#শৈলবালা - [০৯]
লাবিবা ওয়াহিদ
-
তায়েজিদ এবং আমরীণ পাশাপাশি শুয়ে। ঘরের লাইট বন্ধ৷ তাদের মাঝে বিশাল দূরত্ব। মাঝখানে কিছু অতিরিক্ত বালিশ, তবুও আমরীণ একদম কোণ ঠেসে শুয়েছে। একটু অসাবধান হলেই মেঝেতে পড়ার সম্ভাবনা আছে। এজন্যই বুঝি আমরীণ নড়ল না। তার চোখে ভাসতে আচমকা তান্ডবের আগের সমস্ত ঘটনা। এমন নয় যে, তার অতীত সুখকর ছিল। সে বরাবরই বাবার শক্ত হাতের মা/ র খেয়ে, মায়ের চোখের জল দেখেই অভ্যস্ত ছিল। সে মা র খেত তবুও তার চোখের সামনে মাকে মা র খেতে দেখলে ওই যন্ত্রণা আরও অসহ্য ছিল। খায়রুলের ছিল সর্বদা জুয়ার নেশা। এই জুয়ার নেশায় সে নিজের সম্পদ, স্ত্রীর স্বর্ণের গয়না সব বিক্রি করেছে। তবুও তার নেশা কখনো ছাড়েনি। তার ভাই নামীরের থেকেও কত টাকা নিয়ে নিয়ে সে জুয়ায় লাগাত। জুয়াতে একসময়ে সে অনেক বড়লোক হয়েছিল, কিন্তু হারাম পয়সা বেশিদিন নসিবে জোটেনি। যার সমস্ত যন্ত্রণা যেত ওদের মা-মেয়ের উপর। আমরীণ কতবার তার মাকে বলত,
'ভাই তো এখন চাকরি করেই সরোয়ার বাড়ি। চলো না আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই?'
মা রাজি হতেন না। গায়ের ব্যথা নিয়েই খুব করুণ কণ্ঠে বলতেন,
'ভাগ্যর থেকে যত দূরেই পালাই না কেন, সে আমাদের পিছু ছাড়ে না। আর তুই তো আমার মেয়ে। মেয়ে মানুষের জন্য কোথাও নিরাপত্তা আছে?'
ব্যাস, আমরীণ মায়ের কথায় আটকে যেত। মায়ের মতে এখানে থেকে তারা দু'মুঠো দুটো ভাত পাচ্ছে— এই যে অনেক। আজ প্রায় দুটো দিন হলো সেই মাকে দেখে না সে, বুক জুড়ে তার তীব্র হাহাকার। যেই ভাতের আশায় তার মা সংসারের মায়ায় জড়িয়ে আছে, ওই ভাত যে হারাম হয়ে গিয়েছে। তিন বেলা মা র খেয়ে এক বেলা ভাতের চাইতে বান্দার না খেয়ে থাকাই ভালো। যেই পাতে খায়, সেই পাতের খানার জন্য কেন রোজ নিয়ম করে মা র খেতে হবে? আমরীণের পড়াশোনার মূল লক্ষ্যই ছিল সে মাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। যেখানে কেউ তাকে মা রবে না, তারা একটা নতুন জীবন শুরু করতে পারবে। কম খাক, তবুও যেন তৃপ্তি থাকে সেই জীবনে। আমরীণ সেই তৃপ্তির মাধ্যম হিসেবে ইমনকে চেয়েছিল। বাবার এত বাজে রূপ দেখেছে সে, যে পুরুষ মানুষের ওপর থেকে তার ভরসা উঠে গেছিল। আর তার ভাই, নামীর? সে তো আরেক কাপুরুষ! চোখের সামনে মা-বোনের অত্যা চার হতে দেখে, তার জন্য সে টু-শব্দ করেনি। কয়টা ফাঁকা বুলি আর বাবাকে সাময়িক থামানো ছাড়া আর কি করেছে জীবনে? সে তো করেছে শুধু সরোয়ার পরিবারের গোলামি।
সেই থেকে আমরীণের পুরুষ মানুষের থেকে ভরসা নেই। ইমনকেও শুরুতে করতে পারেনি। কিন্তু প্রায় ছয় মাস যাবৎ ইমন তাকে এতভাবে ভুলিয়েছে, এত চমৎকার বচনভঙ্গি, তাকে যেভাবে সম্মান করত.. সবটা দেখেই সে গলেছিল। ভেবেছিল— নাহ, একবার কাউকে বিশ্বাস করতে ক্ষতি কি? এরপর সেই চরম ক্ষতিটাও সে ইমনের দ্বারাই পেল। চরম বেঈমানী আর স্বার্থপরতা চোখের সামনে দেখল। একটুর জন্য সে আরেকজনের গোলাম হিসেবে বিক্রি হয়ে যেত। এত বড় এক ট্রমা নিয়ে সে যে চলাচল করতে পারছে এই তো ঢের।
আমরীণের শরীর ভেঙে কান্না আসছে। কম্পন হচ্ছে মৃদু। এটা পাশের ব্যক্তিটা বুঝে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই সে দ্রুত বিছানা থেকে উঠে গেল। বসল রুমের এক পাশে। মুখ চেপে চোখ বুজে কাঁদল সে। ফোঁপানোর শব্দটুকুও আয়ত্ত্বে নিল। সৈভাগ্যক্রমে তার কান্নার শব্দ ফ্যানের শব্দের কাছে হার মেনেছে। তাই বুঝি ঘুমন্ত তায়েজিদ শুনতে পেল না। আমরীণ নসিবেই যেখানে খারাপ কাপুরুষদের বাস, সেখানে সে কী করে আরেক পুরুষ মানুষের সাথে এক বিছানায় শোবে? তার বুক ছিদ্র হচ্ছে। যেন কেউ সেকেন্ডে সেকেন্ডে তীব্র আ ঘা তে তাকে ঝাঁঝরা করছে প্রতিনিয়ত। পুরোটা দিন সে ব্যস্ততার অযুহাতে সব ভুলে ছিল, এখন সে কী করে এই অন্ধকার রাতের থেকে নিজেকে আড়াল করবে? কোথায় গেলে ঘিনঘিনে সময়গুলো থেকে নিস্তার পাবে? সে খুব করে চাইছে তায়েজিদের থেকে তা লাক নিতে। সে এই সম্পর্কের বোঝা নিতে পারছে না। এই পৃথিবীর কোনো পুরুষই ভালো নয়। এরা স্বার্থের গোলাম। সেখানে তার বিয়েই তো হয়েছে এক খু নী, গুন্ডা-মাস্তানের সাথে।
মায়ের দুশ্চিন্তা তাকে আরও কোণঠাসা করে দিল। সে নাহয় এই বাড়িতে চলে এসেছে, কিন্তু তার মা কীভাবে মুক্তি পাবে সেই জা হা ন্না ম থেকে? সেই মায়ের যে ওখান থেকে মুক্তি নেই।
কতটা সময় কাটল আমরীণের, জানে না। হঠাৎ-ই চোখে ঘুম ভরে আসছে। সে বাথরুমে গেল। চোখ-মুখে পানি দিল। বেরিয়ে এসেই শুনল দরজায় কেউ টোকা দিচ্ছে। এত রাতে কে করবে ভেবেই সে দরজা খুলল। দেখল লায়লা সুন্দর নামাজের হিজাব পরে দাঁড়িয়ে। আমরীণ একহার এশার নামাজ পড়েছিল গতকাল রাতে। এত দ্রুত ফজরের ওয়াক্ত হয়ে গেল? সে যে টেরই পায়নি।
লায়লা বলল,
'ম্যাডাম, ওযু কইরা আহেন। বেগম সাহেবা ডাকে, আযান দিয়া দিব তো।'
আমরীণ নিজের মাথা ব্যথাকে উপেক্ষা করল।
'আসছি। তুমি যাও।'
আমরীণ দরজা ভিজিয়ে ঘুমিয়ে থাকা তায়েজিদের দিকে তাকাল। বাইরের আলোয় মানুষটাকে আবছা দেখা যাচ্ছে। মা তাকে আগে থেকেই শিখাত স্বামীর সাথে কীভাবে কি বলতে হয়, কীভাবে সম্মান দিতে হয়, তার প্রয়োজনে কীভাবে স্ত্রীর এগিয়ে আসতে হয়। এরপর নবীদের তাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণের কত গল্পই না বলত তার মা। এসব ভেবে আমরীণ তাচ্ছিল্য হাসল। নারীদের সম্মান কীভাবে করতে হয়, সেটা তো তার ভাই-বাপই জানে না। বাবা তো কখনো সম্মান তো দূর, তার মাকে সর্বদা কোনো নিম্নমানের দাসীর সাথে তুলনা করে গেছে। সেখানে আমরীণ এই অচেনা এক গুণ্ডার থেকে কী আশা করবে? যার আগের স্ত্রী মৃ ত, আর এই সমাজের পুরুষতন্ত্র লোকেরা কবে স্ত্রীদের সম্মান, ভালোবাসার কথা ভেবেছে? এই সমাজের পুরুষতন্ত্র যে স্ত্রীদের দাসীতে দেখেই অভ্যস্ত।
আমরীণ চোখ ফিরিয়ে নিয়ে ওযু করল, খুবই ধীরে সুস্থে। এখানে এসে দেখল ছোটোখাটো পূনর্মিলন। কোহিনূর গরম চোখে তাকালেন আমরীণের দিকে। তিনি দেরী পছন্দ করেন না। এখনই তো নামাজ শুরু করে দিতেন। তিনি কৈফিয়ত চাইলেন,
'দেরী হয়েছে কেন?'
তখনই চারপাশে আযান দেয়। আযানের ধ্বনি ভেসে আসে দূর-দূরান্ত থেকে। আমরীণ ধীর গলায় বলল,
'ওযুতে তাড়াহুড়ো করি না।'
'তায়েজিদ মসজিদে গেছে?'
টনক নড়ল আমরীণের। ভদ্রলোক তো এখনো ঘুমোচ্ছে। কোহিনূরের চিলের নজর যা বোঝার বুঝে নিলেন। তিনি ধমকালেন,
'এটা কি ধরণের অসভ্যতা? স্ত্রীরা স্বামীদের ডেকে দিবে। আর তুমি এখানে তা না করে মুখ উঠিয়ে চলে এসেছ? তোমার সাহদ দেখে অবাক হচ্ছি।'
আমরীণ বুঝল, কোহিনূর আরও কঠিন কথা বলতে চাচ্ছেন, কিন্তু ওযু থাকায় বলতে পারছেন না। নিয়ন্ত্রণ থাকার চেষ্টায় আছেন। আশেপাশে সবাই তার দিকেই তাকিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। অপ মানে আমরীণের মুখ চুপসে গেল। এটুকুর জন্য কোহিনূর তাকে কি বাজে ভাবে অপ মান করছেন, অল্প কথাতেও তাকে কতটা নিচু দেখানোর চেষ্টা করে যাচ্ছে। আমরীণ মাথা নিচু করে চুপ করে রইলো। সারা রাতে প্রচুর চোখের জল খরচ করে ফেলেছে, এই মুহূর্তে তার কান্না আসছে না। মানুষের সামনে কেন যেন কাঁদতে পারে না সে। কোহিনূর গলা আরেকটু বাড়ালেন,
'কি হলো, দাঁড়িয়ে কেন? কানে শোনোনি? এখন যাবে নাকি ওয়াক্ত শেষের পর তোমার সুযোগ হবে? কতটা দায়িত্ব-জ্ঞানহীন।'
আমরীণ দাঁড়াতে পারল না। সে তৎক্ষণাৎ চোখ লাল করে নামাজঘর থেকে বেরিয়ে গেল। অমৃতার পাশে দাঁড়িয়ে পৈশাচিক আনন্দ নিয়ে সবটা দেখল শেফালী। আল্লাহ কত দারুণ এক দৃশ্য দেখানোর সুযোগ করে দিয়েছেন আজ। এত অমায়িক দৃশ্য সে শেষ কবে দেখেছিল?
আমরীণ রুমে এসে দেখল তায়েজিদ এখনো ঘুমিয়ে। লোকটার ঘুমানোর ধরণ পরিপাটি। হাত-পা ছড়ায়নি। আমরীণ কাছাকাছি দাঁড়াল বিছানার, অনিচ্ছা সত্ত্বেও। ডাকল গলা নামিয়ে,
'শুনুন?'
তায়েজিদের ঘুম ভাঙল না ওই কিচিরমিচির শব্দে। দুই রাতের ঘুম কি এত সহজে কাটে? আমরীণ আবারও ডাকল, ধীরে ধীরে তার গলার স্বরও বাড়ল কিছুটা। তায়েজিদ নড়াচড়া করল, তবে পুরোপুরি ঘুম ভাঙেনি। আমরীণ পাশেই এক হাত পাখা পেল। সে হাতে নিয়ে পাখার ডগা দিয়ে তায়েজিদের শক্ত বাহুতে খোঁচা দিল। মুহূর্তেই তায়েজিদ সেই খোঁচা খেয়ে উঠে গেল। ঘুমের তালেই সেটার মাথা ধরে উঠে বসল। আমরীণ ভড়কে গেল তায়েজিদের আক্রমণাত্মক রূপ দেখে। তায়েজিদ ভালো করে তাকিয়ে বুঝল, সে তার ঘরে। ঝারবাতিটা জ্বলছে। সেই আলোয় স্পষ্ট দেখল নামাজের হিজাবে আড়াল করা মানুষটাকে। পরপর দেখল ভয়ার্ত চোখ জোড়া। তায়েজিদ নিজেকে সময় দিল।
'এভাবে কেউ ডাকে? কী হয়েছে?'
আমরীণ চোখ ফিরিয়ে নিয়ে বলল,
'ফজরের আযান দিয়েছে মিনিট পাঁচেক হলো৷ মসজিদে যাবেন না?'
তায়েজিদের টনক নড়ল। সে কোনোমতে পরনের ফতুয়াটা বদলে পাঞ্জাবি গায়ে জড়াল। টুপিটা নিয়েই মসজিদের জন্য ছুটল। ওযু মসজিদেই সেরে নিবে।
আমরীণ তায়েজিদের প্রয়োজনের জন্য দাঁড়ায়নি। সে আগেই চলে এসেছে। এসে দেখে কোহিনূর ইতিমধ্যেই নামাজ শুরু করে দিয়েছে। আমরীণ একপাশে দাঁড়িয়ে নিজের নামাজ পড়ল। সময় নিয়ে জায়নামাজেই বসে পড়ল। সবার আড়ালে চোখের পানি ফেলল, সেই অশ্রু শুধুমাত্র একমাত্র আল্লাহই দেখবেন, আর কেউ না। উনি কখনোই তার বান্দাকে বিচার করেন না, যতটা বিচার ওনারই সৃষ্টি করে বেড়ায়।
নামাজ ধীরে-সুস্থে শেষ করে আমরীণ ভেবেছিল রুমে গিয়ে শুবে। কিন্তু তখনই নামাজঘরে কোহিনূর এলেন। চোখ জোড়া প্রতিবারের মতোই তীক্ষ্ণ। কোহিনূর তার আসনে বসলেন। আপাতত এখানে কেউই নেই। আমরীণ উঠতে চেয়েও পারল না। কোহিনূর কাট কাট গলায় বললেন,
'কুরআন নিয়ে এসো।'
আমরীণ তাই করল। খুবই যত্নের সাথে কুরআনকে খুলল সে। কোহিনূর এবার জিজ্ঞেস করলেন,
'কয়বার খতম করেছ?'
'জি, অনেকবার।'
'সূরা আর-রহমানের তিলওয়াত করে শোনাও তো।'
আমরীণ শোনাল। কোহিনূর আরও কিছু প্রশ্ন করলেন তাকে। আমরীণ সবগুলোই ঠিকঠাক জবা দিল। কোহিনূর বুঝলেন, মেয়ের ধর্ম-জ্ঞান আছে। তবুও তিনি আরও বহু প্রশ্ন করলেন ধর্ম বিষয়ক। কয়েকটা ভুল উত্তর দিলে কোহিনূর কড়া কথা শোনালেন, এরপর সঠিকটা শুধরে দেন। এবারও আমরীণের শাস্তি হলো। সে এখন রান্নাঘরে গিয়ে একা এই সরোয়ার পরিবারের জন্য রুটি বেলবে। ঠিক সাতটার আগেই। আমরীণ হতবাক। এখন প্রায় ছয়টা ছুঁইছুঁই। তাদের অভাবের, অত্যা চারের সংসার হলেও মা তাকে কাজ-বাজ থেকে দূরেই রেখেছে। মা অসুস্থ না হলে সে কখনোই খুব আহামরি কাজ করে না। আর যতটুকুই করেছে, এখানে তো তার তিনগুণ। সে এত রুটি একসাথে এত কম সময়ে কীভাবে বানাবে?
আমরীণ বাঁধ সাধতে চাইল। নিজের অবস্থা বোঝাতে চাইল, কিন্তু তার আগেই কোহিনূর তাকে থামিয়ে দেয়।
'আমার আদেশই এই বাড়িতে শেষ কথা। তুমি আমার সাথে তর্ক করার চেষ্টা করছ? এই বেয়াদব জন্ম দিয়েছে তোমার মা?'
ব্যাস! মায়ের দেওয়া শিক্ষাতে এত বিদঘুটে আঙুল ওঠায় আমরীণ টু-শব্দও করতে পারল না। টলমল পায়ে, অপ মানে নীল হয়ে যাওয়া চেহারা নিয়ে সে নিচে চলে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিড়বিড় করল,
'আমার মা আমাকে যতটা শিক্ষা দিয়েছেন, তার এক ভাগ শিক্ষাও আপনি পাননি! আমার মা আমাকে অহংকার করতে শেখায়নি, কিন্তু আপনি প্রতিনিয়ত করে যাচ্ছেন তা। অথচ ধর্মের প্রথম শিক্ষাই অহংকার পতনের মূল।'
আমরীণের শরীর জ্বলছে। তার ইচ্ছে করছিল এই কথাগুলো কোহিনূরের মুখে ঠুসে দেওয়ার। কিন্তু আবারও কোন কথা দ্বারা তার দূর্বল জায়গায় আঘা ত করে বসবে, বলা তো যায় না? এজন্য সে চুপ থাকাকেই শ্রেয় মনে করল। সবে বিয়ের দ্বিতীয় দিন, এতেই কোহিনূরের আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে আসছে।
আমরীণ বহু কষ্টে তেরোটা রুটিই বেলতে পারল। আরও প্রায় বারোটার মতো রুটি বেলতে হবে, ওদিকে সময় শেষের পথে। লায়লা তার ম্যাডামের সাথে হওয়া অবিচার দেখতে পারছে না। সে বারবার বলছে,
'আপনে আমারে দেন ম্যাডাম। আমি কইরা দিতেছি। কেউ জানব না, আমি চুপিচুপি কইরা দিমু।'
আমরীণ কথা শুনল না। নির্ঘুম রাত আর এত এত অপ মানে সে নির্জীব হয়ে আছে। মেজাজ চড়ে আছে মাথায়। চলন-ধরণ যান্ত্রিক। এমন সময়ই সাথী এলো। আজকে তাকে সুস্থ দেখা যাচ্ছে। নতুন বউকে ওভাবে রুটি বেলতে দেখে এগিয়ে এলো। প্রশ্ন ছুঁড়ল,
'নতুন বউ এখানে কি করছে?'
আমরীণ মাথা তুলে তাকাল না, সে সময় নেই। আগ বাড়িয়েই লায়লাই বলল,
'বেগমসাহেবা কইছে.. সময়ও শেষ। এহনো দশটার মতন রুটি।'
সাথী ভালো করে দেখল আমরীণের ঘর্মাক্ত মুখটা। নাহ, মেয়েটা বেশ সুন্দরী। সে কথা না বাড়িয়ে আমরীণের হাত থেকে বেলুনিটা কেড়ে নিল। আমরীণ অবাক হয়ে তাকাল। সাথী তা অবজ্ঞা করে বলল,
'দেখি, উঠো। তোমার পিড়িটা দাও। বসব।'
আমরীণ বাঁধ সাধল। এই কাজ তো তাকে দেওয়া হয়েছে। সাথী এসব আর শুনলে তো? আমরীণ উঠে দাঁড়াতেই সে বসে পড়ল। আশেপাশের কাউকেই খুব একটা পাত্তা দিচ্ছে না। আমরীণের যেখানে একটা রুটি বেলতে সময় লাগে, সেই একই সময়ে সাথী দুইটা সেরে আরেকটা ধরে ফেলছে। তার হাতের নিখুঁত কাজ দেখে আমরীণ থমকাল। একেই বুঝি বলে, পাক্কা সংসারী? তার হাতের কাজ দেখেই বোঝা যাচ্ছে একসময় এই বড় রান্নাঘরটা ওনার আয়ত্ত্বে ছিল।
সাথী খুব দ্রুত কাজ করে তৃপ্তির হাসি দিয়ে আমরীণের দিকে তাকাল।
'পাগলরা কাউকে তোয়াক্কা করে না, বুঝলে নতুন বউ?'
আমরীণ ফ্যালফ্যাল করে তাকাল। সাথী কড়া গলায় বাকি রুটিগুলো ভাহার নির্দেশ দিল। এরপর উঠে দাঁড়াল। একদম আমরীণের মুখোমুখি।
'তোমার নাম শোনা হয়নি।'
আমরীণ নিজের চমক আড়াল করে বলল,
'আমরীণ বিন্তি।'
'আমরীণ? বেশ সুন্দর নাম। যেকোনো প্রয়োজনে আমায় ডাকবে কেমন? পাগল হতে পারি, কিন্তু কাউকে হতাশ করিনি। বুঝতেই পারছ?'
আমরীণ না বুঝলেও মাথা নাড়ায়, অর্থাৎ সে আসবে। তখনই মুন ছুটে এলো আমরীণের কাছে। মুন সাথীকে দেখেও খুশি হলো।
'বড় আম্মু, ঘুম ভেঙেছে?'
সাথী আদর করল মুনকে। নাক টেনে দিল। আমরীণ বুঝল, মুন সাথীকেও বেশ পছন্দ করে। আবির যে তারই সন্তান, এতে সন্দেহ নেই।
কোহিনূর সাথীর কান্ড শুনেছেন রান্নাঘরের। তবে কিছু বলেননি। সাথীও তাকে অদেখা করে চলেছে। কোহিনূর আমরীণকে আর কিছু বলার সুযোগ পেল না। এতক্ষণে তোফায়েল আর তায়েজিদ এসে হাজির হয়েছে। তাদের নাস্তা আগে দেয়া জরুরি।
আমরীণের মাথা ব্যথা করছে। এমনিতেই রাতটা কেঁদে কাটিয়েছে, তার ওপর কোহিনূরের এত কাহিনী আর পরিশ্রম। শরীর ছেড়ে দিতে চাচ্ছে, কিন্তু মুনের মিষ্টি মুখ দেখলেই বুকের ভারটা কমে যাচ্ছে। সে শ্বশুর এবং স্বামীকে রুটি তুলে দিল। পছন্দসই তরকারি দিবে কিনা তাও জিজ্ঞেস করল।
তায়েজিদ আড়চোখে আমরীণকে দেখল। মেয়েটাকে বিধ্বস্ত দেখাচ্ছে। নীলারো কি শুরুতে সবকিছু সামলাতে হিমশিম খেতে হচ্ছিল?
তায়েজিদ হঠাৎ আদেশ ছুঁড়ল আমরীণের উদ্দেশে,
'নাস্তা সেরে ঘরে গিয়ে বিশ্রাম নিবে।'
কোহিনূর গরম চোখে তাকালেন।
'বাড়ির বউদের বিশ্রাম?'
তায়েজিদ মায়ের দিকে তাকাল।
'বাড়ির বউরা যদি বিশ্রাম করতে না পারে তাহলে এতগুলা কর্মচারী রেখে কি হচ্ছে? খামাখা মাস গেলে কতশত খরচা হচ্ছে। যদি মাসশেষে হিসাব দিতে না পারেন, তাহলে বলুন.. ছাটাই করি সবকটাকে? বাড়ির বউরাই কাজ করে খাক, কি বলেন?'
কোহিনূরের মুখে ঝামটা পড়ল। তায়েজিদ তা তোয়াক্কা করল না। গলা উঁচিয়ে ডাকল লায়লাকে। লায়লা চোখের পলকেই হাজির।
'আজ যেন তোর ম্যাডাম মুনকে নিয়ে ঘরে বিশ্রাম নেয়। যদি কেউ তাকে কাজ করতে ডাকে, সোজা আমাকে কল করবি ল্যান্ডলাইন থেকে। বোঝা গেল?'
'জে, ভাইজান।'
কোহিনূর হতভম্ভ। এ কোন ছেলেকে দেখছে সে? যার কখনো অন্দরমল নিয়ে বিন্দুমাত্র আগ্রহ ছিল না, সে আজ তার মুখের ওপর কথা বলছে? তার চাওয়াকে এড়িয়ে যাচ্ছে? আমরীণ এসেছে এখনো দুদিনও হয়নি। এখনই এত দরদ?
______________
®লাবিবা ওয়াহিদ
#চলবে~~
বিঃদ্রঃ যারা পড়ছেন তারা গল্পতে সাড়া দিবেন। কেমন লেগেছে জানাবেন। রিচেক দেইনি।