ফন্ট সাইজ:
থিম:
মন খোঁজে তোমাকে

পর্ব 4

লেখক: সুমনা আক্তার

#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার

৪.

ফাল্গুন মাসের সকাল। বাংলায় বছরের শেষ মাসের আগের মাস, প্রকৃতিকে এক অপার সৌন্দর্যে মুগ্ধ করে তোলে এই মাস। আবহাওয়ায় শান্তি ও সজীবতায় ভরে উঠে চারিদিক। গাছপালায় নতুন পাতা ও ফুল ফুটতে শুরু করে এই মাসে, যা প্রকৃতিকে আরো রঙিন করে তোলে।

সূর্য উঠে, সকাল হয় শুরু হয় ব্যস্ততম জীবন। তেমনি আজও ব্যস্ততায় কাটছে মিনহাজ সাহেবের সময়। অত্যন্ত ব্যস্ত পায়ে দাঁড়ালেন "ইরহা মঞ্জিলের" দোরগোড়ায়। সম্পূর্ণ নিস্তব্ধ বাড়ি। অথচ কিছু দিন পূর্বেও এই বাড়িতে ছিল মানুষজনের আনাগোনা। ইরিন খুব মিশুকে প্রকৃতির রমণী ছিলেন। আশেপাশের প্রায় সকলের সাথেই ছিল তার খুব খাতির। সেই সুবাদে এই বাড়িতে মহিলারা প্রায়ই এসে গল্প করে সময় কাটাতেন। অবসর সময় গুলো সাংসারিক কথোপকথনে পার হতো রমণীদের। আর আজ সেই বাড়ি প্রাণহীন।
দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে প্রবেশ করলেন তিনি। সদর দরজা খুলে রাখা দেখে কিছুটা চিন্তিত হলেন। ইয়াদ তো এভাবে দরজা খুলে রাখে না। তাহলে দরজা খোলা কেন? বিষয়টি ভাবনাতে আসতেই নানান অশুভ চিন্তা হানা দিয়ে উঠলো।
একমুহুর্ত অপেক্ষা না করে পা রাখলেন ভেতরে। এইতো বিশাল বসার ঘরে টিভি দেখছে ইরহা। তাকে দেখে স্বস্তির নিশ্বাস ছাড়লেন। ইরহার জ্বরদগ্ধ শরীরটা কেমন দুর্বল দেখাচ্ছে। পূর্বের তুলনায় কমেছে জ্বর। আজ দু দিন যাবত কিছুটা সুস্থই বটে। সোফায় হাত পা ছড়িয়ে টিভিতে কার্টুন দেখছে সে। তাকে এভাবে দেখে মলিন হাসলেন মিনহাজ। এগিয়ে গিয়ে পাশে বসলেন। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় জানতে চাইলেন,

' এখন কেমন আছো মা? জ্বর তো নেই দেখছি।'

বাচ্চা শিশুটি চাচ্চুকে দেখে খুশি হলো। হেসে দুর্বল গলায় থেমে থেমে বলল,
' ভালো চাচ্চু।'

মিনহাজ আশেপাশে তাকালেন। কাউকে না দেখে প্রশ্ন করলেন,
' তোমার ভাই কোথায়? আর জুহেরাই বা কোথায়?'

' ভাইয়া তো বাহিরে।'
তারপর এদিক সেদিক তাকিয়ে বলল,
' আন্টি রান্না করছে।'

' ওহ। কিছু খেয়েছ তুমি?'

খুব উচ্ছ্বাস নিয়ে সে বলল,
' হ্যাঁ। আন্টি না খুব মজার নুডলস করেন। একদম ইয়াম্মি ইয়াম্মি।'

মিনহাজ হাসলেন তার কথার ধরন দেখে। চুল গুলো গুছিয়ে দিয়ে বললেন,
' আমার মা যখন বলেছে তাহলে তো ইয়াম্মি হবেই। আমি তোমার আন্টিকে বলব আরও ইয়াম্মি ইয়াম্মি খাবার রান্না করে দিতে।'

চোখ চকচক করে উঠলো মেয়েটার।
' সত্যিই, আন্টিকে বলবে তো?'

' কেন বলব না! আমার মায়ের জন্যই তো তাকে এনেছি।'

বাচ্চা শিশুটি খুশিতে আত্মহারা। মিনহাজের গলা জড়িয়ে বলল,
' তুমি এত্ত এত্ত ভালো চাচ্চু।'

মিনহাজ নিজেও হেসে জড়িয়ে নিলেন তাকে। মাথায় চুমু খেয়ে বললেন,
' তাই? আমার মা তো আরও অনেক অনেক ভালো।'

প্রাণোচ্ছল হেসে উঠলো ইরহা। সেই সাথে যেনো হেসে উঠলো বাড়ির প্রতিটা আঙিনা। মুগ্ধ হয়ে সেই হাসি দেখলেন মিনহাজ।

**************

' কখন এলে চাচ্চু?'

বাড়িতে প্রবেশ করেই প্রশ্নটি করলো ইয়াদ। সে বাড়ির পেছনের দিকটায় ছিল। সেখানে ইরিনের ছোটখাটো একটা বাগান। হরেক রকমের ফুল গাছ দিয়ে ভরপুর বাগানটি কেমন প্রাণহীন দেখাচ্ছিল। তাইতো সে গাছ গুলোতে পানি দিয়ে এলো।

ইয়াদের কথায় মিনহাজ তাকালেন তার পানে। এতক্ষণ যেন তারই অপেক্ষায় ছিলেন তিনি। প্রতিউত্তর না করে তাকে বললেন,

' তোমার রুমে আসো। কিছু কথা আছে।'

কথাটা বলে পা বাড়ালেন সেদিক। ইয়াদ কিছুটা অবাক হলো তবে কিছু না বলে হাঁটা ধরে। তাকে দরজা গলে ভেতরে আসতে দেখে মিনহাজ বললেন,

' দরজাটা বন্ধ করে দাও।'

এবার যেন একটু বেশিই ভাবনায় পড়ে গেল ছেলেটা। কিছু না বলে দরজা আটকালো। মিনহাজ বসলেন চেয়ারে। তাকেও ইশারা করলেন বসতে। বিছানায় মুখোমুখি হয়ে বসলো ইয়াদ। সে কিছু বলতে নিবে তার পূর্বেই অস্থির চিত্তে জানতে চাইলেন মিনহাজ,

' তোমার বাবার সাথে কি কারো শত্রুতা ছিল?'

হতভম্ব হয়ে তাকিয়ে রইলো ইয়াদ। কথাটির মানে বোধগম্য হলো না ছেলেটার। তাই ভ্রু কুঁচকে বলল,

' মানে?'

' মানে আমি বলতে চাইছি তোমার বাবার বিজনেস পার্টনারদের মধ্যে কেউ শত্রু ছিল? বা কারও সাথে ঝামেলা হয়েছে, কখনও কি তুমি সে ভাবে কিছু লক্ষ্য করেছ?''

ইয়াদ তখনও কথাটার তাৎপর্য বুঝে নি। সাবলীল ভাবে বলে,
' ঝামেলা হতে যাবে কেন? আর এখানে শত্রুতার কথাই বা আসছে কোথা থেকে? বাবার সাথে কার শত্রুতা থাকবে?'

মিনহাজকে ভীষণ চিন্তিত দেখাল। তিনি কিছু না বলে হাতের পেপারে চোখ বুলিয়ে উদ্বিগ্ন স্বরে বললেন,
' দেখ ইয়াদ, তুমি এখন ছোট নও। বুঝার যথেষ্ট বয়স হয়েছে। তাই আমার মনে হলো তোমাকে সব জানানো উচিত।'

থেমে হাতের কাগজ গুলো বাড়িয়ে দিয়ে পুনরায় বললেন,
' দেখ এই পেপার গুলো। তোমার বাবা মায়ের পোস্টমর্টেম রিপোর্ট। ব্যস্ততার জন্য রিপোর্টি কালেক্ট করতে পারি নি। আমার বন্ধু তোমার বাবা মায়ের মৃত্যুর দুদিন পর ফোন করে জানাল কিছু জরুরী কথা আছে দেখা করতে। আমিও গেলাম কিন্তু সেখানে গিয়ে এতো বড় সত্য জানব ভাবতেই পারি নি।'

থেমে বুঁজে আসা গলার বললেন,
' তোমার বাবা মায়ের স্বাভাবিক মৃত্যু ছিল না। সম্পূর্ণ পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তাদের।'

স্তব্ধ, হতবাক দৃষ্টিতে পেপার গুলোতে তাকিয়ে ইয়াদ। ভেঙে গুড়িয়ে যাওয়া হৃদয়ের তীব্র যন্ত্রণা বাড়ল বৈ কমলো না। কিছু দিন পূর্বের সেই অসহনীয় ব্যাথাটা মাথা চাড়া দিয়ে উঠলো। যেটাকে স্বাভাবিক মৃত্যু বলে জেনে ছিল সেটা স্বাভাবিক ছিল না? তাদের খুন করা হয়েছে। এই কথাটা হৃদয়ের যন্ত্রণাটা দ্বিগুণ বাড়ালো। পুরোনো জখমে যেন নতুন ভাবে কেউ আবার আঘাত করলো। মুহূর্তেই গাল বেয়ে নোনা জলের অস্তিত্ব মিলল। একটা কথাই মনে হতে লাগলো তাদের খুন করা না হলে আজ তারা বেঁচে থাকতেন,চোখের সামনে থাকতেন।

মাহফুজ আহমেদ বরাবরই শান্তশিষ্ট মানুষ। কখনও কারো সাথে উচু বাক্যে কথা পর্যন্ত বলেন নি। সেখানে ঝগড়া বিভাদের তো প্রশ্নই আসে না। তাহলে শত্রু আসবে কোথা থেকে?
ইয়াদ অনেক ভেবেও কিছু পেল না। তাই কম্পিত গলায় জানান দিলো,

' আব্বু আজ পর্যন্ত কারো সাথে তর্কে অব্দি যাননি। সেখানে শত্রু কিভাবে আসবে চাচ্চু?'

' আমিও সেটাই ভাবছি। বড় ভাই যেমন রাগী ছোট ভাই তার পুরো বিপরীত। তিনি সর্বদাই ছিলেন শান্তশিষ্ট। একদম মাটির মানুষ। তার সাথে কার শত্রুতা হতে পারে?'

কিছুটা থেমে বললেন,
' নাকি বিজনেস পার্টনারদের মধ্যে কেউ? আচ্ছা কখনও কি দেখেছো তোমার বাবাকে চিন্তিত। বা ফোনে কারো সাথে রাগারাগি করতে?'

চিন্তায় পড়ল ইয়াদ। পড়াশোনায় ব্যস্ত থাকায় তেমন কিছু চোখে পড়েনি তার। আর মাহফুজ সব সময় হাসিখুশি ছিলেন তাকে দেখে কখনও এমন কিছু মনে হয় নি। তাই বলল,

' না আব্বু অফিসের কোনো কথাই বাসায় আলোচনা করেন নি। আর না তাকে কখনও কারও সাথে রাগারাগি করতে দেখেছি।'

চিন্তিত মিনহাজের কপাল আরও কিছুটা কুঁচকে এলো। মাহফুজ আহমেদ প্রায় সব কথাই তাকে বলেন। তাহলে এই বিষয়ে কেন কিছু বললেন না? মৃত্যুর মাস খানেক পূর্বেও তাদের দেখা হয়েছে। তখন পারিবারিক থেকে শুরু করে অফিসের অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। তখনও তো তাকে দেখে একটি বারের জন্যও চিন্তিত মনে হয় নি। তাহলে তাকে কে মারতে চাইবে? প্রশ্নটা ভাবতেই বুকের ভেতর চিনচিন ব্যাথা অনুভব করলেন।
মনে হলো কিছুদিন পূর্বের হাসপাতালের কথা। তার বন্ধু জাহিদ আহসান যখন তাকে ডেকে পাঠালেন তখন তিনি নিজেদের অফিসে ছিলেন। এদিকে মাহফুজের অফিসটাও তাকে সামলাতে হচ্ছে। এতো ব্যস্ততার মধ্যে তিনি পোস্টমর্টেম রিপোর্টের কথা প্রায় ভুলেই বসেছেন।তাই সেদিন সময় করে সেগুলো নিতেই হাসপাতাল মুখো হলেন। অথচ সেখানে যে তার জন্য ভয়ংকর সত্য অপেক্ষা করছে তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি।

*********

জাহিদ আহসান রিপোর্টটি বাড়িয়ে দিয়ে বললেন,
' দেখ রিপোর্ট।'

রিপোর্ট হাতে নিয়ে পড়তে লাগলেন মিনহাজ। মিনিট দুয়েক পড়েই স্তব্ধ, বিমূঢ় হয়ে তাকালেন জাহিদ আহসানের পানে। জাহিদ আহসান তখন বললেন,

' আমিও এতটাই শক হয়েছি যখন রিপোর্ট দেখলাম। আজ সকালেই রিপোর্টটা আমার কলিগ রাসেলের কেবিনে দেখলাম। ওকে জিজ্ঞেস করতেই বলল রিপোর্ট নাকি এখনও কেউ নিতে আসে নি। তাই আমি নিজেই নিয়ে এলাম আর যখন রিপোর্টটা পড়লাম তখন তো আমি পুরো বাকরুদ্ধ। তাদের এক্সিডেন্ট হয়েছে সকাল সাড়ে এগারোটায়। অথচ তাদের ড্যাড বডি বলছে আরও আধ ঘণ্টা পূর্বে মৃত্যু হয়েছে তাদের। এটা কিভাবে সম্ভব? আর গাড়ির যা অবস্থা দেখলাম তাতে তো মনে হচ্ছে কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে। এটা কোনো ভাবেই এক্সিডেন্ট ছিল না। খুবই পরিকল্পিত ভাবে মার্ডার করা হয়েছে।'

কতক্ষন সেভাবে বসে ছিলেন জানা নেই মিনহাজের। যখন হুস ফিরল তখন কান্নায় ভেঙে পড়লেন। তার ভাইকে কেউ খুন করেছে এটা মেনে নিতে পারছিলেন না। তাকে অনেক সময় নিয়ে জাহিদ আহসান বুঝান। এক সময় নিজেকে সামলে নিয়ে তিনি সেখান থেকে পুলিশের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সব কিছু জানিয়ে বাসায় ফিরেন। এই ব্যাপারে কাউকে কিছুই জানান নি তিনি। তবে রিনাকে বলেছিলেন তিনি নিজেও কথাটা শুনে ভেঙে পড়েন। আর তো কাউকে জানানোর কথা মাথায় আসে নি। এদিকে ইয়াদ, ইরহা দুজনেই ছোট। বাবা মায়ের মৃত্যুতে এমনিতেও ইয়াদ অনেকটা ভেঙে পড়েছে। তাই তিনি আর তাকে জানানোর কথা ভাবলেন না। কিন্তু এখন আর চুপ থাকতে সক্ষম হন নি তিনি । এতো গুলো দিন পেরিয়ে গেল অথচ কোনো প্রমাণ হাতে আসে নি। পুলিশের হাবভাবও ওনার তেমন ঠিক লাগছে না। দেখে মনে হচ্ছে কেসটাতে আগ্রহী নয়। কিন্তু কেন? এর পেছনে কি কোনো বড়সড় কারন লুকিয়ে আছে? আর ভাবতে পারলেন না তিনি। বুঝাই যাচ্ছে পুলিশ তাদের সাহায্য করবে না। তাই এবার ইয়াদের থেকে কিছু জানতে পারবেন বলে তাকে সবটা জানালেন। কিন্তু ইয়াদ তো এসবের কিছুই জানে না।

এতক্ষণ পর ইয়াদ মুখ খুলল,
' পোস্টমর্টেম আর পুলিশ রিপোর্ট বলছে এটা পরিকল্পিত খুন, তাহলে নিশ্চয়ই তদন্তও হয়েছে বা হচ্ছে? পুলিশ বা ডিটেকটিভরা কিছু বলেছে কে বা কারা এর পেছনে থাকতে পারে?'

মাথা নাড়লেন মিনহাজ। কন্ঠে তার অসহায়ত্ব,
' পুলিশ কিছুই বলেনি। শুধু এটুকু বলেছে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় এমন কিছুই হচ্ছে না। আজ এতো গুলো দিন পেরুল একটা ক্লু পর্যন্ত পাওয়া যায় নি এটা কিভাবে সম্ভব! আমি নিশ্চিত যে বা যারা এর পেছনে আছে তাঁরা নিশ্চই খুব পাওয়ারফুল। নয়তো এভাবে কেসটা ধামাচাপা পড়ত না।'

' তুমি বলতে চাইছ পুলিশও ওদের সাথে আছে?'

' বলতে চাইছি না বলছি। আর আমি সিওর পুলিশ আমাদের সাহায্য করবে না।'

' তাহলে এখন কি করবো আমরা?'
থেমে পুনরায় বলল,
' আচ্ছা কোনো প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করেও তো আমরা ন্যায়বিচার পেতে পারি!'

' প্রাইভেট ইনভেস্টিগেটর,সাইবার লয়্যারের খুঁজ করিনি এমন নয়। দুজনের সাথে কথাও বলেছি প্রথমে আগ্রহ দেখালেও দু দিন পর তারাও কেসটা আর ঘেঁটে দেখতে চায় না। তাদের মুখ যে বন্ধ করা হয়েছে তা বেশ বুঝতে পারছি। এখন কার থেকে সাহায্য চাইবো? এই দেশের আইন এখন টাকার কাছে বিক্রি হয়েছে।'

অবুঝ ছেলেটা অতশত না ভেবে বলে উঠে,
' তাহলে আমরাও টাকা দেই তাদের কেসটা লড়ার জন্য।'

মলিন হাসলেন মিনহাজ। দীর্ঘ এক নিশ্বাস ফেলে বললেন,
' টাকা হলেই হয় না, পাওয়ারও থাকতে হয়। তাদের কাছে দুটো আছে বলেই সব তাদের হাতে।'

' তাহলে আমার আব্বু আম্মু কি ন্যায়বিচার পাবে না?'

অতন্ত অসহায় গলায় বলল ইয়াদ। রক্তিম লাল চোখ দুটো ভেজা। সেদিকে একবার তাকিয়ে বলে উঠেন মিনহাজ,

' পাবে না কেন অবশ্যই পাবে। পৃথিবীতে সবাই যে এক হবে তা কিন্তু নয়। হাজারও মন্দ থাকলে কোথাও না কোথাও একটি ভালোও আছে। ভালো আছে বলেই দুনিয়া আছে। আর আমরা সেই ভালোটাকে খুঁজব। মনে রেখো আল্লাহ সব সময় ভালোর পক্ষে থাকেন সত্যের পক্ষে থাকেন। হোক দেরিতে কিন্তু দিন শেষে সত্যেরই জয় হয়। তাই বলছি নিশ্চই কেউ না কেউ আমাদের সাহায্য ঠিক করবে।'

' জানি না কি হবে তবে আমি আব্বু আম্মুকে ন্যায়বিচার পাইয়ে দেব। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা।'

চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মিনহাজ। এগিয়ে গিয়ে ইয়াদের কাঁধে হাত রেখে বললেন,

' তুমি যে লড়াই করতে চাইছ, সেটা অনেক সাহসের ব্যাপার। বাবা-মায়ের জন্য ন্যায়বিচার পাওয়ার ইচ্ছা আর তাদের স্মৃতিকে সম্মান জানানোর জন্য এর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না। তার জন্য তোমাকে শক্ত হতে হবে। পড়াশোনা করতে হবে ভালোভাবে। তোমাকে অনেক বড় হতে হবে , বাবার বিজনেসও সামলাতে হবে তোমাকে। আমি সব সময় তোমার পাশে আছি।'

**********

' তোর বোনের জ্বর কমছে?'

সিটে বসতেই কথাটি বলে উঠলো বাঁধন। আজ সপ্তাহ খানেক পর কলেজ এসেছে ইয়াদ। ব্যাগ থেকে বই বের করতে করতে ছোট করে জবাব দিল,

' হুম, কমেছে।'

' যাক আল্লাহ রহম করেছেন।'

কথাটা বলে বাঁধন নিজের ব্যাগ হতে একটি খাতা বের করে ইয়াদের দিক বাড়িয়ে দিয়ে বলল,
' নে এখানে এই কয়দিন যা পড়িয়েছে সব নোট করা আছে।'

অবাক চোখে তাকালো ইয়াদ। অবিশ্বাস্য কোনো কিছু হজম করতে বেগ পোহাতে হয়,তেমনটা ইয়াদেরও হচ্ছে। যেই ছেলে ক্লাসে কখনও নোট করে না,যে কিনা সব সময় ইয়াদের থেকে নোট নিয়ে পড়ে আজ সে তাকে নোট দিচ্ছে। তাও আবার নিজে নোট করেছে নিজের জন্য নিশ্চই না,অবশ্যই তার জন্য। কেননা বাঁধন বরাবরই বাউন্ডুলে। পড়াশোনায় তার বিন্দুমাত্র আগ্রহ নেই। যেটুকু পড়ে তাও ইয়াদের জোরাজুরিতে।

' এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবলাম তুই আসছিস না নোট করাও হচ্ছে না তাহলে পরীক্ষার কি হবে? তাই নিজেই নোট করে নিলাম। আমি বাবাহ পরীক্ষায় ফেল করতে চাই না। এটা ভাবিস না যে তোর জন্য করেছি। আমি এতটাও মহান নই।'

ইয়াদ হাসলো তবে কিছু বলল না। তাক না কিছু গোপন অনুভূতি। যখন পাশের মানুষটা ঠিকই আপনার কেয়ার করে তবে আপনাকে বলতে নারাজ,তারা চায় না তাদের ভালবাসা কেউ বোঝুক। এসব মানুষ সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। অথচ তাদের আচরণ বলে দেয় তাদের আপনজনদের তারা ঠিক কতটা ভালোবাসে। তাকে না আমাদের জীবনে এমন মানুষ যারা আমাদের অনেক ভালোবাসে কিন্তু প্রকাশ করতে দ্বিধা করে। তাদের ল্যাগপুল করে কেন অস্বস্তিতে ফেলতে হবে? তারা তাদের মতোই কেয়ার করুক, ভালবাসুক এটা তাদের স্বাধীনতা।

ইয়াদ হাত বাড়িয়ে নিলো খাতাটা। বাঁধনের লেখার হাত বেশ ভালো। যা লিখে খুবই স্পষ্ট লিখে। ইয়াদ একে একে সব দেখলো। আশ্চর্যের বিষয় হলেও সত্যি সে খুব গুছিয়ে নোট করেছে। ফের হাসলো ইয়াদ।
তার হাসি দেখে বাঁধন বলে উঠে,

' একদম আমার নোট দেখে হাসবি না। আমি ভালো ছাত্র না হলেও এতটা খারাপও নই। তোর মত হয় নি তাও অনেকটা চেষ্টা করে এতটুকু লিখেছি।'

ইয়াদ মুখের হাসি সরিয়ে কিছুটা গম্ভীর হয়ে বলল,
' আমি তো তোকে কিছু বলিনি। সত্যি বলতে অনেকটা ভালো হয়েছে।'

' সত্যি বলছিস?' তার কন্ঠে অবিশ্বাস।

ইয়াদ নিজের খাতায় নোট করতে করতে ছোট করে জানাল,
' সত্যি।'

ওমনি বাঁধনের ঠোঁট দুদিক প্রসারিত হয়। লুকিয়ে লম্বা শ্বাস ছাড়ে। যাক ভালো হয়েছে এতেই হলো। এই প্রথম সে নোট করেছে। নিজের জন্য নয় প্রাণ প্রিয় বন্ধু ইয়াদের জন্য। ইয়াদ কখনও ক্লাস ফাঁকি দেয় নি। এই প্রথম এতটা দিন সে ক্লাস মিস দিয়েছে। বাঁধন ইয়াদের দিক মায়া ভরা দৃষ্টিতে তাকায়। ইদানিং ছেলেটাকে দেখলে তার খুব মায়া হয়। কতটা ভেঙে পড়েছে তাও ছোট বোনটার দিক তাকিয়ে শক্ত দেখাচ্ছে নিজেকে। এখন তো তার জীবনে এই ছোট বোনটাই বেঁচে থাকার এক মাত্র কারণ।
আসলে বেঁচে থাকতে হাজারটা কারণের প্রয়োজন হয় না আকড়ে ধরার মতো একটা হাত তাকলেই হয়। সেই হাত এতটাই মজবুত হয় যে হাজারও ক্লান্তি,অসহায়ত্ব,বেদনা এক নিমিষে ভুলা যায়। যেমনটা ইয়াদের আছে তার সেই ছোট বোন।

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন