ফন্ট সাইজ:
থিম:
শৈলবালা

পর্ব 7

লেখক: লাবিবা ওয়াহিদ

#শৈলবালা - [০৭]
লাবিবা ওয়াহিদ

আমরীণ বিছানায় জ্ঞানহীন পড়ে আছে। তায়েজিদই তাকে ফ্লোর থেকে কোলে তুলে আলতো করে বিছানায় শুইয়ে দিয়েছে। লায়লাকে দিয়ে ওর কাপড় বদলে দিয়েছে তায়েজিদ। তাকে বেশ কড়া করে হুমকিও দেওয়া হয়েছে যেন লায়লা কাউকে কিছু না বলে। লায়লার মুখ চললেও মালিকের প্রতি তার আনুগত্য বেশ গভীর। মালিক যা আদেশ করবে, তা অক্ষরে অক্ষরে পালন করবে সে৷ এক চুলও নড়চড় করবে না। লায়লাকে তায়েজিদই বেছেছে আমরীণের জন্য। এই বাড়ির বউদের একজন করে দাসীর মতো থাকে। যদিও সরাসরি কাউকে দাসী বলা হয় না। তবে বাকিরা আড়ালে আবডালে এদের লেজ ধরা চ্যালা ডাকা হয়, তাচ্ছিল্য করে। আবার ওদেরই স্বপ্ন তারা এই বাড়ির বউদের সেবায় খাস হবে।

তায়েজিদ তার পাশে বসল। সে ইচ্ছাকৃত আমরীণের অসুস্থতার বিষয়ে কাউকে কিছু বলেনি। অন্তত, সে যতটুকু সামলাতে পারছে। নয়তো বাড়ির লোকেরা তিলকে তাল বানাতে দুবার ভাববে না। বাসর রাতে খামাখা এসবের কোনো দরকার আছে? সে বড়, পেশিবহুল হাতটা তুলে আমরীণের কপালে রাখল। জ্বর নেই, কিন্তু মেয়েটা দূর্বল। সম্ভবত প্রেশার লো। সারাদিন নিশ্চয়ই বেশ ধকল গেছে? তায়েজিদ দেখল আমরীণের মুখের ওপর কটা চুল পড়েছে। সে না চাইতেও তর্জনী দিয়ে সরিয়ে দিল। আমরীণ ঘুমোচ্ছে। তায়েজিদের ঘুম হলো না। মেয়েটাকে এখনো ছুঁয়েও দেখেনি, তবুও এই নাজেহাল। যখন পুরো বাড়ির দায়িত্ব পড়বে তখন কী করবে? সে কি সিদ্ধান্ত নিতে কোনো ভুল করে ফেলল?

তায়েজিদ দীর্ঘশ্বাস ফেলল। উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াল। বৃষ্টি ইতিমধ্যেই থেমে গিয়েছে। বারান্দার দরজা খুলে দিলে হয়তো ঠান্ডা বাতাসের পাশাপাশি মাটির স্যাঁতসেঁতে গন্ধও নাকে বিঁধত? কিন্তু অজানা কোনো কারণে সে রাত করে দরজা খুলল না। যখন সে খুলেছিল তখন বেশি রাত হয়নি। তবে এখন মধ্যরাত। বাইরে অশরিরীর আনাগোনা এই সময়টায় সবচেয়ে বেশি। সন্ধ্যার পর থেকেই এদের আনাগোনা বাড়ে, তবে মধ্যরাতে একটু বেশিই। তায়েজিদ আবারও আমরীণের মুখপানে তাকাল। চোখ-মুখ খুবই শান্ত তার। একপলকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে চোখ ফিরিয়ে নেয়।

—

কোহিনূর ঘুম থেকে উঠেন ফজরের ওয়াক্তে। এরপর ওনার আদেশে বাড়ির মেয়েরা ওযু করে নির্ধারিত নামাজঘরে হাজির হয়। ওখানে মহিলারা নামাজ পড়ে। সবসময় সবাই নামাজ একসাথে পড়তে না পারলেও ফজর এবং এশারের নামাজ এখানেই পড়ে সবাই। এখানে বাড়ির সদস্য কিংবা কাজের লোকে ভেদাভেদ নেই, সবারই আসতে হয়। সবার মতো করে কোহিনূর আমরীণকেও ডেকে পাঠান। কিন্তু তায়েজিদ লায়লাকে বলে দেয়,
--"ঘরে পড়বে, তুমি যাও।"

লায়লা মাথা নাড়িয়ে চলে যায়। কোহিনূর এ কথা শুনে কিছুই বলে না। বিয়ের প্রথম রাত, একটু ছাড় দেয়া যায়। অমৃতা শেফালীকে টেনে-হিঁচড়ে এনেছে। ঘুমে ঢুলছে মেয়েটা। সারাদিন না খেয়ে-দেয়ে চোখের পানি ফেলে দূর্বল হয়েছে কিছুটা। এজন্য ঘুমও গভীর। কোহিনূর শেফালীর ঘুম ঘুম ভাব দেখে মুখ আরও গম্ভীর করলেন। অমৃতার উদ্দেশে বললেন,
--"বোনকে এখনো কিছু শিখাতে পারলে না।"

বলেই তাচ্ছিল্য করে চলে গেলেন। এতে রেগে অমৃতা শেফালীর পিঠে কিল বসাল, শেফালী ব্যথা চোখ বড় বড় করে ফেলল। এইতো, ওষুধ দেয়াতে এবার ঘুম ভেঙেছে। অমৃতা দাঁত্ব দাঁত পিষে বলল,
--"নামাজ পড়তে না চাইলে আয়, তোকে ধাক্কা দিয়ে ফেলে দিই।"

শেফালী এবার আর ত্যাড়ামি করল না, অমৃতার সাথে নামাজ ঘরে ঢুকে পড়ল। চোখ বড় বড় করে আমরীণকে এদিক ওদিক খুঁজল সে। সারাদিন কান্নার চোটে তো ঘর থেকেই বের হয়নি। সেও দেখতে চায় কোন হুরপরী বউমা এনেছে এই ভদ্রমহিলা। আর কার এত বড় সাহস হয়েছে তার থেকে তায়েজিদকে কেড়ে নিয়েছে। অমৃতা তার মতিগতি বুঝতে পেরে বলল,
--"খুঁজে লাভ নেই, ম্যাডাম ঘরে নামাজ পড়বে। বেশি না ভেবে নামাজে দাঁড়া। দেরী হচ্ছে।"

তায়েজিদ মসজিদ থেকে ফিরে দেখল আমরীণ এখনো ঘুমোচ্ছে। তার চা খেতে ইচ্ছে হচ্ছে। সারা রাত ঘুমোয়নি, চোখ জ্বালা করছে। সে বাপ্পীকে নিচে পাঠাল চা আনতে। আমরীণকে একা ছাড়ল না। যতই হোক, আমরীণ এ বাড়িতে নতুন। এমতাবস্থায় তাকে একা রাখা ঠিক হবে না। কখন কি প্রয়োজন হয়। এমনিতেও সে আমরীণকে যা চিনেছে, তাতে সে মুখ ফুটে প্রয়োজন বলার মতো মানুষ নয়।

কিন্তু আফসোস, তাকে সাতটার মধ্যেই বেরোতে হবে। সে গেল মেয়ের কাছে। মুন সবে ঘুম থেকে উঠেছে, ঘরজুড়ে হাঁটাহাঁটি করছিল। ঘুমের রেশ তখনো তার কাটেনি। বাবাকে দেখতেই সে বাবার কোলে উঠে যায়। মাথা এলিয়ে দেয় শক্ত কাঁধে। তায়েজিদ মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল,
--"ঘুম কেটেছে আমার মায়ের?"

মুন সাড়াশব্দ করল না। তায়েজিদ আবারও প্রশ্ন করল,
--"ঘুম ভালো হয়েছে?"
--"হুঁ।"
--"কোনো ব্যাঙ, ইঁদুর স্বপ্নে আসেনি তো?"
--"উহু।"

তায়েজিদ মেয়ের কপালে চুমু দিয়ে বলল,
--"নাস্তায় কি খাবে?"

মুন সময় না নিয়ে বলে উঠল, "পরোটা আর হালুয়া।"
তায়েজিদ ঠোঁট হালকা এলিয়ে মেয়ের গালে চুমু খেল। মুন তার স্বপ্ন নিয়ে কথা বলতে ব্যস্ত। তায়েজিদ বলল,
--"তোমার মা অসুস্থ।"

--"মা?"
--"হুঁ। যাকে গতকাল তোমায় এনে দিলাম। সে ঘুমোচ্ছে। আমি এখন বের হবো। আমি চলে গেলে কি আমার মা তার খেয়াল রাখবে?"

মুন অবাক হলো, বাবার কথা বোঝার চেষ্টা করল। গতকালকের কথা মনে পড়তেই আবারও চোখ ছলছল করে উঠল,
--"আমি যাব না।"

তায়েজিদ মেয়েকে বুকে জড়িয়ে নেয়। এটা সেটা বলে।
--"যখন তুমি অসুস্থ হও, তখন তোমার খুব কষ্ট হয় তাই না?"

--"হুঁ, খুব।"

--"একই কষ্ট আমরীণের হচ্ছে। তুমি কি চাও মা, আমাদের কাছে থেকে কেউ কষ্ট পাক, ব্যথা পাক? এতে তোমার বাবাকে ওরা পচা বলবে না?"

মুন চুপসে যায়, মুখ ভার হয়ে থাকে। তায়েজিদ মেয়ের গাল টেনে বলল,
--"বাবার এখন খুব দরকারী কাজ আছে। আমি এখন বের হবো, তুমি আমরীণের খেয়াল রাখবে তো? বাবা তোমাকে কতটা ভালোবাসে জানো তো?"

মুন উপর-নিচে মাথা নাড়ায়। আবারও চিন্তিত হয়ে বলল,
--"যদি বকা দেয়?"

--"দিবে না, বাবা বলছি তো।"

মুনকে কোল থেকে নামিয়ে দেয়। মেয়ের নাস্তা আর মুখ ধোঁয়ার ব্যবস্থা নিজ হাতে করে দিয়ে তায়েজিদ বেরিয়ে যায়। ইমনকে এবার সে নিজের হাতেই সাইজ করবে, হাতে বেশি সময় নেই।

ততক্ষণে মুন মুখ ধোঁয়, খায়, কতক্ষণ আবিরের সাথে খেলে। কিন্তু সে খেয়াল করে তার দাদী রেগে আছে। প্রায় আটটা বাজতে চলল অথচ এখনো আমরীণের ঘুম ভাঙছে না, বিরক্ত হয়ে আছেন তিনি। বাড়ির বউরা এত বেলা করে ঘুমায়? তায়েজিদও সকাল সকাল উঠে কই চলে গেল, তার সাথে দেখাও করল না। চাপা রাগ চেপে তিনি এদিক সেদিক হাঁটছেন। লায়লাকেও হাতের নাগালে পাচ্ছেন না। মুন কী ভেবে চুপিচুপি উপরে গেল। বাবার ঘরে উঁকিঝুঁকি দিল। কিন্তু সহসা সে প্রবেশ করল না। বেশ ইতঃস্তত অনুভব হচ্ছে। আবির বলেছে আমরীন নাকি এখনো ঘুমোচ্ছে। সে বড়দের সম্পর্ক বোঝে না, একটু তো ঈর্ষা হয় তার বাবার ঘরে অন্য একটা মেয়েকে দেখে। তার বাবা যে শুধু তার। সে ঘুমোবে শুধু বাবার বিছানায়। অন্যরা কেন ঘুমোবে? সে শুধু আবিরকেই ছাড় দিবে।

মুন দশ মিনিটের মতো দরজার বাইরে ঘুরঘুর করল। সে ভেতরে যেতে চাইছে অথচ পারছে না। অপেক্ষা করছে, যদি ঘুম ভেঙে যায়? উঠে আসে? তাহলে তো আর তার বাবার কথা মানার দরকার নেই। সে আবারও উঁকি দিল। ভালো করে তাকাল এবার। সত্যি সত্যিই আমরীণ শুয়ে আছে। কেমন অসুস্থ লাগছে তাকে। মুনের এবার মায়া লাগল, ভালো লাগল না ওকে শুয়ে থাকতে দেখে। বাবা তাহলে সত্যিই বলেছে? সত্যিই কি সে অসুস্থ? অসুস্থ হলে দাদী কেন রাগ করছে? অসুস্থ হলে কি কেউ রাগ করে? মুনও করতে পারল না। পা টিপে টিপে ভেতরে ঢুকে পড়ল। বিছানায় খুবই ধীরে ধীরে উঠল। হামাগুড়ি দিয়ে আমরীণের পাশে বসল। মনোযোগ দিয়ে দেখল ঘুমন্ত মুখটা। আরে, এই আমরীণ আন্টি তো দেখছি খুব সুন্দর। ওইযে বড় চাচী যে রূপকথার সুন্দরী রাজকুমারীদের কথা বলে না, ঠিক সেরকম। মুন একবার চাচীকে জিজ্ঞেস করেছিল,
--"সুন্দর কি?"
--"তোমার চোখে যাকে ভালো লাগবে, সেই সুন্দর।"

মুনের এই আমরীণকে উপরে উপরে সুন্দর লাগছে। কিন্তু এখনো তার ব্যবহার নিয়ে সন্দিহান। গালে হাত দিয়ে মুন তাকিয়েই রইলো। যেন বাবার কথামতো সে আমরীণ আন্টিকে পাহারা দিতে বসেছে। বাবার ঘরে ঘুমোচ্ছে, নিশ্চয়ই ভালো হবে? নাকি হবে না? মুন বিড়বিড় করল,
--"ভালো? নাকি ভালো না? ভালো?"

ইমন আমরীণকে ডাকছে। ইমনের মুখে লেগে আছে মিষ্টি হাসি, সে আমরীণকে শাড়ি উপহার দিচ্ছে। আমরীণ খুশি মনে তা নিল, পরে নিজেকে ভাঙা আয়নায় দেখল। মায়ের ভাঙা আয়নায় না দেখার আদেশ অমান্য করে লজ্জা পেল। হঠাৎ সেই আয়নার ভেতর থেকে ইমন এক জলজ্যান্ত অ মানুষ রূপ ধারণ করে বেরিয়ে আসছে। তার সাথে এক অচেনা পুরুষ। সেই পুরুষের চোখে লালসা।আমরীণ ভয়ে পিছিয়ে গেল দুই ধাপ। ইমনের মুখ থেকে চিরচেনা হাসি সরে সেই ঠোঁটে আজ ভয়ংকর হাসি। সে হাসি দিয়ে বলছে,
--"তুমি আজ ওকে বিয়ে করবে বিন্তি। আমি তোমাকে ওর কাছে বিক্রি করে দিব। আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে বিয়েও করব না।"

মুন দেখল ঘুমের মাঝেই আমরীণের মুখ অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে। মুন অবাক হলো। আবিরও একবার এমন করেছিল, বড় চাচী বলেছিল স্বপ্নে দানব আসলে নাকি সবাই এভাবে ভয় পায়। মুন কি করবে এবার ভেবে পেল না। সে নিজের ছোটো হাতটা আমরীণের কপালে রাখল। সত্যি সত্যিই কি দানব এসেছে নাকি অসুস্থ? আমরীণ তখনই আঁতকে ঘুম থেকে উঠে। ঘনঘন নিঃশ্বাস ফেলে নিজের কপালে ছোটো হাত দেখে চমকে যায়। মুহূর্তেই ভুলে যায় স্বপ্নের কথা।

--"মুন.. তুমি এখানে?"

মুনের ছোট হাত আমরীণের কপালে। আমরীণের জেগে ওঠা দেখে ভড়কে গিয়ে হাত সরিয়ে ফেলল।
মিনমিন করে বলল,
--"বাবা বলেছে আমরীণ আন্টি অসুস্থ। তাই দেখতে এসেছি।"

--"আমাকে দেখতে এসেছ? এখন ভয় পাচ্ছ না?"

মুন আমরীণের দূর্বল গলায় কোনো ধমক, রাগ, হিংসে খুঁজে পেল না শেফালীর মতো। বাচ্চারা কেন যেন বড়দের এই বিরক্তি, রাগগুলো খুব ধরতে পারে। একই ভাবে মায়া-মমতাও। সে স্পষ্ট অনুভব করল আমরীণের গলায় নমনীয়তা। সেজন্যই বুঝি মুন একটু সাহস পেল। সে সময় নিয়ে বলল,
--"তোমাকে শেফালী আন্টির মতো লাগছে না। বাবা না থাকলেও তুমি আমাকে বিরক্তি দেখাচ্ছ না। আমি তোমার কথা শুনে আরাম পাচ্ছি।"

"আরাম?" আমরীণের অস্ফুট গলা।

মুন আবারও তার মাথায় হাত রেখে বলল,
--"তুমি অসুস্থ কেন? কি হয়েছে আন্টি? বাবা চিন্তা করছে কেন তোমার জন্য?"

আমরীণ মিইয়ে গেল। মনে পড়ে গেল তার গতকালকের বিভীষিকাময় দিনটি। এক প্রবল ঝড়ে সে নিজস্ব নীড় ফেলে এক অচেনা জায়গায় অচেনা এক পুরুষের সাথে বসত গেড়েছে। এত অশান্তির মাঝেও মুনের এই সরল, নিষ্পাপ মুখটা তাকে চৈত্র‍্যের আকাশে একদলা বৃষ্টিময় মেঘের মতো প্রশান্তি দিল। নিজের হাতটা বাড়িয়ে দিল সে,
--"আমার হাতটা ধরবে একটু, মুন?"

মুন বড় বড় চোখে তাকাল। আমরীণ নিজের হাতটা আরেকটু বাড়িয়ে দিল। মুন দোটানায় ভুগে নিজের হাতটা দিল।
--"এইযে আমার হাতটা ধরেছ, এবার সুস্থ লাগছে।"

মুন অবাক হলো। নিজের অজান্তেই আরেক হাত দিয়ে আমরীণের হাতটা ধরে বলল,
--"এবার কি আরও সুস্থ লাগছে আন্টি?"

কয়েকদিনে এই প্রথম বুঝি হাসল আমরীণ, খুবই ক্লান্ত সেই হাসি। তবে এই হাসিতে কোনো ভেজাল নেই। তার কেন যেন এই বাচ্চাটাকে কাছে পেয়ে খুব ভালো লাগছে। মনে হচ্ছে এই বাড়িতে মুনই একমাত্র প্রাণ, যাকে দেখলে আমরীণের স্বস্তি হয়, শান্তি লাগে। আমরীণ সময় নিয়ে বলল,
--"জড়িয়ে ধরলে এখনই উঠে যাব।"

মুন আমরীণের এই চালাকী ধরতে পারে না। সে তাকে সুস্থ দেখার লোভেই জড়িয়ে ধরল। মুন বেশ কৌতুহলী, সে মূলত দেখতে চায় জড়িয়ে ধরলে কীভাবে কেউ সুস্থ হয়। আমরীণের চোখ এবার ঝাপসা হয়ে এলো। একটা বাচ্চার আলিঙ্গলে তার বুকে বয়ে চলা ঝড়টা দমে গেল। ঘাড়ের ভারগুলাও কেমন নেমে যেতে শুরু করেছে। আমরীণ মুনকে বুকে জড়িয়েই উঠে বসল। মুন নিজের করা এই ম্যাজিকে খুব খুশি হলো। সে আমরীণকে সুস্থ করে দিয়েছে, বাবা শুনলে নিশ্চয়ই খুব খুশি হবে? সেই খুশিতে মুন তাকে আরও খামচে ধরে আঁকড়ে রইলো। এই ছোট প্রাণ টেরই পেল না, আমরীণকে সঙ্গ দিয়ে কত বড় ঝড় থেকে বাঁচিয়েছে।

এমন সময়ই লায়লা এলো। চোখ কপালে উঠে গেছে তার এমন দৃশ্য দেখে। মুন জড়িয়ে ধরেছে আমরীণকে?? কীভাবে সম্ভব?? আমরীণ দূর্বল চোখে তাকাল লায়লার দিকে। লায়লা নড়েচড়ে দাঁড়াল। সময় নিয়ে বলল,
--"আপনেরে বড় ম্যাডাম বোলায়। আপনের আব্বায় আইসে। কিছু করোন লাগব আপা? শাড়ি টাড়ি বের কইরা দিমু?"

_________________
®লাবিবা ওয়াহিদ
#চলবে~~

বিঃদ্রঃ কেমন লেগেছে জানাবেন। রিচেক দেইনি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন