ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 9

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (০৯)
#সানা_শেখ

ইভানের ঘুম ভাঙল নিভানের গলা ফাটানো চিৎকারে। এমন বিকট চিৎকারে হকচকিয়ে পাশ ফিরে তাকাল ইভান, দেখল নিভান হাতপা ছোড়াছুড়ি করে তারস্বরে কাঁদছে। এই ছেলেটা এত কাঁদে কীভাবে? গলাব্যথা করে না? যত্তসব যন্ত্রণা! উফ, মাথা খারাপ করে দিলো তার!

বিছানার ওপর রোশনাইকে দেখতে পেল না ইভান। রুমের চারদিকে নজর বুলিয়েও পেল না। ছেলেকে এখানে রেখে গেছে কোথায় মেয়েটা?
নিভানের কান্না থামছে না দেখে ইভান বিরক্তিতে কপালে গাঢ় ভাঁজ ফেলে কাত হয়ে নিভানের বুকের ওপর আলতো হাতে চাপড় দিতে দিতে ঘুম জড়ানো ভারী কণ্ঠে বলল,

“দয়া করে চুপ কর একটু, মাথাটা খারাপ করিস না। ঘুমোতে দে, চুপ কর ব্যাটা।”

নিভান চুপ করছে না। সে চোখ দুটো বন্ধ করে একনাগাড়ে কেঁদে চলেছে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় ইভানের মাথা ধরে গেছে। অথচ এই পুঁচকে ছেলেটা কান্না থামাচ্ছেই না।

উপায় অন্ত না পেয়ে ইভান গলা ছেড়ে ‘রোশনি রোশনি’ বলে ডাকতে লাগল। কিন্তু রোশনাইয়ের কোনো সাড়াশব্দ নেই। ইভান অধৈর্য হয়ে দাঁতে দাঁত চেপে বলল,

“কোথায় গিয়ে ম’রে’ছে জাঁদরেল মহিলাটা? এ্যাই রোশনি, রোশনি…।”

রোশনির দেখা নেই।
ইভান না পেরে নিভানকে বুকের ওপর তুলে উপুর করে শুইয়ে পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে বলল,

“ঘুমা, তোর জাঁদরেল মা জাহান্নামে গেছে, আসতে সময় লাগবে।”

ইভানের বুকের উষ্ণ ওম পেতেই নিভানের কান্না কিছুটা কমে এলো। ইভান চোখ বুজে নিভানের পিঠে হাত বুলিয়ে দিতে লাগল। ঘুমে ঠিকমতো চোখ মেলতে পারছে না সে। ঘুমিয়েছিলই তো ফজরের একটু আগে। বিয়ে করতে না করতেই আযাব এসে জুটেছে তার কপালে।

একটু সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল ইভান। পেটের ওপর গরম গরম অনুভব হতেই ঘুম ভেঙে গেল তার, বুঝতে পারল অঘটন ঘটে গেছে। নিভানের প্রস্রাব করতে দেরি, কিন্তু গলা ছেড়ে কান্না করতে দেরি হলো না।

তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসল ইভান। রাগে নিভানের সঙ্গে সঙ্গে নিজেও চেঁচিয়ে উঠল। পুরো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে বলল,

“ট্যাপার বাচ্চা, আমার কাছে এলেই তোর শুধু হাগা-মুতা ধরে? এ্যাই রোশনি, আসবি নাকি তোর ছেলেকে আছাড় মা’রব? বজ্জাত মহিলা, কোথায় গিয়ে ম’রেছিস?”

রোশনাই সিঁড়ির কাছে ছিল। ছেলের কান্না আর ইভানের চিৎকার শুনে দৌড়ে এলো রুমে। ইভান দুই হাতে উঁচু করে ধরে আছে নিভানকে। রোশনাই ইভানের কাছ থেকে ছেলেকে নিয়ে বুকের সঙ্গে মিশিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগল। ইভানের দিকে তাকিয়ে দেখল সে রাগে অগ্নিশর্মা হয়ে তার দিকেই তাকিয়ে আছে। পেটের দিকে চোখ পড়তেই দেখল টি-শার্ট ভেজা। এতক্ষণে এসে অনুভব করল তার হাতে ভেজা ভেজা ঠেকছে। ইভানের এমন রাগের কারণ বুঝতে বাকি রইল না তার।

ইভান কর্কশ গলায় বলল,

“ওকে রেখে কোথায় গিয়েছিলে?”

রোশনাই নিচু গলায় বলল,

“নিচে।”

“তখন যে গলা ফাটিয়ে ডাকলাম কানে যায়নি?”

“না।”

“কেন? কানে তুলো গুঁজে রেখেছিলে?”

“বাড়ির বাইরে ছিলাম মামার সঙ্গে।”

“সকাল সকাল গায়ে হাওয়া লাগাতে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিলে রুমে যে ছেলেকে রেখে গেছো সেটা মাথায় ছিল না?”

দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইহসান চৌধুরী গুরুগম্ভীর গলায় বললেন,

“রুমে যে ছেলের সঙ্গে ছেলের বাবা আছে সেটা কী তোমার মাথায় নেই? তাছাড়া রোশনাই যেতে চায়নি, আমিই জোর করে নিয়ে গিয়েছিলাম। এখন বেশি কথা না বলে চুপচাপ ঘুমাও।”

ইভান কিছু বলার জন্য উদ্যত হতেই ইহসান চৌধুরী বলার সুযোগ না দিয়ে চলে গেলেন দ্রুত পায়ে। ইভান ফোস ফোস করতে করতে রোশনাইয়ের দিকে তাকাল। রোশনাই ছেলের পাজামা বদলে ডায়াপার পরিয়ে দিচ্ছে।
ইভান দাঁতে দাঁত চেপে বলল,

“এই ডায়াপারটা আগে পরিয়ে রাখলে কী হতো?”

রোশনাই ইভানের দিকে না ফিরেই শান্ত কণ্ঠে বলল,

“সারারাত পরানোই ছিল। সকালে খুলে দেওয়ার পর আর পরানো হয়নি।”

“কেন পরাওনি? আমার গায়ে যেন মুততে পারে সেজন্য?”

রোশনাই এবারেও ইভানের দিকে না ফিরেই বলল,

“আমি কী জানতাম নাকি আপনি ওকে বুকের ওপর তুলে নেবেন?”

ইভান কিছু বলতে গিয়েও থেমে গেল। এই মেয়ের সঙ্গে তর্ক করে পারা যাবে না। মুখ তো নয় যেন এ কে ফোরটি সেভেন, বুলেটের মতো ঝরঝর করে কথা বের হতেই থাকে।

গায়ের টিশার্ট খুলতে খুলতে বলল,

“আবার গোসল করতে হবে।”

রোশনাই দুটো বেবি ওয়াইপস হাতে নিয়ে নিভানকে কোলে তুলে বিছানার কাছে এগিয়ে এলো। ওয়াইপস দুটো এগিয়ে দিয়ে বলল,

“গোসল করতে হবে না, এ দুটো দিয়ে পেট মুছে নিন।”

ইভান রোশনাইয়ের মুখের দিকে একবার তাকিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়াল। থমথমে গলায় বলল,

“যেহেতু তোমার ছেলে প্রস্রাব করেছে, তাই তুমিই মুছে দেবে।”

রোশনাই সরু চোখে ইভানের মুখের দিকে তাকাল, তারপর কিছু না বলে ইভানের পেট মুছে দিতে লাগল। সুড়সুড়ি অনুভব করতেই লাফিয়ে দূরে সরে গেল ইভান। রোশনাই কপালে ভাঁজ ফেলে ইভানের মুখের দিকে তাকাল। ইভান দু কদম এগিয়ে রোশনাইয়ের হাত থেকে থাবা দিয়ে ওয়াইপস নিয়ে নিজেই পেট মুছে বিছানায় উঠে শুয়ে পড়ল ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে। গুরুগম্ভীর গলায় বলল,

“লাইট নিভিয়ে তোমার ছেলেকে নিয়ে বের হও এই রুম থেকে, কানের কাছে একটা টু শব্দ যেন না হয়।”

রোশনাই চুপচাপ লাইট নিভিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। নিভান মুখ দিয়ে ‘অ অ’ আওয়াজ করছে। রোশনাই ছেলের মুখের দিকে তাকিয়ে হাসি মুখে বলল,

“কী হয়েছে, বাজান?”

নিভান হেসে উচ্ছ্বাস প্রকাশ করল। হাতপা আরও জোরে জোরে ছোড়াছুড়ি করতে লাগল। রোশনাই ছেলের গালে-কপালে চুমু খেয়ে নাকে নাক ঘষে বলল,

“মামাকে এত জ্বালা—

থেমে গেল রোশনাই। অস্পষ্ট স্বরে উচ্চারণ করল,

“মামা?”

ছেলের মুখের দিকে তাকিয়ে বলল,

“উঁহু। উনি আর তোমার মামা নন, এখন থেকে উনি তোমার বাবা।”

কথাগুলো বলতে বলতেই অন্যমনস্ক হয়ে গেল রোশনাই। চোখের সামনে ভেসে উঠল প্রাক্তন স্বামী শামসের চেহারা। মানুষটাকে সে পাগলের মতো ভালোবেসেছিল। বিশ্বাস করতো অন্ধের মতো। নিজের সবকিছু ভেবে আস্টেপিস্টে আঁকড়ে ধরেছিল। অথচ মানুষটা তাকে নির্মমভাবে ঠকিয়ে দূরে ছুড়ে ফেলেছে।

রোশনাইয়ের টইটম্বুর চোখজোড়া থেকে ঝরঝর করে কয়েক ফোঁটা পানি নিভানের গায়ের ওপর গড়িয়ে পড়ল। ঝাপসা চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে ধরা গলায় বলল,

“আমি কোনোদিন তোমায় জানতে দেবো না একটা অমানুষ তোমার জন্মদাতা পিতা। তুমি কিন্তু তোমার ওই পিতার মতন মানুষ হবে না, বাজান।”

.

মুখের ওপর ঝপ করে পানি পড়তেই ধড়মড় করে শোয়া থেকে উঠে বসল আশিক। দ্রুত চোখমুখ মুছে পাশ ফিরতেই দেখল তার মা রুদ্রমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন তার পাশেই। আশিক মায়ের এই রূপকে পাত্তা না দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে। ঘুম জড়ানো গলায় বলল,

“সকাল সকাল এমন করছো কেন, আম্মু?”

আশিকের মা রুবি বেগম খেঁকিয়ে উঠলেন।

“এই জানোয়ার, এখন সকাল? দুপুর দুটো বাজে আর তোর মনে হচ্ছে এখনো সকাল?”

আশিক ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বলল,

“তোমাদের মতন গরীব মিসকিনদের কাছে এখন দুপুর দুটো হলেও আমার মতন বড়োলোকের কাছে এখন ভোর পাঁচটা। ডিস্টার্ব না করে যাও গিয়ে নিজের কাজ করো।”

“এই জানোয়ার, কী বললি? আতিক, বাসার বাইরে থেকে ছেঁড়া জুতাটা নিয়ে আয় তো!”

“সকাল হতে না হতেই আযাব শুরু। ভাল্লাগেনা, যাও তো নিজের কাজে।”

“জানোয়ারের ঘরের জানোয়ার, এখনো তোর কাছে সকাল মনে হচ্ছে? ঝাড়ুর বাড়ি খাওয়ার আগে তাড়াতাড়ি ওঠ নয়তো আজ তোর কপালে শনি আছে!”

আশিক উঠবে না এখনই, তার ঘুম শেষ হয়নি। রুবি বেগম ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নিয়ে আশিকের চুলের মুঠি ধরে টেনে তুললেন শোয়া থেকে। চুল ছেড়ে কান ধরে নামালেন বিছানা থেকে। ওয়াশরুমের দিকে এগিয়ে বললেন,

“আধা ঘণ্টার মধ্যে ফ্রেশ হয়ে রেডি হবি, মেয়ের বাড়ি থেকে লোকজন আসছে তোকে দেখতে।”

মায়ের কথা শুনে গোলগোল চোখ করে তাকাল আশিক। বিস্মিত হয়ে বলল,

“কী বললে?”

“মেয়ের বাড়ি থেকে মানুষ আসতাছে তোকে দেখতে। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হ।”

আশিক নিজের কান থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে বলল,

“এহ, এটা আবার কেমন নিয়ম? সবসময় ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে যায় আগে, আমার বেলায় কেন উলটো হবে? মানি না আমি এটা।”

“মানতে হবে না তোকে, ফ্রেশ হয়ে রেডি হ তাহলেই হবে।”

“না। তাও হবে না। আমি এই বিয়ে করব না। আমি তোমার বোনের মেয়েকে বিয়ে করব।”

“জানোয়ার, তোকে বিয়ে করতে বলেছে কে? ওরা আসবে, তোকে দেখবে, তারপর আবার চলে যাবে।”

“যদি বিয়েই না হয় তাহলে দেখবে কেন? আশ্চর্য!”

“জানোয়ার, বিয়ে করে বউকে খাওয়াবি কী?”

“কেন? আমি যা খাব তার অর্ধেক আমার বউকে খায়াব।”

“অর্ধেক খাওয়ার জন্য তোর কাছে বউ থাকবে? তোরে আর তোর বাপরে আমি কী যে করব? এক জানোয়ারের ঘরে আরেক জানোয়ার হইছে! কপালে জুটেছিল এক গজব, পেট থেকে হয়েছে আরেক গজব! দুই গজবের যন্ত্রণায় আর ভাল্লাগেনা!”

বড়ো ছেলে আর স্বামীকে বকতে বকতে রুম থেকে বেরিয়ে গেলেন রুবি বেগম। আশিক দরজার দিকে হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল,

“জননী আজ হঠাৎ এমন ক্ষেপে আছে কেন? হয়েছেটা কী?”

এর মধ্যেই আশিকের রুমের সামনে এসে দাঁড়াল তার ছোটো ভাই আতিক। তার হাতে একটা ছেঁড়া স্লিপার। বড়ো ভাইয়ের রুমের ভেতর উঁকি ঝুঁকি দিয়ে বলল,

“ছেঁড়া জুতা আনতে বলে আম্মু কোথায় গেল?”

আশিক তেড়ে এলো ছোটো ভাইয়ের দিকে। আতিক দ্রুত পিছিয়ে গিয়ে বলল,

“খবরদার আমার দিকে এগোবে না।”

আশিক এগোতে এগোতে দাঁতে দাঁত চেপে বলল,

“এগোলে কী করবি? তোর সাহস দেখে বাঁচি না আমি! আমাকে মা’র খাওয়ানোর জন্য ছেঁড়া জুতা নিয়ে এসেছিস? হারামী, এই দিন দেখার জন্য তোকে কোলে-পিঠে করে বড়ো করছি?”

“আমার কী দোষ? আম্মুই তো নিয়ে আসতে বলল।”

আতিক দৌড় দেবে বুঝতে পেরে থেমে গেল আশিক। ছোটো ভাইকে অভয় দিয়ে বলল,

“করব না কিছু, চুপচাপ দাঁড়া।”

“সত্যি করবে না তো?”

“না। এখন বল আম্মু এত রেগে আছে কেন?”

আতিক হাতের স্লিপার ফেলে বড়ো ভাইয়ের কাছে এগিয়ে এলো। হাতের ইশারায় ঝুঁকতে বলল আশিককে। আশিক ঝুঁকতেই আতিক নিচু স্বরে বলল,

“আজকে যেই মেহমানরা আসবে তাদের সঙ্গে নাকি আব্বুর এক্সও আসবে। এটা জানার পর থেকেই আম্মু ফায়ার হয়ে আছে।”

আশিক বিস্মিত হয়ে বলল,

“বলিস কি রে! আব্বুর কী অবস্থা?”

“আম্মুর ঝাড়ি খেয়ে রুমে বসে আছে। আম্মু তো বলেই দিয়েছে এই বিয়ে কিছুতেই হবে না। যদি হয়, আম্মু এই বাড়ি ছেড়ে চলে যাবে।”

“এক্স মানে কী তুই জানিস?”

“না। আম্মু বলল, সেটা শুনেই তোমাকে বললাম।”

আশিক ছোটো ভাইয়ের গাল টিপে চুমু খেলো বেশ কয়েকটা। তারপর তাকে পাঠিয়ে দিয়ে নিজে রুমে ফিরে এলো। বাবার প্রাক্তনকে আজ ফাইনালি দেখবে। বাবার কপালে আজ রাতে শনি আছে ভেবে আশিকের আরও হাসি পেল।

আশিকরা তিন ভাইবোন। আশিক সবার বড়ো, বয়স ছাব্বিশ। মেজো আশিকের বোন আফিয়া, তার বয়স একুশ। সবার ছোটো আতিক। তার বয়স আট। তাকে দুনিয়ায় আনার কোনো চিন্তাভাবনা ছিল না তার বাবা-মায়ের। না চাইতেই যখন সে রুবি বেগমের ভেতরে ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করেছিল তখন কেউ একটুও নারাজ হয়নি তার আগমনের সংবাদে। বরং হাসি মুখেই তাকে গ্রহণ করেছিল পুরো পরিবার।

*****

দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে গেল রোশনাইয়ের। দরজার বাইরে থেকে ইভানের বিরক্তি মাখা কর্কশ গলার আওয়াজ ভেসে আসছে। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর পাঁচটা বেজে চার মিনিট।

জামা ঠিক করে বিছানা ছেড়ে নেমে দাঁড়াল রোশনাই। তারপর বিছানার ওপর থেকে ওড়না তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার কাছে এসে দাঁড়াল। দরজা খুলতেই রাগ আর বিরক্তিতে চোখমুখ কুঁচকে রাখা ইভানকে দেখতে পেল।

“সরো সামনে থেকে।”

রোশনাই সরে দাঁড়াল। ইভান ভেতরে প্রবেশ করে গিটারটা রেখেই ওয়াশরুমের দিকে এগোল। পেছন থেকে তার যাওয়ার পথে তাকিয়ে রইল রোশনাই। মস্তিষ্কে হানা দিলো পুরনো কিছু স্মৃতি। বাস্তবের মতন চোখের সামনে ভেসে উঠল সেই রাতটা। সেদিনও রোশনাই স্বামীর জন্য না খেয়ে অপেক্ষা করছিল। শামসকে রেখে সে আগে আগে খাবার খেত না কোনোদিন। শামসের সঙ্গে খেত, না হয় শামস খাওয়ার পর খেত।

সেদিন শামস বাড়ি ফিরল বেশ রাত করে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাত দুটোর ঘরে পৌঁছে গিয়েছিল। না খেয়ে না ঘুমিয়ে ঘুম ঘুম চোখে স্বামীর অপেক্ষায় ড্রয়িংরুমে বসে ছিল রোশনাই। শামস বাড়ি ফেরার পর রুমে এসেই রোজকার মতন তাকে জাপটে ধরেছিল মেয়েটা। অন্য দিনের মতন সেদিন তাকে জড়িয়ে ধরেনি শামস, বরং তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল। এতে রোশনাই কিছুটা অবাক হলেও তেমন কিছু ভাবেনি। এত রাত করে ফিরেছে, নিশ্চই ভীষণ ক্লান্ত। এত রাত পর্যন্ত শামস কোথায় ছিল এসব জিজ্ঞেস করার চিন্তাভাবনাও তার মাথায় আসেনি তখন।

শামস শার্টের বোতাম খুলতে খুলতে থমথমে গলায় বলেছিল,

“রোশনাই।”

“হ্যাঁ, বলুন।”

“অনেক দিন ধরে তোমাকে কিছু কথা বলবো বলবো করে বলা হচ্ছে না।”

রোশনাই এগিয়ে এসে শামসের সামনে দাঁড়িয়ে তার শার্টের বোতাম খুলে দিতে দিতে বলেছিল,

“কেন? আমাকে কিছু বলতে এত দ্বিধা কীসের? বলুন কি বলবেন।”

শামস মিনিট খানিক নিশ্চুপ থেকে শান্ত কণ্ঠে বলেছিল,

“আমার ডিভোর্স চাই।”

শামসের কথা শুনে শকড হয়েছিল রোশনাই। এতটাই শকড হয়েছিল যে বেশ কয়েক মিনিট সে কোনো কথাই বলতে পারেনি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া। নিজেকে সামলে জোর করে ঠোঁটে হাসি ফুটিয়ে কম্পিত স্বরে বলেছিল,

“ম মজা করছেন? দেখুন এমন মজা করবেন না, আমার ভয় লাগছে।”

শামস রোশনাইয়ের মুখ দুই হাতের আঁজলায় নিয়ে বলেছিল,

“মজা করছি না, রোহানাই। আমি সত্যিই ডিভোর্স চাই। আমি অন্য একজনকে ভালোবাসি।”

“আ…আমাকে ভালোবাসেন না আপনি?”

“বাসি।”

“তা তাহলে?”

“ওকে বেশি ভালোবাসি।”

চলবে…….

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন