ফন্ট সাইজ:
থিম:
শৈলবালা

পর্ব13.2

লেখক: লাবিবা ওয়াহিদ

#শৈলবালা
১৩(শেষাংশ)_
লাবিবা ওয়াহিদ

-
মেহমান ধীরে ধীরে আসতে শুরু করেছে। খাবারে বিরাট আয়োজন হয়েছে। তাদের আগ্রজ বিয়েতে নয়, খাওয়া-দাওয়াতে। গ্রামের অধিকাংশ মানুষ এসেছে। তাদের খাবার পরিবেশন করছে সরোয়ার বাড়ির সব কর্মচারী। শুধু ব্যতিক্রম দেখা দিয়েছে নামীরের ক্ষেত্রে। সে আজ কর্মচারী হিসেবে নয়, বরং পরিবার নিয়ে তায়েজিদের শালা হিসেবে এসেছে। অনেকের কাছে দৃষ্টিকটু লাগতে পারে, তবে সে এখনো তায়েজিদের অধীনে কাজ করে যাচ্ছে। অবশ্য, সুযোগ বুঝে সে চাকরি ছেড়ে দিবে। কিন্তু এখন কোনোমতেই সম্ভব না। তার বাবা আজীবনের জুয়াখোর। তার হাতে পরিবারের দায়িত্ব তুলে দেওয়ার মতো বোকা সে নয়। সে জানে আমরীণ তার উপর অভিমান করে আছে। তার এটাও বিশ্বাস একদিন আমরীণের রাগ গলে যাবে, সে বুঝতে পারবে তার ভাই তার খারাপ চায়নি। হ্যাঁ, হয়তো ভাইয়ের ভালোবাসা দেখানোর সুযোগ পায়নি সে। তাই বলে এই নয় সে আমরীণকে অদেখা করত।

তাদের অভাবের সংসারে আড়ালে থেকেই বোনকে কতকিছু উপহার দিয়েছে সে। কখনো কারো গায়ে নতুন নীল শাড়ি দেখে যখন আমরীণ আফসোস করত, কিংবা এক মুঠো ঝালমুড়ি, চুড়ি, ফুচকার জন্য যখন তার বুক খামচে ধরত। তখন নামীরই আড়ালে থেকে বোনকে দেখেছে। ওসব তাদের মা ঠিকই জানে, ঠিকই টের পায়। কিন্তু আজও নামীর কোনো এক কারণে তার মায়ের কাছ ঘেঁষে না। তাই হয়তো মায়ের সাথে বাবা দিনের পর দিন অন্যায় করা সত্ত্বেও সে ওভাবে খেয়াল করেনি। অদেখা করতে পারেনি শুধু বোনটাকেই। কিসের যে এত টান!

আমরীণ বড় বৈঠকঘরের মধ্যমণি হয়ে বসা। তাকে ঘিরে গিজগিজ করছে বিভিন্ন মেয়ে-মহিলারা। সরোয়ার বিবিকে দেখার অনুমতি বাইরের পুরুষদের নেই। তাই ভেতরে আসছে শুধু মহিলারাই। কেউ কেউ আগে থেকেই চিনত আমরীণকে। তাকে এভাবে সোনায় মুড়িয়ে থাকতে দেখে একেকজনের বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে! ওমন জুয়াখোর, অত্যা চারী বাপের মেয়ের এমন রাজকপাল হলো কী করে সেটাই মাথায় আসছে না। তাদের ঘরেও তো মেয়ে আছে৷ তাদের মেয়েদের কেন এই সুযোগ হলো না? অনেকেই হিংসা, ঈর্ষায় কানাঘুষা শুরু করেছে। এত মানুষের সামনে আমরীণের বসতে খুবই অস্বস্তি হচ্ছে। কিন্তু নিয়ম-রীতিকে অবজ্ঞা করার সাধ্যি কার? যার রাজ চলে এই গ্রামে তার বউ কেমন, তা দেখবে না মানুষ? স্বভাব অনুযায়ী তাকে বিচারও করবে। যদিও তার মুখোমুখি কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। তবে সে ঢের জানে, বিয়ের আগে কেউ তাকে কিছু বলতে পিছপা হতো না।

ওইযে লোকমান কাকার বউকে দেখতে পাচ্ছে সে, এই মহিলার মুরগী একদিন ভুলবশত তাদের উঠোনে আসায় কী পরিমাণ বেইজ্জতি করেছে! আমরীণ নাকি তাদের মুরগী চুরি করে এনেছে, তার নাকি বহুদিনের কুনজর তার সোনার ডিম পারা মুরগীর ওপর। অথচ এখন? সেই মহিলা ঠিক মতো তার চোখে চোখ রাখতে পারছে না। জবান তো পুরোপুরি বন্ধ। আমরীণের এখন সেই স্পর্ধা আছে, নিজে ধরে এনে এদের মুরগী রান্না করে খাওয়ার। তাকে এখন আর কেউ চোর করে অসম্মান করার সাহসও করতে পারবে না। ক্ষমতা বুঝি একেই বলে?

আমরীণের অশোভন চিন্তা-ভাবনার সমাপ্তি ঘটে এক ফুলের সংস্পর্শে এসে। মুন তার কোলে এসে বসে পড়েছে। হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছে তার গায়ের গয়নাগুলো। আমরীণ কোথাও বুঝি এক চাপা তাচ্ছিল্য শুনতে পেল,
'একটার লগে আরেকটা পাইছে। নির্ঘাত অত্যা চার করব। বাপ কি ভালা যে মাইয়া ভালা অইব?'

আমরীণের মন-মেজাজ হঠাৎ-ই কেমন বিষিয়ে গেল। চোখ তুলে তাকাল সে ওই অবস্থাতেই। মুন তখনো তার গয়নার সাথে খেলছে। আমরীণের ওমন তীর্যক নজরের খপ্পরে পড়ে ব্যাঙ্গ করা মহিলা চুপ করে গেল। আমরীণ সবাইকে দেখিয়ে মুনের কপালে চুমু দিল, মুন খিলখিল করে হেসে উঠে। সেই হাসিতে কোনোপ্রকার কৃত্রিমতা নেই। আমরীণ আবারও সেই মহিলার দিকে তাকিয়ে বলল,
'এত বিষধর মন নিয়ে এখানে এসেছেন কেন? ওটা মন নাকি সা প?'

মহিলার চোখ গরম হয়ে গেল। এত বড় অপ মান! সবার সামনে তাকে সাপ বলছে?
'মুখ সামলে কথা বলো।'
'আপনিও মুখ সামলে কথা বলুন! মুন এখন আমার মেয়ে।'

মুন চোখ বড় বড় করে চেয়ে আছে শুধু। সে শুধু চুপটি করে শুনল মুন তার মেয়ে। মুনের মনে পড়ে গেল বাবার কথা, বাবা বলেছে আমরীণ তার মা। সত্যিই কি তার মা?

কোহিনূর দূর থেকে দেখলেন এই দৃশ্য। দৃষ্টি তীক্ষ্ণ, কানে বাজছে আমরীণের বলা কথাটা। আমরীণের এই পরিবর্তন অস্বাভাবিক কিছু না। তিনি জানতেন, আমরীণকে যতটুকু চিনেছেন— বাচ্চাদের প্রতি মেয়েটার টান বেশি। এছাড়া মুনের মতো মেয়েকে যে কেউই মেয়ে হিসেবে চাইবে, ওটুকু গর্ব ওনার আছে। কোহিনূর সব মেনে নিতে পারেন, শুধু তার উপর কেউ গলা উঁচিয়ে বলবে এটাই ওনার পছন্দ না। তিনি খুঁজলেন আশেপাশে সাথী আর অমৃতাকে। দুজনই হয়তো অন্যদিকে ব্যস্ত। পইপই করে বলেছিলেন দুই বউ যাতে আমরীণের আশেপাশে থাকে, কেউ শুনেছে কথা? বিরক্ত হন তিনি।

কোহিনূর হঠাৎ-ই ধীরে-সুস্থে ভীড়ের মধ্যে আসেন। কপট রাগী নজর নিয়ে তাকালেন পরনিন্দা করা মহিলার উপর। কোহিনূরকে দেখে মহিলার রাগ গায়েব। কোহিনূর ধমকের সুরে বললেন,
'আপনার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। আমার বাড়ির বউকে এভাবে বলার আগে পরিণতির কথা চিন্তা করেননি? আমরীণ এখন সরোয়ার বিবি, এর মর্যাদা তো দূরে থাক.. তাকে বাজে কথা বলছ?'

কোহিনূর মুহূর্তেই আপনি থেকে তুমি তে নেমে এসেছে। রাগ যেন ওনার গলা দিয়ে ঝড়ছে। মহিলা ভয় পেয়ে যায় এবার।
'আমার ভুল হয়ে গেছে। ক্ষমা কইরা দেন।'

কোহিনূর আমরীণের দিকে তাকাল। আমরীণ মাথা নাড়ায়, অর্থাৎ সে চায় না কোনো প্রকার ঝামেলা হোক। কোহিনূরও চাইলেন না মাথা ব্যথা বাড়াতে। তিনি গলা উঁচিয়ে লায়লাকে ডাকলেন,
'লায়লা, এটাকে যেভাবে পারো আমার বাড়ি থেকে বের করো।'

লায়লা এসব বিষয়ে খুব চতুর। সে তখনই টেনেটুনে মহিলাকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে বলল,
'কার লগে পাঙ্গা নিছ তা তো জানো না। তায়েজিদ সাবে যদি এসব জানতে পারে তুমার ঘরে আগু ন ধরাই দিব। তহন মাথা গুজবা কই? কব রে?'

মহিলা এবার সত্যি সত্যিই ভয় পেয়ে যায়। আমরা মানুষরা সত্যিই বৈচিত্র‍্য! কাউকে কিছু বলার আগে এটা ভাবি না তার পরিণতি কি হতে পারে। তখন বহু আফসোস, অনুশোচনা করেও নিজের কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। সেই কথার আ ঘা তকে নিরাময়ও করা যায় না। মহিলা কাঁদতে কাঁদতেই বিদায় হলো। অজানা আত ঙ্কে মনে হয় না ঠিক মতো খাওয়া-ঘুম করতে পারবে৷ আত ঙ্ক খুবই ভয়াবহ জিনিস। এর প্রভাব যার ওপর একবার পড়ে সে এটা থেকে সহজে নিস্তার পায় না।

খাওয়া-দাওয়া সেরে ভেতরে আসতেই বকুলের চোখ ভরে উঠল। ওই তো তার মেয়ে বসে আছে। তার একমাত্র মেয়েকে অন্য রকম সুন্দর লাগছে। নূর ঝরছে যেন চিরচেনা মুখ থেকে। মেয়েটার সৌন্দর্য নিয়ে বরাবরই দুশ্চিন্তায় কাটাতেন তিনি। আজ এত বড় বাড়িতে, এভাবে সবার মাঝে মেয়েকে বসে থাকতে দেখে কেমন স্বস্তি অনুভব হচ্ছে। যাক, কেউ তো আছে তার মেয়েকে দেখাশোনা করার জন্য। এছাড়া নামীর বলেছে আমরীণকে সবসময় কাজের লোকেরা ঘিরে থাকে। তাই এখানে একাকিত্বের কোনো সমস্যা হওয়ার কথা না। উনি দূরে দাঁড়িয়েই বদ নজরের দোয়া পড়লেন।

আমরীণ মাকে দেখল, ডাকল ইশারায়। বকুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল, বসল মেয়ের পাশে। মুন বড় বড় চোখে ভদ্রমহিলার দিকে তাকাল। সে তাকে চিনতে পারছে না।

আমরিন মুনকে নিজের সাথে আরও জড়িয়ে নিয়ে বলল,
'মা! ওর নাম মুন।'

বকুল তাকাল ফুলের মত মেয়েটার দিকে। তার বুঝতে বাকি নেই এই বাচ্চাটাই তায়েজিদের মেয়ে। ওনার অদ্ভুত অনুভূতি হওয়ার কথা, যে তার মেয়ের বিয়ে এক সন্তানের বাবার সাথে হয়েছে। কিন্তু বাচ্চাটাকে দেখতেই তার কেমন বুকের উত্তাল স্রোত থেমে শান্ত হয়ে যায়। অপলক চেয়ে রয় সে পুতুলটার দিকে। এ যেন জীবন্ত পুতুল, আমরীণও ছোটবেলায় এমনই ছিল। নিষ্পাপ, মায়াবী চাহনি। দেখলেই ইচ্ছে করে টুক করে আদর দিতে। মুন ফ্যালফ্যাল চোখে তখনো তাকিয়ে। যেন বোঝার চেষ্টা করছে উনি কে?

উনি পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিল। মুন প্রশ্ন করল,
'উনি কে?'
'তাকে তুমি নানু ডাকতে পারো।'
'নানু?' মুন তখনো ভাবছে।

'হুম, নানুভাই। আমার কোলে আসবে?'

মুন আমরীণের দিকে তাকাতেই সে চোখ দিয়ে আশ্বাস দিল। মুহূর্তেই বকুলের কোলে গিয়ে বসল সে। বকুলের চোখ হঠাৎ ভিজে ওঠে। বাচ্চাটার ছোট হাতগুলো দেখে, চোখ দেখে, চুল দেখে, চেহারার প্রতিটি নকশা খুব মনোযোগ দিয়ে দেখে। মুন সেসব খেয়ালই করে না। সে তো আগ্রহী চোখে সবাইকে দেখছে। কিন্তু বাইরের কাউকে কাছ ঘেঁষতে দেখলেই আবার কেমন গুটিয়ে যাচ্ছে। তবে বকুলের সাথে তার এমন কিছুই হলো না। সে এখন আমরীণকে ভালোবাসে, ভরসা করে। সেক্ষেত্রে আমরীণকে খুব মান্য করে সে।

খায়রুল দূরে দাঁড়িয়ে লোভনীয় চোখে তার মেয়েকে দেখছে। পুরুষ মানুষের ভেতরে আসার অনুমতি নেই, তবুও সে পাহারাদারদের সাথে গ্যাঞ্জাম করে ঢুকেছে। সকলকে খুবই উঁচু গলায় বলছে, সে তায়েজিদের শ্বশুর। এ কারণেই পাহারাদাররা বেশি কঠিন হতে পারেনি। চাকরি চলে যাওয়ার ভয় কার না আছে, তার উপর তায়েজিদ যা জিনিস! গাদ্দারি করলে সোজা গুম করে দিবে। চাকরির ভয়ের চাইতেও প্রাণের ভয় বেশি তাদের।

খায়রুল দেখল মেয়ের গায়ের গয়নাগুলোই। গতবার মেয়ের দেওয়া স্বর্ণের চেইন থেকেই তো কত লাভ হলো তার। আজ আরও কয়েকটা হাতে আসলে হয়তো সে চাঁদ হাতে পাবে। স্বর্ণ কেমন চকচক করছে। ভাগ্যিস পোড়ামুখী, অপয়া স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিল। বালিশ চেপে মে রে না ফেলাটাও তার অন্যতম ভালো কাজের একটি। মেয়ে না থাকলে সরোয়ার বাড়ির এসব সুখ সে কোথায় পেত? আজীবন তো ওই কুড়েঘরেই পচে ম র তে হতো।

'কি কাকা, আবার কোন সর্বনাশের কথা চিন্তা করেন?'

খায়রুল চমকে পিছে ফিরে তাকাল। রিফাত দাঁড়িয়ে। বিরক্ত হলেও হাসার চেষ্টা করল,
'কিছু না তো বাবা! এই, মেয়েরে দেখতে আইছিলাম।'

রিফাত জানে এনার মতলবে কালো দাগ আছে। এজন্যই তায়েজিদের কথামতো লোকেদের পাতে রোস্ট তুলে দেওয়ার পাশাপাশি এর আগেপিছেও ঘুরছে, চোখে চোখে রাখছে। এই লোকের মেয়ের প্রতি কখনো এত দরদ বেয়ে বেয়ে পড়েনি আর আজ গলায় এত মধু? ভীষণ খটকা লাগল তার। আমরীণদের দিকে আঙুল তুলে বলল,
'ওখানে যেতে পারবেন না কাকা। সব মহিলাদের আড্ডা ওখানে। আপনি কি চান, এই বয়সে আপনার গায়ে চরিত্রের দাগ লাগুক? মানুষ ছি ছি করবে। পুরুষ মানুষের কিন্তু সম্মান আগে কাকা।'

খায়রুল কিছুটা অপ্রস্তুত হয়, ফিরে তাকায় আবারও মহিলা সমাজের দিকে। দাড়িপাল্লায় নিজের সম্মান আর মেয়ের স্বর্ণ মাপল। সম্মানটাই ভারী হলো বেশি। চিন্তা করল, মেয়েকে একাকী পেলেই ধরবে। এখন এত মানুষের সামনে যাওয়াটা উচিত হবে না। কোহিনূর এমনিতেই যা ক্ষ্যাপা বাঘিনী। খায়রুল নিজের স্ত্রীকে আমরীণের সাথে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, স্ত্রী যেহেতু আছে.. নিশ্চয়ই মেয়ের থেকে কিছু চেয়ে নিবে?

'বেয়াই কই?'
'আসেন আমার সাথে। দেখিয়ে দেই। আমার বসকেও পাবেন। দেখা করেননি তাই না?'

খায়রুলকে বিভিন্ন প্রভোলন দেখিয়ে বের করে আনল। কিন্তু সে বেশিদূর গেল না। পথেই দেখল একটা পরিচিত মুখ। মেয়েটা ঊষা না? ওইতো খেয়ে হাত ধুঁতে যাচ্ছে। রিফাত খায়রুলকে ফেলেই কেটে পড়ল। ঊষা তখন কপালে বিরক্তির ভাজ ফেলে হাত ধুঁচ্ছে। ধোঁয়া শেষ হতেই পিছন থেকে রিফাতে গলা শুনতে পেল,
'বেয়াইন দেখছি খেয়ে উঠে গেছে। তোমাকে আপ্যায়নের সুযোগটাও যে দিলে না।'

ঊষা চমকে পিছে ফিরে তাকাল। চেনা মুখ। সেদিন দেখেছিল মানুষটার নাম মনে না থাকলেও সে জানে এটা তায়েজিদের কর্মচারী। কিসব ডান-বাম হাত বলে বোধ হয়। তার চাইতেও বড় কথা, এই লোক হয়তো ভয়াবহ কেউ। তায়েজিদের কীর্তি কি কম শুনেছে গ্রামে এসে? তবে ওসবে তার এত মাথা ব্যথা নেই। সে বিশ্বাস করে এমন শক্তপোক্ত মানুষ থাকাটা খুব জরুরি। নয়তো জোচ্চর, বদমাইশগুলোকে কেই বা শা স্তি দিবে? আর এরা কাকে ভয় পাবে?

'আমি আপনার বেয়াই হলাম কবে থেকে?'
'আমি ছেলেপক্ষ, তুমি মেয়েপক্ষ। বেয়াই-বেয়াইন হওয়ার জন্য এটুকু পরিচিতিই যথেষ্ট।'
'এসব ফাঁকা যুক্তি আমি মানি না। আমি মেয়েপক্ষ নই। চিনি না অত এই আপুকে।'
'মিথ্যে বলবে না। তোমার নামের পাশাপাশি তোমার লাইফ হিস্টোরি সবই জানা হয়ে গেছে আমার।'

ঊষা বিরক্ত হলো। রিফাতের তার প্রতি এত আগ্রহ, এত উচ্ছ্বাস তার ঠিক হজম হচ্ছে না। সে আশেপাশে রুমকিকে খুঁজল। রুমকিটা গেল কোথায়? বলেছিল তো খাওয়া শেষ করে অপেক্ষা করতে। রিফাত তার এই অনাগ্রহী মনোভাবকে একটুও গুরুত্ব দিল না।
'পান খাবে বেয়াই? আমি বানিয়ে আনি?'
'আপনাকে আমি চিনিই না, আপনার হাত থেকে পান খাব ভাবলেন কী করে?'
'সে কি, নাম জানো না? এ কি কথা?' রিফাতের বিস্ময়ে চোখ বড়। যদিও লোক দেখানো।

সে মোটেও অবাক না, বরং সে তার নাটক চালিয়ে যেতে মজা পাচ্ছে। কোনো মেয়ের বিরক্ত প্রকাশও এত সুন্দর হয়? অথচ আগে বাপ্পীদের সাথে বলত,
'আমার সাথে কোনো মেয়ে রাগ বা তিড়িংবিড়িং করতে আসলে এক্কেবারে তুলে আছাড় দিব। চিনে আমারে?'

কিন্তু তার বাস্তব খুবই ভিন্ন হয়ে ধরা দিয়েছে। ঊষা নামক গম্ভীর মেয়েটাকে তার ভালো লাগছে। সে আগ বাড়িয়েই বলল,
'আমার নাম রিফাত। ওয়ান এন্ড অনলি রিফাত। তোমার জীবনে আমিই প্রথম এবং শেষ রিফাত। মনে থাকবে?'
'জি না। রিফাত নামের একজনের সাথে আমার বিয়ে ঠিক।'
'ওহ তাই? আমার বাবা-মা প্রস্তাব নিয়ে গেছে? আশ্চর্য! আমার পছন্দ জানল কেমন করে? আমার জন্যই বুঝি এত সুন্দর করে সেজেগুজে এসেছ?'

জীবনে প্রথমবারের মতো কারো সাথে না পারার দুঃখে ঊষার কান্না পেল। সে ঝগড়া করে জিততে না পারলে নিজেকে খুবই অভাগী মনে করে। অন্যান্য সময় কারো সাথে বাজে কথা বললে তার জিভের ঝাঁঝে কেউ লাগলে আসত না বা তাকে চুপ করিয়ে দেওয়া হতো। আর আজ এই লোকটার খপ্পরে পড়ে সে চুপসে গেছে। তার ধারালো জিভ নেতিয়ে গেছে। নিজের এই অসহায়ত্ব কোনোভাবেই প্রকাশ না করে বলল,
'আপনার মতো বেয়াদব লোক আমি কোথাও দেখিনি। নালিশ করে দিব।'

বলেই রিফাতের পাশ কাটিয়ে যেতে নেয়। আবারও রিফাতের গা জ্বালানো প্রশ্ন,
'নাম্বার নেই? মোবাইল চালাও না? কার কাছে কি নালিশ করছ তা তো জানা দরকার। নালিশের বাহানায় দেখা করব কোথায় জানাবে না।'
'ধ্যাত! দূরে গিয়ে ম রেন।'

—
তুষার তার বন্ধু সার্থককে নিয়ে পড়েছে ঝামেলায়। বন্ধুত্বে, আড্ডায় এতটাই ব্যস্ত যে সে ভুলেই গেছিল সার্থক হিন্দু ধর্মাবলম্বীর। তার জন্য সে ছুটছে খাসির মাংসের জন্য। ভাগ্যিস খাসির মাংসেরও ব্যবস্থা আছে। যাওয়া আসার মাঝে তাকে এক মেয়েলি কণ্ঠ থামিয়ে দেয়।
'শুনছেন, বাড়িতে প্রবেশের পথটা কোন দিক দিয়ে? এত লোকজন আর এত দরজা-জানালার মাঝে আমি পথ হারিয়ে ফেলেছি। আমি মেয়েপক্ষ, আপার সাথে দেখা করতাম। আমাকে একটু বলুন না?'

তুষার থেমে গেল। তার হাতে তখনো খাসির মাংসের বাটিটা। সে মুহূর্তেই পিছে ফিরে তাকাল। দেখল ছোট একটা মেয়ে। সাধারণ জামা আর সাজগোছ। সেই নরম মুখটা দেখে তুষার বুঝি কিছুটা অপ্রস্তুত হলো, জবাব দিতে ভুলে গেল। মেয়েটা আবারও ডাকল,
'শুনছেন?'
'নাম কি?'

মেয়েটা কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে কি অশোভন কাউকে প্রশ্ন করে ফেলেছে? এদিকটায় তো ছেলে মানুষে ভর্তি, ভুল করে চলে এসেছে। কাকে জিজ্ঞেস করা উচিত অত ভাবেনি। সময় নিয়ে জবাব দিল,
'রু..রুমকি।'
'ভাবীর বোন আছে, জানতাম না তো।'
'না না, বোন না আসলে। পাশাপাশি বাড়ি। মানে বিন্তি আপা আমার বড় বোনের মতোই।'

গোলাপী জামার রুমকিকে এত ঘনঘন কথা বলতে শুনে খারাপ লাগল না তুষারের। মেয়েটা ছোট, ভীতু। কি থেকে কি বলছে কিছুই বুঝতে পারছে না।
'কোন ক্লাসে পড়ো?'
'না-নাইনে।'
'বেশি ছোটো।'

তুষার কথা না বাড়িয়ে বাড়ির মূল দরজা কোনদিকে দেখিয়ে দিল।
'আমি তোমার বিন্তি আপার ছোট দেবর। তাই আমাকে ভয় পাওয়ার কিছু নেই।'

রুমকি দেবর শব্দটা শুনে একপলক মাথা তুলে তাকাল। মেয়েটার চোখ-মুখের ভয়টা আরেকটু বেড়েছে। সরোয়ার পরিবারকে ভয় পাবে এটাই স্বাভাবিক। রুমকি নিজের ভয়কে বাস্তবায়ন করল। আর একটা শব্দ না করেও সে ছুটে পালাল।

—
আমরীণ নিজের ঘরে চুপটি করে খাচ্ছে। এক দুটো করে পোলাও'র দানা যেন তার মুখে পড়ছে। মন ভালো নেই তার। কোনো এক কারণে খুবই বিষিয়ে আছে। অথচ কিছুক্ষণ আগেও সে বেশ ছিল নিচের বৈঠকঘরে। সিঁড়ি দিয়ে আসতে আসতেই খারাপ অভিজ্ঞতা হলো।

এমন সময়ই তায়েজিদ এলো ঘরে। তার কোলে মুন। তায়েজিদের মুখ দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত সে। মুন আমরীণকে দেখে নেমে এলো। ডাকল আমরীণকে, 'মা।'

আমরীণ সব ভুলে চোখ কপালে তুলে তাকাল মুনের দিকে। আবার তাকাল তায়েজিদের দিকে। প্রতিবারের মতোই লোকটার মুখ গম্ভীর। তবে আজ তাকে সুপুরুষ লাগছে বেশ। প্রতিদিনকার লুঙ্গির খোলশ থেকে আজ অন্যরকম রূপে ধরা দিয়েছে।

আমরীণ খাওয়া ভুলে অস্ফুট স্বরে বলল,
'কি বললে?'
'আমি কি তোমায় মা ডাকতে পারি, আমরীণ আন্টি?'
'মা!?'
'হুঁ, বাবা বলল যে ডাকতে।'

আমরীণ বড় বড় চোখে তায়েজিদের দিকে তাকাল। তার চোখ যেন প্রশ্ন করছে,
'কি বলছে মুন?'

এর উত্তর দিল না তায়েজিদ। সময় নিল। যখন আমরীণ অন্যরকম, অদ্ভুত অনুভূতিতে বুদ হয়ে ছিল তখন তায়েজিদ নীরবতা ভাঙল।
'তোমার মা চলে গিয়েছে। তাই মুনকে তোমার সাথেই রাখো।'

বলেই সে মেয়ের দিকে তাকাল। মুন আবারও আমরীণের গয়নার সাথে খেলছে। আমরীণের তখনো হজম হচ্ছে না কিছু।
'কিন্তু..'
'তোমাকে কেউ কিছু বলেছে?'

কিসের মধ্যে কি? তায়েজিদ মানুষটা অনুভূতিকে গাঢ় করতেই দিল না। লোকটার যেন সবেতেই বাড়াবাড়ি। মেয়েদের সাথে কখন কীভাবে কথা বলতে হয় তা কি সে জানে? মুনের মরহুম মায়ের জন্য আমরীণের সূক্ষ্ম এক আফসোস জন্মাল। সে এক কথায় জবাব দিল।
'না।'

আমরীণ মনে করতেও চাইল না সেসব কিছু। মুন তাকে খাওয়ার মধ্যেই হঠাৎ টানছে।
'মা, মা। বাইরে যাব। নিয়ে যাও।'

আমরীণ না করার কিংবা কিছু বলার সুযোগ অবধি পেল না। মুন হঠাৎ দাঁড় করিয়ে দিয়েছে। লেহেঙ্গার ভারে আমরীণ কিছুটা টালমাটাল হয়ে পড়ে। শরীরের ভারসাম্য বিগড়ে যায়। তায়েজিদ কাছাকাছি দাঁড়ানো থাকায় উপকার হলো। এক হাতে জড়িয়ে নেয় আমরীণের কোমর। আমরীণের গা শিউরে ওঠে। এঁটো হাতটা উঁচিয়ে অন্য হাত গিয়ে স্পর্শ করে তায়েজিদের বুক। অবাক চোখে মাথা তুলে তাকায় সে।
'সামলে হাঁটবে তো। লেহেঙ্গা কি বেশি ভারী?'

উত্তর দিতে পারল না আমরীণ। মুন ভড়কে গেছে। সে তো শুধু বাইরেই যেতে চেয়েছিল। আমরীণ পড়ে যেতে নিবে ভাবতে পারেনি। একটু আগেই তো বাবা বলল মায়ের পায়ে খুব ব্যথা। তায়েজিদ তাকাল মেয়ের দিকে। গলা নামিয়ে বলল,
'মা খেয়ে নিক। এরপর বিশ্রাম করে তোমাকে বাইরে নিয়ে যাবে। হুঁ?'

মুন শুধু মাথা কাত করে, সে ভয়ে আর কোনো কিছুর বায়না করল না। তায়েজিদ সাবধানে আমরীণকে বসিয়ে দেয়, কাচা হাতে ঠিক করে দেয় লেহেঙ্গার একাংশ। আমরীণ নীরবে ব্যস্ত হাত জোড়া দেখছে। এখনো বুকে কম্পন হচ্ছে তার। এত এত চমক ঠিক হজম হচ্ছে না তার। মুন ততক্ষণে অন্য দিক দিয়ে বিছানায় হামাগুড়ি দিয়ে উঠে পড়েছে।

তায়েজিদ শেরওয়ানি ঠিক করে সোজা হয়ে দাঁড়াল। মেয়ের দিকে একপলক তাকিয়ে আমরীণের উদ্দেশে বলল,
'আমরীণ, আমার চোখ দুটো হলেও কোনো কিছু আমার নজরের অগোচর হয় না। মানুষ যেখানে ভাবনা থামায়, সেখান থেকেই তায়েজিদ সরোয়ারের শুরু। তাই আশা করছি আগামীতে মিথ্যে বলার আগে কয়েকবার ভেবে নিবে। সবসময় আমি ছাড় দিব না। মিথ্যা খুবই ঘৃ ণা করি।'

আমরীণ ভড়কে গেল। তায়েজিদ শক্ত কথা বলে আর দাঁড়াল না। শেরওয়ানির উপরের অংশ খুলে বিছানায় ফেলেই খুবই ভয়াবহ ভাবে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বেরিয়ে গেল।

—

সন্ধ্যা নাগাদ বাড়ি ভর্তি মানুষের মধ্যে আতঙ্কের হইচই পড়ে যায়। উঠোনে তায়েজিদ নাহিদকে নির্ম ম ভাবে মা র ছে। নিজের আপন চাচাতো ভাইকে, মন্ত্রীর ছেলেকে।

___________
®লাবিবা ওয়াহিদ
#চলবে—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব13.2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন