ওরা সাথে করে নিয়ে যেতে চায় একটু ঘুরাফেরা করলে যদি ওর মন ভালো হয়!সাবরিনা বেগম সম্মতি জানালেন স্রোতের সাথে দোয়েলকেও পাঠিয়ে দিলেন। স্রোতকে হসপিটাল থেকে সোজা কাব্যের ফ্ল্যাটে নিয়ে আসা হয়েছে। স্রোত যেন জড়বস্তুর মতো বসে আছে। চারিদিকের মানুষজন, কথাবার্তা কিছুই যেন ওর কানে যাচ্ছে না। লিয়া আর দোয়েল স্রোতকে কাব্যের রুমেই রেখে এসেছে। ওর শরীর আর মন দুটোই বিষণ্ণ হয়ে আছে। স্রোত বসেই ছিলো, দপ করে বিছানায় পড়ে গেলো সে। চোখ বন্ধ করলেই চোখের কার্নিশে দেখা মিলল অশ্রুর। ওর মন জানতে চাইল খুব করে—'কাব্য কি সত্যিই নেই? তার মুখে স্রোতের নীলাম্বরী ডাক শোনা বোধহয় আর হবে না। ওর বেঁচে থাকার ইচ্ছেটা ম'রে গেছে! কাব্য ছাড়া সব কিছুই বিরক্ত লাগছে!কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছে স্রোত।

-

'দরজার টুংটাং শব্দ কানে এলেই দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল দোয়েল। ওর হাবভাব দেখে মনে হলো কে এসেছে, সে জানে! রাহুল সোফায় বসে আছে। চোখ মুখে চিন্তার চাপ! কাব্য নেই, বিশ্বাস করতে ওর খুব কষ্ট হচ্ছে। এদিকে স্নিগ্ধ আর লিয়া সমানে বুঝিয়ে যাচ্ছে রাহুলকে—'কাব্য আর ফিরবে না, ওর ফেরার সমস্ত রাস্তা বন্ধ হয়ে আছে। রাহুল বিরক্ত হলো ওর বন্ধুদের কথায়। রেগে চলে যাচ্ছিলো সে। সিঁড়িতে পা রাখলেই পেছন থেকে ভেসে এলো কারো পরিচিত কন্ঠস্বর -
"রাহুল...."

'রাহুল থমকালো। চোখ দুটো চিকচিক করে উঠলো মুহূর্তেই। মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হলো। কাব্য তবে ফিরে এসেছে? ওর কিছুই হয়নি! রাহুলই তবে ঠিক। রাহুল ফিরে তাকালেই দেখল দরজার সামনে হাসিমুখ করে দাঁড়িয়ে আছে কাব্য। ওর ঠিক পাশেই আরেকটা ছেলে তার গঠন, গায়ের আকৃতি সব যেন কাব্যের মতোই, তবে মুখে মাস্ক থাকায় তার চেহারা দেখার সৌভাগ্য হলো না কারোরই।কাব্যের সাথে কি যেন কথা বলে চলে গেলো ছেলেটা। দোয়েল কান্না করছে কাব্যকে দেখে। এ দেখে কাব্য ওকে সামলালো। বোনকে জড়িয়ে ধরে বলল কান্না না করতে। এদিকে রাহুলের খুশি দেখে কে! সে দৌড়ে এসে জাপ্টে ধরেছে কাব্যকে।কাব্যও একই ভাবে জাপ্টে ধরল রাহুলকে।হাত বাড়িয়ে দূরে দাঁড়িয়ে থাকা কান্নারত স্নিগ্ধ আর লিয়াকে ডাকলেই ওরা দৌড়ে এসে জড়িয়ে ধরল কাব্যকে।

-

'সময়টা সন্ধ্যা। লাল শাড়িতে কনের সাজে বসে আছে সুনেহরা। পাশেই শার্ট পরে গুন্ডা সেজে বসে আছে মধু। আশেপাশে দাঁড়িয়ে আছেন ওদের কিছু কাছের মানুষ। সুনেহরার ২/৩ জন কলিগ আর মধুর বন্ধুরা। সাহেলা বেগম আজ ভীষণ খুশি। এক এক করে উনার সব ইচ্ছে সত্যি হচ্ছে। কাব্যকে ফিরে পেয়েছেন, এবার সুনেহরা উনার বউমা হচ্ছে।সব যেন স্বপ্নের মতো লাগছে সাহেলা বেগমের কাছে। মধু কেমন একটা ভাব নিয়ে বসে আছে, যেন এ বিয়েতে তার মত নেই, ধরেবেঁধে কনের পাশে এনে বসানো হয়েছে এমন একটা হাবভাব! সুনেহরা সেই তখন থেকেই রেগে তাকিয়ে আছে মধুর দিকে। মধু ওর দিকে তাকাল। ভ্রু কুঁচকে প্রশ্ন করল -
"বড় বড় চোখ করে কী দেখছিস? শিং গজিয়েছে আমার?"

'সুনেহরা প্রত্যুত্তরে কিছুই বলল না মধুকে, বরং মধুর আম্মুকে বলল -
"ফুপি, তোমার ছেলেকে বলো সাজপোশাক পালটে আসতে। ও এভাবে থাকলে আমি এই বিয়ে করব না।"
"করিস না। তোকে বিয়ে করার জন্য বসে নেই আমি।"

'কথাটা বলেই চলে যাবে বলে উঠে দাঁড়িয়েছে মধু। সাহেলা বেগম চোখ গরম করে তাকালেন ছেলের দিকে। মধু ওর আম্মুর চাহনি দেখে আবারও বসে পড়ল ওখানেই। সুনেহরার কানের কাছে গিয়ে আস্তে করে বলল -
"এবারের মতো তুই কবুল বলে নে।পরে আবার সুন্দর করে প্রোগ্রাম করব।পাক্কা প্রমিস।"

'সুনেহরার ভাবভঙ্গির খুব একটা পরিবর্তন হলো না। চোখ-মুখ কঠিন করে সে বসে রইলো আগের মতোই। কাজী সাহেব খুতবা পড়ে কবুল বলতে বললে বর-কনে দুজনেই কবুল বলল। ওদের বিয়ে সম্পন্ন হলেই মধু কোনোদিকে না তাকিয়ে সুনেহরাকে কোলে তুলে বেরিয়ে গেলো বাড়ি থেকে। মধুর কাজে বিব্রত হলেন না কেউ-ই বরং হাসি তামাশায় মেতে উঠলেন সবাই।ও কেমন,সবারই তো জানা!

-

'স্রোত চোখ খুলে তাকালেই দেখল পুরো রুমে কৃত্রিম আলো জ্বলছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রঙ-বেরঙের বেলুন। রঙিন পাতলা কাপড় দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে রুমটা। কিন্তু এসব কখন আর কে করল? স্রোত বিছানা থেকে নেমে সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে তখন বাতাস বইছে, প্রকৃতি খুবই অশান্ত হয়ে আছে। এ যেন যখন-তখন বৃষ্টি আসার পূর্বাভাস। ভাবতে না ভাবতেই শুরু হলো বৃষ্টি। স্রোত দাঁড়িয়ে আছে ওখানেই।আজ স্রোতের ভয় হচ্ছে না।ওর কাছে বেঁচে থাকাটাই যেন বিরক্তিকর হয়ে উঠেছে!স্রোত মনে মনে ভাবল, কাব্য যদি সত্যিই ফিরে না আসে, স্রোত নিজেই ওর কাছে চলে যাবে। ম'রে যাবে সে। এই পৃথিবীর মায়া ত্যাগ করে সেখানে চলে যাবে, যেখানে কাব্য ভাই আছে। স্রোত পিছু ফিরে তাকালেই দেখল কারোর অবয়ব। অন্ধকার, তাই ভালো মতো দেখতে পারছে না মানুষটা কে। কিন্তু ওর মন বলছে, এই ব্যক্তিটি স্রোতের অতি পরিচিত কেউ!সে স্রোতের ঠিক পেছনটায় গিয়ে দাঁড়ালো। ওর কোমর স্পর্শ করে নিজের থুতনি রাখল স্রোতের ঘাড়ে। পরিচিত পারফিউমের স্মেল, চেনা স্পর্শে মেয়েটা যখনই বুঝল মানুষটি কে,আনন্দ, কষ্ট সব যেন মিলেমিশে একাকার হলো। চোখের কোণে দেখা মিলল অশ্রুকণার। তার এতোদিনের অপেক্ষার তবে অবসান ঘটবে আজ! বাইরের অশান্ত প্রকৃতি আর চারপাশের অন্ধকার ছাপিয়ে গভীর সুরেলা কন্ঠস্বর ভেসে এলো স্রোতের কানে -
'চলো বলে ফেলি, যত কথা কলি
জন্মেছি বলতে তোমায়... তোমাকে চাই...
ঝলসানো রাতে,এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার,আর রোশনাই
কার্নিশে আলতা মাখানো,দিনেরা ঢলে পড়ে রাতে
তারপরে রাত্রি জাগানো,বাকিটা তোমারই তো হাতে
জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
থেকে থেকে সেই মেঘেতে যাই,বেড়াতে যাই
তোমাকে চাই... তোমাকে চাই......

'স্রোত কান্না করছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয় পুরুষটির মুখপানে।ও কি সত্যি দেখছে, নাকি সবটাই কল্পনা!কাব্য বুঝল প্রেয়সীর চাহনির মানে।নীলাম্বরীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল সে -
"আমি ফিরে এসেছি, নীলাম্বরী!সবটাই বাস্তব,কিছুই তোমার কল্পনা নয়।"

'কাব্যের বলতে দেরি, স্রোতের ওর বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। মেয়েটা শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে।কান্না করে ওর শার্ট ভিজালো সে।ক্রন্দনরত অবস্থাতেই সে জড়িয়ে ধরেছে কাব্যকে। বার বার বলে যাচ্ছে -
"আ... আমি জানতাম আপনি ফিরবেন,আপনার কিচ্ছু হতে পারে না। এতো সহজে আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। কিন্তু আপনি এতোদিন কোথায় ছিলেন? কেন আসেননি আমার কাছে? জানেন, আপনাকে ছাড়া থাকতে আমার কতোটা কষ্ট হয়েছে?"

'কাব্য ঘাড় কাত করে তাকিয়ে আছে নীলাম্বরীর মুখপানে। কতোটা অস্থির দেখাচ্ছে স্রোতকে।চেহারার কী বাজে অবস্থা করেছে। ইশশ!কাব্য কেন করল এমন? কেন আরও আগে আসলো না স্রোতের কাছে! কাব্যের যে ভালো লাগছে না নীলাম্বরীকে এভাবে দেখতে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ভেতরটা পুড়ছে! কাব্য তার নীলাম্বরীর পুরো মুখে চুমু দিল। চোখের পানি মুছে দিয়ে বলল -
"কী বলেছিলাম মনে নেই? কাঁদবে না একদম! তুমি কাঁদলে আমার বুকের বাঁ পাশটায় প্রচন্ড যন্ত্রণা হয়,নীলাম্বরী। কেঁদোনা প্লিজ!"

~~~~~~~
'প্রিয় মানুষটাকে কাছে পেয়ে আবেগী হলো স্রোত। বলতে ইচ্ছে করল সকল মন খারাপের কথা! স্রোতের কান্নার বেগ বাড়ল। কাব্য চিন্তিত হলো। নিজের দু'হাতের আঁজলায় নীলাম্বরীর ছোট্ট মুখটা নিয়ে বলল -
"স্রোত, কী হয়েছে? আমি ফিরে এসেছি তো। আর যাব না, এই যে প্রমিস করলাম।আর হারাবো না আমি।এবার কান্না বন্ধ কর প্লিজ।আমার ভালো লাগছে না তোর চোখের পানি।"

'স্রোত ছলছল চোখ দুটো নিয়ে তাকাল কাব্যের মুখপানে। ঢোক গিলল সে। নিজেকে কিছুটা শান্ত করে ভাঙা কণ্ঠে বলল -
"শু... শুনুন..."
"হ্যাঁ... বলো। শুনছি আমি।"

'স্রোত কান্না করছে খুব। আস্তে আস্তে চোখ নামিয়ে নিজের পেটের দিকে তাকাতেই কাব্য জিজ্ঞেস করল ওকে -
"কী হয়েছে স্রোত? সব ঠিক আছে? আমার বাচ্চা ঠিক আছে?"

'স্রোতের কান্না যেন মাত্রা ছাড়াল এবার। সে দপ করে মেঝেতে বসে পড়ল। দুইদিকে মাথা নাড়িয়ে সে বলল -
"কিছুই ঠিক নেই।আ... আমার বাচ্চাটা আর নেই।ওকে আমি বাঁচাতে পারিনি।আমার দোষ,সবটাই আমার দোষ..."

'কথাগুলো বারবার বলছে স্রোত।কি হয়েছে জিজ্ঞেস করলে সেদিনের পুরো ঘটনাটা খুলে বলল সে।কাব্য পাথরের মতো দাঁড়িয়ে আছে আগের জায়গায়। দিব্য যে ওকে বলল সবটা ঠিক আছে! স্রোত আর ওর বেবির কিছুই হয়নি! তাহলে স্রোত কী বকছে এসব? বাইরে ঝড়-তুফান হচ্ছে, ক্ষণে ক্ষণেই বাজ পড়ছে, তবুও নীলাম্বরীর কান্নার শব্দ স্পষ্টভাবেই কাব্যের কানে আসছে। ইশশ! এত কষ্ট হচ্ছে কেন? মনে হচ্ছে ওর বুকে কেউ ছুরি চালাচ্ছে। কাব্যের যা বোঝার বুঝে নিল। বাচ্চাটা আর নেই! পৃথিবীর আলো দেখার আগেই সে চলে গেছে! কাব্য তাকে সেফ রাখতে পারেনি! কেমন বাবা সে? কাব্য বসে পড়ল স্রোতের পাশটায়, মাথায় হাত ঠেকিয়ে কী যেন ভাবল সে। এমনটা কেন হলো?এমনটা না হলেও তো পারত।বাবুকে নিয়ে কতো স্বপ্ন দেখেছিলো ওরা।কাব্য কতো কথা বলতো বাচ্চার সাথে।দিন গুনছিলো ওর পৃথিবীতে আসার আর এগুলো কি হলো! কাব্য-স্রোতের ছোট্ট বাচ্চা কাব্যের অস্তিত্ব সে আর নেই!কাব্য যে মানতে পারছে না বিষয়টা!সব খারাপ কেন ওর সাথেই হয়?একটা বিপদ কাটিয়ে ওঠার আগেই কেন আরেকটা বিপদ এসে হাজির হয়!পরক্ষণেই কাব্য ভাবল মানুষের জীবনে বিপদ আসবেই আবার চলেও যাবে আল্লাহ হয়তো খারাপ সময়ে ফেলে পরিক্ষা নিচ্ছেন ওদের! এই ভেবেই নিজেকে শান্ত করল কাব্য।কান্নারত স্রোতের দিকে তাকাল সে।কাব্যকে শক্ত থাকতে হবে। নীলাম্বরীকে সামলাতে হবে।সে স্রোতের কাছে গেলো ওকে বলল-
"স্রোত, কিচ্ছু হবে না। শান্ত হো। আমি আছি তো। কাঁদিস না পাখি, তুই কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়।দমবন্ধ লাগে।আমাকে এতটা কষ্ট দিতে ভালো লাগছে খুব?"

'স্রোত কান্না থামাল। শান্ত হলো সে। ওর গাল, মুখ, চোখ কেমন লাল হয়ে আছে। কাব্য নীলাম্বরীর পুরো মুখ ভরিয়ে দিল অজস্র চুমুতে। ওকে বুকে টেনে নিল। বাইরে তখন তুমুল বর্ষণ। ক্ষণে ক্ষণেই বাজ পড়ছে। স্রোত কেমন কাঁপছে। কাব্য বিষয়টা লক্ষ্য করে ওকে কোলে তুলে রুম পর্যন্ত নিয়ে গেল। বেশ অনেকক্ষণ গেল ওভাবেই। নীলাম্বরী ঘাপটি মেরে বসে রইল কাব্যের কোলে। কাব্য দু'হাত দিয়ে মেয়েটাকে আঁকড়ে ধরে বলল -
"ভয় নেই নীলাম্বরী। আমি আছি!আমি থাকতে তোমার কিচ্ছু হবেনা।আমি হতে দিব না।"

-

'একটা বড়সড় অন্ধকার বাড়ির সামনে এসে থেমেছে মধুর গাড়িটা। চারিদিকে গা ছমছমে, ভুতুড়ে পরিবেশ; মাঝখানে রাজপ্রাসাদতুল্য বড় বাড়িটা। সেদিন সুনেহরাকে অজ্ঞান করে এই বাড়িতেই নিয়ে এসেছিল মধু। মেঘ-বৃষ্টি হচ্ছে, তাই গাড়ি থেকে নেমে একা একাই হেঁটে চলে যাচ্ছিল মধু। তখনই মনে পড়ল সে সদ্য বিয়ে করেছে, সাথে নতুন বউ আছে! আবারও ফিরে এসে গাড়ির ডোর ওপেন করে বলল মধু -
"তুই কী চাইছিস? তোকে কোলে করে ভেতরে নিয়ে যাই?"

কাঠখোট্টা গলায় বলল সুনেহরা -
"নির্লজ্জের মতো এত লোকজনের সামনে কোলে তুলে নিয়ে আসতে পারলি, আর এইটুকু পথ নিয়ে যেতে পারবি না?"
"হুহ্ এতো তেজ না দেখিয়ে বললেই হয়, তুই আমার কাছাকাছি আসতে চাইছিস!"

'সুনেহরা দৃষ্টি সরাল অন্যদিকে। মধু ওকে কোলে তুলে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। পেছনে আসল জাফর আর অন্য একটা লোক। ওরা সদর দরজার সামনে আসতেই কালো শার্ট-প্যান্ট পরিহিত দুটো মেয়ে এসে দরজা খুলে দিল। সুনেহরা চোখ বুলালো পুরো বাড়িতে।বাইরে থেকে দেখে যেমনটা মনে হয়, ভেতরে এলে ঠিক তার উল্টো! কী সুন্দর বাড়িটা! চারিদিকটা সাজানো-গোছানো! কিন্তু এই কালো পোশাকে আবৃত ছেলে-মেয়েগুলো কারা?সিঁড়ির কাছটাতে যেতেই সুনেহরা বলল-
"দিব্য... নামাও আমাকে।"
"কেন?"
"নামাতে বলেছি, নামাও।"

'সুনেহরার কথাটা ভালো লাগল না মধুর। সে মনে মনে কী যেন ভেবে বাঁকা হাসল। অতঃপর হাতের বাঁধন আলগা করতেই বালির বস্তার মতো মেঝেতে পড়ল সুনেহরা।কোমরের প্রচণ্ড ব্যথায় সাথে সাথেই চোখ-মুখ কুঁচকে নিল।চিৎকার দিয়ে বলে উঠল -
"আহ্... দিব্যের বাচ্চায়ায়া,আমি তোকে দেখে নিব।"
"বিয়ে যখন করেছি, দেখবিই তো! এত অধৈর্য হচ্ছিস কেন? তোর রোমান্স করার মুড এলেই আমাকে ডাকবি,কেমন?আমি সব দেখানোর জন্য রেডিই আছি!"

'সুনেহরা দাঁত কিড়মিড় করে তাকিয়ে আছে মধুর দিকে। মধু এ দেখে হাসল।গুনগুন করে গান গেয়ে ওপরে উঠে গেল, পিছু পিছু মধুর লোকগুলোও গেল।মেয়েগুলো সুনেহরাকে ধরে সোফায় বসাল। পায়ের হিলগুলো খুলে দিয়ে বলল -
"আপনার সমস্যা হচ্ছে ম্যাম? ডাক্তার ডাকব?"

'সুনেহরা তাকাল মেয়ে দুটোর দিকে। ওর মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে!জিজ্ঞেস করবে ওদেরকে? কিছু মনে করবে না তো! মনে থাকা সংকোচ কাটিয়ে প্রশ্ন করল সুনেহরা -
"ডাক্তার ডাকতে হবে না। আমাকে একটা কথা বলো তো! তোমরা কারা? এই বাড়িটাই বা কার?"

'মেয়ে দুটো উৎফুল্ল হয়ে বলল -
"এই বাড়িটা আমাদের স্যার মানে আপনার হাজব্যান্ডের! আর আমি টায়রা।"

"আর আমি ডায়না,তবে সবাই ডাকে ডাইনি!"

'২য় মেয়েটার কথায় হেসে উঠল সুনেহরা। মেয়েটা ভারী লজ্জা পেল। সুনেহরা আবারও জিজ্ঞেস করল -
"আচ্ছা, তোমাদের সাথে দিব্যের সম্পর্ক কী? তোমরা নিশ্চয়ই ওর হয়ে কাজ করো? তা কী কাজ করো? খু'নো'খু'নি?"

মেয়ে দুটো একে অপরের দিকে তাকাল। কী বলবে বুঝতে পারল না তারা। দুজনেরই চোখ গেল দোতলার দিকে। মধু সেখানে দাঁড়িয়ে আছে। ওদের চুপসে যাওয়া মুখশ্রী দেখে চিন্তা করতে বারণ করল। মেয়ে দুটো আবারও তাকাল সুনেহরার দিকে, চোখ-মুখে হাসি অথচ কণ্ঠটা গম্ভীর করে বলল -
'ক্ষমা করবেন ম্যাডাম, আপনাকে এসব বলা বারণ আছে।"
"কে বারণ করেছে? তোমাদের বস? আচ্ছা ঠিক আছে,কী কাজ করো না-ই বললে!একটা কথা বলো তো,এ বাড়িতে কেবল তোমরা কয়জনই আছো নাকি আরও..."

'সুনেহরার কথা শেষ হলো না। রান্নাঘর থেকে কয়েকজন এলো, আর কয়েকজন নেমে এলো সিঁড়ি বেয়ে নিচে। সবাই ওর সামনে দাঁড়িয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল -
"শুধু ওরা নয় ম্যাম। আমরা সবাই আছি। আপনার কোনো প্রয়োজন পড়লেই আমাদের ডাকবেন। আপনার যাতে কোনো রকম সমস্যা না হয়, সেজন্যই স্যার আমাদেরকে রেখেছেন।"

'সবার কাজকর্মে সুনেহরার কেমন রানি রানি ফিল হচ্ছে। এত গুরুত্ব বোধহয় এই প্রথম পেল সে! তবে যাই হোক, এই বাড়িটাতে এসে ভালোই হয়েছে। ওর মূল লক্ষ্যই ছিল এই বাড়িতে আসা, দিব্য সম্পর্কে সবকিছু জানা! কাছাকাছি থাকলে এসব জানতে খুব একটা সময় লাগবে না! তীক্ষ্ণ দৃষ্টিতে সুনেহরার দিকে তাকিয়ে আছে মধু। ভ্রু জোড়া কুঁচকে রেখে মনে মনে কী যেন ভাবছে। সে বেশ রেগে আছে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তবে সুনেহরা যখনই মধুর দিকে তাকাল, ওর কী যেন হলো, চোখ-মুখের রাগ সরে গেল মুহূর্তেই, ভিড় জমাল একরাশ মুগ্ধতা! মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে, চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে! সুনেহরার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, পরেছে আবার লাল টুকটুকে শাড়ি! রক্তজবার মতোই সুন্দর লাগছে ওকে। মধুর চোখে চোখ রেখেই মনে মনে বলছে সুনেহরা -
"তোর সম্পর্কে সব আমি জেনেই ছাড়ব দিব্য! আমি তোকে এই খু'নোখু'নি, টাকা আর র'ক্তের খেলা থেকে বের করে আনবই! প্রয়োজনে তোর করা অন্যায়ের শাস্তিও দিব!"

'মধু কি বুঝল সুনেহরার মনে মনে বলা কথা? হয়তো না! একটা মানুষের মনের খবর অন্য মানুষটির বোঝা সম্ভবও না। মধু বাঁকা হাসল।সোফায় বসে থাকা সুনেহরার দিকে দৃষ্টি রেখেই বলল -
"মাই ডিয়ার ওয়াইফি... তুমি ডালে ডালে চললে আমি চলি পাতায় পাতায়! তুমি কেন এখানে এসেছ, আমি ভালো করেই জানি; তবে তুমি জানো না আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছি!"

'একই বাড়িতে একই ছাদের নিচে বসবাসকারী দুটো মানুষ যারা একে অন্যের সাথে গভীর এক সম্পর্কে জড়িয়ে আছে মনে মনে তারা দুজনেই একে অন্যকে গভীর পরিকল্পনা করছে। আর ওদের ভালোবাসার শেষ পরিনতি কেমন হবে? সুনেহরা মধুকে ভালোবেসে নিজের স্বপ্ন,শখ বির্সজন দিবে? নাকি মধু সুনেহরার ভালোবাসায় সব খারাপ কাজ থেকে বেরিয়ে আসবে?

-

'রাত অনেক হয়েছে।বাড়ির সদর দরজা ঠেলে আস্তে আস্তে ভেতরে ঢুকল ধ্রুব। সাবরিনা বেগম অপেক্ষা করছিলেন ওর জন্যই। কাব্য সুস্থ আছে, ঠিকঠাকভাবে ফিরে এসেছে।খবরটা মাত্রই পেলেন উনি। উনার বাড়ির সকলের চোখ-মুখে আনন্দ উপচে পড়ছিল। পুরো যেন মিরাকল ঘটল! উনারা ভেবেই নিয়েছিলেন কাব্য মৃত! কিন্তু উনারা ভুল, আর কয়েকজনের বিশ্বাস সত্যি হলো!কাব্য ফিরে এলো ঐ কাছের মানুষগুলোর ভালোবাসার টানে। এখনও সবটা স্বপ্নের মতো লাগছে সাবরিনা বেগমের কাছে। সকলে যার যার রুমে চলে গেলে উনি লাইট নিভিয়ে বসে রইলেন ড্রয়িং রুমে। কাব্যের ফিরে আসা নিয়ে খুশি হলেও ধ্রুব আর তাহিয়ার মধ্যে ঝামেলা বেঁধেছে শুনে ভীষণ মন খারাপ উনার। তাহিয়া অকারণে ঝামেলা বাঁধানোর মেয়ে নয়, এদিকে ধ্রুবও ঠান্ডা মেজাজের। কী নিয়ে ঝামেলা হলো, কিছুই বুঝতে পারছেন না উনি। ধ্রুব সিঁড়ির কাছটায় গেলেই জ্বলে উঠল রুমের লাইট। পিছু ফিরে তাকাল সে, সম্মুখীন হলো মায়ের রাগের! সাবরিনা বেগম মেজাজ দেখিয়ে বললেন ধ্রুবকে -
"তাহিয়া বাড়ি ফেরেনি কেন?"
"আমি কী করে জানব আম্মু? ওকেই জিজ্ঞেস করো!"
"তুমি জানো না? অথচ তুমিই ওকে বাড়ি আসতে মানা করেছ! এগুলোর মানে কী ধ্রুব? কেন করছ এসব?"

'ধ্রুব ভ্রু কুঁচকাল। রাগ হলেও চুপচাপ দাঁড়িয়ে রইল সে। সাবরিনা বেগম এবার শীতল কণ্ঠে বললেন -
"তুমি জানো, তাহিয়া অসুস্থ?ও বিছানা থেকে ওঠার অবস্থায় নেই।হয়তো জ্বর বাধিয়েছে!"

'ধ্রুবের চোখ-মুখের রাগ সরে গেল মুহূর্তেই। ভিড় জমাল চিন্তারা। তাহিয়া অসুস্থ মানে? তখন তো ঠিকঠাকই লাগল। তাহলে ওর আম্মু এমনটা কেন বলছেন? সত্যিই কি তাহিয়া অসুস্থ? ধ্রুব প্রশ্ন করল ওর আম্মুকে -
"কী হয়েছে ওর?"

'ছেলের খামখেয়ালিপনা দেখে মেজাজ খারাপ হলো সাবরিনা বেগমের উনি বললেন -
"কী হয়েছে,জানার অধিকার তোমার নেই।যাও, চলে যাও আমার সামনে থেকে।"

'ধ্রুব চলেই যাচ্ছিল, কিন্তু কয়েকটা সিঁড়ি উঠতেই মনে হলো ওর আম্মু হয়তো সত্যিই বলছেন। বুকের ভেতরটায় কেমন অশান্তি শুরু হলো। মনে হলো এক্ষুনি একবার তানুকে দেখবে।দেখতেই হবে, নাহলে সে প্রাণ হারাবে এমন অবস্থা!ধ্রুব রুমে গেল না। বাড়ি থেকে বেরোতে বেরোতে বলল ওর আম্মুকে -
"ভাইয়ার খবরটা আমি শুনেছি আম্মু। কাল ভাইয়া আর স্রোতকে ফিরিয়ে নিয়ে এসো! এখন বরং ঘুমিয়ে পড়ো।আমি আসছি।" "কোথায় যাচ্ছ তুমি?"
"তানুর কাছে।"

'ধ্রুবের সোজাসাপটা জবাবে মুচকি হাসলেন সাবরিনা বেগম। উনি জানতেন, তাহিয়া অসুস্থ শুনলে ধ্রুব নিজেকে আটকে রাখতে পারবে না,তাই তো বানিয়ে বানিয়ে কথাগুলো বললেন!

'স্রোতের চোখ-মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুঁজে দিল কাব্য। ডাকল স্রোতকে -
"নীলাম্বরী।"

'আস্তে করে উত্তর দিল স্রোত -
"শুনছি।"
"তুমি খেয়াল করেছো?পুরো রুমটা আমি নিজ হাতে সাজিয়েছি।কেন সাজিয়েছি বলো তো?"

'স্রোত চোখ বুলালো পুরো রুমে, সত্যিই রুমটা সুন্দর করে সাজানো। স্রোতের চোখ আটকালো ক্যানভাসের দিকে। কী সুন্দর একটা পেইন্টিং! ছবিতে দৃশ্যমান নীল গাউনে আবৃত নীল চোখের এক অতি সুন্দর রমণী,হুম,মেয়েটা স্রোতই! এ ছবি বুঝি কাব্য এঁকেছে। পুরো জীবন্ত মনে হচ্ছে। মনে হচ্ছে বাস্তবের স্রোত! কাব্যের থেকে নিজেকে ছাড়ালো স্রোত, আস্তে আস্তে হেঁটে ছবিটার কাছে গেল। কাব্য তখন টেবিলে রাখা কেকের পাশ থেকে একটা সুন্দর ফুলের বুকে হাতে তুলে নিল। স্রোতের ঠিক সামনে ঐ বুকেটা ধরে বলল -
"আমার নীল চোখের নীলাম্বরীর জন্য একগুচ্ছ নীল গোলাপ।"

'স্রোত আলতো হেসে হাতে নিল ফুলের বুকেটা। কাব্য ওর পেছনে গিয়ে দাঁড়াল, জড়িয়ে ধরল নীলাম্বরীকে। ওর গলায় মুখ গুঁজে বলল -
"সব খারাপ স্মৃতি ভুলে যাও নীলাম্বরী। আমি তো ফিরে এসেছি, এবার সবটা ভালো হবে।আমরা দুজনে মিলে সবটা গুছিয়ে নিব!"

'স্রোত বেশ অবাক হলো কাব্যের কথায়। ও ভেবেছিল, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে শুনলে কাব্য রাগ করবে,ওকেই দোষারোপ করবে, কিন্তু এমন কিছুই হয়নি।এই খারাপ সময়টাতে কাব্য তার নীলাম্বরীর পাশে আছে। সবটা সুন্দর মতোই সামলে নিচ্ছে! ইশশ! স্রোতের শত জন্মের ভাগ্য যে সে এত ভালো একটা বর পেয়েছে! স্রোত কাব্যকে জড়িয়ে ধরে রইলো খানিকক্ষণ।কি যেন মনে আসল ওর চিন্তার ভাঁজ পড়ল কপালে।কাব্যকে জিজ্ঞেস করল স্রোত -
"আচ্ছা,সেদিন কী হয়েছিল? আপনি এতোদিন কোথায় ছিলেন?"

'কাব্য বুঝল, স্রোত সবটা জানতে চায়, কিন্তু ওর যে মন চাইল না নীলাম্বরীকে টেনশন দিতে,তাই কোনোভাবে কথা কাটালো। কাব্য স্রোতকে নিয়ে সোফায় বসালো। সামনের টেবিলে রাখা কেকটার দিকে ইশারা করতেই স্রোত তাকাল কেকের দিকে। স্রোতের ফেভারিট চকোলেট কেক, আর তার ওপর সুন্দর করে লেখা 'হ্যাপি এনিভার্সারি নীলাম্বরী!' স্রোত ফটাফট কাব্যের দিকে তাকাল। মন খারাপ করে বলল -
"দেখলেন... আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী! আপনি এত দিন ছিলেন না, তাই আমার কতটা অবনতি হয়েছে দেখছেন? দেখুন, আমার দিকে তাকান, আমার চেহারাটা বিশ্রী হয়ে গেছে না?কেমন মন-ভুলো হয়ে গেছি, আজকের দিনটার কথা আমি ভুলে গেলাম কি করে!"
"তোমার মনে না থাকলেও আমার মনে আছে, আর আমরা তো একই! দুজনের মধ্যে একজনের মনে থাকলেই হবে। আর কী বললে?তুমি দেখতে বিশ্রী হয়ে গেছো?শোনো নীলাম্বরী, তোমাকে আমি ভালোবাসি। আমার হৃদপিণ্ডে নীলাম্বরী নামটাই খোদাই করা আছে,আর তাই আমার নীলাম্বরী ব্যতীত অন্য কাউকে ভালোবাসা বারণ। তুমি কী ভাবলে?তোমার এই সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে? উঁহু। আমি তো আটকেছি এই নীল চোখের মায়ায়।"

'এত সময় কাব্যের কথা মনোযোগ দিয়েই শুনল স্রোত। কাব্য কথাটা শেষ করার সাথে সাথেই বলল -
"যদি কখনো অন্ধ হয়ে যাই?যদি আমার চোখ দুটোই না থাকে!আপনার এই ভালোবাসা থাকবে?"
"অবশ্যই থাকবে।আমি তোমাকে ভালোবাসি, নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ভালোবাসি।তবে এই চোখ দুটোর মধ্যে স্পেশাল কিছু তো আছেই!জানো—তোমার চোখের দিকে তাকালে নেশা হয়, কঠোর আমিটা শান্ত হই। আমি তোমাকে ভালোবাসি,খুব খুব খুউউব ভালোবাসি..."
"আমিও আপনাকে ভালোবাসি। আপনার নীলাম্বরী আপনাকে মন-প্রাণ উজাড় করে ভালোবাসে কাব্য ভাই।"

'স্রোতের মাথাটা তখন কাব্যের বুকে।কাব্য নীলাম্বরীর চুলের ভাঁজেই চুমু দিল ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল সে।

-

'ধ্রুব কলিং বেল বাজাল,খানিকক্ষণ অপেক্ষা করল। তাহিয়ার আব্বু দরজাটা খুলে দিলেই ভেতরে প্রবেশ করল সে। বউয়ের চিন্তায় শ্বশুরকে ভালো-মন্দ জিজ্ঞেস করা হলো না।সে কথাবার্তা না বলে পা বাড়াল তাহিয়ার রুমে যাবে বলে। দরজার সামনে গিয়ে আবারও ফিরে এসে জিজ্ঞেস করল তাহিয়ার আব্বুকে -
"ভালো আছেন আব্বু?"
"তা আছি... তুমি কেমন আছ?"
"ভালোই!"
"ভালো যে নেই,তা বেশ বুঝতে পারছি! ঝগড়া-ঝামেলা হয়েছে?"

'ধ্রুব ওপর-নিচ মাথা নেড়ে বোঝাল, তাদের ঝামেলা হয়েছে। তাহিয়ার আব্বু হাসলেন। ওর কাঁধে হাত রেখে বললেন -
"সংসার করতে গেলে এমন টুকটাক ঝামেলা হবেই!দুজনেই তো বুঝদার!মানিয়ে নিবে,কেমন?"

'ধ্রুব হেসে মাথা নেড়ে সম্মতি জানাল শ্বশুরের কথায়। তারপর আর দেরি করল না সে, দ্রুত চলে গেল তাহিয়ার রুমে। গায়ে ব্লাঙ্কেট চাপিয়ে শুয়ে আছে তাহিয়া।ধ্রুব ব্লাঙ্কেট সরালো না, বরং নিজে ব্লাঙ্কেটের ভেতরে ঢুকে জড়িয়ে ধরল তাহিয়াকে। ওর ঘাড়ে চুমু দিয়ে বলল -
"তানুউউ, আর ইউ ওকে?"

'তাহিয়া দ্রুতই সরে যেতে চাইল।ধ্রুব ওকে যেতে দিল না, আরও শক্ত করে আঁকড়ে ধরল দু'হাত দিয়ে। বলল -
"তানুউ, রাগ করেছিস?ভুল হয়েছে আমার, ক্ষমা করে দে প্লিজ! আমি আর তোকে বকা দিব না,হসপিটালে কেন গিয়েছিলি এও বলতে হবেনা।এই যে কান ধরলাম।"

'ধ্রুবের দিকে ফিরে তাকাল না তাহিয়া। ওর রাগ গলে পানি হয়ে গেছে বহু আগেই, তবুও সে ভাব দেখাল এমন যেন ভীষণ রেগে আছে! ধ্রুব তাহিয়াকে নিজের দিকে ঘোরালো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল -
"তানু, তুই অসুস্থ? কী হয়েছে আমাকে বল! কোথায় কষ্ট হচ্ছে তোর?"

'তাহিয়া চুপ করেই রইল কিছুসময়। ধ্রুবের চোখ-মুখের ভাবভঙ্গি দেখে বুঝল, সে ভীষণ ভয় পেয়ে গেছে। চিন্তিত হয়েছে তাহিয়ার অসুস্থতার খবর শুনে! নাহ্, মানুষটাকে আর টেনশন দেওয়া উচিত হবে না! এই ভেবেই ধ্রুবের ঠান্ডা হাতটা নিজের পেটে ছোঁয়াল সে। মুচকি হেসে বলল -
"এই যে এখানটায় কষ্ট হচ্ছে... তোর বাচ্চা হাডুডু খেলছে।"

'ধ্রুব দ্রুতই উঠে বসল। থম মেরে ওখানেই কিছু সময় রইল, আর তারপর তাকাল তাহিয়ার দিকে। এইমাত্র নিজের কানে কী শুনল, বিশ্বাস হচ্ছে না ওর। ধ্রুব কি ঠিক শুনেছে? ও বাবা হতে চলেছে! ধ্রুবের খুব আনন্দ হচ্ছে, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। সে কী করে নিজের এই অনুভূতিটা প্রকাশ করবে বুঝতে পারছে না। ধ্রুবের চোখ-মুখ দেখে তাহিয়া ভড়কাল, ও কি তবে খুশি হয়নি এই সংবাদে? তাহিয়া উঠে বসল।ধ্রুব ওর দিকে তাকাতেই বলল -
"কী হলো ধ্রুব? তুই এই খবরটায় খুশি হসনি?"

'ধ্রুব কিছু না বলে তাহিয়ার কাছে এগিয়ে গেল। অজস্র চুমুতে ভরিয়ে দিল প্রেয়সীর পুরো মুখ। ওকে জড়িয়ে ধরল শক্ত করে, কেমন অস্থির লাগছে ধ্রুবের। আবারও আনন্দও হচ্ছে।মনে হচ্ছে আজ সে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা। আর তাহিয়া কিনা বলছে ও খুশি হয়নি? উঁহু, তাহিয়া ভুল। ধ্রুবের এহেন কাণ্ডে তাহিয়া বুঝে নিল ওর অনুভূতি কেমন। নিজেও মুচকি হেসে জড়িয়ে ধরল ওকে।
~~~~
® আফরোজা আঁখি

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 43 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন