#অনুভূতির_মায়াজাল (০৮)
#সানা_শেখ
বিকেল পাঁচটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো ইভান। সোফার দিকে তাকিয়ে দেখল নিভানকে কোলে নিয়ে সোফায় বসে আছেন করিম মিয়া। ইভান সোফার কাছে এগিয়ে এসে ধপ করে সোফায় বসে ভারী কণ্ঠে বলল,
“আঙ্কেল, কড়া করে এক মগ কফি বানিয়ে আনুন, মাথাটা ভীষণ ধরেছে।”
করিম মিয়া নিভানকে কোলে নিয়েই রান্নাঘরের দিকে পা বাড়ালে ইভান বলল,
“ওকে নিয়ে যাচ্ছেন কেন?”
“রোশনাই নামাজ পড়তে গেছে, ওকে এখানে রেখে গেলে কে দেখবে?”
“রেখে যান, আমি দেখছি।”
করিম মিয়া কথা না বাড়িয়ে নিভান কে ইভানের পাশে শুইয়ে দিয়ে কফি বানাতে চলে গেলেন।
শোয়ানোর দু মিনিট পরই গলা ছেড়ে কাঁদতে শুরু করল নিভান। ইভান কিছুক্ষণ কান্না থামানোর চেষ্টা করেও পারল না। এদিকে তার ধরেছে মাথা, নিভানের কান্না শুনে মনে হচ্ছে মাথাটা ব্লাস্ট হয়ে যাবে।
কোনোভাবেই নিভানকে শান্ত করতে না পেরে তাকে কোলে তুলে নিল ইভান। সে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকবারই কোলে নিয়েছে নিভানকে।
নিভানকে সোজা করে ধরতেই ইভানের গা ভাসিয়ে বমি করে দিলো সে। নিভানের এমন কাজে হতভম্ব হয়ে গেল ইভান। কয়েক মুহূর্ত পর লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়াল। নিভান এখনো তারস্বরে চিৎকার করে কাঁদছে। ইভান মেজাজ হারিয়ে দিলো সজোরে এক ধমক। তার ধমকে ঝনঝন শব্দ করে উঠল যেন ড্রয়িংরুমটা। ছোটো নাজুক দেহখানও স্পষ্ট কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের জন্য কান্না থেমে গেল তার, তারপর আগের চেয়েও জোরে কাঁদতে লাগল।
রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এসেছেন করিম মিয়া। রোশনাইয়েরও নামাজ আদায় করা হয়ে গেছে। সে সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই ইভানের ধমক শুনেছে। ছুটে এসে ইভানের কাছ থেকে ছেলেকে কোলে নিয়ে আগুন চোখে তাকিয়ে বলল,
“পাগল নাকি? মাথা খারাপ হয়েছে আপনার? ধমক দিলেন কেন এভাবে?”
ইভান রোশনাইয়ের চেয়েও রাগী গলায় বলল,
“ও বমি করল কেন আমার গায়ে?”
“ও বোঝে কিছু?”
“বোঝে না? যখনই আমার কোলে আসে তখনই ওর হাগু-মুতু-বমি পেয়ে যায় কীভাবে?”
“কোলে নিয়েছেন কেন আপনি? আপনাকে তো কোলে নিতে বলিনি আমি।”
“গলার আওয়াজ নিচে নামিয়ে কথা বলো!”
“বলবো না! আপনি কোন জ্ঞানে এত ছোটো একটা বাচ্চাকে এত জোরে ধমক দিলেন? এত বড়ো হয়েছেন অথচ জ্ঞান-বুদ্ধি এখনো কিছু হয়নি?”
“একদম আমার জ্ঞান-বুদ্ধি নিয়ে কথা বলবে না!”
“একশোবার বলবো!”
দুজনের মধ্যে কথা কাটাকাটি আর ঝামেলা আরও বড়ো হলে করিম মিয়া দুজনকে থামানোর চেষ্টা করেন কিন্তু পারেন না। শেষে রোশনাইকে জোর করে ঠেলে তার রুমে পাঠিয়ে দেন।
ইভান বেশ কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। কত বড়ো সাহস মেয়ের! ওর বাড়িতে দাঁড়িয়ে ওর সঙ্গে বড়ো গলা করে কথা বলে!
এই ঘটনার পর ইভান ও রোশনাই একে অপরের মুখোমুখি আর হয়নি। ঘটনাটা গতকাল বিকেলের। পুরো একদিন পর দুজন দুজনের মুখোমুখি হয়েছে আজ। কিছুক্ষণ আগেই তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে। কাজী সাহেব ও হুজুর চলে যাওয়ার পর রোশনাইকে তার রুম থেকে ইভানের রুমে নিয়ে এসেছেন ইহসান চৌধুরী। ইভান মেঝেতে বসে আছে মাদুরের ওপর। তার কোলে থাকা নিভান নিজের হাতের আঙুল চুষছে। পাশেই বসে আছে আশিক ও মেহেদী।
ইভান রোশনাইয়ের দিক থেকে চোখ সরিয়ে নিল। রাগে রিরি করছে তার পুরো শরীর। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল মেঝের দিকে।
রোশনাই চোখ সরাল না, সে একদৃষ্টে তাকিয়ে আছে ইভানের কোলে থাকা নিভানের দিকে। নিভান একদম শান্ত হয়ে আছে ইভানের বুকের সঙ্গে মিশে।
“দাঁড়িয়ে পড়লে কেন? গিয়ে বসো ইভানের পাশে।”
মামার কথা শুনে ঘাড় ঘুরিয়ে মামার দিকে তাকাল রোশনাই। ইভান ছ্যাত করে উঠে বলল,
“ও আমার পাশে কেন বসবে? বিয়ে হয়েছে তো কী হয়েছে? ও ওর ছেলেকে নিয়ে আগের মতো থাকবে, আমি আমার মতো থাকবো। কেউ কারও লাইফে ইন্টারফেয়ার করব না।”
ইহসান চৌধুরী বিস্মিত হয়ে বললেন,
“এটা কেমন কথা বলছো? যদি আগের মতোই থাকবে তাহলে বিয়ে করলে কেন?”
“আমি বিয়ে করতে চেয়েছি? তুমিই তো জোর করে করালে।”
“আমি তো তোমাকে শুধু বিয়ে করতে বলিনি। বিয়ে করে রোশনাই আর নিভানের দায়িত্বও নিতে বলেছি।”
“আমি নিতে পারব না কারও দায়িত্ব।”
রোশনাই বিড়বিড় করল,
“কাপুরুষ!”
কথাটা বলার পর ইভানের দিকে চোখ পড়তেই দেখল ইভান তার দিকে তাকিয়ে আছে খ্যাপাটে দৃষ্টিতে। মনে হচ্ছে এখনই থাবা দিয়ে তার প্রাণ পাখিটা কেড়ে নেবে।
.
একজন ইমার্জেন্সী রোগী আসায় সন্ধ্যার পর পরই হসপিটালে ছুটে যেতে হয়েছিল ইহসান চৌধুরীকে। তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আশিক ও মেহেদীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এসেছে ইভান। যদিও আশিক ও মেহেদী তাকে নিয়ে আসতে চায়নি, কিন্তু তাদের কোনো কথা শোনেনি ইভান।
এখন রাতের প্রায় তিনটা বেজে গেছে। একের পর এক কল আসতে আসতে ইভানের ফোনটাও বন্ধ হয়ে গেছে চার্জ শেষ হয়ে।
ইভান চোয়াল শক্ত করে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। তার এমনিতেই বাড়িতে ফিরতে ইচ্ছে করে না, এখন আরও করছে না। তাকে দিয়ে এসব ঘর-সংসার হবে না।
আশিক ইভানের কাঁধে হাত রেখে বলল,
“ইভান, বাড়িতে যা এখন। বৃষ্টি হবে বোধহয়, বৃষ্টিতে ভিজে সর্দি কাশি হলে শোতে গান গাইবি কীভাবে?”
মেহেদী বলল,
“বন্ধু, আজ তোর বাসর রাত। দ্বিতীয় বাসর রাতের জন্য শুভ কামনা। বাসর করার আগেই ছেলে পেয়ে গিয়েছিস, এর চেয়ে বড়ো উপহার আর কী হতে পারে?”
বলেই উচ্চস্বরে হেসে উঠল মেহেদী। তার সঙ্গে তাল মিলিয়ে আশিক নিজেও হাসল। বলল,
“বউয়ের সঙ্গে বাচ্চা ফ্রি। বাই ওয়ান, গেট ওয়ান।”
বলে আবারও হু হা করে হাসতে লাগল। ইভান দুজনকে দুহাতে ঠেলে দুদিকে ফেলে দিয়ে উঠে দাঁড়াল। উল্টো ঘুরে ধুপধাপ পা ফেলে নিজের গাড়ির দিকে এগোল। মেহেদী পেছন থেকে বলল,
“বন্ধু গাড়ি আস্তে চালাস।” একটু থেমে আবার বলল, “এই গাড়ি না, বিছানার উপর যেই গাড়ি চালাবি সেটার কথা বলেছি।”
ইভানের শরীর রাগে জ্বলে উঠলেও সে আর পিছু ফিরল না। এরা দুজন বন্ধু নামের শত্রু।
আশিক বলল,
“ভাই, আমি জানি তোর গাড়ি চালানোর পূর্ব অভিজ্ঞতা আছে, তবুও বলছি গাড়ি আস্তে ধীরে সাবধানে চালাস।”
ইভান তেড়ে আসতেই আশিক উঠে দাঁড়িয়ে দৌড় শুরু করে বলল,
“এভাবে তেড়ে আসছিস কেন, ভাই?”
ইভান আশিকের পেছনে দৌড়াতে দৌড়াতে দাঁত কিড়মিড় করে বলল,
“তোকে একবার ধরতে পারি তারপর বোঝাবো কেন আসছি এভাবে!”
“আমি মেহেদীর মতো কিছু মিন করে বলিনি। আমি সত্যি সত্যিই গাড়ি চালানোর কথা বলেছি।”
আশিক পায়ের গতি বাড়িয়ে অনেকটা দূরে চলে গেল। ইভান তার পেছনে আর না ছুটে রাগে গজগজ করতে করতে ঘুরে গাড়ির দিকে এগোল।
ইভান চলে যাওয়ার পর আশিক মেহেদীর কাছে এসে চিত হয়ে শুয়ে পড়ল ঘাসের ওপর । তার পাশে শুয়ে পড়ল মেহেদীও, তারপর দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল।
ইভানের বাড়ি ফিরতে ফিরতে রাত সাড়ে তিনটা বেজে গেল। কলিংবেল বাজানোর কিছুক্ষণ পর করিম মিয়া এসে দরজা খুলে দিলেন। ইভান ভেতরে ঢুকে আশপাশ না দেখে সোজা নিজের রুমে চলে এলো। দরজা ঠেলে ভেতরে ঢুকেই তার চোয়াল শক্ত হয়ে গেল। রোশনাই নিভানকে নিয়ে তার বিছানায় শুয়ে আছে। দুজনেই ঘুমাচ্ছে বিভোর হয়ে। এতবার নিষেধ করার পরও এরা তার রুমে কেন?
ইভান তেড়ে এলো বিছানার কাছে। চেঁচিয়ে বলল,
“এ্যাই মেয়ে, এখানে শুয়েছো কেন?”
আতঙ্কিত হয়ে চোখ মেলল রোশনাই। পাশ ফিরে ইভানকে দেখে ধড়ফড়িয়ে উঠে বসল। ঘুম জড়ানো অথচ রাগী গলায় বলল,
“এত রাতে আপনি এখানে কেন?”
ইভানের চেহারা লাল হয়ে গেছে রাগের চোটে। চোয়ালের হাড় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। কপাল আর ঘাড়ের রগগুলোও ফুলে ফেঁপে উঠেছে। ইভান চেঁচিয়ে বলল,
“আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? তুমি এখানে কেন?”
মুখ খুলতে গিয়ে রোশনাইয়ের স্মরণ হলো সে আর ইভান এখন স্বামী-স্ত্রী। ইভান তার রুমে যায়নি, বরং সেই ইভানের রুমে রয়েছে। ইভান আবার চেঁচাতেই নিভান কেঁদে উঠল গলা ছেড়ে। নিভানের কান্নার আওয়াজ কানে পৌঁছাতেই ইভানের বিরক্তি আর রাগ আরও বেড়ে গেল। রোশনাই ইভানের কথার জবাব না দিয়ে ছেলেকে কোলে তুলে শান্ত করার চেষ্টা করতে লাগল। বাচ্চাটা শান্ত না হয়ে কান্না আরও বাড়িয়ে দিচ্ছে। ইভানের বাজখাঁই গলার আওয়াজ শুনে ভয় পেয়েছে। ইভান আবার চেঁচাতেই রোশনাই বলল,
“দয়া করে একটু আস্তে কথা বলুন।”
“তুমি নামো আমার বিছানা ছেড়ে, আর নিজের ছেলেকে নিয়ে বের হও আমার রুম থেকে।”
রোশনাই ছেলেকে কোলে নিয়ে বিছানা ছেড়ে তো নামল, কিন্তু রুম থেকে বের হলো না। রুম জুড়ে পায়চারি শুরু করল ছেলেকে শান্ত করার চেষ্টায়। আস্তে আস্তে নিভানের কান্না কমে এলো, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘুমিয়েও গেল আবার। ছেলে পুরোপুরি ঘুমিয়ে গেছে নিশ্চিত হতেই বিছানার দিকে এগিয়ে এলো রোশনাই। ইভান এতক্ষণ চুপ থাকলেও রোশনাইকে আবার বিছানার দিকে এগিয়ে আসতে দেখে দাঁতে দাঁত পিষে বলল,
“বের হতে বলেছি এই রুম থেকে।”
রোশনাই ছেলেকে শুইয়ে ঢেকে দিলো। সোজা হয়ে দাঁড়িয়ে ইভানের নীলাভ চোখে চোখ রেখে মৃদুস্বরে বলল,
“এত চেঁচান কেন সবসময়? একটু আস্তে কথা বলতে পারেন না? নিভান ঘুমাচ্ছে, আস্তে কথা বলুন নয়তো আবার উঠে যাবে।”
“এই রুম থেকে বের হও তোমার ছেলেকে নিয়ে।”
“কোথাও যেতে পারব না আমি। আমি এখন আপনার বউ এটা ভুলে যাবেন না। আমার অধিকার আছে এই রুমে থাকার।”
বিস্ময়ে বিমূঢ় হয়ে রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল ইভান। বিয়ে হতে না হতেই অধিকার ফলাচ্ছে মেয়েটা!
নিজেকে সামলে নিয়ে কটমট বলল,
“তুমি বের হবে না আমার রুম থেকে?”
“না।”
“বের হবে না?”
“বললাম তো না।”
ইভান ধুপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রোশনাই ফোস করে শ্বাস ছেড়ে বিছানায় উঠে শুয়ে পড়ল ছেলের পাশে।
কয়েক মিনিট বাদেই রোশনাইয়ের কানে ভেসে এলো ইভানের চিৎকার চেঁচামেচির আওয়াজ। বাবার সঙ্গে চেঁচাচ্ছে এই রাতের বেলা।
কিছুক্ষণ চিৎকার চেঁচামেচির পর ইভানের গলার আওয়াজ আর পাওয়া গেল না। একটু পরেই শব্দ করে দরজা লাগানোর আওয়াজ হলো। রোশনাই ঘাড় ঘুরিয়ে দেখল ইভান ধুপধাপ পা ফেলে ওয়াশরুমের দিকে এগোচ্ছে।
ইভান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল রোশনাই আবার ঘুমিয়ে গেছে। বিছানার ওপর দুজনকে দেখে তার মেজাজ আবার চড়ে যাচ্ছে। এখন এই দুজনের পাশে তাকে শুতে হবে। মাথার ভেতর দপদপ করছে এখনো। এতক্ষণ ধরে পানি ঢালল তবুও ঠান্ডা হয়নি মাথাটা।
কাবার্ড খুলে ট্রাউজার আর টি-শার্ট বের করে পরে নিল দ্রুত। রাগের মাথায় ট্রাউজার আর টি-শার্ট ওয়াশরুমে নিতে ভুলে গিয়েছিল। ফোন আর ওয়ালেট ওয়াশরুমেই ফেলে এসেছে। নিতে যেতে পারবে না আর।
লাইট নিভিয়ে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল রোশনাইয়ের পাশে। রোশনাই কোনোভাবে যদি তার কাছাকাছি চলে আসে তবে লাথি মে’রে খাট থেকে ফেলে দেবে বলে সিদ্ধান্ত নিল। চোখ দুটো বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল টিউলিপের চেহারা। বিরক্ত হয়ে চোখ মেলে বিড়বিড় করল,
“কালনাগিনী!”
চলবে………