#অনুভূতির_মায়াজাল (১৭)
#সানা_শেখ
পরের দিন।
এখন বেলা বারোটা বেজে সাত মিনিট। বেডরুমে প্রবেশ করল ইভান। এতক্ষণ স্টাডি রুমে ছিল সে। বিছানার দিকে তাকিয়ে দেখল রোশনাই চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি-না বোঝা যাচ্ছে না। তার পাশেই ঘুমিয়ে আছে নিভান।
ইভান বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়াল। গুরুগম্ভীর গলায় বলল,
“ঘুমিয়েছো?”
রোশনাই চোখ মেলে ঘাড় কাত করে ইভানের দিকে তাকাল। ইভান বলল,
“ওঠো।”
রোশনাই কপালে গাঢ় ভাঁজ ফেলল ইভানের কথা শুনে। থমথমে গলায় বলল,
“কেন?”
ইভান ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে উকুননাশক লোশনটা নিয়ে এলো। রোশনাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
“উঠে এই লোশন চুলে লাগাও।”
রোশনাই কিছুক্ষণ কপাল-ভ্রু কুঁচকে লোশনের দিকে তাকিয়ে রইল, তারপর আগের ভাব বজায় রেখে বলল,
“কীসের লোশন এটা? আর কোনো লোশন আমি চুলেই বা লাগাবো কেন?”
“কীটনাশক, না সরি—উকুননাশক লোশন এটা। চুলে যে উকুনের ফার্ম দিয়েছো সেটাকে ধ্বংস করার জন্য এই লোশন চুলে লাগাবে। গোড়া থেকে আগা পর্যন্ত, একটা চুলোও যেন বাদ না পড়ে। লাগানোর দশ মিনিট পর ধুয়ে ফেলবে, শ্যাম্পু করবে আগামীকাল। ওঠো এখন।”
রোশনাই উঠল। ইভানের হাত থেকে লোশনটা নিয়ে উলটেপালটে দেখল। তারপর বিছানা ছেড়ে নেমে দাঁড়াল। ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে আবার তাকাল ইভানের দিকে। ইভানও ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে আছে।
প্যাকেটের ভেতর থেকে লোশনের টিউব বের করে সিল খুলে টুল টেনে বসল আয়নার সামনে। খোঁপা করে রাখা চুলগুলো মুক্ত করতে গিয়ে স্মরণ হলো এভাবে চুলে লোশন লাগাতে বেশ অসুবিধা হবে।
বসা থেকে দরজার দিকে পা বাড়াতেই বিছানায় বসে থাকা ইভান বলল,
“ওদিকে আবার কোথায় যাচ্ছো?”
রোশনাই ইভানের দিকে না তাকিয়েই বলল,
“নিচ থেকে ছোটো একটা বাটি নিয়ে আসি, এভাবে দিতে অসুবিধা হবে।”
ইভান আর কিছু বলল না। কয়েক মিনিট পরই ছোটো একটা কাচের বাটি হাতে রুমে ফিরে এলো রোশনাই। টিউব থেকে সবটুকু লোশন বের করে বাটিতে ঢাললো। এই উকুননাশক লোশন লাগালে তার ত্বক বা চুলের কোনো ক্ষতি হবে কি-না একটাবারের জন্যও ইভানকে জিজ্ঞেস করল না।
ছোটবেলা থেকেই তার চুলে উকুন হয়, তবে খুব কম। নিভান হওয়ার পর উকুন মাত্রাতিরিক্ত বেড়ে গেছে চুলের যত্ন না নেওয়ায়, আর ভেজা চুল বেঁধে রাখার কারণে। এই লোশন লাগিয়ে যদি উকুন দূর হয় তবে তো বেশ ভালো, আর উকুনের সঙ্গে সঙ্গে যদি চুলও দূর হয়ে যায় তাতেও কোনো আফসোস নেই তার। এই উকুনের যন্ত্রণায় অতিষ্ঠ সে।
বসা থেকে উঠে এসে রোশনাইয়ের পেছনে দাঁড়াল ইভান। রোশনাই চুলে লোশন লাগাতে লাগাতে আয়নায় ইভানকে দেখল। তারপর ঘাড় ঘুরিয়ে তাকাল। গুরুগম্ভীর চেহারার দিকে তাকিয়ে বলল,
“এখানে এসে দাঁড়িয়ে রইলেন কেন খাম্বার মতো?”
ইভান বিরক্ত চোখে তাকাল রোশনাইয়ের চোখের দিকে। তারপর রোশনাইয়ের হাত দুটো সরিয়ে দিলো তার চুল থেকে। রোশনাইয়ের মেজাজ খারাপ হলেও বলল না কিছু। ইভান নিজের হাতে লোশন নিয়ে রোশনাইয়ের চুলে হাত দিতেই লাফিয়ে উঠে দাঁড়াতে নিল মেয়েটা। ইভান তার চুল খামচে ধরে আবার টুলের ওপর বসাল। রোশনাই নিজের চুলের গোড়ায় দু হাত চেপে ব্যথাতুর ধ্বনি উচ্চারণ করল।
“আহ্!”
“চুপচাপ বসে থাকো, একচুলও নড়বে না এখান থেকে।”
রোশনাই খ্যাপাটে দৃষ্টিতে আয়নায় ইভানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
“চুল ছাড়ুন আমার! এভাবে চুল ধরেছেন কোন সাহসে?”
ইভান শান্ত চোখে রোশনাইয়ের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর শীতল গলায় বলল,
“তোমার চুল ছুঁতে সাহসের প্রয়োজন?”
রোশনাইয়ের মেজাজ গরম হলো আরও। বলল,
“ছোঁয়া আর খামচে ধরা এক বিষয় নয়।”
ইভান হাতের মুঠো ঢিলে করে বলল,
“আমি আসলে খামচে ধরতে চাইনি, এটা আচমকা হয়ে গেছে। এখন চুপচাপ বসে থাকো। লোশন লাগাচ্ছো কীভাবে? অর্ধেক চুলে তো লাগছেই না।”
“চুল ছেড়ে আমার পেছন থেকে সরুন আপনি।”
ইভান এক চুলও সরলো না। রোশনাই আরও কতক্ষণ খ্যাক খ্যাক করে চুপ হয়ে গেল। ইভান চুলের ভাঁজে ভাঁজে ভালোভাবে লোশন লাগাতে লাগাতে বলল,
“এত উকুন হলো কীভাবে? চুলকাতে চুলকাতে তো চামড়াই তুলে ফেলেছো!”
রোশনাই রোবটিক কণ্ঠে বলল,
“চুলের যত্ন নিতে পারি না, সারাক্ষণ ভেজা চুল বেঁধে রাখি সেজন্য।”
“না শুকিয়ে বেঁধে রাখো কেন?”
রোশনাই কিছু বলল না। ইভান ধীরে ধীরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লোশন লাগিয়ে দিলো। পুরোটা সময় আড়চোখে আয়নার দিকে তাকিয়ে ইভানকে দেখে গেল রোশনাই।
“ওঠো, ঠিক দশ মিনিট পর শুধু পানি দিয়ে ধুয়ে ফেলবে। আগামীকাল শ্যাম্পু করবে চুলে।”
রোশনাই উঠে দাঁড়াল। ইভান বাটিতে থাকা বাকি লোশন হাতে নিয়ে নিজের চুলে লাগাতে লাগল। সে কোনো রিস্ক নেবে না। একটা উকুনও যেন না থাকে সেজন্য নিজেও লোশন লাগালো।
দশ মিনিট হতে না হতেই ইভান রোশনাইকে ঠেলে ওয়াশরুমে পাঠাল ইভান। রোশনাই আরও দশ মিনিট পর চুল ধুতে চেয়েছে—যেন একটা উকুনও বাঁচতে না পারে। আর তা শুনেই তাকে জোর করে ঠেলেঠুলে ওয়াশরুমে পাঠাল ইভান।
রোশনাই গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ইভান বিছানায় বসে আছে। পরনে হাফ প্যান্ট, উদোম শরীর। ইভান যে গেস্টরুম থেকে গোসল করে এসেছে সেটা বুঝতে পারল সে।
রোশনাই গম্ভীর মুখে রুম থেকে বেরিয়ে এলো ভেজা কাপড়চোপড় মেলতে। ছাদে নিভানের কাঁথা কাপড় মেলে দিয়েছিল, শুকিয়ে গেছে বোধহয় এতক্ষণে।
রোশনাই শুকনো কাপড়চোপড় নিয়ে রুমে ফিরতেই দেখল ইভান হেয়ার ড্রায়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই ড্রায়ারটা বাড়িয়ে দিয়ে বলল,
“চুল শুকিয়ে নাও।”
রোশনাই চোখ সরিয়ে ডিভানের দিকে এগিয়ে বলল,
“প্রয়োজন নেই।”
ইভান পেছন পেছন এগিয়ে বলল,
“কেন? যেন আবার উকুনের ফার্ম দিতে পারো?”
রোশনাই ছেলের কাপড়চোপড় ভাঁজ করতে করতে বলল,
“হ্যাঁ।”
ইভান রোশনাইয়ের হাত ধরে টেনে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করে বলল,
“এগুলো পরে করবে, আগে চুল শুকাও।”
রোশনাই মহা বিরক্ত ভঙ্গিতে তাকাল ইভানের মুখের দিকে। জোর করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল,
“এত জ্বালান কেন আপনি? আমাকে জ্বালাতন না করে নিজের কাজে যান।”
“নিজের কাজটাই করছি। তোমার মাথার এই পোকা চিরতরে পরিষ্কার না হলে আবার আমার মাথায় চলে আসবে, আর সেটা আমি হতে দেবো না।”
ভালো যন্ত্রণা তো! রোশনাই কপালে বিরক্তির গাঢ় ভাঁজ ফেলে আবার পা বাড়াল ডিভানের দিকে। ইভান আবারও তার হাত টেনে ধরে ড্রায়ারটা হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে জেদ ধরে বলল,
“আগে চুল শুকাও।”
রোশনাই কটমট করে তাকিয়ে বলল,
“হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারি না আমি।”
ইভান শান্ত চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল,
“এটা প্রথমে বললেই পারতে। চলো আমি শিখিয়ে দিচ্ছি।”
“শিখতে চাই না আমি। ফ্যানের বাতাসে শুকিয়ে নেব, এখন যন্ত্রণা না করে যান এখান থেকে, নিভান উঠে গেলে এগুলো আর ভাঁজ করতে পারব না।”
“আমি কোলে নিয়ে থাকব তখন ভাঁজ করবে, এখন চুল শুকাও।”
কি নাছোড়বান্দা ছেলে এটা?
ইভান রোশনাইকে টেনে এনে টুলে বসিয়ে নিজেই চুলগুলো শুকিয়ে দিতে লাগল। রোবটের মতন সোজা হয়ে বসে রইল রোশনাই।
*****
পেরিয়ে গেছে আরও অনেকগুলো দিন।
তিনদিন আগে শো-এর জন্য চট্টগ্রাম গিয়েছিল ইভান, আজ বাড়ি ফিরল সে।
কলিংবেল চেপে দাঁড়িয়ে রইল দরজার সামনে।
তিনটা দিন ছেলেকে ভীষণ মিস করেছে সে। যদিও ভিডিও কলে দেখেছে অনেকবার। সে যখনোই বাবা বলে ডাক দিত তখনই ফোনের অপরপাশে থাকা নিভান লাফিয়ে উঠতো খুশিতে। গলার আওয়াজ মোটা করে ‘অ, আ, উ, বা’ উচ্চারণ করত। ফোনের স্ক্রিন খামচে বাবাকে ধরার চেষ্টা করত।
দরজা খুলে যেতেই মুখ তুলে দেখল সামনে রোশনাই দাঁড়িয়ে আছে, কোলে নিভান।
কয়েক মুহূর্ত রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে ফুলের তোড়া আর মালা এগিয়ে দিলো। রোশনাই হাতে নিতেই ইভান ছেলেকে কোলে তুলে নিল। ফোলা ফোলা গালে ঠেসে ঠেসে চুমু খেয়ে বলল,
“কেমন আছো বাবা?”
নিভান ড্যাবড্যাব করে তাকিয়ে কিছুক্ষণ দেখল বাবাকে তারপর গোলাপী ঠোঁটজোড়া চোখা করে ‘অঅঅ’ আওয়াজ করতে লাগল। ইভান আবারও ঠোঁট দাবিয়ে ছেলের তুলতুলে নরম গালে চুমু খেলো। রোশনাই সরে দাঁড়িয়ে বলল,
“ভেতরে আসুন।”
ইভান দরজার পাশে দাঁড় করিয়ে রাখা গিটারটা দেখিয়ে বলল,
“ওটা নিয়ে এসো।”
বলেই ছেলেকে আদর করতে করতে ভেতরে প্রবেশ করল। রোশনাই গিটার ভেতরে এনে দরজা লাগিয়ে এগোল দুজনের পেছন পেছন। সেদিনের পর বাইরে থেকে ফিরলেই তার জন্য ফুল নিয়ে আসে ইভান। ব্যাপারটা এখন স্বাভাবিক হয়ে গেছে দুজনের কাছে।
ইভান সোফায় বসে পড়ল। নিভানকে বুকে চেপে ধরে বলল,
“বাবাকে মিস করোনি?”
“ও।”
“করেছো?”
“অ।”
রোশনাই পাশে দাঁড়িয়ে তাকিয়ে রইল দুজনের দিকে। বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর বলল,
“নিভানকে আমার কাছে দিয়ে ফ্রেশ হয়ে আসুন।”
“একটু পর।”
“সকালে খেয়েছেন কিছু?”
ইভান ছেলের পেটে মুখ ঘষতে ঘষতে বলল,
“না।”
নিভান খিল খিল করে হাসছে। রোশনাই ব্যস্ত কণ্ঠে বলল,
“একটু আগেই খেয়েছে, বমি করে দেবে কিন্তু।”
ইভান থেমে গেল। ছেলের বমি সে আর চেখে দেখতে চায় না। সেদিন নিভান তার মুখের ওপর বমি করে দিয়েছিল। ছিঃ! কি জঘন্য একটা দৃশ্য!
ইভান বসা থেকে উঠে দাঁড়াতেই কলিংবেল বেজে উঠল আবার। দুজন একসঙ্গে তাকাল দরজার দিকে। করিম মিয়া ডাইনিংরুম থেকে বেরিয়ে এলেন খাওয়া শেষ করে। রোশনাই দরজার দিকে পা বাড়াতেই তিনি থামিয়ে দিয়ে নিজে এগোলেন দরজা খোলার জন্য।
রোশনাই নিভানকে নেওয়ার জন্য এগিয়ে এলো ইভানের কাছে। নিভানকে নেওয়ার চেষ্টা করতেই নিভান ইভানের শার্ট খামচে ধরে বুকের সঙ্গে মিশে রইল। রোশনাই আর ইভান দুজনেই বিস্মিত হলো নিভানের এমন কাজে। রোশনাই ছেলের পিঠে হাত বুলিয়ে বলল,
“আম্মুর কাছে আসো, বাজান। তোমার বাবা ফ্রেশ হয়ে খাবার খাবেন।”
নিভান মুখ তুলল না বাবার বুক থেকে।
অতি পরিচিত মেয়েলি গলার আওয়াজ শুনে তড়িৎ গতিতে দরজার দিকে তাকাল ইভান। টিউলিপ তাদের দিকে এগিয়ে আসছে।
এতগুলো দিন পর টিউলিপকে দেখে ইভানের সমস্ত শরীর কেঁপে উঠল একবার। পুরো পৃথিবীই যেন থমকে গেল মুহূর্তেই।
প্রথমে টিউলিপের ঠোঁটে হাসি দেখা গেলেও এখন দেখা যাচ্ছে না। চেহারায় কেমন আঁধার নেমে এসেছে।
রোশনাই টিউলিপকে চিনতে না পেরে ইভানের মুখের দিকে তাকাল। ইভানের ফ্যাকাশে চেহারা দেখে কিছুটা যেন আন্দাজ করতে পারল সে।
“কেমন আছো, ইভান?”
ইভান চোখ বুজে ফোস করে শ্বাস ছাড়ল। তারপর অত্যন্ত শীতল গলায় বলল,
“আলহামদুলিল্লাহ খুব ভালো আর সুখেই আছি।”
রোশনাইয়ের দিকে তাকিয়ে বলল,
“সুইটহার্ট, মিট মাই এক্স ওয়াইফ মিস কালনাগিনী খান।”
ইভানের মুখে সুইটহার্ট সম্বোধন শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রোশনাই। কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ইভানের মুখের দিকে। ইভান ডান হাত রোশনাইয়ের পেছন দিয়ে নিয়ে জড়িয়ে ধরার মতো করে ধরল। ঠোঁটে হাসি ফুটিয়ে বলল,
“মিস কালনাগিনী, মিট মাই লাভলি ওয়াইফ এন্ড মাই লাইফ মিসেস রোশনি চৌধুরী।”
রোশনাই এখনো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ইভানের মুখের দিকে।
ইভান ছেলের গালে চুমু খেয়ে বলল,
“আমাদের ছেলে, নিভান চৌধুরী। হ্যাপি ফ্যামিলি লাগছে না আমাদের?”
টিউলিপের চেহারা র’ক্তশূন্য হয়ে গেছে। কেমন করে তাকিয়ে আছে তিনজনের দিকে। তার ঠোঁট গলে বেরিয়ে এলো,
“তুমি বিয়ে করে নিয়েছো?”
ইভান ঠোঁটে হাসি ধরে রেখে বলল,
“কী ভেবেছিলে তোমার বিরহে সারা জীবন দেবদাস হয়ে কা’টিয়ে দেবো? বাই দ্যা ওয়ে, তোমার জানের জান পরানের পরান জায়িনের সঙ্গে কেমন দিন কা’টছে?”
টিউলিপ নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও তেমন একটা পারল না। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ইভানের বউ-বাচ্চা দেখে শকড হয়েছে। জোর করে ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টা করে বলল,
“ভালো।”
“ভালো থাকলেই ভালো।”
করিম মিয়ার দিকে তাকিয়ে বলল,
“আঙ্কেল, মিস কালনাগিনীকে সাদা ধবধবে এক গ্লাস খাটি দুধ খেতে দিয়েন। সুইটহার্ট, রুমে চলো।”
ইভান রোশনাইকে এক হাতে জড়িয়ে ধরে নিয়েই সিঁড়ির দিকে পা বাড়াল। হাঁটতে হাঁটতে গলা ছেড়ে গান গেয়ে উঠল।
“লাঙ্গের আশা কইরা তোমার
ভাতারের ভাত চাঁঙ্গে ..
লাঙ্গের আশা কইরা তোমার
ভাতারের ভাত চাঁঙ্গে,
তোমার লাঙ্গে
ও..তোমার লাঙ্গে গো….
আধা পথে নিয়া কোমর ভাঙ্গে
তোমার লাঙ্গে গো…
আধা পথে নিয়া কোমর ভাঙ্গে”
ইভানের গান শুনে হতভম্ব রোশনাই। করিম মিয়া হাঁ হাঁ করে হাসছেন। টিউলিপের চেহারা আগের চেয়েও বেশি রক্তশূন্য।
ইভান গলা ছেড়ে গানটা গাইছে এখনো।
চলবে…………