#অনুভূতির_মায়াজাল (২৫)
#সানা_শেখ
থানা মিটিয়ে বাড়ি ফিরতে ফিরতে মাগরিবের আজান দিয়ে দিলো। ফেরার পথে ঘুমিয়ে গেছে নিভান। রুমে ঢুকে আগে নিভানের জন্য বিছানা ঠিক করে দিলো রোশনাই। ইভান ছেলেকে আস্তে করে শুইয়ে ঢেকে দিলো। নিভান একটা মোচড় দিয়ে আবার ঘুমিয়ে গেল। আজ রাতে বাবা মায়ের ঘুমের বারোটা বাজাবে সে—এতে কোনো সন্দেহ নেই।
রোশনাই হাত মোজা খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াল। মেজাজ তার এখনো ঠান্ডা হয়নি। কতগুলো টাকা ঢেলে এলো থানায়! থানা থেকে বের হওয়ার আগে রাগে ফোস ফোস করতে করতে অফিসারদের উদ্দেশে বলে এসেছে, টিউলিপ যদি আরেকবার ইভান বা বাগানবিলাসের ধারে কাছেও আসে, তবে সে টিউলিপের মাথা সত্যি সত্যিই দেওয়ালে বাড়ি মে’রে তার ভবলীলা সাঙ্গ করে দেবে।
অফিসার দুজন তাকিয়ে থাকা ছাড়া কিছু বলেননি। ইভান তার হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে এসেছিল, নয়তো আরও কিছু বলত সে।
ইভান ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই রোশনাই ওয়াশরুমের দিকে এগিয়ে গম্ভীর গলায় বলল,
“আগেই শুরু করবেন না, আমার জন্য অপেক্ষা করুন।”
ইভান কিছু বলল না। তোয়ালে দিয়ে হাতমুখ মুছে কাবার্ড থেকে দুটো জায়নামাজ বের করল।
রোশনাই ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ইভান জায়নামাজ দুটো বিছিয়ে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হাতমুখ মুছতে মুছতে বলল,
“আবার বাইরে গেলে টুপি কিনে আনবেন।”
ইভান মাথা নেড়ে বলল,
“আচ্ছা।”
রোশনাই নামাজের খিমার বের করে পরতে পরতে ইভানের পেছনে জায়নামাজে দাঁড়াল।
.
সোফায় বসে আছে ইভান। তার পাশে বসে আছেন ইহসান চৌধুরী। পাশের সোফায় বসে আছেন করিম মিয়া। ইহসান চৌধুরী ও করিম মিয়ার হাতে চায়ের কাপ। ইভান খালি হাতে বসে আছে। রোশনাই রুমে রয়েছে ছেলের কাছে। ঘড়ির কাঁটা এখন রাত নয়টার ঘরে। রাতের খাবার খেয়েই সোফায় বসেছে তিনজন।
ইহসান চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন,
“এখন কি করবে ভাবছো।”
ইভান ভ্রু কুঁচকে বলল,
“কী?”
“এভাবে বসেই থাকবে নাকি কিছু করবে?”
“করব, বিজনেস।”
ইহসান চৌধুরী পুনরায় চায়ের কাপে চুমুক দিয়ে বললেন,
“কীসের বিজনেস?”
“টেক্সটাইল বা গার্মেন্টস।”
ইহসান চৌধুরী চোখ কপালে তুলে বললেন,
“কি বলছো বুঝতে পারছো?”
“পারব না কেন?”
“তুমি এসব বিজনেস করবে?”
“হ্যাঁ।”
“এত টাকা কোথায় পাবে?”
ইভান ভাবলেশহীন গলায় বলল,
“তুমি দেবে।”
“আমার কাছে নেই এত টাকা।”
“কিপটামি কম করো, ড্যাড। তোমার টাকা কি আমি মে’রে দেবো? দশ বছর পর সুদে আসলে সব ফেরত দিয়ে দেবো।”
করিম মিয়া অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন,
“স্যার, সাবধান। দশ বছর পর গুণে গুণে দশ হাত পেছন দিয়ে ভরে দেবে কিন্তু।”
ইভান কটমট করে তাকাল করিম মিয়ার দিকে। করিম মিয়া ইহসান চৌধুরীর দিকে তাকিয়ে আবার বললেন,
“স্যার গলে যাবেন না কিন্তু। এর আগে ষোলো লাখ জলে ডুবিয়ে এসেছে। আর এবার আপনাকে পথে বসিয়েই ছাড়বে।”
ইভান চেঁচিয়ে উঠল।
“আঙ্কেল!”
ইহসান চৌধুরী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন,
“করিম একদম ঠিক কথা বলেছে। তোমাকে আমি খুব ভালো করেই চিনি ও জানি। আমার এত বছরের সঞ্চয় আমি জলে ডুবাতে দেবো না। এই বিজনেসের চিন্তা-ভাবনা বাদ দিয়ে বউ বাচ্চাকে সময় দাও আর বাড়িতেই থাকো। তুমি আজ বিজনেস চালু করে আগামীকাল বলবে এটা আর ভালো লাগছে না, আমি অন্য কিছু করব। আবার দেখা গেল বিজনেস শুরু করে তুমি আর ওমুখো হবেই না, সব কর্মচারীদের ওপর ছেড়ে দেবে।”
ইভান কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গম্ভীর গলায় বলল,
“কে বলেছে তোমাকে?”
করিম মিয়া বললেন,
“বলতে হবে কেন? তোমাকে খুব ভালো করেই চেনা আছে। গিরগিটির গায়ের রঙের চেয়েও তোমার শখগুলো দ্রুত বদলায়। আজ ডাক্তার হবো, কাল পুলিশ হবো, পরশু আর্মি হবো, তারপরের দিন কাস্টম অফিসার হবো, তারপরের দিন গায়ক হবো, তারপরের দিন নায়ক হবো, তারপরের দিন বিজনেস ম্যান হবো, তারপরের দিন মেথর হবো।”
ইভানের চেহারার দিকে তাকিয়ে ইহসান চৌধুরীর হাসি পেয়ে গেল। করিম মিয়া স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন।
ইভান পুরো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে উঠল আবার। সে মেথর হবে? সে? ইভান চৌধুরী মেথর হবে?
করিম মিয়া বসা থেকে উঠে দাঁড়ালেন। ইহসান চৌধুরীর সামনে থেকে খালি চায়ের কাপটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে বললেন,
“চেঁচিয়ে লাভ নেই। আমি শিওর এই শখও একদিন তোমার মনের মধ্যে জেগে উঠবে, বাজান।”
ইভান বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল করিম মিয়ার যাওয়ার পথে। হ্যাঁ তার মনে ক্ষণে ক্ষণে নতুন নতুন শখ জেগে ওঠে, তাই বলে মেথর হওয়ার শখ জেগে উঠবে? ছিঃ! ওয়াক!
ইভানের গা গুলিয়ে উঠল। পেট মুচড়ে বমি পেয়ে গেল টয়লেটের সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই।
সে টয়লেটের সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করছে, মানুষের পচা গু-মুত তার হাতে লেগে যাচ্ছে—কি জঘন্য একটা দৃশ্য! ছিঃ!
ইভান দৌড়ে ড্রয়িংরুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুমে ঢুকে গলগল করে বমি করে দিলো।
ইভানের চিৎকার শুনে নিচে নেমে এসেছে রোশনাই। সোফায় বসে ঠোঁট চেপে হাসতে থাকা ইহসান চৌধুরীকে দেখলেও ইভানকে দেখতে পাচ্ছে না আশপাশে কোথাও, তবে ইভানের বমি করার আওয়াজ তার কানে ভেসে আসছে।
“আব্বু, আপনার ছেলের কি হয়েছে? চিৎকার করল কেন? আর বমিই বা করছে কেন?”
ইহসান চৌধুরী বসা থেকে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে হাসতে হাসতে বললেন,
“তোমার স্বামীর মনে নতুন নতুন শখ জাগে, সেই সব শখের কথা করিম স্মরণ করিয়ে দিতেই তার বমি পেয়ে গেছে।”
রোশনাই ইহসান চৌধুরীর কথার আগা গোড়া কিছুই বুঝল না। শখের সঙ্গে বমির কি কানেকশন? শখের কথা স্মরণ হলে বমি পাবে কেন? অদ্ভুত!
বমি বন্ধ হয়ে গেছে। চোখমুখে পানি দিচ্ছে ইভান। পুরো ফ্লোর ভাসিয়ে ফেলেছে বমি করে।
ইহসান চৌধুরী ভেতরে ঢুকে হ্যান্ড শাওয়ার দিয়ে ফ্লোর ধুয়ে দিলেন আগে। ছেলের কাঁধে হাত রেখে বললেন,
“ঠিক আছো তুমি?”
ইভান মুখে পানি নিয়ে থমথমে চেহারায় বাবার মুখের দিকে তাকাল। তারপর তাকাল দরজার সামনে দাঁড়িয়ে থাকা রোশনাইয়ের দিকে।
কোনো কথা না বলে ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল ইভান। ঘাড় ঘুরিয়ে খ্যাপাটে চোখে একবার তাকাল করিম মিয়ার দিকে। করিম মিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখ ফিরিয়ে নিলেন। ইভান দাঁতে দাঁত চেপে ধুপধাপ পা ফেলতে লাগল। যা খেয়েছিল সব বেরিয়ে গেছে।
রোশনাই কপাল ভ্রু কুঁচকে ইভানের যাওয়ার পথে তাকিয়ে আবার শ্বশুরের দিকে তাকাল। ইহসান চৌধুরী হাতপা ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। রোশনাই বলল,
“কি হয়েছে? উনি এমন রেগে আছেন কেন?”
ইহসান চৌধুরী হাসতে হাসতে সবটা খুলে বললেন। সব শুনে রোশনাইয়ের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। কিন্তু পরক্ষণেই তার ঠোঁটের হাসি মিলিয়ে গেল। বমি করলে ভীষণ খারাপ লাগে, ইভানেরও নিশ্চই খারাপ লাগছে। যা খেয়েছিল সবই বোধহয় বেরিয়ে গেছে পেট থেকে। না খেয়ে ঘুমালে তো খিদে পেয়ে যাবে।
রোশনাই আর না দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগোল।
রুমে প্রবেশ করে ইভানকে দেখল না। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে।
ইভান দাঁত ব্রাশ করে ভালোভাবে মুখ ধুয়ে বের হলো ওয়াশরুম থেকে। হাতমুখ মুছে বিছানায় উঠতেই রোশনাই বলল,
“খাবেন না?”
ইভান পিছু ফিরে বলল,
“কী?”
“খাবার।”
“কীসের খাবার?”
“রাতের খাবার।”
“তোমার সঙ্গে বসেই তো খেলাম।”
“বমি করে তো সব ফেলেই দিলেন। এখন অল্প কিছু খেয়ে ঘুমান।”
ইভান ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে বলল,
“এখন আর খাব না। দরজা লাগিয়ে ঘুমোতে এসো।”
রোশনাই দাঁড়িয়েই রইল।
“কি হলো? দাঁড়িয়ে রইলে কেন এভাবে?”
“অল্প করে কিছু খান।”
“এখন কিছুই খেতে পারব না, গা গোলাবে আবার। মাঝরাতে খাওয়ার অভ্যাস আছে আমার, খিদে পেলে খেয়ে নেবো তখন। তুমি ঘুমোতে এসো।”
রোশনাই দরজার দিকে এগোতেই ইহসান চৌধুরী দরজার সামনে এসে দাঁড়ালেন। বললেন,
“ইভান কি করে?”
“শুয়ে পড়েছে।”
“ওকে আমার রুমে আসতে বলো।”
ইহসান চৌধুরী নিজের রুমের দিকে এগিয়ে গেলেন। রোশনাই ইভানের দিকে তাকিয়ে বলল,
“আব্বু আপনাকে উনার রুমে যেতে বলল।”
ইভানের মোটেও ইচ্ছে করছে না ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বের হতে, তবুও বের হলো। সে আন্দাজ করতে পারছে তার বাবা তাকে কেন ডাকল।
বাবার রুমের দরজায় দাঁড়িয়ে দরজায় দুটো টোকা দিতেই ইহসান চৌধুরী তার দিকে তাকিয়ে বললেন,
“ভেতরে এসো।”
ইভান ভেতরে প্রবেশ করল। ইহসান চৌধুরী নিজের পাশে জায়গা দেখিয়ে দিয়ে বললেন,
“বসো এখানে।”
ইভান বসল। ইহসান চৌধুরী আবার বললেন,
“তুমি সত্যিই বিজনেস করতে চাইছো? মানে সিরিয়াস তুমি?”
ইভান মাথা নেড়ে বলল,
“এখনো কনফার্ম না, ভেবেছি শুধু।”
“সাহস পাচ্ছো তুমি?”
“এসব বিজনেসের ব্যাপারে আমার তো তেমন কোনো আইডিয়া নেই। জানতে হবে, বুঝতে হবে তারপর না করতে পারব। আরও কিছুদিন যাক, ভালোভাবে ভেবে নেই আগে।”
“আচ্ছা তাহলে সময় নিয়ে ভাবো আর জানো। যদি সাহস পাও, তবে আমি আছি, চিন্তার কিছু নেই।”
ইভান মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরল। বলল,
“তুমি আছো বলেই আমি এত সাহস পাই, নয়তো এত সাহস কি আমার আছে? আমার মেরুদন্ডই তো তুমি।”
ইহসান চৌধুরী ছেলের পিঠে চাপড় দিতে দিতে বললেন,
“আমার সবকিছু তুমিই। আর আমার সবই তোমার। তুমি খুশি থাকলেই আমি খুশি।”
ইভান হাতের বাঁধন শক্ত করে গভীর স্বরে বলল,
“লাভ ইউ, ড্যাড।”
ইহসান চৌধুরী ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। তিনি ছেলেকে ভীষণ রকমের ভালোবাসেন। ইভান যখন তার মায়ের পেটে এলো তখন ইভানের মা নীপা অ্যাবরশন করিয়ে ফেলতে চেয়েছিলেন। অ্যাবরশন করানোর জন্য তিনি হাসপাতালেও চলে গিয়েছিলেন ইহসান চৌধুরীকে কিছু না জানিয়ে। ডাক্তার ইহসান চৌধুরীর পরিচিত ছিলেন, তিনি আবার নীপাকেও চিনতেন। তাই নীপার কাছে অ্যাবরশনের কথা শোনার পর তিনি নীপার অগচরে ইহসান চৌধুরীকে জানিয়ে দেন সবকিছু।
অনেক কষ্টে ইভানকে বাঁচিয়ে রাখতে সক্ষম হন ইহসান চৌধুরী। নীপা কোনোভাবেই রাজি ছিলেন না ইভানকে জন্ম দিতে। প্রথম কিছুদিন অনেক পাগলামি করেছিলেন অনাগত সন্তানকে মে’রে ফেলার জন্য। ইভান এখনো এসবের কিছুই জানে না। ডাক্তার সেদিন যদি ইহসান চৌধুরীকে কিছু না জানাতেন তবে ইভান নামের এই ছেলেটার অস্তিত্ব এই পৃথিবীতে থাকতই না। সুস্থভাবে জন্মই হতো না তার। এক দলা র’ক্তপিন্ড ময়লার ডাস্টবিনে বা ড্রেনে পড়ে পচে যেত।
ছেলেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আবেগী হয়ে পড়লেন ইহসান চৌধুরী। বললেন,
“লাভ ইউ টু, বাবা।”
ইভান বাবার গালে ঠেসে একটা চুমু খেয়ে বাবাকে ছেড়ে উঠে দাঁড়াল। বলল,
“এখন তুমি ঘুমাও, সকালে উঠেই তো আবার হসপিটালে দৌড়াবে। একটা দিন রেস্ট নিতে চেয়েও নিতে পারলে না সেভাবে।”
“তুমি কিছু খেয়ে ঘুমাও, যা খেয়েছিলে বমি করে তো সব ফেলে দিলে।”
“খিদে পেলে খেয়ে নেব, তুমি ঘুমাও।”
ইভান দরজা ভেজিয়ে দিয়ে বেরিয়ে গেল। ইহসান চৌধুরী দরজার দিকে তাকিয়ে রইলেন। ছেলের সঙ্গে তার সম্পর্কটা বেশ সহজ, বন্ধুর মতো। কিন্তু তার আর তার বাবার সম্পর্ক এমন ছিল না। তার বাবা ছিলেন রাগী ও গুরুগম্ভীর একজন মানুষ। স্ত্রীর মৃ’ত্যুর পর একা হাতে দুই ছেলেমেয়েকে লালন পালন করেছেন, নিজের পেশা আর হাসপাতালও ঠিকঠাক মতো ব্যালান্স করেছেন।
ইহসান চৌধুরী বা ইলমা চৌধুরী কেউই বাবার সঙ্গে সহজভাবে কথা বলতে পারতেন না।
নীপার সঙ্গে ইহসান চৌধুরীর বিয়ের কথা বললে ইহসান চৌধুরী সেদিন প্রথমবার বাবার মুখের ওপর বলেছিলেন তিনি নীপাকে বিয়ে করতে চান না। এর অবশ্য বড়ো কারণও ছিল। নীপার অবাধ্য, বেপরোয়া, উচ্ছৃঙ্খল, লাগামছাড়া জীবনযাপন তার পছন্দ ছিল না কখনোই। কারও শাসন বারণই শুনতেন না নীপা, তিনি ছিলেন বড্ড একরোখা ও জেদি। কিন্তু সেই মেয়েকেই ভীষণ পছন্দ করে বসলেন ইহসান চৌধুরীর বাবা। তিনি নীপাকেই ছেলের বউ করবেন। অবশ্য তার চোখে নীপা ছিলেন অতি শান্ত ও ভদ্র একটা মেয়ে।
ইহসান চৌধুরীর বাবা ও নীপার বাবা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। নীপার বাবাও অনেক আগে থেকেই ইহসান চৌধুরীকে মেয়ের জামাই হিসেবে পছন্দ করে রেখেছিলেন। এক শুক্রবারের বিকেলে নামিদামি কমিউনিটি সেন্টারে ইহসান চৌধুরী ও নীপার বিয়ে সম্পন্ন হয়। বাবার কথা রাখতে নিজের মনের বিরুদ্ধে গিয়েই নীপাকে বিয়ে করেছিলেন ইহসান চৌধুরী। তারপর শুরু হয় সংসার জীবন। ইহসান চৌধুরী সবসময়ই মানিয়ে চলার চেষ্টা করেছেন। কিন্তু নীপা? তিনি নিজের পুরোনো স্বভাব থেকে বেরই হতে চাইছিলেন না।
ইহসান চৌধুরীর বাবার মৃ’ত্যুর মাত্র এক বছরের মধ্যে নীপা ইহসান চৌধুরী ও ছেলে ইভানকে ছেড়ে অন্যত্র সংসার শুরু করেন।
ইহসান চৌধুরী মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলেও নীপাকে ভীষণ ভালোবেসে ফেলেছিলেন অল্প দিনেই। নীপার সামান্য মন খারাপও তিনি সহ্য করতে পারতেন না। সবসময় চেষ্টা করতেন নীপাকে খুশি রাখার। কিন্তু এত কিছুর পরেও তিনি খুশি রাখতে পারেননি নীপাকে। নীপা চলে যাওয়ার পর তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। ছেলেটা না থাকলে বোধহয় উলটাপালটা কিছু করেই বসতেন।
স্ত্রীকে বুকের ভেতর দাফন করে ছেলেকে নিয়ে বাঁচতে শুরু করলেন। আর তাকে নিয়েই কাটিয়ে দিলেন জীবনের প্রায় একুশটি বছর। বাকি জীবনটাও এভাবেই কেটে যাবে—ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে।
সেদিন যদি ছেলেকে বাঁচাতে না পারতেন তবে এতগুলো বছর কীভাবে বেঁচে থাকতেন তিনি? ছেলেকে ছাড়া জীবনটা কেমন হতো? আরও দুর্দান্ত নাকি দুর্বিষহ? আল্লাহ তায়ালাই ভালো জানেন। লাইট নিভিয়ে শুয়ে পড়লেন ইহসান চৌধুরী। ঘুম পাচ্ছে তাঁর। ছেলের জীবন গুছিয়ে দিতে পেরে ভীষণ ভালো লাগে আজকাল, নিশ্চিন্তে ঘুমোতে পারেন।
ইভান রুমে ঢুকে দরজা লাগাতে লাগাতে বলল,
“নিভান উঠে পড়েছে?”
রোশনাই মাথা তুলে ইভানের দিকে তাকাল। বলল,
“উঠেছিল।”
বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলল,
“ঘুমিয়ে গেছে?”
“ঘুমাচ্ছে আবার খাচ্ছেও।”
ইভান ডিম লাইট জ্বালিয়ে মেইন লাইট নিভিয়ে শুয়ে পড়ল রোশনাইয়ের পাশে। কাত হয়ে রোশনাইকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে ধিমি স্বরে বলল,
“এপাশ ফেরো।”
ইভানের ছোঁয়ায় শিউরে উঠল রোশনাইয়ের সর্বাঙ্গ। শান্ত হৃদয়ে যেন ঝড়ের তান্ডব শুরু হলো। রোশনাইকে নিশ্চুপ থাকতে দেখে ইভান আবার বলল,
“নিভানকে ছেড়ে এপাশ ফেরো।”
রোশনাইয়ের গলা দিয়ে আওয়াজ বের হতে চাইল না। কোনো মতে বলল,
“খাচ্ছে তো।”
ইভান নিভানের মুখের দিকে হাত এগিয়ে নিতেই রোশনাই খপ করে চেপে ধরল হাতটা। সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল,
“নিজের জায়গায় যান।”
“আমি আমার জায়গায়ই আছি, জান।”
ইভানের জান সম্বোধনটা রোশনাইয়ের মাথায় ঢুকতে কয়েক সেকেন্ড সময় লাগল।
জোর করে হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেও পারল না। ইভানের মতন শক্তিশালী তাগড়া যুবকের শক্তির কাছে তার মতন হ্যাংলা পাতলা মেয়ের শক্তি কিছুই না।
“ওদিকে যান, নিভান উঠে গেলে কিন্তু রাত তিনটার আগে আর ঘুমাবে না।”
ইভান ফোস করে শ্বাস ফেলল। বলল,
“আমারও সারারাত ঘুম আসবে না।”
“তাহলে ওকে জাগিয়ে দেই। দুই বাপ-ব্যাটা জেগে থাকুন, আমি ঘুমাই।”
“এ্যাহ, না।”
“তাহলে হাত সরান।”
ইভান হাত সরাল না। আলতো করে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। রোশনাইয়ের গা থেকে ভেসে আসা মেয়েলি ঘ্রাণ তার মাথা আউলা ঝাউলা করে দিচ্ছে।
চলবে………..
লাইক কমেন্ট করতে ভুলবেন না কেউ। সানা শেখ পেজটি এখনো যারা ফলো দেননি তারা দ্রুত ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী পর্ব পোস্ট করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আরেকটা কথা গল্প শুরু থেকেই একদিন পর পর আসে, এবং শেষ পর্যন্ত একদিন পর পরই পাবেন ইনশাআল্লাহ।