ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 11

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (১১)
#সানা_শেখ

সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ইভান, ফিরল রাত বারোটায়। নিজের রুমের সামনে এসে দেখল আজও দরজা ভেতর থেকে লাগানো। বিরক্তিতে ‘চ’ সূচক শব্দ উচ্চারণ করল ছেলেটা। দরজায় দুবার নক করতেই দরজা খুলে দিলো রোশনাই। রোশনাইয়ের কোলে নিভান, ড্যাবড্যাব করে তাকিয়ে আছে বাচ্চাটা।

রোশনাই সরে গেল দরজার সামনে থেকে। ইভান ভেতরে ঢুকে দরজা লাগাতে লাগাতে গুরুগম্ভীর গলায় বলল,

“সন্ধ্যা হতে না হতেই দরজা লাগিয়ে রাখো কেন? ভূত আসে নাকি খাওয়ার জন্য?”

রোশনাই পিছু ফিরলেও ইভানের কথার উত্তর দিলো না। ভালো লাগছে না তার। ঘুমে চোখ খোলা রাখতে পারছে না, অথচ নিভান ঘুমোচ্ছেই না। ইভানের কোলেই ঘুমিয়ে গিয়েছিল বিকেলে, ঘুম থেকে উঠেছে রাত এগারোটার পর। এখন আর ঘুমোচ্ছে না। ছেলেটা রাতে এত জ্বালায়! বসতে পর্যন্ত দিচ্ছে না। বসলেই কান্না শুরু করে।

ইভান সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল রোশনাইয়ের দিকে, কিন্তু রোশনাই আর তাকাল না তার দিকে। ছেলেকে নিয়ে রুম জুড়ে পায়চারি করছে সে।
ইভান কাবার্ড থেকে টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমের দিকে এগোল। ফ্রেশ হয়ে চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল রোশনাই নিভানকে নিয়ে ওপাশ ফিরে শুয়ে আছে বিছানায়। বিছানার কাছে এগিয়ে এসে ডিম লাইট জ্বালিয়ে মেইন লাইট নিভিয়ে ইভান নিজেও শুয়ে পড়ল।

চোখ বন্ধ করার দু মিনিট পর ইভানের কানে ভেসে এলো নিভানের ক্যা কু করার আওয়াজ। রোশনাই ভারী কণ্ঠে বলল,

“বাজান, ঘুমাও এখন, অনেক রাত হয়েছে তো, আম্মুর ঘুম পেয়েছে ভীষণ। ঘুমাও, সোনা।”

নিভান কান্না জুড়ে দিলো। ঘুমাবে না সে। রোশনাই তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করল আবার, কিন্তু নিভান মুখেই নিল না, তার পেট ভরে গেছে। রোশনাইয়ের এখন কান্না করতে ইচ্ছে করছে। রাত হলে ছেলেটা এত জ্বালায় কেন?

কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর নিভানের কান্নায় অতিষ্ঠ হয়ে শোয়া থেকে উঠে বসল ইভান। এভাবে কান্না করলে ঘুমোনো যায়? অসহ্য! রোশনাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল,

“ওকে দাও আমার কাছে।”

রোশনাই ঘাড় ঘুরিয়ে ইভানের দিকে তাকাল, কিন্তু নিভানকে দিলো না। নিভান গলা ছেড়ে তারস্বরে কাঁদছে, আর হাতপা ছোড়াছুড়ি করছে।
রোশনাই ছেলেকে শান্ত করার চেষ্টা করতে লাগল আবার। ইভান রুমের মেইন লাইট জ্বালাল। তারপর মা-ছেলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এগিয়ে এসে রোশনাইয়ের ওপর দিয়ে ঝুঁকে জোর করে নিভানকে নিজের কোলে তুলে নিল।

ইভানের কোলে উঠতেই নিভানের কান্না কমে এলো। বাবার বুকের কাছের টি-শার্ট খামচে ধরে মিশে রইল বুকের সঙ্গে।

রোশনাই ঘাড় ঘুরিয়ে রাগী চোখে তাকিয়ে রইল ইভানের মুখের দিকে। ইভান তার চাহনিকে মোটেও পাত্তা দিলো না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে নামল বিছানা ছেড়ে। নিভানের মুখের দিকে তাকিয়ে বলল,

“রাত হলে কী হয় তোর? শ’য়’তানে খোঁচায়? ঘুমাস না কেন?”

নিভান হেঁচকি তুলতে তুলতে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। ইভান রোশনাইয়ের দিকে তাকাল আবার। গাম্ভীর্য ভাব বজায় রেখে বলল,

“তুমি ঘুমাও, আমি দেখছি ওকে।”

রোশনাই শোয়া থেকে উঠে বলল,

“দেখতে হবে না, ওকে দিন আমার কাছে।”

ইভান দিলো না নিভানকে। বড়ো বড়ো কদম ফেলে বেরিয়ে এলো রুম থেকে। নিভানের কান্না থেমে গেছে এখন। ইভান তাকে নিয়ে নিজের স্টাডি রুমের দিকে এগিয়ে বলল,

“তোর কাঁদতেও সময় লাগে না, আবার কান্না বন্ধ করতেও সময় লাগে না দেখছি।”

“অঅঅ।”

“আবার স্বীকারও করছিস?”

নিভান ইভানের বুকে মুখ ঘষে আবার মুখ তুলে তাকাল। ইভান ছেলের সঙ্গে বকবক করতে করতে প্রবেশ করল স্টাডি রুমের ভেতর। রুমটা এখন স্টাডি রুম কম, মিউজিক রুম বেশি লাগে। লাইট জ্বালিয়ে দিতেই আলোকিত হলো রুমটা।

মুখ নামিয়ে নিভানের মুখের দিকে তাকিয়ে বলল,

“গান শুনবি নাকি বই পড়বি?”

নিভান কপাল কুঁচকে ফেলল। ইভান নিজেও কপাল-ভ্রু কুঁচকে বলল,

“কিরে কপাল কুঁচকালি কেন? তোর কী মনে হচ্ছে আমি গান গাইতে পারি না? নাকি বই পড়তে পারি না?”

“এই।”

“এই আবার কী?”

“ওওও।”

“ও কী? তোকে ভয় পাই আমি?”

“ওওও।”

“কী বলতে চাইছিস?”

নিভান বাবার বুকে মাথা ঠেকিয়ে বাদামি রঙের একটা গিটারের দিকে তাকিয়ে রইল।
ইভান এগিয়ে এলো গিটারের কাছে। নিভানকে বলল,

“এটা পছন্দ হয়েছে? বাজাবি?”

নিভান কোনো রেসপন্স করল না ইভানের কথায়। ইভান নিজের একটা বড়ো ছবির সামনে নিভানকে উঁচু করে ধরল। ছবিটাতে তার পরনে সেনাবাহিনীর পোশাক, পেছনে দেখা যাচ্ছে ক্যান্টনমেন্টের একটা ভবন। ছেলেকে ছবিটা দেখিয়ে বলল,

“একে চিনিস?”

নিভান কিছুক্ষণ তাকিয়ে রইল ছবিটার দিকে। তারপর তাকাল ইভানের বুকের দিকে। উচ্ছ্বাস প্রকাশ করে লাথি মে’রে বসল বাবার মুখ বরাবর। লাথি খেয়ে হতভম্ব হয়ে গেল ইভান। কয়েক মুহূর্ত পর নিজেকে সামলে চিবিয়ে চিবিয়ে বলল,

“বান্দির বাচ্চা, তোর এত বড়ো সাহস যে বাপের মুখে লাথি মা’রিস!”

নিভান ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে আছে বাবার মুখের দিকে—যেন সে কিছুই করেনি।
নিজের বলা কথাগুলো ভেবে বিস্মিত হলো ইভান। বিড়বিড় করে বলল,

“বাবা?”

“অ।”

ইভান তাকিয়ে রইল উঁচু করে ধরে রাখা বাচ্চাটার মুখের দিকে। নিভান শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। ওই নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে ইভানের বুকের ভেতর কিছু একটা হলো প্রথমবারের মতন। চোখমুখ নরম হয়ে এলো। আরও গভীরভাবে তাকাল মায়াবী চেহারাটার দিকে।

কিছুক্ষণ চুপচাপ থাকার পর গাই গুই করতে লাগল নিভান। কোনো এক ঘোরের জগৎ থেকে যেন বেরিয়ে এলো ইভান। লম্বা শ্বাস টেনে আবার লম্বা করেই ছাড়ল। বলল,

“বল বাবা, সরি।”

নিভান এমন রিঅ্যাকশন দিলো যেন সে জানতে চাইছে কেন সরি বলবে। ইভান বলল,

“আমার মুখে যে লাথি মা’রলি। এখন যদি সরি না বলিস তাহলে এখান থেকে ছেড়ে দেবো।”

“আ…।”

“আ কী? আব্বা বলছিস নাকি পড়ে যাওয়ার ভয়ে আয়ায়া করছিস?”

“বা।”

“আ বা বললে হবে না। ভালোভাবে বল ড্যাড, সরি।”

বাচ্চাটা পড়েছে এক পাগলের পাল্লায়। সে কী কথা বলতে পারে যে বলবে ‘ড্যাড সরি, আমি ইচ্ছে করে তোমার থোবরায় লাথি মা’রিনি।’?

ইভান ছেলেকে আর ঝুলিয়ে না রেখে বুকে জড়িয়ে নিল। নিজের একটা ডাক্তারের অ্যাপ্রন পরা আর গলায় স্টেথোস্কোপ ঝোলানো ছবির সামনে দাঁড়িয়ে বলল,

“এই দ্যাখ, এটাও তোর বাপ মানে আমি। তখন আমার বয়স কত ছিল জানিস? জানবি কীভাবে? তোর মা-ই তো তখন আন্ডা বাচ্চা ছিল।”

ইভান নিজের প্রত্যেকটা ছবি, গিটার, বাঁশি, মাউথ অর্গান, পেইন্টিং সহ রুমের সবকিছু ছেলেকে দেখাল ঘুরে ঘুরে।
নিভান ইভানের কথার কোনো কিছু বুঝতে পারুক আর না পারুক কিন্তু সে সবকিছু বেশ আগ্রহ নিয়ে দেখছে, সঙ্গে বাবাকেও।

ঘণ্টা খানিক পর রকিং চেয়ারে গা এলিয়ে দিলো ইভান। বুকের সঙ্গে নিভানকে চেপে ধরে দুলতে দুলতে বলল,

“ঘুমাবি না?”

নিভান ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। তার চোখের মনি দুটো ধূসর রঙের। চোখ দুটো বেশ ভালো লাগে ইভানের।
পিঠে হাত বোলাতে বোলাতে বলল,

“ঘুমা, রাত একটার ওপর বেজে গেছে।”

নিভান তবুও ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। এসব কথা বোঝার মতন বয়স এখনো হয়নি তার।

ইভান বলল,

“তুই কোন দুঃখে রাত জাগিস? রাত জাগার কথা তো তোর মায়ের। অথচ জাঁদরেল মহিলা নাক ডেকে ঘুমাচ্ছে, আর তুই পেঁচার মতো চেয়ে আছিস।”

নিভান কী বুঝল কে জানে, কিন্তু তার ঠোঁটের কোণ প্রসারিত হলো। ইভান তাকে উঁচু করে ধরে পেটে মুখ ঘষতে লাগল। সুড়সুড়ি পেতেই খিলখিল করে হেসে উঠল নিভান। তার হাসি শুনে থেমে গেল ইভান। অবাক হয়ে তাকিয়ে রইল নিভানের মুখের দিকে। আজকের আগে নিভানকে এভাবে হাসতে দেখেনি সে। তার সামনে যতবার হেসেছে শুধু মুচকি হাসি দিয়েছে।

নিভান শান্ত হয়ে যেতেই ইভান আবারও তার পেটে মুখ ঘষলো। আবারও খিলখিল করে হেসে উঠল নিভান। ইভান আরও বেশি করে সুড়সুড়ি দিলো—পেটে, ঘাড়ে, গলায়।

হাসতে হাসতে নিভান যখন অস্থির হয়ে হাঁপিয়ে উঠল তখন থেমে গেল ইভান। নিভানের বুক হাপরের মতো ওঠানামা করছে। ধবধবে ফরসা চেহারা লাল টকটকে হয়ে গেছে।
ইভান ছেলেকে বুকের ওপর উপুড় করে ফেলে দোল খেতে খেতে পিঠে চাপড় দিতে লাগল আলতো হাতে। নিভান আর নড়াচড়া করল না, স্থির হয়ে পড়ে রইল বাবার বুকের ওপর। মামা-ভাগ্নে থেকে আজ পাঁচ দিন হলো বাবা-ছেলে হয়েছে তারা।
ইভানের সমস্যা শুধু রোশনাই নয়—নিভানকেও সে নিজের জীবনে গ্রহণ করার জন্য একেবারেই রাজি ছিল না। অথচ—

বেশ অনেকক্ষণ পর নড়েচড়ে উঠল নিভান। ইভান মাথা তুলে তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল,

“তুই এখনো ঘুমাসনি?”

নিভান চোখ পিটপিট করল। সে ঘুমায়নি, হাসতে হাসতে ক্লান্ত হয়ে চুপ মে’রে ছিল এতক্ষণ।

ইভান ছেলেকে বুকের ওপর থেকে তুলে পাঁজা কোলে নেওয়ার মতো করে বুকের সঙ্গে মিশিয়ে নিল। দুলতে দুলতে বলল,

“ঘুমা।”

নিভান ডান হাতের দুটো আঙুল মুখে পুরে চুষতে লাগল। তার আঙুল চোষার স্টাইল দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে সে।

“খিদে পেয়েছে?”

নিভান আবারও চোখ পিটপিট করল। ইভান চেয়ার ছেড়ে উঠতে নিয়েও উঠল না। এখানে আসার আগেই তো খেয়ে এলো। এত দ্রুত খিদে লাগে নাকি?
নিভান যেহেতু চুপ করে আছে তাই খাওয়াতে নিয়ে যাবে না বলে সিদ্ধান্ত নিল।

আরও আধা ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ঘুমাল না নিভান। বরং এখন সে গলা ছেড়ে কাঁদতে শুরু করেছে। বসে আর আরাম করা সম্ভব না বুঝতে পেরে উঠে দাঁড়াল ইভান।
হাঁটাহাঁটি করার পরও নিভানের কান্না না থামলে ডায়াপার চেক করে দেখল নিভান পটি করে দিয়েছে। আর এই কারণেই তার কান্না থামছে না।

ইভান দ্রুত স্টাডি রুম থেকে বেরিয়ে বেডরুমে এলো। রোশনাই গভীর ঘুমে বিভোর। কিন্তু এই মুহূর্তে এই মেয়েকে না জাগিয়ে উপায় নেই।

ছেলের কান্না আর স্বামীর ডাকে ঘুম ভাঙলো রোশনাইয়ের। ঘুম জড়ানো চোখের পাতা কোনো রকমে টেনে তুলে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। ইভান দুই হাতে উঁচু করে ধরে আছে নিভানকে। তার ভাব-ভঙ্গি দেখে মনে হচ্ছে নিভানকে বুকের সঙ্গে ঠেকালেই গু তার গায়ে লেগে যাবে।

“ওঠো, তোমার ছেলে হেগে দিয়েছে।”

রোশনাই মুখ ফিরিয়ে নিয়ে বলল,

“চেঞ্জ করিয়ে দিন।”

“আমি চেঞ্জ করাব কেন? আমি এসব করতে পারব না। তোমার ছেলে তুমি চেঞ্জ করাও।”

রোশনাই কিছু বলল না। মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে আবার। ইভান বিরক্তি নিয়ে বলল,

“এই রোশনি, উঠবে নাকি ওকে ছেড়ে দেবো? রোশনি, এই মেয়ে, এই…।”

রোশনাই ঘাড় ঘুরিয়ে তাকাল আবার। ঘুমের কারণে বেচারি চোখই মেলতে পারছে না।

“নিভান পায়খানা করেছে, উঠে ওকে পরিষ্কার করিয়ে দাও।”

রোশনাই শোয়া থেকে উঠে বসল। চোখমুখ ডলতে ডলতে বিছানা ছেড়ে নেমে নিভানকে নিল। পরিষ্কার করে আরেকটা ডায়াপার পরিয়ে আবার ইভানের কোলে দিয়ে দিলো। ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে শুয়ে পড়ল ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে।

ইভান এতক্ষণ রোশনাইয়ের কর্মকাণ্ড দেখছিল। নিভান এখন তার বুকের সঙ্গে মিশে চুপচাপ আঙুল চুষছে।

ইভান বিড়বিড় করল,

“এই মেয়ের ভাব দেখে মনে হচ্ছে ছেলেটা আমারই, আর আমরা জোর করে ওর গলায় ঝুলে গেছি!”

বিছানার কাছে এগিয়ে এসে বলল,

“এই রোশনি এই, তোমার ছেলেকে খাওয়াও।”

রোশনাই তার দিকে না ফিরেই ঘুম জড়ানো গলায় বলল,

“ফিডিং বোতলে দুধ আছে খাইয়ে দিন।”

ইভান ফিডিং বোতলের দিকে তাকাল। বলল,

“কখন না কখন পাম্প করেছো ঠিক নেই। তুমি ফ্রেশ দুধ খাওয়াও ওকে।”

রোশনাই ব্ল্যাঙ্কেট দিয়ে মাথা ঢেকে বলল,

“ঘুমনোর আগে রেখেছি, ওটাই খাওয়ান এখন। কানের কাছে বকবক না করে ঘুমোতে দিন আমায়।”

কিংকর্তব্যবিমূঢ় হয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে রইল ইভান। বিয়ে করে এসবই দেখার ছিল তার?

“আ… ও…।”

নিভানের আওয়াজ শুনে রোশনাইয়ের দিক থেকে চোখ সরিয়ে নিভানের মুখের দিকে তাকাল ইভান। মুখের ভেতর আঙুল ঢুকিয়ে রেখেই মুখ দিয়ে আওয়াজ করছে বাচ্চাটা।

ইভান বিছানায় বসল। বাচ্চাকে কীভাবে ফিডার খাওয়াতে হয় জানা নেই তার। সে খাওয়ায়নি কখনো, খাওয়াতে দেখেওনি সেভাবে।

আনাড়ি হাতে ফিডার খাওয়াতে লাগল ইভান। প্রথমে একটু সমস্যা হলেও পরক্ষণে ঠিকঠাক মতোই খাওয়াতে লাগল।

রোশনাই মাথার ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। নিভানকে খাওয়াতে দেখে চোখ বন্ধ করে বলল,

“খাওয়ানোর পর বুকের ওপর উপুড় করে শোয়াবেন না, বমি করে দেবে।”

সঙ্গে সঙ্গেই পাশ ফিরে তাকাল ইভান। রোশনাই মুখ ফিরিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে মাথা ঢেকে নিল আবার। সে মাত্রই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল ইভান নিভানকে খাওয়ানো শেষ করে বুকের ওপর উপুড় করে শুইয়েছে, আর নিভান বমি করে তার বুক ভাসিয়ে দিয়েছে। স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গেই তার ঘুম ভেঙে গেছে, তাই ইভানকে সতর্ক করে দিলো। নয়তো দেখা যেত খাওয়ানো শেষ করে নিভানকে বুকের ওপর উপুড় হয়ে শুইয়েছে আর নিভান সত্যি সত্যিই বমি করে তার বুক ভাসিয়ে দিয়েছে। তখন আবার এই মাঝরাতে ইভান চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলবে।

ইভান সন্দিহান কণ্ঠে বলল,

“এই, তুমি সত্যি সত্যিই ঘুমাচ্ছো নাকি ঘুমনোর নাটক করছো?”

রোশনাই কিছু বলল না। ইভান বিরক্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নিভানের মুখের দিকে তাকিয়ে দেখল নিভান ঘুমিয়ে যাচ্ছে।

দু মিনিট পরই ফিডিং বোতলের নিপল ছেড়ে দিলো নিভান। ইভান বোতলটা রেখে সাবধানে নিভানকে শুইয়ে দিলো দুজনের মাঝখানে। তারপর লাইট নিভিয়ে নিজেও শুয়ে পড়ল।

ঘাড় ঘুরিয়ে একবার রোশনাইকে তো আবার নিভানকে দেখতে লাগল।

.

কান্নার আওয়াজ কানে পৌঁছাতেই ঘুম ভাঙল ইভানের। না, নিভান কাঁদছে না, কাঁদছে রোশনাই। ফুঁপিয়ে কান্না বা চাপা কান্না নয়, হাউমাউ করে কাঁদছে মেয়েটা।

কী হয়েছে জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল ইভান। সে এপাশ থেকে ওপাশ ফিরে শুলো। সে এত জোরে নড়ে এপাশ থেকে ওপাশ ফিরেছে যে খাটও নড়ে উঠেছে, অথচ রোশনাইয়ের মধ্যে কোনো পরিবর্তন নেই।

হঠাৎ কিছু একটা স্মরণ হতেই দ্রুত শোয়া থেকে উঠে বসল ইভান। গত রাতের আগের রাতে ঘুমের মধ্যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিল রোশনাই। আজও ঘুমের মধ্যেই কাঁদছে না তো?

তাড়াহুড়ো করে মেইন লাইট জ্বালিয়ে রোশনাইয়ের দিকে তাকাল। দুবার ডাকল ‘রোশনি রোশনি’ বলে, কিন্তু রোশনাইয়ের মধ্যে কোনো পরিবর্তন ঘটল না। ইভান নিশ্চিত হলো রোশনাই ঘুমের মধ্যেই কাঁদছে, হয়তো কোনো বাজে স্বপ্ন দেখে কাঁদছে নয়তো কোনো বাজে স্মৃতি ঘুমের মধ্যে বাস্তব হয়ে তার কাছে ধরা দিয়েছে।

ইভান নিভানকে ডিঙিয়ে রোশনাইয়ের সামনে চলে এলো। ঘুমের মধ্যে কাঁদলেও রোশনাইয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে ঝরঝর করে।
ইভান রোশনাইয়ের বাহু ধরে ধাক্কা দিয়ে নাম ধরে ডাকল। চমকে উঠে চোখ মেলল রোশনাই। চোখ মেলে নিজের এত কাছে ইভানকে দেখে তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসল। বিস্মিত হয়ে বলল,

“আ… আপনি এখানে কেন?”

“কাঁদছিলে কেন?”

“কোথায় কাঁদছিলাম?”

ইভান হাত বাড়াতেই রোশনাই পিছিয়ে হেডবোর্ডের সঙ্গে ঠেকে গেল। ইভান হাত গুটিয়ে না এনে আরও কিছুটা এগিয়ে রোশনাইয়ের গাল বেয়ে গড়িয়ে পড়া চোখের পানি আঙুলের ডগায় নিয়ে বলল,

“এটা কী?”

রোশনাই নিজের দুই গালে হাত রাখল, দেখল এখনো ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। বুঝতে পারল ঘুমের কারণে এত ঝাপসা দেখছে না, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ার কারণে ঝাপসা দেখছে।

দ্রুত দুই হাতে গাল মুছে ফেলল। ইভান নরম গলায় বলল,

“কী স্বপ্ন দেখছিলে যে এভাবে কাঁদলে?”

রোশনাই ইভানের মুখের দিকে তাকিয়ে রইল। মস্তিষ্কে চাপ দিতেই স্বপ্নে দেখা ঘটনাগুলো মনে পড়ল। চোখ দুটো ঝাপসা হলো আবার। কিছু না বলে ইভানকে ঠেলে সরিয়ে বিছানা ছেড়ে নেমে একপ্রকার দৌড়ে এসে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলো। মুখের ভেতর ওড়না গুঁজে দরজা ঘেঁষে বসে পড়ল মেঝেতে। কান্নার দমকে কাঁপতে লাগল রোশনাইয়ের শরীর। চোখের সামনে আবারও ভেসে উঠল সেই জঘন্য দৃশ্যটা। তার চোখের সামনে শামস পিয়াকে জড়িয়ে ধরে কিস করছে। ভীষণ আগ্রাসীভাবে।

কাঁদতে কাঁদতে আর অস্বাভাবিকভাবে শ্বাস নিতে নিতে ওপরের দিকে মুখ তুলল রোশনাই। মুখে কিছু বলতে না পারলেও তার অন্তর বলল,

“ওই দৃশ্য দেখার আগে আমাকে অন্ধ করে দিলে না কেন, আল্লাহ? আমি কেন অন্ধ হয়ে গেলাম না ওই দৃশ্যটা দেখার আগে? কেন ওই দিনটার আগেই মৃ’ত্যু হলো না আমার?”

চলবে……

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন