ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 24

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (২৪)
#সানা_শেখ

রুমে এসে রোশনাইকে দেখতে পেল না ইভান। বারান্দার দিকে তাকিয়ে এগোল সেদিকে। নাস্তা শেষ করে বেশ কিছুক্ষণ ড্রয়িংরুমে বসেছিল বাবার সঙ্গে। রোশনাই খাওয়ার জন্য নিচে নামছে না দেখেই ওপরে উঠে এসেছে।

বারান্দায় এসে দেখল রোশনাই উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ভেজা চুলগুলোয় তোয়ালে পেছানো। পরনে সাধারণ মেক্সি, ওড়নাটা গায়ে জড়ানো। গোসলের পর এত শীতের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছে কীভাবে? শীত লাগছে না? এই মেয়েটা নিজের প্রতি এত বেখেয়ালি কেন? কেন এত অদ্ভুত?

ইভানের উপস্থিতি টের পেয়েও তার দিকে তাকাল না রোশনাই। ইভান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর রোশনাইয়ের পেছনে এসে দাঁড়াল। তারপর পেছন থেকে দুহাতে কোমর জড়িয়ে ধরে মিশিয়ে নিল নিজের বুকের সঙ্গে।
রোশনাই কিছুই বলল না। ইভানের হাত সরিয়ে দেওয়ার বিন্দুমাত্র চেষ্টাও করল না।

রোশনাইয়ের নীরবতায় ইভান রোশনাইকে শক্ত করে চেপে ধরল নিজের উষ্ণ দেহের সঙ্গে। হিম শীতল হাত দুটো নিজের উষ্ণ হাতের মুঠোয় পুরে বলল,

“নাস্তা না করে এই ঠান্ডার মধ্যে এভাবে দাঁড়িয়ে আছো কেন? অসুস্থ হয়ে পড়বে তো।”

রোশনাই কিছু বলল না। ইভান তার ঠান্ডা গালের সঙ্গে গাল ঠেকিয়ে বলল,

“তোমাকে কিছু বলার আছে।”

রোশনাই ক্ষীণ স্বরে বলল,

“বলুন।”

“রুমে চলো।”

ইভান রোশনাইকে ছেড়ে তার হাত ধরে রুমে ফিরে এলো। বেডসাইড টেবিলের ওপর থাকা ফুলের তোড়া হাতে নিয়ে সেখান থেকে একটা লাল টকটকে গোলাপ বের করল। তোড়াটা গতরাতেই এনেছিল সে। এই মুহূর্তে টাটকা গোলাপ কিনতে যাওয়ার মতো ধৈর্য তার নেই। সে বরাবরই ধৈর্যহীন মানুষ। যখন যা ইচ্ছে হয় তখন তাই করতে হবে। না করতে পারলে তার মনে হয় সে দম বন্ধ হয়ে ম’রে যাবে। এমন ধৈর্যহীন মানুষ হওয়ার কারণে রিলেশনের মাত্র ছয় মাসের মাথায় তেইশ বছর বয়সে টিউলিপকে বিয়ে করে নিয়েছিল সে।

এই মুহূর্তে তার যা করতে ইচ্ছে করছে সেটা করতে না পারলে তার মনে হবে তার বুকের ওপর কয়েকশো টন ওজনের পাথর তুলে দিয়েছে কেউ। এমন অনুভূতির সম্মুখীন সে হতে চায় না।

রোশনাইয়ের দিকে তাকিয়ে বলল,

“জানো তো ভালোবাসা প্ল্যান করে হয় না, হুট করেই হয়ে যায়? তোমার বেলায় হয়েছে কি-না জানি না, কিন্তু আমার বেলায় হয়েছে।”

একটু থামল ইভান। ফুলটা রোশনাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে চোখে চোখ রেখে ধীর মোলায়েম গলায় বলল,

“নিভানের মা, ভালোবাসি তোমাকে।”

রোশনাই কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটাও বোধহয় ভুলে গেছে, তাই তো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ইভানের মুখের দিকে।
ইভান এক কদম রোশনাইয়ের দিকে এগিয়ে এসে আবার বলল,

“তোমার কাছে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে আমার কথাগুলো, কিন্তু সত্যি সত্যিই আমি ভালোবাসি তোমাকে। হ্যাঁ, বিয়েটা আমি প্রথমে মানতে চাইনি, কোনোদিন মানবোও না বলেছিলাম। কিন্তু হৃদয়কে তো আর মানানো যায় না, তাই না? সে তো মুখের কথা শোনে না। তুমি আমার স্ত্রী, আমার জন্য সম্পূর্ণ হালাল—মন তো তোমার দিকে ছুটে যাবেই, আমি না চাইলেও রকেটের গতিতে ছুটে যাবেই, যাওয়াই উচিত। হালাল সম্পর্কে বরকত বেশি, তাই তোমার জন্য আমার হৃদয়ে খুব দ্রুত আর অনেক বেশি মায়া ও ভালোবাসা জন্মে গেছে।”

রোশনাই ফুলটা হাতে নিল, তবে মুখে কিছু বলল না। ইভান আরেক কদম এগিয়ে রোশনাইকে আলিঙ্গন করল। শীতল ললাটে ওষ্ঠ ছুঁইয়ে বলল,

“আমি সারা জীবন শুধু তোমারই থাকব, আর তোমাকেই ভালোবাসবো। এর আগে একদিন তোমাকে তো বলেছিই তোমাকে হৃদয়ে জায়গা দিয়ে হৃদয়ের দরজা চিরদিনের জন্য সিল করে দিয়েছি। ওই সিল ভেঙে না কেউ ভেতরে প্রবেশ করতে পারবে, আর না তো তুমি বের হতে পারবে।”

রোশনাই ইভানের বুকের বাঁ পাশে মাথা ঠেকিয়ে ধিমি কণ্ঠে বলল,

“আপনি রেখে দিলে আমি সারা জীবন এখানেই থেকে যাব। কিন্তু আপনি নিজেই যদি আমাকে এখান থেকে বের করে দূরে ঠেলে দেন?”

“ওই দিনটা আসার আগে ম’রণ এসে যেন আমাকে আলিঙ্গন করে।”

রোশনাই চুপ করে রইল। এসব কথা এখন আর খুব বেশি প্রভাবিত করতে পারে না তাকে। শামস এর চেয়েও গভীর গভীর কথা বলত তাকে। সেসব শুনে তার গা শিউরে উঠত। পেটে হাজারও প্রজাপতি ডানা মেলে উড়ত। তখন ভাবত, সে কতই না ভাগ্যবতী একজন নারী। কত ভালো একজন স্বামী পেয়েছে। এমন একজন মানুষ পাশে থাকলে জীবনে আর কি চাই? তার তো কিছুই চাওয়ার ছিল না, ছিল শুধু শামস আর শামসের ভালোবাসা।

ইভান রোশনাইয়ের চুল থেকে তোয়ালে খুলে ফেলল। ভেজা চুলের ভাঁজে হাত গলিয়ে বলল,

“আমার জীবনের সবচেয়ে সুন্দর ও মায়াময় উপহার তুমি আর নিভান। তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু নিজের অনুভূতিকে অস্বীকার করতে পারবে না, সুইটহার্ট।”

রোশনাই ফট করে মুখ তুলে ইভানের মুখের দিকে তাকাল। ইভান মুচকি হেসে আলতো চুমু খেলো রোশনাইয়ের শুষ্ক ওষ্ঠদ্বয়ে। তারপর দু বাহুতে হাত রেখে রোশনাইকে বিছানার ওপর বসাল। বিছানার ওপর রাখা সোয়েটারটা হাতে নিয়ে নিজেই পরিয়ে দিতে লাগল। রোশনাই শান্ত চোখে তাকিয়ে আছে ইভানের মুখের দিকে। সে ইভানকে কোনো কিছুতেই বাঁধা দিচ্ছে না।

ইভান হেয়ার ড্রায়ার নিয়ে এসে রোশনাইয়ের ভেজা চুলগুলো শুকিয়ে বেঁধে দিলো। ময়েশ্চারাইজার এনে মুখে-হাতে-পায়ে মেখে দিলো। লিপবাম দিয়ে দিলো খসখসে ঠোঁটজোড়ায়।
সব শেষে মলিন মুখটা দুহাতের আঁজলায় নিয়ে টলটলে চোখ দুটোতে চোখ রেখে বলল,

“তুমি আমার, তাহলে তোমার যত্ন নেওয়ার দায়িত্বও তো আমার, তাই না?”

রোশনাইয়ের চোখ থেকে টপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা উষ্ণ তরল। দেখতে দেখতে আরও অসংখ্য ফোঁটা গড়িয়ে পড়তে লাগল।

ইভান টিস্যু পেপার দিয়ে গাল মুছে দিতে দিতে বলল,

“অনেক বেলা হয়ে গেছে, নাস্তা করতে নিচে চলো।”

রোশনাই মুখ নামিয়ে নিল। ডান হাতের মুঠোয় ইভানের দেওয়া ফুলটা। তার এত কান্না পাচ্ছে কেন? হাউমাউ করে কান্না পাচ্ছে। সে সামলাতে পারছে না নিজেকে।

ইভান রোশনাইয়ের পায়ে স্লিপার গলিয়ে বিছানা থেকে নামাল। কাবার্ড থেকে খিমার বের করে এনে রোশনাইয়ের হাতে দিয়ে বলল,

“এটা পরে নিচে চলো।”

রোশনাই ফুলটা রেখে খিমার পরল। লম্বা শ্বাস টেনে পা বাড়াল দরজার দিকে। তার সঙ্গে পা বাড়াল ইভানও।

.

ঘড়ির কাঁটা বিকেল চারটার ঘরে।
নিভান, ইভান, রোশনাই ও ইহসান চৌধুরী থানায় বসে আছেন। তাদের সামনে বসে আছেন ইন্সপেক্টর মাহফুজুর রহমান।
টিউলিপ রোশনাই ও ইভানের নামে জিডি করেছে। তাই থানা থেকে রোশনাই ও ইভানকে ডাকা হয়েছিল। ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ইহসান চৌধুরীও থানায় এসেছেন।

অফিসারের সব কথা শোনার পর ইভান বলল,

“টিউলিপ যা যা বলেছে তার অর্ধেকের বেশিই মিথ্যা। রাগের মাথায় আমি চড় মে’রেছিলাম, রোশনিও চড়ই মে’রেছে। দেওয়ালের সঙ্গে কেউ ওর মাথা বাড়ি দেইনি।”

পাশ থেকে সাব ইন্সপেক্টর বললেন,

“মা’রবেন কেন? আইন নিজের হাতে তুলে নিয়েছেন কেন আপনারা?”

রোশনাই কটমট করে তাকাল সাব ইন্সপেক্টরের দিকে। ইভান তার চাহনি দেখে হাতের ওপর হাত রেখে শান্ত থাকার ইশারা করল। রোশনাই নিজের রাগকে দমিয়ে খ্যাটখ্যাটে গলায় বলল,

“মা’রব না কি করব? চুমাবো? ও আমার স্বামীর কোলে উঠে বসে থাকবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব নাকি খুশি হয়ে ওকে মাথায় তুলে নাচবো?”

ইভান মনে মনে আল্লাহকে ডাকতে লাগল রোশনাইয়ের মাথা ঠান্ডা করে দেওয়ার জন্য।
সাব ইন্সপেক্টর বললেন,

“তাই বলে আইন নিজেদের হাতে তুলে নিবেন?”

“কি করতাম? আপনাদের কল করে ডাকতাম, আপনারা বলতেন চব্বিশ ঘণ্টা পার হোক তারপর ব্যাপারটা দেখছি?”

রোশনাইয়ের ত্যাড়া ত্যাড়া উত্তরে অফিসার দুজন অসন্তুষ্ট হলেন খুব। এমন ত্যাদর মেয়ে তারা খুব কমই দেখেছেন।

ইভান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল,

“টিউলিপকে আমি অনেকবার বলেছিলাম আমাকে ছাড়ার জন্য, কিন্তু ও না ছেড়ে আরও শক্ত করে ধরছিল। আপনাকে যদি আপনার ওয়াইফের সামনে কেউ ধরে তাহলে আপনার ওয়াইফ কি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি রোশনির মতো রিঅ্যাক্ট করবে?”

“কিন্তু এভাবে মা’রা তো ঠিক হয়নি।”

রোশনাই বলল,

“ওই মেয়ের জন্য যদি আপনাদের এতই দরদ উথলে পড়ে তাহলে আপনাদের মধ্যে থেকে যেকোনো একজন ওকে কোলে করে বাড়িতে নিয়ে যান। তারপর যা হবে সেটা আপনি, আপনার ওয়াইফ আর ওই মেয়ে বুঝে নেবেন। আমার হাজব্যান্ডকে কোনো মেয়ে ছোঁবে সেটা আমি সহ্য করব না। আপনাদের ওয়াইফরা যদি করে তবে সেটা তাদের ব্যাপার।”

অফিসার দুজন চুপ করে রইলেন। ইভান বলল,

“টিউলিপের সঙ্গে আমার সংসার জীবন ছিল মাত্র ছয় মাস। ছয় মাস পর ও নিজের ইচ্ছায় আমাকে ছেড়ে ওর এক্স বয়ফ্রেন্ডের কাছে ফিরে গিয়েছিল। ওর যে এক্স বয়ফ্রেন্ড আছে এই কথাটাও ও আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল রিলেশনের শুরু থেকে। যাই হোক, ও চলে যাওয়ার পর আমিও অতীত ভুলে নিজের জীবনে এগিয়ে গেছি। এতদিন পর ও আমার কাছে ফিরতে চাইছে। আমি কেন গ্রহণ করব ওকে? প্রথমে ভালোভাবেই বলেছি, কিন্তু ও কোনো কথা শোনেনি। রোশনি ওকে চড় মা’রায় ও নিজেও তো রোশনির ওপর অ্যাটাক করেছিল। রোশনি একা তো গালাগালি করেনি, ও নিজেও করেছে। সব প্রমাণ আছে আমাদের কাছে।”

“নিয়ে এসেছেন?”

“না। আপনারা কল করার পরই তো চলে এলাম এখানে।”

ইহসান চৌধুরী এতক্ষণ নীরব ভূমিকা পালন করলেও এবার বললেন,

“দেখুন অফিসার, যা ঘটেছে তার জন্য টিউলিপ নিজেই দায়ী। ও নিজেই উগ্র আচরণ করছিল। বারবার নিষেধ করার পরও জোর করে বাড়ির ভেতর ঢুকে গিয়েছিল। পুরো সুস্থ অবস্থায় বেরিয়েছিল আমাদের বাড়ি থেকে। নিজেই নিজের মাথা ফাটিয়ে এখানে এসেছিল। যখন বুঝতে পেরে গেছে ইভানের জীবনে ওর আর কোনো জায়গা নেই তখন এসব কাহিনী শুরু করেছে।”

“কিন্তু আপনার ছেলে আর ছেলের বউ তো টিউলিপকে মে’রেছেই।”

রোশনাই শান্ত গলায় বলল,

“ঠিক আছে, পরেরবার চুমিয়ে লাল বানিয়ে দেবো। তখন নিশ্চই আপনারা খুউব খুশি হবেন!”

চলবে……….

এই পর্বটা তিনবার লিখে তিনবার কে'টেছি তাই এর চেয়ে বড়ো করে দিতে পারলাম না 🙂

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 24 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন