#অনুভূতির_মায়াজাল (২০)
#সানা_শেখ
রোশনাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ইভান ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে। দুজনের সামনে একটা বই। বইয়ে পশু-পাখির রঙিন ছবি।
ইভান রোশনাইয়ের দিকে তাকাল আবার। তারপর কোলে বসিয়ে রাখা ছেলের মুখের দিকে তাকাল ঘাড় কাত করে, অতঃপর সুর ধরে গান গেয়ে উঠল।
“তোর মাকে চাই আমি আরো কাছে,
তোর মাকে বলার অনেক কথা আছে।
আমি বলতে পারি না মুখে তওবা তওবা,
দিলে জখম হলো উহু আহা,
একি সরম এলো উহু আহা।”
ইভানের গান শুনে দুজনের দিকে তাকাল রোশনাই। কপালে গাঢ় ভাঁজ ফেলে গম্ভীর গলায় বলল,
“প্রথম লাইনটা আবার গান তো।”
ইভান মুখ তুলে তাকাল। না বোঝার মতো করে বলল,
“কী বললে?”
“মাত্র যেই গানটা গাইলেন সেটা আবার গান।”
“কেন?”
“আমি শুনবো সেজন্য।”
“গান শুনতে চাইলে টাকা দিতে হবে।”
স্বাভাবিক কণ্ঠে কথাগুলো বলে ছেলের সঙ্গে কথা বলতে শুরু করল ইভান। রোশনাই কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ড্রয়ার থেকে ইভানের ওয়ালেট বের করে সেখান থেকে এক হাজার টাকার একটি নোট হাতে নিয়ে বিছানার দিকে এগিয়ে এলো। নোটটা এগিয়ে দিয়ে বলল,
“নিন।”
ইভান মুখ তুলে তাকাল। তার অবাধ্য সিল্কি চুলগুলো বারবার তার চোখ দুটো ঢেকে দিচ্ছে। বিরক্ত না হয়ে আবারও হাত দিয়ে চোখের সামনের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল,
“কেন?”
রোশনাই আগের মতোই গম্ভীর গলায় বলল,
“আপনি না বললেন গান শুনতে চাইলে টাকা দিতে হবে।”
ইভান চোখ দুটো ছোটো ছোটো করে বলল,
“এটা তো আমার টাকাই।”
“কে বলল?”
“তুমি আমার ওয়ালেট থেকেই তো বের করে নিয়ে এলে।”
“আমি কার বউ?”
“আমার।”
“ইভান চৌধুরী কার স্বামী?”
“তোমার?”
“ইভান চৌধুরীর সবকিছুর ওপর অধিকার কার?”
ইভান কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল,
“তোমার।”
“যেহেতু ইভান চৌধুরী আমার স্বামী, এবং তার সবকিছুর ওপর অধিকারও আমার, সেই হিসেবে এই টাকাও আমার। টাকা নিন, আর গানটা শোনান।”
ইভান ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ। রোশনাই তাড়া দিয়ে বলল,
“কী হলো?”
ইভান রোহানাইয়ের চোখের দিকে তাকিয়ে থেকে বলল,
“ভুলে গেছি।”
“কী?”
“গান।”
“মস্করা করেন?”
“সত্যিই ভুলে গেছি।”
“এইটুকু সময়ের মধ্যে কীভাবে ভুলে গেলেন? এমনিতে তো সারাদিন গলা ছেড়ে ভেড়ার মতো ভ্যা ভ্যা করতেই থাকেন। এখন আমি গাইতে বলেছি বলে অমনি ভুলে গেলেন!”
“কিহ! এত বড়ো অপমান? আমি সারাদিন ভেড়ার মতো ভ্যা ভ্যা করি?”
“জি, আর আমার কানের পোকাগুলোও মা’রেন।”
রোশনাই সরে গেল ইভানের সামনে থেকে। ইভান তখন তোর মাকে বলল নাকি তোমাকে বলল? সে ভুল শুনল? ইভান সামান্য একটা লাইন গাওয়া নিয়ে এত কাহিনী করল কেন?
টাকার নোটটা আগের জায়গায় রাখতে রাখতে ইভানের দিকে সন্দিহান চোখে তাকাল রোশনাই। ইভান সাপের মতো ফোস ফোস করছে তার দিকে তাকিয়ে।
ইভানের কোলে বসে থাকা নিভান গাইগুই করে উঠল। ইভান চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। এই অপমানের হিসাব সে পরে নেবে, আজ তোলা রইল হিসাবটা।
বইয়ের পাতায় আঙুল রেখে বলল,
“এটা জাঁদরেল মহিলা।”
রোশনাই ফট করে তাকাল বিছানার দিকে। ইভান মুখ ফসকে কি বলে ফেলেছে বুঝতে পেরে জিভ কা’মড় দিলো। আড়চোখে রোশনাইয়ের দিকে তাকিয়ে দেখল সে শান্ত চোখে দুজনের দিকে তাকিয়ে আছে।
ইভান ছেলের মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নেড়ে বলল,
“না না, এটা জলহস্তী।”
নিভান যেন বুঝতে পারল বাবার কথা, তাই তো সে তিন আলিফ সমান টান দিয়ে বলল,
“ওওও।”
“হ্যাঁ। এটা গণ্ডার, এটার চামড়া অনেক মোটা। আর এই সাদা-কালো গলা লম্বাটা হলো জিরাফ।”
*****
আজ ইভানের কনসার্ট হচ্ছে ঢাকার উত্তরায়। ইতিমধ্যেই নিজের পাঁচটি গান গাওয়া শেষ তার। স্টেজের সামনে দাঁড়িয়ে থাকা হাজারও দর্শকের দৃষ্টি তার দিকে। শীতের মধ্যেও ঘেমে নেয়ে একাকার অবস্থা ইভানের। গায়ের জ্যাকেট খুলে ফেলেছে অনেকক্ষণ আগেই। গায়ের কালো শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে লেগে আছে।
ইভান দীর্ঘশ্বাস ছাড়ল। ডান হাতে মাইক্রোফোনটা আঁকড়ে ধরে বলল,
“এভরিওয়ান, আজ আপনাদের কিছু জানানোর আছে।”
এক মুহূর্তে গুঞ্জন থেমে গেল। ইভান লম্বা করে শ্বাস টেনে বলল,
“আজ, এই মুহূর্তে আমি গানের জগৎ থেকে বিদায় নিচ্ছি চিরতরে। আজকের পর আপনারা আমাকে আর কখনো স্টেজে দাঁড়িয়ে গিটার হাতে গান গাইতে দেখতে পাবেন না। এটাই আমার লাইফের শেষ কনসার্ট।”
মুহূর্তেই হৈচৈ পড়ে গেল। স্তব্ধ হয়ে ইভানের দিকে তাকিয়ে আছে আশিক আর মেহেদী। এসবের মানে কী?
ইভান সামনের দিকে তাকিয়ে আছে। বিশৃংখলা সৃষ্টি হয়ে গেছে দর্শকদের মধ্যে। সবাই মানা করছে এভাবে বিদায় নিতে। অনেকেই ঠেলাঠেলি করে সামনে আসার চেষ্টা করছে।
“প্লীজ শান্ত হোন আপনারা।”
কেউ শান্ত হলো না। প্রিয় শিল্পীর এমন বিদায়ে রাজি নয় তারা।
“দয়া করে শান্ত হোন আপনারা।”
সবাই শান্ত হলো কিছুটা। ইভান বলল,
“আমি জানি আপনারা আমাকে এবং আমার গানকে অনেক বেশি ভালোবাসেন, আর সেই কারণেই অল্প সময়ের মধ্যে আমি এই স্থানে আসতে পেরেছি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।”
একটু থামল ইভান। আবার লম্বা শ্বাস টেনে নিয়ে বলল,
“সবকিছুরই একটা শেষ থাকে, তাই না? এই স্টেজ, আমার টিম, এবং বিশেষ করে আপনাদের অনেক বেশি মিস করব আমি। যদিও এই সিদ্ধান্ত হুট করে নেওয়া, কিন্তু অনেক ভেবেছি আমি। ভালো থাকবেন আপনারা, কোনোভাবে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে ছোটো বড়ো ভাই হিসেবে মাফ করে দেবেন। বিদায়।”
ইভানের আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু তার গলা জড়িয়ে আসছে, তাই না বলেই স্টেজ থেকে নামার জন্য পা বাড়াল।
দর্শকদের চিৎকার চেঁচামেচিতে অর্ধেক পথ গিয়েই থেমে গেল ইভান।
অনেকেই স্টেজে উঠে পরেছে কোনো বাঁধা না মেনে।
গার্ডরা দ্রুত এগিয়ে এলো ইভানকে সেফলি স্টেজ থেকে নামিয়ে নেওয়ার জন্য। কিন্তু ইভান গেল না। কয়েকজন গার্ড জোর করে স্টেজে উঠে আসা ছেলেদের নিচে নামিয়ে নিল।
ইভানের চোখে পানি চলে এসেছে। গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও তার তেমন একটা খারাপ লাগা কাজ করেনি। কিন্তু তার বিদায়ের কথা শোনার পর চোখের সামনে দর্শকদের এমন অস্থিরতা দেখে ভীষণ খারাপ লাগছে। সে কল্পনাও করেনি দর্শকরা এতটা অস্থির হয়ে উঠবে।
দর্শকদের শান্ত করতে বেশ অনেকটাই সময় লাগল। তারা এখন দাবি করছে এটাই যখন ইভানের শেষ কনসার্ট তাই আরেকটা গান যেন গায়। দর্শকদের অনুরোধে এবং তাদের ইচ্ছা পূরণ করতে তাদের সিলেক্ট করে দেওয়া গানটাই গাইবে ইভান। আশিক আর মেহেদীর দিকে নজর পড়তেই দেখল তারা দুজন এখনো অবিশ্বাস্য চোখে তার দিকে তাকিয়ে আছে।
ইভান গান গাইতে শুরু করল।।
“ভ্রমর কইও গিয়া….
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে….
অঙ্গ যায় জলিয়ারে ভ্রমর কইও গিয়া….
ভ্রমর কইও গিয়া….
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে….
অঙ্গ যায় জলিয়ারে ভ্রমর কইও গিয়া….।
কইও কইও কইওরে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া,
কইও কইও কইওরে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু... কৃষ্ণ হারা হইয়া রে...
ভ্রমর কইও গিয়া...।”
.
টিমের সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির দিকে এগোল ইভান। আশিক আর মেহেদী তাকে বারবার একই প্রশ্ন করছে, “হুট করে এই সিদ্ধান্ত কেন?” ইভান কোনো উত্তর দিচ্ছে না দুজনের কথার। তার নীলাভ চোখ দুটোতে এখন র’ক্ত উঠে গেছে। লাল ও নীলের মিশ্রণে অদ্ভুত লাগছে চোখ দুটো।
ইভান গাড়িতে উঠে বসল। দরজা লাগাতে নিলে আশিক শক্ত হাতে টেনে ধরল দরজাটা। কঠিন গলায় বলল,
“তখন থেকে কিছু জিজ্ঞেস করছি তোকে! এমন বিহেভ করছিস কেন? কী হয়েছে?”
ইভান সামনের দিকে দৃষ্টি রেখে ঢোঁক গিলল, তারপর বলল,
“তোদের সব প্রশ্নের উত্তর আগামীকাল দেবো। আজকে আমাকে ছেড়ে দে ভাই, ভালো লাগছে না আমার।”
“গান ছাড়লি কেন?”
“বললাম তো আগামীকাল বলব।”
“তুই যে আজ গান ছেড়ে দিবি এটা আমাদের আগে জানালি না কেন?”
“তোরা রাজি হতি না, উলটো আমাকে—বাদ দে এসব, বাড়ি যা তোরা।”
আশিক কয়েক সেকেন্ড ইভানের দিকে তাকিয়ে রইল, তারপর বলল,
“একা যেতে পারবি?”
“পারব।”
“স্বাভাবিক লাগছে না তোকে। আমি ড্রপ করে দিয়ে আসি।”
“প্রয়োজন নেই, যেতে পারব আমি। তোরাও চলে যা।”
আশিক লাগিয়ে দিলো গাড়ির দরজা। ইভান দুজনের দিকে আর না তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে পার্কিং থেকে বেরিয়ে ছুটল বাড়ির উদ্দেশ্যে।
মেহেদী এতক্ষণ ইভানকে দেখছিল শুধু। ইভান চলে যেতেই আশিকের দিকে তাকিয়ে বলল,
“মনে হচ্ছে কিছু একটা হয়েছে, নয়তো ও এমন সিদ্ধান্ত কেন নেবে?”
“আমারও তাই মনে হচ্ছে, কিন্তু ও নিজে থেকে না বললে তো জানতে পারব না কিছুই।”
“আগামীকালই জানতে পারব সবকিছু।”
.
ইভান রুমে প্রবেশ করে দেখল রোশনাই ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। নিভান ঘুমিয়ে আছে বিছানায়।
রোশনাই বিছানার দিকে এগিয়ে বলল,
“বলেছিলেন রাত একটার মধ্যে চলে আসবেন, অথচ এখন রাত তিনটার ওপর বেজে গেছে।”
ইভান কোনো উত্তর দিলো না। রোশনাই ঘাড় ঘুরিয়ে তাকাল ইভানের মুখের দিকে। তার চেহারা দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল রোশনাই। নিজের অজান্তেই উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলো ইভানের কাছে। বলল,
“কী হয়েছে আপনার? চোখমুখ এমন দেখাচ্ছে কেন?”
কোনো কথা ছাড়াই রোশনাইকে জাপটে ধরল ইভান। রোশনাই যেন জমে গেল এমন আলিঙ্গনে।
চলবে………..