#অনুভূতির_মায়াজাল (০৫)
#সানা_শেখ
সকালে ইভানের ঘুম ভাঙলো বাবুর কান্নার আওয়াজে। বিরক্তিতে চোখমুখ কুঁচকে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মাথা তুলে তাকাল পাশের বেডের দিকে। বিছানায় রোশনাই নেই। কেবিনের চারদিকে নজর বুলিয়ে দেখল কেবিনের কোথাও নেই। বুঝতে পারল ওয়াশরুমে গেছে।
বালিশে আবার মাথা রেখে দুই হাতে দু কান চেপে ধরল। কিন্তু তাতেও তেমন একটা লাভ হচ্ছে না। বাবুর কান্নার আওয়াজ ঠিকই তার কানে প্রবেশ করছে।
আর শুয়ে থাকতে না পেরে শোয়া থেকে উঠে বসল ইভান। এভাবে গলা ছেড়ে বিরতিহীনভাবে কান্না করলে ঘুমোনো যায়? ঘুমের কারণে বেচারা চোখ মেলতে পারছে না ভালোভাবে। তার ড্যাড তাকে এত সব ঝামেলার মধ্যে ফেলে রেখে বাড়িতে গিয়ে আরামে ঘুমোচ্ছে!
বেড থেকে নেমে পাশের বেডের কাছে এগিয়ে এলো। বাবুর দিকে তাকিয়ে ঘুম জড়ানো ভারী গলায় বলল,
“এ্যাই, চুপ! একটু পর পর কেন এত বিকট শব্দে সাইরেন বাজাচ্ছো? শান্তিতে একটু ঘুমোতেও দেবে না নাকি? চুপচাপ ঘুমাও।”
ইভানের কথা শুনে বাচ্চাটা একটুও থামল না, আগের মতোই গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে লাগল। ইভান দুই হাতে নিজের মাথার চুলগুলো মুঠো করে খামচে ধরল। এমনিতেই মাথাব্যথা করছে, এখন বাবুর এই গলা ফাটানো চিৎকার শুনে মাথার ভেতর আরও বেশি দপদপ করছে।
কি করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইল। বাচ্চার কান্না কীভাবে থামাতে হয় তার জানা নেই। রোশনাই এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছে না কেন? ছেলের কান্নার আওয়াজ কী তার কানে যাচ্ছে না? ওয়াশরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে নাকি?
বাবুর কান্না একটুও কমছে না। কাঁদতে কাঁদতে ঠিকমতো শ্বাস নিতে পারছে না এখন।
ইভান দাঁতে দাঁত চেপে ওয়াশরুমের দিকে তাকিয়ে বাবুর ওপর ঝুঁকে এলো। বুকের ওপর আলতো হাতে চাপড় দিতে দিতে খসখসে গলায় বলল,
“কাঁদে না কাঁদে না, বাবু। তুমি তো গুড বয়, এখন একটু চুপ করো দয়া করে। চুপ চুপ চুপ, চুপ করো, শান্ত হও।”
বাচ্চাটা কোনোভাবেই শান্ত হচ্ছে না। ইভান বাবুর গায়ের ওপর থেকে তোয়ালে সরিয়ে পা দুটো ধরে কিছুটা উঁচু করল হাগু-মুতু করেছে কি-না দেখার জন্য। দেখল মুতু করে কাপড়চোপড় সব ভিজিয়ে ফেলেছে। পা দুটো ছেড়ে দিয়ে আবার তাকাল ওয়াশরুমের দিকে। মেয়েটা বের হচ্ছে না কেন এখনো? ঘাড় ঘুরিয়ে আবার তাকাল বাবুর দিকে। বিছানা থেকে তুলতে গিয়েও ছেড়ে দিলো। এত নরম আর তুলতুলে যে—তুলতে নিলে মনে হচ্ছে হাড়গোড় সব ভেঙে যাবে।
সব ভয় আর সংকোচ দূরে ঠেলে অবশেষে বাচ্চাটাকে কোলে তুলে নিল ইভান। এক হাতে বুকের সঙ্গে মিশিয়ে রেখে অন্য হাতে দ্রুত একটা কাঁথা তুলে ঢেকে নিল কোনো রকমে। দুই হাতে বুকে জড়িয়ে রেখে কয়েকবার দোল দিতেই কান্না কমে এলো। হাঁটার জন্য ঘুরে দাঁড়াতেই দেখল রোশনাই ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। পুরো চেহারা ফুলে গেছে মেয়েটার। চোখ দুটো লাল টকটকে, ভরা বিলের মতন ভরে আছে উষ্ণ জলে।
রোশনাই ছেলেকে কোলে নেওয়ার জন্য ইভানের কাছে এগিয়ে এলো না, সে ঘুরে টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। ফিডিং বোতল হাতে নিল ফর্মূলা দুধ তৈরি করার জন্য। ইভান গুরুগম্ভীর চোখে তার দিকে তাকিয়ে হাঁটতে শুরু করল। বাচ্চা সামলানোর অভিজ্ঞতা তার নেই, গতকালের আগে এমন ছোটো বাচ্চা সে কোলেও নেয়নি কখনো।
রোশনাই চোখের পানি মুছতে মুছতে ফিডিং বোতল ঝাকাতে লাগল ফর্মূলা পানির সঙ্গে মেশানোর জন্য। ভীষণ শরীর খারাপ লাগছে তার। নড়াচড়া করতে অনেক কষ্ট হচ্ছে। এই অসুস্থ শরীর নিয়ে তাকে কয়েকবার শোয়া থেকে উঠতে হয়েছে রাতে। যদিও বেশ কয়েকবার নার্স আর আয়া এসে তাকে সাহায্য করেছিল। তারা সাহায্য না করলে আরও বিপদে পড়তে হতো তাকে। বাচ্চাটা সারারাত ভালোভাবে ঘুমায়নি, একটু পর পরই ঘুম থেকে উঠে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না শুরু করেছে।
ওয়াশরুমের ভেতর থেকে বাবুর কান্না শুনেছে সে। ছেলের এমন বিরতিহীন কান্না শুনে তার বুক ফেটে যাচ্ছিল, তবুও সঙ্গে সঙ্গে বের হয়নি। একেবারে ফ্রেশ হয়েই বের হয়েছে। ইভান তার ছেলেকে কোলে তুলে নেবে সে কল্পনাও করেনি। ওয়াশরুম থেকে বেরিয়ে ইভানের কোলে ছেলেকে দেখে একমুহুর্তের জন্য থমকে গিয়েছিল।
রোশনাই বেডে উঠে বসল। ভীষণ খিদে পেয়েছে তার। মনে হচ্ছে এক হাড়ি ভাত সে একাই খেতে পারবে। ইভানের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল,
“ভাইয়া, বাবুকে দিন আমার কাছে।”
ইভান এগিয়ে এলো। বাবুকে রোশনাইয়ের কোলে তুলে দিয়ে নিজের ফোন হাতে নিয়ে বারান্দায় চলে এলো। ফোন আনলক করে কল করল বাবার ফোনে। রিং বাজতে বাজতে কে’টে গেল। দ্বিতীয়বার কল করতেই রিসিভ হলো।
“ড্যাড, কখন আসবে?”
“কিছুক্ষণ পর।”
“দ্রুত এসো।”
“হ্যাঁ দ্রুতই আসব। রোশনাই আর নিভান কেমন আছে এখন?”
বাবার কথা শুনে ইভানের কপালে গাঢ় ভাঁজ পড়ল। না বোঝার মতো করে বলল,
“ড্যাড, নিভান কে?”
“রোশনাইয়ের ছেলে।”
“ওর নাম নিভান হলো কখন? আর এই নাম রেখেছে কে?”
“আমি রেখেছি।”
“এই ড্যাড, দুনিয়ায় আর কোনো নাম খুঁজে পাওনি তুমি? আমার নামের সঙ্গে মিলিয়ে রেখেছো কেন?”
আচমকা ইভানের গলার আওয়াজ বেড়ে গেছে। রীতিমত বিস্মিত সে রোশনাইয়ের ছেলের নাম শুনে। ইহসান চৌধুরী স্বাভাবিক গলায় বললেন,
“এভাবে রিঅ্যাক্ট করার কী হয়েছে, ইভান?”
ইভান চাপা স্বরে বলল,
“আমার নামের সঙ্গে মিলিয়ে কেন রাখলে?”
“তো কী হয়েছে?”
“দ্রুত এসো, রাখলাম।”
কল কেটে দিলো ইভান। দুনিয়ায় আর নাম খুঁজে পেল না? তার নামের সঙ্গেই মিলিয়ে নাম রাখতে হলো? ইভান নিভান—কেউ তাদের নাম শুনলে বলবে ভাই-ভাই নয়তো বাপ-ভাই!
.
বিকেল হতেই রোশনাই আর নিভানকে নিয়ে বাড়ি ফিরলেন ইহসান চৌধুরী। করিম মিয়া ব্যাগ নিয়ে আগে আগে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছেন। নিভান ইহসান চৌধুরীর কোলে। রোশনাই সিঁড়ির রেলিং ধরে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। সকালে মামার মুখে ছেলের নাম শুনে সেও কিছুটা অবাক হয়েছিল, কিন্তু কিছু বলেনি। মামার দেওয়া নামটাই রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
ইহসান চৌধুরী নাতিকে কোলে নিয়ে সোফায় বসলেন। গতকাল থেকে তিনি ভীষণ খুশি। গতকাল রাতে অনেক ভেবে ভেবে নাতির জন্য নাম ঠিক করেছেন তিনি।
নাতির নাকের ডগায় আঙুল ছুঁয়ে হাসি মুখে বললেন,
“কি দাদা, বাড়ি পছন্দ হয়েছে?”
ইহসান চৌধুরীকে অবাক করে দিয়ে নিভান হাসল। ছোটো ছোটো চোখে তাকিয়ে রইল নানার মুখের দিকে। ইহসান চৌধুরী ঝুঁকে নাতির কপালে চুমু খেলেন। নরম গালের সঙ্গে গাল ঠেকিয়ে বললেন,
“দাদা ভাই, তোমাকে সুন্দর একটা জীবন দেবো আমরা।”
নিভান গাই গুই করতে লাগল। ইহসান চৌধুরী তার সঙ্গে নানান কথা বলতে লাগলেন।
ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য নিচে নেমে এলো ইভান। ইহসান চৌধুরী সকালে হসপিটালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাড়িতে ফেরার জন্য হসপিটাল থেকে বেরিয়ে এসেছিল সে। এসেই গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। একটু আগেই ঘুম ভেঙেছে। এখন খেয়ে বের হবে, দুদিন পর তার একটা শো আছে গাজীপুর। ইভান পেশায় বর্তমানে একজন সিঙ্গার। অল্পদিনেই হাজারও দর্শকের মনে জায়গা করে নিয়েছে সে। ছোটবেলা থেকে ইভানের স্বপ্ন ছিল বাবার মতন ডাক্তার হবে সে। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পরই তার সেই স্বপ্ন বদলে গেল। সে নতুন করে স্বপ্ন দেখল সে আর্মি হবে। ইহসান চৌধুরীরও স্বপ্ন ছিল তার ছেলে ডাক্তার হবে। কিন্তু ছেলে আর্মি অফিসার হতে চাওয়ায় তিনি বাঁধা দেননি, বরং ছেলের ইচ্ছাকেই সম্মান দিয়েছেন। তারপর আর্মিতে টিকে গেল ইভান। ট্রেনিং, ডিউটি সব মিলিয়ে চার বছর ক্যান্টনমেন্টে কে’টে গেল। ছোটবেলা থেকেই ইভান ভালো গান গায়, এক সময় সিঙ্গার হওয়ার স্বপ্নটাও তার মধ্যে বাসা বেঁধেছিল। চার বছর পর স্বপ্নের জব ছেড়ে সে আরেক স্বপ্নের পেছনে ছুটল। এবারেও কোনো বাঁধা দেননি ইহসান চৌধুরী। ছেলের স্বপ্নকেই মূল্য দিয়েছেন তিনি।
ইভান বাবার দিকে একবার তাকিয়ে ডাইনিংরুমের দিকে পা বাড়াল। ইহসান চৌধুরী পেছন থেকে ডেকে বললেন,
“ইভান, এখানে এসো।”
ইভান দাঁড়াল। কিছুক্ষণ বাবার মুখের দিকে তাকিয়ে থেকে এগিয়ে এলো গম্ভীর মুখে।
“চোখমুখ এমন বানিয়ে রেখেছো কেন?”
ইভান থমথমে গলায় বলল,
“কেমন বানিয়ে রেখেছি?”
“নিভানকে একটু কোলে নাও।”
“কেন?”
“বাচ্চা কোলে নিলে মন ভালো হয়। ওকে কোলে নাও তোমার মন খারাপ ভালো হয়ে যাবে।”
“আমার মন খারাপ হয়নি। খেয়ে আসছি, তুমি ওকে নিয়ে বসে থাকো।”
ইভান আর না দাঁড়িয়ে ডাইনিংরুমের দিকে এগিয়ে গেল। ইহসান চৌধুরী ইহসান চৌধুরী ছেলের যাওয়ার পথে তাকিয়ে রহস্যময় হাসি হাসলেন। নাতিকে উঁচু করে চুমু খেলেন আরেকটা, তারপর বসা থেকে উঠে সিঁড়ির দিকে এগোলেন। ফ্রেশ হয়ে মার্কেটে যাবেন তিনি। রোশনাই আর নিভানের জন্য অনেক কিছু কিনতে হবে।
*****
নিভানের কান্না শুনে নিজের রুম থেকে বেরিয়ে রোশনাইয়ের রুমের দিকে এগিয়ে এলেন ইহসান চৌধুরী। জন্মের পর থেকেই রাত জাগে নিভান, বেশ কান্নাকাটিও করে। তার সঙ্গে রোশনাইকেও রাত জেগে থাকতে হয়। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না এখন। আগের চেয়েও বেহাল অবস্থা হয়েছে মেয়েটার।
নিভানের বয়স আজ পনেরো দিন পূর্ণ হয়েছে। ইহসান চৌধুরী একটা কাজের মেয়ে খুঁজছেন নিভানের জন্মের পর থেকেই কিন্তু পাচ্ছেন না। পেলে রোশনাইয়ের বেশ সুবিধা হতো।
রুমের দরজায় নক করার কিছুক্ষণ পর দরজা খুলে দিলো রোশনাই। ইহসান চৌধুরী ভাগ্নির মুখের দিকে তাকিয়ে দেখলেন রোশনাইয়ের চোখমুখ ফুলে আছে। চোখ দুটো টলটল করছে। ছেলের সঙ্গে সঙ্গে যে রোশনাইও কাঁদছে সেটা তিনি স্পষ্ট বুঝতে পারলেন।
বিছানার দিকে তাকিয়ে দেখলেন হাতপা ছোড়াছুড়ি করে তারস্বরে চিৎকার করে কাঁদছে নিভান।
ইহসান চৌধুরী দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করে নিভানকে কোলে তুলে নিলেন। আদর করে শান্ত করার চেষ্টা করতে করতে নানান কথা বলতে লাগলেন, কিন্তু নিভান থামছে না।
রোশনাইয়ের দিকে তাকিয়ে বললেন,
“কাঁদছে কেন এভাবে?”
রোশনাই ধরা গলায় বলল,
“জানি না। কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ঘুমোচ্ছেই না।”
“খাইয়েছো?”
“হ্যাঁ। পেট ভরা, দুধ মুখেই নিচ্ছে না এখন।”
ইহসান চৌধুরী বিছানার ওপর থেকে ফিডিং বোতলটা হাতে তুলে নিয়ে নিভানকে দোলাতে দোলাতে দরজার কাছে এগিয়ে এলেন। বললেন,
“তুমি ঘুমাও, আমি দেখছি ওকে।”
“আপনি ঘুমাবেন না?”
“ঘুমাব, তুমি ঘুমাও নিশ্চিন্তে। নিভান ঘুমালে দিয়ে যাব।”
ইহসান চৌধুরী বেরিয়ে গেলেন রুম থেকে। রোশনাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজা ভেজিয়ে দিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল। নতুন মা হয়েছে সে, তার ওপর কতগুলো মাস ধরে ভালোভাবে ঘুমোতে পারে না। নিভান হওয়ার পর থেকে তো রাতে ঘুমোতেই পারে না বলা যায়। রাতের ঘুম কি আর দিনের বেলায় পূরণ হয়? ঘুমোতে না পেরে গতকাল রাতেও কেঁদেছে সে, আবার আজকেও কেঁদেছে। কোনোভাবেই ছেলেকে ঘুম পাড়াতে পারছিল না। ঘুমে সে চোখ মেলতে পারছিল না, অথচ ছেলে তার বিছানায় পিঠ ঠেকাতে রাজিই না।
রাত এক’টার পর বাড়ি ফিরল ইভান। রাতের বেশির ভাগ সময়টা সে বন্ধুদের সঙ্গে কাটায়। সারা রাত জেগে থেকে দিনের বেলায় পড়ে পড়ে ঘুমায়। নিভান হয়েছে একদম ইভানের মতন। রাতে জেগে থেকে সারাদিন পড়ে পড়ে ঘুমায়।
নিভানকে কোলে নিয়ে বাবাকে ড্রয়িংরুম জুড়ে হাঁটতে দেখে ইভান কপালে কয়েক ভাঁজ ফেলে বলল,
“না ঘুমিয়ে ওকে নিয়ে এভাবে হাঁটছো কেন এখানে?”
ইহসান চৌধুরী নাতির পিঠে হাত বোলাতে বোলাতে বললেন,
“তোমার মতন রাত জাগা পাখি হয়েছে, ঘুমোচ্ছেই না কোনোভাবে।”
ইভান সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল,
“আরও আমার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখো।”
ইহসান চৌধুরী সরু চোখে ছেলের যাওয়ার পথে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ইভান চোখের আড়াল হওয়ার আগেই গলার আওয়াজ বাড়িয়ে বললেন,
“তুমি বলতে চাইছো তোমার নামের সঙ্গে ওর নামের মিল আছে বলে স্বভাবও তোমার মতন হচ্ছে?”
উচ্চ গলার আওয়াজ শুনে নড়েচড়ে উঠে মৃদুস্বরে কাঁদতে শুরু করল নিভান।
ইভান দাঁড়িয়ে গেছে সিঁড়ির ওপর, তাকিয়ে আছে বাবার দিকে। ইহসান চৌধুরী নিভানের দিক থেকে চোখ সরিয়ে তার দিকে তাকাতেই সে হাসি মুখে বলল,
“জি হা, ড্যাড!”
ইভান চোখের আড়ালে চলে গেল। ইহসান চৌধুরী হাঁটতে হাঁটতে নাতির পিঠে হাত বুলিয়ে আদর করতে করতে বললেন,
“তোমাকে কিছু বলিনি, দাদা ভাই। তুমি ভালো ছেলে। অনেক রাত হয়েছে, এখন একটু ঘুমাও।”
মুহুর্তের মধ্যে শান্ত হয়ে গেল নিভান। করিম মিয়া নিজের রুমের দিকে এগিয়ে গেলেন। ইভান গেটের ভেতরে প্রবেশ করার আগেই তার ফোনে কল করে জানিয়েছিল সে আসছে। দরজা খোলার জন্যই রুম থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। ড্রয়িংরুমে এসেই দেখেন ইহসান চৌধুরী নিভানকে নিয়ে হাঁটছেন।
ইভান গোসল করে ফ্রেশ হয়ে ঘণ্টা খানেক পর রুম থেকে বেরিয়ে এলো। দেখল তার বাবা এখনো নিভানকে নিয়ে হাঁটছে।
“ও এখনো ঘুমায়নি?”
“একটু ঘুমায়, দু মিনিট পরই আবার উঠে যায়।”
“নিয়ে বসে থাকো। এভাবে হাঁটছো কেন?”
“বসতে দেয় না। বসলেই কান্না করে।”
“ওর শরীর থেকে ওর বাপের র’ক্ত বের করলেই দেখবে ঠিক হয়ে গেছে। সকালে হসপিটালে নিয়ে গিয়ে ওর শরীর থেকে ওর বাপের সব র’ক্ত বের করে অন্য র’ক্ত ভরবে।”
ছেলের কথা শুনে বিস্মিত না হয়ে পারলেন না ইহসান চৌধুরী। এটা কোনো কথা?
ইভান ধুপধাপ পা ফেলে ডাইনিংরুমে ঢুকে গেছে।
পনেরো মিনিট পরই খাওয়া শেষ করে ডাইনিংরুম থেকে বেরিয়ে এলো ইভান। সে সোজা সিঁড়ির দিকে হাঁটা ধরলে তাকে থামিয়ে দিলেন ইহসান চৌধুরী। জোর করে নিভানকে ইভানের কোলে তুলে দিয়ে বললেন,
“দুই রাত জাগা পাখি জেগে থাকো একসঙ্গে, আমি ঘুমোতে গেলাম। নিভান যদি ঘুমিয়ে যায় তাহলে ওকে ওর মায়ের কাছে দিয়ে এসো। আর যদি না ঘুমায় তাহলে দুজন বসে বসে গল্প করো। ফিডিং বোতলে দুধ আছে। কান্নাকাটি করলে খাইয়ে দিও।”
ইহসান চৌধুরী আর এক মুহূর্তও দাঁড়ালেন না। দ্রুত পা বাড়ালেন সিঁড়ির দিকে। নিভানকে কোলে নিয়ে আহাম্মকের মতন দাঁড়িয়ে রইল ইভান। কী হলো এটা?
চেঁচিয়ে সিঁড়ির দিকে তাকাল ইভান। ইহসান চৌধুরী হাঁটতে হাঁটতে গলার আওয়াজ বাড়িয়ে বললেন,
“কোনো লাভ নেই, আমি এখন ঘুমাব। সকালে হসপিটালে যেতে হবে।”
ইভানের কোলে গাই গুই করতে লাগল নিভান। ইভান চোয়াল শক্ত করে তাকাল নিভানের মুখের দিকে। খেঁকিয়ে উঠল ছেলেটা।
“এ্যাই, এমন করছিস কেন? চুপচাপ ঘুমা!”
ইভানের ধমকে মোটেও ভয় পেল না নিভান। ড্যাবড্যাব করে তাকিয়ে রইল সে ইভানের মুখের দিকে। ইভানের ইচ্ছে করছে নিভানকে এখানে ফেলে রেখে চলে যেতে।
ইভান হাঁটাহাঁটি করল না, সোফায় বসে পড়ল সে। নিভান কান্না শুরু করতেই খসখসে গলায় বলল,
“কাঁদছিস কেন? তোর বাপ না আমি যে মিষ্টি মিষ্টি কথা বলে তোর কান্না থামাব সবসময়। বেশি ক্যা কু করবি তো ফেলে দেবো নিচে!”
ইভান একটু থামল। তার খসখসে গলার আওয়াজ শুনে নিভানের কান্নাও থেমে গেছে। আগের চেয়ে গলার আওয়াজ কিছুটা নরম করে ইভান আবার বলল,
“বড়ো হয়ে তোর বাপের বাহাত্তর লাখ কে’টে নিয়ে আসবি। একা কা’টার সাহস না পেলে আমাকে সঙ্গে নিবি।”
ইভানের কথা শুনে নিভান কি বুঝল কে জানে, কিন্তু সে হেসে উঠল। ইভান সোফায় গা এলিয়ে দিয়ে বলল,
“ক্যা কু করবি না একটুও, তোকে নিয়ে হাঁটতে পারব না আমি। চুপচাপ ঘুমা এখন, আমার ঘুম পাচ্ছে।”
নিভানকে বুকের সঙ্গে মিশিয়ে আলতো হাতে পিঠে চাপড় দিতে লাগল ইভান। নিভান আর টু শব্দও করল না। বসে থাকতে না পেরে কয়েক মিনিট পর সোফার ওপর চিত হয়ে শুয়ে পড়ল ইভান। বুকের ওপর উপুড় হয়ে শুয়ে থাকা নিভানের মুখের দিকে তাকিয়ে দেখল নিভান চোখ বন্ধ করে আছে। দুই হাতে ভালোভাবে আগলে ধরে ইভানও চোখ বন্ধ করে নিল।
চলবে……….
লাইক কমেন্ট করতে ভুলবেন না কেউ।