#চাতক_চিত্তে_চৈত্রমাস.
#পর্বসংখ্যা_০২.(প্রথম-অংশ)
#ইনায়া_আফরিন_অপি.
চৈত্র সংক্রান্তির সকাল। রূপদিয়া গ্রামের সকালগুলো এমনিতেই অলস আর ধীরস্থির; কিন্তু চৈত্রের এই শেষ সকালটার রূপ যেন একেবারেই আলাদা, তার নিস্তব্ধতা যেন আরও গভীর। বছরের আর পাঁচটা দিনের মতোই সূর্য ওঠে, চেনা পাখিরা ডাকে, মানুষজন ঘুম থেকে উঠে যার যার নিত্যকার কাজে ছড়িয়ে পড়ে। তবুও আজকের এই ব্যস্ততার আড়ালে কোথায় যেন একটা বিদায়ের করুণ সুর বেজে চলেছে। মনে হয়, জীর্ণ পুরোনো বছরটি তার শেষ নিঃশ্বাস ফেলার আগে এই পরিচিত পৃথিবীটাকে আর একবার মায়াতুর চোখে ভালো করে দেখে নিচ্ছে। শীতের সেই তীব্রতা আর নেই, অথচ গরমও এখনও তার রুক্ষ রূপ নিয়ে তেতে ওঠেনি। ভোরের বাতাসে কেমন একটা আদুরে স্নিগ্ধতা। রাতের বেলা যে শিশির জমেছিল ঘাসের বুকে, তার ওপর খালি পায়ে পা রাখতেই এক শীতল সোঁদা অনুভূতি পায়ের পাতা বেয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। মাটির চেনা সুবাস এখনও বাতাসে ভারী হয়ে আছে। চৈত্রের শুকনো হাওয়ায় গ্রামের যে মাটি জায়গায় জায়গায় ফেটে চৌচির হয়ে গিয়েছিল, রাতের শিশির এসে সেই রুক্ষ ধুলোকে সস্নেহে শান্ত করে দিয়েছে।
রূপদিয়ার মেঠো পথগুলো এখনও মানুষের অতি চেনা, আদরের পথ। আধুনিকতার ছোঁয়া বাঁচিয়ে সেখানে কোথাও ইটের খড়খড়ে রূপ নেই, পিচের কালো প্রলেপ নেই। বর্ষায় যে পথ হাঁটুসমান কাদায় একাকার হয়ে যেত, শীতের আমেজে সেটাই শুকিয়ে আজ শক্ত। পথের দুপাশে গরুর গাড়ির চাকার গভীর খাঁজগুলো সমান্তরালভাবে বহুদূর চলে গেছে। কোথাও সেই চাকার খাঁজে শুকনো মাটি শক্ত পাথরের মতো হয়ে আছে, আবার কোথাও বা সেই ভাঙা মাটির বুক চিরে কচি ঘাস মাথা চাড়া দিয়ে উঠেছে। পথের ধারে ঘন বাঁশঝাড়; দক্ষিণা বাতাসে বাঁশের সরু পাতাগুলো যখন পরস্পরের গায়ে ঘষাঘষি করে, তখন যে একটানা মচমচ শব্দ ওঠে তার সাথে রূপদিয়ার মানুষের ছোটবেলা থেকেই এক চিরকালের চেনা মিতালী।
তবে এই শব্দের জন্য কারও ঘুম ভাঙে না। যেমন ভাঙে না দূরের মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজানের সুরে, কিংবা কোনো বাড়ির উঠোন থেকে ডেকে ওঠা মোরগের ডাকে। রূপদিয়ার মানুষ ঘুম থেকে ওঠে নিজেদের এক চিরকালীন চেনা নিয়মে, আপন মনে। কেউ হয়তো নামাজ শেষ করে বিছানায় আর একটু গড়িয়ে নেয়, কেউ বা চোখ মুছতে মুছতেই আলগোছে খুলে দেয় গোয়ালঘরের খিল। কেউ অলস পায়ে এগিয়ে যায় পুকুরঘাটের দিকে। কোনো বাড়ির উঠোনে তখন খড়খড় শব্দে ঝাড়ু চলছে, কোনো বাড়ি থেকে ভেসে আসছে আগের রাতের বাসনকোসন ধোয়ার আওয়াজ। কোথাও আবার গত নিশীথের উনানের ঠান্ডা ছাই সরিয়ে নতুন করে আগুন ধরানোর তোড়জোড়। হক বাড়ির পেছনের রান্নাঘর থেকেও তখন পাতলা ধোঁয়া কুন্ডলী পাকিয়ে উঠছে। শুকনো খড় আর কঞ্চির আঁচে ধোঁয়াটা প্রথমে কালচে হয়ে উঠলেও, পরক্ষণেই তা সকালের মিঠে বাতাসে মিশে ফিকে হয়ে গেছে। সেই উদাসী ধোঁয়ার সঙ্গে মিশে আছে নতুন ভেজা চালের গন্ধ, পোড়া কাঠের সোঁদা সুবাস আর ফুটন্ত খেজুর গুড়ের ভীষন অদ্ভুত মিষ্টি ঘ্রাণ।
হক বাড়ির বিশাল মাটির উঠোনটি এখনও রোদের আলোয় পুরোপুরি ভেসে যায়নি। চারপাশ ঘিরে থাকা আম, জাম, কাঁঠাল, সুপারি আর নারকেল গাছের ঘন পাতারা পরম মমতায় ছায়া বুনে রেখেছে। পুরোনো গাছগুলো আকাশজুড়ে এমনভাবে মাথা ছড়িয়ে দাঁড়িয়ে আছে যে, সকালের কাঁচা রোদ এসে উঠোনের মাঝখানে পৌঁছাতেও বেশ কিছুটা বেলা হয়ে যায়। বড় জোর পাতার ফাঁক গলে দু-একটা সরু সোনালী রোদের রেখা তির্যকভাবে এসে পড়েছে মাটিতে, আর সেই আলোটুকুর ভেতরে অলস ধূলিকণারা মনের সুখে ভেসে বেড়াচ্ছে। উঠোনের একপাশে যত্নে ঘেরা বাঁশের বেড়া, তার ওপারেই গোয়ালঘর। গোয়ালঘরের সামনে স্তূপ করে রাখা খড়ের ছোট্ট গাদা। তার ঠিক পাশেই বাঁশের খুঁটিতে শক্ত দড়িতে বাঁধা আছে একটা লক্ষ্মী গাভি। সে শান্ত মুখে মাথা নিচু করে খড় চিবোচ্ছে আর মাঝে মাঝে লেজ নেড়ে গায়ের মাছি তাড়াচ্ছে। গলায় বাঁধা পিতলের ঘণ্টাটা সামান্য নড়ে উঠলেই ‘টুং’ করে একটা মৃদু শব্দ হচ্ছে, যা এই শান্ত সকালের নীরবতাকে আরও মায়াময় করে তোলে। উঠোনের ঠিক অন্য পাশটায় ঠায় দাঁড়িয়ে আছে বুড়ো আমগাছ।
আমগাছের তলায় বছরের পর বছর ধরে ঝরে পড়া শুকনো পাতার একটা পুরু স্তর জমে মাটিটা প্রায় ঢাকা পড়ে গেছে। সে মচমচে পাতার ওপর একটা মুরগি আপন মনে ঠোঁট চালিয়ে খাবার খুঁটে মরছে, আর তার পেছনে দুটো ছোট ছানা লক্ষ্যহীনভাবে দৌড়াদৌড়ি করছে। ঠিক এমনি সময়ে বিলের দিক থেকে খালি পায়ে ফিরছিল দোয়েল। পায়ে তার কাদা মাখা। কিন্তু কাদা লাগার এই অস্বস্তিটুকু তাকে বিন্দুমাত্র বিরক্ত করেনি। বরং কাঁচা মাটির এই ঠাণ্ডা স্পর্শটুকুর ভেতরে সে যেন এই সকালবেলার এক নিবিড় আস্বাদ খুঁজে পাচ্ছিল। শহরের মানুষ পায়ের নিচে মাটি পেয়েও জুতোর আড়াল দিয়ে হাঁটে, কিন্তু মাটিকে এভাবে ভালোবেসে না ছুঁয়ে যে একটা সকাল শুরু হতে পারে দোয়েলের পক্ষে তা কল্পনা করাও অসম্ভব। তার পরনে একখানা বাসন্তী রঙের পাতলা সুতির শাড়ি। রঙটা চড়া না। বহু ধোয়ায় কেমন একধরণের ম্লান আর নরম হয়ে এসেছে। চৈত্রের এই কাঁচা রোদটায় শাড়িটার গা থেকে এমন একটা মৃদু আভা বেরোচ্ছে যেন মনে হয় মেঠো হলুদের সঙ্গে সকালের আলো এসে এক হয়ে মিশে গেছে। মাথার চুলগুলো কোনোমতে একটা খোঁপা করা, কিন্তু তার মধ্যে কোনো যত্ন, নিখুঁত বাঁধন নেই। দু-একটা গোছা অবাধ্য হয়ে কানের পাশে এসে ঝুলে পড়েছে। বিল থেকে শাক তোলার সময় খোঁপার মধ্যে গুঁজে রাখা কলমি ফুলের সাদা-বেগুনি পাপড়িগুলো এতক্ষণে রোদে একটু নুয়ে পড়েছে, কিন্তু দোয়েলের সেদিকে কোনো হুঁশ নেই। তার হাতে বাঁশের একটা ছোট ঝুড়ি তাতে সামান্য কিছু শাপলা, শালুক, কলমিলতা আর দুটো নাম না-জানা বুনো ফুল। যে ফুলগুলো বাজারে কখনো বিক্রি হয় না, কোনো ধনীর বিলাসী বাগানে যাদের ঠাঁই মেলে না, কিংবা কোনো মালীর হাত যাদের পরিচর্যা করে না। সেই পথের ধারের অবহেলিত ফুলগুলোর প্রতিই দোয়েলের মায়া যেন একটু বেশি।
দোয়েলের ঠিক পেছনেই আসছিল পূজা। কিন্তু পূজার ভাবভঙ্গি দোয়েলের চেয়ে সম্পূর্ণ আলাদা। সে প্রতিটা পা ফেলছে অত্যন্ত সাবধানে, দেখেশুনে। কোথায় কাদা, কোথায় শুকনো মাটি, আর কোথায় গরুর পায়ের খুরের দাগ সবকিছু সে যেন মনে মনে মেপে মেপে পা ফেলছে। এক হাত দিয়ে অতি সন্তর্পণে শাড়ির কুঁচিটা একটু উঁচিয়ে ধরে রেখেছে, আর অন্য হাত দিয়ে থেকে থেকেই নাকের ওপর নেমে আসা গোল ফ্রেমের চশমাটা ঠিক করে দিচ্ছে।
"দোয়েল!"
সামনে হাঁটতে হাঁটতে দোয়েল কোনো উত্তর দিল না। পিছন থেকে পূজা আবার ডাকল। এবার তার গলার স্বরে কিছুটা তাড়া দেওয়ার ভঙ্গি
"ওই দোয়েল! কানে কথা যায় না তোর? "
দোয়েল কিন্তু থামল না। তার চলার ছন্দে কোনো পরিবর্তন হলো না, যেন এই ডাক অত্যন্ত চেনা। তেমনি সহজ পায়ে হাঁটতে হাঁটতে নির্লিপ্ত মুখে বলল যায়।
"তাহলে দাঁড়াচ্ছিস না কেন?"
"তুই তো আসতেছিস।"
পূজার মনের ভেতর এতক্ষণের জমা হওয়া অস্বস্তিটা এবার একটু ঝাঁঝালো অভিমানে রূপ নিল। বিরক্ত হয়ে বলল
"তোর পেছনে হাঁটতে গিয়ে আমার শাড়ির যে কী দশা হইতেছে, তা কি তুই একবারও চোখ মেলে দেখছিস?!
দোয়েল এবার মন্থর পায়ে পিছন ফিরে তাকাল। তার শান্ত চোখের দৃষ্টি পূজার শাড়ির আঁচল ও কুঁচির ওপর একবার বুলিয়ে নেয়। শান্তি স্বরে দোয়েল অত্যন্ত সহজ গলায় জিজ্ঞাসা করল
"কী হইছে?"
"কী হইছে মানে! এই দেখ না!"
"কাদা লাগছে।"
"এইটাই তো বলতেছি রে ভাই!"
দোয়েল ঠোঁটের কোণে অত্যন্ত মৃদু একটু হাসে। সে হাসিতে ব্যঙ্গ নাই, আছে এক অগাধ প্রশ্রয়; যেন পূজা পৃথিবীর সবচেয়ে তুচ্ছ আর অদ্ভুত একটা নালিশ নিয়ে বসছে। বলল
"কাদা লাগলে ধুইয়া ফেলবি।"
"কোথায় ধোব শুনি?"
"পুকুরে।"
"তারপর?"
"শুকাইয়া নিবি।!
পূজা এবার ক্ষুব্ধ চোখে তার দিকে চায়। দোয়েলের এই অতি-সহজ সরলীকরণ তাকে আরও দুপদাপ চটিয়ে দিল। চোখ বড় বড় করিয়া বলল
"তুই কি আমার সঙ্গে তামাশা করছিস?"
"হ।"
দোয়েলের এই অকপট স্বীকারোক্তিতে পূজা ক্ষণকালের জন্য নির্বাক হয়ে গেল। মনের ক্ষোভে পা ফেলার গতি বাড়িয়ে দিয়া বলল
"আমি বুঝি না, কেন যে তোর সঙ্গে সাতসকালে বিলের ধারে বের হই!"
দোয়েল আর দাঁড়াইল না, আবার সামনের দিকে হাঁটা শুরু করল। তার গলায় নিশ্চিত বিশ্বাসের সুর
"কারণ তুই আমারে ছাড়া থাকতে পারিস না।"
পূজা এবার আর চট করে কোনো উত্তর খুঁজিয়া পায় না। কথাটি সত্য, আর সেই সত্যটাই তার অভিমানকে আরও একটু উসকে দিল। কিছুক্ষণ নিঃশব্দে পেছনে পেছনে হাঁটার পর, চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে ক্ষুণ্ন স্বরে বলল
"নিজেরে তুই খুব বড় কিছু ভাবিস, না রে?"
দোয়েল পথের ধারের আমগাছটার নিচে ছায়ায় এসে মুচকি হাসে। সে হাসির ভেতর কোনো অহংকার নেই। আছে এক ধরণের মায়াময় আত্মোপলব্ধি
"ভাবি না। জানি।"
পূজা ঠোঁট বাঁকাইয়া তার সেই চিরাচরিত অনুযোগের সুরে বলল
"তুই একটা আস্ত অসহ্য মাইয়া।"
দোয়েল এবার খিলখিল করে হেসে উঠে। তার সেই হাসির শব্দ খুব একটা চড়া না, কিন্তু মুক্ত মাঠের উদাসী সকালের বাতাসে সেই সুরটুকু সহজেই যেন চারদিকে ছড়িয়ে গেল। যেন প্রকৃতির নিজস্ব এক আনন্দধ্বনি। পথের ধারের বুনো ঝোপ থেকে দুটো পাখি চমকিয়ে উড়ে গিয়ে দূরের সেই বাঁশঝাড়ে আশ্রয় নেয়।
দোয়েল হুট করিয়া থেমে গেল। পূজা থমকে দাঁড়ায় বিরক্ত গলায় বলল
"আবার কী হইল?"
"দেখ।"
"কী দেখব?"
"ওই যে।"
"কী ওটা?"
"পাখি।"
পূজা আকাশের দিকে চোখ তুলে মহাবিরক্ত গলায় বলল
"পাখি তো সারাদিনই ওড়ে। এতে নতুন দেখার কী আছে?"
"তবু প্রতিদিন একই পাখি একইভাবে ওড়ে না রে পূজা।"
পূজার এতক্ষণের জমে থাকা রাগটা এই একটি কথায় যেন কর্পূরের মতো উড়ে গেল। সে দোয়েলের এই অদ্ভুত উদাসীন মনের কথা শুনে হেসেই ফেলল
"তোরে নিয়ে আমি আর পারি না বাপু!"
দোয়েল তার হাতের সেই বাঁশের ছোট ঝুড়িটার ভেতর হাত ঢুকিয়ে একটি আধফোটা শাপলা পরম সযত্নে তুলে ধরে। যেন কোনো বহুমূল্য রত্ন দেখছে। এমন চোখে চেয়ে বলল
"এটা সুন্দর না রে?"
পূজা ফুলটার দিকে চাইল। তার ভেতরের শহুরে হিসেবি মনটাও এই ভোরে বিলের ফুলের সৌন্দর্যের কাছে হার মানে। নরম গলায় বলল—
"হ্যাঁ, সুন্দর।"
"তাহলে?"
"কী তাহলে?"
"তুই বলছিলি শহরে গিয়ে থাকবি।"
পূজা আকাশ থেকে পড়ল
"আমি কবে বললাম?"
"তোর মুখ দেখলেই বোঝা যায়। "
"আমার মুখ আবার তোর কাছে কী কথা কইতেছে শুনি?"
"তুই শহরের মেমসাহেব হইয়া গেছিস।"
পূজা এবার আর না হেসে পারল না। তার চশমাটা নাকের ওপর একটু ঠেলে দিয়ে বলল
"চশমা পরলেই বুঝি মানুষ শহরের মেমসাহেব হয়ো যায়?"
"শুধু চশমা না। চশমা, শাড়ি কাদায় লাগলে এই যে তোর ভয়, খালি পায়ে হাঁটতে কষ্ট—সব মিলাইয়া। মাটিরে তুই ভয় পাস পূজা।"
"আর তুই? তুই নিজে কী? "
"আমি?"
"হ্যাঁ, তুই কী?"
দোয়েল হাতের শাপলা ফুলটি পরম মমতায় আবার ঝুড়ির ভেতর রেখে দেয়। তারপর সুদূর বিলের দিগন্তের দিকে চেয়ে এক গভীর, উদাস গলায় বলল
"আমি বুনো ফুল... পথের ধারেই যার জন্ম, পথের ধুলোতেই যার শেষ।"
পূজা কিছুক্ষণ স্তব্ধ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। দোয়েলের এই অদ্ভুত মনের কথা ওকে যেমন অবাক করল, তেমনি এক অজানা মায়ায় ওর ভেতরটাকেও কেমন যেন আর্দ্র করে দিল। ও একটুখানি চুপ করে থেকে, গলার স্বরটা নরম করে বলল
"সেটা তো জানিই রে। এই মাটির বুনো। তুই সত্যিই কোনোদিন শহরে গিয়ে থাকতে পারবি না দোয়েল।"
দোয়েল এই কথার আর কোনো উত্তর দিল না। ওর সেই উদাসীন চোখের মায়াবী দৃষ্টি তখন সুদূর বিলের দিগন্তের দিকে চেয়ে রয়েছে। সকালের হালকা কুয়াশাটুকু তখন রোদের তাপে একটু একটু করে সরে যাচ্ছে। বিলের শান্ত জলের ওপর কাঁচা সূর্যের আলো পড়তেই চারপাশটা যেন ঝিকমিক করে উঠল। কচুরিপানার সবুজ পাতার ওপর রাতের জমে থাকা ছোট ছোট জলকণাগুলো সেই আলোয় ঠিক মুক্তোর মতো জ্বলজ্বল করছে। দু-একটা সাদা বক অগভীর জলের কিনারায় যেন ধ্যানমগ্ন হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর একটু দূরে, একটা ছোট ডিঙি নৌকা কোনো শব্দ না করে অতি ধীরে ধীরে কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছে। দোয়েলের মনটাও যেন সেই নৌকার মতোই কোন্এক অজানার উদ্দেশ্যে ভেসে গেল।
ও হাতের ঝুড়িটার দিকে একবার তাকিয়ে অত্যন্ত মৃদুস্বরে বলল
"শহরের ওই টবে লাগানো ফুলের চেয়ে, এই পথের ধারের ফুল অনেক সুন্দর পূজা।"
পূজা ওর এই আকস্মিক দর্শনে একটু অবাক হয়েই জিজ্ঞাসা করল
"কেন?"
দোয়েল বিলের জল থেকে চোখ না ফিরিয়েই উত্তর দিল। ওর কণ্ঠস্বরে প্রচ্ছন্ন গৌরব আর গভীর মমতা মাখানো। বলল
"কারণ এই ফুল জানে, সে কোথা থেকে জন্মাইছে। পরের করুণার টবে বন্দি হয়ে সে নিজেকে বিলিয়ে দেয় না, মাটির বুক চিরে নিজের অধিকারে ফোটে।"
পূজা চুপ করে রইল। দোয়েল একটু থেমে আবার বলল,
"শহরের মানুষ গাছ টবে লাগায়। নিয়ম করে পানি দেয়, সার দেয়, রোদে রাখে। কত যত্নআত্তি করে, তাও তো দেখিস কোনো কোনোদিন ফুলটা হুট করে মরে যায়।"
"কেন রে?"
"কারণ গাছেরও তো নিজের মাটি লাগে পূজা। পরগাছা হয়ে বেঁচে থাকা যায়, কিন্তু বুক ভরে নিশ্বাস নেওয়া যায় না।"
পূজা এবার দোয়েলের মুখের দিকে গভীর চোখে তাকাল। এই মেয়েটার ভেতরের গভীরতা ওকে বরাবরই একটু ধাঁধায় ফেলে দেয়। ও নরম গলায় জিজ্ঞেস করল,
"তুই এত কিছু বুঝিস কেমনে রে দোয়েল?"
দোয়েল একটু মলিন হাসল। বলল,
"আম্মা শিখাইছে।"
এই দুটি শব্দ উচ্চারণ করেই ও আবার কেমন যেন চুপ হয়ে গেল। ওর চোখের সেই চঞ্চল আলোটা নিমিষেই কোন্ এক অতল অন্ধকারে তলিয়ে গেল। পূজা ওর মুখের সেই আকস্মিক পরিবর্তনটুকু দেখল এবং বুঝল। ও আর দ্বিতীয় কোনো প্রশ্ন করল না। দোয়েলের মায়ের কথা উঠলেই এই ভরা সকালের উজ্জ্বল হাসির মধ্যেও যে কোত্থেকে একটা বিষণ্ণতার কালো ছায়া এসে নেমে পড়ে, পূজা সেটা ছোটবেলা থেকেই চেনে। মায়ের সে স্মৃতি দোয়েলের বুকে আজও কতখানি ক্ষত তৈরি করে রেখেছে, তা ও ভালো করেই জানে। তাই সখীর মনটাকে সে অন্ধকারের হাত থেকে টেনে তুলতে ও তড়িঘড়ি করে অন্য প্রসঙ্গ তুলল।
বলল,
"চল, এবার বাড়ি যাই।"
"কেন, এত তাড়া কিসের?"
"খিদা লাগছে খুব।"
দোয়েল এবার একটু স্বাভাবিক হলো। মুখ টিপে হেসে বলল,
"তোর সবসময়ই শুধু খিদা লাগে।"
পূজা চোখ গোল গোল করে বলল,
"কেন, তোর লাগে না বুঝি?"
"লাগে। কিন্তু পিঠা খাওয়ার খিদা আর ভাত খাওয়ার খিদা এক না রে পাগলী।"
পূজা এবার হেসেই ফেলল। দোয়েলের চিবুকটা ছুঁয়ে বলল,
"তুই আসলেই পিঠার জন্য জন্মাইছিস।"
দোয়েলও ছাড়ার পাত্র নয়, ও চট করে উত্তর দিল,
"আর তুই জন্মাইছিস ওই চশমার জন্য।"
পূজা ওর কাঁধে একটা হালকা আদুরে ধাক্কা দিয়ে বলল,
"ইস, চুপ কর তো!"
মুহূর্তের মধ্যেই সেই বিষাদের মেঘ কেটে গেল। দুজনেই আবার আগের মতো হাসতে হাসতে, পা মিলিয়ে সামনের মেঠো পথ ধরে এগিয়ে গেল।
______________________________________________
ভৈরবের পাড়ের কাছে এসে তারা আয়মানকে দেখতে পেল। আয়মান তখন নদীর দিকে মুখ করে নিস্পৃহের মতো দাঁড়িয়ে। হাতে একখানা কাঠের বোর্ড, তার ওপর গোঁজা কয়েকটি কাগজ, নকশা আর মাপজোখের জটিল হিসাব-নিকাশ। পেন্সিলটা ডান হাতের আঙুলের ফাঁকে ধরা। সে মাঝে মাঝেই উদাস চোখে নদীর ভাঙন ধরা পাড়ের দিকে তাকাচ্ছে, আর পরক্ষণেই কাগজে খসখস করে কিছু একটা লিখে নিচ্ছে। পুরোনো কালভার্টের একটা মস্ত অংশ ভেঙে ধসে গেছে। ভাঙা জায়গাটার চারপাশ থেকে মাটি সরে গিয়ে ভেতরের কঙ্কালটা বেরিয়ে পড়েছে। কোথাও নগ্ন ইট উঁকি দিচ্ছে, কোথাও বা সিমেন্টের পুরোনো চটা খসে পড়ছে। বর্ষায় জোয়ারের পানি বাড়লে এই পথ দিয়ে রূপদিয়ার মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে যায় ঠিক এই কষ্টটুকুই বোধহয় তাকে চৈত্র সংক্রান্তির এই ভোরে এখানে টেনে এনেছে। তার ঠিক পাশেই বিলের নরম কাদায় গোঁজা রয়েছে কয়েকটি কাঠি, যা হয়তো সীমানা মাপার চেনা চিহ্ন। দোয়েল একটু দূরে থমকে দাঁড়িয়ে আয়মানকে দেখল। তারপর ওর ঠোঁটের কোণে এক চিলতে কৌতুকী হাসি খেলে গেল। একটু গলা বাড়িয়ে বলল,
"এই যে, বুনো ওলন্দাজ সাহেব!"
আয়মান চমকে মাথা তুলল। প্রথমে ওর চোখে পড়ল দোয়েলের সেই শান্ত মুখখানি, তারপর ওর শাড়ি আর হাতের বাঁশের ঝুড়িটা। এক মুহূর্তের জন্য আয়মান যেন গতকালের সে চঞ্চলা মেয়েটির সাথে আজকের এই রূপটিকে মেলাতে পারল না। গতকাল যে মেয়েটি ওর সামনে দাঁড়িয়ে অভিমানে আর রাগে রুখে দাঁড়িয়েছিল, যার চোখে তখন অগ্নিস্ফুলিঙ্গ ছিল; আজ সেই চোখেই ভোরের এই শান্ত আলো। চুলে অযত্নে গোঁজা বুনো ফুল, পায়ের পাতায় লেগে থাকা মাটির কাদা। ওর সারা অবয়বে কেমন একটা সহজ স্বাভাবিকতা, যেন জগতের কোনো কিছুকেই কৃত্রিমভাবে সাজিয়ে দেখানোর দায় ওর নেই। আয়মানের বুকের ভেতর কেমন একটা সংকোচ বোধ করে খুব দ্রুত চোখ সরিয়ে নিল। নিজের গলাটা একটু স্বাভাবিক করে বলল,
"আমাকে ডাকছেন?"
দোয়েল চিবুকটা সামান্য উঁচিয়ে বলল,
"না, ভৈরবের পাড়ে বুঝি আর-একজন ওলন্দাজ সাহেব লুকিয়ে আছে?"
পূজা আর নিজের হাসি চেপে রাখতে পারল না, ও খিলখিল করে হেসে উঠল। আয়মানও একটু অপ্রস্তুত হয়ে মৃদু হাসল। বলল,
"সকাল সকাল আপনাদের ঠাট্টা-তামাশা শুরু হয়ে গেল?"
"শুরু তো হলো আপনার এই খটমটে কাজ দিয়েই,"
দোয়েল ঝুড়িটা একটু দোলাল। আয়মান বলল
"আমার কাজ কী এমন অপরাধ করল শুনি?"
"কাজ অপরাধ করেনি। আপনি মানুষটাই সন্দেহজনক।"
আয়মান একটু অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল
"কীভাবে?"
"সাতসকালে নদীর পাড়ে দাঁড়িয়ে কাগজ-কলম নিয়ে মানুষ সাধারণত কী করে বলুন তো?"
আয়মান বোর্ডের কাগজগুলো একটু গুছিয়ে নিয়ে বলল,
"মানুষ সাধারণত কাজ করে।"
দোয়েল বিলের দিগন্তের দিকে নিজের মায়াবী চোখ দুটো মেলে দিয়ে অত্যন্ত সহজ, উদাস গলায় বলল,
"আর আমরা সাধারণত নদী দেখি।"
"আমিও তো নদীই দেখছি।"
"কাগজে?"
আয়মান একটু থামল।
"কিছুটা।"
দোয়েল এগিয়ে এল।
"কাগজে নদী দেখা যায়?"
"নকশায় নদীর পথ দেখা যায়।"
"কিন্তু নদীর গন্ধ?"
আয়মান চুপ থাকে।
"পানির শব্দ?"
এবারও চুপথাকে আয়মান
"বর্ষায় নদী ফুলে উঠলে তার রাগ?"
আয়মান হেসে বলল,
"সেগুলো নকশায় থাকে না।"
দোয়েল বলল,
"এই জন্যই বলি, আপনারা শহুরে মানুষ।"
পূজা বলল,
"আবার শুরু করলি!"
আয়মান কাগজ গুছিয়ে নিতে নিতে বলল
"আপনারা কোথা থেকে আসছেন?"
দোয়েল ঝুড়ি দেখিয়ে বলল,
"বিল থেকে।"
"এত সকালে?"
"বিল কি দুপুরে সুন্দর থাকে?"
আয়মান বলল,
"সুন্দর তো সবসময়ই থাকতে পারে।"
দোয়েল তাকিয়ে রইল।
"আপনি মাঝে মাঝে ভালো কথাও বলেন।"
"ধন্যবাদ।"
"ধন্যবাদ দেওয়ার মতো কিছু বলি নাই।"
পূজা এবার বলল,
"দোয়েল, ওনাকে একটু কাজ করতে দে।"
দোয়েল বলল,
"কাজ করবেন।"
তারপর আয়মানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
"কিন্তু একটা কথা বলেন তো।"
"বলুন।"
"ওই বটগাছটার বয়স কত?"
আয়মান ঘুরে তাকাল। ঘাটের পাশের বটগাছটি বহুদিনের পুরোনো। তার গায়ে সময়ের অসংখ্য চিহ্ন। কাণ্ডের নিচে ফাঁপা অংশ। ঝুলন্ত শিকড় মাটিতে নেমে নতুন কাণ্ডের মতো দাঁড়িয়ে গেছে। গাছটি যেন একা না। নিজের চারপাশে নিজেরই আরেকটি পৃথিবী তৈরি করে রেখেছে। আয়মান কিছুক্ষণ দেখে বলল,
"নির্দিষ্ট করে বলা কঠিন।"
"আনুমানিক?"
"শত বছরের কাছাকাছি।"
দোয়েল বলল,
"শত?"
"হয়তো তার চেয়েও বেশি"
"কেমনে বুঝলেন?"
"গাছের আকার, কাণ্ডের বিস্তার, শিকড়ের ধরন এসব দেখে একটা ধারণা করা যায়।"
দোয়েল গাছটার দিকে তাকিয়ে রইল।
"আম্মা এই গাছটার নিচে বসত।"
আয়মান এবার তার দিকে তাকাল। দোয়েলের কণ্ঠে হঠাৎ আগের সমস্ত হাসি মুছে গেছে।
"ছোটবেলায় আমি আম্মার সঙ্গে এখানে আসতাম। আম্মা অনেকক্ষণ বসে থাকত। আমি বিরক্ত হয়ে বলতাম, বাড়ি চলো। আম্মা কইত, ‘আর একটু বসি।’
সে হালকা হাসল।
"তখন বুঝতাম না, মানুষ একটা গাছের নিচে বসে কী পায়।"
কিছুক্ষণ পর বলল,
"এখন বুঝি।"
আয়মান কিছু বলল না। দোয়েল বলল,
"গাছের ছায়ায় মানুষ নিজের সঙ্গে কথা কইতে পারে।"
বাতাসে বটপাতা নড়ল। পাতার ঘর্ষণে একটা দীর্ঘ শব্দ উঠল।দোয়েল সেই শব্দের দিকে তাকিয়ে যেন নিজের কথার উত্তর শুনল।
"আম্মা আমাকে প্রকৃতি চিনাইছে। কোন গাছের পাতায় হাত দিলে কেমন গন্ধ, কোন ফুল ভোরে ফোটে, কোনটা দুপুরে ঝরে যায় সব। তারপর ধীরে বলল,
"আম্মা কইত, ‘গাছের যত্ন নিস। গাছ মানুষের মতো কথা কইতে পারে না, তাই মানুষরে তার হয়ে কথা কইতে হয়।’"
আয়মান শুনছিল।দোয়েল এবার তার দিকে তাকাল।
"তাই কেউ যদি একটা গাছের ডালও কাটতে চায়, আমার ভালো লাগে না।"
"আমি বুঝেছি।"
"কাল বুঝেন নাই।"
"কাল আপনি বুঝতে দেননি।"
দোয়েল একটু অপ্রস্তুত হলো।
"আমি রাগ করছিলাম।
"জানি।"
"বেশি রাগ।"
"সেটাও জানি।"
"আপনার ওপর না।"
আয়মান শান্তভাবে বলল,
"জানি।"
দোয়েল থেমে গেল। আয়মান বলল,
"আপনার রাগটা গাছটার ওপরও ছিল না।"
দোয়েল তাকিয়ে রইল।
"কিসের ওপর ছিল?"
"হারানোর ভয়।"
দোয়েলের চোখ স্থির হয়ে গেল। পূজা নিচের দিকে তাকাল।আয়মান ধীরে বলল,
"আপনার মায়ের সঙ্গে যেসব স্মৃতি জড়িয়ে আছে, সেগুলোর কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, আপনার মনে হয় হয়তো মানুষটাকেও আরেকবার হারাবেন।"
দোয়েল কিছু বলল না। অনেকক্ষণ পরে বলল,
"আপনি মানুষ বুঝতে পারেন নাকি?"
"সবসময় না।"
"আজ পারলেন কীভাবে?"
"হয়তো কিছু কিছু ব্যাপার বুঝতে নিজেরও হারানোর অভিজ্ঞতা লাগে।"
দোয়েল আর প্রশ্ন করল না। আয়মানও ব্যাখ্যা করল না।ভৈরবের বাতাস এসে তাদের মাঝখান দিয়ে বয়ে গেল। তারপর আয়মান বলল,
"আমার কাজের জন্য কোনো গাছ কাটার প্রয়োজন হলে আগে আপনাকে জানাব।"
দোয়েল বলল,
"গাছ কাটবেন না।"
"যতটা সম্ভব না।"
"না। একদম না।"
আয়মান মৃদু হাসল।
"ঠিক আছে। চেষ্টা করব।"
"চেষ্টা না। কথা দেন।"
আয়মান কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে বলল,
"কথা দিলাম।"
দোয়েল তখন প্রথমবারের মতো একটু স্বস্তির হাসি হাসল।
"তাহলে কালকের জন্য দুঃখিত।"
"কোনটার জন্য?"
"আপনারে যা যা বলছি।"
"সব মনে নেই।"
"মিথ্যা কথা।!
"কিছু কিছু মনে আছে।"
"তাহলে?"
"ক্ষমা করে দিলাম।"
দোয়েল ভুরু তুলল।
"আমি ক্ষমা চাইছি, আপনি এমনভাবে কইতেছেন যেন আপনার কাছে আমার বিচার ছিল!"
পূজা হাসতে হাসতে বলল,
"তোমরা দুজন থামবে?"
আয়মান বলল,
"আমি তো থামতেই চেয়েছিলাম।"
দোয়েল বলল,
"ওনার কথা বিশ্বাস করিস না। চুপচাপ মানুষগুলা বেশি বিপজ্জনক।"
পূজা বলল,
"আপনি শুনছেন তো?"
আয়মান হেসে বলল,
"সব শুনছি।"
ঠিক তখনই দূর থেকে শিমুলের গলা শোনা গেল।
"দোয়েল আপু! পূজা আপু!
তারপর আরও কাছে এসে বলল
"ওই যে! সবাই এখানেই!"
শিমুলের হাতে মাটির ভাঁড়। পাশে টুনি। ভাঁড়ের মুখে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা। কাছে আসতেই খেজুরের রসের গন্ধ পাওয়া গেল। টুনি বলল,
"সকালের রস। একেবারে গাছ থেইকা নামানো।"
দোয়েলের চোখ চকচক করে উঠল।
"আমার জন্য?"
শিমুল বলল,
"না, তোর শত্রুর জন্য।"
দোয়েল ভাঁড়টা কেড়ে নিতে নিতে বলল,
"তোর শত্রু কে?"
"তুই।"
"তাহলে রসটা দে।"
সবাই হেসে উঠল। শিমুল আয়মানের দিকে তাকিয়ে বলল,
'ইঞ্জিনিয়ার সাহেব, আপনি দাঁড়ায়া থাকবেন, না বাড়ি চলবেন?'
আয়মান বলল,
"আমার একটু কাজ আছে।"
দোয়েল সঙ্গে সঙ্গে বলল,
"কাজ পরে হবে।"
আয়মান বলল,
"সাইটে ফিরতে হবে।"
"পিঠা খেয়ে যাবেন।"
"না, সত্যিই কাজ আছে।"
দোয়েল তার শার্টের হাতার কাছে আঙুল দিয়ে টান দিল।
"চলুন।"
অয়ন তাকাল।
"এভাবে টেনে নিয়ে যাবেন?"
"হ।"
"যদি না যাই?"
"তাহলে আরেকটু জোরে টানব।"
পূজা বলল,
"যান। না গেলে এ আপনাকে সত্যিই টেনে নিয়ে যাবে।"
অয়ন শেষ পর্যন্ত মাথা নাড়ল।
"ঠিক আছে।"
দোয়েল বিজয়ীর মতো হাসল। তারপর সবাই হক বাড়ির দিকে হাঁটতে লাগল। কাঁচা পথ ধরে। শুকনো ঘাসের ওপর দিয়ে। ধান কাটা হয়ে যাওয়া জমির পাশ দিয়ে।
কোথাও খড়ের গাদা, কোথাও জমির আলের ওপর শুকোতে দেওয়া গোবরের উপলা। দূরে একজন কৃষক লাঙল কাঁধে নিয়ে যাচ্ছে। তার পেছনে বলদ দুটির গলায় ঘণ্টা। পথের ধারে একটা পুরোনো কুয়া। তার পাশে মাটির কলস উল্টো করে রাখা। একটু দূরে পুকুরঘাটে দুই নারী বসে কাপড় কাচছে। তারা এদের দেখে কথা থামাল না; গ্রামের মানুষের জীবন এত পরিচিত যে কারও চলাচল এখানে আলাদা কোনো দৃশ্য নয়। পূজা শাড়ি সামলাতে সামলাতে হাঁটছিল। দোয়েল খালি পায়ে। আয়মান সাবধানে পা ফেলছিল। হঠাৎ তার পায়ের নিচে শক্ত কিছু ঠেকল। সে থামল।
"কী হলো?"
শিমুল জিজ্ঞেস করল। আয়মান নিচু হলো। কাদার মধ্যে অর্ধেক ঢুকে থাকা একটা ছোট্ট ধাতব বস্তু।
আঙুল দিয়ে মাটি সরাতেই সেটা বেরিয়ে এল। পুরোনো রুপালি লকেট। সময়ের কালচে দাগে প্রায় মলিন।আয়মান হাতের তালুতে তুলে নিল।সামনের দিকে আরবি অক্ষরে খোদাই করা লেখা। সে উল্টে দেখল।
পেছনের অক্ষরগুলো ক্ষয়ে গেলেও পুরোপুরি মুছে যায়নি। বাংলায় লেখা ‘আরজু।’ আয়মানের বুকের ভেতর কেমন যেন থমকে গেল। পূজা দূর থেকেই সেটা দেখে ফেলেছে।তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে আয়মানের দিকে তাকিয়ে রইল। আয়মানও তাকাল। দুজনের চোখে চোখ পড়ল। পূজার চোখে এমন এক ভয়, যা কোনো সাধারণ পুরোনো গয়না দেখে হওয়ার কথা নয়। দোয়েল এগিয়ে এসে বলল,
'কী পাইছেন?"
আয়মান এক মুহূর্ত দেরি না করে লকেটটা মুঠোর মধ্যে চেপে ফেলল।
"কিছু না।"
দোয়েল বলল
"কিছু না মানে?"
"লোহার টুকরা।"
"দেখান।"
"নোংরা।"
"তবু দেখান।"
আয়মান হাসার চেষ্টা করল।
"সত্যিই কিছু না।"
দোয়েল সন্দেহভরে তাকিয়ে রইল। পূজা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে। তার আঙুল শাড়ির আঁচল মুঠো করে ধরেছে। আয়মান সেটা লক্ষ্য করল। কিছু বলল না। লকেটটা তার পকেটে চলে গেল। হাঁটা আবার শুরু হলো। পূজা একবারও আয়মানের দিকে তাকাল না।
~চলবে.