ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 15

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (১৫)
#সানা_শেখ

কিছুক্ষণ রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকার পর আবারও ছেলের দিকে তাকাল ইভান। নিভান জোরে জোরে হাতপা ছোড়াছুড়ি করছে, আর মুখ দিয়ে আওয়াজ করছে—যেন বাবার সঙ্গে কথা বলতে চাইছে।

ইভান ছেলেকে ঘুরিয়ে শোয়াল নিজের দিকে। আরেকটু ঝুঁকে ঠেসে ঠেসে দু গালে চুমু খেয়ে বলল,

“কী হয়েছে? এত খুশি কেন আজ?”

নিভান গলার আওয়াজ মোটা করে সুর ধরল।

“অঅঅ…।”

“কী?”

“বায়ায়ায়া।”

“কী, বাবা?”

“উম…।”

ইভান কোলে তুলে নিল ছেলেকে। বুকের সঙ্গে জড়িয়ে ধরে তাকাল রোশনাইয়ের দিকে। রোশনাই এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে।

ইভান ছেলের সঙ্গে আরও কিছুক্ষণ বকবক করার পর তাকে বিছানায় শুইয়ে দিয়ে বলল,

“শুয়ে থাকো আমি ফ্রেশ হয়ে আসি।”

ইভান সোজা হয়ে দাঁড়াতেই গলা ছেড়ে কান্না জুড়ে দিলো নিভান। বিছানায় শোবে না সে। ইভান তাড়াহুড়ো করে কোলে তুলে নিল আবার।

ছেলের কান্নায় ঘোর থেকে বেরিয়ে এলো রোশনাই। এতক্ষণ কী হচ্ছিল না হচ্ছিল সেসব কিছুই সে টের পায়নি। ছেলেকে কাঁদতে দেখে বুঝতে পারল না কেন কাঁদছে সে।
হাতের ফুলগুলো বিছানার ওপর রেখে দুজনের কাছে এগিয়ে এসে বলল,

“কী হয়েছে? কাঁদছে কেন ও?”

ইভান ছেলেকে বুকের সঙ্গে মিশিয়ে পিঠে হাত বোলাতে বোলাতে বলল,

“শোবে না। শুইয়েছি বলে কাঁদছে।”

রোশনাই হাত বাড়িয়ে বলল,

“দিন আমার কাছে।”

দিয়ে দিলো ইভান। মায়ের কোলে এসে নিভান কেঁদে উঠল আবার। রোশনাই অবাক না হয়ে পারল না। তার কোলে এসে কাঁদছে?
ইভান ঝুঁকে ছেলেকে আদর দিয়ে বলল,

“আম্মুর কাছে থাকো কিছুক্ষণ, আমি ফ্রেশ হয়ে খেয়ে আসি।”

ইভান রোশনাইয়ের এত কাছে চলে আসায় শ্বাস আটকে দাঁড়িয়ে রইল রোশনাই। ইভানের মাথা তার বুক ছুঁইছুঁই।

ইভান সোজা হয়ে দাঁড়াতেই লম্বা শ্বাস ছাড়ল রোশনাই। বুকের ভেতর ধড়াস ধড়াস করছে। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে উঠেছে।
ইভান শার্টের বোতাম খুলতে খুলতে কাবার্ডের দিকে এগোল। ঘাড় ঘুরিয়ে বলল,

“রোশনি, ওকে শান্ত করো।”

রোশনাই ছেলেকে দোল দিতে দিতে হাঁটতে লাগল। ঘাড় ঘুরিয়ে একবার তাকাল ইভানের দিকে।

ইভান ফ্রেশ হয়ে এসে বলল,

“রোশনি, ডিনার করেছো?”

রোশনাই ইভানের দিকে তাকিয়ে মাথা নাড়ল।

“হ্যাঁ। আপনি খেয়ে আসুন।”

ইভান বেরিয়ে গেল রুম থেকে। রোশনাই নিভানকে শুইয়ে দিলো। এবার আর কাঁদল না নিভান। রোশনাই বিছানার ওপর থেকে ফুলগুলো হাতে তুলে নিল। কী ভেবে হঠাৎ তার জন্য ফুল নিয়ে এলো ইভান?

একটা গোলাপ কানে গুঁজলো রোশনাই। বেলীফুলের মালা পেছালো খোঁপায়। দু হাতে দুটো মালা পেচিয়ে ছেলের দিকে তাকাল। হাত দুটো নাড়িয়ে হাসি মুখে বলল,

“বাজান, কেমন লাগছে আমাকে?”

নিভান ড্যাবড্যাব করে তাকিয়ে রইল মায়ের দিকে। রোশনাই ঝুঁকে ছেলেকে চুমু খেলো কয়েকটা, তারপর হেঁটে এসে দাঁড়াল আয়নার সামনে। কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে থেকে মালা আর ফুলটা খুলে রাখল।
বিছানার ওপর থেকে গোলাপ ফুলগুলো তুলে আরও একবার মুখ ডুবাল তাতে।

ইভান রুমে ফিরে দেখল মা ছেলে শুয়ে আছে বিছানায়। দরজা লাগিয়ে বিছানার দিকে এগিয়ে আসতে আসতে ডাকল,

“নিভান।”

রোশনাই ঘাড় ঘুরিয়ে কটমট করে তাকাল ইভানের দিকে। ইভান তার চাহনি পাত্তা না দিয়ে আবার ডাকল,

“বাবায়ায়ায়া।”

খাওয়া থামিয়ে দিলো নিভান। ইভান আবার ডাকতেই চোখের মনি এদিক ওদিক ঘুরিয়ে তাকে খুঁজতে লাগল নিভান। রোশনাই দাঁতে দাঁত চেপে বলল,

“হচ্ছেটা কী? দেখছেন তো ঘুম পাড়াচ্ছি!”

ইভান বিছানায় বসে বলল,

“পাড়াতে হবে না, দাও আমার কাছে।”

“চুপচাপ ঘুমান, আর আমাদেরও ঘুমোতে দিন।”

“তোমাকে ঘুমোতে তো নিষেধ করছি না আমি। ওকে আমার কাছে দিয়ে তুমি ঘুমাও।”

“ও ঘুমাবে এখন।”

“বাবা, আসো আমার কাছে।”

দুধ খাওয়া বাদ দিয়ে হাতপা ছোড়াছুড়ি শুরু করল নিভান। ফুলগুলো পেয়ে ইভানের ওপর যতটা না খুশি হয়েছিল এখন তার চেয়ে কয়েকগুণ বেশি ক্ষেপে গেছে রোশনাই। কেমন বদ লোক ভাবা যায়! আর কয়েক মিনিট পরই ঘুমিয়ে পড়ত নিভান। এই বদ লোক এসে করলোটা কী!

মেক্সির জিপার লাগিয়ে ওড়না ঠিক করে উঠে বসল রোশনাই। নিভানকে ইভানের কোলে তুলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল,

“সারারাত রাখবেন আপনি, আমার কাছে নিয়ে এলে খবর আছে।”

“পটি করে দিলে বা খিদে পেলে?”

“আপনি পরিষ্কার করবেন, আর আপনিই খাওয়াবেন।”

“ব্রেস্ট পাম্প করে রাখো খাইয়ে দেবো। কিন্তু হাগু-মুতু করলে পরিষ্কার করতে পারব না আমি।”

“পারবেন না তো ওর ঘুম নষ্ট করলেন কেন? ব্রেস্ট পাম্প করতে পারব না আমি।”

ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল রোশনাই। ইভান বলল,

“খিদে পেলে খাওয়াবো কী?”

রোশনাই ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বলল,

“কী খাওয়াবেন তা আপনিই ভালো জানেন। আমি এখন ঘুমাব, কানের কাছে যেন টু শব্দ না হয়।”

ইভান কপালে কয়েক ভাঁজ ফেলে রোশনাইয়ের দিকে তাকিয়ে রইল। তারপর বিছানা ছেড়ে নামতে নামতে বিড়বিড় করল,

“অত্যাচারী জাঁদরেল মহিলা!”

ভেবেছিল বিছানায় শুয়ে শুয়ে ছেলের সঙ্গে গল্প করবে, খেলবে—কিন্তু তা আর হতে দিলো কই?
দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে।

রোশনাই মাথার ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দরজার দিকে তাকাল একবার, তারপর আবার মাথা ঢেকে চোখ বুজলো।

*****

আসরের আজান কানে ভেসে আসতেই শোয়া থেকে উঠে বসল রোশনাই। চুলগুলো হাত খোঁপা করে ওড়না ঠিক করল। তারপর ছেলেকে কোলে নিয়ে নামলো বিছানা থেকে।

ইভানের স্টাডি রুমের সামনে আসতেই কানে ভেসে এলো গিটারের টুং টাং আওয়াজ, সঙ্গে ইভানের কণ্ঠের গান।

রোশনাই দরজা ঠ্যালা দিতেই ইভানের গান থেমে গেল। ইভানের দিকে তাকিয়ে দেখল ইভান দরজার দিকে তাকিয়ে আছে। সে বসে আছে রকিং চেয়ারে। কোলের ওপর কালো রঙের গিটার।

রোশনাই ভেতরে প্রবেশ করল। নিভানকে এগিয়ে দিয়ে বলল,

“ওকে নিন, নামাজ পড়ব।”

ইভান গিটার রেখে দিলো পাশে। রোশনাই নিভানকে ইভানের বুকের ওপর শুইয়ে দিয়ে ঘুরে পা বাড়াল দরজার দিকে।
ইভান চেয়ার নিয়ে দুলতে দুলতে বলল,

“ঘুম থেকে উঠেছো কখন?”

নিভান বড়ো করে হাই তুলল। মুখ দিয়ে মৃদু আওয়াজ করে অলস ভঙ্গিতে কয়েকবার চোখের পলক ফেলল।

“ঘুম হয়নি?”

নিভান ছোটো ছোটো চোখে তাকিয়ে রইল। তার ঘুমের রেশ কাটেনি এখনো।

নামাজ আদায় করে স্টাডি রুমে এসে স্বামী-সন্তানকে পেল না রোশনাই।
নিচে নেমে এসে দেখল ইভান ছেলেকে নিয়ে সোফায় বসে আছে।

রোশনাই কাছে এগিয়ে এলো। নিভানকে নেওয়ার জন্য হাত বাড়িয়েও আবার হাত গুটিয়ে নিল। বলল,

“কফি খাবেন?”

ইভান তাকাল রোশনাইয়ের মুখের দিকে। বলল,

“হ্যাঁ, কিন্তু আঙ্কেল বাড়িতে নেই।”

“আমি বানিয়ে আনি?”

“তুমি কফি বানাতে পারো?”

“কফি আর এমন কী? চুল বাঁধতে পারি, রান্না পারি, মানুষও মা’রতে পারি।”

“হ্যাঁ?”

“কিছু না।”

রোশনাই ঘুরে রান্নাঘরের দিকে এগোল। ইভান তাকিয়ে রইল তার যাওয়ার পথে। শেষে মৃদুস্বরে কী বলল মেয়েটা?

কয়েক মিনিট পর ধোঁয়া ওঠা কফির মগ হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রোশনাই।
মগটা টি-টেবিলের ওপর রেখে ছেলেকে কোলে নিল। ইভান কফির মগ হাতে নিয়ে চুমুক দিয়েই ফুস করে মুখের কফি ফেলে দিলো।

তার এমন কাজে হতভম্ব চোখে তাকাল রোশনাই। বলল,

“কী হয়েছে?”

“এটা কফি নাকি গরম পানির শরবত?”

“কেন?”

“মিষ্টি কেন?”

“কফি যখন একটু মিষ্টি তো হবেই।”

“আমি ব্ল্যাক কফি খাই তুমি জানো না?”

রোশনাই এতক্ষণে বুঝল ইভানের এমন রিঅ্যাকশনের মানে। ইভান ব্ল্যাক কফি খায় এটা তো সে জানতো না।

“জানবো কীভাবে? আপনি তো বলেননি।”

ইভান কফির মগ রেখে উঠে দাঁড়াল। মিষ্টি জাতীয় কোনো কিছুই তার পছন্দ নয়, ছোটবেলা থেকেই খায় না মিষ্টি জাতীয় কিছু।

আরেক মগ কফি বানিয়ে বেডরুমের দিকে এগিয়ে এলো রোশনাই। বাম হাতে ছেলেকে আগলে রেখেছে, ডান হাতে কফির মগ। ইভানের কাছে এসে কফির মগ এগিয়ে দিতেই বিস্মিত হলো ইভান। বলল,

“ওকে কোলে নিয়েই কফি বানিয়েছো?”

“হ্যাঁ।”

চেঁচিয়ে উঠল ইভান।

“পাগল তুমি? মাথা ঠিক আছে তোমার? মাথা খারাপ পাগল মেয়ে!”

ইভানের চেঁচানোতে চমকে উঠল নিভান। রোশনাইও চমকে উঠেছে। বাবা-ছেলের গলার আওয়াজ মাশাআল্লাহ, এক চিৎকারেই আত্মা কাঁপিয়ে কান ঝালাপালা করে দেয়।

ইভান কফির মগ রোশনাইয়ের হাত থেকে নিয়ে রেখে দিলো সেন্টার টেবিলের ওপর। নিভানকে কোলে নিয়ে বলল,

“আরেকদিন এমন কিছু করলে ঠাটিয়ে দেবো একটা! আক্কেল জ্ঞান লোপ পেয়েছে তোমার?”

“আশ্চর্য! এমন করছেন কেন?”

“কেন করছি বুঝতে পারছো না? নিভানকে কোলে নিয়ে কফি বানাতে গেছো কোন আক্কেলে? সেদিন নিউজে দেখলে না দু মাসের বাচ্চাকে কোলে নিয়ে চা বানাতে গিয়ে গরম পানি পায়ে পড়ায় বাচ্চাকে কোল থেকে ফেলে দিয়েছিল, মাথায় আঘাত পাওয়ার কারণে শেষে বাচ্চাটা মা’রাই গেল! গরম পানি মগে ঢালার সময় যদি হাত ফসকে তোমার হাতে বা পায়ে পড়ত তখনই তো ওকে ঠাস করে ফেলে দিতে! না ফেললেও তোমার হাতপাও তো পুড়ে যেতে পারত! কিছু একটা হয়ে গেলে কী হতো?”

বাবার উঁচু গলার আওয়াজ শুনে গোলগোল চোখে তাকিয়ে আছে নিভান।
রোশনাই শান্ত চোখে ইভানের মুখের দিকে তাকিয়ে আছে। ফরসা চেহারা রাগে লাল হয়ে গেছে ছেলেটার। নীলাভ চোখজোড়া থেকে উপচে পড়ছে রাগ।

“আর একদিন যেন এমন ভুল না হয়।”

মাথা নাড়ল রোশনাই। ইভান ছেলেকে বুকে চেপে ধরে মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে লাগল।

*****

গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইভান। পরনে ট্রাউজার, উদোম শরীর, সাদা তোয়ালে দিয়ে চুল মুছছে।

রোশনাই বিছানায় বসে ছেলের কাঁথা কাপড় ভাঁজ করছে। গোসলের পর পরই ঘুমিয়ে গেছে নিভান। ছেলেকে ঘুম পাড়িয়ে রোশনাইও গোসল সেরে নিয়েছে। তারপরই ইভান গোসল করতে গিয়েছিল। ঘড়ির কাঁটা এখন সাড়ে বারোটার ঘরে।

চুল মোছা শেষ করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল ইভান। ঘাড় চুলকাতে গিয়ে নখের নিচে পড়ল কিছু একটা। চোখের সামনে ধরতেই ইভানের চোখ ছানাবড়া। উকুন! তার মাথায় উকুন এলো কোথা থেকে?

চিন্তিত হয়ে পাশ ফিরতেই টুলের ওপর রাখা তোয়ালের ওপর নজর পড়ল। শুভ্র রঙা তোয়ালায় কালো কিছু একটা দেখা যাচ্ছে। ঝুঁকে পড়ে দেখল উকুন। বাজ পড়ল ইভানের মাথায়। এত উকুন এলো কোথা থেকে? তার মাথায় তো জীবনেও উকুন হয় না, ছিলও না কখনো।

তাকাল রোশনাইয়ের দিকে, যে কি-না মনোযোগ দিয়ে ছেলের কাপড়চোপড় ভাঁজ করছে।
ধুপধাপ পা ফেলে এগিয়ে এলো বিছানার কাছে। রোশনাইয়ের হাত টেনে উকুন দুটো তার হাতের তালুতে ছেড়ে দিলো।

হুট করে হাত টান দেওয়ায় হকচকিয়ে গিয়েছিল রোশনাই। হাতের তালুতে উকুন দুটো দেখে সরু চোখে ইভানের মুখের দিকে তাকাল। ইভান বলল,

“এগুলো তোমার মাথার উকুন, তাই না?”

“না। আমার মাথার উকুন আপনার কাছে গেল কীভাবে?”

“সেটা তো তুমিই ভালো বলতে পারবে।”

“আমার মাথায় কোনো উকুন নেই।”

“একদম মিথ্যা বলবে না। তোমার মাথায় উকুন না থাকলে আমার মাথায় এলো কীভাবে?”

“আমি কীভাবে বলব?”

“আমি শিওর এগুলো তোমার মাথারই উকুন। রাতে হেঁটে হেঁটে তোমার মাথা থেকে আমার মাথায় এসেছে, নয়তো তুমি ধরে ধরে আমার মাথায় ছেড়ে দিয়েছো।”

“মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার মাথায় কোনো উকুন নেই।”

ইভান রোশনাইকে ধরে ঘুরিয়ে বসাল। রোশনাই মৃদু চেঁচিয়ে উঠল।

“আরে কী করছেন?”

“উকুন আছে কি নেই সেটাই দেখব।”

রোশনাই ইভানের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করল কিন্তু পারল না। নিভান বিছানায় ঘুমিয়ে থাকার কারণে বেশি ধস্তাধস্তি করতে পারছে না, চেঁচাতেও পারছে না।

“চুপ করে বসো।”

“বসবো না। ছাড়ুন।”

ইভান ছাড়ল না। আরও শক্ত করে চেপে ধরতেই শান্ত হয়ে গেল রোশনাই। ইভান রোশনাইয়ের চুলে বিলি কাটতেই দেখল জোড়া উকুন।

“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ! আস্তাগফিরুল্লাহ! এসব কী? মাথায় উকুনের ফার্ম!”

জোড়া উকুন দুটো রোশনাইয়ের হাতের তালুতে দিয়ে, আরও একটা এনে ছেড়ে দিলো হাতের তালুতে।

“তুমি না বললে তোমার মাথায় উকুন নেই, তাহলে এসব কী?”

“কী?”

“জঙ্গলে জীব জন্তুর বসবাস? উকুনের ফার্ম দিয়ে রেখেছে মাথায়! ভাগ্যিস বাইরে কারও সামনে আমার মাথা থেকে উকুন বেরিয়ে আসেনি, নাহলে আমার মান সম্মান কোথায় যেত কে জানে!”

রোশনাই হাত বাড়িয়ে ইভানের ঘন কালো সিল্কি চুলের ভাঁজে উকুনগুলো চালান করে দিলো।
তার এমন কাজে হতভম্ব হয়ে লাফিয়ে সরে দাঁড়াল ইভান। রোশনাই হাত দেখিয়ে হাসি মুখে বলল,

“লাভ নেই, কাজ হয়ে গেছে।”

ইভানের চোখ দুটো বিস্ফোরিত হলো। বিকট শব্দে চেঁচাতে গিয়েও দমিয়ে নিল নিজেকে। চেঁচানো যাবে না, নিভান ঘুমিয়ে আছে। আঙুল তুলে দাঁত কিড়মিড় করে বলল,

“এ্যাই জাঁদরেল মহিলা, কী করলে এটা?”

রোশনাই কাপড়চোপড় ভাঁজ করতে করতে ভাবলেশহীন গলায় বলল,

“আপনার সুন্দর জঙ্গলে জীব জন্তু চালান করলাম।”

“কেন?”

“স্বামী হিসেবে আপনার দায়িত্ব স্ত্রীকে সাহায্য করা।”

“মাথা খারাপ হয়ে গেছে? পাগল মেয়ে!”

“যেহেতু আমি মাথায় উকুনের ফার্ম দিয়েছি, সেক্ষেত্রে আপনার উচিত এবং দায়িত্ব ফার্ম বড়ো করতে আমাকে সাহায্য করা।”

ইভান দ্রুত পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে লাগল, কিন্তু একটা উকুনও বের হলো না তার চুল থেকে। এত ফাঁকা ফাঁকা দাঁতওয়ালা চিরুনি দিয়ে উকুন আসবেও না। চিরুনি রেখে সাপের মতো ফোস ফোস করতে করতে তাকাল রোশনাইয়ের দিকে। কিছু একটা ভাবতেই বড়ো বড়ো কদমে এগিয়ে এসে কোনো কথা ছাড়াই পাঁজাকোলে তুলে নিল মেয়েটাকে। তার এমন কাজে হকচকিয়ে গেল রোশনাই। কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করতে করতে বলল,

“কী করছেন? পাগল হয়েছেন নাকি? নামান আমাকে।”

ইভান শক্ত করে চেপে ধরে রেখে বারান্দার দিকে এগিয়ে বলল,

“উকুন যেমন আমার মাথায় দিয়েছো, সবগুলো এখন মাথা থেকে আনবে, নয়তো আজকে তোমার খবর আছে।”

“পারব না আমি। ছাড়ুন আমাকে।”

ছাড়ল না ইভান। রোশনাই ধস্তাধস্তি করতে লাগল তার কোল থেকে নামার জন্য।

বারান্দায় এসে রোশনাইকে বেতের চেয়ারে বসিয়ে দিলো ইভান, রোশনাই উঠে যাওয়ার আগেই নিজেও তাড়াহুড়ো করে রোশনাইয়ের সামনে ফ্লোরে বসে পড়ল। তারপর দ্রুত দুই হাতে চেপে ধরল রোশনাইয়ের দুই হাঁটু। মাথা উলটে রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল,

“তাড়াতাড়ি আমার মাথা থেকে পোকাগুলো খুঁজে বের করো।”

“পারব না।”

“পারবে না তাহলে দিলে কেন?”

“আপনি বললেন কেন আমি ধরে ধরে আপনার মাথায় দিয়েছি?”

“দিতেই পারো, একটু আগেই তো দিলে।”

“মিথ্যা দোষারোপ করেছেন বলেই দিয়েছি। এখন আমার পা ছাড়ুন।”

“আমার মাথায় দেওয়া সবগুলো পোকা খুঁজে বের করবে তারপর ছাড়া পাবে, নয়তো আজ সারাদিনেও এখান থেকে উঠতে পারবে না।”

রোশনাই ইভানকে ঠেলে সরিয়ে জোর করে উঠে যাওয়ার চেষ্টা করল। ইভান শক্ত করে চেপে ধরে রোশনাইয়ের কোলের ওপর মাথা রাখল। জেদ ধরে বলল,

“সবগুলো উকুন না আনা পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই।”

রোশনাই বুঝল উকুন না আনা পর্যন্ত ইভানের হাত থেকে ছাড়া পাবে না সে, তাই বাধ্য হয়ে ইভানের চুলে হাত রাখল। চিবিয়ে চিবিয়ে বলল,

“মাথা সোজা করুন।”

আমার লেখা ৮০ টাকা মূল্যের "হৃদয়পুরীতে আবার বসন্ত" ই-বুকটি আগামী এক সপ্তাহের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র ৪০ টাকায়। সঙ্গে ৭০ টাকা মূল্যের "ভালোবাসার স্নিগ্ধপরশ" ই-বুকটিও পেয়ে যাচ্ছেন মাত্র ৪০ টাকায়। তাই আর দেরি কীসের? ডিসকাউন্ট থাকতে থাকতেই কিনে ফেলুন এই সুন্দর কুটুস ই-বুক দুটো। বইটই অ্যাপে ঢুকে ই-বুক দুটোর নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।

চলবে……….

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন