#অনুভূতির_মায়াজাল (০৪)
#সানা_শেখ
ইভান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এলো বাবার সঙ্গে কথা বলতে বলতে। সিঁড়ি বেয়ে নামার সময় দেখল সিঁড়ির ওপর বসে আছে রোশনাই। কথা শেষ করে ফোন পকেটে ভরতে ভরতে রোশনাইয়ের কাছে এগিয়ে এসে দাঁড়াল। বলল,
“কি হয়েছে?”
রোশনাই মুখ তুলে তাকাল। ইভান আসছে টের পেতেই চোখমুখ মুছে ফেলেছিল। কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি। চোখজোড়া থেকে এখনো টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। চেহারা লাল হয়ে উঠেছে।
কয়েক মুহূর্ত তাকিয়ে থেকেই যেন রোশনাইয়ের চোখের ভাষা পড়ে ফেলল ইভান। তপ্ত শ্বাস ফেলে হাত বাড়িয়ে বলল,
“ওঠো।”
রোশনাই ইভানের হাত ধরল না। চোখমুখ মুছে উঠে দাঁড়াল। তীব্র ব্যথায় সোজা হতে পারছে না। ব্যাগটা হাতে নেওয়ার জন্য আরেকটু ঝুঁকতেই ইভান হাতে তুলে নিল ব্যাগটা। অন্য হাতে রোশনাইয়ের হাতটা ধরল। রোশনাই তাকিয়ে রইল দুজনের হাতের দিকে। ইভান সিঁড়ির এক ধাপ নেমে বলল,
“চলো।”
রোশনাই কিছু না বলে ইভানের সঙ্গে পা বাড়াল। তার বিয়ের আগে তার মা একদিন নিজের বাবা ও ভাইয়ের ব্যাপারে বলেছিলেন তাকে। আরও বলেছিলেন, ‘যেদিন আমি থাকবো না। তোমার পাশে দাঁড়ানোর মতন কেউ থাকবে না। নিজেকে যেদিন সবচেয়ে বেশি অসহায় মনে হবে, নিজেকে সামলাতে পারবে না, সব সাহস হারিয়ে ফেলবে, ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে না—সেদিন আমার বাবা ও ভাইয়ের কাছে যাবে তুমি। ওরা নিশ্চয়ই তোমাকে আগলে নেবে। কিন্তু আমি ছাড়াও কেউ যদি তোমার পাশে থাকে, বা তুমি একা লড়াই করার সাহস পাও—তবে যাবে না। আমি আমার বাবা ও ভাইকে অনেক বড়ো ও গভীর আঘাত দিয়েছি।’
আজ রোশনাইয়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। নিজের বলে ভাবা মানুষগুলো তাকে নিষ্ঠুরভাবে ঠকিয়েছে, পর করে ছুঁড়ে ফেলে দিয়েছে তাকে। একা একা যুদ্ধ করার সব শক্তি, সব সাহস যখন নিঃশেষ হয়ে গিয়েছিল, যখন কোনো পথই আর খোলা দেখছিল না—তখন বাধ্য হয়েই নিজের শেষ আশ্রয় হিসেবে মামার বাড়ির দরজায় এসে কড়া নেড়েছিল মেয়েটা।
ইভান শক্ত করে রোশনাইয়ের হাত ধরে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামিয়ে আনল। ব্যথায় কাবু রোশনাই নিজের ভারটুকুও যেন ঠিকমতো সামলাতে পারছে না এখন। ইভানের হাত আঁকড়ে ধরে কোনোমতে সিঁড়ি বেয়ে নেমে এলো। এই মুহূর্তে ইভান ছাড়া তার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। হাঁটতে হাঁটতে মুখ তুলে তাকাল ইভানের মুখের দিকে। সঙ্গে সঙ্গে ইভানও তাকাল। রোশনাই মুখ নামিয়ে নেওয়ার পর ইভান বলল,
“গাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবে?”
রোশনাই মুখ তুলল আবার। মাথা নেড়ে জানাল সে হেঁটেই যেতে পারবে। ইভানকে যতটা কেয়ারলেস, উদাসীন, গাছাড়া বেপরোয়া ভেবেছিল আজ বুঝতে পারছে ইভান ততটাও অমন নয়।
বাইরে বেরিয়ে এসে গাড়ির পেছনের দরজা খুলে রোশনাইকে বসিয়ে দিলো ইভান। তারপর নিচ থেকে কাপড়ের ব্যাগ তুলে পাশের সিটে রেখে দ্রুত ড্রাইভারের সিটে এসে বসল। মুহূর্তেই গাড়ি স্টার্ট দিয়ে ছুটে চলল হসপিটালের উদ্দেশে।
পেটের ওপর হাত রেখে সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল রোশনাই। চোখ থেকে অনবরত গড়িয়ে পড়ছে অশ্রুধারা। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার, অথচ সে পারছে না। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো কান্না হয়ে গলার কাছে এসে দলা পাকিয়ে আটকে আছে। তার জীবনটা কেন এমন হলো?
গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাসে রোশনাইয়ের যন্ত্রণাকাতর মুখটার দিকে কয়েকবার তাকাল ইভান। মেয়েটার মাত্র উনিশ বছর বয়স! এই বয়সে যেখানে বন্ধুদের সঙ্গে হেসে-খেলে বেড়ানোর কথা, সেখানে সে জীবনের এত জটিল ও কঠিন সময় পার করছে। মানব জাতির জীবন বড়ো বিচিত্র! কেউ রাখতে চেয়েও রাখতে পারে না, আর কেউ থাকতে চেয়েও থাকতে পারে না।
হসপিটালে পৌঁছানোর পর নার্সরা রোশনাইকে হুইলচেয়ারে বসিয়ে দ্রুত লেবার রুমের দিকে নিয়ে যেতে লাগল। ব্যথায় আচ্ছন্ন রোশনাই ঘাড় ঘুরিয়ে দেখল—একদিকে মামা ইহসান চৌধুরী ব্যাকুল হয়ে তার পাশে পাশে ছুটছেন, আর অন্যদিকে ইভান গম্ভীর মুখে কিছুটা দূরত্ব রেখে তাদের পিছু পিছু আসছে।
মায়ের বলা সেই কথাগুলো রোশনাইয়ের মনে আবারও প্রতিধ্বনির মতো বাজতে লাগল—‘ওরা নিশ্চয়ই তোমাকে আগলে নেবে...’
লেবার রুমের দরজাটা বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে রোশনাই শেষবারের মতো বাইরে দাঁড়িয়ে থাকা ইভান আর তার মামার দিকে তাকাল। ইহসান চৌধুরীর চেহারায় স্পষ্ট উদ্বেগ। অথচ ইভানের মুখে কোনো অনুভূতির ছাপ নেই। গম্ভীর, নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে তার দিকে।
সময় গড়াতে লাগল। ইহসান চৌধুরী বসে আছেন চেয়ারে। পাশের চেয়ারে বসে আছে ইভান। লেবার রুমের দরজা বন্ধ হওয়ার পরই হসপিটাল থেকে চলে যেতে চেয়েছিল সে, ইহসান চৌধুরী যেতে দেননি। এইটুকু সময়ের মধ্যে অসংখ্যবার ইভানের বন্ধুরা কল আর মেসেজ করেছে।
লেবার রুমের দরজা খুলে যেতেই দ্রুত উঠে দাঁড়ালেন ইহসান চৌধুরী। বাবাকে উঠে দাঁড়াতে দেখে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকাল ইভান। কানে ভেসে এলো তীক্ষ্ণ কান্নার আওয়াজ। সামনের দিকে তাকিয়ে দেখল নার্স বাবুকে কোলে নিয়ে লেবার রুম থেকে বেরিয়ে আসছে। নিজের অজান্তেই বসা থেকে উঠে দাঁড়াল ইভান। ইহসান চৌধুরী দ্রুত পায়ে নার্সের সামনে এসে দাঁড়ালেন। রোশনাই কেমন আছে সেসব আগে জিজ্ঞেস করলেন, তারপর তাকালেন বাবুর মুখের দিকে। বাচ্চাটা চোখ বন্ধ করে গলা ছেড়ে কাঁদছে—যেন জানান দিচ্ছে নিজের আগমন।
“স্যার, বাচ্চাকে কোলে নিন।”
ইহসান চৌধুরী পিছু ফিরে ছেলের দিকে তাকালেন। হাতের ইশারায় কাছে ডাকলেন তাকে। ইভান এগিয়ে আসতেই ইহসান চৌধুরী নার্সের দিকে তাকিয়ে বললেন,
“বাচ্চাকে ইভানের কোলে দিন।”
বাবার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল ইভান। বিস্মিত হয়ে বলল,
“আমার কোলে কেন?”
ইহসান চৌধুরী ছেলের হাত থেকে ফোন নিয়ে নার্সকে আবারও বললেন বাবুকে ইভানের কোলে দেওয়ার জন্য। ইভান নিতে চাইল না। সরে যাওয়ার জন্য পা বাড়াতেই ইহসান চৌধুরী তাকে টেনে ধরলেন। শান্ত কণ্ঠে বললেন,
“চুপচাপ কোলে নাও।”
“কেন? আমি কেন নেব?”
“আমি নিতে বলেছি তাই।”
ইভান বাবার মুখের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারল এখন এই বাচ্চাকে কোলে না নিয়ে উপায় নেই। মুখ গম্ভীর করে হাত বাড়াল। নার্স বাবুকে ইভানের কোলে তুলে দিয়ে লেবার রুমে প্রবেশ করলেন আবার।
ইভান বাবুর মুখের দিকে তাকিয়ে রইল। বুক কাঁপছে তার, কিছুটা ভয় ভয়ও লাগছে। এত ছোটো বাচ্চা, যদি হাতের ফাঁক গলে পড়ে যায়?
ইহসান চৌধুরী বললেন,
“বাচ্চাটার কানে আজান দাও।”
ইভান তাকাল বাবার মুখের দিকে, কিন্তু কিছু বলল না। চুপচাপ বাবুর কানের কাছে মুখ নামিয়ে আজান দিতে শুরু করল। সে আজান শুরু করার একটু পরই বাবুর কান্না থেমে গেল। চোখ মেলে তাকাল বাচ্চাটা। চোখের মণি একবার ডানদিকে ঘুরাচ্ছে তো আবার বামদিকে ঘুরাচ্ছে। ইহসান চৌধুরী তাকিয়ে রইলেন দুজনের দিকে।
আজান শেষ করে বাবুর মুখের দিকে তাকাল ইভান। বাবুও তাকাল তার মুখের দিকে। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল ড্যাবড্যাব করে। তাকিয়ে থাকতে থাকতেই বাচ্চাটা গাই গুই করে উঠল। আবার কান্না শুরু করতেই তাকে বাবার কোলে তুলে দিলো ইভান। ইহসান চৌধুরী বাবুকে দোলাতে দোলাতে ‘দাদা ভাই দাদা ভাই’ বলে ডাকতে লাগলেন। তার কথা শুনে আবারও বাবুর কান্না বন্ধ হয়ে গেল।
ইভান বলল,
“আমি গেলাম এখন।”
“কি গেলাম গেলাম শুরু করেছো আসার পর থেকে? যাবেই তো, আরেকটু দেরি করো।”
“ভাগ্নি তোমার, হসপিটাল তোমার, এখানকার ডাক্তার তুমি—তাই এখানে থাকবেও তুমি। এখানে আমার আর কোনো কাজ নেই। আমি গেলাম।”
“আশ্চর্য!”
“কি আশ্চর্য?”
“ভাগ্নি আমার বলে তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই? আর আমার পরে হসপিটালের মালিক তো তুমিই হবে।”
“তুমি ম’রে গেলে আমি হসপিটাল বিক্রি করে দেবো।”
অত্যন্ত স্বাভাবিক গলায় কথাগুলো বলল ইভান। ছেলের কথা শুনে খুব বেশি অবাক হলেন না ইহসান চৌধুরী।
ইভান পিছিয়ে এসে চেয়ারে বসে পড়ল। ভাল্লাগেনা!
.
এখন রাত প্রায় দু’টো। ছেলের কান্না শুনে ঘুম ভাগল রোশনাইয়ের। চোখ মেলতেই লাইটের তীব্র আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল তার। কয়েকবার চোখ ঝামটা দিয়ে তাকাল ভালোভাবে। ক্রন্দনরত ছেলেকে নিজের আরও কাছে টেনে এনে বুকের সঙ্গে মিশিয়ে নিল। আলতো হাতে পিঠে চাপড় দিতে দিতে তাকাল পাশের বেডের দিকে। ইভান চিত হয়ে শুয়ে পায়ের ওপর পা তুলে ফোন টিপছে।
বাবুর কান্না থামছে না জন্য ঘাড় ঘুরিয়ে তাকাল ইভান। রোশনাই শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে নামছে। বাবু গলা ছেড়ে তারস্বরে কাঁদছে। তার খিদে পেয়েছে এখন।
ব্যথাতুর শরীরটাকে টেনে নিয়ে এসে দুধ বানানোর জন্য টেবিলের সামনে দাঁড়াল রোশনাই। পানি গরম করাই আছে ফ্লাস্কে, শুধু ফিডিং বোতলে ঢেলে ফর্মূলা মিল্ক দিয়ে গুলিয়ে নিলেই হবে।
ফিডিং বোতলে পানি ঢেলে তাতে পরিমাণ মতো ফর্মূলা মিশিয়ে বোতলটা ঝাকাতে ঝাকাতে বেডের কাছে এগিয়ে এলো রোশনাই। বেডে উঠে বসে ছেলেকে কোলে তুলে নিল। তারপর এক হাতে আগলে নিয়ে আস্তে আস্তে দোলাতে দোলাতে অন্য হাতে ফিডিং বোতলটা ঝাকাতে লাগল। চোখ তুলে ইভানের দিকে তাকিয়ে দেখল সে আবারও ফোন দেখায় মনোযোগী হয়েছে। উঠে এসে বাচ্চাটাকে তো একটু কোলে নিতেই পারত। এভাবে কাঁদতে দেখেও একটু ধরতে এলো না।
নিজের ওপর নিজেই হাসল রোশনাই। কার কাছে কি আশা করছে সে? যেখানে বাচ্চার বাবাই বাচ্চাকে দূরে ঠেলে দিয়েছে সেখানে ইভানের কীসের ঠ্যাকা? ইভানের তো কোনো ঠ্যাকা পড়েনি অন্যের ছেলেকে আদর করে শান্ত করার। উলটো তাদের দুজনের জন্য ইভানকে এখানে থাকতে হচ্ছে। বেচারা না পারছে কিছু বলতে, আর না পারছে এখানে থাকতে। তার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে সে তাদের দুজনের ওপর কতটা বিরক্ত।
ইভান ঘাড় ঘুরিয়ে আবার তাকাল দুজনের দিকে। রোশনাই ছেলেকে খাওয়াচ্ছে এখন। তার দৃষ্টি ছেলের মুখের দিকে স্থির। ইভান চোখ সরিয়ে নিল। প্রথমে তার এক কানে ইয়ারবাড ছিল, বাবুর বিরতিহীন কান্না শুনে দু কানেই গুঁজে দিয়েছিল। বাবু চুপ হয়ে গেছে দেখে বাম কানের ইয়ারবাডটা খুলে রেখে দিলো। বাড়ি চলে যেতে চেয়েছিল সে, কিন্তু বাবার কারণে যেতে পারেনি। তাকে রোশনাই আর রোশনাইয়ের ছেলের রেখে বাড়িতে চলে গেছেন ইহসান চৌধুরী।
বাবু ঘুমিয়ে যেতেই তাকে শুইয়ে দিয়ে ওয়াশরুমে গেল রোশনাই। ইভান বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়াল। তার কেমন দম বন্ধ বন্ধ লাগছে। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। চোখের সামনে আবছা মতন ভেসে উঠল একটা মেয়ের চেহারা। হাসছে সেই মেয়ে, মায়াবী তার হাসি। এলোমেলো খোলা চুলগুলো বাতাসে উড়ছে।
গা ঝাঁকি দিয়ে ঘোর থেকে বেড়িয়ে এলো ইভান। দীর্ঘশ্বাস ছেড়ে তাকাল আকাশের দিকে। আকাশে আজ চাঁদ উঠেছে, সাদা কালো মেঘও আছে। অল্প কিছু তারাও দেখা যাচ্ছে।
চলবে……….
কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর গল্প একদিন পর পর পাবেন। লেখালেখির প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে তাই আগের মতো নিয়মিত লিখতে পারছি না। দোয়া করবেন সবাই যেন আবার আগের মতন লিখতে পারি। ভালোবাসা সবাইকে ❤️
আরেকটা কথা ই-বুক মেলা উপলক্ষে আমার লেখা সকল ই-বুকে চলছে ২৫% ডিসকাউন্ট। ডিসকাউন্ট পেতে ব্যবহার করুন প্রোমোকোড Ebookmela2026