#কাব্যেরল_নীলাম্বরী [৪৪]
চারিদিকের অন্ধকার কেটে গিয়ে আবারও সূচনা হয়েছে নতুন ভোরের। রাতভর তুমুল বর্ষণের পর প্রকৃতি এখন পুরোপুরি শান্ত। চারিদিকটা সবুজ সতেজ লাগছে। গাছের পাতাগুলো থেকে এখনও টুপটাপ করে পানি পড়ছে। গায়ে একটা সুন্দর সবুজ রঙের শাড়ি জড়িয়ে সুনেহরা দাঁড়িয়ে আছে কাঠের বারান্দায়। দূরে থাকা বিশাল পাহাড় দেখা যাচ্ছে,কোথাও থেকে ভেসে আসছে ঝর্ণার কলকল শব্দ! চারিদিকটা কেমন শুনশান নীরিবিলি। এখান থেকে কয়েক কিলোমিটার দূরেও কোনো বাড়িঘর আছে বলে মনে হয় না! আচ্ছা এমন একটা পরিবেশে মধু আর ওর লোকগুলো থাকে কী করে? এই বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক পুরোনো। তার মানে এ বাড়িতে আগেও কেউ থাকত!মধুর সব খারাপ কাজের আস্তানা কি তবে এই বাড়িটাই! সুনেহরা সবটাই খুঁজে বের করবে,করতেই হবে!ওর উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত এ বাড়িতেই থাকবে।
'বিছানায় পড়ে থাকা ফোনটাতে বার বার রিংটোন বাজায় বিরক্ত হলো সুনেহরা। চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে হাতে নিল ফোনটা। ইন্সপেক্টর রাশেদ কল দিয়েছেন, তাও এই অসময়ে! সুনেহরা কিছুটা বিরক্ত হলো বটে, তবে বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করতেই ফোনের ওপর প্রান্ত থেকে ভেসে এল লোকটার কর্কশ কণ্ঠে স্পষ্ট নির্দেশ -
"তুমি এখনও অফিসে আসোনি কেন,অফিসার? আমি কি বলিনি আজকের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? আর তোমাকে যে সিরিয়াস কেসটা হ্যান্ডেল করতে দিয়েছিলাম, তার তদন্তের অগ্রগতি কতটুকু?"
'সুনেহরা আমতা আমতা করে বলল -
"আ... আসলে, স্যার... আমি..."
'লোকটা তার কথায় কান না দিয়ে আরও মেজাজ দেখিয়ে বললেন -
"প্রশাসন তোমাকে এমনি এমনি বেতন দেয় না, সুনেহরা। কাজের প্রতি এই ঔদাসীন্য বরদাস্ত করা হবে না। মিটিংয়ের রিপোর্ট এবং কেসের ফাইল, এই দুটোই চাই আমার টেবিলে। কুড়ি মিনিটের মধ্যে আমার সামনে রিপোর্ট করো! এক মিনিটও দেরি যেন না হয়!"
'সুনেহরা জবাবে কিছুই বলল না। ইন্সপেক্টর রাশেদ কলটা কেটে দিলেন। সুনেহরা রুম থেকে বেরিয়ে সোজা নিচে এলো। সাথে সাথেই মধুর লোকগুলো ওকে ঘিরে ধরল। সকলের মুখের ভাবভঙ্গি কেমন যেন! লাগছে সুনেহরা অপরাধ করে পালাচ্ছে! মেয়েটা সবাইকে একবার দেখে নিল, তারপর বলল -
"কী সমস্যা?"
'সাথে সাথেই উত্তর এল একজনের থেকে -
"আপনার বাড়ির বাইরে পা রাখা বারণ আছে, ম্যাডাম।কিছু লাগলে বলুন আমরা এনে দিব।"
'ভ্রু কুঁচকাল সুনেহরা, রেগে বলল -
"মানে? আমি কোথায় যাব না যাব,তোমরা ঠিক করে দেবে?"
'জাফর মাথা নুইয়ে নিল। মেঝের দিকে তাকিয়েই বলল -
"উঁহু... আপনি কোথায় যাবেন না যাবেন, স্যার ঠিক করবেন। আর উনার কথামতো আপনি বাড়ির বাইরে পা রাখতে পারবেন না।"
'সুনেহরার রাগ বাড়ছে তরতর করে।ছোট থেকেই ওর যা ইচ্ছে করেছে, নিজের মতো বড় হয়েছে; আর আজ কিনা মধুর হুকুমে চলতে হবে? উঁহু, সুনেহরা তার নিজের জীবনে অন্য কারোর খবরদারি বরদাস্ত করবে না! সুনেহরা যেতে চাইল কিন্তু লোকগুলো ওকে কোনোভাবেই যেতে দিল না। বিরক্ত হলো মেয়েটা, রাগে রুমের জিনিসপত্র ভাঙচুর করল। প্রত্যেকে তখন মাথা নুইয়ে দাঁড়িয়ে ছিল ওখানেই। সুনেহরার চিৎকার-চেঁচামেচির মধ্যেই কেউ একজন বলে উঠল -
"কী রে... মধুর মৌচাকে ঢিল ছুঁড়েছে কে?"
'সুনেহরা চুপ করে গেল। সাথে ওখানে উপস্থিত সবাই চলে গেল। থেকে গেল কেবল জাফর, ডায়না আর টায়রা। সুনেহরা গটগট করে হেঁটে মধুর সামনে গিয়ে দাঁড়াল,মেজাজ দেখিয়ে বলল -
"মানে কী এসবের?"
'মধু ওর লোকেদের দিকে তাকিয়ে একই ভাবে বলল -
"মানে কী এসবের?"
'সুনেহরা মধুকে বলল -
"ওরা বলবে কেন?ওদেরকে কেন জিজ্ঞেস করছিস?তুই বল।"
"ওরা থাকতে আমি কেন বলব?ওরাই বলুক!তুই শুন!"
'সুনেহরা হাঁ করে তাকিয়ে রইল ওখানেই। জাফর সুনেহরাকে আবারও স্মরণ করিয়ে দিল -
"আপনার এ বাড়ির বাইরে পা রাখা নিষেধ,ম্যাডাম। আপনাকে এখানেই থাকতে হবে আর স্যারের সব কথা শুনতে হবে,যেভাবে আমরা শুনি!"
'সুনেহরা ভ্রু কুঁচকে মধুর দিকে তাকাতেই মধু বলল -
"শুনলি তো?"
"আমি আর ওরা কি এক?আমাকে কেন তোর কথা শুনতে হবে? আর এই বাড়ির বাইরে পা রাখা নিষেধ কেন?আমি এখানে থাকব না,থাকতে পারব না।এই ভুতুড়ে বাড়িতে থাকা যায়?"
'মধু বাঁকা হাসে। নিজের লোকেদের দিকে তাকিয়ে ওদের চলে যেতে বলতেই চলে যায়। সুনেহরার কাছে এগোতে এগোতে বলল মধু -
"তোকে এখানেই থাকতে হবে,সুনেহরা।ভেতরে ঢোকার আগে নেইম প্লেটে লেখা নামটা দেখেছিস?দেখিসনি হয়তো! ওখানে সুন্দর করে লেখা আছে 'Dark realm'। এটা মধুর 'Dark realm' এখানে যে আসে, সে নিজ ইচ্ছেতেই আসে, কিন্তু বের হয় আমার ইচ্ছেতে। সো, ব্যাপারটা কী দাঁড়াল? আমি যতো সময় না পারমিশন দিচ্ছি, তোকে এখানেই থাকতে হবে!"
"হোয়াট ননসেন্স! আমার কি আর কোনো কাজকর্ম নেই? তোর কথা কেনই বা শুনব?"
"কারণ আমি তোর হাজব্যান্ড। তুই আমার বিয়ে করা বউ, আমার কথা শুনতে বাধ্য তুই!"
'সুনেহরা বিরক্ত হলো। মধু যেন আগে থেকেই নিজের কথা সাজিয়ে রেখেছে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। সুনেহরার মনে হলো মধুর আম্মু বা ওর আব্বুকে সবটা জানানো দরকার। যে করেই হোক, আজ ওকে এখান থেকে বের হতেই হবে! এই ভেবেই রুমে গেল সে, কিন্তু নিজের ফোনটা খুঁজে পেল না। যে কারণে বাবা বা ফুপি কাউকেই কিছু জানাতে পারল না। খট করে আওয়াজ হতেই সুনেহরা পিছু ফিরে তাকাল, দেখল মধু দরজা আটকে চলে গেছে। মেয়েটা গিয়ে দরজা ধাক্কালো, বেরোতে চাইল, কিন্তু পারল না মধুর জন্য!
📌(আগের পর্বে বলেছিলাম সুনেহরার প্রফেশন চেঞ্জ করা হয়েছে, তাই কর্ণেল রাশেদের প্রফেশনও চেঞ্জ হয়েছে। বুঝে নেবেন আশা করি!)
-
'গার্ডেনে পাতানো চেয়ারে বসে আছে কাব্যের বন্ধুরা। রাহুলের পাশের চেয়ারটাতেই বসেছে দোয়েল। রাহুল গালে হাত ঠেকিয়ে তাকিয়ে আছে দোয়েলের দিকে। দোয়েল ওদিকে ফোন ঘাঁটতে ব্যস্ত! তাহিয়ার মা হওয়ার সংবাদটা সকালেই পেয়েছে সে। এখনো স্রোতকে জানানো হয়নি, জানলে হয়তো নিজের বাচ্চার কথা ভেবে ওর মন ভার হবে! রাহুলরা এখানে বসে কাব্যের জন্যই অপেক্ষা করছে, দোয়েলও তাই! ও ভাবছে কাব্য এলেই ও স্রোতের কাছে যাবে। মেয়েটাকে দেখেনি অনেকক্ষণই হলো! দোয়েলের হাত থেকে ফোনটা কেড়ে নিল রাহুল। দোয়েল তখন রেগে বলল -
"মানে কী এসবের? ফোনটা দিন।"
"দিব না। আমি যেহেতু তোমার পাশে আছি, তোমার সবটুকু মনোযোগ থাকবে আমার দিকে, ফোনের দিকে নয়।"
'দোয়েল হাঁ করে তাকিয়ে রইল। মনে মনে বলল—'এ কেমন কথা?' স্নিগ্ধ আর লিয়া দুজনেই মনোযোগ দিয়ে সবটা দেখল, অতঃপর গলা খাঁকারি দিয়ে বলল -
"প্রেমে পড়লে বুঝি এমনই হয়? মানুষ ফোনের ওপরও জেলাস হয়! কী যুগ আসল ভাই! ফোনের তো আর তোর মতো অ্যান্টেনা নেই, এত জেলাসির কী আছে রে রাহুল?"
'রাহুল চোখ গরম করে তাকাতেই স্নিগ্ধ আর লিয়া ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল -
"তোর জ্বলবে, তাতেই আমাদের চলবে...."
'রাহুল নিজের পায়ের দিকে তাকাল। জুতোটা খুলতে নিলেই স্নিগ্ধ আর লিয়া উঠে দাঁড়াল, পালিয়ে যাবে বলে। ঠিক সেই সময়টাই আগমন ঘটল কাব্যের। অবশেষে কাব্য আসল। দোয়েল ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিয়েই চলে গেল ওখান থেকে। কাব্য গিয়ে রাহুলের পাশটায় বসল। রাহুল ওকে জড়িয়ে ধরল। অশ্রুসিক্ত নয়নে বন্ধুর মুখপানে তাকিয়ে বলল -
"আমি জানতাম তুই ফিরবি! আমি জানতাম তোর কিছুই হয়নি। আমার ভাবনাই সত্যি হলো, কাব্য!"
'কাব্য হাসল। রাহুল এখনো ওকে ধরে রেখেছে। কাব্য ওভাবে থেকেই বলল -
"আমিও জানতাম তুই আমার জন্য অপেক্ষা করবি। আর তাইতো আমি ফিরে আসলাম, আমাকে যে আসতেই হতো! তুই ভালো আছিস, রাহুল? স্নিগ্ধ, লিয়া, তোরা ভালো আছিস?"
'রাহুল আবারও নিজের জায়গায় গিয়ে বসল। কিছুটা স্বাভাবিক হলেই ওপর-নিচ মাথা নেড়ে বোঝালো সে ভালো আছে। স্নিগ্ধ আর লিয়া দুজনেই কাব্যকে বলল -
"আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না, তুই ঠিক আছিস! সুস্থ-সবল শরীরে দাঁড়িয়ে আছিস আমাদের সামনে! আচ্ছা কাব্য, তুই ঠিক থাকলে সেদিন ঐ লোকটা কে ছিল? আমরা কি তবে ভুল দেখেছিলাম?"
"উঁহু, ওটা আমিই ছিলাম।"
"কীহ! তাহলে তুই..."
'বিস্মিত কণ্ঠে কথাটা বলেই চুপ করে গেল স্নিগ্ধ। ও পুরো কথাটা না বললেও কাব্য বুঝে নিল স্নিগ্ধ ঠিক কী বলতে চেয়েছিল! আর সেজন্যই কাব্য বলল -
"তাহলে আমি বেঁচে আছি কী করে? এটাই তো?"
'উপর-নিচ মাথা নাড়াল স্নিগ্ধ। কাব্য আলতো হেসে বলল -
"সেদিন যমদূতের পথ আটকে কেউ একজন আমাকে বাঁচিয়ে নিয়েছিল।"
'কৌতূহল নিয়ে কাব্যের দিকে ওর তিন বন্ধুই তখন তাকিয়ে আছে। ওরা নিজেদের মনে থাকা কৌতূহল দমাতে না পেরে একসাথে বলে উঠল -
"কে বাঁচিয়েছিল?"
'কাব্য চোখ বন্ধ করে শ্বাস ফেলল। তাকানো মাত্রই দেখল কৌতূহলী তিন জোড়া চোখ! প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে ওর দিকে। ওরা বসে আছে কাব্যের থেকে পুরো ঘটনা শুনবে বলে। কাব্যও তখন বলতে শুরু করল—'স্রোতকে খুঁজতে খুঁজতে কাব্য ঐ বাড়িটার ভেতরে গিয়ে ঢোকা মাত্রই দেখল মধু সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। কাব্য ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল -
"তুমি এখানে?"
"হুম.. তোমাকে চুপিচুপি বলেছিলাম, এখানে এলে বিপদ হবে, তাও আসলে?"
'কাব্যের ঠোঁটের কোণে হাসি। সে মধুর দিকে এগোতে এগোতে বলল -
"আমি এসেছি আমার বউ আর বাচ্চাকে সেফ করতে, কিন্তু তুমি কেন আসলে? বলো— বিপদ হবে জেনে তুমি আসলে কেন?"
"আমি আম্মুকে কথা দিয়েছি, উনার ছেলেকে সুস্থ আর অক্ষত অবস্থায় উনার সামনে নিয়ে যাব,আর সেজন্যই এসেছি।"
'কাব্য চোখ মুখে বিষ্ময় নিয়ে বলল -
"আম্মু!"
"হুম, আম্মু। আমাদের আম্মু।"
'কাব্যের চোখ দুটো কেমন চিকচিক করে উঠল। হুট করেই ভেতরটায় কেমন অশান্তি শুরু হলো। দিব্য তবে এতদিন ধরে ওর আম্মুর সাথেই আছে, উনার ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে। আর কাব্য! সে সারাজীবন কেবল দুঃখই পেয়ে গেল। ওর নীলাম্বরী ছাড়া কেউ-ই নেই, সেও এখন বিপদের মুখে! কাব্য খুঁজে পাচ্ছে না তাকে! কথাটা মাথায় আসতেই মা-ভাইয়ের কথা ভুলে বসল কাব্য। আবারও খুঁজতে শুরু করল স্রোতকে। মধু তখন ওর হাত টেনে পেছনের খোলা দরজা দিয়ে বেরিয়ে যেতে চেয়ে বলল -
"তুমি কি পাগল? কিছুক্ষণের মধ্যেই এখানে ব্লাস্ট হবে। বাড়িটার হয়তো অস্তিত্বও আর না থাকবে, আর না থাকবে তোমার! তোমার ওয়াইফকে পরেও খুঁজে পাওয়া যাবে, আগে নিজেকে বাঁচাও।"
'কাব্য বিরক্ত হলো। ছেলেটার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগারাগি করল, ওকে ধমক দিয়ে চলে যেতে বলল, কিন্তু মধু শুনল না ওর কথা। কাব্যকে কোনোভাবেই সেখান থেকে নিয়ে যেতে পারছিল না, তাই গায়ের সবটুকু শক্তি দিয়ে ওকে কোলে করেই বাড়িটা থেকে বের হলো মধু।এছাড়া যে উপায় নেই! মধু যখন কাব্যকে ছাড়ল, ও প্রচণ্ড রেগে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ছিল মধুর দিকে। মধু কাব্যের রাগের পরোয়া না করে হাঁপাতে হাঁপাতে বলল -
"তুমি এত ভারী! কী খেয়ে এই শক্তি বানিয়েছো, ব্রো?"
'রাগে গজগজ করতে করতে বলল কাব্য -
"শাট আপ, স্টুপিড!"
'কথাটা বলে কাব্য আবারও কয়েক পা এগোলো। আর ঠিক তখনই বম ব্লাস্ট হলো। আগুনের আঁচ এসে কাব্যের গায়ে লাগতেই সে ছিটকে পড়ল কিছু দূরে। তেমন কোনো ক্ষতি না হলেও হাত আর পায়ে কিছুটা ইনজুরি হলো! সাথে মাথায় আঘাত পেল।
'কথা শেষ করে বড় একটা নিঃশ্বাস ফেলল কাব্য। রাহুলরা সবাই দিব্য সম্পর্কে এটা-সেটা জানতে চাইলে কাব্য বলল। ওরা বেশ খুশি হলো কাব্য নিজের ভাই আর মাকে খুঁজে পেয়েছে শুনে! কাব্য রেজওয়ানের মৃত্যু সম্পর্কে বলতে যাবে, ঠিক তখনই কানে ভেসে এলো কারোও কান্নার শব্দ।পিছু ফিরে তাকালো উপস্থিত সকলেই, সাথে তাকাল কাব্য নিজেও। সে ভড়কে গেল। নীলাম্বরী এভাবে কাঁদছে কেন? সকলেই চিন্তিত হয়ে জিজ্ঞেস করল স্রোতের কী হয়েছে?কাব্য নিজে স্রোতের কাছে গেল। নিজের দু-হাতের আঁজলায় স্রোতের ছোট্ট মুখটি নিয়ে বলল -
"কী হয়েছে নীলাম্বরী? কাঁদছ কেন? এই যে দেখো, আমি পুরোপুরি ঠিক আছি।আমার কিচ্ছু হয়নি।আর কেঁদো না প্লিজ।"
'উপস্থিত সকলেই বুঝল, কাব্যের বলা সব কথা না শুনলেও শেষের কথাগুলো স্রোত শুনেছে, আর কাব্যকে হারানোর ভয়েই সে এভাবে কাঁদছে। কাব্যের বুকে মাথা রাখল স্রোত, শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কাব্য চোখ দিয়ে ইশারা করতেই রাহুলরা মুচকি হেসে চলে গেল ওখান থেকে। ওরা কিছুটা সময় একান্তেই কা'টাক!
-
'মাহতাব সাহেব খুবই অসুস্থ। উনার অবস্থার তেমন উন্নতি হচ্ছে না, হচ্ছে কেবল অবনতি! লোকটা যখন তখন মা'রা যাবেন, এমন অবস্থা! বাড়িতে যে এত ঘটনা ঘটে গেছে, কিছুই জানেন না উনি। জানলে হয়তো অবস্থা খারাপ হতো, তাই কেউ বলেনি। তবে আনন্দের খবর জানাতে তো ক্ষতি নেই? সাবরিনা বেগম জানালেন, উনার ছোট ছেলে বাবা হতে চলেছে, আর উনারা দাদা-দাদি। মাহতাব সাহেব মুখে কিছু বলতে না পারলেও আনন্দে কান্না করলেন। উনার ভীষণ আনন্দ হচ্ছে বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটবে শুনে! তবে নাতি-নাতনির মুখ দেখার সৌভাগ্য বোধহয় উনার হবে না। সময় তো শেষ দিকে। উনার চলে যাওয়ার সময় হয়ে এসেছে এবার! এর আগে কি একবারও উনার অন্য ছেলেটা,দিব্য তার সাথে দেখা হবে না? ক্ষমা চাওয়াটা বোধহয় আর হলো না! না ছেলের কাছে, না স্ত্রীর কাছে!
'বাবাকে দেখে মাত্রই হাসপাতাল থেকে বেরিয়েছে ধ্রুব, সাথেই ছিল তাহিয়া। ধ্রুব ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিল!তবে সাবরিনা বেগম বললেন বাইরে থেকে কিছুটা সময় ঘুরে আসতে। তাহিয়ার মন ভালো হবে ভেবে ধ্রুবও সায় জানাল মায়ের কথায়। তাহিয়াকে নিয়ে একটা ক্যাফেতে এসেছে ধ্রুব। সামনের টেবিলেই একটা লোক বসে আছে। বয়সটা কাব্যের মতো হবে। দেখতেও ঠিক তেমনই। তবে মুখটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে না। লোকটা ঐ ক্যাফের ম্যানেজারকে সামনে দাঁড় করিয়ে রেখে কী যেন বলছে! আর ম্যানেজার লোকটার ভয়ে কেমন কাঁপছে, জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। ধ্রুব চাইছে লোকটার মুখ দেখতে। আচ্ছা, শাহরিয়ার রোমান দিব্য নামের গ্যাংস্টার কি উনিই? তাহলে তো দেখা প্রয়োজন! ধ্রুব দেখতে চায় সামনে থেকে দেখলে কাব্যের সাথে লোকটার কতটা মিল!ধ্রুব যেতে চাইলেই তাহিয়া বলল ওর শরীর খারাপ লাগছে। ধ্রুব ভুলে গেল সব চিন্তা, তাহিয়াকে নিয়ে দ্রুতই বাড়ি ফিরল সে।
-
'সময়টা সন্ধ্যা।ঘড়ির কাঁটায় এখন ৭টার মতো বাজে! রাহুল, লিয়া আর স্নিগ্ধ তিনজনই সেজেগুজে রেডি। সাথে দোয়েলও রেডি। কাব্যই বলেছে সবাইকে রেডি হতে। দোয়েলকে দিয়ে ধ্রুব আর তাহিয়াকে বলেছে ওদের সাথে আসতে।কিন্তু ওদের সবাইকে সাজিয়ে-গুছিয়ে সে কোথায় নিয়ে যেতে চাইছে, তা কেউই জানেনা। সবাই রেডি হলেও স্রোত এখনো রেডি হয়নি। কাব্য বুঝল নীলাম্বরীর মন খারাপ। কিন্তু ওকে মন খারাপ করে বসে থাকতে দেখলে কাব্যের যে খারাপ লাগছে, আর সেজন্যই আজ বাইরে যাওয়ার প্ল্যান। তবে কোনো বিশেষ কারণে, বিশেষ একটা অনুষ্ঠানেই যাবে ওরা সকলে!কাব্য একটা দামি সুন্দর লেহেঙ্গা এনে দিল স্রোতকে। স্রোতও কাব্যের কথামতো লেহেঙ্গাটা পরে আসল। কাব্য পা থেকে মাথা পর্যন্ত দেখল স্রোতকে। ইশশ! ফরসা চেহারায় হালকা মেকআপ করায় কেমন চকচক করছে মুখটা।ফোলা ফোলা গান,গোলাপি ঠোঁট আর কাজল কালো চোখ দুটো বড্ড টানছে কাব্যকে!স্রোতের ফর্সা শরীরে খয়েরি রঙের লেহেঙ্গাটা দারুণ মানিয়েছে, সাথে খোলা চুল। কাব্য মুগ্ধ হয়ে নেশা ধরানো দৃষ্টিতে তাকিয়ে রইল নীলাম্বরীর পানে। স্রোত যখনই কাব্যের চোখের দিকে তাকাল দৃষ্টি মিলল দুজনের।কেমন এক অদ্ভুত অনুভূতি হলো কাব্যের! কাব্য ওর বুকের বাঁ পাশটায় হাত রেখে বলল -
"ইশশ! এই চাহনি.... এই তীক্ষ্ণ চাহনি দিয়েই তুমি বার বার,শত বার ঘায়েল করো আমায়।তোমার এই নীল চোখ দুটোতে কী আছে বলো তো? এ কেমন নেশায় মত্ত করেছো আমায়?"
'স্রোত হালকা হাসল। মনে মনে ভীষণ খুশি হলো। কত দিন পর এমন প্রশংসা, এমন ভালোবাসাময় সুন্দর কথা শুনছে সে। স্রোতের বেশ লাগছে তার প্রিয় মানুষের মুখে ভালোবাসার কথা শুনে।
-
'সন্ধ্যায় সুনেহরার রুমে এল মধু।ওর দুই পাশে ডায়না আর টায়রা। ওদের হাতে সুন্দর থালা সাজানো, যার মধ্যে রাখা আছে বিয়ের পোশাক আর জুয়েলারি।মধুর উপস্থিতি টের পেয়ে দরজার দিকে তাকাল সুনেহরা। এত সময় রেগে থাকলেও শ্যামবর্ণের লোকটির মুখের ঘায়েল করা হাসিতে মজে গেল সে! গলে গেল তার সব রাগ! মধুর পরনে একটা ছাই রঙের টি-শার্ট। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঠোঁটের কোণে খেলা করছে হাসি! সুনেহরা জানে না এই হাসির কারণ, তবে এই রহস্যময় চাহনি আর সুন্দর হাসি যে ওকে ঘায়েল করার প্রধান অস্ত্র, তা কি মধু জানে? হয়তো জানে! তাইতো এভাবে নিজের প্রতি আকৃষ্ট করছে মেয়েটাকে।
~~~~~
'মধু ইশারা করতেই ডায়না আর টায়রা সাথে নিয়ে আসা জিনিসপত্রগুলো রেখে রুম থেকে বেরিয়ে গেল। মধু খানিকটা এগিয়ে গেল। সুনেহরার ওপর একটা সাদা রঙের গাউন ছুড়ে মারল। কণ্ঠের গাম্ভীর্যতা বজায় রেখেই বলল -
"রেডি হয়ে নিচে এসো।আমি অপেক্ষা করছি!"
'ভ্রু কুঞ্চন করল সুনেহরা। মধু ওকে তুমি সম্বোধন করল! সুনেহরা কি ঠিক শুনল? নিজের ভাবনা থেকে বেরোলো সুনেহরা। মধু তখন দরজার সামনে। সুনেহরা ডাকল ওকে -
"দিব্য..."
'ঘুরে তাকাল মধু। ঘাড় কাত করে তাকাল সুনেহরার চোখের দিকে।ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল -
"ইয়েস ওয়াইফি!"
'ইশশ! কী সুন্দর ডাক! কত সুন্দর কণ্ঠস্বর আর মুখের ভাবভঙ্গি! ছেলেটির হুট করে বদলে যাওয়ায় সুনেহরার অবাক হওয়ার কথা হলেও সে বেশ স্বাভাবিকই আছে, উপভোগ করছে বিষয়টা! মধু ততক্ষণে সুনেহরার সামনে এসে দাঁড়াল। ওর চোখ-মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুঁজে দিল। সুনেহরা কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল -
"এসব কেন? কোনো অনুষ্ঠান আছে?"
"আছে তো!তোকে সাজিয়ে গুছিয়ে কফিনে ভরে জ্যান্ত কবর দেব।আমার বউ বলে কথা! মৃত্যুটাও স্মরণীয় থাকুক!"
'সুনেহরা বিরক্ত হলো।কপালে কিঞ্চিৎ ভাঁজ পড়ল!খানিকক্ষণ আগেই মনে যে ভালো লাগাটা কাজ করছিল তা পরিণত হলো রাগে।ভ্রু জোড়া কুঁচকে এলো তার। রাগান্বিত কণ্ঠে বলল -
"আপনিও তবে মৃত্যুর জন্য রেডি হোন। আমি মৃত্যুতে বিশ্বাসী, তবে কেউ আমাকে মা'রতে এলে তাকে সাথে নিয়েই ম'রব! সো... বি কেয়ারফুল,মাই ডিয়ার হাজব্যান্ড!"
"বাহ!আই অ্যাম ইমপ্রেসড।"
'কথাটা বলেই বাঁকা হাসল মধু। গুনগুনিয়ে গান গেয়ে বেরিয়ে গেল রুম থেকে। সুনেহরাও পা বাড়াল যাবে বলে। দরজার সামনে যেতেই মধু বিদ্যুতের গতিতে ঘুরে তাকায়, ঠাস করে সুনেহরার মুখের ওপর দরজাটা লাগিয়ে দেয় সে। গম্ভীর কণ্ঠে হুমকি দিয়ে বলে -
"তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। কথা না শুনলে আমার থেকে খারাপ কেউ হবে না!"
-
'গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে কাব্য, তার পাশেই স্রোত। পেছনের সিটে দোয়েল, রাহুল আর দীপ্ত! পরের গাড়িতে আসছে ধ্রুব, তাহিয়া আর কাব্যের বন্ধুরা। এত দিন পর একসাথে বেরিয়ে সকলেই বেশ খুশি,কিন্তু কেউ-ই জানে না তারা কোথায় যাচ্ছে! স্রোতের ভারী কৌতুহল হলো।সে জানতে চাইল কাব্যের থেকে-
"আচ্ছা.. এই অসময়ে সেজেগুজে আমরা কোথায় যাচ্ছি?"
'কাব্য ড্রাইভিং করতে করতেই মুচকি হেসে উত্তর দিল -
"যাচ্ছি কোনো বিশেষ জায়গায়... বিশেষ কারোর সাথে দেখা করতে!"
"সেই বিশেষ ব্যক্তিটি কে?"
"গেলেই দেখতে পাবি স্রোত!"
'কাব্যের এই এক কথায় চুপ করে গেল স্রোত। অপেক্ষা করল কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য! এদিকে পেছনের সিটে বসে থাকা রাহুল এক ধ্যানে তাকিয়ে আছে দোয়েলের দিকে। সামনের সিটে কাব্য বসে আছে, তাই দোয়েল কিছুই বলতে পারছে না। লজ্জায় ম'রছে মেয়েটা।দোয়েল চোখ রাঙালেই রাহুল বলল -
"আরেহহ পাখি, তুমি কাব্যকে ভয় পাচ্ছ কেন? তুমি হয়তো জানো না, আমি এত লজ্জাহীন ওকে দেখে দেখেই হয়েছি!"
"ইশশ! কী সব কথাবার্তা! চুপ করুন।"
"তুমি চুপ করো তো! আমাকে দেখতে দাও।"
"কী দেখবেন?"
"তোমাকে। আমার পাখিকে। আমার স্বপ্নলোকের একমাত্র রানীকে। আচ্ছা পাখি... তুমি আমাকে বিয়ে করছ কবে?"
'দোয়েল উত্তর খুঁজে পেল না। হাঁ করেই তাকিয়ে রইল রাহুলের মুখপানে। দীপ্ত পাশে বসে আছে। এত সময় ধরে দেখে যাচ্ছে সবটা। বুকে হাত ভাঁজ করে মুখ ভেংচি কেটে বলল সে -
"হুঁহ্! ঢং দেখে বাঁচি না!"
'অমনি মুখে হাসি টেনে বলল কাব্য -
"রাহুল, মুখে লাগাম টান। আমি তোর ভবিষ্যৎ সম্বন্ধী, সামনে বসে আছি আর আমার কানে সব কথাই আসছে। কানাকানি করবি ভালো কথা, আরেকটু আস্তে কথা বল না ভাই! আমার তো নিজের ওপর লজ্জা হচ্ছে,তোকে কিছুই শেখাতে পারলাম না!"
'রাহুল যেন বোকা বনে গেল। ওর এই এক সমস্যা কানাকানি করে কথা বললেও সবাই শুনে ফেলে। কিন্তু কাব্যের এমন কথায় তার মনে জেদ জন্মালো। সবার কথার উত্তরে কিছুই না বলে দোয়েলকে এক হাত দিয়ে ধরে নিজের কাছে নিয়ে এল। দোয়েল লজ্জায় মাথা নুইয়ে নিল। নিজেকে রাহুলের থেকে ছাড়াতে চেয়েও পারল না সে। কাব্য সামনের মিররে সবটাই দেখল। মুচকি হাসল কেবল।
-
'একটা বিশালকার পুরোনো বাড়ির সামনে এসে থেমেছে কাব্যের গাড়িটা। পেছনের গাড়িটাও সেখানেই থামল।ধ্রুব মুখ বের করে কাব্যকে খুঁজ়ল। দুজনের দৃষ্টি মিলতেই কাব্যকে বলল -
"নামব ভাইয়া?"
'কাব্য আলতো হেসে ছোট্ট করে উত্তর দিল -
"হুঁ।"
'ধ্রুব,তাহিয়ারা গাড়ি থেকে নামল। সাথে স্রোত-কাব্যরা।সবাই-ই বাড়িটার দিকে তাকাচ্ছে আর ভাবছে, কাব্য তাদের এই অচেনা-অজানা জায়গায় কেন নিয়ে এল? এটা কার বাড়ি আর এখানে নিয়ে আসার কারণই বা কী? কাব্য সকলকেই দেখল। তাদের প্রশ্নবোধক চাহনির মানে বুঝে বলল -
"আমরা একটা বিয়ের অনুষ্ঠানে এসেছি। বর-কনে কে আর কার বিয়ে,ভেতরে গেলেই দেখতে পাবে। চলো যাই!"
'কেউ-ই কিছু বলল না। কাব্যরা সামনের দিকে আগাবে, তখনই কয়েকজন ছেলে-মেয়ে ওদের কাছে এল। সকলকে স্বাগতম জানানোর জন্যই এসেছে তারা। কাব্য অবাক না হলেও বাকিরা বেশ অবাক হলো!তবে মুখে কিছু বলে তা প্রকাশ করল না। সবাই বাড়ির ভেতরে ঢুকল। পিছু পিছু এল মধুর লোকগুলো!
-
'কারোর সাথে ফোনে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল ধ্রুব। তাহিয়া, দোয়েল, লিয়া আর স্রোত ওরা একপাশে দাঁড়িয়ে আছে। পুরো বাড়িটা দেখছে। ধ্রুবের সামনে দিয়ে তখন সাহেলা বেগম হেঁটে যাচ্ছিলেন। উনি অবাক সবটা দেখে।এই বিশাল বাড়ি, এত এত লোক যারা মধুর আদেশ পালনে ব্যস্ত! এগুলো দেখে উনি বেশ অবাক হয়েছেন!এসব মধুর?ও এত বাড়ির মালিক আর উনি কিছুই জানেন না?এই লোকগুলোই বা ওর কথা শুনছে কেন?যেন কেনা গোলাম!তবে কি শোনা কথাগুলোই সত্যি! মধু কোনো গ্যাংস্টার! আর একজন গ্যাংস্টার হলে মানুষ মা'রা তো অবাকের কিছুই নয়!তবে কি সেদিন রেজওয়ানকে মধুই মে'রেছিল! সবটা ভেবেই থমকে গেলেন সাহেলা বেগম। পাশেই জাফর দাঁড়িয়ে। উনিই ওকে ফোন দিয়ে নিয়ে গেলেন। তারপর সুনেহরা আর মধুর কাছে আসতে চাইলেন। জাফর এক প্রকার বাধ্য হয়েই নিয়ে এল ভদ্রমহিলাকে। সে ভালো করেই জানে, মধু ওর আম্মুকে এখানে দেখলে জাফরকে জ্যান্ত কবর দেবে! সাহেলা বেগম হাঁটছেন আর চারিদিকে চোখ বুলাচ্ছেন। এমন সময় অসাবধানতায় উনার ধাক্কা লাগল ধ্রুবের সাথে। পড়ে যেতে নিলেই ধ্রুব ভদ্রমহিলাকে ধরে নিল।চিন্তিত কণ্ঠে বলল -
"আ.. আপনি ঠিক আছেন আন্টি?"
'সাহেলা বেগম তাকালেন ছেলেটার দিকে। পরিচিত কারোর অবয়ব দেখলেন তার মধ্যে! মনে হলো, দিব্য আর কাব্যের মতো এই ছেলেটিও উনার কাছের কেউ! পরক্ষণেই আবার ভাবলেন, উনি বেশিই ভাবছেন।নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলেন -
"আমি ঠিক আছি বাবা।"
'ধ্রুব চিন্তামুক্ত হলো। পরক্ষণেই ওর কপালে ভাঁজ পড়ল। ভদ্রমহিলাকে দেখে নিজের মায়ের কথাই আগে মনে পড়ল। উনার চেহারার সাথে ধ্রুবের আম্মু আর স্রোত দুজনের কিছুটা মিল আছে! হুম, থাকতেই পারে। পৃথিবীতে তো একই রকম দেখতে অনেক মানুষই আছে। সেভাবেই হয়তো মিলে গেছে!
-
'ঘর গোছাতে গিয়ে একটা ডায়েরি পেয়েছেন সাবরিনা বেগম। প্রথম পাতাটা উল্টেই বুঝলেন ওটা মাহতাব সাহেবের। লোকটার প্রতি ভদ্রমহিলার অনেক রাগ। উনার জন্য এত মানুষের জীবন নষ্ট হয়েছে। সাবরিনা বেগম নিজেও অনুশোচনায় ভোগেন সর্বক্ষণ। ভাবলেন ডায়েরিটা রেখে দেবেন, কিন্তু কী যেন ভেবে একের পর এক পাতা উল্টাতে থাকলেন। কয়েকটা পৃষ্ঠা পড়লেনও, যেখানে উনি নিজের করা ভুল আর অনুশোচনাবোধ সম্পর্কে লিখেছেন! যাক! লোকটা তবে একটু হলেও নিজের করা ভুলগুলোর কথা বলেছে! স্বীকার করেছে তার জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে! সাবরিনা বেগম ডায়েরির শেষ পৃষ্ঠায় আসলেন। সেখানে কিছুই লেখা নেই, তবে তার কয়েক পৃষ্ঠা আগের লেখা দেখতে পেলেন দিব্য সম্পর্কে! উনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল! কাব্যের আরেকটা ভাই আছে! উনার বোনের আরেকটা সন্তান আছে যে এ বাড়ির সন্তান! অথচ তার সম্পর্কে কেউ-ই জানেনা। টাকার লোভে আর জেদের বশে মাহতাব সাহেব ছেলেটাকে অন্য কারোর হাতে তুলে দিয়েছিলেন! সাবরিনা বেগমের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল আপনাআপনি। চোখের কার্নিশে জমে থাকা অশ্রু গাল বেয়ে পড়ল। উনি যেন পাথরে পরিণত হলেন এত বড় সত্যটা জেনে! আচ্ছা, কাব্য কি তার ভাই সম্পর্কে জানে? জানলে সে কেমন রিঅ্যাকশন করবে! ছিহ্! এই মাহতাব লোকটা এতটা জঘন্য! উনার করা সব অন্যায় মেনে নিলেও এই অন্যায়টা যে সাবরিনা বেগম মানতে পারছেন না। একটা মানুষ কতটা খারাপ হলে তার নিজের সন্তানকে বিক্রি করতে পারে! তার মায়ের থেকে আলাদা করতে পারে! সাবরিনা বেগম বুঝলেন, উনার বোনের বাড়ি ছাড়ার কারণ কী! উনার কি উচিত নয় দিব্যকে খুঁজে বের করা? সবাই সব পেল আর সে পেল অবজ্ঞা! না, না, এ হতে পারে না। উনি সবাইকে সবটা জানাবেন। যার যা ভাবার ভাবুক। দিব্যকে যে করেই হোক উনি খুঁজে বের করবেন।
-
'কাব্য স্রোতকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে গেছে। বলেছে এখান থেকে কোথাও না যেতে। তাহিয়ারা সবাই পুরো বাড়ি ঘুরে দেখছে। তবে এই জমকালো বিয়ের অনুষ্ঠান কাদেরকে ঘিরে এটাই তাদের অজানা। তবে যাই হোক, আয়োজন কিন্তু নজরকাড়া। স্রোতের দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। মাথার খোলা চুলগুলো একপাশে এনে রাখল স্রোত। ওড়নাটা ঠিক করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল সে। তখনই ধাক্কা লাগল কারোর সাথে। প্রথমে বিরক্ত হলো স্রোত,তবে পরে যখন সামনের মানুষটিকে দেখল, খুশি হলো সে। এই লোকটাকেই তো সে খুঁজে যাচ্ছে এত সময় ধরে! তবে স্রোতের এই আনন্দ যে ক্ষণিকের জন্য ছিল! নিজের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে ভালো করে পর্যবেক্ষণ করল সে। গায়ে জড়ানো কালো স্যুট-কোট, পরনে মানানসই প্যান্ট। মাথার চুলগুলো সুন্দর করে ব্যাক ব্রাশ করা। শ্যামবর্ণের মুখটিতে খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতি লোকটার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু স্রোতের ভাবনা মিথ্যা হলো। লোকটা কাব্যের মতো দেখতে হলেও কাব্য নয়! এ কাব্য নয়, কোনোভাবেই কাব্য হতে পারে না। তবে লোকটা কে? স্রোতের মনে পড়ল সেদিনের ঘটনা। শপিংমল থেকে এই লোকটাই তো সেদিন ওকে কিডন্যাপ করেছিল! ভয়ে মেয়েটা পিছিয়ে গেল কিছুটা। মধু ঘাড় কাত করে বাঁকা হাসল। মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল -
"হেই বিউটিফুল লেডি!কেমন আছো তুমি?"
"আ...."
'স্রোতকে থামিয়ে দিল মধু। নিজেই বলতে শুরু করল -
"উম... তোমার উত্তর কী হবে আমি ভালো করেই জানি। তুমি এতক্ষণ ভালো ছিলে না, কিন্তু আমাকে দেখে ভালো হয়ে গেছ, তাই না?"
'স্রোতের চোখ দুটো বড় বড় হয়ে এল। মুখটা অটোমেটিক্যালি হাঁ হয়ে গেল। মেয়েটার চেহারায় বিস্ময়! লোকটা এভাবে কথা বলছে কেন? তাহলে কি স্রোত ভুল ভাবছে? উনিই হয়তো কাব্য ভাই! পরক্ষণেই আবার ভাবছে, না না, উনি কাব্য ভাই হতেই পারেন না।আসার সময় তো স্রোতের পছন্দের সাদা শার্টটাই পরে এলেন, চেঞ্জ করলেন কখন? মিল যেমন আছে, অমিলেরও যে অভাব নেই! স্রোত কাব্যকে ভালো করেই চেনে, তাই বেশ বুঝতে পারছে সামনের মানুষটি কাব্য নয়, বরং অন্য কেউ! স্রোত নিজেকে স্বাভাবিক করে বলল -
"আ.. আপনি কে?"
"আমি কে মানে? আমি তোমার বিলাভড হাজব্যান্ড! আমাকে চিনতে পারছ না বউ? স্মৃতিশক্তি হারালে বুঝি?"
'স্রোত হাঁ করে তাকিয়ে রইল। মনে মনে হাসছে মধু। সে যখনই স্রোতের হাতটা ধরতে যাবে, তখনই দূর থেকে কিছু একটা এসে ওর হাতে লেগে মেঝেতে পড়ে গেল। 'আহ' শব্দ করে চিৎকার দিয়ে উঠল মধু। চোখ-মুখ কুঁচকে বন্ধ করে পিছু ফিরে তাকিয়ে বলল -
"কার ম'রার চুলকানি উঠেছে দেখি তো!"
'মধু শুকনো ঢোক গিলল। চোখ-মুখ কঠিন করে কাব্য দাঁড়িয়ে আছে ওখানে! ছেলেটা প্রচণ্ড রেগেছে। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। মধু কিছু বলবে, তখনই ওর পাশের রুমের দরজা খুলে সুনেহরা বের হলো। ওর গায়ে মধুর দেওয়া বিয়ের পোশাকের বদলে একটা কালো রঙের গাউন!মুখে সুন্দর মেকআপ,চুলগুলো স্টাইল করে বাঁধা। ইশশ, ঠিক যেন ব্ল্যাক রোজ। মধুর কুইন!মধু মুগ্ধ হয়ে সুনেহরাকে দেখছে। আর সুনেহরা ভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে একবার মধু আর একবার কাব্যকে দেখে যাচ্ছে।একই ভাবে স্রোত হাঁ করে একবার কাব্য আরেকবার মধুকে দেখে যাচ্ছে!এ যেন এক গোলকধাঁধা। কে কাব্য আর কে মধু, বোঝাই যাচ্ছে না!স্রোত যেহেতু আগেও মধুকে দেখেছে, তাই ও খুব সহজেই কাব্যকে চিনে গেল। মেয়েটা মধুর পাশ কাটিয়ে কাব্যের পাশে গিয়ে দাঁড়াল।সুনেহরা যেন রেগে গেল।ও এই মুহূর্তে কাব্যকেই মধু বলে ভেবে নিয়েছে। মধু বিষয়টা লক্ষ্য করে বলল -
"এইইই, তুই আমাকে রেখে ওদিকে কী দেখছিস? তোর রসগোল্লা ওইদিকে নয় রে পাগলি, এদিকে।আমাকে দেখ!এই যে আমি।"
'সুনেহরা তাকাল মধুর দিকে। ভালো করে পর্যবেক্ষণ করল দুজনকে। অতঃপর বুঝল, ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিই মধু! কিন্তু ও মধু হলে স্রোতের পাশের লোকটি কে? দুটো মানুষের মধ্যে এত মিল থাকা সম্ভব! চোখ-মুখে আকাশ সমান বিস্ময় নিয়ে বলল সুনেহরা -
"তাহলে উনি কে?"
'কাব্য এগিয়ে এল মধুর কাছে। মধু একবার স্রোতের দিকে তাকাল পরে আবার কাব্যকে ধরে বলল -
"আমার টুইন।"
'মধুর মুখে হাসি আর কাব্যের মুখে গম্ভীর ভাব।সে মধুর আঘাত পাওয়া হাতটা মচকে দিয়ে সুনেহরার দিকে ইশারা করে বলল - "তোমার মৌচাক এইদিকে,ওইদিকে নয়। ভুলেও আমার বউয়ের দিকে নজর দেবে না।"
"দিলে কী করবে?"
"চোখ উপড়ে ফেলব।"
'মধু ডোন্ট কেয়ার ভাব নিয়ে স্রোতের দিকে তাকাল।ওকে চোখ মা'রতেই স্রোত লজ্জায় মাথা নুইয়ে নিল। মনে মনে ভাবল —'ছিহ্! লোকটা কেমন অসভ্য!' কাব্য ততক্ষণে নিচে থাকা ভাঙা ফুলদানির টুকরো হাতে তুলে নিয়েছে।মধুকে আক্রমণ করবে বলে, তখনই সে সুনেহরার হাত ধরে রুমের ভেতরে ঢুকে গেল। কাব্যের রাগ সরে গেল মুহূর্তেই। ভাইয়ের কাজে সে হেসে উঠল!
-
'কাব্যের কাছে এসে জিজ্ঞেস করল স্রোত -
"উনি কে? আর কী বললেন এসব? আপনারা টুইন মানে?"
"টুইন মানে টুইন!ও আমার ভাই আর তোমার দেবর!"
"অ্যাঁহ!"
"হ্যাঁ।"
'স্রোত হাবাগোবার মতো দাঁড়িয়েই রইল।ওর মাথায় কিছুই ঢুকছে না। কাব্যের ভাই এল কোথা থেকে? এদিকে বন্ধ রুমে মধুকে একই প্রশ্ন করল সুনেহরা। মধুর উত্তরও ছিল কাব্যের বলা কথাটাই! সুনেহরার মাথায় এল, সেদিন ওর আব্বু বলেছিলেন, মধুর আম্মু উনার বড় ছেলেকে খুঁজে পেয়েছেন! আর মধু পেয়েছে ওর ভাইকে। তবে কি স্রোতের হাজব্যান্ডই মধুর ভাই! স্রোতের হাজব্যান্ড এদিকে দোয়েলেরও ভাই! তবে কি দোয়েলও মধুর বোন? সুনেহরার তো দোয়েলের সাথে বন্ডিং বেশ ভালো। তাহলে ওর যে আরেকটা ভাই আছে, সুনেহরাকে কখনো বলেনি কেন? ধুর! কী সব ভাবছে মেয়েটা! বলতে নাই পারে। কথাগুলো ভেবে নিজের মনকে বুঝিয়ে নিল সুনেহরা। পরমুহূর্তেই মনে পড়ল সেদিনের ঘটনা। ওখানে তো ওরা স্রোতকে খুঁজতেই গিয়েছিল! আর রেজওয়ানের লাশটাও পাওয়া গিয়েছিল ঐ ফ্ল্যাটেই। তার মানে রেজওয়ান স্রোতকে কিডন্যাপ করেছিল আর রেজওয়ানের উপরে রাগ থাকলে কাব্যের থাকবে। মধুর তো থাকার কথা নয়। তাহলে কি রেজওয়ানকে কাব্যই মে'রেছে? মধু তার ভাইয়ের দোষ ঢাকতে সেদিন মিথ্যা বলেছে? দুইয়ে দুইয়ে চার করতে খুব বেশি সময় লাগল না সুনেহরার।সে যা বোঝার বুঝে নিল।ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যময় এক হাসি।মধু মেয়েটার কাছে গিয়ে বলল -
"কী রে? মনে মনে আমাকে মা'রার প্ল্যান করছিস?"
"হুম, তা তো করছিই!"
"মা'রিস না-হয়! তা কালো পরলি কেন?"
"শোক দিবস পালন করব তাই!"
"নিজের শোক দিবস নিজেই পালন করবি?বাহ!ভালো তো!"
"উঁহু। তোর শোক দিবস পালন করব।"
"হুহ্! কার হাতে কে ম'রে,সময় এলেই দেখা যাবে।এবার আয়, বিয়ের অনুষ্ঠানটা করে নিই! যদিও তুই আমার শত্রু তবে হানির বিয়ে বলে কথা,জমকালো আয়োজন না হলে চলে?"
'সুনেহরা প্রত্যুত্তরে কিছুই বলল না। মধু কোথা থেকে একটা সাদা স্টোনের ক্রাউন এনে ওর মাথায় পরিয়ে দিল।নিজের হাত সুনেহরার দিকে বাড়িয়ে দিলেই সুনেহরা মিষ্টি হেসে মধুর হাত ধরে নিল। ওরা দুজনেই রুম থেকে বেরিয়ে নিচে নামল।সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল মধুর পরিচিতরা আর কাব্যরা সবাই!
-
'গির্জার মতো উঁচু ছাদওয়ালা বিশাল ঘরটিতে জ্বলছে কৃত্রিম আলো! দীর্ঘ, রাজকীয় টেবিলের দুই সারির মাঝ বরাবর সাজানো একটি রাস্তা! চারদিকে ঝুলে থাকা বিশাল ক্রিস্টাল ঝাড়বাতিগুলো আলো ছড়িয়ে পরিবেশটাকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে।
কালো গাউন পরে সেই সুন্দর রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে সুনেহরা, পাশে কালো ফরমাল স্যুটে দিব্য। রুমভর্তি মানুষের দৃষ্টি নিবদ্ধ বর-কনের দিকেই। দীর্ঘ অপেক্ষার পর বর-কনের আগমনে করতালির শব্দে মুখরিত হলো চারিপাশ। দোতলায় দাঁড়িয়ে আছে ধ্রুব, দোয়েল। পাশেই দীপ্ত আর তাহিয়া। ওরা যেন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছাল। এই লোকটা তো সেই কুখ্যাত গ্যাংস্টার যাকে নিয়ে কিছুদিন আগেই নিউজপেপারে খবর ছাপানো হয়েছিল।ধ্রুব দোয়েল দুজনেই চারিদিকটা খুঁজল ঐ তো একপাশে কাব্য আর স্রোত দাঁড়িয়ে আছে। ছবিতে লোকটার সাথে কাব্যের আংশিক মিল খুলে খুঁজে পেলেও সামনে থেকে যেন পুরো কাব্যের মতোই লাগছে।কিন্তু কাব্যের সাথে এই লোকটার কী সম্পর্ক? দীপ্ত তখন বলে উঠল -
"আচ্ছা, আমি কাব্য ভাইয়া আর বরের চেহারায় ৯৮% মিল দেখছি। তোমরাও কি তাই দেখছ?"
'দোয়েল আর ধ্রুব চুপ করে রইল। তাহিয়া রেলিঙে ভর দিয়ে বলল -
"আমিও তো সেটাই দেখছি।"
"আচ্ছা বউমুনি বর আর আমাদের কাব্য ভাইয়ের মধ্যে কি কোনো রক্তের সম্পর্ক আছে? লাইক জমজ ভাই!"
'ধ্রুব আর দোয়েল দুজনেই দ্রুত গতিতে তাকাল দীপ্তের দিকে। মনে মনে ভাবল, দীপ্তের কথাই কি সত্যি? কিন্তু কাব্যের আরেকটা ভাই থাকলে ওদের তো জানার কথা!
-
'পুরো রুমটা সুন্দর করে সাজানো হয়েছে। মধুর পরিচিতরা একে একে গিফট দিয়ে যাচ্ছে সুনেহরাকে। মধু সেদিন বলেছিল, পরে আবার সুন্দর করে প্রোগ্রাম করবে। সে কথা রাখতেই বুঝি এত আয়োজন! দরজার সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন সিকিউরিটি; কালো পোশাক,কানে ইয়ারপিস! কতটা সতর্ক সকলে! বিয়ে বাড়ি কম,যুদ্ধক্ষেত্র বেশি মনে হচ্ছে! এখানে আমন্ত্রিতরা প্রত্যেকে নিশ্চয়ই বড় বড় কোনো অনৈতিক অফিসার বা গ্যাংস্টার!যাদের সাথে মধুর সখ্যতা রয়েছে।হবেই তো।মধুর গেস্ট বলে কথা!সুনেহরা মুখ কালো করে এগুলোই ভাবছিল। তখনই মানুষটির কানের কাছে মুখ নিয়ে গাঢ় স্বরে ফিসফিসিয়ে বলে উঠল মধু -
"ওয়েলকাম, দ্য ওয়ান অ্যান্ড ওনলি এম্প্রেস অফ মাই ডার্ক ওয়ার্ল্ড। ফ্রম দিস ডে ফরওয়ার্ড, ইউ আর মাইন।"
'মন্ত্রমুগ্ধের ন্যায় পাশ ফিরে তাকাল সুনেহরা।নজর কাড়ল মধুর সুন্দর হাসি,সাজপোশাক! ইশশ, আজ কত সুন্দর দেখাচ্ছে মধুকে। সুনেহরার কল্পনার রাজপুত্র তো ঠিক এমনই! মধু ইশারায় কাব্যকে ডাকল।স্রোত-কাব্য তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে এল।মধু-সুনেহরাকে ঘিরেই আজকের অনুষ্ঠান,তবে তখন প্রত্যেকের চোখ গেল স্রোত-কাব্যের দিকেই!গাঢ় খয়েরী রঙের লেহেঙ্গায় খুব সুন্দর লাগছে স্রোতকে।খোলা লম্বা চুল গুলো ওর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে।সাথে সাদা শার্ট আর কালো স্যুটে আবৃত কাব্যকেও বেশ লাগছে।ওরা যখন একসাথে নিচে নামছে তখন সকলের নজর ছিলো ওদের দিকেই।এতো সময় সবার দৃষ্টি দিব্য সুনেহরার দিকে থাকলেও এক ঝলকেই বিয়ে বাড়ির সবটুকু স্পটলাইট যেন ওরাই কেড়ে নিল।
#চলবে....
® আফরোজা আঁখি।