ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 18

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (১৮)
#সানা_শেখ

অপমানে জর্জরিত হয়ে আর এক মুহূর্তও দাঁড়াল না টিউলিপ। ঘুরে দাঁড়িয়ে ধুপধাপ পা ফেলে মেইন দরজার দিকে এগোল।
পেছন থেকে করিম মিয়া বললেন,

“এই যে মিস কালনাগিনী, ধবধবে সাদা দুধ খাবেন না? একদম গরুর খাটি দুধ, ফার্ম থেকে সকালেই দিয়ে গেছে।”

টিউলিপ একবার পিছু ফিরে রাগী দৃষ্টিতে তাকাল করিম মিয়ার দিকে। বাড়ির সামান্য কাজের লোক হয়ে কীভাবে কথা বলছে তার সঙ্গে! বিড়বিড় করল,

“অসভ্য ছোটলোক!”

করিম মিয়া দরজা লাগানোর জন্য টিউলিপের পিছু পিছু হাঁটতে হাঁটতে ইভানের গাওয়া গানটাই গলা ছেড়ে গাইতে লাগল। টিউলিপ ফনা তোলা সাপের মতন ফোস ফোস করতে করতে আবার পিছু ফিরল।

রুমের সামনে আসতেই ইভানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল রোশনাই। ইভানের এত কাছে এসে তার বুকের ভেতর কম্পন সৃষ্টি হয়েছে, হৃৎপিণ্ড জোরে জোরে শব্দ তুলছে, বুক হাপরের মতো ওঠানামা করছে।

ভেতরে প্রবেশ করে বিছানার ওপর বসে পড়ল ইভান। টিউলিপকে প্রথমে দেখে চেহারা ফ্যাকাশে হয়ে গেলেও এখন জ্বলজ্বল করছে। মনে হচ্ছে বেশ খুশি সে।

রোশনাই কিছুক্ষণ সরু চোখে ইভানের দিকে তাকিয়ে থেকে থমথমে গলায় বলল,

“বেশ ভালোই তো অভিনয় জানেন দেখছি।”

ইভান ছেলের দিক থেকে চোখ সরিয়ে স্ত্রীর দিকে তাকাল। সিনা টানটান করে গর্বের সহিত বলল,

“তোমার হাজব্যান্ডের সব ট্যালেন্টই আছে।”

“অনিভয় জগতে প্রবেশ করলেই তো পারেন।”

“চেয়েছিলাম, কিন্তু তোমার শ্বশুর মানে আমার ড্যাড রাজি না।”

“কেন? আব্বু তো কখনো কোনো কিছু করতে বাঁধা দেন না আপনাকে।”

“অভিনয় জগতে প্রবেশ করতে চাওয়ায় দিলো। বলল আমি যদি অভিনয় শুরু করি তাহলে নাকি বাংলাদেশের নায়করা ভাত না পেয়ে শুকিয়ে কাকতাড়ুয়া হয়ে যাবে।”

রোশনাই কিছুটা সময় চুপ থেকে গুরুগম্ভীর গলায় বলল,

“টিউলিপ কেন এসেছে?”

ইভান চিত হয়ে শুয়ে পড়ল। নিভানকে বুকের ওপর বসিয়ে বলল,

“জানি না তো। গিয়ে জিজ্ঞেস করে এসো।”

“আপনি ওকে মিস বললেন কেন?”

ইভান রোশনাইয়ের দিকে না তাকিয়েই বলল,

“কারণ সি ইজ ডিভোর্সড।”

রোশনাই বেশ অবাক হলো ইভানের কথা শুনে। টিউলিপের ডিভোর্স হয়ে গেছে! এ বাড়িতে এসেছে কোন মতলবে? আর ইভান জানল কীভাবে টিউলিপের যে ডিভোর্স হয়ে গেছে?

“আপনি জানলেন কীভাবে?”

ইভান ভাবলেশহীন গলায় বলল,

“বাতাসে ভাসতে ভাসতে কানে চলে এসেছে।”

রোশনাই তাকিয়ে রইল ইভানের দিকে। তারপর কাছে এগিয়ে এলো। বলল,

“উনাকে আর একদিনও যেন এই বাড়িতে না দেখি আমি।”

ইভান তাকাল রোশনাইয়ের রাগী রাগী চেহারার দিকে। বলল,

“গিয়ে নিষেধ করে এসো।”

রোশনাই হাতের ফুল আর মালা বিছানার ওপর রাখল। ছেলেকে নিজের কোলে নিয়ে বলল,

“গোসল করে আসুন।”

ইভান শোয়া থেকে উঠে বসল। শার্টের বোতাম খুলতে খুলতে তাকিয়ে রইল স্ত্রীর রাগী চেহারার দিকে। চোখ দুটো থেকে যেন আগুন উপচে পড়ছে। টিউলিপের আকস্মিক আগমনে বেজায় চটে গেছে বোঝাই যাচ্ছে।

ইভান ওয়াশরুমে প্রবেশ করতেই রোশনাই বিছানায় বসে পড়ল। হুট করে টিউলিপ কেন এলো? সে কি ইভানের লাইফে ব্যাক করতে চাইছে? নাহলে ইভান বিয়ে করেছে শোনার পর চেহারা অমন হয়ে গেল কেন?
ইভান কি টিউলিপকে এখনো ভালোবাসে? টিউলিপের ডিভোর্স হয়েছে কি হয়নি সে খবর ইভান কেন রাখল?

শুরু হলো রোশনাইয়ের বুকে আরেক অশান্তি। তার শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠতে লাগল শামস আর পিয়ার ঘনিষ্ঠ মুহূর্তগুলো। তাকে পোড়ানোর জন্যই শামস আর পিয়া ইচ্ছে করে তার সামনে অমন ঘনিষ্ঠ আচরণ করত। রোশনাই পুড়ত, তার ভীষণ কষ্ট হতো ওসব দেখে।

রোশনাইয়ের চোখ ফেটে জল পড়তে লাগল। হাঁ করে শ্বাস প্রশ্বাস কাজ চালাতে হচ্ছে তাকে। বুকে চাপ ধরে আসছে।

ইভান ওয়াশরুম থেকে বেরিয়ে রোশনাই আর নিভানকে রুমে পেল না। চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াল। মুখের ওপর থেকে তোয়ালে সরিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখল সে এখনো ব্লাশ করছে। ইভান কিছুক্ষণ নিজেকে দেখল আয়নায়, তারপর আবার চুল মুছতে মুছতে গান গাইতে শুরু করল।

“বাতাসে গুন গুন,
এসেছে ফাগুন
বুঝিনি তোমার,
শুধু ছোঁয়ায় এত যে আগুন।”

চুল মোছা শেষ করে টি-শার্ট গায়ে জড়ালো। তারপর চুলগুলো আঁচড়ে তোয়ালে হাতে নিল বারান্দায় মেলে দেওয়ার জন্য। ভেজা তোয়ালেটা এখানে এভাবে রেখে দিলে একটু পরই রোশনাই এসে খ্যাক করে উঠবে। জাঁদরেল মেয়েটার যন্ত্রণায় নিজের রুমেও নিজের মতো করে থাকতে পারে না বেচারা।

বারান্দায় এসে দেখল রোশনাই বারান্দায় বসে আছে নিভানকে নিয়ে। ইভানের কপালে ভাঁজ পড়ল। এখানে এসে বসে আছে কেন এভাবে?
তোয়ালে মেলে দিয়ে রোশনাইয়ের সামনে এসে দাঁড়াল। নিভান খোলা আকাশের দিকে তাকিয়ে আঙুল চুষছিল এতক্ষণ, ইভানকে দেখে তার দিকে তাকাল। মুখের ভেতর থেকে আঙুল বের করে হাত বাড়িয়ে ছটফট করতে লাগল বাবার কোলে যাওয়ার জন্য।

ইভান কোলে নিল ছেলেকে। রোশনাইয়ের বিষাদে ছেয়ে থাকা মুখের দিকে তাকিয়ে বলল,

“রোশনি, কি হয়েছে? মন খারাপ কেন?”

রোশনাই তাকাল না ইভানের দিকে, কিছু বললও না। মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে সেভাবেই বসে রইল।
ইভান কিছুটা আঁচ করতে পারল রোশনাইয়ের এমন মন খারাপের কারণ। ফোস করে শ্বাস ছেড়ে বলল,

“টিউলিপের জন্য মন খারাপ? ফালতু একটা মেয়ে! ওই ফালতু মেয়ের জন্য কেন মন খারাপ করছো তুমি?”

রোশনাই এবারেও কিছু বলল না। ইভান রোশনাইয়ের হাত ধরে টেনে তুলল চেয়ার থেকে। টেনে নিয়ে রুমের দিকে পা বাড়িয়ে বলল,

“ও গেট পেরিয়ে এই বাড়ি পর্যন্তই শুধু আসতে পেরেছে, আমার মন পর্যন্ত আর কোনোদিনও আসতে পারবে না। তোমাকে ভেতরে ঢুকিয়ে ওই দরজা চিরতরে সিল করে দিয়েছি।”

ইভানের কথা রোশনাইয়ের কানে গেল কি-না বোঝা গেল না। সে রোবটের মতন এগোতে লাগল ইভানের সঙ্গে। তার চেহারা দেখে মনে হচ্ছে কোনো এক ভাবনার সাগরে ডুবে আছে সে।

নিচে নেমে এসে কারোরই দেখা পেল না দুজন। ইভান করিম মিয়াকে ডাকতেই তিনি ছুটে এলেন নিজের রুম থেকে। তাকে দেখে ইভান বলল,

“কালনাগিনীটা চলে গেছে?”

“হ্যাঁ। তোমরা ওপরে যাওয়ার পরই চলে গেছে।”

“আবার এলে ঝাড়ু দিয়ে মে’রে বাড়ি থেকে বিদায় করবেন।”

হাসি মুখে মাথা নাড়লেন করিম মিয়া।
ইভান নিভানকে রোশনাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল,

“ওকে নাও, আমি খেয়ে আসি।”

করিম মিয়া বললেন,

“আমার কাছে দাও, আমি এখন বসেই আছি।”

ইভান দিয়ে দিলো করিম মিয়ার কাছে। করিম মিয়া নিভানকে নিয়ে এগোলেন নিজের রুমের দিকে।
ইভান ডাইনিংরুমের দিকে পা বাড়িয়েও থেমে গেল। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলল,

“আমি জানি তুমি কীসের মধ্যে দিয়ে এসেছো, তোমার ভয় পাওয়াটাও স্বাভাবিক। কিন্তু এমন কিছু কোনোদিন হবে না এতে নিশ্চিন্ত থাকো তুমি। ও ফিরে এলেই যে আমি গ্রহণ করে নেব এমনটা কখনো হবে না। যেদিন ওর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে সেদিনই ওকে আমার হৃদয় থেকে বের করে দিয়েছি। তাই ভয় পাওয়ার কিছু নেই, স্বাভাবিক হও, আর নিশ্চিন্ত থাকো।”

রোশনাই চোখ তুলে ইভানের মুখের দিকে তাকাল। ইতি মধ্যেই মেয়েটার চোখ দুটো লাল হয়ে গেছে।

“নাস্তা করব চলো।”

রোশনাই গম্ভীর গলায় বলল,

“আমি করেছি।”

“আমাকে বেড়ে দেবে চলো। বিয়ের রাতে বড়ো গলা করে বললে তুমি আমার বউ, অথচ এখন পর্যন্ত বউ হওয়ার কোনো দায়িত্বই পালন করলে না।”

রোশনাইয়ের নিজে থেকে যাওয়ার অপেক্ষা করল না ইভান। নিজেই মেয়েটার হাত ধরে টেনে নিয়ে এগোল ডাইনিংরুমের দিকে।

চেয়ার টেনে বসল ইভান। জুসের গ্লাসের ঢাকনা খুলে ঢকঢক করে খেয়ে ফেলল এক গ্লাস জুস। রোশনাই ইভানের মুখের দিকে তাকিয়ে রইল। এটা কীসের জুস খায় ইভান? এমন সবুজ রঙ কেন?

ইভানের নাস্তা সাজিয়ে দিয়ে চেয়ার টেনে বসল রোশনাই।

ইভান একটা ডিম খেয়ে আরেকটা রোশনাইয়ের দিকে এগিয়ে দিয়ে বলল,

“খাও।”

রোশনাই মাথা নাড়ল, খাবে না সে।
ইভান এক কামড়ে অর্ধেক খেয়ে আবার এগিয়ে দিলো। রোশনাই আবারও মাথা নাড়ল। বলল,

“খেয়েছি আমি।”

“আর খাওয়া যাবে না?”

“যাবে।”

“তাহলে খাও।”

“আপনি খান।”

“আরে নাও। তুমি আমাকে হাজব্যান্ড হিসেবে যতটা খারাপ ভাবো আমি অতটাও খারাপ না। নাও হাঁ করো।”

রোশনাই তবুও খেতে চাইল না। ইভান জোর করে তার মুখে ঢুকিয়ে দিলো পুরো অর্ধেক ডিম।

.

এখন বিকাল চারটা।
ইভান চুল আঁচড়াতে আঁচড়াতে বলল,

“রোশনি, তোমার বডির সাইজ কত?”

রোশনাই বিছানায় বসে বই পড়ছিল। ইভানের কথা শুনে তড়িৎ গতিতে তার দিকে তাকাল। মেয়েটার চোয়াল শক্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই। উত্তর না পেয়ে বিছানার দিকে তাকাল ইভান। দেখল রোশনাই খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এভাবে তাকিয়ে থাকার কারণ বুঝল না সে। বলল,

“এভাবে তাকিয়ে আছো কেন? তোমার বডি সাইজ কত?”

রোশনাইকে আরও রেগে যেতে দেখে ইভান একটু ভ্যাবাচ্যাকা খেলো। রেগে যাচ্ছে কেন?

“কি হয়েছে?”

“কি বললেন আপনি?”

“তোমার ব…ডি—

থেমে গেল ইভান। নিজের প্রশ্নে বেচারা নিজেই অস্বস্তি বোধ করতে লাগল। খ্যাপাটে চোখ দুটোর দিকে তাকিয়ে মিনমিন করে বলল,

“না মানে, আমি শপিং করতে যাব, তোমার জন্যও করব। তোমার জামার মাপটা বলো।”

রোশনাই বইয়ের ভাঁজে মুখ গুঁজে থমথমে গলায় বলল,

“প্রয়োজন নেই। গত মাসেই আব্বু আমার আর নিভানের প্রয়োজনীয় সবকিছু এনে দিয়েছেন।”

“প্রয়োজন আছে কি নেই সেটা তো জিজ্ঞেস করিনি। জামার সাইজ বলো।”

রোশনাই বলল না কিছু, মুখও তুলল না। ইভান আরও কয়েকবার জিজ্ঞেস করল তবুও বলল না।

গাড়ির চাবি, ফোন আর ওয়ালেট হাতে নিয়ে দরজার দিকে এগোল ইভান। পিছু ফিরে একবার রোশনাইয়ের দিকে তাকিয়ে আবার সামনে তাকাল। গলা ছেড়ে গেয়ে উঠল গান।

“তোমারে নু ভালা লাগছে আমার দুই নয়নে,
থাখবায় তুমি আমার ওইয়া জীবনে মরণে।”

রোশনাই মুখ তুলে দরজার দিকে তাকাল। ইভানকে দেখা যাচ্ছে না তবে তার গলার আওয়াজ শোনা যাচ্ছে এখনো।
দরজার দিক থেকে চোখ সরিয়ে পাশে ঘুমিয়ে থাকা ছেলের দিকে একবার তাকাল, তারপর আবার বইয়ের ভাঁজে মুখ গুঁজলো। বইগুলো ইভান এনে দিয়েছে। সে নিজেই লিস্ট করে দিয়েছিল প্রতিটা বইয়ের।

.

রাত প্রায় এগারোটা।
রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়ল ইভান। রোশনাই আর নিভান ঘুমিয়েছে অনেকক্ষণ আগেই।

চোখ দুটো বন্ধ করতেই বালিশের পাশে রাখা ফোনটা কেঁপে উঠল। হাতে নিয়ে দেখল হোয়াটসঅ্যাপ গ্রুপে আশিক মেসেজ করেছে। তাকিয়ে থাকার মাঝেই মেহেদী রিপ্লাই দিলো তার মেসেজের।
আশিক আবার লিখল,

“আরেক শালার তো বউ আছে এখন, গ্রুপে এসে করবে কী?”

তার মেসেজের আবার রিপ্লাই দিলো মেহেদী।

“ড্যাড আমার বিয়েটা করিয়ে ফেললে আমিও আসব না ইভানের মতন।”

ইভান ফোন আনলক করে গ্রুপে ঢুকল। লিখল,

“কখন গ্রুপে আসি না আমি?”

আশিক লিখল,

“এসেছিস, মামা?”

সঙ্গে অবাক হওয়ার একটা ইমোজিও দিলো।
ইভান লিখল,

“নাটক করবি না।”

মেহেদী লিখল,

“এত চটে আছিস কেন, মামা? বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে?”

আশিক লিখল,

“ঝগড়া হওয়ার তো কথা না। মেয়েরা নাকি নতুন জামা কাপড় পেলে খুশি হয়, সেই হিসেবে ওর বউয়ের এখন খুশি থাকার কথা, আর খুশিতে ওর দুই গালে ঠাস ঠাস করে চারটা চুমু খাওয়ারও কথা।”

মেহেদী হাঁ হাঁ রিঅ্যাক্ট দিয়ে ইমোজিও দিলো। ইভান দিলো রাগের ইমোজি। লিখল,

“ফাজলামো করবি না, মোবাইলের ভেতর ঢুকে লাথি মা’রব।”

দুজনেই লিখল,

“মা’র।”

মেহেদী আবার লিখল,

“নিভান কী করে?”

“ঘুমায়।”

আশিক লিখল,

“নিভানের মা?”

“সেও ঘুমায়।”

“সে জন্যই তো গ্রুপে আসলে, মামা।”

“মানে?”

“বউ জেগে থাকলে কী আর আসতে এখন?”

“পাছায় লাথি মে’রে সোজা মঙ্গলগ্রহে পাঠিয়ে দেবো।”

“দে, মামা। এই পৃথিবীতে তো বউ-প্রেমিকা কিছুই জুটছে না, মঙ্গলগ্রহে গিয়ে যদি একটা ফিমেল এলিয়েন পেয়ে যাই তবে তাকে বিয়ে করে সেখানেই সেটেলড হয়ে যাব।”

আশিকের মেসেজের রিপ্লাই দিলো মেহেদী।

“আমাকেও নিস, মামা। ড্যাড আমাকে এই জনমে বিয়ে করাবে না, করতেও দেবে না।”

ইভান মেসেজ লিখতে শুরু করতেই পাশ থেকে রোশনাইয়ের গোঙানির আওয়াজ ভেসে এলো। কান খাড়া করে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তাকাল পাশে ঘুমিয়ে থাকা রোশনাইয়ের দিকে।
ধীরে ধীরে রোশনাইয়ের গোঙানির আওয়াজ বাড়ছে, নড়াচড়া করতেও শুরু করেছে।
ইভান হাত থেকে ফোন রেখে রোশনাইয়ের দিকে এগিয়ে এলো। কাঁধে হাত রেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকল।

“রোশনি, রোশনি, কি হয়েছে?”

চিৎকার করে উঠল রোশনাই। তার আকস্মিক চিৎকারে হকচকিয়ে কিছুটা পিছিয়ে এলো ইভান। আতঙ্কিত হয়ে এদিক ওদিক তাকাল রোশনাই। ইভান আবার দ্রুত এগিয়ে এলো তার কাছে। বাহু ধরে বলল,

“রোশনি কি হয়েছে?”

রোশনাই ইভানের মুখের দিকে তাকাল ভয়ার্ত চোখে, তারপর কোনো কথা না বলেই ধাম করে জড়িয়ে ধরল তাকে। হঠাৎ জড়িয়ে ধরায় পুরো জমে গেল ইভান। তার বুকে মুখ গুঁজে ফুঁপিয়ে উঠল রোশনাই। নিজের সব শক্তি দিয়ে যেন জড়িয়ে ধরেছে তাকে।
ইভান নিজেকে সামলে নিভানের দিকে তাকাল। রোশনাই এত জোরে চিৎকার করার পরও ঘুম ভাঙেনি তার।

রোশনাইয়ের চুলের ভাঁজে হাত গলিয়ে বলল,

“আবারও দুঃস্বপ্ন দেখেছো?”

রোশনাই কাঁদতে কাঁদতে বলল,

“আমি ম’রে যাব, আমি ম’রে যাব।”

“কি হয়েছে?”

“আমি ম’রে যাব।”

“কেন?”

রোশনাই হাতের বাঁধন আরও শক্ত করে বলল,

“ম’রে গেছি আমি।”

“কি সব উলটাপালটা কথা বলছো?”

“আমি সত্যি সত্যিই ম’রে গেছি।”

“কোথায় ম’রেছো? আমার বুকেই তো মুখ গুঁজে রয়েছো।”

“আমি ম’রে গেছি। আমি সেদিনই ম’রে গিয়েছিলাম যেদিন আমাকে বলা হয়েছিল আমি ডিভোর্স চাই। তখনই ম’রে গিয়েছিলাম যখন বলা হয়েছিল তোমার চেয়ে ওকে বেশি ভালোবাসি। ম’রে তো তখনই গিয়েছিলাম যখন বলা হয়েছিল তুমি কোনো ঝামেলা না করে আমাকে ছেড়ে দাও। আমি তো সেদিনই ম’রে গিয়েছিলাম যেদিন আমাকে ডিভোর্স দিয়ে আমার সামনেই সে ওই মেয়েকে বিয়ে করল। আমি তো সেদিনই ম’রে গিয়েছিলাম যেদিন আমাকে বলা হয়েছিল যেহেতু তোমার কেউ নেই, তাই তোমার বেঁচে থাকারও কোনো প্রয়োজন নেই। আমার ছেলেকে জন্ম দিয়ে তুমি ম’রে যাও। ম’রে তো আমি সেদিনই গিয়েছিলাম সেদিন নয় মাসের প্রেগন্যান্ট আমিকে রাতের অন্ধকারে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি রোজই ম’রি, শুধু সেই মৃ’ত্যুটাকে কেউ দেখতে পায় না।”

ইভান কিছু বলতে পারল না। কাঁদতে কাঁদতে বিলাপ করতে লাগল রোশনাই। ইভান তাকে জড়িয়ে ধরল। রোশনাইকে আজকের আগে এমন পাগলামি করতে দেখেনি সে। কী এমন স্বপ্ন দেখল?

“জড়িয়ে ধরুন না।”

“ধরেছি তো।”

“কীভাবে ধরেছেন? আমি বুঝতে পারছি না কেন? জোর নেই শরীরে? শক্ত করে ধরুন। আপনার বুকে শান্তি নেই কেন?”

“জানি না।”

ইভান শক্ত করে চার হাতপা দিয়ে সাপের মতন পেঁচিয়ে ধরল। মাথার সঙ্গে গাল ঠেকিয়ে বলল,

“ঠিক আছে?”

রোশনাই আগের মতোই ফোঁপাতে ফোঁপাতে বলল,

“হুম, এখন শান্তি লাগছে।”

চলবে……….

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 18 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন