#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার
৬.
রাতের ঘুটঘুটে অন্ধকার পেরিয়ে দেখা মিলল রোদ্রজ্জল দিনের। সূর্যের প্রখর তাপে উত্তপ্ত ধরনী। গতকালের চেয়ে আজ যেন একটু ভালোই গরম পড়েছে।
আজ শুক্রবার, ছুটির দিন বিধায় এখনও ঘুমে বিভোর ইয়াদ। তার ঠিক পাশেই বিছানায় আসন পেতে বসে ক্ষণে ক্ষণে তাকে ডেকে চলেছে ইরহা।
উদ্দেশ্য বাহিরে ঘুরতে যাওয়া। আজ অনেক দিন ঘুরতে যাওয়া হয় না তার। আগে প্রায়ই পরিবারের সবাই মিলে ঘুরতে যেত। বাবা মা চলে যাওয়ার পর একদিনও বাড়ি থেকে ঘুরতে বের হয় নি সে। বছর খানেক হতে চলল অথচ ইয়াদ তাকে কোথাও নিয়ে যায় না। ছলছল চোখে একবার তাকালো ইয়াদের পানে। ফের ডেকে উঠল,
' ভাইয়া উঠো না। এই ভাইয়া।'
এবার ইয়াদের নড়চড় দেখা গেল। বুঁজে রাখা অক্ষিপুট মেলে তাকাল বোনের দিকে। একবার চোখ বুঁজে আবার খুলল। দেখা মিলল ছলছল চোখের আদুরে শিশুর। সেকেন্ড কয়েক লাগলো মস্তিষ্ক সচল হতে। পর মুহূর্তেই লাফিয়ে উঠে উদগ্রীব হয়ে জানতে চাইল,
' কি হয়েছে বোন, কাদছিস কেন?'
ভাইয়ের আদুরে স্বরে নাক টেনে বাচ্চা মেয়েটি অভিযোগের স্বরে বলে,
' সেই কখন থেকে ডাকছি তুমি উঠছো না কেন?'
স্বস্তির নিঃশ্বাস ফেললো যুবক। ঠোঁট দুটো প্রসারিত করে বলল,
' এই তো উঠেছি আমি এর জন্য কান্না করতে হবে? তা ডাকছিলি কেন?'
মুহুর্তেই সকল কান্না ভুলে চকচক করে উঠে শিশুটির মুখ, বায়না করলো,
' আমি ঘুরতে যাবো। ইতিও আজ ওর ভাইয়ের সাথে যাবে আমিও যেতে চাই।'
এক কথায় রাজি হয়ে গেল ছেলেটা। পরে না আবার কান্না করে তাই ডান হাত উঠিয়ে ইরহার এলোমেলো চুল গুলো গুছিয়ে নিতে নিতে বলল,
' আচ্ছা নিয়ে যাবো।'
খুশিতে আত্মহারা মেয়েটি ঝাপিয়ে গলা জড়িয়ে ধরে বলে উঠে,
' তুমি এত্তো এত্তো ভালো ভাইয়া।'
ইয়াদ মুচকি হেসে পরম মমতায় আগলে নেয় তাকে।
*********
সবে মাত্র দু ভাই বোন তৈরি হয়ে বাহিরে যেতে নিবে এর মধ্যে সদর দরজায় উপস্থিত হলো রিমশা। এই মুহূর্তে রিমশা এখানে উপস্তিতিতে হতবাক ইয়াদ। অপ্রত্যাশিত ঘটনা মেনে নিতে হিমসিম খাচ্ছে সে। অবাক দৃষ্টিতে তার পানে কিছুক্ষণ তাকিয়ে রইলো, এই মেয়ে তার বাড়িতে কেন সেটাই বোধগম্য হচ্ছে না যুবকের।
এদিকে ইরহা ড্যাবড্যাব করে তাকিয়ে রিমশাকে দেখছে। এই জন্মে এই মেয়েকে সে দেখেছে বলে মনে হয় না। অথচ মেয়েটি কি সুন্দর হাসি মুখ করে তাদের দিকে তাকিয়ে আছে যেন হাজারও বছরের চেনা।
তার ভাবনার মধ্যে ইয়াদ বিস্ময় নিয়ে বলে উঠে,
' তুমি এখানে?'
রিমশা কোনো প্রতিউত্তর না করে একগাল হেসে এগিয়ে হাঁটু মুড়ে ইরহার সামনে বসে। গালে হাত বুলিয়ে বলে,
' তুমি কি মিষ্টি দেখতে।'
মিষ্টি? সে কি খাবার জিনিস যে মিষ্টি হবে? ইরহা ভাবুক হয়ে বলে উঠে ,
' আমি মিষ্টি হতে যাবো কেন? মিষ্টি তো মানুষ খায়।'
মুচকি হাসলো রিমশা,
' তুমি খাবার মিষ্টি না তবে তুমি মিষ্টির চেয়েও অনেক বেশি মিষ্টি দেখতে।'
বলেই গাল টেনে দিল।
ইরহা চোখ গোল করে তাকালো। চেনা নেই জানা নেই মেয়েটা তার গাল টেনে দিল! তবে মনে হচ্ছে ভাইয়ার পরিচিত। কুটিয়ে কুঠিয়ে দেখে নিল তাকে। ভাইয়ের বয়সী হবে নিশ্চিত। দেখতে অনেক সুন্দর। হাসলে আরোও সুন্দর দেখায়। মেয়েটাকে তার পছন্দ হয়েছে। তাই সে কি আর বসে থাকবে নাকি সেও রিমশার গাল টেনে হেসে বলল,
' তুমি খুব সুন্দর।'
রিমশা অবাক হলেও হেসে উঠে পরমুহুর্তে। এই মেয়ে চঞ্চল বেশ। ভাবনা রেখে জানতে চাইল,
' কোথাও যাচ্ছো নাকি কিউটি?'
' হ্যাঁ, ভাইয়া আর আমি ঘুরতে যাচ্ছি।'
উচ্ছ্বাস নিয়ে বলল ইরহা। রিমশা উপরে চোখ তুলে একবার দেখে নিয়ে মন খারাপ করে বলল,
' ওহ, আমি তো তোমার সাথে ঘুরতে এসেছিলাম।'
তার দুঃখী দুঃখী মুখ দেখে দুটানায় পড়ে বাচ্চা মেয়েটি। তাকে নিয়ে এই মেয়ে ঘুরতে যাবে কেন? ছোট মাথায় এতো কিছু ভাবতে পারল না সে। যেহেতু তার ভাইয়ের পরিচিত তাই রিমশার মলিন মুখ দেখে বলল,
' মন খারাপ করো না আমরা তো ঘুরতে যাচ্ছি তুমিও চলো আমাদের সাথে।'
আবার ভাইয়ের দিকে তাকিয়ে বলে,
' আপুটাকে আমাদের সাথে নিয়ে চলো ভাইয়া।'
ইয়াদ একটানা শুধু রিমশাকেই দেখে যাচ্ছে। এই মেয়ের এতো ভালো রূপ দেখে আশ্চর্য সে। এদিকে বিকেল চারটা বাজে। ইরহাকে নিয়ে যাবো যাবো বলে বেলা গড়িয়েছে অনেক। দুপুরের তপ্ত রোদে বাহিরে ঘুরতে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তবে এখন চারিদিকে হালকা বাতাস বইছে। ঘুরতে যাওয়ার জন্য এই সময়টাই তার কাছে শ্রেষ্ঠ মনে হয়। এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলল ছেলেটি,
' এখানে কি চাই তোমার?'
উঠে দাঁড়াল মেয়েটি হাত দিয়ে নিজের সামনের চুল ঠিক করে বলল,
' এই মুহূর্তে ঘুরতে যেতে চাই।'
' তো যাও ঘুরতে মানা করেছে কে? কিন্তু এখানে কেন এসেছ?'
' আমি ইরহার সাথে ঘুরতে চাই। তাই এখানে এসছি ওকে নিয়ে যেতে।'
' তোমার মনে হয় আমি পারমিশন দেবো?'
' তোমার পারমিশন আমি কখন চাইলাম?'
' আমার পারমিশন ছাড়া আমার বোনকে তুমি নিয়ে যেতে পারবে?'
সে কথার উত্তর না দিয়ে একটু ঝুঁকে ইরহার গালে হাত চুঁইয়ে মলিন মুখে বলল,
' কিউটি তুমি কি আমার সাথে যাবে? দেখো না তোমার ভাই আমাকে নিবে না বলছে।'
বাচ্চা মেয়েটি ভেবে পেল না কি করবে? অসহায় চোখে একবার দেখে ভাইকে তো একবার দেখে সামনের অতি অল্প পরিচিত মেয়েটিকে। এক পর্যায়ে ভাইয়ের হাত টেনে অনুনয় করে,
' ভাইয়া প্লীজ নিয়ে চলো। দেখো না আপুটা মন খারাপ করে আছে।'
বাক্য শেষ হতেই ইয়াদ চোখ রাঙিয়ে তাকায় যা দেখে নিমিষে চুপসে যায় ইরহা। সেদিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠে ইয়াদ,
' ওর সাথে যেতে চাস? তাহলে যা, তবে আমার সাথে আর কোথাও যেতে পারবি না।'
ইরহার চুপসানো মুখ আরেকটু চুপসে যায়। ভাইকে আর কিছু না বলে কন্ঠে অসহায় নিয়ে বলে,
' রাগ করো না সুন্দরী তোমার সাথে অন্য একদিক ঘুরতে যাবো আজ ভাইয়ার সাথে ঘুরে আসি!'
এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙ্গে রিমশার। ক্ষিপ্ত স্বরে বলে,
' তুমি বাচ্চাটাকে ব্ল্যাকমেল করছো।'
গা ছাড়া ভাবে বলে উঠে ইয়াদ,
' আমার ইচ্ছা। তার কৈফত কি তোমায় দেবো?'
' এমন করছ কেন? ঘুরতেই তো যেতে চাইছি।'
' কোনো প্রয়োজন নেই। আচ্ছা তুমি হঠাৎ আমার বোনের পিছনে পড়েছো কেন? মতলব কী তোমার?'
' বর্তমানে তোমার বোনের সাথে ঘুরতে যাওয়া ছাড়া আর কোনো মতলব নেই।'
' সেটাই বা কেন? না তুমি আমার বোনকে জানো আর না কখনও দেখেছো তাহলে হুট করে ওকে নিয়ে এত কিসের মাথা ব্যাথা তোমার?'
প্রশ্নের পর প্রশ্নে অতিষ্ঠ রিমশা। সে তো শুধু একটু সময় কাটাতে এসেছে এই ছোট্ট মেয়েটার সাথে। কালকের সেই ঘটনা শুনার পর থেকেই তার কেমন অস্থির লাগছে। কোথাও না কোথাও এই বাচ্চা মেয়েটার প্রতি মায়া কাজ করছে, সেই টানেই তো এতো দূর আসা। তবে এখানে এসে যে এত প্রশ্নের সম্মুখীন হতে হবে তা মাথায় আসে নি।
' আচ্ছা ঠিক আছে ওকে আমার সাথে দিতে হবে না। আমাকে তোমাদের সাথে নিয়ে চলো।'
অত্যন্ত বিরক্তি নিয়ে বলে উঠে ইয়াদ,
' কি শুরু করেছো তখন থেকে? আমি বুঝতে পারছি না হঠাৎ তোমার কি হয়েছে এভাবে রূপ পাল্টালো কি কারণে?'
রিমশা সেসবের প্রতিউত্তর করলো না। নিজের মতো বলে উঠে,
' তোমাকে নিতে হবে না। আমি তোমাদের সাথে আসছি।'
কথাটা শেষ করে ইরহার ডান হাতটি নিজের হাতের মুঠোয় নেয়। কোনো প্রকার টু শব্দ না করে সেভাবেই জোর খাটিয়ে এগিয়ে যায় সামনে।
এদিকে ইয়াদ প্রচণ্ড বিরক্ত তার এসব কাজে তবুও আর কথা বাড়ালো না চুপচাপ পা বাড়ালো।
**********
একটি সুন্দর ও মনোরম পরিবেশে বর্তমানে অবস্থানরত ইয়াদ, ইরহা ও রিমশা। ইরহাদের বাড়ি থেকে বিশ মিনিটের দূরত্বে অবস্থিত এই সুন্দর পার্কটির। এখানে অনেকই এসেছে তাদের পরিবার নিয়ে ঘুরতে।
তাদের মধ্যে কেউ বসে গল্প করছে তো কেউ হেঁটে চারিদিক পর্যবেক্ষণে মগ্ন। কাঠ দিয়ে কিছু পরপর বসার জন্য জায়গা করে রাখা সেগুলোর একটিতে ইয়াদ বসে।
তার কিছুটা সামনে খোলা জায়গায় ছোটাছুটিতে ব্যস্ত ইরহা ও রিমশা। ইরহার পিছন পিছন রিমশা দৌড়ে চলেছে উদ্দেশ্য তাকে ধরা। সেই সাথে ভেসে আসছে হাসির কলরব। দুজনের চেহারায় উপচে পড়া খুশির ঝিলিক। তাদের এই আনন্দঘন মুহূর্ত সহ্য হচ্ছে না ইয়াদের। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বসে আছে।
রিমশার এই হঠাৎ আগমন, এতো ভালো ব্যবহার ঠিক হজম হচ্ছে না। এই মেয়ের সাথে আদৌ তার কখনও কথা হয়েছে কিনা সন্দেহ। সেখানে হুট করে বাড়ি এসে তারই বোনের সাথে এতো আদিক্ষেতার কারণ কি? এমন না যে রিমশাকে সে সহ্য করতে পারে না। রিমশা সবার সাথেই খুব ভালো অথচ তার বেলায় ওর যত ক্ষোভ। ক্লাস ওয়ান থেকে তারা এক সাথে। স্কুল কলেজ এক সাথে বিধায় অন্য কোথাও ভর্তি হতে হয় নি। সেই থেকে রিমশা তার সাথেই আছে। তাদের কখনও কথা হয় নি। হয় নি বলতে সেভাবে প্রয়োজন হয় নি। রিমশা নিজেই তাকে এড়িয়ে চলত। ক্লাসে ফার্স্ট না হওয়াতে তার প্রতি সব সময়ই একটা নীরব ক্ষোভ প্রকাশ করে রিমশা। সেই মেয়ের এই হঠাৎ বদল নিতান্তই অস্বাভাবিক।
*********
' ওকে কিউটি এখন আমাকে যেতে হবে।'
মাত্রই বাড়িতে পৌঁছে কথাটি বলে উঠে রিমশা। এইতো সদর দরজায় দাড়িয়ে তিনজন।
ইয়াদ সেই তখন থেকে বিরক্ত। একটা শব্দও উচ্চারণ করে নি এতক্ষণ যাবত। তার ঠিক পাশেই ইরহার এক হাত আঁকড়ে রিমশা।
' এখন না গেলে হয় না?'
বড্ড আদুরে শুনালো ইরহার এই ছোট উক্তিটি। তাকে দেখলেই রিমশার খুব খারাপ লাগে। এতো ছোট মিষ্টি একটা মেয়ে তার বাবা মা নেই ভাবতেই আরো খারাপ লাগা ঘিরে নেয় তাকে। রিমশা তার গালে হাত বুলিয়ে বলে উঠে,
' আমাদের আবার দেখা হবে। আজ যেতে হবে আমায়।'
মন খারাপ করেই জবাব দিলো ইরহা,
' আচ্ছা। তাড়াতাড়ি দেখা করবে তো?'
এ পর্যায়ে রিমশা চোখ উঠিয়ে তাকায় ইয়াদের দিক। সেভাবে তাকিয়েই প্রতিউত্তর করে,
' অবশ্যই।'
#চলবে