ফন্ট সাইজ:
থিম:
শৈলবালা

পর্ব 6

লেখক: লাবিবা ওয়াহিদ

#শৈলবালা - [০৬]
লাবিবা ওয়াহিদ

-
সরোয়ার নিকেতনে আমরীণ এসেছে কয়েক ঘণ্টাও হয়নি। এমন মুহূর্তে সে কোহিনূরের কবলে পড়েছে৷ তিনি মনে-প্রাণে আসল সত্যিটা জানতে চাচ্ছেন আমরীণের থেকে। সরাসরি নয়, ছলে-বলে কৌশলে। তায়েজিদ সবাইকেই জানিয়েছে যে অপহরণ, কিন্তু কোহিনূরের তুখোড় দৃষ্টির কাছে সেই বাহানা খুবই দূর্বল লাগছে। ওনার এখনো ধারণা, আমরীণেরই দোষ আছে এখানে। কেউ কী করে অপ হরণ করবে? মগের মুল্লুক নাকি?

আমরীণ বহু কষ্টে মুনকে খাইয়ে দিয়েছে। মুনের পছন্দ জানতে পারেনি সে। তার মনে হচ্ছিল মুন তাকে খুবই ভয় পাচ্ছে, যা অযাচিত। খেতেও চায়নি, দাদীর গরম চোখের তোপে পড়ে খেয়েছে। খাওয়া-দাওয়া শেষ হতেই কোহিনূর তাকে রান্নাঘরে মুনের প্লেট ধুতে পাঠাল। আমরীণ ঘোরের মধ্যে রান্নাঘরে গেল, কিন্তু তাকে কেউ ধোঁয়া-মাজাতে যেতে দিল না। একজন সতেরো, আঠারো বছর বয়সী মেয়ে তার হাত থেকে এঁটো প্লেট নিয়ে বলল,
--"আমি লায়লা, ভাবী। আপনের খেদমতের দায়িত্ব আমার। আপনে আমারে লালু কইয়াও ডাকতে পারেন।"

আমরীণ দেখল মেয়েটাকে। এই অল্প বয়সেই পান খেয়ে কেমন দাঁত লাল করে ফেলেছে। এর মাঝে অমৃতাও এলো সেখানে। খাবার টেবিলে দেখেছে ওনাকে। কিন্তু সেভাবে চিনতে পারেনি। তার এখনো সবকিছু বুঝে উঠতে সময় লাগছে। হয়তো আরও কিছুদিন লাগবে এই বাড়ির মানুষদের সম্পর্কে জানতে, বুঝতে। লায়লা বুঝি কিছু বলতে চেয়েছিল, কিন্তু অমৃতাকে দেখে চুপসে গেছে। অমৃতা আমরীণকে উপর-নিচ দেখল। তার দিকে তাকিয়েই লায়লার উদ্দেশে বলল,
--"তোমাকে তো বলেনি প্লেট ধুঁতে।"

লায়লা অপ -রাধীর মতো চুপ করে রইলো। কোহিনূর তাকে কিছু বলেনি, অমৃতা এসে কেন তাকে খোঁচা দিচ্ছে। অমৃতা চাইল লায়লাকে বকে দিতে, কিন্তু সে সংবরণ করল। বুকে আড়াআড়ি করে হাত গুজে বলল,
--"নাম কি?"

প্রশ্নটা বুঝতে বুঝি আমরীণের সময় লাগল। গলা নামিয়ে উত্তর দিল,
--"আমরীণ বিন্তি।"

--"কি আশ্চর্য, আমাদের নামে দেখছি একটু আকটু মিল আছে।"

আমরীণ এবারও নীরব থাকল। এখনো অমৃতার নামও জানে না সে। কোথায় আর কিসে মিল, সম্পর্কে কি হয় তা তো দূরের ব্যাপার। তবুও সে নীরব রইলো। তার মা তাকে বেয়াদবি শিখায়নি। নীরব থেকেই বোঝার চেষ্টা করল এই মহিলা কি চাচ্ছে।

অমৃতা বলল,
--"আমি তামিমের বউ। সরোয়ার বাড়ির সেঝো বিবি, অমৃতা। সম্পর্কে না হই, বয়সে তোমার বড়। তাই আপু সম্বোধন করবে।"

--"জি আচ্ছা।"

অমৃতা হঠাৎ কটাক্ষ করে বলল,
--"তোমার আবার জিন-ভূতের কাহিনী নেই তো?"

আমরীণ এতক্ষণে মাথা তুলে তাকাল, অপ্রস্তুত দেখাল তাকে। অস্ফুট স্বরে বলল,
--"জি? বুঝিনি!"

অমৃতা যেন খুব মজা পেল তার এই অপ্রস্তুত ভাব দেখে। হাসতে হাসতে সে বেরিয়ে গেল। লায়লা ততক্ষণে এগিয়ে এসেছে। সে গলা উঁচিয়ে বলল,
--"ভাবী, কি কইছে আপনেরে? আপনেরে উলটা পালটা কিছু কইছে? কইলে আপনেও জবাব দিয়া দিবেন। উনি কিন্তু সুবিধার না।"

আমরীণ খুব ক্লান্ত। সবকিছু এত দ্রুত হয়েছে যে হজম হচ্ছে না। লায়লাকে কোনো মতে বলল,
--"আমাকে আবারও রুমটা চিনিয়ে দিবে উপরে? মাথা ব্যথা করছে।"

তায়েজিদের ঘরে গিয়ে দেখল মুন সব ভুলে আবিরের সাথে বিছানায় খেলছে। মুন আবার নতুন বিছানা খুব পছন্দ করে। নতুন চাদর বিছালেই তার বিছানায় গড়াগড়ি করার অভ্যেস আছে। মুন তার নতুন মাকে দেখে ভয়ে ছুটে বেরিয়ে গেল। আবির গেল না, সে ভদ্র ছেলে। সে সুন্দর করে সালাম দিল আমরীণকে। এই বাড়িতে বোধ হয় এটাই ভালো দিক ঘটেছে তার সাথে৷ আমরীণ নিরিবিলি সালামের উত্তর নিল। আগ বাড়িয়ে প্রশ্ন করল,
--"তোমার নাম কি?"

--"জি, আবির। আপনি আমার চাচী হন?"

আমরীণ শুধু মাথা নাড়াল। শুনেছে তায়েজিদের বড় ভাই ইন্তেকাল করেছেন, তারই ছেলে হয়তো আবির। ধারণা থেকেই সে চিনতে পারছে। লায়লা বলল,
--"মুনের পিছে যাও। তুমার চাচী রেস্ট নিব।"

আবির বাধ্য ছেলের মতো বেরিয়ে গেল। লায়লা দ্রুত হাতে বিছানা পরিষ্কার করে দিতে দিতে বলল,
--"মুনে নতুন বিছানা পছন্দ করে, আর বাপের ঘররেও ম্যালা ভালো পায়।"

--"মুন আমাকে ভয় পায় কেন?"

লায়লা বিছানা গুছিয়ে তাকাল আমরীণের দিকে। হালকা হেসে বলল,
--"ওয় মনে করে সৎ মা মানেই খারাপ। পিটায়, ধমকায়, ওর বাপেরতে দূর কইরা দিব। এই ডরের লেইজ্ঞাই আপনের কাছ ঘেঁষতেছে না।"

আমরীণ বিছানার একপাশে বসা। শুনল নীরবে। এতক্ষণে বুঝি তার হিসাব মিলছে। লায়লা চলে গেল। আমরীণ শুয়ে পড়ল। মাথায় নানান চিন্তা তার। এই বাড়িতে তার যে কোনোকিছুই সুখকর হবে না, তা সে ভালো করেই বুঝতে পারছে। শাশুড়ি, জা থেকে শুরু করে তায়েজিদ। তার কানে বারবার ভাসছে তায়েজিদের কথাগুলো। তায়েজিদ তাকে ওই পরিস্থিতি থেকে বের করে এনেছে, বিয়ে করেছে। কাউকে টের অবধি পেতে দেয়নি যে সে পালিয়েছে। এটাই তার কাছে খটকা লাগছে। তায়েজিদ এই ব্যাপারটা লুকিয়ে কি প্রমাণ করতে চায়? আর তার মেয়ে মুন, মেয়েটা খুব ফুটফুটে। এমন গায়ের রং এই বিশ বছরের জীবনে খুব কমই দেখেছে সে। অথচ মেয়েটা কত ভীতু, তায়েজিদের থেকে পুরো বিপরীত স্বভাবের। যদিও বাবা-মেয়ের চেহারায় মিল আছে। কিন্তু তায়েজিদকে কখনো সেভাবে লক্ষ্য করেনি। লক্ষ্য করলে হয়তো বাবা-মেয়ের মিলগুলো খুঁজে পেত। আমরীণের চোখ বন্ধ, কানে তখনো ভাসছে লায়লার কথাগুলো। সে বেশি ভাবতে পারল না, তার বিশ্রামের প্রয়োজন।

—
তায়েজিদ একটি ক বরের সামনে দাঁড়ানো। তার হাত দুটো পেছন দিকে মুঠোবদ্ধ। সে একমনে গম্ভীর চোখে ক বরের দিকে তাকিয়ে আছে। ক বরের বেরা একদিকে হেলে রয়েছে। পরগাছাতেও ভর্তি মাটিতে। যেন কেউ পরিষ্কার করার আগ্রহও দেখায়নি। তার পাশেই দাঁড়ানো বাপ্পী আর শওকত। রিফাতও হাই তুলতে তুলতে এলো। এই ছেলের সারাদিনই ঘুম পায়, হাই তোলা স্বভাব। রিফাত আসতেই তায়েজিদ মুখ খুলল,
--"নীলার ক বরের বেরা ঠিক করতে বলেছি কতদিন হয়েছে?"

বাপ্পী আমতা আমতা করে বলল,
--"সেদিনের ঝড়েই এমনটা হয়েছে বস, দেখুন। আজও ঝড় নামবে রাতে। আমি কালকেই.."

তায়েজিদ গরম চোখে তাকাল। বাপ্পী চুপসে গেল।
--"বাহানা দিচ্ছ ঝড়ের? ঘাসগুলোও কি ঝড় এসে দিয়ে গেছে?"

তিনজনই চুপ করে রইল। তায়েজিদ আরও দুই কথা বলে ঝেড়ে তাকাল নীলার ক বরের দিকে। পরপর দীর্ঘশ্বাস বেরুলো তার ভেতর থেকে। এখানে তার প্রথম স্ত্রী, চিরজীবনের জন্য ঘুমিয়ে আছে। তায়েজিদ শূন্য নজরে তাকিয়ে থেকে বলল,
--"দূরে যা তোরা।"

ওরা তাই করল, একা ছেড়ে দিল তায়েজিদকে। সে সহজে এখানে আসে না। বছরে একবার বা দুবার। তাও এসে শুধু ক বর জিয়ারত করে যায়। অথচ আজ.. আজ এক ঘণ্টা হয়ে গেল। ওরা দূরে সরে যেতেই তায়েজিদের ঠোঁট জোড়া নড়ে উঠল,
--"তুমি মুনকে একা করে চলে গেছ। জানি ইচ্ছাকৃত যাওনি, কিন্তু তবুও.. তোমার মতো করে খেয়াল মুনের কেউ রাখে না। আজ আমি বিয়ে করেছি নীলা।"

শেষ কথাটায় তায়েজিদের গলা কেমন ভেঙে এলো। আত্মগ্লানি, হতাশা, অনুশোচনা তাকে আষ্টেপৃষ্টে রেখেছে। সময় নিয়ে আবার বলতে শুরু করল,
--"তুমি তো চলে গেছ, মাফ চাওয়ার কোনো পথ রাখোনি। এজন্য এটুকু আশা করতে পারি, যে বেঁচে আছে, তাকে আমি গুরুত্ব দিব, যা তোমার সাথে পারিনি তা তাকে আমি দিব। কথা দিয়ে গেলাম নীলা।"

অন্তত.. আমার ভাগের শা স্তি আমাদের মেয়ে পাক তা তো চাইব না। আমি কি বিয়ে করে ঠিক করেছি?"

তায়েজিদ জানে উত্তর আসবে না, তবুও সে নিরিবিলি দাঁড়িয়ে রইল। যেই মানুষটাকে সকলে ভয় করে চলে আজ তাকেই প্রচন্ড অসহায় দেখাচ্ছে। কী পরিমাণ ঝড় সে বুকে প্রতিনিয়ত বয়ে চলেছে।

ঝড়ের বাতাসে ধ্যান ভাঙল। হালকা করে ক বরের মাটি ছুঁয়ে সে চলে এলো। বাপ্পী ততক্ষণে ড্রাইভিং সিটে বসেছে। তায়েজিদ পাশে বসল। ওরা নিজেদের গ্রামের উদ্দেশে রওনা দেয়। রিফাত এই বিষণ্ণতা বেশিক্ষণ মানতে পারল না। সে গলা উঁচিয়ে বলল,
--"ইমনকে আজকে সেই ধোলাই করেছি। পেট থেকে সব কথা বেরিয়েছে।"

তায়েজিদ নিশ্চুপ, তবে তাকে আগ্রহী দেখাচ্ছে। রিফাত সেই আগ্রহ ধরতে পেরে বলতে শুরু করল।
--"বংশীগঞ্জে তিন মাস আগে একটা মেলা হলো না? সেখানে ভাবী গিয়েছিল লুকিয়ে, কলেজের বান্ধবীদের সাথে। সেখানেই মূলত প্রথম দেখে আফজাল। আফজালের তো তখনই পছন্দ হয়ে যায়, কিন্তু আমাদের গ্রাম থেকে মেয়ে তুলে আনা বড়ই দুষ্কর। তার উপর আবার ইমনের সাথে বিয়ে ঠিক। সৌভাগ্যক্রমে ইমন আগেও তার হয়ে কাজ করেছিল, এজন্য তাকে লোভ দেখাতেই রাজি হয়ে গেল। বলেছিল বিয়ের দিন রাতেই ভাবীকে তালাক দিয়ে বিক্রি করে দিত সবার আড়ালে।"

শওকত বলল,
--"নিজের হবু বউকে বিক্রি করার পরিকল্পনা?"

--"হুঁ। ভাবী নাকি একবার ওর প্রেম প্রস্তাব প্রত্যাখান করেছিল। সেই জেদ থেকেই এতকিছু করেছিল। ভালোবাসার থেকে প্রতি শোধের মাত্রাটা বেশি ছিল। এজন্যই হয়তো এসব পরিকল্পনা করতে দু'বার ভাবেনি।"

তায়েজিদ পুরো সত্যটা শুনেও চুপ করে রইলো। রাগ হয়েছে কিনা বোঝা গেল না। বাপ্পী আড়চোখে বসকে দেখছে। তায়েজিদ সিগারেট জ্বালাতে চাইল, তীব্র ঝড়ের কারণে হচ্ছে না, এতে সে আরও বিরক্ত হলো। বিরক্তসহিত বলল,
--"মালটা বেঁচে আছে?"

রিফাত বুক ফুলিয়ে বলল,
--"নিশ্চয়ই! আপনার আমানত বস, আপনার ভাগে হাত দেইনি। ওটা কালকে বুঝে নিবেন। আপাতত আজ রাতে না খাইয়ে রাখার নির্দেশ দিয়ে এসেছি।"

তায়েজিদের বুঝি ঠোঁট বাঁকা হলো। কি আশ্চর্য, এক র ক্তমাখা পাঞ্জাবি দিয়ে সে সারাদিন পার করে ফেলেছে। এখন বাড়ি গিয়ে আগে গোসল দিতে হবে। তার মেয়ে নিশ্চয়ই অভিমান করে আছে।

ঝড় বৃষ্টিতে রূপ নেওয়ার আগেই ওরা 'সরোয়ার নিকেতন'-এ পৌঁছে যায়। প্রতিবারের মতোই তায়েজিদ নিজের পি স্তলটা বাপ্পীর হাতে হস্তান্তর করে সে ভেতরে চলে গেল। কিন্তু দেখা গেল তাকে নিজের ঘরে যেতে দেওয়া হচ্ছে না। ঘর নাকি ফুল দিয়ে সাজানো হচ্ছে। এসব বিরক্ত লাগল তার। কোহিনূর নিজেও নিষেধ করলেন। কিন্তু সে নিষেধাজ্ঞার ধার না ধেরে নিজের ঘরে চলে গেল। কিছু ছেলেরা বাসর সাজানোর দায়িত্বে আছে। তায়েজিদকে দেখে ওরা কিছুটা হতভম্ভ হয়। কিন্তু সে তাদের কাজে কোনো প্রকার হস্তক্ষেপ না করে নিজের পরার পোশাক আর গামছা নিয়ে বাথরুমে চলে যায়। গোসল সে তাড়াহুড়ো করেই করল। বেরিয়ে শুনল আমরীণকে অন্য ঘরে সাজানো হচ্ছে। বাইরে এখনো প্রবল বৃষ্টি। ওদের আয়োজনে বিঘ্ন করতে কারেন্টও চলে গেল।

তায়েজিদ টর্চ নিয়ে মেয়ের রুমে গেল। মুন অন্ধকারে ভয় পাচ্ছিল, এজন্য হারিকেন নিয়ে তার পাশেই বসা ছিল চুমকি। তায়েজিদকে দেখতেই উঠে দাঁড়ায়, সালাম দেয়। সালামের উত্তরে সে শুধু মাথা নাড়ায়। বাবাকে দেখে মুন উলটো করে বসেছে। অভিমানের পাল্লা যে ভারী সেটা তায়েজিদ দূরে দাঁড়িয়েই টের পেল। সে এগিয়ে এলো মেয়ের কাছে। মুন বাঁধা দেওয়া সত্ত্বেও তাকে কোলে বসাল। সে তখনো মুখ ফুলিয়ে আছে। তায়েজিদ নাক টেনে দিয়ে বলল,
--"বাবার সাথে কথা বলবে না?"

মুন উত্তর দিল না। তায়েজিদ মেয়েকে নিজের দিকে ফেরাল।
--"এদিকে তাকাও মা, তুমি জানো না তুমি রাগ করলে বাবার কত কষ্ট হয়?"

মুন তাকাল বাবার দিকে। অভিমানে এবার ছলছল করছে তার চোখ জোড়া।
--"তুমিও তো আমাকে কষ্ট দিচ্ছ।"

--"বাবা কখনো তার মাকে কষ্ট দিতে পারে?"

--"দিচ্ছ তো। আমি তোমাকে বারণ করেছি, তুমি শুনেছ? তুমি ঠিক ওই মেয়েকে বিয়ে করে ফেলেছ। আমার কথা কেউ শোনেনি।"

তায়েজিদ মেয়ের চোখ মুছে দিল। মিনমিন করে বলল,
--"বিয়েটা তো তোমার জন্যই করা, আমার মা। তুমি যদি এখন অভিমান করো, বাবা কী করে থাকবে?"

মুন ফোঁপাচ্ছে।
--"কেন নতুন কাউকে আনলে? আমার ভয় করে, কাজের মেয়েরা বলেছে সে আমার সৎ মা। আর সৎ মা কখনো আপন হয় না। আমাকে মা রবে, বকবে, তোমাকে দূরে নিয়ে যাবে।"

তায়েজিদ মেয়েকে বুকের সাথে মিশিয়ে নিল। চুলের ভাজে চুমু দিতে দিতে বলল,
--"উহু, ওরা মিথ্যে বলে। তোমার নতুন মা মোটেও এমন নয়। বাবার উপর ভরসা রাখো হু?"

মুনকে বোঝাতে বেশ বেগ পোহাতে হলো। তায়েজিদও মুন না ঘুমানো অবধি মেয়ের সাথেই থেকে গেল। একে তো বৃষ্টির দিন, পরিবেশ ঠান্ডা। আরামে মুন আজ তাড়াতাড়িই ঘুমিয়ে গেল। মুন ঘুমোতেই তায়েজিদ উঠে দাঁড়াল। বেরিয়ে আসতেই দেখল বাপ্পী কয়েক রঙের পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে। দেখেই বোঝা যাচ্ছে ঘণ্টাখানেক ধরে এভাবেই দাঁড়ানো। বাপ্পী বলল,
--"বস, আপনার মা কয়েকটা পাঞ্জাবি দিয়েছে। বাসর রাতে পড়বেন। দেখুন, কোনটা পরবেন?"

তায়েজিদ সাদা পাঞ্জাবি খুঁজল। কিন্তু এখানে নেই। সব রঙিন। বিরক্ত হলো সে।
--"সাদা নেই?"

বাপ্পীকে অসহায় দেখাল। কোন মানুষ বাসররাতে সাদা পাঞ্জাবি খোঁজে। তায়েজিদের তো আজ বিয়ে উপলক্ষে শেরওয়ানি পরার কথা ছিল, কিন্তু তাও তার মা দিয়েছে পাঞ্জাবি। এতেও ওনার কতশত অভিযোগ। সাদা পাঞ্জাবি পরে বিয়ে করেছে, এটাই কি যথেষ্ট নয়?
--"আপনার ঘরে আছে। কিন্তু ভাবী তো রুমে। যাওয়ার অনুমতি নেই।"

তায়েজিদ আবারও লক্ষ্য করল, এরা সব আমরীণকে ভাবী ডাকছে। সে এবারও তোয়াক্কা করল না। বিরক্তি চেপেই সে খুঁজে নিল একটা পাঞ্জাবি। সুরমা রঙের। কোনো প্রকার আয়োজন ছাড়াই রুমে গেল সে।

—
ঘরে লাল জামদানি পরে আমরীণ বসে আছে। অপেক্ষা করার নাম করে সে প্রচন্ড দ্বিধাদ্বন্দে ভুগছে। তায়েজিদকে কথা শোনানোর জন্য কত কথা ভেবেছে, সবই আবার মুহূর্তেই ঘেটে যাচ্ছে। কোহিনূরের একেকটা কথা কানে বাজছে। তৈরি হওয়াও এই মহিলার পছন্দসই হতে হয়েছিল। ওনার পছন্দের নড়চড় হওয়া যাবে না। যে সাজিয়ে দিচ্ছিল তাকে কত কথা শুনিয়েছেন তিনি। সাথে আমরীণকেও মানসিকভাবে ভাঙার চেষ্টায় মত্ত ছিলেন। এই যেমন আল্লাহর পর স্বামীর স্থান। তার প্রগাঢ় আনুগত্য করতে হবে, তার কথার নড়চড় করা যাবে না। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। স্বামী সেবায় সর্বদা নিয়োজিত থাকতে হবে। তায়েজিদের পছন্দ-অপছন্দে কোনো সমস্যা তিনি মেনে নিবেন না। ওনার আচরণ ছিল এমন, যেন আমরীণ বউ না, দাসী হয়ে এসেছে এই বাড়িতে। সকলের সেবা করাই তার মূল লক্ষ্য। এমনিতেই ছোটো মাথায় প্রচন্ড চাপ পড়েছে। তার উপর এত এত কিছু।

বাইরের বৃষ্টি দেখে আমরীণ সবকিছু ভুলতে চাইল। এত মানসিক চাপ সে নিতে পারছে না। যখনই দরজা খোলার শব্দ হলো, আমরীণের বুক ধড়ফড় করে উঠল। এখনো কারেন্ট আসেনি, ঘরময় হারিকেন আর মম। আ গুনের আলোয় দেখল লম্বাটে মানুষটাকে। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। তায়েজিদ কিছুটা হোঁচট খায় আমরীণের এই রূপ দেখে। নাকে নথ, গায়ে হালকা গয়না, হালকা সাজ আর গায়ে জামদানি। মাথার মাঝ বরাবর ঘোমটা টানা। সকালে মেয়েটাকে ভালো করে খেয়াল না করলেও এবার সে মনোযোগ দিয়েই দেখল। আ গুনের আলোয় মেয়েটাকে মন্দ লাগছে না। তায়েজিদের প্রতিক্রিয়া বোঝা গেল না, সে স্থির দাঁড়িয়ে।

আমরীণের তাকে দেখে ঘৃ ণা হলো না, আবার ভালোও লাগল না। বিয়েটা চিরন্তন সত্যি তার জন্য। কোহিনূর বলেছিলেন তায়েজিদ ঘরে আসতেই যেন তার পা ছুঁয়ে সালাম করে। এটা রীতি। আমরীণ না চাইতেও উঠে দাঁড়াল। বড় ঘরটার বিছানা থেকে দরজা অবধি দূরত্ব কম নয়। সে তায়েজিদের পা ছুঁয়ে সালাম করল, তায়েজিদ দাঁড় করাল।
--"এসবের দরকার নেই।"

আমরীণ মাথা নিচু করেই রইল। মেয়েটা তার বুকসমান। তায়েজিদ ওকে বিছানায় বসাল, কিন্তু সে পাশে বসল না। কথারা যেন হারিয়ে ফেলেছে সে। বাইরে তখনো বৃষ্টি। তায়েজিদ সময় নিয়ে প্রশ্ন করল,
--"সারাদিন কোনো সমস্যা হয়নি তো?"

--"না।"

আমরীণ থেমে প্রশ্ন ছুঁড়ল,
--"আপনি কেন সবাইকে বলেছেন আমাকে অপ হরণ করা হয়েছে? আমি তো স্ব-জ্ঞানে,নিজ ইচ্ছায় পালিয়েছি।"

তায়েজিদের রাগ হলো বাসর ঘরে আমরীণের বেফাঁস কথা-বার্তায়।
--"জিভের লাগাম টানো, লজ্জা করতে শিখো। এত বড় হয়েছ অথচ শিখোনি, কোথায় কি বলতে হয়?"

আমরীণের মুখ থমথমে। মাথা ঘুরছে তার। সে মনে হচ্ছে আস্ত বিদ্যালয়ে এসে হাজির হয়েছে। সবাই শুধু বলেই চলেছে এটা ওটা করা যাবে না। সে কোন দিকে যাবে? কীভাবে সব খেয়াল করবে। তার মানসিক পরিপক্বতা মোটামুটি, তবে সে বিয়ের মতো বিষয়ে মানসিকভাবে প্রস্তুত কখনোই ছিল না। তবুও তাকে জোর-জবরদস্তি করা হয়েছে, এত বড় ধোকাও তার সাথে হয়েছে। একে তো নিজের কাণ্ডে লজ্জিত তার উপর সকলের দেওয়া এত মানসিক চাপ। কেউ তাকে নির্দিষ্ট দেয়াল পার হয়ে এসে সামান্য বোঝারও চেষ্টা করছে না। সবাই শুধু ব্যস্ত দায়িত্ব হস্তান্তর করতে। আবারও আমরীণ চোখে ঘোলা দেখল। সন্ধ্যার পর থেকেই দেখছে। কোনো রকমে নিজেকে সামলে রেখেছে।

তায়েজিদ তার ঘরের বারান্দার দিকে গেল। সে ভেতরেই আছে, তার দিকে বৃষ্টির ঝাপটা আসছে। শূন্য চোখে বৃষ্টি দেখছে সে। বজ্রপাতের আলো ক্ষণে ক্ষণে কেমন অন্ধকার রাতকে আলোকিত করে তুলছে। পেছনে দু'হাত বেঁধে সময় নিয়ে বলল,
--"তুমি পালিয়েছ, আর কোনো মেয়ে পালানো মানে এই বাড়িতে ক্ষমাহীন অপ রাধ। আমি চাইনি তোমার বোকামীর জন্য খামাখা শাস্তি পাও। বিয়ে যেহেতু ঠিক করা ছিল, সেহেতু তুমি আমার সম্মান ছিলে। সম্মানকে আমি অসম্মানিত হতে দেই কি করে? আবার এটাও ভেবো না আমি তোমাকে ছাড় দিয়েছি, পালানোর শা স্তি তো তুমি পাবেই আমার তরফ থে.."

তায়েজিদ পুরো কথা শেষ করার আগেই পেছন থেকে ধপ করে কিছু পড়ার শব্দ পেল। তায়েজিদ পিছে ফিরতেই দেখল আমরীণ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে।

______________
®লাবিবা ওয়াহিদ
#চলবে~~

আপনাদের মন্তব্যের অপেক্ষায়। রিচেক দেইনি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন