ফন্ট সাইজ:
থিম:
মন খোঁজে তোমাকে

পর্ব 5

লেখক: সুমনা আক্তার

#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার

৫.

দুপুরের তপ্ত রোদে অতিষ্ঠ লোকজন। ঢাকা শহরে একটু বেশিই গরম। গ্রামের পরিবেশ যেমন শান্ত, নিরিবিলি তার ঠিক উল্টো ঢাকা শহরের পরিবেশ। এখানে চারিদিকে কোলাহল ভরপুর। চারিপাশের এতো এতো লোকজনের ভিড়ে প্রাণ ভরে শ্বাস নেওয়াটাও মুশকিল।

সেই যান্ত্রিক শহরে "ইরহা মঞ্জিল" অবস্থিত। যেখানে বসবাস ইরহা ও ইয়াদের। বাবা মা হীন পৃথিবী যে কতটা কষ্টের তা এই কয়েক মাসে বেশ বুঝেছে এতিম শিশু দুটো। অবশ্য একজনকে এখন শিশু বলা চলে না, কয়েক দিন পূর্বেই সে আঠারোতে পা দিয়েছে। এইচ এস সি পরীক্ষা শেষ হয়েছে কিছু দিন হল। রেজাল্ট দিতে অনেক দেরি। তাকে আজকাল চাচার সাথে অফিসে যেতে হয়। একের পর এক অফিসের কাজ চাচা তুলে দেন তার হাতে। আনাড়ি সে এসবের কিছুই বুঝে না। হুট করেই তো আর সব কিছু আয়ত্তে আনা যায় না। চাচাকে হাজারটা প্রশ্ন করে জেনে নিচ্ছে কিভাবে কি করবে। তবুও যেন মাথায় আসে না সব কিছু। যেখানে তার চাচা দিনে কতগুলো ফাইল দেখে নিতে পারেন সেখানে সে একটা ফাইল নিয়ে কাটিয়ে দেয় পুরো দিন। বারবার তার এক কথা এসব তাকে দিয়ে হবে না। তাও চাচা মানতে নারাজ। তিনি তাকে সব কিছু বুঝিয়ে দিতে চাইছেন। নিজেদের অফিস রেখে কতদিনই বা এখানে আসবেন। বড় ভাই কিছু জানতে চাইলে তখন কি হবে? তার উপর কখন না জানি উপর থেকে ডাক আসে পৃথিবী ছাড়ার। ওনার পর তো তাকেই সব কিছু দেখে রাখতে হবে। এসব ভেবেই তো এতটা জোর দিচ্ছেন ইয়াদকে।

**********

মিনিট পাঁচেক হবে ইরহার স্কুলের সামনে অপেক্ষায় ইয়াদ। সকালে চাচার সাথে অফিস, দুপুরে এই একটু সময় সে ছুটি পায় তাও ইরহার জন্য। তাকে বাড়িতে রেখে আবার ফিরতে হয় অফিসে সন্ধ্যা বেলা আবার কোচিং করতে হচ্ছে এডমিশনের জন্য। যেখানে পরীক্ষা শেষ করে সবাই ঘুরাঘুরি করছে সেখানে সে পার করছে ব্যস্ত সময়।
দীর্ঘশ্বাস ছেড়ে তাকায় সামনে। এইতো ছুটি হয়েছে স্কুল। সে দ্রুত পায়ে সামনে এগিয়ে গেইটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। কিছু মাস পূর্বেও সে এখানে এসে ইরহাকে নিতে চাইতো না। ইরিন হাজার বার বললেও তার এক কথা ছিল " আমি এত সময় অপেক্ষা করতে পারব না।"
আর আজ ভাগ্যের কি নির্মম পরিহাস যে তাকে এখানে ঘণ্টা ধরেও অপেক্ষা করে বসে থাকতে হয়।

ভাবনার মধ্যে দেখা মিলে ইরহার, পাশে ইতিও আছে। যাকে এই মুহূর্তে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে আসছে সে। ইতি মেয়েটা তার সাথে হেঁটে পারছে না, বারবার কিছু বলছে অথচ ইরহার সে সবে বিন্দু মাত্র ধ্যান নেই সে হাঁটছে তো হাঁটছেই।
ইয়াদ মাথা নেড়ে হাসলো। এই মেয়েটা বড় হলে কেমন হবে, এমন জেদী থাকবে নাকি শান্ত হয়ে যাবে? জানা নেই ইয়াদের তবে তার বোনকে এভাবেই মানায়।

ইরহা মাত্রই দেখলো ইয়াদকে। সেই মুহূর্তেই ছেড়ে দিল ইতির হাত দৌঁড়ে এসে কোমর জড়িয়ে ধরলো ইয়াদের। হাসি মুখে বলে উঠে,

' জানো ইতি আমার সাথে আমার ক্লাসে পড়বে।'

ইয়াদ ভ্রু কুঁচকে বলল,
' ইতি কেন তোর সাথে ক্লাস করবে? সে তো এবার তৃতীয় শ্রেণিতে থাকবে।'

' না ভাইয়া ইতি ফেল করছে।'
কথাটা বলেই হাসলো ইরহা।

' ফেল করছে মানে কি। ইতির কি পরীক্ষা ভালো হয় নি?'
কথাটা ইতির দিকে তাকিয়ে বলল ইয়াদ।

ইরহা নিজেই আবার বলে উঠে,
' ও তো দুটো বিষয় পাস করছে কিন্তু ইংরেজি পরীক্ষার দিন নাকি ওর কিছুই কমন আসে নি তাই কেঁদে কেঁদে কিছুই লিখে নি পরীক্ষার পেপারে।'

প্রতিটা বাক্য খুবই উচ্ছ্বাসের সাথে বলছে ইরহা। ইতি ফেল করেছে এতে যেন ওর খুশির অন্ত নেই।

' এভাবে বলতে নেই ইরহা। ইতি ফেল করেছে ওর তো কষ্ট হবে তাই না। তোর এতটা খুশি হওয়া ঠিক না বোন।'

' বাহ রে খুশি হবো না কেন? ইতি তো এখন আবার আমার সাথে ক্লাস করবে এতে তো খুশি হবই আমি।'

ইয়াদ দীর্ঘ শ্বাস ফেলল, এই মেয়েকে বুঝানো সম্ভব না। ইতির দিকে তাকিয়ে বলল,
' তুমি ইংরেজিতে খারাপ করলে কেন? পড়াশোনা করো নি?'

ইতি নিজেও হাসি হাসি মুখে উত্তর করল,
' পড়েছি কিন্তু কমন আসে নি।'

ইতির মুখে হাসি দেখে তাজ্জব বনে গেল ইয়াদ। সে তো ভেবেছে মেয়েটা কষ্টে আছে, অথচ ফেল করে কি খুশি মেয়েটা।

ইরহা কথাটা শুনে ইতির গলা জড়িয়ে ধরে প্রাণ খুলে হেসে বললো,
' এর জন্যই তো তুই আমার বান্ধবী। আমরা আবার এক সাথে ক্লাস করবো খুব মজা করবো।'

ইয়াদ নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে ইরহা ও ইতির দিকে। ইরহা যেমন তেমনি একটা বান্ধবী খুঁজেছে।

***********

সূর্যের প্রখর রোদে উত্তপ্ত ধরণী। সেই ক্ষণে রিমসা পিছু নিয়েছে ইয়াদের। এইতো কিছুটা দূরত্ব নিয়ে ফলো করছে তাকে। আজ হুট করেই স্কুলের সামনে দেখা মিলল ইয়াদের। সে এদিক দিয়ে যাচ্ছিল তার বান্ধবী জুঁইয়ের বাড়ি। পথিমধ্যে দেখা মিলল ইয়াদের সাথে ছোট একটা বাচ্চা মেয়ে। তার ছোট ব্যাগটা ইয়াদের ডান হাতে। ইয়াদের বা হাত ধরে নেচে নেচে পথ চলছে সে আর ক্ষণে ক্ষণে চারিপাশ দেখিয়ে কি যেন বলে চলেছে যা শুনতে পেল না রিমশা। সন্তপর্নে চুপিসারে পিছু নিয়েছে সে,লক্ষ্য একটি ইয়াদের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ। কলেজ থেকে অনেক দিন চেষ্টা করেছিল পিছু নিতে তবে সেটা সফল হয় নি। ক্লাস থেকে বেরিয়ে কখনোই দেখা যেত না তাকে। এতই ব্যস্ত হয়ে ছুটে পালাতো যে কখনও তাকে ফলো করতে পারে নি রিমশা। আজ ভাগ্য সহায় বিদায় দেখা মিলল পথে তাইতো এই সুযোগ হাত ছাড়া করতে নারাজ সে।

ভাবনার মধ্যেই দেখা গেল সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে একটা দোকানে ঢুকেছে ইয়াদ। মুহূর্তেই নাম না জানা গাছের পিছে আড়াল করল নিজেকে। এমন চুপিচুপি জীবনে কারও পিছু নেওয়া হয় নি। আজ প্রথম তাই ভয়টাও বেশি মনে হচ্ছে এই বুঝি ধরা পড়ে নিজের মান-সম্মান নিয়ে টানাটানি লাগল। সতর্ক দৃষ্টিতে অবলোকন করে চলেছে চারিপাশ। ইয়াদ মেয়েটাকে কিছু কিনে দিয়ে হাঁটা ধরলো। হাফ ছেড়ে বেরিয়ে এলো আবার। এক তো রোদের প্রখরতা তার উপর ধরা পড়ার ভয় তাকে এক প্রকার নাজেহাল করে ছেড়েছে। একবার দোকানটির দিকে তাকালো। ছোট খাটো ইট পাথরের তৈরি দোকান। কিছুটা দূরত্বে আরোও অনেক দোকান আছে একই রকম। যেই দোকান থেকে তারা বেরিয়েছে সেই দোকানের মালিক দেখতে কিছুটা বয়স্ক। বয়স আনুমানিক ষাটের দোরগোড়ায়।
রিমশা ভাবছে দোকানির থেকে কি কিছু জানতে পারবে? পরক্ষণে ভাবলো দোকানিকে কি বলা যায়। এভাবে হুট করে ইয়াদের সম্পর্কে প্রশ্ন করা দৃষ্টিকটু দেখায়। তাই ভেবে নিলো কিছু। কয়েক পা এগিয়ে ওদের দিকে পূর্ণ দৃষ্টি রেখেই দোকানিকে জিজ্ঞেস করল,

' আচ্ছা আংকেল ওই ছেলেটার সাথে ছোট বাচ্চা মেয়েটা কে? মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর।'

দোকানির রিমশার দৃষ্টি অনুসরণ করে বললেন,
' তুমি ইরহা মামনির কথা বলতেছ?'

' হ্যাঁ, মেয়েটা বারি মিষ্টি।'

' তা যা বলছ আসলেই মাইয়াটা দেখতে মিষ্টি।'

রিমশা দেখলো সামনের বাড়িতে তারা প্রবেশ করেছে, তার মানে এটাই ইয়াদের বাড়ি। সেদিক থেকে দৃষ্টি ঘুরিয়ে এবার দোকানির সাথে হেসে হেঁসে নানান কথা বলতে লাগলো সে। এক পর্যায়ে কথার ছলে জানতে চাইল,

' মেয়েটির পাশে ওই ছেলেটা কে? তারা কি এখানেই থাকে?'

দোকানি এতো কিছু ভাবলেন না সরল মনে জানান দিলেন,
' পোলাটা ওই ছোট মাইয়ার ভাই।'
থেমে পরপর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
' তারা এইখানেই থাকে। এতিম বাচ্চা দুটো দেখলেই মায়া হয়।'

'এতিম'। এতিম বলছে কেন দোকানি সেটা বুঝতে পারল না সে। এতিম শব্দটা রিমশার কানে ধ্বনি তুলল বারবার। এতিম হবে কেন ইয়াদ, ওর তো বাবা মা দুজনেই আছেন। মুখ ফসকে বেরিয়ে এলো,
' এতিম মানে?'

দোকানি ভীষণ কথা বলেন। দোকানে এলাকার অনেকই এসে আড্ডা দিয়ে থাকে, নানান আলাপ আলোচনা হয় সবার সাথে। তেমনি রিমশার সাথেও কথায় কথায় একে একে সব বলে চলেছেন,

' কি আর কমু মা তোমারে, কিছু মাস পূর্বেও বাচ্চা দুটোর বাপ মা জীবিত আছিল। একটা দুর্ঘটনায় দুজনেই এক লগে মারা যায় এদিকে বাচ্চা দুইটারে এতিম করিয়া গেল জীবনের লাইগা। বড় ভালা মানুষ আছিল ওর বাপ মা।'

রিমশা কয়েক মুহূর্ত নির্বাক তাকিয়ে রইল সেই বাড়ির দিকে। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। বছর খানের পূর্বেও সে দেখেছিল ইয়াদের মা বাবাকে। ইয়াদকে পছন্দ না করলেও প্রথম দেখায় তার বাবা মাকে খুবই পছন্দ হয়েছিল রিমশার। ইয়াদের মা নিঃসন্দেহে রূপবতী তেমনি তার বাবাও ছিলেন সুদর্শন পুরুষ। তাদের খুব মানিয়ে ছিল একসাথে, একেবারে রাজ যোটক। সেই মানুষ দুটো আর নেই ভাবতেই শরীর কাটা দিয়ে উঠল। তার মানে ইয়াদের এতো ব্যস্ততার কারণ এসব ছিল। সে নিজেকে সামলে ফের সুধায়,

' ওদের পরিবারে আর কে কে আছে চাচা?'

' আর কেউ নেই মা। তারা দু ভাই বোন এক সাথে এই বাড়িতে থাকে। একটা চাচা আছে সে কিছুদিন পরপর দেখে যায়।'

রিমশা আর কি বলল না সেখান থেকে ধীরে ধীরে পা বাড়ল বাড়ির দিকে।

***********

মাত্রই বাড়িতে প্রবেশ করলো ইয়াদ ও ইরহা। সেই ক্ষণে সদর দরজায় পা রাখলো বাঁধন। ঘেমে নেয়ে একাকার ছেলেটা। কম সময় তো হয় নি অপেক্ষার। সেই ঘণ্টা খানের পূর্বে এসে জানতে পারল ইয়াদ বাড়িতে নেই। তাইতো সামনের দোকানটায় বসে বসে অপেক্ষায় ছিল তার, দেখা মিলতেই এক মুহুর্ত বিলম্ব না করে হাজির হয়।

তাকে দেখে হেসে এগিয়ে যায় ইয়াদ।
' কি ব্যাপার, আজ কিভাবে আমার কথা মনে হল?'

বাঁধন সে সবে পাত্তা দিল না। ইরহাকে দেখে এক গাল হেসে বলে উঠে,
' আরে না হওয়া বউ যে আমার,কেমন আছো?'

ইরহার উচ্ছ্বাস দেখে কে,সে লাফিয়ে উঠলো বাঁধনকে দেখে। সেভাবেই উত্তর দিল,
' আমি খুব ভালো।'

বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল ইয়াদ।
বাঁধন কিছু বলতে নিবে তার পূর্বেই গম্ভীর কণ্ঠে বলল,

' তোকে কত বার বলছি এসব বলে ডাকবি না ওকে। ইরহা বাচ্চা মেয়ে এসব এসব বলা ওর সামনে ঠিক না।'

' বললে কি হবে? তুই চাইলেই সে আমার না হওয়া থেকে আসল বউ হতে পারে। বল তুই কি রাজি তাহলে এখনই ডেকে আনবো কাজী।'

কথা বলে দুষ্টু হাসলো বাঁধন।
অথচ ইয়াদ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় তারপর ইয়াদ ইরহার ব্যাগ সোফার সামনে টি টেবিলে রেখে ইরহাকে বলল,

' আন্টিকে গিয়ে বলবি গোছল করিয়ে দিতে তারপর খাবার খেতে বসবি।'
ইরহা মাথা নেড়ে চলে গেল।

ইয়াদ সামনে বাঁধনের দিকে তাকিয়ে বলল,
' তোর কাছে আমার বোনকে কখনও দিব না। তুই পৃথিবীর শেষ ছেলে হলেও না। আর ওর সামনে এসব কথা বলবি না প্লীজ। ও এখনো বাচ্চা এসব ওর মাথায় গেঁথে থাকবে। কেননা ছোট বেলার সবকিছুই আমাদের মনে আলাদা স্থান দখল করে থাকে। তাই এসব উদ্ভট কথা ওর সামনে কখনোই বলবি না।'

ঠোঁট বাকায় বাঁধন।
' কেন আমার মধ্যে কি এমন খারাপ দিক আছে যে তোর বোনের স্বামী হতে পারব না?'

' তোর কোন খারাপ দিক নেই। তবে তোর মত ভীতু ছেলের কাছে আমার বোনকে দেবো না। আমার বোনকে এমন এক জনের কাছে দেবো যে হবে সাহসী। তার আগমনে কেঁপে উঠবে দূষিত সমাজ। আর সব থেকে বড় কথা হল সে আমার বোনকে নিজের থেকেও বেশি ভালবাসবে।'
থেমে বলল,
' ওসব বাদ দে এখানে কখন আসলি?'

বাঁধন এগিয়ে গিয়ে সোফায় বসে শার্টের কলার কিছুটা পিছনের দিকে টেনে নিয়ে বলল,

' এসেছি অনেকক্ষণ কিন্তু তুই যে বাড়িতে থাকিস না সেটা জানা ছিল না।'

বাঁধনের পাশে বসে ইয়াদ বলে উঠে,
' কিছুটা ব্যস্ত সময় কাটছে আমার। সেসব কথা থাক, বাড়িতে না বসে বাহিরে বসলি কেন?'

' তুই নেই আমার না হওয়া বউ নেই এখানে বসে কি করবো? তোর বাড়ি পাহারা দেব?'

ইয়াদ গা এলিয়ে দিল সোফায়। বলল,
' দিলে তো আমার উপকারই হতো।'

নাক কুঁচকে বাঁধন বলে উঠে ,
' হ্যাঁ, ফ্রিতে দারওয়ান পেয়ে যেতিস।'

ইয়াদ হাসলো, আর কিছু না বলে জানতে চাইল,
' খেয়েছিস কিছু?'
' কোন দিক দিয়ে তোর মনে হচ্ছে আমি খেয়েছি? দেখছিস না কেমন শুকিয়ে গেছি।'

ইয়াদ কপাল কুঁচকে বলল,
' এক বেলা না খেলে কে শুকায় ভাই?'

চট করে উত্তর দিল বাঁধন,
' আমি।'

ইয়াদ মাথা নাড়ল এই জীবনে এই ছেলে ভালো হবে না। মুখে বলল,
' বস এখানে আমি ফ্রেস হয়ে আসছি।'

বাঁধন উত্তর না করে হতে রিমোট নিয়ে টিভি অন করল।

ইয়াদ উঠে দাঁড়াল তাকে আবার অফিস যেতে হবে তাই চলে গেল ফ্রেস হতে।

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন