ফন্ট সাইজ:
থিম:
মন খোঁজে তোমাকে

পর্ব 8

লেখক: সুমনা আক্তার

#মন_খোঁজে_তোমাকে
#সুমনা_আক্তার

৮.

বৃষ্টির পর পৃথিবীর সৌন্দর্য অপরূপ, অতুলনীয়। গতকাল সারারাত বৃষ্টি হয় তবে ভোর হতেই সেই বৃষ্টি দমে গিয়ে উদীয়মান হয় সূর্য কীরন দিনের।
এখন সকাল, চারিদিকে নিস্তব্ধতা বিরাজমান। ঢাকা শহর কোলাহল পূর্ণ হলেও ইরহা মঞ্জিল নির্জন স্থানে অবস্থিত। ফলে চারিদিকের এতো কোলাহলের মধ্যেও এই জায়গায় মানুষ জনের তেমন আনাগোনা নেই। তিন চারটে দোকান রয়েছে তাও অনেক দূরত্বে।

দক্ষ হাতে একের পর এক বই দেখে নিয়ে ব্যাগে ভরছে ইয়াদ। ভার্সিটিতে আজ ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। সিল্কি চুলগুলো এলোমেলো ভাবে কপালে ছড়িয়ে। বই নিয়ে ব্যাগ রাখে টেবিলে। এগিয়ে যায় ড্রেসিং টেবিলের আয়নার সামনে, ব্যস্ত হাতে এলোমেলো চুল গুলোকে ঠিক করলো।
এরই মধ্যে স্কুল ড্রেসের এক হাত ঢুকিয়ে ইরহার আগমন ঘটে।

' ভাইয়া আরেকটা হাত খুঁজে পাচ্ছি না।'

চুলে চলতে থাকা হাত থামিয়ে এগিয়ে যায় ছেলেটা। ড্রেস ঠিক ভাবে পড়তে সাহায্য করে। জামার পিছনের চেইন লাগাতে নিলে চোখে পড়ে পিঠের কিছু কালচে দাগ। মুহূর্তেই থেমে যায় ছেলেটির হাত। ব্যস্ত ভঙ্গিতে জামার দু দিক সরিয়ে দেখে কারো হাতের পাঁচ আঙ্গুলের ছাপ স্পষ্ট।
ইয়াদ বাকরুদ্ধ, উদ্বিগ্ন হয়ে তাকাল। সে তো ভুলেও এই মেয়েটাকে ফুলের টোকা পর্যন্ত দেয় না সেখানে এসব কিভাবে? চেহারায় স্পষ্ট ভীত, শ'ঙ্কিত। অধীর গলায় জানতে চায়,

' এসব কিভাবে হলো? তুই আবার মারামারি করেছিস?'

ইরহা চমকে উঠে। ভয়ে কেঁপে ওঠে সর্বাঙ্গ। কিছু বলার পূর্বেই তাকে ঘুরিয়ে সামনে ফেরায় ইয়াদ। ছেলেটার চেহারায় আশঙ্কা দৃশ্যমান। পুনরায় প্রশ্ন করলো,

' বল কার সাথে মারামারি করেছিস?'

ভয়ে ঢোক গিলে ইরহা। নেত্রযূগল লুকাতে এদিক সেদিক তাকায়। অধৈর্য হয়ে উঠে ইয়াদ, হাত ধরে অত্যধিক মোলায়েম স্বরে শুধায়,

' কে মেরেছে এভাবে, বলবি না ভাইয়াকে?'

তার কথায় কিছুটা সাহস পায় মেয়েটা, ভয়ে ভয়ে তাকায়। শঙ্কা নিয়ে বলে,
' বললে আমায় বকবে না তো?'

ইরহা সহজ হোক সেভাবেই ইয়াদ নিজেকে দমিয়ে নিয়ে বলে,
' না।'

তবুও মেয়েটি সহজ হলোনা। বেগ নিয়ে আমতা আমতা করে জানায়,
' আ..আমার কাল.ল বিকেলে যখন খিদে লাগে তখন আন্টিকে বলেছিলাম নুডলস করে দিতে। তিনি দিয়েছেন তবে জ্বাল বেশি ছিল তাই বলেছিলাম ওটা আমি খাব না আবার করে দিতে উনি দেননি তাই আমি প্লে..প্লেটের নু..নুডলস ফেলে দেই। তখন আন্টি আমাকে বলে ওগুলোই খেতে আমি খাইনি বলে মেরেছে। তুমি তো বলেছিলে বড়দের সাথে ঝগড়া না করতে, আমি ওনাকে কিছু বলিনি সত্যি বলছি ভাইয়া। প্লীজ আমাকে বকা দিও না। আমি আর এমনটা করবো না।'

শেষের দিকে অস্থির হয়ে উঠে ইরহা। কাল থেকে ভয়ে ভয়ে ছিল। ভাইয়া জানলে নিশ্চিত তাকে বকবে, মারবে। তাই সাহস হয় নি জানানোর। কিন্তু এভাবে যে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি।

এদিকে স্তব্ধ, বিমূঢ়, হতবাক দৃষ্টিতে তাকিয়ে ইয়াদ। থমথমে হয়ে উঠল মুখ। বুকের ভেতর অস্থির হয়ে উঠেছে। মুখে কোনো কথাই বলতে পারলো না সেই মুহূর্তে। তার কলিজায় হাত দেওয়ার সাহস হয় কি করে মহিলার? যেখানে সে ধমক দিয়ে কথা বলতেও নারাজ।বাচ্চাটার পিঠের অবস্থা দেখে বুঝা যাচ্ছে ব্যথা পেয়েছে অধিক। চিন্তান্বিত মুখে মায়া মায়া কন্ঠে প্রশ্ন করে,

' বেশি লেগেছে কলিজা আমার?'

ভাইয়ের আদুরে স্বরে ভয় পালায় নিমিষে। মুখটা ছোট করে জানায়,
' কাল খুব জ্বলেছে ভাইয়া। এখন ব্যথা নেই।'

বুক কাপে ছেলেটার। উদগ্রীব, ব্যকুল দৃষ্টিতে
দেখে নেয় তার পুতুলকে। মুখে আর কিছু বলে না। শক্ত চিবুক,লাল চোখ হয়ে উঠে মুহূর্তে। দু হাতে পেঁচিয়ে ধরে কোলে নেয় মেয়েটাকে। সেভাবেই রুম থেকে বেরিয়ে আসে। গলার স্বর উচু করে ডাকে,

' আন্টি, কোথায় আপনি?'

প্রথম ডাকেই বেরিয়ে আসেন মহিলা। আঁচলে হাত মুছতে মুছতে সামনে এসে দাঁড়িয়ে জানতে চান,
' কি হয়েছে বাবা?'

তার এতো সম্মান দেখানো মোটেও সহ্য হলো না ছেলেটার। মুখ কঠিন করে ধারালো চাউনী নিক্ষেপ করে শুধায়,
' আপনি ওকে মেরেছেন?'

থতমত খেয়ে যান মহিলা। একবার ইরহা তো একবার ইয়াদকে দেখে চোখ নিচু করেন। মেয়েটা যে ইয়াদকে বিচার দিবে কখনোই ভাবেন নি তিনি। ইয়াদের রাগী স্বর জানান দিচ্ছে কতটা রেগে সে। তাই তিনি আমতা আমতা করলেন,
' আসলে.. মানে..।'

গর্জে ওঠে ইয়াদ,
' আসলে, মানে কি? আপনি আমার বোনকে এভাবে কেন মারলেন?'

কেঁপে উঠেন মহিলা। ঢোক গিলে বলেন,
' খাবার খেতে চায় নি তাই...'
' খেতে চায় নি বলে এভাবে মারবেন?'
' কি করবো বলো, তুমি তো বাসায় থাকো না তাই জানো না কিছু। সারাটা দিন জ্বালিয়ে মারে একটু কিছু এদিক সেদিক হলেই ভাংচুর করে। কালও করেছে তাই......'

শেষ করতে না দিয়ে ইয়াদ বলে উঠে,
' ও ভাংচুর করুক আর যাই করুক আপনি কেন মারলেন? আমাকে জানাতেন আমি ওকে শাসন করতাম।'

এ পর্যায়ে চুপ থাকেন মহিলা। বলার মতো কিছু খুঁজে পেলেন না।
তাকে চুপ দেখে ইয়াদ শক্ত কন্ঠে বলে,
' আপনি আসতে পারেন, এখানে আপনার আর কোনো প্রয়োজন নেই। চাচ্চুকে আমি বলে দিব উনি আপনার পাওনা মিটিয়ে দেবেন।'

চমকে উঠেন মহিলা। এভাবে সামান্য কারণে চাকরি ছাড়তে হবে ঘুণাক্ষরেও টের পাননি। অস্থির হয়ে বলে উঠেন,
' আর এমনটা হবে না বাবা, এবারের মতো ক্ষমা করো। চাকরিটা আমার খুব প্রয়োজন।'

এতো কিছুর ধার ধারে না ইয়াদ। তার কলিজায় কেউ হাত দিবে আর সে এমনি এমনি ছেড়ে দেবে তা কখনোই হয় না। সে পূর্বের ন্যায় বলে,
' আমি কিছু শুনতে চাই না, আপনি দয়া করে আসুন এবার।'

বলেই উত্তরের অপেক্ষা না করে চলে যায় রুমে। কোল থেকে বিছানায় ইরহাকে নামিয়ে ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আসে। সুন্দর করে চুল আঁচড়ে দেয়। নাস্তা আরও আগেই শেষ করেছে তারা। তাই নাস্তার জন্য তাড়া নেই। পুনরায় ইরহাকে কোলে নিয়ে এক হাতে নিজের ব্যাগ উঠিয়ে পা বাড়ায় ইরহার রুমে, সেখান থেকে ইরহার ব্যাগও হাতে নেয়।
এরই মধ্যে চলে গেলেন মহিলা।
এখনো থমথমে মুখ করে আছে ইয়াদ। আজ না দেখলে হয়তো জানতেই পারত না তার অগোচরে এসব হয়। বাড়ির বাহিরে এসে দরজা লক করে। ইরহাকে বলে,

' তুই আমাকে বললি না কেন?'
' যদি তুমি বকা দেও।'

তপ্ত শ্বাস ফেলল ছেলেটা। আদুরে গলায় বলে,
' বকব না। এখন থেকে কেউ মারলে বা কিছু বললে সবার প্রথমে আমাকে জানাবি মনে থাকবে?'
' আচ্ছা।'

**********

ক্লাস রুমের চার নাম্বার বেঞ্চের মধ্যখানে দুদিকে পা ছড়িয়ে বসে ইরহা। ইতি, মাহিনের এখনো খবর নেই অথচ তাদের জন্য জায়গা দখল করে বসে আছে সে। হুট করেই তাদের বন্ধু হয়েছে মাহিন। ছেলেটা অত্যধিক ভালো সেই সাথে ব্রিলিয়ান্ট। এই তো মাস খানেক হলো তাদের বন্ধুত্ব গড়ে উঠেছে। এক সাথে বসা থেকে শুরু করে দুষ্টুমি সব করে। ইতি বরাবরই নীরব প্রকৃতির মেয়ে। সে দুষ্টুমি করে না সাধারণত তবে ইরহার সঙ্গ সবসময় দেয়। তার মতে বান্ধবীকে কখনও ছাড়া যাবে না। হোক ভালো কিংবা মন্দ। যেমনটা ইরহা করে। তাকে একটি বারের জন্যও কাছ ছাড়া করে না ইরহা। স্কুলের যতটুকু সময় তার সাথে থাকতে হবে বাধ্যতামূলক।

তার ভাবনার মধ্যে দেখা যায় বিল্লাল নামের ছেলেটিকে ক্লাসে প্রবেশ করতে। পিছনে তার দুই বন্ধু মিলন ও সাজিদ। চোখে চোখ পড়তেই বিল্লালকে মিষ্টি হাসি উপহার দেয় ইরহা। অথচ তার এই মিষ্টি হাসি দেখেও ভয় পায় বিল্লাল। দ্রুত গতিতে দৃষ্টি ঘুরায় সামনে। এই মেয়ের কোনো বিশ্বাস নেই। যা কিছু করে বসতে দু বার ভাববে না। ইরহা যে সারিতে বসে সেই সারির ধারে কাছেও গেল না বিল্লাল। উল্টো মধ্যের সারি রেখে অন্য পাশে গিয়ে বসে। তার সাথে বসে মিলন ও সাজিদ।

ইরহা তা দেখে ঠোঁট উল্টায়। গলা উঁচিয়ে ডেকে উঠে,
' বিল্লু এখানে আয় অনেক জায়গা আছে।'

বিল্লাল তাকায়, দেখতে পায় মধ্যের সারিতে পাঁচটি বেঞ্চ এখনো খালি সেখানেই তাকে বসতে বলছে ইরহা। বিল্লাল মাথা নেড়ে বলে,
' না এখানে ঠিক আছি।'

ইরহা ঠোঁট উল্টে কাঁধ উচু করে। সে তো ভালোর জন্যই বলছে এখানে এত জায়গা সেই সাথে মাথার ওপর ফ্যান আছে সেসব রেখে পিছনে বসা নিতান্তই বোকামি। তাকে এত ভয় পাওয়ার কি আছে, সে কি তাকে খেয়ে ফেলবে নাকি? একদিন মেরেছে তাও কারণ বশত তাই বলে কি রোজ রোজ মারবে? ছেলে মানুষ এত ভীতু হবে কেন? ছেলেরা তো সাহসী হয়। আর একে দেখো, একটা মেয়েকে ভয় পেয়ে কোথায় বসেছে! দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়ে।
কথা না বাড়িয়ে ইরহা খাতা নিয়ে ব্যস্ত হয় কিছু লিখতে। হাতে কিছুক্ষণ পর পর গণে গণে কিছু একটা খাতায় তুলে নিচ্ছে।
তার লিখার মধ্যেই আগমন ঘটে মাহিনের। সে এসে পাশে দাঁড়ায় ইরহার। কাউকে দাঁড়াতে দেখে মাথা তুলে মেয়েটি মাহিনকে দেখে পা নামায়। মাহিন বসে তার পাশে। জিজ্ঞেস করে,
' কি করছিস ইরহা?'

বিরক্তিতে নাক কুঁচকায় মেয়েটি। প্রতিবাদ করে বলে,
' আমি বড় হই তোর নাম ধরে ডাকবি না। আপু বল।'
' তুই তো আমার সাথে পড়ছিস তাহলে আপু কেন ডাকবো?'
' তোর সাথে পড়লেই নাম ধরতে হবে? এক বছরের বড় হই তোর।'
' আমি তোকে আপু ডাকতে পারবো না, একসাথে পড়ছি এখানে বড় ছোট কি?'

ইরহা বিরক্ত হয় তবে কিছু বলে না। এই ছেলেকে কিছু বলে লাভ নেই সেটা এই কয় দিনে বেশ বুঝেছে। সে পুনরায় খাতায় মন দেয়। মাহিন লক্ষ্য করে দেখে ইরহা কিসের অংক করছে। ভালো ভাবে দেখলো সে। এই অংক গুলো এখনও স্যার করাননি। তাহলে এই মেয়ে করছে কেন? মনের কথা প্রকাশ করে,
' এই পার্টে তো এখনো আসা হয় নি। তাহলে তুই এগুলো করছিস কেন?'

খাতায় লিখা অবস্থায় ইরহা বলে,
' ভাইয়া করিয়েছে।'
' তোর ভাইয়া তোকে পড়ায়?'
' হ্যাঁ।'
' কেন? প্রাইভেট টিউটরের কাছে পরিস না?'
' না। ভাইয়ার এতো সময় নেই।'
' ভাইয়ার সময়ের সাথে তোর পড়ার কি সম্পর্ক?'
' ভাইয়ার অফিস আছে। আমাকে বাড়িতে রেখে অফিস যায়, অন্য কোথাও একা যেতে দেয় না।'
' কেন?'
' তা তো জানিনা।'

তাদের কথার মধ্যেই হাজির হয় ইতি। মেয়েটা ঘেমে নেয়ে একাকার। ক্লান্ত হয়ে বসে ইরহার পাশে। ব্যাগ থেকে বোতল নিয়ে পানি খায়। একটু সময় নিয়ে বলে উঠে,
' আম্মুর জন্য প্রতিদিন লেট হয়। সময় মতো উঠতে পারে না আর আমাকেও না খাইয়ে ছাড়ে না।'

ইরহা চুপ থাকে। আম্মু তো তারও ছিল। হারিয়ে গেছে তাকে একা রেখে। তার ভীষণ অভিমান আম্মু-আব্বুর উপর। কই ইতির আব্বু-আম্মু তো ইতিকে ছেড়ে যায়নি! তাহলে কেন তাকে ছেড়ে গেল তার আম্মু-আব্বু? প্রশ্ন অনেক তবে তার উত্তর নেই। ভাইয়াকে বললেও এখন আর উত্তর দেয় না। অন্য কিছু বলে কথা এড়িয়ে যায়। থাক তার আর কাউকে চাই না। ভাইয়া থাকলেই হলো।

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন