#অনুভূতির_মায়াজাল (১২)
#সানা_শেখ
পেরিয়ে গেছে অনেকটা সময়—ঠিক কতটা সময় জানা নেই রোশনাইয়ের। দরজার বাইরে থেকে ইভানের গলার আওয়াজ ভেসে আসছে। দরজায় ধাক্কাচ্ছে আর ‘রোশনি রোশনি’ বলে ডাকছে ছেলেটা। তার কণ্ঠে উদ্বেগ মিশে আছে।
রোশনাই নিজের হাত দুটোর দিকে তাকাল। থরথর করে কাঁপছে। কান্না থেমে গেছে এখন, কিন্তু ঠিকমতো শ্বাস নিতে পারছে না। চোখের পানি টুপটাপ গড়িয়ে পড়ছে এখনো।
স্বপ্নটা দেখার পর তার মনে হচ্ছে ঘটনাটা মাত্রই সে চোখের সামনে দেখল আবার। এই একটা ঘটনা গভীর ট্রমার মতো হয়ে গেছে। সে চাইলেও কোনোভাবেই ভুলতে পারে না। সে শুধু শামসকে হারানোর জন্য কষ্ট পায়নি, তার চোখের সামনে স্বামীর অন্য নারীকে ভালোবাসার দৃশ্যটা যে কীভাবে তার ভেতরে গেঁথে গেছে, এটা সে নিজেও বুঝতে পারে না। যখনই দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে প্যানিক অ্যাটাক হয় তার। নিভান হওয়ার পরও অনেকবার এমন হয়েছে রাতে।
হয়তো যারা নিজের সর্বস্ব দিয়ে গভীরভাবে কাউকে ভালোবেসে ফেলে তাদের সঙ্গেই বোধহয় এমনটা হয় বারবার।
না। সে এখন ভালোবাসে না শামসকে। এখন সে ভীষণ ভীষণ ভীষণ রকমের ঘৃণা করে ওই লোকটাকে। জঘন্য একটা মানুষ! নর্দমার কীটের চেয়েও নোংরা, জঘন্য, কুচ্ছিত একটা মানুষ!
এই ঘটনা চোখের সামনে থেকে দেখে প্যানিক অ্যাটাক হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সে। চোখ মেলেছিল হসপিটালের বেডে।
হুট করে ঘুম থেকে ওঠার পর ঘটনাটা স্মরণ হওয়ায় কিছু বুঝে উঠতে পারছিল না সে। ইভানের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায়নি বলে ওয়াশরুমে ছুটে এসেছিল। কিন্তু লাভ হয়েছে কোথায়? ইভান তো তার কান্না শুনেছেই, হোক না ঘুমের মধ্যে কেঁদেছে সে।
দরজায় আরও জোরে জোরে ধাক্কা পড়তেই উঠে দাঁড়াল রোশনাই। কাঁপুনির কারণে নিজের ব্যালান্স ঠিক রাখতে পারছে না সে। পায়ে শক্তি পাচ্ছে না। কোনো রকমে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ ধুয়ে কুলি করল। মুখ মুছতে মুছতে এগিয়ে এসে দরজা খুলে দিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়াল।
ইভান আতঙ্কিত কণ্ঠে বলল,
“ঠিক আছো তুমি? কী হয়েছিল? এতক্ষণ সাড়া দিচ্ছিলে না কেন?”
রোশনাই দুর্বল চোখে তাকাল ইভানের মুখের দিকে। ছেলেটা এত উতলা হচ্ছে কেন তাকে নিয়ে? সে তো তার নামটাও ঠিকমতো মনে রাখে না। নাম রোশনাই, ডাকে রোশনি বলে।
“এই মেয়ে, ঠিক আছো তুমি?”
রোশনাই মাথা নাড়ল। বলল,
“ঠিক আছি আমি।”
ইভান দেখল রোশনাইয়ের শরীর থরথর করে কাঁপছে। এই মেয়ে যে ঠিক নেই তা সে খুব ভালো করেই বুঝতে পারছে।
রোশনাই দেওয়াল ছেড়ে বিছানার দিকে পা বাড়াতেই ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিল। ইভান দ্রুত ধরে ফেলল তাকে। চিকন রুগ্ন হাত, মনে হচ্ছে হাড্ডি আর চামড়া ছাড়া কিছু নেই শরীরে।
রোশনাই ইভানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ধরা গলায় বলল,
“ছোঁবেন না আমায়, দূরে সরুন।”
ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করল ইভানকে। ইভান ছেড়ে দিতেই আবার পড়ে যেতে নিল। ইভান দ্রুত আবার ধরল তাকে। রোশনাই বুঝতে পারছে না আজ তার সঙ্গে এমন হচ্ছে কেন। কখনো তো তার অবস্থা এত এমন হয় না। তার শরীর এবং হাতপা আগের চেয়েও বেশি কাঁপছে।
ইভান বুঝতে পারছে রোশনাইয়ের প্যানিক অ্যাটাক হয়েছে। কী এমন স্বপ্ন দেখল যে প্যানিক অ্যাটাক হয়ে গেল?
ইভান রোশনাইকে জাপটে ধরে উঁচু করে বিছানার কাছে নিয়ে এলো। বিছানায় বসিয়ে গ্লাসে পানি ঢেলে পানি খাওয়াল নিজ হাতেই। মুখের ওপর পড়ে থাকা উসকোখুসকো এলোমেলো চুলগুলো গুছিয়ে কানের পেছনে গুঁজে দিলো সযত্নে। বলল,
“ড্যাডকে ডাকব?”
রোশনাই দুদিকে মাথা নাড়ল। ইভান পায়ের ওপর ভর করে রোশনাইয়ের সামনে বসল মেঝেতে। থরথর করে কাঁপতে থাকা হাত দুটো মুঠো করে ধরল ভরসা দেওয়ার মতো করে।
পুরুষালি হাতের মাঝে বন্দী হওয়া নিজের হাত দুটোর দিকে তাকিয়ে ইভানের মুখের দিকে তাকাল রোশনাই। ইভান নরম কণ্ঠে বলল,
“বাজে স্বপ্ন দেখেছো?”
হ্যাঁ বোধক মাথা নাড়ল রোশনাই। ইভান আবার বলল,
“ভয় পাচ্ছো?”
রোশনাই দুদিকে মাথা নাড়ল এবার। টুপ করে গাল বেয়ে ইভানের হাতের ওপর গড়িয়ে পড়ল তার চোখের পানি।
রোশনাইয়ের আবার কান্না পেয়ে যাচ্ছে। কোনোভাবে সম্ভব হলে নিজের মস্তিষ্ক থেকে দুটো বছর মুছে ফেলত সে।
ইভান তাকিয়ে আছে রোশনাইয়ের মুখের দিকে। মেয়েটার ভেজা চোখ দুটোতে গভীর এবং অদ্ভুত এক অসহায়ত্ব। চোখ দুটো লাল হয়ে গেছে, তা থেকে একের পর এক অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে তার হাতের ওপর। কিছু কিছু কষ্টের গল্প জোর করে জানতে না চাওয়াই ভালো। মানুষ নিজে থেকে বলতে না চাইলে তার ক্ষত খুঁড়ে র’ক্ত বের করার কোনো মানে হয় না। কিন্তু যেই ক্ষত থেকে ইতি মধ্যেই রক্ত বের হচ্ছে, সেখানে কী করা উচিত? ইভান কী আরেকবার জিজ্ঞেস করবে?
“রোশনি।”
“হুম।”
ইভান একটু সময় নিয়ে বলল,
“কী হয়েছে বলা যাবে আমাকে?”
রোশনাই নিজের বাহুতে চোখ মুছে জড়ানো গলায় বলল,
“আজ না, অন্য কোনোদিন বলব।”
“তোমার কী খুব বেশি খারাপ লাগছে? হসপিটালে যাবে?”
রোশনাই দুদিকে মাথা নেড়ে বলল,
“না। তার কোনো প্রয়োজন নেই।”
রোশনাই ইভানের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর ঘুরে বসে হাতের ওপর ভর করে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় এসে শুয়ে পড়ল উলটো ফিরে।
তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়াল ইভান। এক গ্লাস পানি খেয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল নিজেও। রোশনাইয়ের পুরোনো স্মৃতিগুলো যে খুবই বাজে আজ তা ধারণা করতে পারছে সে। মেয়েটা শুধু ঠকেনি, ভয়ংকরভাবে ঠকেছে!
টিউলিপের সঙ্গে তার প্রেম ছিল ছয় মাসের। ছয় মাস প্রেম করার পর বিয়ে করেছিল দুজন। ইভান তখন তেইশ বছরের ছিল। টিউলিপও ছিল তেইশ বছরের। অল্প দিনেই টিউলিপকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল ইভান, টিউলিপও তার ব্যতিক্রম ছিল না। ঝামেলা শুরু হয় বিয়ের তিন মাস পর থেকে। গানের জন্য এখান থেকে ওখানে ছোটাছুটি করার কারণে টিউলিপকে ঠিকমতো সময় দিতে পারত না ইভান। ইভান তখন মাত্র গানের জগতে পরিচিতি লাভ করেছে, এই মুহূর্তে পিছিয়ে এলে তো হয় না। টিউলিপের অভিযোগ ছিল অনর্থক। সে তো সবকিছু জেনে শুনেই বিয়ে করেছিল ইভানকে। ইভান তাকে বিস্তারিতভাবে বুঝিয়েই বিয়ে করেছিল। বলেছিল দু-এক বছর পর থেকে সে টিউলিপকে সময় দেবে। টিউলিপ সবকিছু মেনে নিয়েই তো বিয়েতে রাজি হয়েছিল। তাহলে এত অভিযোগ কেন?
ইভান তবুও চেষ্টা করত টিউলিপকে সময় দেওয়ার। কিন্তু সবকিছু ফেলে কী চব্বিশ ঘণ্টা সময় দেওয়া সম্ভব? বাচ্চাদের মতন এমন জেদ করা কী তেইশ বছরের একটা মেয়েকে মানায়?
ইভান তবুও কোনো রকমে দুই দিক ব্যালান্স করে চলছিল।
ঘটনাটা বিয়ের ঠিক ছয় মাস পর। ইভান শো শেষে ভোর রাতে বাড়িতে ফিরে দেখল টিউলিপ নিজের সবকিছু গুছিয়ে বসে আছে। এমন দৃশ্য দেখে বিস্মিত হলো ইভান। টিউলিপের কাছে এগিয়ে এসে হাতের গিটার আর ফুলের তোড়া বিছানার ওপর রেখে টিউলিপের মুখ দুহাতে আগলে ধরে বলল,
“কী হয়েছে, জান? সবকিছু গুছিয়ে এভাবে বসে আছো কেন?”
টিউলিপ জোর করে ইভানের হাত সরিয়ে দিলো নিজের গাল থেকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে থমথমে গলায় বলল,
“আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। আমি ডিভোর্স চাই।”
টিউলিপের কথা শুনে বিস্ময়ে হতভম্ব ইভান। নিজেকে সামলে বলল,
“এসব কী বলছো, জান? রেগে আছো? কোনো ভুল করেছি আমি?”
“ভুল তুমি করোনি, ভুল আমি করেছি তোমাকে বিয়ে করে।”
“জান…!”
“জান বলে সম্বোধন করবে না আমাকে, অসহ্য লাগে।”
“কী হয়েছে তোমার? সবকিছু তো ঠিকই চলছিল।”
“কোনো কিছুই ঠিক চলছে না। আমার ডিভোর্স চাই।”
ইভান আবারও টিউলিপের মুখ দুহাতে আগলে ধরল। ব্যাকুল কণ্ঠে বলল,
“আমি তোমায় সময় দেই না এটা নিয়ে তোমার সমস্যা? আচ্ছা যাও আমি গান ছেড়ে দিলাম, আমি এখন থেকে সবসময় তোমার সঙ্গে থাকব। তুমি যা বলবে তাই হবে, তবুও ছেড়ে যাওয়ার কথা বলবে না।”
টিউলিপ বিরক্ত হয়ে ঝাড়া দিয়ে ইভানের হাত সরিয়ে দিলো। কর্কশ গলায় বলল,
“আমি থাকতেই চাই না তোমার সঙ্গে। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনের সবচেয়ে বড়ো ভুলটা করেছি। আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, মানে চাইই না। ডিভোর্স দাও আমাকে!”
রাগ উঠলেও ইভান নিজেকে শান্ত রাখল। এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না। শান্ত কণ্ঠে বলল,
“হুট করে কেন ডিভোর্স চাইছো? হয়েছেটা কী? কোনোভাবে কষ্ট দিয়েছি তোমাকে? যদি দিয়ে থাকি তাহলে আমি সরি।”
টিউলিপ আগের মতোই কর্কশ গলায় বলল,
“সরি চাই না আমার, আমার ডিভোর্স চাই, তুমি ডিভোর্স দাও।”
“পাগলের মতো এক কথা বারবার কেন বলছো? কেন ডিভোর্স দেবো? ভালোবাসি তো তোমাকে। ডিভোর্স দেওয়ার জন্য তো বিয়ে করিনি।”
টিউলিপ জেদ ধরে বলল,
“তুমি ডিভোর্স দেবে কি-না?”
“বললেই কী ডিভোর্স দেওয়া যায় নাকি? তাছাড়া কেন ডিভোর্স দেবো সেটাই তো বুঝতে পারছি না। ভালোবাসো না আমাকে? তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তাহলে আমাদের দুজনের মাঝে ডিভোর্স শব্দটা আসছে কেন?”
টিউলিপের এক কথা, তার ডিভোর্স চাই। ইভান নানানভাবে তাকে বোঝানোর চেষ্টা করতে লাগল। সে কিছুতেই বুঝতে পারছে না টিউলিপ কেন ডিভোর্স চাইছে, টিউলিপও কোনো কিছু ক্লিয়ার করে বলছে না। সময়ের সঙ্গে সঙ্গে টিউলিপের আচরণ উগ্র হচ্ছে।
ইভান জোর করেই জড়িয়ে ধরল টিউলিপকে। বলল,
“জান, তুমি শান্ত হও। আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই, কোনো ঘোরের মধ্যে রয়েছো, আর সেজন্যই এমন করছো। একটু ঘুমাও, ঘুমালে সব ঠিক হয়ে যাবে।”
“ইভান, ছাড়ো আমাকে।”
“জান, তুমি তো জানো তোমাকে ছাড়া থাকতে পারব না আমি। তুমি তো এটাও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। বললাম তো গান ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো—চব্বিশ ঘণ্টাই সময় দেবো তোমাকে। শান্ত হও তুমি, এত রেগে আছো কেন?”
“ছাড়তে বলেছি না? ছাড় আমাকে!”
টিউলিপের আচরণে স্তব্ধ ইভান। এ কোন টিউলিপকে দেখছে সে? গত এক বছর ধরে সে যেই টিউলিপকে চেনে সেই টিউলিপের সঙ্গে এই টিউলিপের কোনো মিল নেই।
টিউলিপের ফোন বেজে উঠল। ইভান ফোনের দিকে তাকালেও কে কল করেছে তা দেখতে পেল না। ফোনটা উলটে রাখা হয়েছে।
রিং বাজতে বাজতে কে’টে গিয়ে আবার কল এলো। ইভান টিউলিপকে ছেড়ে বিছানার ওপর থেকে ফোনটা হাতে নিল। টিউলিপ কেড়ে নেওয়ার চেষ্টা করলেও ইভান দিলো না। স্ক্রিনে জ্বলজ্বল করছে জায়িন নামটা।
ইভান কল রিসিভ করে লাউড স্পিকারে দিলো। ওপাশ থেকে ভেসে এলো পুরুষালি গলার আওয়াজ।
“এখনো বের হচ্ছো না কেন, টিউলিপ? ইভান তো সেই কখন বাড়ির ভেতর প্রবেশ করল।”
এপাশ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জায়িন আবার বলল,
“টিউলিপ, তুমি কী আসবে? আজ যদি না আসো তবে সারা জীবনের জন্য হারাবে আমাকে।”
“দাঁড়াও, আসছি।”
“দ্রুত এসো।”
কল কেটে গেল। ফোনটা টিউলিপের হাতে দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল ইভান। তার চেহারা র’ক্তশূন্য হয়ে গেছে। এতক্ষণ ধরে এসব টিউলিপের পাগলামি ভাবছিল সে, অথচ—
ইভান টিউলিপের দিকে না তাকিয়েই বলল,
“ছেলেটা কে?”
কোনো রকম সংকোচ ছাড়াই টিউলিপ বলল,
“আমার এক্স বয়ফ্রেন্ড।”
মুখ তুলে বিস্ফোরিত চোখে তাকাল ইভান। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না সে।
“এক্স বয়ফ্রেন্ড মানে?”
“ক্লাস টেন থেকেই জায়িনের সঙ্গে সম্পর্ক ছিল আমার। দেড় বছর আগে একটা ঝামেলার কারণে আমাদের ব্রেকআপ হয়। তারপর আমি তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি।”
“তুমি বলেছিলে আমিই প্রথম।”
“নতুন সম্পর্কে গেলে সবাই পুরোনো সম্পর্কের কথা লুকায়।”
“সবাই লুকায়?”
টিউলিপ চুপ করে রইল। ইভান আবার বলল,
“ঠিক আছে, তুমি নতুন সম্পর্ক গড়ার জন্য পুরোনো সম্পর্কের কথা লুকিয়েছো এটা মেনে নিলাম। কিন্তু এখন ডিভোর্স কেন?”
“আমি তোমার সঙ্গে থাকতে চাই না।”
“কারণ?”
“তোমার সঙ্গে প্রেম করা গেলেও সংসার করা যায় না। তোমার মতো পুরুষেরা প্রেমিক হিসেবেই ঠিক আছে, স্বামী হিসেবে নয়।”
“ওহ আচ্ছা। এই কারণেই তাহলে তুমি এখন এক্সের কাছে ফিরতে চাইছো। আমি যদি ভুল না হই, তাহলে আমাদের বিয়ের পর থেকেই তোমার এক্সের সঙ্গে তোমার যোগাযোগ পুনরায় চালু হয়েছে, তাই না?”
টিউলিপ বলল না কিছু।
ইভানের হাত দুটো কাঁপতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। তারপর দুই হাতে বিছানার চাদর খামচে ধরে বলল,
“তুমি অন্য কাউকে ভালোবাসো, তার সঙ্গে থাকতে চাও এটা প্রথমে বললেই পারতে, শুধু শুধু এত অজুহাত দেখানোর কী প্রয়োজন ছিল?”
একটু থেমে আবার বলল,
“যাও পাখি, তোমাকে মুক্ত করে দিলাম আমি। তুমি যেখানে গিয়ে বাসা বাঁধতে চাও, সেখানে গিয়েই বাঁধো। তুমি যে আর আমার পোষ মানবে না এটা বোঝা শেষ আমার। ওহ সরি, তুমি এখন যেতে পারবে না। ডিভোর্স সম্পন্ন হওয়ার পর যাবে। এখন গেস্টরুমে গিয়ে বসে থাকো, সকালে ডিভোর্স সম্পন্ন হওয়ার পর চলে যেও।”
ইভান বসা থেকে উঠে কাবার্ড থেকে নিজের টি-শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে প্রবেশ করল। আফসোস, কাকে এত ভালোবাসলো সে? কার জন্য এত মায়া?
শাওয়ার অন করে থ হয়ে ফ্লোরে বসে রইল ইভান। শাওয়ারের পানির কারণে ঝরঝর করে গড়িয়ে পড়া চোখের পানির পরিমাণ বোঝা যাচ্ছে না। ইভান বুকের বাঁ পাশে ডান হাত চেপে ধরল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার।
তার মম যখন তার ড্যাডকে এভাবেই ছেড়ে চলে গেল তখন কী তার ড্যাডের এমনই কষ্ট হয়েছিল? নাকি আরও বেশি?
বাবা-ছেলের কপাল এক হয়ে গেল কীভাবে? আশ্চর্য! চেহারার সঙ্গে সঙ্গে বাবা-ছেলের ভাগ্যেরও মিল আছে দেখা যাচ্ছে!
চলবে………..
লাইক কমেন্ট করতে ভুলবেন না কেউ।