#অনুভূতির_মায়াজাল (০৭)
#সানা_শেখ
“একদম ওর কথা বলবে না। আমি বিয়ে করতে চাই না মানে চাই না।”
“কেন চাও না? তোমার বাকি জীবন পড়ে আছে এখনো।”
“তো তুমি করোনি কেন? তোমার বাকি জীবনটাও তো পড়েই ছিল, এখনো আছে।”
“আমার কাছে তুমি ছিলে।”
“আমার কাছেও তুমি আছো, আমার আর কাউকে লাগবে না।”
“জেদ করবে না। তুমি রোশনাইকেই বিয়ে করবে।”
“জীবনেও না।”
“তুমি বুঝতে পারছো না কিছু? আমরা ছাড়া এখন কে আছে মেয়েটার ?”
“ড্যাড, আমি বুঝতে চাইছি না কিছু, সত্যিই চাইছি না। আমি বিয়ে করব না এটাই শেষ কথা। ওই বাচ্চাওয়ালা ঝগড়ুটে মহিলাকে তো আরও করব না।”
“বাচ্চাওয়ালা মহিলা বাচ্চাওয়ালা মহিলা করছো কেন বারবার? রোশনাই নিজেই তো একটা বাচ্চা মেয়ে।”
“কাম অন, ড্যাড। একটা উনিশ বছরের মেয়ে কীভাবে বাচ্চা হয় যেখানে সে অলরেডি নিজেই একটা বাচ্চা জন্ম দিয়ে ফেলেছে? কি তেজ ওর! আমার বাড়িতে থেকে আমার সঙ্গে উঁচু গলায় কথা বলে!”
“দোষ তো তোমারই ছিল। আর এই বাড়ি তোমার একার নয় সেটাও ভুলে যেও না। এই বাড়িতে ওরও হক আছে।”
“এ্যাই ড্যাড, তুমি আমার বাপ নাকি ওর বাপ? সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলো কেন?”
“তুমি ভুল করলে বা বললে সেটা বলব না আমি?”
“বলো বলো, বেশি করে বলো। এই বাড়িতে ওর হক আছে, ও থাকুক এখানে। আমি কী থাকতে নিষেধ করেছি? শুধু ওকে বিয়ে করতে বলবে না, আমি বিয়ে করব না ওকে।”
“ওকে না করলে কাকে করবে?”
শীতল গলায় প্রশ্নটা করলেন ইহসান চৌধুরী। ইভান হাতে ঘড়ি পরতে পরতে বলল,
“কাউকেই না। মানুষের জীবনে বিয়ে একবার, আর সেই একবার আমি করে ফেলেছি। আর কোনো বিয়েশাদি করার ইচ্ছে নেই আমার।”
“তুমি টিউলিপকে এখনো ভুলতে পারোনি তাই না?”
“ড্যাড, ওই কালনাগিনীর কথা বলবে না আমার সামনে!”
“তাহলে অন্য কাউকে বিয়ে করতে এত সমস্যা কেন তোমার?”
ইভান উত্তর দিলো না, এমনকি বাবার দিকে তাকালও না। ইহসান চৌধুরী আবার বললেন,
“তুমি রোশনাইকেই বিয়ে করবে এটাই আমার শেষ কথা। আর যদি না করো তবে আমার সঙ্গে কোনো কথা বলতে আসবে কোনোদিন। আমি সবসময় তোমার সব কথা শুনেছি, তোমার সব চাওয়া-পাওয়া, আবদার পূরণ করেছি। এখন তুমি আমার একটা চাওয়া পূরণ করতে পারবে না?”
ইভান কঠিন চোখে তাকাল বাবার মুখের দিকে। তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে!
ইহসান চৌধুরী আবার বললেন,
“তুমি রোশনাইকেই বিয়ে করছো।”
ইভান থমথমে গলায় বলল,
“এটাই তোমার শেষ কথা?”
“হ্যাঁ।”
“তোমার বাপ তোমাকে জোর করে বিয়ে করিয়েছিল বলে তুমিও আমাকে জোর করে বিয়ে করাবে?”
“প্রথম বিয়েটা যে করেছিলে সেটা আমি জোর করে করিয়েছিলাম? তুমি নিজের ইচ্ছায় করেছিলে, আবার নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছো, আমার মতামতের কোনো দাম দাওনি দুজন।”
ইভান দাঁতে দাঁত চেপে বলল,
“আমি নিজের ইচ্ছায় ছাড়িনি টিউলিপকে, বরং টিউলিপ নিজেই আমাকে ছেড়ে দিয়েছে!”
“ছাড়বে না কেন? তোমার মতো বদ রাগী, উড়নচণ্ডী, বেপরোয়া স্বভাবের ছেলের সঙ্গে কোন মেয়ে সংসার করতে চাইবে?”
“তবে এখন কেন নিজের ভাগ্নিকে জোর করে আমার গলায় ঝোলাতে চাইছো? ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও না অন্য জায়গায়।”
“বেশি বুঝবে না। আমি সবদিক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি, এতে তোমারে ভালো হবে, রোশনাই আর নিভানেরও ভালো হবে।”
“একটা ইতর অসভ্য শয়তান লোকের সন্তানকে আমি নিজের সন্তান বলে কেন মানবো?”
“বাচ্চারা সবসময় নিষ্পাপ থাকে, ইভান।”
“থাকলে থাকুক। আমাকে কী তোমার দয়াল বাবা মনে হচ্ছে যে—যে সে বাচ্চা নিয়ে চলে আসবে আর আমি দয়াল বাবা হয়ে তাদের বিয়ে করে তাদের দায়িত্ব নিয়ে নেবো নিজের ঘাড়ে?”
“যাকে তাকে বিয়ে করতে বলিনি তোমাকে।”
“আমি কাউকেই বিয়ে করতে পারব না। আর নাতো কারো বাচ্চার দায়িত্ব নিতে পারব। দুদিন পর আমার শো আছে, আসছি আমি।”
“বিয়ে না করে এক পা বাড়ির বাইরে রাখবে না তুমি। আমি কোনোদিন তোমার কাছে কিছু চেয়েছি? আমার প্রথম চাওয়াটা তুমি পূরণ করবে না?”
“যা পূরণ করতে পারব না তা চাইছো কেন? অন্যকিছু চাও, তারপর দেখো পূরণ করি কি করি না।”
“তুমি রোশনাইকে বিয়ে করে ওদের দুজনের দায়িত্ব নেবে এটাই আমার একমাত্র চাওয়া।”
ইভান কোনোভাবেই রাজি না বাবার এই চাওয়া পূরণ করতে। ইহসান চৌধুরীও ছেলেকে রাজি না করিয়ে ছাড়বেন না। দুজনের মধ্যে আরও আধা ঘণ্টা তর্ক বিতর্ক চলল।
বিয়ে, বউ, সংসার এসব ইভানের একদম ভালো লাগে না এখন, বিতৃষ্ণা এসে গেছে এসবের প্রতি। একা একাই তো ভালো আছে, তার বাবা কেন জোর করে বিয়ে করাতে চাইছে তাকে? আবার একটা অসভ্য ইতর লোকের ছেলেকে নিজের ছেলের মতো করে লালন-পালনও করতে হবে!
শেষে ছেলের সঙ্গে না পেরে ইহসান চৌধুরী বললেন,
“আমি শিওর তুমি এখনো টিউলিপকে ভুলতে পারোনি, এখনো ওকেই ভালোবাসো, তুমি এখনো ওর মধ্যেই ডুবে আছো, এখনো মুভ অন করতে পারোনি—সেজন্যই দ্বিতীয় বিয়ে করতে চাও না।”
ইভান ফুসে উঠল বাবার কথা শুনে। দাঁতে দাঁত চেপে বলল,
“বিয়ে করব আমি, এখনই করব। নিয়ে আসো তোমার জাঁদরেল ভাগ্নিকে!”
ফোস ফোস করতে করতে বিছানায় বসে পড়ল ইভান। ইহসান চৌধুরী বিজয়ের হাসি হাসলেন। ইভান এত সহজে রাজি হবে ভাবেননি তিনি। ভেবেছিলেন সপ্তাহ খানেক সময় ধরে তো বোঝাতেই হবে। তিনি ইচ্ছে করেই কথার মাঝখানে বারবার টিউলিপকে টেনে এনেছেন আর এই কথাগুলো বললেন—যেন রাগের মাথায় হলেও ইভান রাজি হয়ে যায়। আর সেটাই হলো।
.
ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে রুম থেকে বের হতেই ইহসান চৌধুরীর মুখোমুখি হলো রোশনাই। এই সময়ে মামাকে বাড়িতে দেখে কিছুটা অবাক হলো সে। সাধারণত এই সময়টায় ইহসান চৌধুরী বাড়িতে থাকেন না। আটটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি, অথচ এখন সকাল দশটার ওপর বেজে গেছে।
ইহসান চৌধুরী রোশনাইয়ের কাছ থেকে নিভানকে কোলে নিয়ে বললেন,
“নাস্তা করে এসো।”
“জি, মামা। আপনারা করেছেন?”
“হ্যাঁ। তুমি নাস্তা করে ওপরে এসো, তোমার সঙ্গে কথা আছে।”
তার সঙ্গে কথা আছে শুনেই রোশনাইয়ের হৃদয় লাফিয়ে উঠল। তার সঙ্গে কি কথা আছে মামার? এই বাড়িটাই এখন তার শেষ আশ্রয়। মামা যদি এখান থেকে চলে যেতে বলেন তবে সে ছেলেকে নিয়ে কোথায় যাবে?
ইহসান চৌধুরী ভাগ্নির মাথায় আদুরে হাত বুলিয়ে বললেন,
“যাও, দ্রুত নাস্তা করে এসো।”
মাথা নেড়ে সিঁড়ির দিকে এগোল রোশনাই। ভাবতে লাগল তার সঙ্গে কী কথা থাকতে পারে মামার। সত্যি সত্যিই কী তাকে এখান থেকে চলে যেতে বলবে? নাকি অন্য কিছু বলবে? গতকাল ইভানের সঙ্গে ঝগড়া হয়েছিল, সে বিষয়েই কিছু বলবে না তো? দোষ তো ইভানেরই ছিল। সে কোন জ্ঞানে তার দুই মাস বয়সী ছেলেকে ধমক দিলো? তাকে কোলে নিতে বলেছিল কে?
তাদের বাড়িতে থাকে বলে সবকিছু মুখ বুজে মেনে নেবে নাকি?
নাস্তা সেরে ওপরে উঠে আসতেই রোশনাই দেখল ইহসান চৌধুরী নিভানকে কোলে নিয়ে করিডোরে হাঁটছেন। রোশনাই এগিয়ে আসতে আসতে বলল,
“মামা, কিছু বলবেন বলেছিলেন।”
“হ্যাঁ। আমার রুমে এসো।”
ইহসান চৌধুরী আগে আগে রুমে প্রবেশ করলেন। পেছন পেছন ঢুকল রোশনাই।
রোশনাইকে বিছানায় বসতে বলে ইহসান চৌধুরী নিভানকে কোলে নিয়ে দাঁড়িয়ে রইলেন। রোশনাই বিছানায় বসতেই কোনো রকম ভনিতা না করে সরাসরি বললেন,
“আমি ইভানের সঙ্গে তোমার বিয়ে দিতে চাইছি।”
মামার কথা শুনে রোশনাইয়ের মনে হলো, সে যেন আচমকাই চারশো চল্লিশ ভোল্টের বৈদ্যুতিক শক খেলো। কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে মামার দিকে তাকিয়ে থাকার পর নিজেকে সামলে নিয়ে বলল,
“মামা, এসব কী বলছেন আপনি?”
“যা বলছি, অনেক ভেবেচিন্তেই বলছি আমি। এই বিয়েটা হলে তোমার, তোমার সন্তানের আর ইভানের—তিনজনেরই ভালো হবে।”
“এটা কোনোভাবেই সম্ভব না, মামা।”
“সম্ভব না কেন? তুমি চাইলেই সম্ভব।”
“আমি চাই না, মামা।”
“কেন? ইভানকে তুমি এখন যেমন দেখছো, ও আগে এত এমন ছিল না। টিউলিপ ওকে ছেড়ে চলে যাওয়ার পরই ও এমন হয়ে গেছে। ও আবেগ-অনুভূতিহীন মানুষ নয়। ওর মধ্যে সবকিছুই আছে, শুধু প্রকাশ করে না। একা জীবন কাটানো অনেক কঠিন। আমি চাই না তোমরা দুজন বাকিটা জীবন এভাবে একা একা কাটিয়ে দাও।”
একটু থেমে নিভানের দিকে তাকিয়ে আবার বললেন,
“সন্তানের জীবনে বাবা-মা দুজনকেই প্রয়োজন। একজন মানুষ কখনোই দুজন মানুষের জায়গা পূরণ করতে পারে না। কোথাও না কোথাও একটা শূন্যতা থেকেই যায়। এই বিয়েটা হলে নিভান বাবা পাবে। তুমি স্বামী, সংসার পাবে। আর তোমাদের দুজনকে পেয়ে হয়তো ইভানও নিজের ছন্নছাড়া, বেপরোয়া জীবন থেকে বেরিয়ে আসতে পারবে।”
রোশনাই এবারও দৃঢ় গলায় বলল,
“তবুও আমি রাজি না, মামা। আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না।”
“রোশনাই, তুমি নিজের চোখে কঠিন দুনিয়া দেখেছো। বাইরের দুনিয়া কেমন, সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি চাও না তোমার ছেলে বাবার আদর, যত্ন আর ভালোবাসা পাক?”
“আমি আপনার ছেলেকে বিয়ে করতে আসিনি, মামা। কোনো পথ খোলা না পেয়ে নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। পড়াশোনা শেষ করে চলার মতন কিছু একটা করতে পারলেই নিভানকে নিয়ে চলে যাব এখান থেকে।”
“কোথায় যাবে তুমি? এ বাড়ি থেকে কোথাও যাবে না তুমি আর নিভান। সিঙ্গেল মাদারদের কতটা স্ট্রাগল করতে হয়, সেটা তোমার ধারণারও বাইরে। কম কষ্ট তো করোনি জীবনে। এখন একটু কি সুখের দেখা পেতে ইচ্ছে করে না তোমার?”
রোশনাই ঠোঁটে হাসি ফুটিয়ে বলল,
“সুখেই তো আছি, মামা।”
ইহসান চৌধুরী রোশনাইয়ের হাসি মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন,
“সুখে আছো?”
রোশনাই মাথা নেড়ে বলল,
“হ্যাঁ। আমার জীবনে তো আর কোনো দুঃখ নেই এখন। আমি এখন সুখেই আছি।”
“আমি তোমাকে আরও সুখী দেখতে চাই আমার ছেলের সঙ্গে। আরও চাই আমার ছেলেও তোমার সঙ্গে সুখে থাকুক। দুজন ভাঙাচোরা মানুষ একে অপরকে জোড়াতালি দিয়ে ভালো থাকবে তোমরা।”
“মাফ করবেন, মামা। আমি আপনার এই চাওয়াটা পূরণ করতে পারব না।”
.
রোশনাই প্রথমে ‘না না’ বললেও সবকিছু ভেবেচিন্তে শেষ পর্যন্ত রাজি হয়েছে ইভানকে বিয়ে করতে। আসরের নামাজের পর পরই দুজনের বিয়ে সম্পন্ন করা হবে। এই অল্প সময়ের মধ্যেই করিম মিয়া, আশিক ও মেহেদীকে নিয়ে কেনাকাটা শেষ করেছেন ইহসান চৌধুরী। ইভানকে নিয়ে যেতে চাইলেও ইভান রাজি হয়নি। সকালের পর রুম থেকেও আর বের হয়নি। দরজা লাগিয়ে এখনো রুমের ভেতরই বসে আছে।
আশিকের দু হাতে শপিংব্যাগ, আর মেহেদীর কোলে নিভান। দুজন এসে দাঁড়াল ইভানের রুমের দরজায়। এখন বিকেল চারটা বাজে।
মেহেদী জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে বলল,
“ভাই, তুই মেয়ে মানুষ না যে লজ্জা পেয়ে দরজা লাগিয়ে বসে থাকবি।”
আশিক বলল,
“ব্যাটা তুই পুরুষ মানুষ, সিংহের মতো বুক ফুলিয়ে বিয়ে করতে যাবি। দরজা খোল।”
ইভান দরজা খুলছে না। আশিক মেহেদীর দিকে তাকিয়ে বলল,
“ইভান আবার জানালা দিয়ে পালায়নি তো?”
“পালাবে কার সঙ্গে? ওর তো একটা গার্লফ্রেন্ডও নেই।”
কথাগুলো বলেই হাঁ হাঁ করে হাসতে লাগল মেহেদী। আশিকও তার সঙ্গে তাল মিলিয়ে হাসতে লাগল। দুজনকে এভাবে হাসতে দেখে বড়ো বড়ো চোখ করে তাকিয়ে আছে নিভান। মেহেদী নিভানের গালে ঠেসে একটা চুমু খেয়ে বলল,
“কী দেখিস এভাবে? তোর হবু বাপ বিয়ে করার ভয়ে দরজা লাগিয়ে বসে আছে।”
মেহেদীর কথা শুনে নিভানের কপালে ভাঁজ পড়ল কয়েকটা। মনে হচ্ছে হুট করেই যেন রেগে গেল বাচ্চাটা। কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছে।
মেহেদী আরেকটা চুমু খেয়ে বলল,
“তোর হবু বাপের প্রথম বউ চলে যাওয়ার পর ওর মাথার সব তার ছিঁড়ে এলোমেলো হয়ে গেছে। তোর মাকে বলবি সব তার যেন আবার জোড়া লাগিয়ে দেয়।”
খট করে খুলে দরজাটা। দুজন সামনে তাকিয়ে দেখল ইভান দাঁড়িয়ে আছে চোখমুখ শক্ত করে। দুজন অমায়িক এক হাসি দিয়ে ইভানকে ঠেলে ভেতরে ঢুকে পড়ল।
মেহেদী নিভানের চোয়াল আলতো হাতে ধরে ইভানের দিকে ঘুরিয়ে ধরে হাসি মুখে বলল,
“মামা, ওই যে দেখো তোমার হবু বাবা!”
ইভান কটমট করে তাকাল মেহেদীর দিকে। আশিক একটা শপিংব্যাগ এগিয়ে দিয়ে বলল,
“তাড়াতাড়ি রেডি হ। এই নে তোর শেরওয়ানি, জু—
ইভান কড়া চোখে তাকিয়ে হিস হিসিয়ে বলল,
“একদম মস্করা করবি না!”
“আশ্চর্য! মস্করা কোথায় করছি?”
“দাঁত ঢেকে রাখ তোদের!”
ইভানের কথা শুনে দুজন দাঁত ঢেকে নিলেও পরমুহূর্তেই দম ফাটা হাসিতে ফেটে পড়ল। দুজনের হাসি দেখে গা জ্বলে উঠল ইভানের। সে ম’রছে নিজের জ্বালায়, আর দুজন এসেছে হু হা করে হাসতে! ইচ্ছে করছে দুজনের পেছনে লাথি মে’রে জানালা দিয়ে ফেলে দিতে।
আশিক শপিংব্যাগের ভেতর থেকে শেরওয়ানি বের করে বলল,
“আমরা এখন পর্যন্ত একবারও বিয়ের পিঁড়িতে বসতে পারলাম না, আর তুই তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছিস। ব্রো, তোরই তো চাঁদ কপাল!”
“এতই যদি আফসোস হয়, তবে আমার বদলে তুইই গিয়ে বসে পড়।”
“উপায় থাকলে বসতামই। দাঁড়িয়ে না থেকে রেডি হ দ্রুত।”
“কোনো রেডি-ফেডি হতে পারব না আমি।”
“এ্যাহ! তুই হাফ প্যান্ট আর স্লিভলেস টি-শার্ট পরে বিয়ে করবি?”
ইভান খ্যাক করে বলল,
“করলে সমস্যা?”
“তাই বলে হাফ প্যান্ট পরে বিয়ে? তোর জন্য মার্কেটের সেরা শেরওয়ানি কিনে আনলাম এত ঘুরে ঘুরে, আর তুই হাফ প্যান্ট পরে বিয়ে করবি? শা’লা, খোল এসব।”
আশিক এগিয়ে এসে ইভানের প্যান্ট ধরতেই ইভান লাফিয়ে কয়েক হাত দূরে সরে গেল। চেঁচিয়ে বলল,
“একদম আমার কাছে আসার চেষ্টা করবি না হারামীর দল!”
“আশ্চর্য! আমি কী তোর ইজ্জতে হাত দিতে গেছি?”
ইভান খেঁকিয়ে উঠল।
“তো কী করতে এসেছিলি?”
আশিক দাঁত বের করে হেসে বলল,
“প্যান্ট খুলে পাজামা পরাতে।”
ইভান পা থেকে স্লিপার খুলে ছুড়ে মা’রল আশিকের গায়ে।
মেহেদী নিভানের দিকে তাকিয়ে বলল,
“দেখো, তোমার মাকে বিয়ে করার খুশিতে তোমার হবু ড্যাড পাগল হয়ে গেছে।”
মেহেদীর কথা শুনে ইভান আরও ক্ষেপে গেল। আরেক পায়ের স্লিপার খুলে ছুড়ে মা’রতে গিয়েও থেমে গেল। কোলে নিভান আছে, জুতো ছুঁড়ে মা’রা যাবে না। দাঁতে দাঁত চেপে বলল,
“উলটাপালটা কথা বলবি তো তোর সব কটা দাঁত তুলে দেবো, হারামী! আর ওই জাঁদরেল মহিলার বাচ্চাটাকে দিয়ে আয় ওর মায়ের কাছে।”
আশিক বিস্মিত হয়ে বলল,
“অমন শান্ত চুপচাপ একটা মেয়েকে তোর জাঁদরেল মনে হচ্ছে?”
ইভান তাচ্ছিল্য করে বলল,
“শান্ত আর চুপচাপ? ওর আসল রূপ যেদিন দেখবি সেদিন এ কথা ভুলেও আর মুখে আনবি না।”
“কেন? কী করেছে রোশনাই?”
ইভান কিছু বলার আগেই ইহসান চৌধুরী বললেন,
“এখনো এভাবে দাঁড়িয়ে আছো? দ্রুত গোসল সেরে রেডি হও। মেহেদী, নিভানকে দাও; ওকেও তো রেডি করাতে হবে।”
মেহেদী এগিয়ে এসে নিভানকে দিয়ে দিলো। ইহসান চৌধুরী চলে যাওয়ার আগে আবার বললেন,
“ওকে দ্রুত রেডি করিয়ে নিচে নিয়ে এসো।”
দুজনেই মাথা নেড়ে বলল,
“আচ্ছা, আঙ্কেল।”
ইহসান চৌধুরী রুম থেকে বেরিয়ে এলেন। রোশনাইয়ের রুমের সামনে আসতেই দেখলেন রোশনাইও চুপচাপ বসে আছে বিছানায়। দরজাটা হাট করে খোলা। ইহসান চৌধুরী গলা খাকারি দিতেই মুখ তুলে দরজার দিকে তাকাল রোশনাই। দুজনকে দেখে দ্রুত বসা থেকে উঠে দাঁড়াল।
ইহসান চৌধুরী ভেতরে প্রবেশ করলেন। নরম গলায় বললেন,
“এখনো এভাবে বসে আছো কেন?”
রোশনাই কিছু বলল না। তার চেহারা বিষাদে ছেয়ে আছে। ইহসান চৌধুরী আবার বললেন,
“অতীত থেকে বেরিয়ে এসো, সামনে যা কিছু হবে খুব ভালো হবে ইনশাআল্লাহ।”
“অতীত থেকে বেরিয়ে এসেছি, মামা।”
“তাহলে দেরি না করে রেডি হও। বললাম পার্লারে যেতে তাও রাজি হলে না।”
একটু থেমে বললেন,
“আগে আমার দাদা ভাইকে রেডি করিয়ে দাও।”
রোশনাই হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। দু চোখে পানি জমলো ছেলেকে রেডি করাতে গিয়ে। সে কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেনি তাকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে হবে। শামসকে সে সত্যিই ভীষণ ভালোবেসেছিল। ইচ্ছে ছিল বাকিটা জীবন তার সঙ্গেই পার করার। কিন্তু লোকটা তাকে ঠকিয়ে দ্বিতীয় কাউকে বেছে নিল। এখন দ্বিতীয় বউ নিয়ে সংসার কর সুখে শান্তিতে!
চলবে………
লাইক কমেন্ট করতে ভুলবেন না কেউ।