ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 6

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (০৬)
#সানা_শেখ

পেটের ওপর উষ্ণ তরলের স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল ইভানের। নিভু নিভু দৃষ্টিতে নিজের বুকের ওপর তাকাতেই দেখল নিভান উপুর হয়ে ঘুমিয়ে আছে। ঘটনা কি ঘটেছে তা বোঝার আগেই ঘুমন্ত নিভান নড়েচড়ে উঠে গলা ছেড়ে কান্না শুরু করল।

নিভানের কান্নায় ইভানের ঘুম পুরোপুরি ছুটে গেল। পেটের ওপর উষ্ণ তরল কোথা থেকে এলো তা বুঝতে আর বাকি রইল না তার। দুই হাতে নিভানকে উঁচু করে ধরে তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসল। পেটের দিকে তাকিয়ে দেখল টি-শার্টের অনেকটা অংশই ভিজে গেছে।
ইভান কটমট করে তাকাল নিভানের মুখের দিকে। নিভান চোখ বন্ধ করে ‘ওয়া ওয়া’ বলে কান্না করছে উচ্চস্বরে।

“এ্যাই, একদম চুপ! আমার গায়ে মুতলি কেন? মুতে আবার কান্না করা হচ্ছে?”

ইভানের কর্কশ গলার আওয়াজ একটুও প্রবেশ করল না বোধহয় নিভানের কানে। সে নিজের মতো গলা ছেড়ে কেঁদে চলেছে। ইভান বেজায় বিরক্ত। এই ছেলে এত কাঁদে কীভাবে?

অদ্ভুত এক গন্ধ নাকে আসতেই নিভানকে আরেকটু উঁচু করে ধরল ইভান। প্যান্টের দিকে তাকিয়ে দেখল নিভান দুই নাম্বার কাজ সেরে ফেলেছে।

ইভান লাফিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়াল। না নিভানকে ধরে রাখতে পারছে, আর না তো পারছে ছেড়ে দিতে। তার চেহারা হয়েছে দেখার মতন। তার হাত যতটুকু লম্বা—নিভানকে ঠিক ততটুকু দূরে ধরে আছে। নিভানের কান্না এখন আগের চেয়ে বেড়ে গেছে। ইভানের ইচ্ছে করছে নিজের কানে তুলো গুঁজে রাখতে, নয়তো নিভানের মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করে দিতে।

ইভান ড্রয়িংরুমে আর না দাঁড়িয়ে নিভানকে নিয়ে ছুটল রোশনাইয়ের রুমের দিকে। ঝামেলাটাকে তার ঘাড়ে চাপিয়ে দিয়ে মামা-ভাগ্নি আরামের ঘুম দিয়েছে!

রোশনাইয়ের রুমের দরজা পা দিয়ে ঠ্যালা দিতেই খুলে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখল রোশনাই ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে ঘুমিয়ে আছে। দরজার সামনে থেকে গলা ছেড়ে ‘রোশনি রোশনি’ বলে ডাকতে লাগল ইভান। তার ডাক আর নিভানের কান্নার আওয়াজে ঘুম ভাঙল রোশনাইয়ের। চোখের পাতা টেনে তুলে তাকাতে পারছে না মেয়েটা। চোখ বন্ধ রেখেই বিছানা হাতড়ে ছেলেকে খুঁজতে লাগল, কিন্তু পেল না। কান খাড়া করতেই বুঝতে পারল কান্নার আওয়াজ দূর থেকে ভেসে আসছে। ফট করে চোখ মেলে রুমের চারদিকে নজর বুলাল। ছেলেকে দেখতে না পেয়ে ছ্যাত করে উঠল তার বুকের ভেতর। হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসতেই চোখ গেল দরজার দিকে।

ইভান কর্কশ গলায় বলল,

“এ্যাই, তোমার ছেলেকে নাও। হেগে, মুতে, কেঁদে আমার মাথা খারাপ করে ফেলল!”

দ্রুত ওড়না ঠিক করে বিছানা ছেড়ে নেমে দরজার দিকে এগোল রোশনাই। ঘুমের ঘোরে সে ভুলেই গিয়েছিল ছেলে যে তার রুমে নেই। নিভান তো মামার কাছে ছিল, ইভানের কাছে গেল কীভাবে?

নিভানকে রোশনাইয়ের কাছে দিয়ে গজগজ করতে করতে টি-শার্ট খুলে নিজের রুমের দিকে এগিয়ে এলো ইভান। তার ঘুমের পুরো চৌদ্দটা বাজিয়ে দিয়েছে। কতক্ষণ পর আবার ঘুম আসবে কে জানে।

ছেলেকে পরিষ্কার করে বিছানায় শুইয়ে দিলো রোশনাই। নিজেও ফ্রেশ হয়ে এসে শুলো ছেলের পাশে। ইভানের চেহারার কথা মনে পরতেই তার শুধু হাসি পাচ্ছে। মুখটাকে কেমন যে বানিয়ে রেখেছিল! মনে হচ্ছিল নিভান তার গায়ে না, মুখেই হাগু-মুতু করে দিয়েছে।

রোশনাই ছেলেকে বুকে আগলে নিয়ে খেতে দিয়ে হাসি মুখে বলল,

“বাজান, নাক উঁচু মামার কোলে হাগু-মুতু করে দিয়েছো?”

নিভান চোখ উলটে মায়ের মুখের দিকে তাকাল, তারপর চোখ বন্ধ করে চুক চুক শব্দ করে দুধ খেতে লাগল।

*****

পরের দিন বিকেল বেলা। সোফায় বসে আছে রোশনাই। তার পাশের সোফায় বসে আছেন করিম মিয়া। করিম মিয়ার কোলে নিভান।

রোশনাই বেশ কিছুক্ষণ চুপ থেকে করিম মিয়ার দিকে তাকিয়ে বলল,

“আঙ্কেল।”

করিম মিয়া নিভানের সঙ্গে কথা বলা বন্ধ করে রোশনাইয়ের দিকে তাকালেন। হাসি মুখে বললেন,

“হ্যাঁ মামণি, বলো।”

রোশনাই ইতস্তত করে বলল,

“আপনার পরিবারের কেউ নেই?”

“আছে তো। বাবা-মা বেঁচে নেই, দুই ভাই আছে।”

“তাদের সঙ্গে আপনার যোগাযোগ নেই?”

“না।”

“ওহ।”

রোশনাই কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল,

“আপনি বিয়ে করেননি, আঙ্কেল?”

রোশনাইয়ের এই প্রশ্নে করিম মিয়া চমৎকার একটা হাসি দিলেন। নিভানের মুঠো করা হাতে চুমু খেয়ে বললেন,

“বিয়ে করেছিলাম যুবক বয়সে। সংসার জীবন বেশিদিন স্থায়ী হয়নি।”

“কেন?”

“আমি অশিক্ষিত মানুষ বলে—বউ শিক্ষিত মানুষের হাত ধরে পালিয়েছিল।”

হাসি মুখেই কথাগুলো বললেন করিম মিয়া। রোশনাই শান্ত চোখে তাকিয়ে রইল করিম মিয়ার হাসি মুখের দিকে। সে এবাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত একবারের জন্যও করিম মিয়াকে তার বাড়ির কারও সঙ্গে ফোনে কথা বলতে দেখেনি। কাজের মধ্যে যতই ব্যস্ত থাকুক, কখনো না কখনো তো পরিবারের কারও সঙ্গে কথা বলবে, কিন্তু তিনি কখনোই বলেন না।

“কি হলো, মামণি?”

রোশনাই মাথা নেড়ে হাসি মুখে বলল,

“এ বাড়ির সব সদস্যই দেখছি ব্রোকেন হার্টের মেম্বার!”

করিম মিয়া শব্দ করে হেসে উঠলেন। বললেন,

“তা যা বলেছো। বাড়ির মালিক থেকে শুরু করে সিকিউরিটি গার্ড—প্রত্যেকেরই কোনো না কোনোভাবে হৃদয় ভেঙেছে!”

“মামা আপনাদের খোঁজ পেল কীভাবে? বিজ্ঞাপন দিয়েছিল নাকি যে ‘ব্রোকেন হার্টের সিঙ্গেল কাজের লোক ও সিকিউরিটি চাই’।”

করিম এবার আরও শব্দ করে হেসে উঠলেন। বললেন,

“না, তা দেয়নি। ভাগ্যের ফেরে আমরা এক জায়গায় হয়ে গেছি।”

“আচ্ছা আঙ্কেল, আপনার বয়স কত?”

“বেয়াল্লিশ।”

“আপনাকে দেখে কিন্তু বেয়াল্লিশ বছরের মনে হয় না।”

“কি বলো?”

“হ্যাঁ। আমি তো প্রথম দেখে ভেবেছিলাম আপনার বয়স পঁয়ত্রিশ-ছত্রিশ হবে। পরে শুনি আপনি চৌদ্দ বছর ধরে এ বাড়িতে আছেন।”

করিম মিয়া কথা বলার জন্য মুখ খুলতেই কলিংবেল বেজে উঠল। দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকাল দরজার দিকে। পর পর আরও কয়েকবার বেল বেজে ওঠায় নিভানকে রোশনাইয়ের কোলে দিয়ে করিম মিয়া এগোলেন দরজা খোলার জন্য।

দরজা খুলে দিতেই দেখলেন দরজার সামনে মেহেদী আর আশিক দাঁড়িয়ে আছে। করিম মিয়াকে দেখে দুজনেই হাসি মুখে লম্বা সালাম দিলো। তারপর সুর ধরে ডেকে একসঙ্গে বলল,

“মামায়ায়ায়া, কেমন আছেন?”

করিম মিয়া বরাবরের মতো হাসি মুখে বললেন,

“জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো?”

“আলহামদুলিল্লাহ ঝাক্কাস আছি, মামা।”

করিম মিয়া পথ ছেড়ে বললেন,

“ভেতরে এসো।”

দুজনেই ভেতরে প্রবেশ করল। সোফায় রোশনাইকে দেখে হাসি মুখে দুজনেই বলল,

“বোইনা, কেমন আছেন?”

রোশনাই নিচু কণ্ঠে বলল,

“জি আলহামদুলিল্লাহ ভালো।”

আশিক বলল,

“আমরা কেমন আছি জিজ্ঞেস করবেন না?”

রোশনাই লজ্জিত হলো আশিকের কথা শুনে। তার জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু সে কথা বাড়াতে চায়নি বলে জিজ্ঞেস করেনি। বলল,

“দুঃখিত। আপনারা কেমন আছেন?”

“আলহামদুলিল্লাহ ভালো আছি।”

রোশনাই উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মেহেদী বলল,

“আরে বোইনা, যাচ্ছেন কোথায়? বসুন, আপনার ছেলেকে একটু আদর করি।”

কথাগুলো বলতে বলতে মেহেদী এগিয়ে এসে নিভানকে কোলে তুলে নিল। ছোটো বাচ্চা তার ভীষণ ভালো লাগে। বাচ্চার বাপ হওয়ার বয়স হলেও তার বাবা তাকে বউয়ের স্বামীও বানাচ্ছে না। বিয়ের কথা বললেই বলে, ‘আগে বড়ো হ, তারপর বিয়ে করবি।’ অদ্ভুত কথা। সে কি বড়ো হয়নি এখনো? তার বর্তমান বয়স ছাব্বিশ প্লাস।

রোশনাই সোফায় বসল। মেহেদী আর আশিক বসল পাশের সোফায়। দুজন নিভানের সঙ্গে বকবক করতে লাগল নিজেদের মতন। নিভান ড্যাবড্যাব করে দুজনের মুখের দিকে তাকিয়ে তাদের কথা শুনছে। পাশের সোফা থেকে রোশনাই তাকিয়ে আছে তিনজনের দিকে। এরা ইভানের কাছে এসেছে নাকি তার ছেলের সঙ্গে গল্প করতে এসেছে? ইভানের কথা তো দুজনের একজনও জিজ্ঞেস করল না। দুজনেই নিভানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।

নিভানের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পর আশিক রোশনাইয়ের দিকে তাকিয়ে বলল,

“নিভানের আব্বু আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি?”

“পারবে না।”

“কেন?”

“এখানকার ঠিকানা তো জানে না।”

“ওহ।”

মেহেদী বলল,

“শা’লা লু’চ্চা হনুমান! ওকে এত সহজে ছাড়লেন কেন?”

রোশনাই ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি ফুটিয়ে বলল,

“যে রাখতে চায় না তার কাছে কি জোর করে থাকা যায়? যায় না। তাই যে আপনাকে ছেড়ে দ্বিতীয় কাউকে বেছে নিয়েছে—হয় তাকে ছেড়ে দিন, নয় শেষ করে দিন। তাই আমি—

“আমি তো এই ছেড়ে দেওয়ার কথা বলিনি, বোইনা। ওকে নাকানি চুবানি খাইয়ে তারপর ছাড়ার কথা বলেছি।”

রোশনাই কিছুক্ষণ চুপ থেকে বলল,

“কি হবে এসব করে? ঝামেলা করতে ক্লান্ত লাগে এখন। আপনারা থাকুন, নিভান কাঁদলে আঙ্কেলের কাছে পাঠিয়ে দেবেন।”

রোশনাই বসা থেকে উঠে দাঁড়াল। সিঁড়ির দিকে পা বাড়াতেই দেখল সোফার পেছনে ইভান দাঁড়িয়ে আছে। রোশনাই তার দিকে একবার তাকিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল।
ইভান ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল রোশনাইয়ের যাওয়ার পথে।

*****

মাঝখানে পেরিয়ে গেছে দেড় মাস।
ইভান আজ বাবার সঙ্গে নাস্তা করতে বসেছে। বাবার সঙ্গে তার খুব একটা খাবার খাওয়া হয় গত কয়েক বছর ধরে। সে যখন বাড়িতে থাকে তখন তার বাবা থাকে না, আর তার বাবা বাড়িতে থাকলে সে থাকে না। তাই একসঙ্গে বসে খাওয়াও হয় না।

ইভান বাবার মুখের দিকে তাকিয়ে বলল,

“তুমি আজ এখনো হসপিটালে যাওনি যে?”

ইহসান চৌধুরী হাত থেকে পানির গ্লাসটা রেখে বললেন,

“আজ যাব না।”

“কেন? তোমার কি শরীর খারাপ?”

“এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি।”

ইভান কপালে কয়েক ভাঁজ ফেলে বলল,

“তো হসপিটালে যাবে না কেন?”

ইহসান চৌধুরী কিছুটা সময় নিয়ে শান্ত কণ্ঠে বললেন,

“ইভান, তোমার সঙ্গে কিছু কথা ছিল।”

ইভান রুটি চিবাতে চিবাতে বলল,

“বলো।”

“আমি চাইছি রোশনাইয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে, সেটাও আজকেই। আমি চাই তুমি রোশনাইকে বিয়ে করে ওর আর ওর সন্তানের দায়িত্ব নাও। একজন আদর্শ স্বামী, একজন আদর্শ পিতা হয়ে ওঠো।”

বাবার কথা শুনে স্তব্ধ হয়ে গেল ইভান। সে কিছুক্ষণ কিছু বলতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ইহসান চৌধুরী আবার বললেন,

“তুমি কি আজই বিয়ে করতে প্রস্তুত নাকি একটু সময় নেবে?”

“আর ইউ ক্রেজি, ড্যাড? কি বলছো বুঝতে পারছো? আমি ওই বাচ্চাওয়ালা মহিলাকে বিয়ে করব? সিরিয়াসলি?”

“মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, ইভান।”

“আমার ভাষা ঠিকই আছে, ঠিক নেই তোমার মাথা। তুমি কোন জ্ঞানে আমাকে ওকে বিয়ে করতে বলছো?”

রাগে গজগজ করতে করতে বসা থেকে উঠে দাঁড়াল ইভান। লাথি মে’রে পেছনের চেয়ার উলটে ফেলে দিয়ে হনহন করে হেঁটে চলে এলো নিজের রুমের দিকে। তার বাবার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে নাকি? একটা বাচ্চার মাকে কীভাবে বিয়ে করতে বলে তাকে? আবার অন্যের বাচ্চার দায়িত্বও নিতে বলছে! হাউ ফানি!

ইহসান চৌধুরী খাওয়া শেষ করে ছেলের রুমে এলেন। ইভান রেডি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। ইহসান চৌধুরী শান্ত কণ্ঠে বললেন,

“ইভান—

ইভান বাবাকে থামিয়ে দিয়ে পিছু ফিরে গুরুগম্ভীর গলায় বলল,

“আমি কোনো বাচ্চাওয়ালা মহিলাকে বিয়ে করতে পারব না, ড্যাড। প্লিজ আমাকে এমন কিছু করতে বোলো না আর।”

“তুমি যে একজন ডিভোর্সী পুরুষ সেটাও ভুলে যেও না, ইভান।”

“সো হোয়াট? আমি ডিভোর্সী বলেই এক বাচ্চার মাকে বিয়ে করব? নো নেভার।”

“তুমি কি এখনো—

“একদম ওর কথা বলবে না। আমি বিয়ে করতে চাই না মানে চাই না।”

চলবে …………

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন