#শৈলবালা
১৩_ (প্রথমাংশ)
লাবিবা ওয়াহিদ
-
তোফায়েল সরোয়ারের ছোট ভাই রেজাউল সরোয়ার। তিনি পরিবারসমেত শহর থেকে এসেছেন ঘণ্টা তিনেক খানেক হলো। ওনার পরিবার আসার পর থেকেই খাবারের উপরেই আছে। কখনো শরবত, কখনো শুকনো খাবার, দুপুরের খাবার, ফলমূল, পিঠে কিছুই বাকি নেই। যেন এই কয়েক ঘণ্টার মধ্যেই ওজন বাড়িয়ে দিচ্ছে একেকজনের। রেজাউল সরোয়ারের পরিবারে দুই ছেলে আর এক মেয়ে। মেয়ের নাম তোহা। সে বড়ই চিন্তিত নিজের স্বাস্থ্য নিয়ে। সে আঠারো বছর বয়সী বেশ গুলুমুলু একজন মেয়ে। খেতে খুবই ভালোবাসত। কিন্তু ইদানীং তার সেই ভালোবাসাটা নেই। সে স্বাস্থ্য সচেতন হয়েছে। রোজ ব্যায়ামের পাশাপাশি খাবারও কমিয়ে দিয়েছে। কিন্তু এখানে এসে মনে হচ্ছে এতশত সতর্কতা এই কয়েক ঘণ্টাতেই ভঙ্গুর। এজন্যই সে গ্রামে আসতে চায় না। আসলেই সবাই কেমন গাল টিপে টিপে খাওয়ায়।
তুষারকে খুঁজছে নাহিদ। নাহিদ রেজাউল সরোয়ারের বড় ছেলে। বয়স পঁচিশের কোঠায়। বোনকে সোফায় একাকী বসে থাকতে দেখে নাহিদ হেসে বলল,
'কিরে মুটকি!'
নাহিদের গলা শুনে তোহার কাঁদো কাঁদো অবস্থা। নিজের ভাই এভাবে ডাকে তো সে বাইরের মানুষকে কি জবাব দিবে? সমস্যা তো তার ঘর থেকেই।
'ভাইয়া, তোমাকে বারণ করেছি আমাকে এভাবে না ডাকতে।'
'তো একা বসে কেন? মা কোথায়?'
'ভাবীকে দেখতে গেছে।'
'তুই যাসনি?'
'গেলাম তো। আবার আমাকে ডেকে এনে এসব পিঠাপুলি খাওয়াল।'
নাহিদ হো হো করে হাসল। এতে তোহার মুখ আরও থমথমে। মা সামনে থাকলে নাহিদ এত সাহস পেত না। নাহিদ হাসি বজায় রেখে বলল,
'আমাদের নতুন ভাবী দেখতে কেমন? সুন্দর তো? আগের ভাবী তো চাঁদের মতো ছিল।'
'ভাইয়া! তোমার এই স্বভাবের জন্যই এখানে তোমার ইমেজ খারাপ। কতবার বলে দিয়েছে তোমাকে ঠিক হতে? ভুলে যাও কেন শহর আর গ্রাম এক না।'
ছোট বোনের এসব জ্ঞান নাহিদের ভালো লাগল না। মন্ত্রীর ছেলে সে। যা খুশি করে বেড়াবে সে। সেখানে কারো কথা সে শুনতে যাবে কেন? ধমকাল সে বোনকে,
'যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে।'
তোহা কিছুটা দমে গেল। বড় ভাইকে সে ভয় পায়, এজন্য প্রায়ই তাকে এড়িয়ে চলা হয়। মিনমিন করে বলল,
'অনেক সুন্দর।'
এমন সময়ই তাদের মা শাবানা এলেন। শক্ত চোখে তাকালেন ছেলের দিকে।
'আবারও বোনকে ধমকাচ্ছ?'
'কই না তো। কিরে পিচ্চি? তোকে ধমকিয়েছি?'
তোহা মাথা নাড়ায়, অর্থাৎ না। শাবানা ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন,
'তোমাকে আবারও সাবধান করছি। উলটো পালটা কিছু যাতে না দেখি। তোমার বাবাকে ভালো করেই চেনো, প্রতিবার আমি তোমাকে বাঁচাতে পারব না।'
এমন সময়ে রানির মতো করে কোহিনূর এলেন। তাকিয়ে দেখলেন তিনি শাবানাকে। শাবানা কিছুটা অপ্রস্তুত হয়। এই ঘটনার সুযোগ নিয়েই নাহিদ তার হাত ফসকে পালায়। কোহিনূর তোহাকে আদর করে ডেকে বললেন,
'ভেতরে গিয়ে বিশ্রাম নাও। আর নয়তো ঘুরে আসো দোলনদের সাথে?'
'উহু, এখানেই ভালো লাগছে।'
কোহিনূর আড়চোখে তাকায় শাবানার দিকে। এই দুই জায়ের মধ্যে এক অদৃশ্য দেয়াল আছে। সাথে প্রতিযোগিতাও। শাবানা বরাবরই প্রচন্ড শিক্ষিত। সেই সবচেয়ে শিক্ষিত বউ এই সরোয়ার নিকেতনে। এজন্য বরাবরই কোহিনূরের শাশুড়ি কোহিনূরকেই বেশি ভালোবাসতেন। শাবানার মুখ লাগতেন না। তিনি মনে করতেন শিক্ষিত মানুষদের মনে শয় তানি বেশি। ধীরে ধীরে কোহিনূরেরও তিনি ব্রেইনওয়াশ করে দিয়েছিলেন। সেই থেকেই দুজনের মাঝে এই দূরত্ব, ভিন্ন মানসিকতার। অথচ রেজাউল সরোয়ারের স্ত্রী বরাবরই বেশ শান্ত-ভদ্র। প্যাচ-ঝামেলা পছন্দ করেন না। তিনি ভদ্রতার সহিত কোহিনূরের সাথে কুশল বিনিময় করলেও এবারও তাদের মাঝে বিশেষ পরিবর্তন আসেনি।
—
বিকালের নরম রোদ পড়েছে উঠোনে। বহুদিন পর দুই ভাই একসাথে বসেছে উঠোনের বিছানো চেয়ারে। সাথে গরম দুই কাপ চা এবং বাখরখানি। তোফায়েল সাহেব পুরান ঢাকার বাখরখানি খুব পছন্দ করেন। এজন্যই রেজাউল সরোয়ার ভাইয়ের কথা মাথায় রেখেই অনেকগুলো এনেছেন। ভদ্রলোক বড় ভাইকে অন্ধের মতো ভালোবাসেন, মান্য করেন। জীবনে যাই করেন না কেন, সব ওনার বড় ভাইয়ের সাথে পরামর্শ করাটা বাধ্যতামূলক। তোফায়েল সাহেবও ভাইকে বড্ড চোখে হারান।
দুই ভাই রাজনৈতিক আলাপে ব্যস্ত। একজন আইনমন্ত্রী, যে কিনা আইন সর্বদা মানেন কিনা তা নিয়ে সন্দেহ.. আরেকজন বংশের পরম্পরায় বুক ফুলিয়ে এখনো পারুঘাটে একাকী রাজ করে বেড়াচ্ছে। মূলত দুই ভাইয়ের মিলনেই এখনো তোফায়েল সাহেব শক্তপোক্ত আসনে আছেন। আইন একদম হাতের মুঠোয় এনে। তিনি পুলিশ একদমই পছন্দ করতেন না। ব্যাটারা কাজের চাইতে ঘুষ খেতেই পারদর্শী বেশি। এজন্য বিচার নিজের হাতেই রাখলেন, এই গ্রামের ত্রি-সীমানাতেও পুলিশের থানা আসতে দিলেন না।
তোফায়েল সাহেব চা খেতে খেতে গ্রামের সম্পর্কে বলছেন আর রেজাউল সরোয়ার দেশের বিষয়ে। গ্রামে ডাকাতির উৎপত্তি, সে নিয়েই ইদানীং বেশ চিন্তিত। আর রেজাউল সরোয়ার নিজের কাহিনী শোনাচ্ছেন। সেদিনও একটা ধ@র্ষ ণের কেইস এলো। পত্রিকায় এই সম্পর্কে এত বেশি বলা হয়েছে যে ধ র্ষ ককে শাস্তি দিতেই হতো। সেই শুনানি আগামী রবিবার। তোফায়েল সাহেব এ কথা শুনে আফসোস করলেন। বললেন,
'ধ র্ষকটাকে আমার হাতে হস্তান্তর করতে। গ্রামের সবার সামনে ওটার বিচার করতাম। এমন বিচার যে অন্যরা এসব ভাবার আগেও ভয়ে কাঁপবে।'
রেজাউল সাহেব হেসে বললেন,
'তা তো জানি ভাইজান। আপনি এসব বিচারে কত দক্ষ।'
—
সকাল থেকে কেউই আমরীণকে একা ছাড়ছে না। তায়েজিদের আদেশ। যদি কেউ তার আদেশের বিরুদ্ধে যায়, তবে সে নিজেই এদের হেস্তনেস্ত করবে। এজন্যই ভয়ে মেয়েরা ফজর থেকেই আমরীণের কাছে৷ তার সাথে কথা বলছে, খেয়াল রাখছে। হাঁটাচলায় সাহায্য করছে লায়লা। কয়েক ঘণ্টা তারা আমরীণের সাথে থেকে মোটামুটি টের পেল, সে খুবই নির্ভেজাল মানুষ। তাকে দিয়ে অন্তত মুনের ক্ষতির আশা করা যায় না। বরঞ্চ আমরীণ মুনসহ বাকি বাচ্চাদের সাথেও বেশ অমায়িক।
মুন তো আজ আমরীণের কোলে কোলেই থাকছে। তার বাবা বলে গেছে তাকে, বাড়িতে অনেক মানুষ। সে যেন আমরীণের সাথেই থাকে। নয়তো বাবা কষ্ট পাবে। বাবাকে সে কষ্ট দিতে পারে না কখনো। তাই খুশি মনেই আমরীণ আন্টির কোলে বসা সে। সে সবার মাঝে দিব্যি ভুলেই গেছে, বাবা আমরীণকে মা ডাকতে বলেছিল।
আমরীণের আন্তরিকতা, আর চুপচাপ স্বভাবের জন্য তোহা ইতিমধ্যেই তার ভক্ত হয়ে গিয়েছে। বাকিরাও আমরীণের প্রতি বেশ ইতিবাচক। ইতিবাচক ধারণার অন্যতম কারণ সাথী। সাথী আজ ভোরে সুন্দর মতো উঠেছে। এখনো আমরীণের আশেপাশেই আছে। আমরীণ কেন যেন এই মানুষটাকে খুব ভরসা করে সে। মায়া কাজ করে। অথচ এই মানুষটা নিজেকে রহস্যের চাদরে জড়িয়ে রেখেছে। কেন তাকে সবাই পাগল বলে, আর কেনই বা সে ঘরবন্দী থাকে কে জানে?
বেলা বারোটা থেকেই আমরীণকে বউভাতের জন্য সাজানো শুরু হয়। আজও সে লালই পরেছে। তবে শাড়ি নয়, লেহেঙ্গা। রেজাউল সাহেব ইন্ডিয়া থেকে আনিয়ে দিয়েছে। ওনার সাথেই এই ভারী লেহেঙ্গাটা গতকাল এসেছে। আয়োজনে তোফায়েল সরোয়ার কোনো কমতি রাখেননি।
আজ জুম্মার দিন যেহেতু, তাই ছেলেরা দ্রুত গোসল সেরে পবিত্র হয়ে সব ছুটেছে নামাজের জন্য। নামাজ শেষ করে আবার দ্রুত ফেরারও আদেশ দিয়েছেন তোফায়েল সাহেব। তায়েজিদ প্রতিবারের মতো আজও মেয়ের জন্য জিলাপি আনতে ভুলেনি।
মুন তার নতুন লাল জামা পরে এখনো দরজার আশেপাশে ঘুরঘুর করছে। তার এই ঘুরঘুরের কারণ জানে সবাই। লায়লা, চমকি, বিউটি ওরা সবাই মুনকে কত করে বলল একটু পর সে অনেক ভালো ভালো খাবার খেতে পারবে, কিন্তু তার ওই বাবার হাতের জিলাপিই চাই। তার জেদের সাথে কেউ পারলও না। তার জিলাপি চাই মানে চাই! নয়তো সে এখানে গড়াগড়ি করে কাঁদবে, জামা নষ্ট করবে। এই ভয়েই কেউ তাকে আর কিছু বলছে না। কোহিনূর তাই কিছুটা দূরে দাঁড়িয়ে নাতনির ওপর নজর রাখলেন। বাড়িতে অনেক মানুষজন। বাচ্চাদের ওপর বেশি করে নজর রাখাটাই স্বাভাবিক। আর মুন যা চঞ্চল, তাকে চোখে চোখে না রাখলে আবার সমস্যা।
ইতিমধ্যেই আমরীণের গতকালকের জন্য সুযোগে তায়েজিদ তাকে কথা শুনিয়েছে। এই ছেলেটাকে আজীবন এত লাই দিয়ে নিজেই এখন ভুগছেন। ইদানীং ছেলের বউয়ের প্রতি এত যত্ন বেড়েছে যা গা জ্বালিয়ে দেয় ওনার। পুরুষ মানুষ থাকবে শক্ত, সোজা। সে কেন মেয়েলি ব্যাপারে নাক গলাবে? তাও কিনা মায়ের সাথে? কোহিনূরের চোখে ভেসে ওঠে ওনার সাধের আসনে তায়েজিদের আগুন ধরিয়ে দেওয়ার কথা। ওটা ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয় ওনার। সেই থেকে একপ্রকার আতঙ্কেই থাকছেন তিনি।
তায়েজিদ ফিরে এলো দুটো নাগাদ। দরজাতেই মুন বাবাকে দেখে কোলে উঠে গেল। খুশি এবং আশায় মেয়েটার মুখ চকচক করছে। তায়েজিদ তার পরীর মতো মেয়েকে সাজুগুজু করতে দেখে হাসল, চুমু দিল মেয়ের গালে। মুন সব ভুলে খুঁজছে কিছু।
'জিলাপি, জিলাপি? বাবা জিলাপি খাব।'
তায়েজিদ মুচকি হেসে বলল,
'তা নাহয় খাবে, তবে এক শর্তে।'
মুন ফ্যালফ্যাল চোখে বাবার দিকে তাকিয়ে। সে তো খেতে উদগ্রীব। তায়েজিদ ইশারায় লায়লাকে ডাকল।
'লায়লা আন্টি খাইয়ে দিবে তোমায়। একটুও মিষ্টি মাখাবে না গায়ে। ঠিক আছে?'
মুন ঘাড় কাত করল। জিলাপির জন্য এখন সে সব করতে পারবে। লায়লাকে মুনের সাথে দিয়ে তায়েজিদ নিজের ঘরে যেতে চাইল। কিন্তু পথিমধ্যেই দোলন ওকে থামিয়ে দিল,
'এখনো বউ সাজানো হচ্ছে। ঘরে যাওয়া নিষেধ!'
তায়েজিদের ভ্রু কুঁচকে গেল। এরা গোসলের সময়ও ঘরে ঢুকতে দেয়নি। মুনের রুমেই বেচারাকে তৈরি হতে হয়েছে। সে নিজের বাথরুম ছাড়া অন্য কারো বাথরুম ব্যবহারে অভ্যস্ত না। সেখানে নিজের মেয়েরটা ব্যবহার করা তো আরও অস্বস্তির। তবুও মানুষ ঠ্যালা খেলে কতকিছুই তো করতে হয়।
বাপ্পী ততক্ষণে তার পিছে এসে দাঁড়িয়েছে। হাতে তার শেরওয়ানি।
'বস। আপনার মেয়ের ঘরেই তৈরি হয়ে যান। আমি আগেভাগেই আপনার প্রয়োজনের জিনিসপত্র সরিয়ে দিয়েছি।'
তায়েজিদ শেরওয়ানির প্যাকেট এখনই খুলতে চাইল। সাদা না হলে খবর আছে এমন লুক তার। সাদার বদলে অন্য রং হলেও মানা যায়। কিন্তু যদি দেখে লাল বা হলুদ রং, তবে এখান থেকেই সে নিচে ছুঁড়ে ফেলে দিবে। বউভাত গোল্লায় গেলে যাক।
বাপ্পী তায়েজিদের আদেশমতো ব্যাগটা খুলে দেখালো। সাদার মধ্যেই শেরওয়ানি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, কেউ তাহলে ভুল রং আনেনি তার জন্য। শওকত তার পাশেই দাঁড়ানো।
'রিফাত কোথায়?'
'আপনার বাবা কাজে লাগিয়ে দিয়েছে বস। আমিও যাচ্ছি।'
তায়েজিদ মাথা নাড়ে, তাকায় বাপ্পীর দিকে। শওকত চলে যেতেই বাপ্পী বসের পিছু নিল। এখন তার কাজ হচ্ছে তার বসকে পুরোপুরি তৈরি করে দেওয়া।
তৈরি হয়েও শান্তি নেই। মিনিট বিশেকের মাথাতেই মুন এসে তায়েজিদের হাত টানছে। সে তায়েজিদের সাথে গিয়ে আমরীণকে দেখবে। মেয়েকে কখনোই 'না' বলে না তায়েজিদ। এজন্য বিনাবাক্যেই মেয়েকে সাথে নিয়ে গেল। এবারে কেউ বাঁধা দিল না। জানাল আমরীণ তৈরি। সকলের ঠোঁটে মিটিমিটি হাসি।
'বাবা দেখো, আন্টি। আমরীণ আন্টি, বউ বউ। সুন্দর।'
তায়েজিদ মেয়ের কথায় তাকাল আমরীণের দিকে। আটকাল তার নজর। বউভাত উপলক্ষ্যে আমরীণের এই সাজ নজর কাড়ার মতোই। সে কেমন থম মে রে রইল। এই নজর খুব টের পেল আমরীণ। আড়চোখে দেখতে চাইল, মুনকেই শুধু দেখতে পেয়েছে। দেখতে পেলে হয়তো বুঝত তার হতভম্ভ দৃষ্টি। তায়েজিদ হালকা করে কাশল। মুন টেনে নিয়ে গেল আমরীণের কাছে। বাবাকে দাঁড় করিয়ে সে একদম কোলে উঠে বসেছে।
তায়েজিদের চাচাতো, খালাতো বোনেরা এ নিয়ে মজা নিতে গিয়েও পারেনি। তায়েজিদের কড়া নজরের তোপে পড়ে মুখে কুলূপ এঁটেছে। সাথী এই নজরকে তোয়াক্কা না করে বলল,
'বউকে সুন্দর লাগছে বললে পুরুষত্ব চলে যায় না। তোমার মরহুম ভাই তো কখনো কিপ্টেমি করেনি। তুমি করছ কেন?'
তায়েজিদ সময় নিল। এদিক সেদিক তাকাল। আমরীণ পাথরের মতো বসা, অনুভূতিশূন্য। এমন সময় তায়েজিদের গলা শোনা গেল,
'সু..সুন্দর, লা..লাগছে।'
আমরীণ জানে না কেন, তার গায়ে শিহরণ বয়ে গেল। সে দ্রুত চোখ নামিয়ে ফেলল। কেমন যেন লাগছে তার। কেউ একজন বুঝি তখনই বলল,
'কার বউ দেখতে হবে না?'
তায়েজিদ ছুঁতো খুঁজল,
'ডা..ডাকছে আমাকে। আমি যাই। মুন, মায়ের কাছে থাকবে।'
'মা' কথাটা কেউ খেয়ালই করল না। কিন্তু আমরীণের কানে সেটা জোরে ধাক্কা খেল। তায়েজিদ বাহানা দিয়ে পালিয়েছে। এ নিয়ে সকলের মাঝে হাসির রোল পড়েছে। আমরীণ দেখল লোকটার চলে যাওয়া। এভাবে পালানোর কি আছে? আজব!
__________
#চলবে~~
বিঃদ্রঃ রিচেক দেইনি। কেমন লেগেছে জানাবেন।
পর্ব 13.1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 13.1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান