#কাব্যের_নীলাম্বরী(৫৫)
'তাহিয়া চোখ খুলে তাকালেই দেখল বিছানার কাছে থাকা ছোট্ট টেবিলটাতে একগুচ্ছ লাল গোলাপ রাখা।সাথে রাখা দুটো গয়নার বাক্স! একটাতে আংটি টাইপ কিছু হবে বলেই মনে হচ্ছে!আচ্ছা এগুলো কি ধ্রুব রাখল? পরক্ষণেই তাহিয়ার অবচেতন মন বলল,— ‘হুম, ধ্রুবই রেখেছে হয়তো!’ আচ্ছা সাহেব গেলেন কোথায়? এতটা সময় যে অতিবাহিত হলো,সে তো একবারও এল না! তাহিয়া আস্তে আস্তে উঠে বসে। বাচ্চা তার দাদির কাছে,এইজন্য আর বেবিকে নিয়ে ভাবল না সে।তবে বেবির বাবাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। সকাল থেকে একবারও তাহিয়া ওকে দেখেনি! মেয়েটার চোখ যায় ফুল আর গহনার বাক্সের দিকে। পাশে একটা হলুদ রঙের চিরকুটও রাখা! তাহিয়া ওটা হাতে তুলে নেয়। গুটিগুটি অক্ষরে সুন্দর করে লেখা ওটাতে,
-- ‘নতুন বছর শুরু হতে আর কিছু সময় বাকি! তোমাকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা বউ!সাথে অসংখ্য ধন্যবাদ আমাকে বাবা হওয়ার মতো সুন্দর অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য! আমার হৃদয়ের অন্তঃস্থলে বসবাসকারী রমনীকে জানাই একগুচ্ছ লাল গোলাপের ভালোবাসা!’
'তাহিয়ার ঠোঁটের হাসি চওড়া হয়।সে চিঠিটা ভাঁজ করে রেখে দেয়। ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে তার গন্ধ টানে। আবারও রেখে দেয় আগের জায়গায়। গহনার বাক্সগুলোর দিকে তাকিয়ে ছোট্ট বক্সটাই হাতে নিল সে। তাতে রাখা সুন্দর রিংটা তাহিয়ার নজর কাড়ে। ডায়মন্ড রিং!এটা বুঝি তাহিয়ার! হুম ওরই হবে। তাহিয়া রিংটা নেড়েচেড়ে আবারও রেখে দিল।কানে এল গম্ভীর পুরুষালি কণ্ঠস্বর,
--‘রেখে দিলি যে?’
'তাহিয়া তাকায় দরজার পানে। ওখানে দাঁড়িয়ে আছে ধ্রুব। কোলে বাচ্চা! ধ্রুব এগিয়ে আসে। দিহানকে তাহিয়ার পাশটায় ঘুম পাড়িয়ে দিয়ে চেয়ার টেনে বসে। তাহিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে,
--‘কী হলো? রিংটা পছন্দ হয়নি? আমি নিজে গিয়ে এটা নিয়ে আসলাম তানু। ভাবলাম তোর পছন্দ হবে!’
'তাহিয়া মুচকি হেসে বলে,
--‘তুই এনেছিস, তুই-ই পরিয়ে দে!’
'ধ্রুব হাসে। রিংটা হাতে নিয়ে তাহিয়ার আঙুলে পরিয়ে দেয়। হাতে চুমু দিয়ে বলে,
--‘ভালোবাসি বউ!’
'উত্তরে তাহিয়া বলে,
--‘ভালোবাসি পুচকের বাবা!’
'দুজনেরই চোখ-মুখ চিকচিক করছে,হাসছে ওরা। এ হাসি প্রশান্তির হাসি, প্রাপ্তির হাসি।তাহিয়ার দেখা স্বপ্নগুলো আজ সত্যি হয়েছে। ধ্রুব আর ওর সুন্দর একটা সংসার হয়েছে। সেই সংসার ভরে উঠেছে ওদের ভালোবাসায়। আর সবশেষে দিহান এসেছে ওদের ভালোবাসার চিহ্ন হয়ে!পূর্ণতা বলতে তো এতটুকুকেই বোঝায়! আর কী লাগে?
__________________
'গেস্টরা বিদায় নিতেই হলরুমটা শান্ত হয়ে এলো।অনুষ্ঠান শেষ তাই সবাই চলে গেছে।শুধু রয়ে গেছে কাছের কয়েকটা মানুষ।স্রোত ক্লান্ত শরীরে চেয়ারে হেলান দিয়ে বসতেই লিয়ার মাথায় এক দারুণ আইডিয়া খেলে গেল!এই নির্জনতায় সব কাপল মিলে একবার বল ডান্স করলে কেমন হয়? লিয়ার প্রস্তাবে সায় জানালো স্নিগ্ধ।মৃদু হেসে লিয়ার হাত ধরল, আর রাহুলও দুষ্টুমি করে দোয়েলকে টেনে নিয়ে গেলো ফ্লোরের মাঝখানে।স্রোতেরও এবার ইচ্ছে হলো সে বাকিদের মতো কাব্যের সাথে বল ডান্স করবে! ইশশ! কী দারুণ লাগছে দেখতে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে আর তার সাথে তাল মিলিয়ে নাচছে রাহুল-দোয়েলরা। স্রোত হুট করেই উঠে দাঁড়ায়। কাব্য আড়চোখে তাকায় নীলাম্বরীর পানে। হাতে থাকা ফোনটা রেখে দিয়ে দ্রুত আসে স্রোতের কাছে, চোখ রাঙিয়ে বলে ওকে,
--‘কী সমস্যা?’
--‘সমস্যা হতে যাবে কেন?আমরাও ওদের মতো ডান্স করব। চলুন।’
--‘উঁহু। তুই প্রেগন্যান্ট স্রোত! আমি চাই না আগের বারের মতো কিছু হোক। ওদের যা ইচ্ছে করুক। তুই চুপচাপ বসে থাক।’
'স্রোত গাল ফুলায়, অন্যদিকে তাকায় সে। কাব্য খানিকক্ষণ রাগ করে তাকিয়ে থাকে ওর দিকে। পরে কী যেন ভেবে স্রোতের কাছ ঘেঁষে ওর ফোলা ফোলা গাল দুটোতে বেশ কয়েকটা চুমু দেয়। কাব্য আলতো করে স্রোতের হাত ধরে তাকে আগলে রাখল। স্রোত প্রেগন্যান্ট হওয়ায় কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কাব্য; তাই নাচের ছন্দে না মেতে সে স্রোতকে নিয়ে গিয়ে সোফায় বসল। কাব্যর কোল ঘেঁষে স্রোত যখন গুছিয়ে বসল, কাব্য পরম মমতায় তাকে জড়িয়ে ধরল নিজের বাহুবন্দি করে। স্রোত তখন কাব্যের সান্নিধ্যে খুঁজে নিল পৃথিবীর শ্রেষ্ঠতম শান্তি। মাঝেমধ্যে নিজেকে পৃথিবীর সবথেকে ভাগ্যবতী নারী বলে মনে হয় স্রোতের! সত্যিই সে ভাগ্যবতী, নইলে কাব্যের মতো একটা ছেলে ওকে এত ভালোবাসে? কাব্য নীলাম্বরীর চুলে হাত বুলায়, ওকে বলে,
--‘রাগ কমেছে?’
--‘হুহ্! ঢং করবেন না একদম।’
--‘আমি ঢং করছি?’
--‘তা নয়তো কী?’
'কাব্য ভ্রু কুঁচকে রাগী স্বরে বলে,
--‘স্রোত... খুব বেড়েছিস তুই!’
'স্রোত তখন কাব্যের দেখানো পথটাই অনুসরণ করে। টুপ করে চুমু দেয় কাব্যের লালচে ঠোঁটে।তারপর গলা জড়িয়ে ধরে বলে,
--‘রাগ কমেছে?’
'কাব্য হেসে দেয়। স্রোতের গোলাপি ঠোঁট দুটো দখল করে নেয় সে। খানিকক্ষণ যায় এভাবেই। কাব্য লক্ষ্য করে ডান্স রেখে ওর বন্ধুরা সব এসে ওর সামনে দাঁড়িয়ে আছে। মনোযোগ দিয়ে দেখছে পুরো ঘটনা!কাব্য স্রোতকে ছেড়ে দেয়।চোখ গরম করে তাকায় বন্ধুদের দিকে।স্রোত মাথা ঘুরিয়ে তাকালেই ওদের সবাইকে দেখে লজ্জায় মুখ লুকায় কাব্যের বুকে। কাব্য পাশে রাখা ফুলদানি ছুড়ে মারে রাহুলদের দিকে।রেগে বলে,
--‘যাবি তোরা?’
'রাহুল ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল,
--‘না রে যাব না। মানুষের রোমান্স দেখতে মন্দ লাগে না। ফিল চলে আসে।’
'কাব্যের রাগ বাড়ছে। লিয়া তা স্পষ্টই বুঝতে পারছে। দোয়েল তো তখনই লজ্জায় অন্যদিকে চলে গিয়েছিল। লিয়া এবার ওর বন্ধুদেরকে ওখান থেকে নিয়ে যেতে যেতে বলে,
--‘আরে বাবা! যাচ্ছি! যাচ্ছি!’
'স্রোত মুখ তুলে তাকায়। লজ্জায় লাল হয়ে গেছে ওর গাল দুটো। প্রেয়সীর লাজে রাঙা মুখ দেখে কাব্য তাকে আরেকটু লজ্জা দিতে বলে,
--‘আবার শুরু করি?’
--‘কী?’
--‘রোমান্স!’
--‘ধুর!আপনি একটা নির্লজ্জ লোক!’
'পরক্ষণেই বিড়বিড় করে আওড়ায় স্রোত—'আপনি স্রোতের রাগী খরগোশ!' স্রোত মুখ লুকায় কাব্যের বুকে। কাব্য হাসে। স্রোতের মাথাটা শক্ত করেই চেপে ধরে নিজের বুকে। কী অদ্ভুত তাই না! বউ ওর কথায় লজ্জা পেয়ে ওর বুকেই মুখ লুকাচ্ছে!
___________________
'বাংলাদেশ সময় রাত ১২টা বাজতে চলল। আজকে বছরের শেষ রাত। ৩১শে ডিসেম্বর!একটু পরেই নতুন বছরের শুরু হবে। মধুর লোকগুলোর সাহায্য নিয়ে সুনেহরা বাগানের একটা সুন্দর জায়গা মন মতো সাজিয়েছে। মধু তখন সুনেহরার বাবার খুনি রাশেদকে ধরার প্ল্যান করছে!লোকটাকে কোনোভাবেই হাতের নাগালে পাচ্ছে না সে।লোকটাকে ধরে নিজ হাতে মা'রতে না পারলে সে শান্তি পাচ্ছেনা!যদি এরমধ্যে সুনেহরার কোনো ক্ষতি করার চেষ্টা করে!এটাই মধুর ভয়। মধু জাফরের সাথে কথা বলছিল তখনই ডায়না এসে জানায় সুনেহরা মধুকে ডেকেছে! মধু বেশ অবাক হয়! হুট করে সুনেহরা ওকে ডাকবে কেন? আবারও মারার প্ল্যান করেছে নিশ্চয়ই! মধু রুমে যায়,পুরো রুম অন্ধকার। সে লাইট অন করে সুনেহরাকে ডাকে কিন্তু সাড়াশব্দ নেই। ব্যালকনিতে গেলেই গার্ডেনের সাজানো জায়গাটা ওর নজরে আসে। ছোট্ট একটা গোল টেবিল যার দুই পাশে দুটো চেয়ার রাখা। তার মধ্যেই একটা চেয়ারে বসে আছে সুনেহরা। পরনে লাল শাড়ি, তার সাথে ম্যাচিং ব্লাউজ! চুলগুলো একপাশে সরিয়ে রাখায় দৃশ্যমান হয়েছে ফর্সা সুন্দর পিঠ! মধু শুকনো ঢোক গিলে। আজ এই মেয়েটা ওকে মেরেই ছাড়বে। অস্ত্র দিয়ে না মারুক, এই আগুন ধরানো রূপ দিয়ে ঠিকই মারবে! মধু সুনেহরার কাছে আসে।গলা খাঁকারি দিয়ে বলে,
--‘কী রে ডাইনি,ডাকলি কেন? আমাকে মারার নতুন কোনো প্ল্যান করেছিস?’
--‘হুম। তা তো করেছিই!’
মধু টেবিলে চোখ বুলিয়ে বলে,
--‘তা প্ল্যানটা কী? কেকে বা ওয়াইনে বিষ মিশিয়েছিস?লাভ টাভ হবে না বুঝলি! আমার কৈ মাছের জান।এত সহজে মরব না। তোকে জ্বালাব, অতিষ্ঠ করব। তোর মনে নিজের একটা শক্তপোক্ত জায়গা তৈরি করব। আর তারপর বিদায় নেব! এমনভাবে বিদায় নেব যেন তুই আমাকে প্রতিটা ক্ষণে মনে করিস! তোর ঘৃণায় হোক বা ভালোবাসায়,আমি থাকতে চাই সর্বদা!’
'সুনেহরা তাকিয়ে থাকে কেবল। আজ মেয়েটা সেজেছে মধুর জন্য! সব মান-অভিমান একপাশে সরিয়ে সে মধুকে ভালোবাসবে বলে ঠিক করেছে। সুনেহরা জেনে গেছে ওর বাবার খুনের জন্য মধু দায়ী নয়! ওদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার সময় এসেছে এবার। মধু ওর খারাপ কাজগুলো ছাড়ুক বা না ছাড়ুক, সুনেহরা ওকে আপন করে নেবে। সুনেহরা এগিয়ে যায় মধুর কাছে, আচমকাই জাপ্টে ধরে ওকে। মধু প্রথমে বুঝে উঠতে পারে না বিষয়টা!আজ হঠাৎ মেয়েটার হলো কী? সুনেহরার মাথায় হাত বুলায় মধু,ও কান্না করছে বুঝতে পেরে বলে,
--‘এই ডাইনি! কাঁদছিস কেন? কী হয়েছে আমাকে বল!’
'সুনেহরা তাকায় মধুর মুখপানে।কান্না থামিয়ে কিছু বলবে তখনই মধু বলে,
--‘তোর মুক্তি চাই, ডিভোর্স চাই, এখান থেকে বেরোতে চাস—এরকম কিছু ভুলেও বলবি না!আমি তোকে মুক্তি দিব না সুনেহরা।’
--‘আমি মুক্তি চাই না দিব্য। তুই আমাকে আটকে রাখ সারাজীবন। বন্দি করে রাখ তোর হৃদয়ে,আমি চুপটি করে সারাজীবন থেকে যাব ওখানে।’
--‘মদ খেয়েছিস?’
--‘উঁহু!’
--‘তাহলে নিশ্চয়ই অসুখ-বিসুখ করেছে!’
--‘না।’
'মধুর চোখ-মুখে বিস্ময়! সে বুঝতে পারছে না সুনেহরার হঠাৎ পরিবর্তনের কারণ। মধু কিছু বলতে চাইলে সুনেহরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে। বুঝিয়ে দেয় সে সব মান-অভিমানের সমাপ্তি ঘটাতে চায়! সবটা আবার নতুন ভাবে শুরু করতে চায়। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে মধুর নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে! এতদিন ধরে সে এই দিনটারই অপেক্ষা করেছে। দিন গুনেছে কবে সুনেহরা ওর ভালোবাসা বুঝবে। আজ বুঝল তাহলে! খুব একটা দেরি হয়ে যায়নি। ওরা আবার নতুন করে সবটা গুছিয়ে নেবে। আমেরিকা যাবে। মা আর ভাইয়ের সাথে সাথে হাসি-মজা করে বাকিটা জীবন পার করবে। মধু শক্ত করে জড়িয়ে ধরে সুনেহরাকে। খানিকক্ষণ পর ওকে জিজ্ঞেস করে,
--‘ভালোবাসিস?’
--‘ভীষণ!’
--‘তাহলে বল।’
--‘কী বলব?’
--‘থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডস!’
'সুনেহরা হাসে। মধুর গলা জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে ফিসফিস স্বরে বলে,
--‘আই.... লাভ.... ইউ!আমি তোকে ভালোবাসি দিব্য। ভীষণ... ভীষণ... ভীষণ ভালোবাসি! এবার আমি শুনতে চাই!’
--‘কী শুনতে চাস?’
--‘থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডস!’
'মধু হাসে।টেবিলে রাখা একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে সুনেহরাকে তা এগিয়ে দিয়ে বলে,
--‘আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা! নিজের থেকেও বেশি ভালোবাসি! আমি বাকিটা জীবন তোমার সাথে থাকতে চাই।আমরা দুজনে মিলে সুন্দর একটা সংসার সাজাতে চাই। মৃত্যুর আগে অবধি শুধু তোমাকেই ভালোবাসতে চাই! বাকিটা জীবন থাকবে আমার সাথে? ভালোবাসবে আমাকে?’
'সুনেহরার ঠোঁটের কোণে হাসি। প্রাপ্তির হাসি। সে হাত বাড়ায় মধুর হাত থেকে ফুলগুলো নেবে বলে ঠিক তখনই কেউ একজন গুলি চালায়। গুলিটা সুনেহরার বুকে এসে লাগে। মেয়েটা চোখ-মুখ কুঁচকে নেয় সাথে সাথেই। চিৎকার দিয়ে মধুকে ডেকেই পড়ে যায় মাটিতে।কী হলো বুঝতে খুব একটা সময় লাগল না মধুর।সে চিৎকার দিয়ে ডাকল স্টাফদের।সাথে সাথেই পুরো বাড়ির সিকিউরিটি গার্ড, মধুর সবগুলো লোক, জাফর আর গৃহকর্মীরা এসে জড়ো হলেন ওখানে।জাফর অজ্ঞাত ব্যক্তিটিকে ধরে ফেলল।মধু তখন কী করবে বুঝতে পারছে না।সে দিকবিদিকশুন্য হয়ে জাফরকে ডেকে বলছে,
--‘এইই... অ্যাম্বুলেন্স ডাক।গাড়ি বের কর।ইমিডিয়েটলি!’
#চলবে.....
® আফরোজা আঁখি।
গল্পের শেষ পর্ব আসবে ১/২ দিন পর।রেসপন্স করবেন।❤️
ই-বুক লিংক কমেন্টে-