ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 14

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (১৪)
#সানা_শেখ

“এর জন্য নিজেকে দোষী ভাবার কিছু নেই। আপনি ওর বাবা নন এটা বোধহয় ভুলে গিয়েছিলাম আমি। রাগের মাথায় বাজে আচরণ করে থাকলে মাফ করে দিবেন।”

“রোশনি—

“ভুল কিছু বলে থাকলে মাফ করবেন।”

“তুমি ঘুমাও। টেনশনে তোমার মাথা খারাপ হয়ে গেছে।”

রোশনাই আবারও মাথা নাড়ল। বলল,

“হতে পারে।”

“ব্রেস্ট পাম্প করে রেখে তুমি ঘুমাও, নিভান কাঁদলে আমি খাইয়ে দেবো।”

রোশনাই সেভাবেই বসে রইল বিছানায়। তার ছেলে অসুস্থ, তাকে রেখে সে কীভাবে ঘুমাবে?
ইভান রোশনাইয়ের আরও কাছে এগিয়ে এলো। উসকোখুসকো চুলে হাত বুলিয়ে বলল,

“তুমি একটু ঘুমাও, নিভান বেশি কান্নাকাটি করলে আমি ডেকে দেবো তোমাকে।”

রোশনাই মুখ তুলে ইভানের মুখের দিকে তাকাল আবার। নীলাভ চোখজোড়ায় আজ বিরক্তির বদলে অন্য কিছু রয়েছে। বিরক্তিতে কুঁচকে থাকা কপালে আজ চিন্তার ভাঁজ। তার ছেলেটাকে কী সুন্দর নিজের বুকে আগলে রেখেছে!

রোশনাই শুয়ে পড়ল। তার মাথা ঝিমঝিম করছে।
শামসের বলা পুরনো কিছু কথা মনে পড়ছে আজ।

‘যেহেতু এই দুনিয়ায় তোমার কেউ নেই—তাই তোমার বেঁচে থাকারও কোনো প্রয়োজন নেই। আমার ছেলেকে জন্ম দিয়ে তুমি ম’রে যেও, সেটাই তোমার জন্য ভালো হবে।’

নিষ্ঠুর কথাগুলো কেমন অবলীলায় তাকে বলে দিয়েছিল শামস। পাষাণ পুরুষের কণ্ঠ একটুও কাঁপেনি এই কথাগুলো বলার সময়।
সত্যিই কী তার বেঁচে থাকার কোনো প্রয়োজন ছিল না? নিভানকে জন্ম দেওয়ার সময় যদি সে সত্যি সত্যিই ম’রে যেত তবে নিভাকে এখন আগলে রাখত কে? ইভান? নাকি শামস?

ইভান নিভানকে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে ডাকল,

“নিভান।”

নিভান চোখ মেলল না। পর পর আরও দুবার ডাকার পর পিটপিট করে চোখ মেলল বাচ্চাটা। বাবার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে চোখ বুজলো আবার।

ইভান ড্রয়িংরুমে এসে সোফায় বসল। নিভান কান্নাকাটি করলে রোশনাই ঘুমোতে পারবে না ভেবেই নিচে নেমে এসেছে ছেলেকে নিয়ে।

সোফায় বসার পর পরই আবার চোখ মেলল নিভান। ইভান বলল,

“অনেক কষ্ট হচ্ছে তোমার?”

নিভান জিহ্বা বের করে নিজের ঠোঁট চাটলো। ঘাড় একটু এদিক ওদিক নাড়িয়ে আবার স্থির হয়ে গেল।

“মাথাব্যথা করছে?”

নিভান মুখ দিয়ে মৃদু আওয়াজ করল। যদি এখন সে সুস্থ থাকতো তবে বাবার কথা শুনে হাসত, লাফালাফি করত। কিন্তু অসুস্থতার কারণে তার ভালো লাগছে না একটুও।

ইভান নিভান ছোট্টো হাতটা টেনে ঠোঁট দাবিয়ে চুমু খেলো। প্রথমবারের মতন বাবার ঠোঁটের স্পর্শ পেয়ে নড়েচড়ে উঠল নিভান। হাতের মুঠোয় থাকা বাবার তর্জনী আঙুলটা শক্ত করে মুঠো করে ধরল। ইভান আরেকটা চুমু খেলো ছোটো হাতটায়। জীবনে প্রথমবারের মতন কোনো বাচ্চাকে চুমু খেলো সে। চুমু খাওয়ার পর অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। এমন অনুভূতির সম্মুখীন আজকের আগে সে হয়নি কখনো।

ঝুঁকে নিভানের কপালে-গালে আরও অনেকগুলো চুমু খেলো। চুমু খেতে ভালো লাগছে তার।
ছেলের হাতের মুঠো থেকে নিজের তর্জনী আঙুলটা ছাড়িয়ে নিল ইভান। তারপর ছেলের নরম গালে আঙুল ছোঁয়াল। শুষ্ক ওষ্ঠজোড়া স্পর্শ করে বলল,

“পচা জ্বর, তোমাকে কত কষ্ট দিচ্ছে! ওকে জুতো দিয়ে মে’রে তোমার কাছ থেকে বিদায় করব, ঠিক আছে?”

নিভান দুর্বল চোখে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেকে এভাবে দেখে ইভানের একটুও ভালো লাগছে না। কখন সুস্থ হবে বাচ্চাটা?

*****

ছেলের বিকট চিৎকারে ঘুম ভাঙল ইভানের। প্রতিদিন সকালে ছেলের কান্না শুনেই ঘুম ভাঙে তার।

চোখ মেলে বিছানায় নজর বুলিয়ে দেখল বিছানায় সে ছাড়া কেউ নেই। ঘাড় ঘুরিয়ে দেখল রোশনাই নিভানকে চেঞ্জিং টেবিলের ওপর শুইয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করছে, আর নিভান হাতপা ছোড়াছুড়ি করে তারস্বরে চিৎকার করে কাঁদছে। রোশনাই নিচু কণ্ঠে ছেলেকে শান্ত করার চেষ্টা করছে।

দ্রুত বিছানা ছেড়ে নেমে দুজনের দিকে এগিয়ে ঘুম জড়ানো গলায় বলল,

“ওকে কাঁদাচ্ছো কেন এভাবে?”

ইভানের গলার আওয়াজ পেয়ে তার দিকে তাকাল রোশনাই। ইভান স্ত্রীর পাশে দাঁড়িয়ে দেখল রোশনাই ছেলেকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে।

ওয়াইপস দিয়ে ছেলের মুখ মুছে দ্রুত কোলে তুলে নিল ইভান। আদর করে শান্ত করার চেষ্টা করতে করতে রোশনাইয়ের দিকে তাকিয়ে বলল,

“এভাবে কাঁদিয়ে জোর করে খাওয়াতে হবে?”

রোশনাই থমথমে গলায় বলল,

“ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করেছিলাম খায় না তো। ওষুধ না খেলে অসুখ সারবে কীভাবে?”

ইভান ছেলেকে নিয়ে হাঁটতে লাগল। একটু পরই কান্না থেমে গেল নিভানের। হেঁচকি তুলতে তুলতে মিশে রইল বাবার বুকের সঙ্গে।
ওষুধের ড্রপ হাতে রোশনাই আগের জায়গায় দাঁড়িয়ে আছে চুপচাপ। ইভান বিছানায় বসে বলল,

“এখন খাওয়াও।”

রোশনাই ওষুধ আর পানির গ্লাস নিয়ে এগিয়ে এলো। মুখে ওষুধ পড়তেই গলা ছেড়ে আবার কেঁদে উঠল নিভান। কিছুটা ওষুধ খেলো, আর কিছুটা মুখ থেকে ফেলে দিলো।

জোর করে ওষুধ খাওয়ানো শেষ করে পানি খাইয়ে মুখ আর গলা মুছে দিলো রোশনাই। ইভান বসা থেকে উঠে হাঁটতে হাঁটতে ছেলেকে দোল দিতে লাগল, আর বলল,

“কাঁদে না, বাবা। তুমি ভালো, তুমি তো গুড বয়! আর ওষুধ খাওয়াবে না, শান্ত হও নাহলে বমি হয়ে যাবে!”

রোশনাই ওষুধের বোতল রেখে হাত ধুয়ে ছেলেকে কোলে নিল। বিছানায় বসে খেতে দিলো ছেলেকে, কিন্তু নিভান মুখেও নিল না। চিৎকার দিয়ে লম্বা হয়ে যাচ্ছে।

ইভান পেছন থেকে তাকিয়ে আছে দুজনের দিকে। নিভান যদি কথা বলতে পারত তবে সে এখন বলত, ‘জোর করে ওষুধ খাওয়ালে কেন? দুধ খাব না আমি!’
বেচারা যেহেতু কথা বলতে পারে না তাই এভাবে রাগ দেখাচ্ছে।

খাওয়ানো বাদ দিয়ে হেঁটে হেঁটে ছেলেকে শান্ত করল রোশনাই। ইভান এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল। নিভান শান্ত হয়ে যেতেই বলল,

“নাস্তা করেছো তুমি?”

রোশনাই তার দিকে তাকিয়ে বলল,

“না। করব।”

“নিভানকে আমার কাছে দিয়ে নাস্তা করে এসো।”

“আপনি করবেন না?”

“দেরি আছে। আমি আরও ঘুমাব। ওকে দাও আমার কাছে।”

রোশনাই এগিয়ে এসে ছেলেকে স্বামীর কোলে তুলে দিলো। তারপর এগোল নাস্তা করার জন্য। সত্যি বলতে তার ভীষণ খিদে পেয়েছে।

*****

রাত নয়টা। বাড়ি ফেরার পথে একজন ফুল বিক্রেতার সঙ্গে দেখা হলো তিন বন্ধুর। আশিক ডেকে দাঁড় করাল বিক্রেতাকে। বলল,

“ফুল কত করে?”

বিক্রেতা বললেন,

“কোনটা নিবেন?”

“সবগুলো।”

মেহেদী বলল,

“তুই এত ফুল কিনে কী করবি? না আছে বউ, আর না আছে প্রেমিকা।”

আশিক খোচা দেওয়ার মতো করে বলল,

“তোর আছে?”

“সেজন্যই তো আমি নিচ্ছি না।”

ইভান বিরক্ত হয়ে বলল,

“বাড়ি ফেরার ইচ্ছে আছে কী তোদের? শুধু শুধু উনার সময় নষ্ট করছিস কেন? মামা, আপনি যান।”

“কীসের জন্য যাবে? মামা আপনি দাঁড়ান।”

ফুল বিক্রেতা খ্যাটখ্যাটে গলায় বললেন,

“ফুল নিবেন না কিছু না, হুদাই হুদাই আমার সময় নষ্ট করছেন ক্যান?”

“নেবে তো।”

“কে নিবো? আপনেগো কারোরই তো প্রেমিকা নাই।”

“আরেহ, মামা। আমাদের কারও প্রেমিকা না থাকলেও একজনের বউ আছে। বউয়ের জন্যই নেবে।”

আশিকের কথা শুনে ইভানের চোখজোড়া ছোটো ছোটো হয়ে গেল। আশিক তাকে দেখিয়ে দিয়ে বলল,

“ওর বউ আছে। ও ওর বউয়ের জন্য ফুল নেবে।”

ইভান খ্যাক করে উঠল।

“কে ফুল নেবে? মামা, আপনি যান।”

ফুল বিক্রেতা এক নজর করে তিনজনকে দেখে পা বাড়ালেন উলটো পথে। আশিক তাকে টেনে ধরে বলল,

“আরেহ মামা, যান কেন? ফুল নেবে তো।”

“দেখেন মামা, এমনিতেই বেশি বেচতে পারি নাই, আপনে আর আমার মেজাজ গরম কইরেন না।”

“বেচতে যেন পারেন সেই ব্যবস্থাই তো করে দিচ্ছি। সবগুলো ফুলের দাম কত?”

“আপনে নিবেন?”

“আমার বন্ধু নেবে।”

“সে তো একটাই নিতে চাইতাছে না, আর আপনে কন সবগুলা নিবো?”

“নেবে মামা, আপনি দাম বলেন।”

ফুল বিক্রেতা হিসেব করে বললেন,

“সবগুলার দাম সাতশ টাকা।”

“ইভান, টাকা দে।”

“কেন দেবো?”

“তোর বউয়ের জন্য ফুল নিচ্ছিস সেজন্য।”

“আমি কোনো ফুল নিচ্ছি না। মেহেদী, বাইক টান দে।”

মেহেদী দুদিকে মাথা নেড়ে বলল,

“হবে না, ব্রো। টাকা বের কর।”

ইভান কিড়মিড় করে বলল,

“ফুল নেব না আমি।”

“অন্যের বউয়ের জন্য তো নিচ্ছিস না, নিবি নিজের বউয়ের জন্য। সেখানে এত কিপটামি করার কী আছে?”

ইভান আশিকের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল,

“বেশি বুঝবি না। মামা, আপনি যান তো।”

আশিক আবারও টেনে ধরল ফুল বিক্রেতাকে। ইভান পড়েছে মহা ঝামেলায়। নিজের বাইক নিয়ে এলে এতক্ষণে চলে যেত। বসে আছে অন্যের বাইকে, তাই যেতে পারছে না। তার ইচ্ছে করছে মেহেদীকে ঠেলে বাইক থেকে ফেলে দিয়ে বাইক নিয়ে চলে যেতে।

“তুই এত টাকা কামাস, তোর বাপ এত টাকা কামায়—তবুও বউয়ের জন্য সাতশ টাকা খরচ করতে পারবি না?”

ইভান তাকিয়ে রইল। আশিক হাত পেতে বলল,

“টাকা দে।”

ইভান ওয়ালেট বের করে দুটো পাঁচশ টাকার নোট আশিকের হাতে দিলো। আশিক টাকা দিয়ে ফুলগুলো হাতে নিল। বিক্রেতা বাকি টাকা ফেরত দিলে আশিক মাথা নেড়ে বলল,

“রেখে দিন, মামা। আমার বন্ধু খুশি হয়ে বাকি টাকা আপনাকে দিয়েছে। ওর জন্য দোয়া করবেন—যেন খুব শীঘ্রই ওর সংসারে সুখ-শান্তির সঙ্গে সঙ্গে ডজন খানেক বাচ্চাও চলে আসে।”

ফুল বিক্রেতা অদ্ভুত চোখে তিনজনকে দেখলেন কিছুক্ষণ। তারপর মাথা নেড়ে বললেন,

“হ্যাঁ, দোয়া করি সুখ-শান্তির সঙ্গে সঙ্গে ডজন ডজন বাচ্চাও চলে আসুক তোমার বন্ধুর ঘরে।”

আশিক দাঁত বের করে হেসে বলল,

“ধন্যবাদ, মামা। আপনার দোয়া যেন খুব শীঘ্রই কবুল করেন আল্লাহ তায়ালা, আমিন।”

আশিকের সঙ্গে সুর মিলিয়ে মেহেদীও আমিন বলল। আশিক জোর করে ফুলগুলো ইভানের হাতে ধরিয়ে দিলো, তারপর নিজের বাইকে উঠে বসল।

বাইক দুটো চলতে শুরু করল। ইভান তাকিয়ে আছে ফুলগুলোর দিকে। ফুলগুলো রোশনাইকে কীভাবে দেবে সে? গিয়ে কী বলবে? ‘আমি তোমার জন্য ফুল এনেছি’? নাকি বলবে ‘আশিক আর মেহেদী জোর করে কিনিয়েছে’?
আর সে ফুল দিচ্ছে দেখে রোশনাই কেমন রিঅ্যাকশন দেবে? যদি ফুল না নেয়? যা তেজ ওই মেয়ের! দুজন মিলে কেন তাকে এই ঝামেলায় ফেলল?

বাগানবিলাসের সামনে এসে বাইক দাঁড় করাল দুজন। ইভান নেমে দাঁড়াতেই মেহেদী বলল,

“রুমে গিয়ে সবার প্রথমে ফুলগুলো বোইনার হাতে দিবি। পারলে ‘ভালোবাসি’-ও বলে দিবি।”

আশিক বলল,

“যদি ঘুমিয়ে থাকে তাহলে সুন্দর করে ডাকবি, ‘জান, শুনছো? তোমার জন্য ফুল এনেছি’।”

ইভান চিৎকার করে উঠল।

“হারামীর দল!”

“অল দ্যা বেস্ট, ব্রো!”

বাইক নিয়ে চলে গেল দুজন। ইভান দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল দুজনের যাওয়ার পথে।
সিকিউরিটি গেট খুলে দিলো। ইভান গজগজ করতে করতে ভেতরে প্রবেশ করল।
হাঁটতে হাঁটতে ফুলগুলো ফেলে দেওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু কী মনে করে আবার ফেলল না। পর পর দুবার কলিংবেল চেপে দাঁড়িয়ে রইল দরজার সামনে। অস্থির অস্থির লাগছে তার, অস্বস্তিও হচ্ছে। ঠান্ডা ঠান্ডা পরিবেশেও তার ঘাম ছুটে যাচ্ছে। আশ্চর্য! এমন হচ্ছে কেন তার সঙ্গে? তার অস্থিরতা দেখলে যে কেউ ভাববে জীবনে প্রথমবার প্রপোজ করতে যাচ্ছে। না তো সে প্রপোজ করতে যাচ্ছে, আর না তো আজ প্রথমবার কোনো মেয়েকে ফুল দিচ্ছে। টিউলিপকে প্রপোজ করার সময়ও বোধহয় এমন অবস্থা হয়নি তার। টিউলিপের কথা স্মরণ হতেই চোয়াল শক্ত করল। মুহূর্তেই তার সকল অস্থিরতা গায়েব হয়ে গেল। খট করে খুলে গেল দরজাটা।

ইভান ভেতরে প্রবেশ করল। দরজা না লাগিয়ে ইভানের যাওয়ার পথে বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন করিম মিয়া। ইভান রোশনাইয়ের জন্য ফুল এনেছে? বাহ, সূর্য কোনদিকে উঠেছিল আজ? বিয়ে করবে না বলে চিৎকার চেঁচামেচি করা ছেলেটা বিয়ের দেড় মাস পার না হতেই বউয়ের জন্য এতগুলো ফুল নিয়ে এলো!
বেলীফুলের মালাই বোধহয় আছে পাঁচ-ছয়টা।

ইভান রুমের দরজার সামনে এসে দাঁড়াল। আজও রুমের দরজা ভেতর থেকে লাগানো।

দরজায় জোরে জোরে দুটো টোকা দিয়ে দাঁড়িয়ে রইল ইভান। মিনিট পার হওয়ার আগেই দরজা খোলার আওয়াজ হলো।

দরজা খুলে ইভানের হাতে এতগুলো ফুল দেখে তাকিয়ে রইল রোশনাই। ইভান কিছু না বলে দরজার বাইরেই দাঁড়িয়ে রইল।

মিনিট খানেক পর দরজার সামনে থেকে সরে এলো রোশনাই। নিভান হাতপা ছোড়াছুড়ি করে খেলছে বিছানায় শুয়ে। জ্বর সেরে গেছে নিভানের, এখন সে পুরোপুরি সুস্থ।

রোশনাই বিছনায় ওঠার জন্য উদ্যত হতেই পেছন থেকে ডাকল ইভান। রোশনাই পা নামিয়ে পিছু ফিরে তাকাল।
ইভান এগিয়ে এসে ফুলগুলো রোশনাইয়ের দিকে বাড়িয়ে ধরল কিছু না বলে।
রোশনাই কপাল-ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল ফুলগুলোর দিকে, তারপর তাকাল ইভানের মুখের দিকে।

“নাও।”

“আমার জন্য এনেছেন?”

“হুম।”

রোশনাই আরও কয়েক মুহূর্ত ফুলগুলোর দিকে তাকিয়ে থাকার পর হাতে নিল।
ইভান হাতের ওপর ভর দিয়ে ছেলের ওপর ঝুঁকে এলো। ঠেসে ঠেসে দুটো চুমু খেয়ে বলল,

“কেমন আছো, বাবা?”

“আ, আ….। ওওও।”

বাবাকে দেখে এবং তার গলার আওয়াজ শুনে নিভানের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পেল। আরও জোরে জোরে হাতপা ছোড়াছুড়ি শুরু করল সে।

রোশনাই ফুলের মধ্যে মুখ গুঁজে প্রাণ ভরে ঘ্রাণ টেনে নিল। বেলীফুলের সুবাসে অন্তর শীতল হয়ে গেল তার।
সবগুলো ফুল বুকের সঙ্গে চেপে ধরে ইভানের দিকে তাকিয়ে বলল,

“অনেক ধন্যবাদ আপনাকে।”

ইভান ঘাড় ঘুরিয়ে তাকাল। রোশনাই ফুলগুলো বুকে জড়িয়ে ধরে তাতে মুখ গুঁজে রয়েছে।

চলবে…………

লাইক কমেন্ট করতে ভুলবেন না কেউ।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন