ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 13

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (১৩)
#সানা_শেখ

কয়েক মিনিট পর তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইভান। দেখল টিউলিপ এখনো দাঁড়িয়ে আছে।

ইভানকে দেখেই টিউলিপ স্যুটকেস দুটোর হাতল ধরে দরজার দিকে পা বাড়াল।

“টিউলিপ।”

ব্যাকুল সুরে ডাকল ইভান। টিউলিপ দাঁড়াল। ইভান ছুটে এসে জাপটে ধরল টিউলিপকে নিজের ভেজা শরীরের সঙ্গে। জড়ানো গলায় বলল,

“জান আমার, যেও না তুমি। তোমাকে ছাড়া ম’রে যাব আমি! তুমি থেকে যাও, আমি সারা জীবন যত্ন করে মায়ায় মুড়িয়ে রেখে দেবো তোমায়।”

টিউলিপ শান্ত গলায় বলল,

“ইভান, ভিজে যাচ্ছি আমি।”

“বলো ছেড়ে যাবে না আমায়।”

“আমি অনেক ভেবেছি। সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কার সঙ্গে বাকি জীবন কাটাব বুঝতে পারছিলাম না। কিন্তু জায়িন যখন সারা জীবনের জন্য আবারও আমাকে ছেড়ে চলে যেতে চাইল তখন বুঝতে পেরেছি আমি ওকেই চাই, ওকেই ভালোবাসি।”

“আমার কথা ভাববে না তুমি?”

“তোমার কথা ভেবেছি বলেই এতদিন তোমার সঙ্গে ছিলাম।”

“তাহলে এখন ভাবছো না কেন? কেন ছেড়ে যেতে চাইছো?”

“ছাড়ো আমাকে, জায়িন অপেক্ষা করছে।”

“তুমি কেন বুঝতে চাইছো না আমার ভীষণ কষ্ট হচ্ছে!”

“দ্রুত মুভ অন করে অন্য কাউকে বিয়ে করে নাও।”

টিউলিপ জোর করে নিজেকে মুক্ত করে নিল ইভানের বাহু বন্ধন থেকে। পরনের জামা ভিজে গেছে। এই অবস্থায় কীভাবে যাবে এখন?
পার্সের ভেতরে থাকা ফোনটা বাজছে আবার। নিশ্চয়ই জায়িন কল করছে দেরি হচ্ছে বলে।

দু হাতে স্যুটকেস দুটোর হাতল ধরে পা বাড়িয়ে বলল,

“ভালো থেকো, মাফ করে দিও আমাকে। কোর্টে দেখা হবে।”

ভেজা কাপড়েই বেরিয়ে গেল টিউলিপ।
মূর্তির মতো দাঁড়িয়ে রইল ইভান। যন্ত্রণায় তার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কোনো উপায় কী নেই টিউলিপকে সারা জীবন তার কাছে রেখে দেওয়ার? সে টিউলিপকে ছাড়া কীভাবে থাকবে?

কিছুক্ষণ পর বারান্দায় এসে দাঁড়াল ইভান। দেখল টিউলিপ গেটের দিকে এগিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে টিউলিপ বারান্দার দিকে তাকাল একবার। ইভানকে দেখতে পেয়ে দাঁড়াল। হাত নাড়িয়ে বিদায় জানাল তাকে, তারপর আবার গেটের দিকে এগোল।

চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারও হয়ে যেতে দেখা কতটা সুখকর তা ইভান খুব ভালো করেই জানে। তাদের যেদিন ডিভোর্স হলো সেদিন বাড়ি ফিরে বাবাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন হাউমাউ করে কেঁদেছিল ছেলেটা। ছেলের কান্না দেখে ইহসান চৌধুরীও কেঁদে ফেলেছিলেন।

*****

সকাল সাড়ে ছয়টায় ইভানের ঘুম ভাঙল ফোনের ভাইব্রেশনের আওয়াজে। ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকিয়ে দেখল আশিকের কল। রিসিভ করে কানে ধরে ঘুম জড়ানো গলায় বলল,

“বল।”

“এখনো ঘুম থেকে উঠিসনি? জিমে আসবি কখন?”

“এখন যাব না।”

“কেন?”

“রাতে ঘুমোতে পারিনি। সময় পেলে বিকেলে যাব।”

“আসবি না এটা আগে জানাবি না? আমি আর মেহেদী এসে বসে আছি।”

“ঘুমিয়ে থাকলে কীভাবে জানাব?”

“আচ্ছা ঘুমা।”

ফোন রেখে চোখ মেলে একবার নিভান আর রোশনাইয়ের দিকে তাকাল। তারপর আবার চোখ বুজলো।

.

নিভানের কান্নায় ঘুম ভাঙল ইভানের। বেচারা শান্তিতে একটু ঘুমোতেও পারছে না।
চোখের ভারী পাতা দুটো টেনে তুলে দেখল রোশনাই ছেলেকে কোলে তুলে নিচ্ছে। মায়ের কোলে উঠতেই নিভানের কান্না কমে এলো। ঘুরে বসে ছেলেকে খেতে দিলো রোশনাই। ইভান উলটো ফিরে শুলো।

খেতে খেতেই আবার ঘুমিয়ে গেল নিভান। তাকে আস্তে করে শুইয়ে ঢেকে দিলো রোশনাই। তারপর বিছানা ছেড়ে নেমে দাঁড়াল। ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে একবার তাকাল ইভানের দিকে। তার মনে হচ্ছে ইভানও তার দিকে তাকিয়ে আছে, কিন্তু দূর থেকে ডিম লাইটের ম্লান আলোয় ভালোভাবে বুঝতে পারছে না।

*****

পেরিয়ে গেছে দুই সপ্তাহ।
হুট করেই ঘুম ভেঙে গেল ইভানের। বাম কাত থেকে ডান কাত হতেই দেখল রোশনাই বিছানায় নেই। নিভান ঘুমিয়ে আছে তার নিজের জায়গায়।

কয়েক মিনিট পেরিয়ে গেলেও ইভানের আর ঘুম এলো না। রোশনাইও ওয়াশরুম থেকে আসছে না। এত সময় ধরে ওয়াশরুমে কী করছে?
ফোনের পাওয়ার বাটন চেপে স্ক্রিনে তাকিয়ে দেখল রাত তিনটা বাজে।

ইভান শোয়া থেকে উঠে বসল। গতকাল রাতেও ঘুম ভেঙে যাওয়ার পর দেখেছিল রোশনাই পাশে নেই। এর আগেও দুদিন দেখেছিল রোশনাই নেই।

বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে এগিয়ে এলো। আলতো হাতে দরজা ঠ্যালা দিতেই খুলে গেল। ওয়াশরুম খালি, ভেতরের লাইট অফ।
চিন্তিত হলো ইভান। এত রাতে কোথায় গেছে রোশনাই?

দরজার কাছে এগিয়ে এসে দেখল দরজা খোলা। রুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখল গেস্টরুমে লাইট জ্বলছে। দরজার ফাঁক গলে আলো বের হচ্ছে রুমের বাইরে।

ইভান এগিয়ে এলো রুমটার দিকে। দরজার সামনে দাঁড়াতেই কানে ভেসে এলো কারও করুণ সুরে ফোঁপানোর আওয়াজ।
দ্বিধা দ্বন্দ নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল দরজার বাইরে। ভেতরে ঢুকবে কী? রোশনাই এখানে এসে কাঁদছে কেন এভাবে? কান্না করার জন্যই এই রুমে আসে?

আলতো হাতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল ইভান। সামনে চোখ পড়তেই দেখল রোশনাই জায়নামাজে সেজদারত অবস্থায় কাঁদছে। কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে তার সমস্ত শরীর।

এমন অবস্থায় রোশনাইকে দেখে শরীর শিউরে উঠল ইভানের। হাতের দিকে তাকিয়ে দেখল প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে।

কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে কিছু বলছে রোশনাই। কান্নার কারণে কথাগুলো অস্ফুট।
ইভান আর না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে এলো দরজা ভেজিয়ে দিয়ে। তার বুকের ভেতরটা কাঁপতে শুরু করেছে। আশ্চর্য! এমন হচ্ছে কেন তার সঙ্গে?
নিজের রুমে চলে এলেও রোশনাইয়ের কান্না এখনো ইভানের কানে বাজছে। পানি খেয়ে শুয়ে পড়ল বিছানায়। ঘামতে শুরু করেছে তার শরীর। ওই কান্না এত করুণ, এত বিষাদ মাখা কেন? সেও তো ঠকেছে, কই সে তো কখনো এত রাতে জায়নামাজে সেজদারত অবস্থায় এভাবে কাঁদেনি।

নিঃশব্দে দরজা খুলে ভেতরে প্রবেশ করল রোশনাই। দরজা লক করে ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। ইভান চোখ বন্ধ করে ঘুমনোর ভান ধরে রইল।
বিছানায় উঠে ছেলে ও স্বামীর মাঝখানে শুয়ে পড়ল রোশনাই। ভারী ভারী শ্বাস ফেলছে মেয়েটা। বোঝাই যাচ্ছে কান্নার রেশ কাটেনি এখনো।

রোশনাই ইভানের দিকে ফিরল। তাকিয়ে রইল একদৃষ্টে।

ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে ভোর পাঁচটার ঘরে চলে এসেছে। ফজরের আজান হচ্ছে চারদিকে। ছেলেকে ছেড়ে শোয়া থেকে উঠে বসল রোশনাই। সে আর ঘুমায়নি। ঘুম আর আসেইনি তার কাছে। নিভান ঘুম থেকে উঠে যাওয়ায় তাকে খাইয়ে বুকে জড়িয়ে ধরে এপাশ ফিরে শুয়ে ছিল।

অজু করে এসে জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করার জন্য জায়নামাজ দাঁড়াল। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য অন্য রুমে গেলেও বাকি পাঁচ ওয়াক্ত নামাজ সে এই রুমেই আদায় করে।

*****

নিভানের বয়স তিন মাস পূর্ণ হয়েছে কিছুদিন আগে। রোশনাই ও ইভানের বিয়ের এক মাস পেরিয়ে গেছে। দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্কের কোনো উন্নতি না হলেও নিভান ও ইভানের কিছুটা উন্নতি হয়েছে। নিভানকে নিয়ে আগের মতো আর খ্যাক খ্যাক করে না ইভান। রোশনাইয়ের সঙ্গেও আর বাজে আচরণ করে না।

রাত দশটার পর পর বাড়ি ফিরল ইভান। বেরিয়েছিল সেই দুপুরে। আজ বাইক রাইডে গিয়েছিল বন্ধুদের সঙ্গে। ভীষণ ক্লান্ত অনুভব করছে এখন।

রুমে প্রবেশ করতেই তার নজর আটকাল বিছানার ওপর বসে থাকা রোশনাই ও নিভানের ওপর। নিভানকে বুকের সঙ্গে মিশিয়ে হেডবোর্ডের সঙ্গে ঠেস দিয়ে বসে আছে রোশনাই। নিভান জেগে আছে নাকি ঘুমিয়ে আছে তা বোঝা যাচ্ছে না, সম্ভবত ঘুমিয়েই আছে। কারণ জেগে থাকলে এমন শান্ত হয়ে মায়ের বুকের সঙ্গে মিশে থাকবে না নিভান, বাচ্চাটা ভীষণ চঞ্চল ও ছটফটে। দু মিনিট শান্ত থাকলে, দশ মিনিট লাফালাফি করে।

রোশনাইয়ের চেহারা মলিন, খোঁপা করে রাখা চুলগুলো মুক্ত হয়ে ছড়িয়ে আছে। ইভানের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছে সে। এসির টেম্পারেচার বাড়ানো, তবুও মা ছেলের শরীর ব্ল্যাঙ্কেটের নিচে। অক্টোবর মাস চলে এলেও ঠান্ডা পড়েনি এখনো।

ইভানকে পাশ কাটিয়ে বিছানার দিকে এগিয়ে এলেন ইহসান চৌধুরী। উনার চুলগুলো ভেজা, কপালের ওপর লেপ্টে আছে কিছু চুল। পরনের ধূসর রঙের টি-শার্ট-টাও জায়গায় জায়গায় ভেজা। গোসল শেষে ভালোভাবে গা না মুছেই টিশার্ট পরেছেন বোধহয়।

রোশনাইয়ের দিকে হাত বাড়িয়ে বললেন,

“জ্বর বেড়েছে?”

রোশনাই দুদিকে মাথা নেড়ে ক্ষীণ স্বরে বলল,

“না। আপনি খেয়ে আসতেন, আব্বু।”

“ওকে আমার কাছে দিয়ে তুমি খেয়ে এসো আগে। আমি পরে খেয়ে নেবো। দাও ওকে আমার কাছে।”

রোশনাই নিভানকে শ্বশুরের কোলে তুলে দিলো। জ্বর হয়ে কয়েক ঘণ্টাতেই তার হাসিখুশি ছেলেটা নেতিয়ে পড়েছে। বিছানায় শুচ্ছে না, দুধও খেতে চাইছে না, শুধু মায়ের বুকের সঙ্গে মিশে থাকে। করিম মিয়া কোলে নিয়েছিলেন যেন রোশনাই রাতের খাবার খেতে পারে, কিন্তু উনার কোলে থাকেনি নিভান। কাঁদতে কাঁদতে বমি করে দিয়েছিল। তারপর থেকে ছেলেকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বিছানায় বসে আছে সে।

ইহসান চৌধুরী দশ মিনিট আগে হসপিটাল থেকে ফিরেছেন। বিকেলে রোশনাইয়ের সঙ্গেই হসপিটাল থেকে চলে এসেছিলেন। কিন্তু জরুরি একটা অপারেশন থাকায় আবার ছুটে যেতে হয়েছিল সন্ধ্যার পর।
হসপিটাল থেকে ফিরে তাড়াহুড়ো করে গোসল করে নিভানকে নেওয়ার জন্য এলেন।

মায়ের বুকের ওম থেকে সরতেই গলা ছেড়ে কেঁদে উঠল নিভান। ইহসান চৌধুরী তাকে বুকের সঙ্গে মিশিয়ে দোল দিতে দিতে আদর করে কান্না থামানোর চেষ্টা করতে লাগলেন।

নিভান নাকি রোশনাই কার জ্বর হয়েছে এতক্ষণ বুঝতে পারছিল না ইভান। এখন বুঝতে পারল জ্বর নিভানের হয়েছে।

ইহসান চৌধুরী নিভানকে নিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। রোশনাই বিছানা ছেড়ে নেমে দাঁড়াল। একভাবে বসে থাকতে থাকতে কোমর পিঠ ব্যথা হয়ে গেছে।

ইভান রোশনাইয়ের দিকে এগিয়ে এসে বলল,

“নিভানের জ্বর হয়েছে কখন?”

রোশনাই ওয়াশরুমের দিকে এগিয়ে বলল,

“তিনটার দিকে।”

“ওষুধ খাইয়েছো?”

“হ্যাঁ।”

“তিনটার দিকে জ্বর এসেছে অথচ আমাকে একবারও জানালে না!”

রোশনাই পিছু ফিরল। খসখসে গলায় বলল,

“ও কী আপনার ছেলে? ছেলে যেহেতু আমার তাই ওকে নিয়ে সকল মাথাব্যথা আমারই, আপনাকে এত ভাবতে হবে না।”

“এভাবে রিঅ্যাক্ট করছো কেন?”

“কোথায় রিঅ্যাক্ট করছি?”

“করছো না?”

“না।”

“কী হয়েছে?”

“কিছু হয়নি।”

রোশনাই ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ইভান ডাকলেও আর পিছু ফিরল না।

ইভান রুম থেকে বেরিয়ে এলো। ইহসান চৌধুরী করিডোর দিয়ে হাঁটছেন। নিভান শান্ত হয়ে গেছে।

ইভান বাবার সামনে এসে দাঁড়াল। ইহসান চৌধুরী স্বাভাবিক গলায় বললেন,

“ফ্রেশ না হয়ে এখানে কেন? ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, ফ্রেশ হয়ে খাবার খাও।”

ইভান থমথমে গলায় বলল,

“ওর জ্বর হয়েছে আমাকে জানাওনি কেন কেউ?”

ইহসান চৌধুরী আবার হাঁটতে হাঁটতে বললেন,

“তুমি কল রিসিভ করলে তো জানাবে।”

“কখন কল করেছো?”

“ফোন চেক করে দেখো।”

ইভান বাবার দিকে তাকিয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করল। কল লিস্ট চেক করে বলল,

“আজকে সারাদিনে তুমি আমাকে একটাও কল করোনি।”

“আমি বললাম কখন আমি কল করেছিলাম।”

“তাহলে কে করেছিল?”

“রোশনাই। আমি হসপিটালে ছিলাম, আসতে পারছিলাম না। তাই ওকে বলেছিলাম তোমাকে কল করে ডেকে তোমার সঙ্গে হসপিটালে যেতে। কয়েকবার কল করার পরও তুমি কল রিসিভ না করায় রোশনাই সিএনজি নিয়ে চলে গিয়েছিল।”

ইভান ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। একটা গ্রামীণ নাম্বার থেকে পাঁচবার কল করা হয়েছিল। আননোন নাম্বার দেখে ইভান ইচ্ছে করেই রিসিভ করেনি কল।
ফোনটা বাবার দিকে ঘুরিয়ে ধরে বলল,

“এটা রোশনির নাম্বার?”

ইহসান চৌধুরী নাম্বারটা দেখে বললেন,

“হ্যাঁ।”

ইভান ফোনের স্ক্রিনে তাকাল আবার। এই কারণেই রোশনাই তার ওপর রেগে ওভাবে কথাগুলো বলল। সে কী জানতো নাকি এটা রোশনাইয়ের নাম্বার?

“তুমিও রেগে আছো আমার ওপর?”

ইহসান চৌধুরী অবাক হয়ে বললেন,

“রেগে থাকবো কেন?”

“তাহলে এভাবে কথা বলছো কেন?”

“আশ্চর্য তো! কীভাবে কথা বলছি?”

“আমি জানতাম না ওটা রোশনির নাম্বার।”

“ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নাও।”

ইভান ফোনটা পকেটে ভরে বলল,

“ওকে দাও আমার কাছে।”

“তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। আমি যা বলছি শোনো।”

ইভান আর কিছু বলল না। ঘুরে রুমের দিকে এগিয়ে এলো, তখনই রুম থেকে বেরিয়ে গেল রোশনাই। বাড়ি থেকে বের হওয়ার সময় মা-ছেলের মুখে হাসি দেখে বের হয়েছিল সে, আর ফিরে এসে দেখল দুজনের ঠোঁটের হাসিই গায়েব!

তখন কেন কল রিসিভ করল না সে? হুট করে কেন জ্বর হলো বাচ্চাটার?

ফ্রেশ হয়ে খাবার খাওয়ার পর জোর করেই রোশনাইয়ের কাছ থেকে নিভানকে কোলে নিল ইভান। নিভান কিছুক্ষণ তারস্বরে কান্না করে শান্ত হয়ে গেল। ইভান তাকে নিয়ে হাঁটতে হাঁটতে রোশনাইয়ের দিকে তাকাল। রোশনাইয়ের লাল লাল চোখ দুটো নোনা জলে টলটল করছে।

ইভান রোশনাইয়ের কাছে এগিয়ে এসে অপরাধীর ন্যায় বলল,

“আমি বুঝতে পারিনি ওটা তোমার নাম্বার।”

রোশনাই মাথা নেড়ে বলল,

“এর জন্য নিজেকে দোষী ভাবার কিছু নেই। আপনি ওর বাবা নন এটা বোধহয় ভুলে গিয়েছিলাম আমি। রাগের মাথায় বাজে আচরণ করে থাকলে মাফ করে দিবেন।”

চলবে..........

লাইক কমেন্ট করতে ভুলবেন না কেউ।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 13 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন