#অনুভূতির_মায়াজাল (১৬)
#সানা_শেখ
ইভান মাথা সোজা করল, কিন্তু রোশনাইয়ের পা ছাড়ল না। দু হাতের বাহু রোশনাইয়ের দুই উরুর ওপর রেখে চেয়ারে ঠেস দিয়ে বসে রইল।
রোশনাইয়ের রাগ হচ্ছে, নিজের ওপর আর ইভানের ওপরও। ইভান কেন তার মাথা থেকে উকুন আনলো? আর সে কেনই বা ইভানের মাথায় দিতে গেল? যন্ত্রণা!
খুব বেশি সময় লাগল না। ছোটো ছোটো চুল হওয়ায় খুব দ্রুতই উকুন তিনটা খুঁজে পেয়েছ রোশনাই।
ইভানকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল,
“উঠুন এখন, হয়ে গেছে।”
ইভান শক্ত হয়ে বসে ঘাড় ঘুরিয়ে রোশনাইয়ের মুখের দিকে তাকাল। বলল,
“কীভাবে হলো? মাত্র তো আনলে তিনটা।”
“তিনটা আনবো না তো কটা আনবো? তিনটাই তো দিয়েছিলাম।”
“তিনটা কোথায়? দিলে তো পাঁচটা।”
“পাঁচটা না, তিনটাই দিয়েছি। প্রথমের দুটো তো মে’রে ফেলেছিলাম।”
“মিথ্যা বলছো তুমি। দ্রুত বাকি দুটো আনো।”
“আশ্চর্য! না থাকলে কোথা থেকে আনবো?”
“আমার মাথা থেকে।”
রোশনাই আবারও ঠেলে সরানোর চেষ্টা করল ইভানকে, কিন্তু একটুও সরাতে পারল না। এটা মানুষ নাকি একশ টন ওজনের পাথর? এত শক্ত হয়ে কীভাবে বসে আছে?
মেজাজ খারাপ হলেও রোশনাই নিজেকে শান্ত করল। স্বাভাবিক কণ্ঠে বলল,
“প্রথম যে দুটো দিয়েছিলেন আপনার মাথা থেকে এনে, সে দুটো আমি মে’রে ফেলেছিলাম। পরে আমার মাথা থেকে যেই তিনটা আনলেন, সেই তিনটাই শুধু দিয়েছিলাম—সত্যি কথা, আল্লাহর কসম।”
এবার আর রোশনাইয়ের কথা অবিশ্বাস করতে পারল না ইভান। তবুও সরলো না সে। বলল,
“আগে যেহেতু হেঁটে হেঁটে দুটো চলে এসেছিল, আরও থাকতে পারে তুমি ভালোভাবে খুঁজে দেখো।”
“খুঁজলাম তো, আর নেই।”
“উকুনের ডিম আছে কি-না দেখো।”
“দেখেছি, নেই।”
“ভালোভাবে আবার দেখো। বিকেলে আমি বের হবো, তখন কারও সামনে মাথা থেকে উকুন বেরিয়ে এলে কী হবে? কী ভাববে তারা?”
“আরে নেই তো।”
“আর দশ মিনিট খুঁজে দেখো।”
“যেই দুটো গিয়েছিল সেই দুটো বেরিয়ে এসেছে, আর কোনো উকুন বা উকুনের ডিম—কিছু নেই। যাদের মাথায় উকুন হয় না, তাদের মাথায় অন্যদের মাথা থেকে উকুন গেলেও থাকে না, নিজে থেকেই হেঁটে হেঁটে বেরিয়ে আসে।”
“তবুও আর দশ মিনিট খুঁজে দেখো। চুলের ভাঁজে দুই-একটা ঘাপটি মে’রে বসে থাকতেও পারে।”
রোশনাইয়ের ইচ্ছে করছে টেনে ইভানের সবগুলো চুল ছিঁড়ে দিতে। কেন যে এই বদ লোকের মাথায় উকুন দিতে গেল? খবিশ লোক!
আরও দশ-বারো মিনিটের মতো উকুন খোঁজাখুঁজি করে চেয়ারে গা এলিয়ে দিলো রোশনাই। বলল,
“নেই, উঠুন এখন।”
ইভান নড়াচড়া করল না, কিছু বললও না।
“কী হলো? উঠুন।”
ইভান তবুও উঠল না। রোশনাই ঝুঁকে ইভানের মুখের দিকে তাকিয়ে দেখল ইভান তার উরুর ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে।
রোশনাই কিছুক্ষণ তাকিয়ে রইল ইভানের ঘুমন্ত চেহারার দিকে। তারপর কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল,
“শুনছেন? রুমে গিয়ে ঘুমান।”
ফট করে চোখ মেলে তড়িৎ গতিতে সোজা হয়ে বসল ইভান। দুই হাতে মাথা চেপে ধরে চোখ বুজে ফেলল সঙ্গে সঙ্গেই। কয়েক মুহূর্ত পর চোখ মেলল আবার। রোশনাইয়ের দিকে তাকাতেই রোশনাই বলল,
“রুমে গিয়ে ঘুমান।”
ইভান উঠে দাঁড়াল। রোশনাই চুলে বিলি কেটে দেওয়ায় ঘুম পেয়ে গিয়েছিল। রোশনাইয়ের উরুর ওপর মাথা রেখে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। কিছু না বলে হেলেদুলে রুমের ভেতর প্রবেশ করল। রোশনাই বসে রইল চেয়ারে। ইভান গা ঘেঁষে বসে থাকায় অস্বস্তি হলেও তা প্রকাশ করেনি এতক্ষণ। ইভান চলে যেতেই দীর্ঘশ্বাস ছাড়ল। চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুজলো। আচমকা চোখের সামনে ভেসে উঠল শামস। শামসের সঙ্গে তার সম্পর্ক যখন স্বাভাবিক ছিল তখন প্রায় প্রতিদিনই শামসের চুলে বিলি কে’টে দিত, গা-হাত-পা টিপে দিত। শামস বেশ প্রশংসা করত, বলতো ‘তোমার হাতে জাদু আছে। তুমি মাথায় হাত দিলেই আমার ঘুম পেয়ে যায়।’
বিরক্ত ভঙ্গিতে বসা থেকে উঠে দাঁড়াল রোশনাই। এই অসভ্য শ’য়’তান লোকটা তার মাথা থেকে বের হচ্ছে না কেন এখনো? কী করলে এই শ’য়’তানকে চিরতরে ভুলে যাবে সে?
বিড়বিড় করে বলল,
“জংলি কু’ত্তা!”
রুমে প্রবেশ করে দেখল ইভান নিভানের গা ঘেঁষে শুয়েছে। তার পেছনে নিভানের ভাঁজ করা ও এলোমেলো কাপড়চোপড়।
.
এখন বিকেল পাঁচটা।
বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে ইভান। একটু পর পর কপালে ভাঁজ ফেলে তাকাচ্ছে দুদিন আগে রোশনাইকে এনে দেওয়া ফুলগুলোর দিকে। শুকিয়ে যাওয়ার পরও এখনো ফুলগুলো ফেলেনি রোশনাই।
রোশনাই রুমে প্রবেশ করে দেখল ইভান শুকনো ফুলগুলো বিনে ফেলতে উদ্যত হয়েছে।
“ওগুলো ফেলছেন কেন?”
ইভান দরজার দিকে তাকাল। রোশনাই দ্রুত পায়ে এগিয়ে এলো। ইভানের হাত থেকে ফুলগুলো নিজের হাতে নিয়ে বলল,
“ফেলছেন কেন?”
“শুকনো ফুল দিয়ে কী করবে? কেমন দেখা যাচ্ছে! জঙ্গল হয়ে রয়েছে রুমের মধ্যে, ফেলে দাও।”
“না। শুকিয়ে গেলেই ফেলে দিতে হবে?”
“তো কী করবে?”
“এভাবেই রেখে দেবো। ফুল কখনো অসুন্দর হয় না। ফুলেরা সব রূপে সবসময় সুন্দর!”
ইভান চোখ দুটো ছোটো ছোটো বানিয়ে বলল,
“তোমার ফুল পছন্দ?”
“ভীষণ!”
ইভান আর কিছু বলল না। গাড়ির চাবি, ফোন আর ওয়ালেট নিয়ে রুম থেকে বের হতে হতে বলল,
“নিভানকে দেখে রেখো।”
রোশনাই কিছু বলল না, শুধু তাকিয়ে রইল ইভানের যাওয়ার পথে। সেদিন নিভানকে কোলে নিয়ে কফি বানানোর কারণে গতকাল পর্যন্ত তার ওপর ক্ষেপে ছিল ইভান। নিভানকে নিয়ে ইভানের এই পসেসিভনেস বেশ ভালোই লাগছে তার। দুদিনে ইভানের মধ্যে অনেকটাই পরিবর্তন এসেছে। ইভানের অমন রূঢ় আচরণে তার রাগ হওয়ার কথা থাকলেও কোনো রাগ হয়নি।
বাড়ির বাইরে বেরিয়ে আসতেই ইভান দেখল করিম মিয়া নিভানকে কোলে নিয়ে উঠোনে হাঁটাহাঁটি করছেন।
কাছে এগিয়ে এসে ছেলের ফোলা ফোলা গাল দুটোতে চুমু খেয়ে গ্যারেজের দিকে এগোল। করিম মিয়ার বুকের সঙ্গে মাথা ঠেকিয়ে বাবার যাওয়ার পথে তাকিয়ে রইল নিভান। এখন ঘাড় সোজা করে রাখতে পারে সে। কেউ ডাকলে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে খোজার চেষ্টা করে। বয়সের সঙ্গে সঙ্গে দিনদিন চঞ্চলতাও বাড়ছে বাচ্চাটার।
.
ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার আগে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ফুলের মার্কেটে এলো ইভান। এখন রাত প্রায় দশটা বেজে গেছে।
হাঁটতে হাঁটতে আশিক বলল,
“কী ব্যাপার, মামা?”
ইভান স্বভাব সুলভ কপালে ভাঁজ ফেলে বলল,
“কী ব্যাপার?”
“কার জন্য ফুল নিবি?”
মেহেদী বলল,
“নিশ্চয়ই তোর জন্য না। নিলে ওর বউয়ের জন্যই নেবে।”
আশিক পাত্তা দিলো না মেহেদীর কথায়। ইভানের মুখের দিকে তাকিয়ে বলল,
“সেদিন তো ফুল নিতেই চাইলি না, আর আজ নিজে থেকেই কিনতে এলি—ব্যাপারটা কী, ভাই?”
ইভান বিরক্ত হলো। খিটখিটে মেজাজে বলল,
“তোরা যা ভাবছিস তেমন কিছুই না। রোশনির ফুল পছন্দ তাই ফুল কিনতে এসেছি।”
“সেটাই তো। তুই হঠাৎ ওর পছন্দ নিয়ে ভাবছিস কেন? তুই তো ওকেই পছন্দ করিস না।”
ইভানের পা দুটো থেমে গেল কয়েক মুহূর্তের জন্য। তারপর পুনরায় হাঁটতে হাঁটতে বলল,
“কাউকে অপছন্দ করলেই যে তার পছন্দ নিয়ে ভাবা যাবে না এমনটা কোথাও লেখা আছে?”
দুজন একসঙ্গে মাথা নেড়ে বলল,
“না, নেই।”
“আমি যদি ওকে নিজে থেকে ফুল কিনে দেই তাতে কোনো সমস্যা নেই?”
দুজন আবারও একসঙ্গে মাথা নেড়ে বলল,
“জি, না।”
“তাহলে আর একটা কথাও বলবি না, বললে পাছায় লাথি মে’রে সোজা উলটো পথে পাঠিয়ে দেবো।”
আবারও দুজন একসঙ্গে মাথা নেড়ে বলল,
“জি, আচ্ছা।”
ইভান মহা বিরক্ত ভঙ্গিতে তাকাল দুজনের দিকে। এ দুটোকে সঙ্গে আনাই ভুল হয়েছে তার।
একটা ফুলের দোকানে এসে দাঁড়াল তিনজন। প্রথমেই ইভানের নজর আটকাল লাল টকটকে গোলাপ ফুলের তোড়ার ওপর। আশপাশে নজর বুলিয়ে আরও কয়েকটা দেখল, কিন্তু মনে ধরল না। আবার ভাবল কাষ্টমাইজ করে বানিয়ে নেবে। কিন্তু সঙ্গে আশিক আর মেহেদী থাকায় সেই ইচ্ছা চাপা দিয়ে রাখল। সে চায় না এই দুজন আবার চালু হয়ে যাক। রেডি করে রাখা তোড়াটাই সুন্দর লাগছে, এটাই নেবে।
ঝুলিয়ে রাখা বেলীফুলের মালা থেকে বেছে বেছে একটা মালাও নিল।
.
বাড়ি ফিরতে ফিরতে রাত এগারোটায় ফিরল ইভান। করিম মিয়ার দিকে তাকিয়ে বলল,
“এখন খাব না, বাইরে থেকে খেয়ে এসেছি।”
করিম মিয়া মাথা নেড়ে ডাইনিংরুমের দিকে এগোলেন ইভানের জন্য রাখা খাবার ফ্রিজে তুলে রাখতে।
ওপরে উঠে আসতেই ইভানের দেখা হলো বাবার সঙ্গে, তার কোলে ঘুমন্ত নিভান। নিভানকে দেখার জন্যই নিজের রুম থেকে বেরিয়ে এসেছেন তিনি।
ছেলের হাতে এত বড়ো ফুলের তোড়া দেখে গোলগোল চোখে তাকিয়ে রইলেন ইহসান চৌধুরী। বাবাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি বোধ করল ইভান। গলা খাকারি দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলল,
“এভাবে তাকিয়ে আছো কেন?”
ইহসান চৌধুরী ছেলের পেছন পেছন রুমে প্রবেশ করতে করতে বললেন,
“কোথায় গিয়েছিলে?”
“টিএসসির মোড়ে।”
“কোনো প্রোগ্রাম ছিল নাকি?”
ইভান ফুলের তোড়া আর মালা বিছানার ওপর রেখে বলল,
“না।”
ইহসান চৌধুরী ফুলগুলোর দিক থেকে চোখ সরিয়ে ঘুমন্ত রোশনাইয়ের দিকে তাকালেন। গলা পর্যন্ত ঢেকে ঘুমিয়ে আছে মেয়েটা।
ছেলের দিকে তাকিয়ে বললেন,
“ফুল দিলো কে?”
“কেউ না।”
“তাহলে পেলে কোথায়?”
ইভান কিছুক্ষণ তাকিয়ে রইল বাবার মুখের দিকে। তারপর পকেট থেকে ফোন, ওয়ালেট, আর উকুন নাশক লোশন বের করতে করতে বলল,
“কিনে এনেছি।”
“কার জন্য?”
ইভানের রাগ উঠলেও তা প্রকাশ করল না। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার বাবা সবকিছু বুঝতে পেরেও না বোঝার ভান করছে তার মুখ থেকে শোনার জন্য।
ইহসান চৌধুরী আবার বললেন,
“কার জন্য এনেছো?”
ইভান হাতের ঘড়ি খুলে রেখে শার্টের বোতাম খুলতে খুলতে বলল,
“আমার ড্যাডের একমাত্র ছেলের একমাত্র বউয়ের জন্য।”
ছেলের কথা শুনে হেসে ফেললেন ইহসান চৌধুরী। হাসির শব্দ শুনে বাবার দিকে আবার তাকাল ইভান। ইহসান চৌধুরী আর কিছু বললেন না। নিভানকে সাবধানে শুইয়ে দিয়ে চলে গেলেন দরজা ভেজিয়ে দিয়ে।
প্যান্টের বেল্ট খুলতে খুলতে বিছানার দিকে তাকাল ইভান। রোশনাই আজ এত দ্রুত ঘুমিয়ে পড়ল! সে কি ডেকে তুলবে? না থাক, সামান্য ফুল দেওয়ার জন্য মেয়েটার ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না। সারা দিনরাত মেয়েটার ওপর দিয়ে অনেক ধকল যায়। ছেলের জন্য ঠিকমতো ঘুমোতেও পারে না।
চেঞ্জ করে ফ্রেশ হয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল ইভান। দুজনের মাঝখানে ঘুমিয়ে আছে নিভান। কনুইয়ের ওপর ভর করে ছেলের ওপর ঝুঁকে এলো ইভান। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আলতো করে চুমু খেলো কয়েকটা। নিভান একটু নড়েচড়ে আবার নীরব হয়ে গেল।
ইভান নিভানের গা ঘেঁষে শুয়ে পড়ল। অল্পদিনেই বাচ্চাটার প্রতি ভীষণ মায়া জন্মে গেছে। সে কল্পনাও করেনি এত দ্রুত এভাবে মায়ায় জড়িয়ে পড়বে। নিভানের মাথায় চুমু খেলো আবার। চোখ তুলে তাকাল রোশনাইয়ের দিকে। রোশনাই ওপাশ ফিরে শুয়ে আছে। তার মাথার ওপরেই রেখে দিয়েছে ফুলগুলো।
ইভানের মাত্রই একটু ঘুমের মতন এসেছিল, এর মধ্যেই সে অনুভব করল নিভান তার পাশ থেকে সরে যাচ্ছে। ফট করে চোখ মেলতেই দেখল রোশনাই শোয়া থেকে উঠে নিভানকে তার কাছ থেকে সরিয়ে নিজের বাম পাশে শোয়াচ্ছে।
“ওপাশে নিলে কেন?”
রোশনাই ঘাড় ঘুরিয়ে ইভানের দিকে তাকাল। হুট করেই তার ঘুম ভেঙে গেছে। চোখ মেলে রুমে ডিম লাইট জ্বলতে দেখে পাশ ফিরতেই দ্যাখে ইভান ঘুমিয়ে আছে, আর তার বুকের সঙ্গে লেগে ঘুমিয়ে আছে নিভান। ঘুমের ঘোরে ইভান নিভানের গায়ের ওপর উঠে যেতে পারে ভেবেই নিভানকে সে সরিয়ে নিয়েছে ইভানের কাছ থেকে।
ছেলেকে ঢেকে দিয়ে রোশনাই শুয়ে পড়ল আবার। ঘুম জড়ানো গলায় বলল,
“ঘুমের ঘোরে যদি আপনি ওর ওপরে উঠে যান সেজন্য।”
ইভান বেশি কিছু বলল না। হাত বাড়িয়ে রোশনাইয়ের শিয়রে রাখা ফুলের তোড়া হাতে নিয়ে রোশনাইয়ের সামনে ধরল।
“এটা তোমার জন্য।”
রোশনাই তড়িৎ গতিতে ইভানের দিকে তাকাল। তারপর আবার তাকাল ফুলের দিকে।
“কি হলো? নাও।”
রোশনাই ফুলের তোড়া হাতে নিয়ে শোয়া থেকে উঠে বসল। ইভান বেলীফুলের মালাটাও এগিয়ে দিলো। রোশনাই মালাটা হাতে নিয়ে নিজের বালিশের দিকে তাকাল। সেজন্যই সে ভাবছিল বেলীফুলের এমন কড়া ঘ্রাণ কোথা থেকে আসছে। তার মাথার পেছনেই যে ফুলগুলো ছিল সে তো একবার তাকিয়েও দেখেনি সেদিকে।
রোশনাই কিছুক্ষণ ঝিম মে’রে বসে থাকার পর বলল,
“আমার জন্য আজও ফুল আনলেন যে, ব্যাপারটা কী?”
ইভান চোখ বন্ধ করে নিয়েছিল, রোশনাইয়ের কথায় চোখ মেলল আবার। বলল,
“অত গভীরে গিয়ে ভাবার কিছু নেই। তোমার প্রেমে-ট্রেমে পড়িনি আমি। তুমি বললে তোমার ফুল পছন্দ, সেজন্যই এনেছি।”
রোশনাই গম্ভীর গলায় বলল,
“আপনাকে কে বলল আমি এমন কিছু ভাবছি?”
“ঘুম পাচ্ছে, বেশি কথা বোলো না।”
ইভান উলটো পাশ ফিরে গেল। রোশনাই ফুলের ভাঁজে মুখ গুঁজে মুচকি হাসল। ফুল পেলে তার ভালো লাগে, ফুল দেওয়া মানুষকেও ভালো লাগে। তার মতে ফুল দেওয়া মানুষ দু ধরনের হয়। এক, ভালোবেসে ফুল দেয়। দুই, দায়বদ্ধতা থেকে দেয়। ইভান কীসের জন্য দিলো তার বোধগম্য হচ্ছে না। ইভান তাকে ভালোবেসে ফুল দেবে এটা অসম্ভব। তাছাড়া ইভানের কোনো দায়বদ্ধতাও নেই তাকে ফুল দেওয়ার জন্য। যা হোক ফুল পেয়ে তার খুশি লাগছে। সেদিনের মতো আজও সারপ্রাইজড হয়ে গেছে ফুল পেয়ে।
চলবে………
নেক্সট পর্বে দারুন কিছু আছে 😒