ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 3

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (০৩)
#সানা_শেখ

রোশনাইয়ের ঘুম ভাঙল সন্ধ্যা ছয়টার পর। সকালে খাবার খাওয়ার পর ওষুধ খেয়ে সেই যে ঘুম দিয়েছিল, সেই এক ঘুমেই সন্ধ্যা হয়ে গেল। শোয়া থেকে উঠতে ভীষণ আলসেমি লাগছে। শরীর ম্যাজম্যাজ করছে।

বাবুর নড়াচড়া অনুভব করে পেটের দিকে তাকাল। ডিভোর্সের সপ্তাহ খানেক পর যখন জানতে পারল সে প্রেগন্যান্ট, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। এই সত্যিটা সে কোনোভাবেই মানতে পারছিল না। যেই মানুষটা তার জীবনে আর নেই, সেই মানুষটার অস্তিত্ব তার গর্ভে কেন এলো? সে তো ভেবেই নিয়েছিল অ্যাবরশন করিয়ে ফেলবে। তারপর কত কিছু ঘটে গেল।

আলসেমি ছেড়ে শোয়া থেকে উঠে বসল রোশনাই। মাথাটা ভার ভার লাগছে। এলোমেলো চুলগুলো হাত খোঁপা করে বিছানা ছেড়ে নেমে দাঁড়াল। ওড়নাটা গায়ে জড়িয়ে এগোল ওয়াশরুমের দিকে। জ্বর আর ওঠেনি, এটাই তার জন্য স্বস্তি।

ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতেই রোশনাইয়ের কানে ভেসে এলো ইভানের গলার আওয়াজ। সে গলা ছেড়ে গান গাইছে। গানের সুরে গাঢ় বেদনা, এক বুক আক্ষেপ।

“আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি,
জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি…
প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি,
আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি।

লোহা যেমন পোড়ে কামার, আমি তেমন পুড়ি,
আর কতকাল পোড়াবি আমায় হইয়া কামারি….”

ইভান থেমে গেল, তার ফোন বাজছে। রোশনাই আবার হাঁটতে লাগল সিঁড়ির দিকে।
নিচে নেমে আসতেই দেখা হলো করিম মিয়ার সঙ্গে। তিনি যেন রোশনাইয়ের অপেক্ষাতেই ছিলেন। হাসি মুখে বললেন,

“আপনার খাবার রেডি আছে, ডাইনিংরুমে চলুন।”

রোশনাই মলিন মুখে হাসি ফুটিয়ে বলল,

“আঙ্কেল, আমি আপনার চেয়ে অনেক ছোটো, আপনার মেয়ের বয়সী হবো। আমাকে আপনি না বলে তুমি করে বলবেন।”

করিম মিয়া মাথা নাড়লেন। রোশনাই তার পেছন পেছন ডাইনিংরুমের দিকে এগিয়ে বলল,

“মামা বাড়িতে নেই?”

“না। স্যার তো হসপিটালে চলে গেছেন। রাত নয়টায় ফিরবেন।”

“ওহ।”

রোশনাই খাওয়া শুরু করার তিন-চার মিনিট পর ডাইনিংরুমে প্রবেশ করল ইভান। রোশনাইয়ের দিকে একবার তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ল। করিম মিয়া প্লেটে খাবার বেড়ে ইভানের সামনে দিলেন। ইভান আশপাশে আর তাকাল না। ফোনে চ্যাট করতে করতে খেতে লাগল।

রোশনাই আড়চোখে দুবার তাকাল ইভানের দিকে, তারপর আর কোনোদিকে না তাকিয়ে নিজের খাওয়া শেষ করল।
ডাইনিংরুম থেকে বেরিয়ে ড্রয়িংরুমে এসে বসল সোফায়। বাড়িটা অস্বাভাবিক শান্ত। মনে হচ্ছে এত বড়ো বাড়িটায় সে একাই আছে।
ইভান ও ইহসান চৌধুরীর কথা ভেবে ভীষণ মন খারাপ হলো তার। তার মামা একাই বাবা এবং মায়ের দায়িত্ব পালন করে আসছেন গত বিশটা বছর ধরে।

ইভানের মা নিশাত মারা যাননি। তিনি ডিভোর্স নিয়ে অন্য একজনকে বিয়ে করেছেন। এই কারণে ইভান তার মাকে সহ্য করতে পারে না। কেউ তার মায়ের ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করলে সোজা বলে দেয় ‘মরে গেছে’।

কলিংবেলের আওয়াজ শুনে দরজার দিকে তাকাল রোশনাই। ডাইনিংরুম থেকে বেরিয়ে এলেন করিম মিয়া। দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেখলেন ইভানের দুই বন্ধু আশিক আর মেহেদী এসেছে। দুজনেই হাসি মুখে সালাম দিয়ে সুর ধরে বলল,

“মামায়ায়ায়া, কেমন আছেন?”

করিম মিয়া হাসি মুখে সালামের জবাব দিয়ে বললেন,

“আলহামদুলিল্লাহ ভালো আছি, মামারা। তোমরা কেমন আছো?”

“বিন্দাস আছি, মামা!”

করিম মিয়া পথ ছেড়ে দাঁড়ালেন। দুজন ভেতরে প্রবেশ করার পর প্রথমেই তাদের নজর আটকালো রোশনাইয়ের দিকে। রোশনাইও তাদের দুজনের দিকে তাকিয়ে আছে।

আশিক আর মেহেদী বিস্মিত হয়ে একে অপরের মুখের দিকে তাকাল। এবাড়িতে মেয়ে মানুষ এলো কোথা থেকে? কে এই মেয়ে? ভূত দেখার মতো বড়ো বড়ো চোখ বানিয়ে দুজন আবার তাকাল রোশনাইয়ের দিকে।

দুজনকে এমন অদ্ভুত চোখে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ অস্বস্তি বোধ করতে লাগল রোশনাই। কারা এরা? এভাবে তাকিয়ে আছে কেন তার দিকে?

দুজনকে মূর্তির মতন দাঁড়িয়ে থাকতে দেখে করিম মিয়া বললেন,

“এভাবে দাঁড়িয়ে আছো কেন তোমরা? সোফায় বসো, ইভানের খাওয়া প্রায় শেষ।”

দুজনকে সোফায় বসতে বলছে শুনেই রোশনাই সোফা ছেড়ে উঠে দাঁড়াল। তার স্ফীত পেটটা দেখে দুজনের চোখ এবার আরও বড়ো বড়ো হলো। মনে হচ্ছে কোটর থেকে বেরিয়ে আসবে এখনই।

রোশনাই আর একমুহুর্ত না দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগোল। তখনই ডাইনিংরুম থেকে বেরিয়ে এলো ইভান। সদর দরজার দিকে পা বাড়াতেই নজর পড়ল দুই বন্ধুর ওপর। দুজনের দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকাতেই দেখল রোশনাই সিঁড়ি বেয়ে উপরে উঠছে।
সিঁড়ির দিক থেকে চোখ সরিয়ে দুজনের দিকে তাকিয়ে বলল,

“আমাকে রেডি হয়ে বের হতে বলে তোরা এখানে কেন?”

আশিক বলল,

“ভাবলাম তোকে সারপ্রাইজ দেই, এখন তো উলটো আমরাই সারপ্রাইজড হয়ে গেলাম।”

ইভান চোখ দুটো ছোটো ছোটো করে ফেলল। করিম মিয়া ডাইনিংরুমের দিকে এগোলেন। সব কাজ শেষ করে রাতের খাবারের ব্যবস্থা করতে হবে।

মেহেদী ইভানের কাছে এগিয়ে এসে বলল,

“মেয়েটা কে রে, দোস্ত?”

ইভান আবার সিঁড়ির দিকে তাকাল। রোশনাই চলে গেছে। স্বাভাবিক কণ্ঠে বলল,

“আমার কাজিন।”

আশিক এগিয়ে আসতে আসতে বলল,

“তাও ভালো। আমি আরও ভাবছি তুই আমাদের না জানিয়ে বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেলছিস!”

মেহেদী কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু তাকে বলতে না দিয়ে ইভান আশিকের দিকে তাকিয়ে গুরুগম্ভীর গলায় বলল,

“দেখ আশিক, এসব কথা আমার একদম পছন্দ নয় তুই জানিস।”

“রাগ করছিস কেন, ভাই? আমি তো সত্যি সত্যিই ভেবেছিলাম তুই আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছিস। আর বাবাও হতে চলেছিস।”

কথাগুলো বলেই হাঁ হাঁ করে হাসতে লাগল আশিক। মেহেদীও তার সঙ্গে তাল মিলিয়ে হাসতে লাগল। ইভান রাগে কটমট করে তাকিয়ে রইল দুজনের দিকে। ইচ্ছে করছে দুজনের পাছায় দুটো করে লাথি মে’রে বাড়ি থেকে বের করে দিতে।

মেহেদী নিজের হাসি থামিয়ে বলল,

“এ্যাই ইভান, মেয়েটা তো কেমন বোন?”

ইভান আগের মতোই গুরুগম্ভীর গলায় বলল,

“ফুপির মেয়ে।”

“তোর ফুপিও এসেছে?”

“না।”

“কে কে এসেছে?”

“রোশনি একাই এসেছে।”

“রোশনি? দারুণ তো নামটা!”

আশিক বলল,

“কীসের জন্য এসেছে? তোদের দেখতে নাকি সম্পত্তির ভাগ নিতে?”

“জানি না!”

“রেগে যাচ্ছিস কেন এভাবে? চল বাইরে চল। আজকের ওয়েদার ভীষণ সুন্দর, তোর মুড একদম ঠান্ডা হয়ে যাবে।”

মেহেদী বলল,

“মেঘের মুতে মুড না, শরীর ঠান্ডা হয়ে যাবে!”

মেহেদীর কথা শুনে আশিক হো হো করে হেসে উঠল। ইভানের গম্ভীর মুখেও হাসি ফুটল।

*****

গেস্ট রুমের দরজায় এসে দাঁড়াল ইভান। দরজাটা ভেজানো রয়েছে। দরজায় কয়েকবার নক করলেও কোনো সাড়াশব্দ এলো না ভেতর থেকে। গলার আওয়াজ বাড়িয়ে উচ্চস্বরে ডাকল,

“রোশনি।”

তিনবার ডাকার পর দরজার সামনে এসে দাঁড়াল রোশনাই। তার চোখমুখে পানির ছিটা, হাতে তোয়ালে। ইভান বুঝতে পারল রোশনাই এতক্ষণ ওয়াশরুমে ছিল সেজন্য সাড়া দিচ্ছিল না।
রোশনাই মেঝের দিকে তাকিয়ে বলল,

“আমার নাম রোশনি না, রোশনাই।”

ইভান তাকিয়ে রইল রোশনাইয়ের দিকে। রোশনাই নামটা তার মনে থাকে না তেমন। বারবার মুখ ফসকে রোশনি বেরিয়ে আসে। গত দুদিনে বেশ কয়েকবার রোশনাইয়ের নাম সে শুনেছে, তবুও মনে থাকে না।

রোশনাই মুখ তুলে ইভানের দিকে তাকাল। একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গেই চোখ নামিয়ে নিল আবার। বলল,

“ডাকছিলেন কেন?”

“তোমার কী কী লাগবে লিস্ট করে দাও।”

রোশনাই ইভানের কথার মানে বুঝতে না পেরে চোখ তুলে তাকাল আবার। তার অবুঝের মতন চাহনি দেখে ইভান বলল,

“তোমার প্রয়োজনীয় কী কী লাগবে সেগুলো লিস্ট করে দাও। ড্যাড এনে দিতে বলেছে।”

“আমার কিছু লাগবে না।”

“ঠিক আছে। দুপুরে খেয়ে নিও।”

ইভান ঘুরে হাঁটা ধরল। এখন বিকেল সাড়ে তিনটা বাজে। সে এখন যাবে বন্ধুদের সঙ্গে ঘুরতে। ইহসান চৌধুরী কিছুক্ষণ আগে তার ফোনে কল করে বলেছেন রোশনাইয়ের কী কী লাগবে সেসব রোশনাইয়ের কাছ থেকে জেনে নিয়ে এনে দিতে। বাবার কোনো কথা ফেলে না ইভান, সেজন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও রোশনাইকে জিজ্ঞেস করতে এসেছিল। যেহেতু রোশনাইয়ের কিছু লাগবে না তাই সে হাঁফ ছেড়ে বেঁচেছে।

গতরাতে বাবার কাছ থেকে রোশনাইয়ের জীবনের পুরো ঘটনা শুনেছে সে। সব শুনে রোশনাইয়ের জন্য কিছুটা খারাপ লেগেছে, তবে অতটাও না।

রোশনাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতমুখ মুছে চুল আঁচড়াতে লাগল। দুপুরে খাওয়ার পর শুতেই ঘুমিয়ে পড়েছিল। দুদিনেই তার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। চেহারা আগের মতো শুকনো শুকনো লাগছে না। পর্যাপ্ত ঘুম, খাওয়া, আর বিশ্রামের কারণে বেশ সুস্থ বোধ করছে।

রোশনাই বাবা-মায়ের একমাত্র সন্তান। বয়স উনিশ বছর। ধবধবে ফরসা গায়ের রঙ যত্নের অভাবে আর বাস্তবতার জাতাকলে পিষ্ট হয়ে এখন মলিন। তার বাবার মৃত্যুর পর তার মা তাকে একা হাতে বড়ো করেছে। প্রথমবার স্ট্রোক হওয়ার পর মাত্র সতেরো বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিলেন ইলমা চৌধুরী। নিজের মৃত্যুর আগেই মেয়ের একটা গতি করতে চেয়েছিলেন তিনি। বাবা নেই, তিনিও চলে গেলে মেয়েটা কার কাছে থাকবে? তার দুই ভাসুর যে খুব একটা সুবিধার মানুষ না সেটা তিনি জানতেন।

মেয়ের বিয়ের পর বড়ো এক সত্যের মুখোমুখি হলেন ইলমা চৌধুরী। তার স্বামীর ভাগের সব সম্পত্তি তার দুই ভাসুর ষড়যন্ত্র করে নিজেদের নামে করে নিয়েছে। এই সত্যিটা সহ্য করতে পারেননি ইলমা চৌধুরী। দ্বিতীয়বার স্ট্রোক করে পরপারে পাড়ি জমান তিনি।

রোশনাইয়ের বিয়ের আগে তার শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে কথা হয়েছিল বিয়ের পরও রোশনাইকে পড়তে দেওয়া হবে। কিন্তু রোশনাইয়ের ইন্টার মিডিয়েট শেষ হওয়ার পর তাকে আর পড়তে দেওয়া হয়নি। এর মধ্যেই তার স্বামী পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করে আর তাকে ডিভোর্স দেয়।

ন্যায় বিচারের জন্য বেশ ছোটাছুটি করেছে রোশনাই। এখন সবকিছুর আশা ছেড়ে দিয়েছে। তার কোনো সম্পত্তি লাগবে না। স্বামী সংসার কিচ্ছু লাগবে না। শুধু সন্তানকে নিয়ে সহজ একটা জীবন কাটাতে চায়—যেখানে কোনো জটিলতা থাকবে না, থাকবে না কোনো দুঃখ-কষ্ট।

*****

রোশনাই মামার বাড়িতে এসেছে আজ পাঁচদিন।
মাঝরাত থেকে তার মাজার দিক দিয়ে হালকা হালকা ব্যথা করছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যথা বেড়েছে। এখন দাঁড়িয়ে বা শুয়ে থাকতে পারছে না সে। বাড়িতে একজন নারীও নেই যে তাকে কিছু বলবে। ইহসান চৌধুরী হসপিটাল থেকে কখন ফিরবেন ঠিক নেই। সবে মাত্র বিকেল চারটা বাজে।

রোশনাই আর সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে এলো। ইভান বোধহয় তার রুমেই রয়েছে। এই মুহূর্তে তাকে বলা ছাড়া আর কোনো উপায় দেখছে না রোশনাই।

ইভানের দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে এলো ইভানের গলার আওয়াজ। রোশনাই দরজা ঠেলে দু পা এগোল ভেতরে।
রোশনাইকে দেখতেই হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসল ইভান। সে ভেবেছিল করিম মিয়া এসেছেন।

ইভান খেয়াল করল রোশনাই কিছুটা কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। সেদিনের মতো আজও তার শরীর কাঁপছে। বিছানা ছেড়ে নেমে দাঁড়িয়ে বলল,

“কোনো সমস্যা হয়েছে?”

মাথা নাড়ল রোশনাই। ইভান কয়েক কদম এগিয়ে এসে বলল,

“কী?”

রোশনাই মেঝের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল,

“লেবার পেইন শুরু হয়েছে।”

“তো আমি কী করব? হসপিটালে যাও।”

রোশনাই কিছুক্ষণ তাকিয়ে রইল ইভানের মুখের দিকে। তারপর চোয়াল শক্ত করে বলল,

“আপনাকে কিছু করতে হবে না, মামাকে কল করুন।”

ইভান বিছানার কাছে এগিয়ে এসে ফোন হাতে নিয়ে বাবাকে কল করল। রিসিভ হলো সঙ্গে সঙ্গেই। ইহসান চৌধুরী কিছু বলার আগেই ইভান বলল,

“ড্যাড, রোশনির লেবার পেইন শুরু হয়েছে।”

ওপাশ থেকে ইহসান চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে বললেন,

“কখন থেকে? রোশনাই কোথায়?”

“জানি না কখন থেকে। আমার রুমেই দাঁড়িয়ে আছে।”

“ফোন রোশনাইয়ের কাছে দাও।”

ইভান এগিয়ে এসে ফোন বাড়িয়ে দিলো রোশনাইয়ের দিকে। রোশনাই ফোন হাতে নিয়ে কানে ধরে বলল,

“মামা।”

“রোশনাই, তোমার পেইন শুরু হয়েছে কখন?”

“দুপুরের পর থেকে বেড়েছে, সহ্য করতে পারছি না এখন।”

“তুমি আরও আগেই জানাবে না আমাকে?”

রোশনাই চুপ করে রইল। ইহসান চৌধুরী আবার বললেন,

“ভয় পেও না, সাহস রাখো মনে। ইভানকে নিয়ে দ্রুত হসপিটালে চলে এসো।”

“আচ্ছা, মামা।”

“ফোন ইভানের কাছে দাও।”

রোশনাই ফোন এগিয়ে দিলো ইভানের দিকে।

“হ্যাঁ ড্যাড, বলো।”

“রোশনাইকে নিয়ে দ্রুত হসপিটালে চলে এসো।”

“আমি?”

“হ্যাঁ, দ্রুত এসো।”

“আমি কেন?”

“আমার কথা শোনো, ইভান।”

“আসছি।”

“দ্রুত আসবে।”

“আচ্ছা।”

কল কে’টে গেল। রোশনাইয়ের দিকে তাকিয়ে বলল,

“এভাবেই যাবে নাকি তৈরি হবে?”

“দাওয়াত খেতে যাচ্ছি না যে তৈরি হয়ে যাব।”

“তুমি নিচে যাও, আমি রেডি হয়ে আসছি।”

রোশনাই ঘুরে বেরিয়ে এলো রুম থেকে। গেস্টরুমে এসে প্রয়োজনীয় সবকিছু ব্যাগে গুছিয়ে নিল। হাতমুখ ধুয়ে ব্যাগ হাতে ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে। নিজেকে আজও ভীষণ অসহায় বোধ করছে রোশনাই। একটা শক্ত হাত নেই যেটায় ভর করে সিঁড়ি বেয়ে নামবে সে।
অর্ধেক সিঁড়ি এসে হাত থেকে ব্যাগ রেখে দিলো। রেলিং ধরে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে লাগল। থেকে থেকে ব্যথা বাড়ছে, আবার কমে যাচ্ছে।

চলবে……………

লাইক কমেন্ট করতে ভুলবেন না কেউ। যারা যারা এখনো সানা শেখ পেজটি ফলো দেননি তারা দ্রুত ফলো দিয়ে রাখুন তাহলে পরবর্তী পর্ব পোস্ট করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন