ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 21

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (২১)
#সানা_শেখ

কোনো কথা ছাড়াই রোশনাইকে জাপটে ধরল ইভান। রোশনাই যেন জমে গেল এমন আলিঙ্গনে। কয়েক মুহূর্ত স্থির হয়ে থাকার পর ইভানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আবারও বলল,

“কি হয়েছে আপনার?”

ইভান রোশনাইয়ের কথার জবাব না দিলো না এবারেও। এক হাতে রোশনাইকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে রোশনাইয়ের হাত নিজের পিঠে তুলে দিয়ে মৃদুস্বরে বলল,

“একটু শক্ত করে ধরো।”

রোশনাই ইভানের মুখের দিকে দেখার চেষ্টা করল, কিন্তু পারল না। ইভান আগের চেয়েও শক্ত করে জড়িয়ে নিয়েছে তাকে।

রোশনাই একটু সময় নিয়ে জড়িয়ে ধরল ইভানকে। আজ দ্বিতীয়বারের মতো আলিঙ্গনে আবদ্ধ হয়েছে দুজন। ইভানের হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক। কণ্ঠস্বরও কেমন কাতর শোনাচ্ছে। রোশনাই বলল,

“কনসার্টে কোনো ঝামেলা হয়েছে?”

“উঁহু।”

“তাহলে কি হয়েছে? এমন করছেন কেন?”

“কিছু হয়নি।”

“আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন?”

ইভান উত্তর দিলো না। রোশনাই আবার বলল,

“কোথায় ছিলেন এতক্ষণ? ফিরতে এত দেরি হলো কেন?”

“কেউ ছাড়ছিল না।”

একটু থেমে আবার বলল,

“সরি, আজ তোমার জন্য ফুল আনতে ভুলে গেছি।”

“সমস্যা নেই।”

দুজনের মধ্যে নেমে এলো নীরবতা। পরস্পরকে জড়িয়ে রেখেই কাটিয়ে দিলো আরও কিছুটা সময়। ইভানের শ্বাস প্রশ্বাস ও হৃৎস্পন্দনের গতি এখন অনেকটাই স্বাভাবিক। তার চোখ দুটো বন্ধ। রোশনাইকে জড়িয়ে ধরার অনুভূতি গভীরভাবে অনুভব করছে সে। তার সকল অস্থিরতা, ছটফটানি, আর মনের অশান্তি দূর হয়ে গেছে রোশনাইকে জড়িয়ে ধরে রেখে। মাস খানেক আগে রোশনাইয়ের কথায় যখন রোশনাইকে জড়িয়ে ধরেছিল সেদিনও তার এমন শান্তি শান্তি অনুভব হয়েছিল। তারপর আরও অনেকবার রোশনাইকে জড়িয়ে ধরতে ইচ্ছে হয়েছিল তার, তবে ধরতে পারেনি। কিন্তু আজ আর নিজেকে আটকাতে পারেনি সে। রুমে ঢুকে রোশনাইকে দেখেই তার মনে হয়েছে রোশনাইকে জড়িয়ে ধরলেই তার হৃদয় শান্ত হবে। আর তাই হয়েছে।

রোশনাই তার বুকে শান্তি খুঁজতে এসেছিল। আর সে রোশনাইয়ের মাঝেই নিজের শান্তি খুঁজে পেয়েছে।
ইভান রোশনাইয়ের মাথায় গভীর ও দীর্ঘ চুম্বন আঁকলো। প্রথমবার ইভানের ওষ্ঠদ্বয়ের স্পর্শ পেয়ে রোশনাইয়ের শরীর শিউরে উঠে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। মুহূর্তেই ব্যস্ত হয়ে পড়ল ইভানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। কিন্তু ইভান তাকে না ছেড়ে হাতের বন্ধন আরও শক্ত করল। রোশনাই অস্থির হয়ে উঠল। বলল,

“ছাড়ুন এখন।”

ইভান তার ঘাড়ে মুখ গুঁজে বলল,

“ইচ্ছে করছে না ছাড়তে।”

রোশনাই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে ইভানের গভীর স্পর্শে। গলা দিয়ে আওয়াজও বের হতে চাইছে না আর। হাতপাও কেমন অসাড় হয়ে আসছে।

ইভান যখন টের পেল সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে তখনই ছেড়ে দিলো রোশনাইকে। দ্রুত দূরে সরে দাঁড়িয়ে রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখল মেয়েটার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। চোখ বন্ধ করে বিড়বিড় করল,

“ওহ শিট!”

অপরাধ বোধে জেগে উঠল ইভানের হৃদয়ে। দ্রুত স্ত্রীর কাছে এগিয়ে এসে দু হাতে আগলে নিল তার মুখ। রোশনাই তখনো আগের মতো দাঁড়িয়ে। চোখ দুটো ইভানের মুখের ওপর স্থির। ইভান বলল,

“সরি সরি সরি, রোশনি। আমি ইচ্ছে করে করিনি। এরকম কিছু করার ইনটেনশন ছিল না আমার। জানি না আমার কী হয়ে গিয়েছি—

ইভানকে বাকি কথা শেষ করতে না দিয়ে রোশনাই মৃদুস্বরে বলল,

“বুঝতে পেরেছি আমি। আপনি ফ্রেশ হয়ে নিন।”

ইভান রোশনাইকে ছেড়ে দিয়েও দিলো না। ঝুঁকে কপালে একটা চুমু খেয়ে ওয়াশরুমের দিকে এগোল দ্রুত পায়ে। রোশনাই ঘাড় ঘুরিয়ে ইভানের যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করল,

“মাথা খারাপ পাগল লোক!”

তারপর বিছানায় উঠে শুয়ে পড়ল ছেলের পাশে। নিভান বিভোর হয়ে ঘুমাচ্ছে।

বিশ মিনিট পরই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ইভান। উদোম শরীর, কোমরে তোয়ালে পেছানো। ভেজা চুলগুলো দিয়ে কপাল ও চোখ ঢাকা।
শীতের কবল থেকে বাঁচতে দ্রুত কাবার্ড থেকে টি-শার্ট ও ট্রাউজার বের করে পরে নিল। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে এগিয়ে এলো বিছানার দিকে। রোশনাই ঘুমিয়েছে কি-না বুঝতে পারছে না। ডিম লাইট জ্বালিয়ে মেইন লাইট নিভিয়ে বিছানায় উঠল। সাবধানে রোশনাইয়ের সামনে দু হাত রেখে রোশনাইয়ের ওপর দিয়ে ঝুঁকে এলো নিভানের দিকে।

“কি করছেন?”

ইভান ঝুঁকে থেকেই রোশনাইয়ের দিকে তাকাল। রোশনাই আবার বলল,

“আপনি এখানে কেন?”

ইভান কথা না বলে আরেকটু ঝুঁকে ছেলের কপালে চুমু খেলো আলতো করে। তারপর রোশনাইয়ের ওপর থেকে সরে এসে শুয়ে পড়ল নিজের জায়গায়। রোশনাই ঘাড় ঘুরিয়ে ইভানের দিকে তাকিয়ে বলল,

“রাতে খেয়েছেন?”

ইভানও ঘাড় ঘুরিয়ে তাকাল রোশনাইয়ের দিকে। বলল,

“খেয়েছিলাম।”

“আপনার মন খারাপ কেন?”

ইভান ঠোঁটে হাসি ফুটিয়ে বলল,

“কোথায় মন খারাপ?”

রোশনাই পলকহীন তাকিয়ে রইল কিছুক্ষণ। ইভানের যে কিছু একটা হয়েছে এতে নিশ্চিত সে। ইভানকে কখনো এমন মন খারাপ করে বাড়ি ফিরতে দেখেনি সে। এমনকি বাড়িতেও ইভানকে মন খারাপ করে থাকতে দেখে না কখনো। কি হয়েছে ইভানের? হাসি মুখেই তো বাড়ি থেকে বেরিয়েছিল। মুখ অন্ধকার করে বাড়ি ফিরল কেন? তখন ইভানের অমন চেহারা দেখে নিজের অজান্তেই রোশনাইয়ের হৃদয় উতলা হয়ে উঠেছিল। মনে হচ্ছিল ইভান ঠিক নেই, তার কিছু একটা হয়েছে। সে সামনে গিয়ে দাঁড়াতেই কীভাবে জাপটে ধরল! তার অমন কাতর কণ্ঠস্বর রোশনাই কখনো শোনেনি।

“ঘুমাও।”

“কনসার্টে কোনো ঝামেলা হয়েছিল?”

“না। তুমি শুধু শুধু এত টেনশন করছো। এমন কিছুই হয়নি। কারও সঙ্গে কোনো ঝামেলা হয়নি।”

“তাহলে কি হয়েছে?”

ইভান অত্যন্ত স্বাভাবিক গলায় বলল,

“আমি চিরদিনের জন্য গান ছেড়ে দিয়েছি, সেজন্য একটু মন খারাপ হয়েছিল, এখন ঠিক আছি।”

“কিহ! কেন?”

“আস্তে, নিভান উঠে যাবে।”

ইভানের কথা শুনে উত্তেজিত হয়ে উঠেছিল রোশনাই, তাই গলার আওয়াজ জোরে হয়ে গিয়েছিল। এবার নিচু গলায় বলল,

“হুট করে গান ছাড়লেন কেন? আমার কথায় কোনোভাবে দুঃখ পেয়েছেন আপনি? আমি তো মজা করে বলেছিলাম ভেড়ার মতো ভ্যা ভ্যা করেন, আপনাকে দুঃখ দেওয়ার জন্য বলিনি।”

রোশনাইয়ের গলায় স্পষ্ট অপরাধ বোধে ফুটে উঠেছে। ইভান হাত বাড়িয়ে রোশনাইয়ের গালে হাত রেখে বৃদ্ধা আঙুল স্লাইড করতে করতে বলল,

“নিজেকে দোষী ভাবছো কেন? তুমি যা ভাবছো এমন কিছু না। তুমি ঐ কথা বলার আগেই আমি গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

“কেন?”

“তুমি প্রথম থেকেই পছন্দ করতে না আমি গান গাই, এখন আমারও আর ভালো লাগে না গান গাইতে। তুমি সেদিন যখন বললে গান বাজনা শ্রবণে অন্তরের কোন লাভ হয় না, তাতে কোন উপকারও নেই বরঞ্চ ওতে আছে গোমরাহী এবং ক্ষতি, যা লাভের থেকেও বেশি ক্ষতিকর। ওটা রুহের জন্য ঐ রকম ক্ষতিকর যেমন মদ শরীরের জন্য ক্ষতিকর। ফলে যারা সঙ্গীত শ্রবণ করে, তাদের নেশা মদ্যপায়ীর নেশা থেকেও অনেক বেশি হয়। তারা ওতে যে মজা পায়, তা মদ্যপায়ীর থেকেও অনেক বেশি। শ’য়’তানও তাদের নিয়ে খেলা করে। আল্লাহর স্মরণ থেকে মানুষকে উদাসীন করে রাখে। তখন থেকেই ব্যাপারটা আমার মাথায় জেঁকে বসেছিল। আমি সত্যি সত্যিই দ্বীনের পথ থেকে বিচ্যুত হয়ে গেছি। এই হারামে জড়িয়ে আমি আরেক হারামে জড়িয়ে ছিলাম, তারপর তার মূল্যও চুকিয়েছি। তুমি আরেকটা কথা বলেছিলে—গায়ক গায়িকা নাকি হ্যামিলনের বাঁশিওয়ালার চেয়েও ভয়ঙ্কর, আজ এটা আমার দর্শকদের দেখে সত্য মনে হয়েছে আমার। আমি যখন বললাম আমি আর গান গাইব না, এটাই আমার জীবনের শেষ কনসার্ট তখন সবাই কেমন অস্থির হয়ে উঠেছিল। কাউকেই শান্ত করা যাচ্ছিল না, কেউ চাইছিলোই না আমি গানের জগৎ থেকে বিদায় নেই।”

রোশনাই এতক্ষণ মনোযোগ দিয়ে ইভানের কথাগুলো শুনছিল। ইভান থেমে যেতেই বলল,

“ওই কথাগুলো আমার না, আমি যা পড়েছি ও জেনেছি সেসবই বলেছিলাম আপনাকে।”

“বলেছিলে তো তুমিই। তুমি না বললে হয়তো কখনো জানতামই না।”

“শখের পেশা ছেড়ে দিলেন কষ্ট হচ্ছে না?”

“যখন ভাবলাম ছেড়ে দেবো, তখন কষ্ট হয়নি। কারণ শখের জিনিস ছেড়ে দেওয়ার অভ্যাস আমার অনেক আগে থেকেই আছে। গান গাওয়া ছাড়া আমার আরও অনেক শখ আছে, সেসবের মধ্য থেকে যেকোনো একটা করব ভেবেছিলাম। আমার টিমকে যখন জানিয়েছিলাম এটাই আমার শেষ কনসার্ট হবে তখনও তেমন একটা খারাপ লাগা কাজ করেনি। কিন্তু স্টেজে দাঁড়িয়ে যখন ঘোষণা দেওয়ার সময় হলো তখন কেন যেন গলা দিয়ে আওয়াজ বের হতে চাইছিল না। নিজেকে সামলে যখন বলেই ফেললাম চিরতরে গানের জগৎ থেকে বিদায় নিচ্ছি তখন দর্শকদের অস্থিরতা আর আহাজারি দেখে ভীষণ খারাপ লাগছিল, সত্যি বলতে চোখে পানি চলে এসেছিল তখন। সব খারাপ লাগা আর পিছুটানকে পেছনে ফেলে যখন বাড়ি ফিরলাম তখনো আমি নিজেকে সামলাতে পারছিলাম না। তাই ওভাবে তোমাকে জাপটে ধরেছিলাম। আশ্চর্যের ব্যাপারটা কি জানো?”

“কী?”

“তোমাকে জড়িয়ে ধরার পর আমার সকল খারাপ লাগা, কষ্ট চলে গেছে। গান গেয়ে আমি যতটা শান্তি অনুভব করতাম তার চেয়ে অনেক বেশি শান্তি আমি তোমাকে জড়িয়ে ধরে অনুভব করছিলাম। তখন থেকেই ইচ্ছে করছে শক্ত করে আবার তোমাকে জড়িয়ে ধরি। এর জন্য তুমি আমাকে অসভ্য, নির্লজ্জ, বেশরম ভাবতেই পারো।”

রোশনাই শীতল গলায় বলল,

“ভাববো কেন? আপনি অসভ্য, নির্লজ্জ, বেশরমই।”

“দুঃখ পেলাম। তুমি বলতেই পারতে—আসুন, আমার বুকে আসুন।”

রোশনাই সরু চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর শোয়া থেকে উঠে বসল। ইভানের গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নিতেই ইভান বলল,

“আশ্চর্য! এই শীতের মধ্যে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিলে কেন? শীত লাগছে তো, তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট দাও।”

রোশনাই নিজের ওপর থেকেও ব্ল্যাঙ্কেট সরিয়ে দিলো। তারপর বিছানা ছেড়ে নেমে গেল। ইভান চোখ দুটো ছোটো ছোটো করে রোশনাইয়ের ভাবসাব বোঝার চেষ্টা করছে।

রোশনাই ইভানের হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বলল,

“উঠুন। শ’য়’তানের রাস্তা থেকে যেমন সরে এসেছেন এখন তাহাজ্জুদের নামাজ আদায় করে পূর্বের করা সকল গুনাহের জন্য মাফ চাইবেন আল্লাহর কাছে।”

ইভান কিছু না বলে শোয়া থেকে উঠে বসল। রোশনাই তাকে টেনে নিয়ে এগোল ওয়াশরুমের দিকে। এমনিতেও সে একটু পরই তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠতই। গত দু মাস ধরেই সে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করছিল ইভান যেন গান-বাজনা থেকে চিরতরে দূরে সরে আসে। গত সপ্তাহে প্রায় বিশ মিনিটের মতো গান নিষেধ ও হারাম হওয়া সম্পর্কিত কিছু হাদিস শুনিয়েছিল ইভানকে, সেসব চুপচাপ নির্লিপ্ত ভঙ্গিতে শুনেছিল ইভান। তখন রোশনাইয়ের মনে হচ্ছিল ইভান তার কথা শুনছে না, তবুও সে নিজের কথাগুলো শেষ করেছিল। ইভান যে তার কথাগুলো শুনেছিল, আর সেসব কথায় প্রভাবিত হয়ে গান ছেড়ে দেবে তার কল্পনায়ও ছিল না।
সবই আল্লাহ তায়ালার দয়া ও রহমত।

*****

“তোরাও গান-বাজনা, হারাম কাজ ছেড়ে দ্বীনের পথে ফিরে আয়। দুনিয়া কিছুই না, এসব ছেড়ে একদিন চলে যেতে হবে, সেদিনের কথা স্মরণ কর।”

ইভানের কথা শুনে দুই বন্ধু কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। দুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল,

“আমার মুখের দিকে তাকিয়ে কী দেখছিস? আকাশের দিকে দেখ, আল্লাহকে স্মরণ কর।”

দুজন আকাশের দিকে তাকাল। এক ফালি চাঁদ দেখা যাচ্ছে, সঙ্গে ঝলমল করা হাজারও নক্ষত্র।

ইভান বলল,

“আমি এখন বাড়িতে যাই, তোরাও যা।”

দুজন আকাশের দিক থেকে মুখ নামিয়ে ইভানের দিকে তাকাল আবার। মেহেদী বলল,

“আচ্ছা যা।”

ইভান কথা বাড়াল না। হাত নাড়িয়ে দুজনকে বিদায় জানিয়ে বাইকের দিকে এগোল।
এশার নামাজ আদায় করেই বন্ধুদের সঙ্গে টিএসসির মোড়ে এসেছিল। তাকে দেখতেই চারপাশে ভিড় জমে গিয়েছিল। দুপুরেই তার বাড়িতে গিয়েছিল আশিক আর মেহেদী। তার গান ছেড়ে দেওয়ার কারণ জানতে পেরে কিছুক্ষণ থ হয়ে বসে ছিল দুজন। তারা কি না কি ভেবে নিয়েছিল আরও।

ইভান বাইক স্টার্ট দিয়ে আবারও হাত নাড়ল দুজনের দিকে। মেহেদী বলল,

“সাবধানে যাবেন, হুজুর। আগামীকাল দেখা হচ্ছে।”

ইভান বলল,

“ইনশাআল্লাহ, বেঁচে থাকলে দেখা হবে।”

.

ইভান রুমে প্রবেশ করল। হাতে বড়ো একটা ফুলের তোড়া। বিছানার দিকে তাকিয়ে দেখল নিভান ঘুমিয়ে আছে, পাশে বসে বই পড়ছে রোশনাই। বিছানার কাছে এগিয়ে এসে ফুলের তোড়া বাড়িয়ে দিয়ে বলল,

“খেয়েছো?”

রোশনাই ফুলের তোড়া হাতে নিয়ে বলল,

“হ্যাঁ, আব্বুর সঙ্গে খেয়েছি আমি। আপনি খেয়ে আসুন।”

ইভান শার্ট প্যান্ট চেঞ্জ করার জন্য ঘুরে কাবার্ডের দিকে এগোতেই রোশনাই পেছন থেকে বলল,

“এ্যাই, আপনার জ্যাকেটে লিপস্টিকের দাগ এলো কোথা থেকে?”

ইভান বিস্মিত হয়ে পেছনে তাকাল। রোশনাই বই আর ফুলের তোড়া রেখে দ্রুত বিছানা ছেড়ে নেমে এলো। ইভান অবাক হয়ে বলল,

“কোথায় লিপস্টিকের দাগ?”

“আপনার পেছনে।”

ইভান ঘাড় ঘুরিয়ে নিজের পেছনে দেখার চেষ্টা করল কিন্তু পারল না। সাধারণ কোনো মানুষের তো নিজের পিঠ দেখা সম্ভব না।
রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল,

“লিপস্টিকের দাগ কোথা থেকে আসবে?”

রোশনাই ইভানকে ঘুরিয়ে দাগের ওপর আঙুল চেপে বলল,

“তাহলে এটা কী?”

“কই?”

“জ্যাকেট খুলুন।”

ইভান জ্যাকেট খুলে দেখল সত্যি সত্যিই তার বাদামি জ্যাকেটের পেছনে গোলাপী রঙের লিপস্টিকের দাগ। মনে হচ্ছে কেউ সযত্নে চুমু খেয়ে এই দাগ বসিয়ে দিয়েছে তার জ্যাকেটে।
ইভান রোশনাইয়ের মুখের দিকে তাকাল। রোশনাইয়ের চেহারা রাগে টমেটোর মতন লাল হয়ে গেছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল,

“কোন বেডির কাছে গিয়েছিলেন?”

“আস্তাগফিরুল্লাহ! এসব কী বলছো? আমি কেন কোনো বেডির কাছে যাব?”

“তাহলে এই দাগ এলো কোথা থেকে?”

“আমি জানি না।”

রোশনাই আশপাশে কিছু খুঁজতে শুরু করল। ইভান বলল,

“কী খুঁজছো এভাবে?”

“ঝাড়ু খুঁজছি।”

“কেন?”

“আপনাকে মা’রার জন্য! ঘরে বউ রেখে আরেক বেডির সঙ্গে চুম্মাচুম্মি করেন! অসভ্য লোক!”

রোশনাইকে রেগে বোম হয়ে যেতে দেখে ইভান কিছুটা ভয় পেল। সে খুব ভালো করেই জানে বউ রেখে পরকীয়া করার বিষয়টা রোশনাই কীভাবে নেবে। কিন্তু সে তো সত্যি সত্যিই কোনো মেয়ের কাছে যায়নি। এই লিপস্টিকের দাগ কোথা থেকে এলো সেটাও সে বুঝতে পারছে না।

রোশনাই তেমন কিছু খুঁজে না পেয়ে ফুলের তোড়াটাই হাতে তুলে নিল। তারপর ইভানের মাথায় বাড়ি মা’রার জন্য উদ্যত হতেই ইভান বিপদ বুঝে দৌড়ে বের হলো রুম থেকে। চিৎকার করে বলল,

“আল্লাহর কসম, কোনো বেডির কাছে যাইনি আমি। ওই লিপস্টিকের দাগ কোথা থেকে এলো জানি না আমি। ওই লিপস্টিকের দাগ যেই শ’য়’তান বেডি আমার জ্যাকেটে লাগিয়ে দিয়েছে তার ওপর গজব পড়বে, ঠাডা পড়বে!”

চলবে……….

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 21 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন