ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 10

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (১০)
#সানা_শেখ

রোশনাই ঝাপসা চোখে শামসের চোখের দিকে তাকিয়ে ছিল। থরথর করে কাঁপছিল মেয়েটার সমস্ত শরীর। তার তখন মনে হচ্ছিল কেউ তার বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা খামচে ধরেছে শক্ত হাতে। তার স্বামী অন্য নারীকে ভালোবাসে, আবার বলছে তার থেকে ওই নারীকে বেশি ভালোবাসে—এটা স্ত্রী হয়ে কীভাবে সহ্য করবে সে? লোকটা এত অবলীলায় এমন কথা কীভাবে বলছে? স্ত্রী রেখে সে অন্য নারীকে কীভাবে ভালোবাসতে পারল?

“রোশনাই।”

ঘোর থেকে বেরিয়ে শামসকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল রোশনাই। সে তখন শামসকে স্বামী হিসেবে নয়, নিজের পুরো পৃথিবী হিসেবেই দেখত। শামসের উন্মুক্ত বুকে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে বলেছিল,

“আমি ম’রে যাব আপনাকে ছাড়া! আপনাকে ছাড়া থাকতে পারব না আমি! আমি পারব না আপনাকে ছাড়া বাঁচতে!”

শামস শান্ত কণ্ঠে বলেছিল,

“আমি ওকে বিয়ে করতে চাই। তুমি থাকলে ও আমাকে বিয়ে করবে না। তাই তোমাকে আমার জীবন থেকে সরে যেতে হবে। আমি চাই না তুমি কোনো ঝামেলা করো।”

“আপনাকে ছাড়া আমি কীভাবে থাকবো? তাছাড়া আপনি তো জানেন, আপনি ছাড়া এই দুনিয়ায় কেউ নেই আমার।”

শামস কোনো কথা না বলে জোর করে রোশনাইয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। রোশনাই তখনো বুঝতে পারছিল না যে—সব শেষ। যে মানুষটাকে আঁকড়ে ধরে সে বাঁচতে চাইছে, সেই মানুষটাই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে—তাও অন্য এক নারীর জন্য।

চোখের সামনে ইভানকে দেখে রোশনাইয়ের ঘোর কে’টে গেল। ইভান শার্ট-প্যান্ট খুলে শুধু শর্টস পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। তাকে এই অবস্থায় দেখে অস্বস্তিতে পড়ল রোশনাই। হাফ প্যান্ট পর্যন্ত ঠিক ছিল, তাই বলে শর্টস পরে এভাবে তার সামনে চলে আসবে?

রোশনাই দ্রুত উলটো ঘুরে দরজা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে এলো। ভুলেও আর তাকাল না ইভানের দিকে। তাড়াহুড়ো করে বিছানায় উঠে শুয়ে পড়ল ছেলের পাশে। চমকে ওঠার মতো করে একবার নড়ে আবার শান্ত হয়ে গেল নিভান।
কয়েক মিনিট পর কাবার্ডের পাল্লা লাগানোর আওয়াজ হলো। তারপর ধুপধাপ পা ফেলার আওয়াজ।

রোশনাই ফোস করে শ্বাস ছাড়ল। ইভান বাইরে থেকে এসে যখন ওয়াশরুমের দিকে এগোল ঠিক তখনই রোশনাইয়ের মস্তিষ্কে পুরোনো সেই ঘটনাটা হানা দিয়েছিল। এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল সে এক বছর পেছনে চলে গেছে।

ইভান ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখল বিছানার অর্ধেকের বেশি অংশ খালি পড়ে আছে। অল্প জায়গায় মা-ছেলে জড়সড়ো হয়ে ঘুমিয়ে রয়েছে।

রোশনাইয়ের ওপর এমনিতে ইভানের তেমন কোনো রাগ-ক্ষোভ নেই। সেদিন তার সঙ্গে ঝগড়া করায় মেজাজ কিছুটা চটে ছিল, তার ওপর পরদিন আবার বিয়ের কথা উঠল। জীবনে দ্বিতীয়বার আর বিয়ে করতে চায়নি সে। বিয়ের কথা শুনলেই তার মেজাজ গরম হয়ে যায়। বাকি জীবনটা বাবার সঙ্গেই পার করার সিদ্ধান্ত নিয়েছিল।

ইভান তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারে সেদিন ভুলটা তারই ছিল। অত ছোটো একটা বাচ্চাকে ওভাবে ধমক দেওয়া তার মোটেও উচিত হয়নি। রোশনাই নিজের জায়গা থেকে ঠিকই ছিল। সে নিভানের সঙ্গে যা করেছিল তা স্বাভাবিকভাবেই রোশনাইকে ক্ষেপিয়ে তুলবে। রোশনাইয়ের জায়গায় অন্য কেউ থাকলে সেও রোশনাইয়ের মতোই আচরণ করতো তখন।

খাবার খেয়ে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়ল ইভান। রোশনাই আর নিভান জেগে আছে এখন। নিভান চুক চুক শব্দ করে দুধ খাচ্ছে। শব্দটা লাগাতার হচ্ছে না, থেকে থেকে হচ্ছে। অদ্ভুত! খাওয়ার সময় এমন শব্দ হবে কেন?

ইভান ঘাড় ঘুরিয়ে পাশে তাকাল। রোশনাই ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে রেখেছে। মাঝখানে আরও একজন শুতে পারবে এতটুকু জায়গা রয়েছে। রোশনাই ও নিভানের আলাদা ব্ল্যাঙ্কেট, আর তার আলাদা ব্ল্যাঙ্কেট। রোশনাই-ই নিজেদেরটা আলাদা করে নিয়েছে।

খাওয়া শেষ করে না ঘুমিয়ে ক্যা কু আওয়াজ করতে লাগল নিভান। রোশনাই নিচু কণ্ঠে বলল,

“বাজান, ঘুমাও।”

“ওওও…।”

“ওওও কী? ঘুমাও।”

“আ।”

“আ ই পড়ার সময় না এখন, চোখ বন্ধ করে ঘুমাও।”

“না…।”

রোশনাই বিস্মিত হলো ছেলের মুখে স্পষ্ট না শব্দটা শুনে। তারপর হেসে উঠল। বলল,

“না কী? ঘুমোতে হবে, ঘুমাও।”

হাত দিয়ে ছেলের চোখ দুটো ঢেকে দিলো রোশনাই। নিভান হাতপা ছোড়াছুড়ি শুরু করল মায়ের হাত সরিয়ে দেওয়ার জন্য। মুখ দিয়ে আরও জোরে জোরে আওয়াজ করতে লাগল। রোশনাই হাত সরিয়ে নিল। নিভান অদ্ভুত সব আওয়াজ করছে মুখ দিয়ে—যেন নিজের ভাষায় কথা বলছে মায়ের সঙ্গে।

রোশনাই বুঝতে পারল ছেলে আর ঘুমাবে না। অবশ্য আজ রাতে ছেলে তাকে জ্বালাতন করেনি। সন্ধ্যার পর পরই ঘুমিয়ে গিয়েছিল, রাতে কয়েকবার উঠলেও চেঞ্জ করিয়ে খেতে দিতেই ঘুমিয়ে গেছে।

শোয়া থেকে উঠে বসল রোশনাই। ওড়না ঠিক করে ছেলেকে কোলে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়াল। তারপর এগোল দরজার দিকে। তারা এখন এখানে থাকলে ইভান ঘুমোতে পারবে না, তাই রুম থেকে বেরিয়ে এলো যেন ইভান ঘুমোতে পারে।

ইভান চোখ বুজলো। এতক্ষণ রোশনাই আর নিভানকে দেখছিল। নিভানের অদ্ভুত অদ্ভুত শব্দগুলোও মন দিয়ে শুনছিল সে। এত দিনেও এই দুজনের জন্য তার মনে তেমন কোনো অনুভূতি কাজ করে না। শুধু এই দুজন নয়, গুটি কয়েক মানুষ বাদে বাকিদের জন্য তার হৃদয়ে কোনো মায়া কাজ করে না। গত আড়াই বছরে কেমন যেন রোবটের মতন হয়ে গেছে সে।

একজন নারী এলো। এক বছরে তাকে আস্টেপিস্টে জড়িয়ে ধরল। তারপর সেই নারীই তার হৃদয় ভেঙে চিরতরে তার জন্য নিষিদ্ধ হলো। মে’রে ফেলল তার ভালোবাসার অনুভূতি।

প্রথমে বাবা, তারপর সে নিজেই—সেই থেকেই জেদ চেপে গিয়েছিল মনের গভীরে। নিজের জন্য নিষিদ্ধ করেছিল ভালোবাসা, বিয়ে ও সংসার। এক জীবনে দ্বিতীয় কাউকে গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিন্তু নিয়তিতে তো অন্য কিছুই লেখা ছিল।

.

ছোটো ভাইয়ের ডাকে ঘুম ভাঙলো আশিকের। চোখ মেলে দেখল ভাই তার বুকের ওপর উঠে বসে আছে। ঘুম জড়ানো গলায় বলল,

“কী হয়েছে?”

“ওঠো।”

“কেন?”

“বাবু দেখাতে নিয়ে যাবে বলেছিলে।”

“বিকেলে নিয়ে যাব বলেছি না?”

“বিকেল হয়ে গেছে।”

“বিকেল হয়ে গেছে?”

“হ্যাঁ।”

“কটা বাজে?”

“জানি না।”

আশিক বালিশের আশপাশ হাতড়ে নিজের ফোন খুঁজতে লাগল। পেয়ে যাওয়ার পর মুখের সামনে ধরে পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকিয়ে দেখল দুটো বেজে তেরো মিনিট। ফোন রেখে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল,

“এখন বিকেল?”

“তাহলে?”

“মাত্র দুটো তেরো বাজে। আরও তিন ঘণ্টা পর আসবি, যা এখন।”

আতিক বায়না ধরে বলল,

“না, আমি এখনই যাব। ওঠো তুমি।”

“দেখ ভাই, জ্বালাবি না। যা এখান থেকে, ঘুমোতে দে।”

আশিক বুকের ওপর থেকে ভাইকে নামিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু আতিক নামবে না। সে শুয়ে পড়ল বড়ো ভাইয়ের বুকের ওপর, তারপর শক্ত করে গলা জড়িয়ে ধরে দুদিকে মাথা নেড়ে বলল,

“আমি যাব না, তুমি ওঠো।”

“তুই এখনো ছোটো? বাচ্চাদের মতন জেদ করছিস কেন? যা এখান থেকে।”

“আমি তো ছোটই।”

“ছোটো? দুদিন পর করবে বিয়ে, সে নাকি এখনো ছোটো।”

“কে বলেছে তোমাকে? তুমি এত বড়ো তাও তো বিয়ে করো না, আমি এত ছোটো হয়ে কেন বিয়ে করব?”

“বিয়ে তো করতেই চাই, আব্বু-আম্মুই তো করায় না।”

“তাহলে করাতে বলো।”

“বলিই তো, তবুও করায় না।”

“এখন ওঠো, বাবু দেখতে যাব।”

“আব্বু-আম্মুকে বল আমকে বিয়ে করাতে, তাহলে এক বছর পর আমাদের বাড়িতেই একটা বাবু থাকবে।”

“আচ্ছা বলবো, এখন তুমি ওঠো।”

আশিকের গলা ছেড়ে উঠে বসল আতিক। আশিক চোখ বুজে বলল,

“বললাম তো তিন ঘণ্টা পর।”

“না, এখনই।”

আতিক আশিকের হাত ধরে টানাটানি শুরু করল তার বুকের ওপর বসে থেকেই। সে গতকাল ইভানদের বাড়ি থেকে এসে নিভানের কথা বলেছিল বাড়ির সবাইকে। তখন থেকেই নিভানকে দেখার জন্য উতলা হয়ে উঠেছে আতিক। অবশ্য আশিকের ফোনে নিভানের ছবি এবং ভিডিও দেখেছে সে। সেসব দেখেই আরও বেশি উতলা হয়ে রয়েছে। সকালে একবার আশিকের কাঁচা ঘুম ভাঙিয়ে বলেছিল তাকে ইভানদের বাড়িতে নিয়ে যেতে। আশিক তখন বলেছিল বিকেলে নিয়ে যাবে। বিকেল হওয়ার আগেই আবার এসে আশিকের ঘুমের চৌদ্দটা বাজিয়ে দিলো।

“বুকের ওপর থেকে সর না, ভাই।”

“আগে তুমি ওঠো।”

“দু ঘণ্টা পর যাব, এখন যা আম্মুর কাছে।”

“আম্মু ঘুমাচ্ছে, তুমি ওঠো।”

“এক কথা বারবার! আম্মু ঘুমাচ্ছে তুইও গিয়ে ঘুমা।”

আতিক ভাইয়ের কথা মানতে নারাজ। সে এখনই যাবে মানে এখনই যাবে।
আরও পাঁচ মিনিট আতিককে বোঝানোর পর হার মানল আশিক। এখন না উঠে আর উপায় নেই।

ফোন হাতে নিয়ে কল করল মেহেদীর ফোনে। কল দিতেই রিসিভ হলো। মেহেদী বলল,

“বল।”

“উঠেছিস?”

“হ্যাঁ।”

“বাগানবিলাসে যাবি?”

“কোনো দরকার?”

“আতিক নিভানকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। ঘুমোতেও দিচ্ছে না শান্তিতে।”

“আমি খেয়ে বের হচ্ছি, তোরাও বের হ।”

“আচ্ছা।”

কল কেটে ফোন রেখে দিলো আশিক। আতিক খুশিতে উল্লাস করে আশিকের গলা জড়িয়ে ধরে শুয়ে পড়ল আবার। আশিকও ভাইকে জড়িয়ে ধরল।

মেহেদী রুম থেকে বের হতেই বাবার মুখোমুখি হলো। এই সময়ে বাবাকে বাড়িতে দেখে কিছুটা অবাক হলো। মেহেদীর বাবা আকরাম খান ছেলের দিকে তাকিয়ে বললেন,

“নবাবের ঘুম ভেঙেছে তাহলে?”

বাবার কথা শুনে মেহেদী বলল,

“নাহ। নবাব এখনো ঘুমাচ্ছে, এটা নবাবের আত্মা।”

“বেয়াদব ছেলে!”

“তুমি কত ভালো ছেলে জানা আছে আমার।”

“হারামীর বাচ্চা, দাঁড়া!”

আকরাম খান হাতের ফাইল দিয়ে মেহেদীর গায়ে বাড়ি দেওয়ার জন্য উদ্যত হতেই মেহেদী দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ওপর থেকে চেঁচালেন আকরাম খান। মেহেদীও মুখ ভেংচাল নিচ থেকে। আকরাম খান নিচের দিকে নেমে আসতেই মেহেদী আবার দৌড় শুরু করল ডাইনিংরুমের দিকে। আকরাম খান ঘুরে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন।

তাদের বাবা-ছেলের সম্পর্ক সাপে নেউলে। দুজনের বয়সের ব্যবধান বাইশ বছর। এদের দুজনকে দেখলে বাবা-ছেলে কম ভাই-ভাই বেশি লাগে। আবার দুই শত্রুও মনে হয়। এরা দুজন এক সঙ্গে থাকলে কথা কাটাকাটি হবেই হবে। প্রায় সময়ই আকরাম খান ছেলের পিঠে ধুমধাম লাগিয়ে দেন। বাবা বলে শুধু মেহেদীই মা’রতে পারে না। এত বড়ো হওয়ার পরও বাবার হাতে মা’র খেতে হয় তাকে। অবশ্য বাবা তাকে ভীষণ ভালোও বাসে। সে মুখ ফুটে কিছু বলেছে আর বাবা তা করেনি এমনটা কখনো হয়নি। শুধু বাবা তাকে বিয়েটাই করাতে চায় না। তার নাকি বিয়ের বয়স হয়নি এখনো। নিজে মাত্র একুশ বছর বয়সে বিয়ে করে বাইশ বছর বয়সে বাবা হয়ে গেছে। আর ছেলের ছাব্বিশ বছর হয়ে যাওয়ার পরও নাকি বিয়ের বয়স হয়নি। এ নিয়েও বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়।

স্বামী-সন্তানের ওপর অতিষ্ঠ হয়ে মাঝেমধ্যেই নির্বাসনে যাওয়ার জন্য উদ্যত হন মেহেদীর মা মাইশা খান।

.

ইভান চোখ মেলতেই দেখল তার পাশেই ঘুমিয়ে আছে নিভান। ডান হাতের দুটো আঙুল মুখের ভেতর পুরে রেখেছে বাচ্চাটা। ঘাড় ঘুরিয়ে আশপাশে নজর বুলিয়ে দেখল রোশনাই নেই রুমে।

সেই যে সকালে ঘুমিয়েছিল মাত্র ঘুম ভাঙল তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় তিনটা বেজে গেছে। আড়মোড়া দিয়ে শোয়া থেকে উঠে বসল ইভান। প্রকৃতি ডাক দিয়েছে প্রবল বেগে। বিছানা ছেড়ে নেমে বড়ো বড়ো কদমে এগিয়ে এলো ওয়াশরুমের সামনে। দরজা খোলার জন্য হাত বাড়াতেই দরজাটা খুলে গেল।

দরজা খুলে সামনে মানুষের অবয়ব দেখে ভয়ে চেঁচিয়ে উঠল রোশনাই। ওয়াশরুমের ভেতরে মানুষ আর চেঁচানোর আওয়াজে ইভানও ভয় পেয়ে গেল কিছুটা। ভয়ে দু কদম পিছিয়েও গেছে ছেলেটা। তারপর দুজন দুজনকে দেখে একে অপরের দিকে তাকিয়ে রইল। রোশনাইয়ের শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক। বুক হাপরের মতো ওঠানামা করছে।

রোশনাইকে রুমে না দেখে ইভানের একবারের জন্যও মনে হয়নি মেয়েটা ওয়াশরুমে থাকতে পারে।

রোশনাই নিজেকে ধাতস্থ করে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। ইভান ঘাড় ঘুরিয়ে একবার তার যাওয়ার পথে তাকিয়ে ভেতরে প্রবেশ করল।

.

আশিক ও মেহেদীর বাইক বাগানবিলাসের সামনে এসে দাঁড়াতেই সিকিউরিটি গেট খুলে দিলো। ভেতরে প্রবেশ করে পার্কিং-এ বাইক থামাল দুজন। মেহেদী হেলমেট খুলে আতিকের দিকে তাকিয়ে বলল,

“এই শা’লা, শপিংমলে চরকির মতন যে ঘুরালি একটা চকলেটও তো কিনে দিলি না।”

আতিক রেগেমেগে বলল,

“বকা দিলে কেন?”

মেহেদী অবাক হওয়ার ভান করে বলল,

“আশ্চর্য! বকা দিলাম কখন?”

“শা’লা বললে যে?”

“শা’লাকে শা’লা না বললে কী বলবো?”

আতিক বড়ো ভাইয়ের মুখের দিকে তাকাল। আশিক মেহেদীর দিকে তাকিয়ে বলল,

“শুধু শুধু কেন খ্যাপাচ্ছিস?”

“কোথায় খ্যাপাচ্ছি? দুই ভাই মিলে চরকির মতন ঘুরালি, অথচ একটা ললিপপ কিনে দিলি না। আচ্ছা ললিপপ না দিলি, তোদের বোনটাকে দিস।”

আশিক কটমট করে তাকিয়ে বলল,

“একদম আমার বোনের দিকে নজর দিবি না, হারামী।”

“অলরেডি দিয়ে ফেলেছি। ড্যাড রাজি হয়ে গেলেই কাজী নিয়ে যাব।”

দুজনের কথাবার্তা শুনে ওপরের দিকে মুখ তুলে দুজনের মুখ চাওয়াচাওয়ি করছে আতিক। মেহেদী তার গাল টেনে বলল,

“এভাবে হাঁ করে তাকিয়ে কী দেখছিস? তোর বোনকে আমি বিয়ে করব তখন তুই আমার শা’লা হবি।”

তেতে উঠল আতিক। বলল,

“তোমার মতন জাউরার সঙ্গে আমি আমার আপুকে বিয়ে দেবো না।”

“আব্বে সালা, তুই দেখছি একদম আমার বাপের মতন কথা বলছিস!”

আশিক মেহেদীর দিকে তাকিয়ে চাপা স্বরে বলল,

“কার সামনে কী বলছিস, ভাই? বাড়িতে গিয়ে সব বলে দেবে।”

মেহেদী আতিকের দিকে তাকিয়ে বলল,

“বাড়িতে গিয়ে সব বলে দিবি?”

“হ্যাঁ।”

মেহেদী আবার কিছু বলতে গেলে আশিক তাকে থামিয়ে দিলো। বলল,

“ওর সঙ্গে বকবক না করে কলিংবেল চাপ।”

মেহেদী তাই করল। চার চারবার কলিংবেল বাজানোর পর দরজা খুলে দিলেন করিম মিয়া।

.

ইভান রুমে এসে দেখল রোশনাই নিভানকে বিছানায় শুইয়ে রেখে তার কাঁথা কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখছে।
বিছানার কাছে এগিয়ে এলো নিভানকে নেওয়ার জন্য। ডায়াপার পরানো নেই দেখে রোশনাইয়ের দিকে তাকিয়ে গুরুগম্ভীর গলায় বলল,

“ওকে ডায়াপার পরিয়ে দাও।”

রোশনাই ইভানের দিকে না তাকিয়েই থমথমে গলায় বলল,

“কেন?”

“নিচে নিয়ে যাব।”

“নিতে হবে না। যেহেতু ছেলে আমার, তাই আমার কাছেই থাকুক। কষ্ট করে আপনাকে নিতে হবে না।”

রোশনাইয়ের ত্যাড়া কথায় ইভানের মেজাজ গরম হলেও নিজেকে শান্ত রাখল। বলল,

“তোমার ছেলেকে কোলে নেওয়ার জন্য ম’রে যাচ্ছি না আমি।”

“তো নিতে চাইছেন কেন?”

ইভান দাঁতে দাঁত পিষে বলল,

“আশিক এসেছে ওর ছোটো ভাইকে নিয়ে। ও নিভানকে দেখতে চাইছে।”

নিজের কাজ থামিয়ে এবার ইভানের দিকে তাকাল রোশনাই। এই ব্যাপার? সে তো আরও ভাবছিল ইভানের হঠাৎ কী হলো যে নিজে থেকে তার ছেলেকে কোলে নিতে চাইছে।

“দ্রুত ওকে ডায়াপার পরিয়ে দাও।”

রোশনাই আর কিছু না বলে নিভানকে ডায়াপার পরিয়ে দিলো। ইভানের কোলে তুলে দেওয়ার সময় বলল,

“সাবধানে কোলে নিতে বলবেন।”

“বলবো না। ওকে আছড়ে ওর পেটের নাড়ি ভুঁড়ি বের করে ফেলব।”

রোশনাই ইভানের নীলাভ চোখজোড়ায় চোখ রেখে বলল,

“তারপর আপনার পেটে এক ইঞ্চি ভুঁড়ি থাকে কি-না আমিও দেখব।”

“কী করবে?”

“গলা দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে টেনে বের করব।”

ইভানের চাহনি গভীর হলো। রোশনাই এই দৃষ্টির সামনে টিকতে না পেরে চোখ নামিয়ে নিজের কাজ করতে লাগল। ইভান তার দিকে তাকিয়ে থেকেই রুম থেকে বেরিয়ে এলো। নিভানের মুখের দিকে তাকিয়ে দেখল সে তার মুখের দিকে তাকিয়ে আছে। কপাল-ভ্রু কুঁচকে বলল,

“সবসময় এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে কী দেখিস?”

ইভানের কথা শুনে হেসে উঠল নিভান। মুখ দিয়ে ‘আ আ’ শব্দ বের করল কয়েকবার।

“হাসছিস কেন? এমনিতে তো সারাক্ষণ সাইরেন বাজাতে থাকিস।”

লাফিয়ে উঠল নিভান। ইভান আরও সতর্ক হয়ে নিভানকে বুকের সঙ্গে চেপে ধরল শক্ত করে। ভুল করেও যদি হাত ফসকে পড়ে যায় তবে এর জাঁদরেল মা তার একটা হাড়ও আস্ত রাখবে না এতে নিশ্চিত ইভান। এমন ডেঞ্জারাস একটা মেয়ের সঙ্গে এত বড়ো প্রতারণা করার পরও শামস এত সহজে ছাড়া পেয়ে গেল কীভাবে? নাকি অতিরিক্ত কষ্ট পাওয়ার পর রোশনাই এমন কঠিন হয়ে গেছে?

চলবে………..

লাইক কমেন্ট করতে ভুলবেন না কেউ।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 10 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন