#অনুভূতির_মায়াজাল (২৬)
#সানা_শেখ
“নিভানের না।”
কয়েক সেকেন্ড নীরবতার পর ইভান আবার ডাকল,
“নিভানের মা।”
রোশনাই ঘুমের ঘোরে সাড়া দিলো।
“হুম।”
“এদিক ফেরো।”
রোশনাই ঘুমিয়ে পড়েছিল, ইভানের ডাকে ঘুম ভাঙলেও চোখ মেলতে পারছে না।
রোশনাই এপাশ ফিরছে না দেখে ইভান বলল,
“ঘুমিয়ে পড়েছো?”
“হুম।”
রোশনাই নিভানকে ছেড়ে মেক্সির চেইন লাগাল। নিভান কখন খাওয়া বন্ধ করেছে সে বুঝতেই পারেনি। চুপচাপ শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল।
রোশনাই ইভানের দিকে ফিরতেই ইভান তাকে অক্টোপাসের মতন পেঁচিয়ে ধরল। রোশনাইয়ের মনে হচ্ছে ইভান তাকে চেপে নিজের দেহের ভেতরে ঢুকিয়ে ফেলবে। এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে? দম বন্ধ হয়ে যাবে তো।
“আর ইউ রেডি?”
রোশনাই ঘুম জড়ানো গলায় অবুঝের মতন বলল,
“কীসের জন্য?”
“বুঝতে পারছো না তুমি?”
ইভানের অধর যুগল রোশনাইয়ের ঘাড়ে বিচরণ করছে। আর সেই অবস্থায়ই কথাটা বলল সে।
রোশনাই জোর করে চোখের ভারী পাতা দুটো টেনে তোলার চেষ্টা করে বলল,
“ঘুমের কারণে চোখ মেলতে পারছি না।”
ইভান মুখ তুলল। বলল,
“আমি যে এতক্ষণ ধরে অপেক্ষা করছি!”
রোশনাই ইভানের মুখের দিকে তাকানোর চেষ্টা করল। কিন্তু ঘুমের কারণে সে চোখ মেলতেই পারছে না। চোখের পাতা দুটো ভীষণ ভারী লাগছে। চোখ মেলতে নিলে কা’টা কা’টা বিধছে চোখে। কয়েকবার চোখ ঝামটা দিয়ে চোখ মেলল। ইভান মাথা তুলে তার মুখের দিকে তাকিয়ে আছে অসহায় চোখে। রোশনাইয়ের ভীষণ মায়া অনুভব হলো ইভানের চেহারা দেখে। হাত বাড়িয়ে ইভানের গলা জড়িয়ে ধরে সবটুকু দূরত্ব মিটিয়ে নিল নিজেই।
ইভানের প্রতি নিজের অনুভূতি অনুভব করে রোশনাই নিজেই ভীষণ রকমের অবাক হয় আজকাল। শামসের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সে দুঃস্বপ্নেও ভাবেনি সে আবার কোনো পুরুষকে বিশ্বাস করবে, আবার ভালোবাসবে, নতুন করে সংসার শুরু করবে। এরকমটা সে ভাবতেই পারত না। ইহসান চৌধুরী তাকে যখন বলল ইভানকে বিয়ে করতে তখন তার মনে হচ্ছিল সে সাত আসমান ওপর থেকে জমিনে আছড়ে পড়ল, মাথায় বাজ পড়ল ঠাস করে, বিস্ফোরণ ঘটল পুরো পৃথিবীতে।
রোশনাইয়ের বিয়ের পর থেকেই স্বপ্ন ছিল সুন্দর একটা শান্তিময় সংসার জীবন হবে তার। শামস তাকে ভীষণ ভীষণ ভালোবাসবে, আদর যত্নের কোনো কমতি অনুভব করতে দেবে না কখনো। তাদের সন্তান হবে। স্বামী ও সন্তানদের নিয়ে একটা জীবন পার করে দেবে সে। তার স্বপ্ন বাস্তবের দিকেই এগিয়ে যাচ্ছিল। শামস তাকে ভীষণ ভালোবাসতো, সেও ভালোবাসতো পাগলের মতন। শামস ছাড়া দুনিয়ার অন্য সবকিছু তার কাছে ফিকে লাগত। স্বামী পাগল, স্বামী বলতে অজ্ঞান টাইপের মেয়ে ছিল সে। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু—
একদিন সব এলোমেলো হয়ে গেল। স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। তার প্রাণের স্বামী অন্য একজনের হয়ে গেল। তার চোখের সামনে অন্য মেয়ের নামে কবুল পড়ল।
আ*ত্ম*হ*ত্যা মহা পাপ না হলে ওই দিনটার আগেই রোশনাই আ*ত্ম*হ*ত্যা করে নিত। আর তার অজান্তেই তার সঙ্গে সঙ্গে তার অনাগত সন্তানও মা’রা যেত।
দুনিয়ার জীবনের কষ্টের ভয়ে আখিরাতের সুখ সে নষ্ট করেনি। ধৈর্য ধরেছে, সহ্য করেছে, তারপর নতুন করে সুন্দর একটা জীবন পেয়েছে—একদম তার স্বপ্নের জীবনের মতন।
রোশনাই ভেবেছিল তার মতন তার সন্তানও বাবার আদর যত্ন ভালোবাসা ছাড়া বড়ো হবে। যদিও সে বেশ কয়েক বছর বাবার আদর যত্ন ভালোবাসা পেয়েছিল, কিন্তু তার সন্তান জীবনে বাবার মুখটাও দেখতে পাবে না, তার আদর যত্ন ভালোবাসা পাওয়া তো অনেক দূরের কথা।
তার সন্তান বাবা পেল, পাচ্ছে বাবার আদর যত্ন ভালোবাসা—না হোক সে জন্মদাতা পিতা, কিন্তু পিতা তো।
সে পেল স্বামী—একজন দায়িত্বশীল যত্নবান স্বামী, যেমনটা সে প্রথম থেকেই চেয়েছিল। একটা শান্তিময় সংসার জীবনও সে পেয়েছে।
এত দ্রুত দ্বিতীয় কাউকে বিশ্বাস করা, ভালোবাসা হয়তো অস্বাভাবিক কিছু, কিন্তু এই অস্বাভাবিক ঘটনাটা তাদের দুজনের সঙ্গেই ঘটেছে। অনুভূতির মায়াজালে ফেঁসে গেছে দুজনেই।
.
ছেলের কান্নায় ঘুম ভাঙল রোশনাইয়ের। নড়েচড়ে উঠতেই বুঝতে পারল তার ছিমছাম শরীরটা ইভানের উন্মুক্ত বুকের সঙ্গে আস্টেপিস্টে জড়িয়ে আছে। ইভানের হৃৎস্পন্দনের গতি ধীর। শ্বাস প্রশ্বাস ভারী।
রোশনাই ইভানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ইভানের ঘুম ভেঙে গেল। কানে ভেসে এলো ছেলের কান্নার আওয়াজ। চোখ মেলে নিভানের দিকে তাকিয়ে দেখল হাতপা ছোড়াছুড়ি করে কাঁদছে। গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট ফেলে দিয়েছে হাতপা ছোড়াছুড়ি করে।
ইভান ছেড়ে দিতেই রোশনাই শোয়া থেকে উঠে ছেলের কাছে এগিয়ে এলো। ফোনের টর্চ জ্বালিয়ে ডায়াপার চেক করে খেতে দিলো ছেলেকে। খাবার পেতেই নিভানের কান্না থেমে গেল। মায়ের উষ্ণ বুকের সঙ্গে মিশে চুক চুক শব্দ করে আরামে খেতে লাগল সে।
রোশনাই বড়ো বড়ো করে হাই তুলতে লাগল। ঘুমে চোখ জ্বলছে তার। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট।
খাওয়া শেষ করে আর ঘুমাল না নিভান। হাতপা ছোড়াছুড়ি করে মুখ দিয়ে অদ্ভুত সব আওয়াজ করতে লাগল সে।
রোশনাই ছেলের মাথায় হাত বুলিয়ে বলল,
“বাজান, আরেকটু ঘুমাও, রাত তো শেষ হয়নি।”
মায়ের কথা শুনে নিভান আরও জোরে জোরে হাতপা ছোড়াছুড়ি শুরু করল। হাসছে সে। তার মুখের আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে সে খুশি হয়ে এমন হাতপা ছোড়াছুড়ি করছে।
রোশনাই চোখ বন্ধ করে নিল। একটু সময়ের মধ্যে ঘুমিয়েও গেল। বেশ কিছুক্ষণ একা একাই খেলল নিভান। তারপর গলা ছেড়ে তারস্বরে চিৎকার করে কেঁদে উঠল।
ছেলের কান্না শুনে আবার ঘুম ভেঙে গেল দুজনের। রোশনাই আবার খেতে দিলেও মুখে নিল না নিভান। রোশনাই বুঝতে পারল আর শুয়ে থাকবে না বলে এমন করছে। আলসেমি ছেড়ে শোয়া থেকে উঠে বসে ছেলেকে কোলে তুলে নিল। মায়ের কোলে উঠতেই কান্না বন্ধ হয়ে গেল নিভানের। কোলের ওপর দাঁড়িয়ে বুকে মাথা ঠেকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আবার ক্যা কু শুরু করল। রোশনাই ফোস করে শ্বাস ফেলল। ছেলেকে নিয়ে এখন হাঁটাহাঁটি করতে হবে তাকে। নাহলে গলা ছেড়ে কান্না শুরু করবে আবার।
রোশনাই বিছানা ছেড়ে নেমে দাঁড়াতেই চোখ মেলল ইভান। ঘুম জড়ানো গলায় বলল,
“ওকে নিয়ে কোথায় যাচ্ছো?”
গায়ে শাল জড়াতে জড়াতে ইভানের দিকে তাকাল রোশনাই। স্বাভাবিক গলায় বলল,
“নিভান আর ঘুমাবে না, বসেও থাকতে দিচ্ছে না। আপনি ঘুমান, আমি ওকে নিয়ে করিডোর থেকে হেঁটে আসি।”
ইভান শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে নেমে বলল,
“ওকে আমার কাছে দিয়ে তুমি ঘুমাও।”
“আপনি আবার উঠলেন কেন? ঘুমান আপনি।”
ইভান কাবার্ড থেকে ফুল হাতা টি-শার্ট বের করে পরতে পরতে বলল,
“তোমার ঘুম প্রয়োজন, তুমি ঘুমাও আমি ওকে সামলাচ্ছি।”
“আপনার ঘুম প্রয়োজন নেই?”
“আমি দিনের বেলায় ঘুমাতে পারব। দাও ওকে আমার কাছে।”
ইভান রোশনাইয়ের কাছ থেকে ছেলেকে নিজের কোলে তুলে নিল। তারপর রোশনাইয়ের এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল,
“ঘুমাও।”
রোশনাই তাকিয়ে রইল দুজনের দিকে। ইভান নিভানের সঙ্গে কথা বলতে বলতে দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে।
ইভানের ঘুমের ডিস্টার্ব হবে ভেবে নিভানকে নিয়ে করিডোরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রোশনাই। আর ইভান কি করল?
রোশনাই ঘুমাল না। অজু করে এসে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াল। ভরা বিলের মতন টইটম্বুর চোখ দুটো থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে জায়নামাজে।
*****
“তোর কুন কুন জায়গায় ব্যথা গো বান্ধবী, ললিতা?”
কয়েক সেকেন্ডের নীরবতার পর আশিকও গেয়ে উঠল একই লিরিক।
“তোর কুন কুন জায়গায় ব্যথা গো বান্ধবী, ললিতা?”
টিউলিপ কটমট করে তাকাল দুজনের দিকে। দুজনই ডোন্ট কেয়ার ভাব নিয়ে মাছি তাড়ানোর মতো করে শূন্যে হাত নাড়ল।
আশিক আবারও পিঞ্চ মে’রে বলল,
“ইভানের বউয়ের হাতের স্পেশাল গুতা খেয়ে কেমন অনুভব হচ্ছে?”
মেহেদী খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল,
“থোবড়ার নকশা তো বদলায়নি দেখছি। খাতির যত্ন কম হয়ে গেছে।”
আশিক বলল,
“যাবি নাকি আজ? আজ গেলে একশো পার্সেন্ট নিশ্চিত স্পেশাল ট্রিটমেন্ট পাবি।”
মেহেদী হুট করে গম্ভীর হয়ে বলল,
“বাড়ি থেকে বের হতে না হতেই তোর এই ডাইনি মার্কা চেহারাটা দেখতে হলো! মাস্ক পরে বাইরে বের হতে পারিস না, শাকচুন্নি?”
টিউলিপ এতক্ষণ চুপচাপ সব শুনলেও এবার আর চুপ থাকতে পারল না। মেহেদীর দিকে খ্যাপাটে চোখে তাকিয়ে দাঁত কিড়মিড় করে বলল,
“কিছু বলছি না বলে কি পেয়েছিস? তোদের কাছে গেছি আমি? এসেছিস কেন আমার সামনে?”
“আমি এসেছি? তোর মতন শাকচুন্নিকে দেখার জন্য আমি মেহেদী আসব?”
“এসেছিসই তো।”
“আসিনি, এখান দিয়ে যাচ্ছিলাম, মাঝপথে তোর ডাইনি মার্কা মুখটাকে দেখতে হলো।”
টিউলিপের চেহারা দেখে মনে হচ্ছে সে রাগের চোটে ফেটে যাবে এখনই।
মেহেদী আবার বলল,
“আমাদের বংশে তোর মতন থার্ড ক্লাস লু’চ্চা একটা মেয়ের জন্ম কীভাবে হলো এখনো আমার মাথায় ঢোকে না। চাচ্চু বলেছে তোকে সামনে পেলে জুতিয়ে দাঁত ফেলে দিতে। এখন ছেড়া জুতা পাই কোথায়?”
মেহেদী আশপাশে নজর বোলাতে লাগল ছেড়া জুতা খোঁজার উদ্দেশ্যে।
টিউলিপ ফোসফাস করতে করতে চলে গেল। তার যাওয়ার পথে তাকিয়ে আশিক মুচকি মুচকি হাসতে লাগল।
মেহেদী চোখ দুটো সরু করে বলল,
“চলে গেল কেন? চাচ্চুর মনের ইচ্ছাটা তো পূরণ করতেই পারলাম না।”
আশিক হো হো করে হেসে উঠল, সঙ্গে মেহেদীও হাসল।
টিউলিপ মেহেদীর দাদার ভাইয়ের নাতনি। মেহেদীর মাধ্যমেই ইভানের সঙ্গে টিউলিপের পরিচয় হয়েছিল। ইভান গানের জগতে প্রবেশ করার পর টিউলিপ জানতে পারে ইভান মেহেদীর ক্লোজ ফ্রেন্ড। তখন সে ইভানের সঙ্গে দেখা করার জন্য এক প্রকার পাগল হয়ে যায়, সঙ্গে মেহেদীকেও পাগল বানাতে শুরু করে। তারপর নিয়মিত দেখা সাক্ষাত হতে হতে দুজন একে অপরের প্রেমে পড়ে যায়।
টিউলিপের আগের সম্পর্কের কথা বাড়ির কেউ জানত না। এমনকি টিউলিপের কোনো ফ্রেন্ডও জানত না।
ইহসান চৌধুরী বিয়ের প্রস্তাব দিতেই টিউলিপের পরিবার রাজি হয়ে গিয়েছিল মেয়ের খুশির জন্য। কিন্তু টিউলিপ যখন ইভানকে ছেড়ে জায়িনের কাছে চলে গেল তখন রাগে ক্ষোভে টিউলিপের বাবা টিউলিপকে ত্যাজ্য করে দেন। এরপর আর মেয়ের কোনো খোঁজ খবর তিনি নেননি।
ইভান শপিং মলে যাবে, তাই তাদের দুজনকে ডেকেছিল। যাওয়ার পথে রাস্তায় টিউলিপকে দেখে দুজনের মাথায় শয়তান ভর করে, যার দরুণ টিউলিপের কাছে এসেই মেহেদী সুর ধরে গান গেয়ে ওঠে, ‘তোর কুন কুন জায়গায় ব্যথা গো বান্ধবী, ললিতা?’
.
বিকেল সাড়ে চারটা।
বিকেলের খাবার বানানোর জন্য রান্নাঘরে প্রবেশ করল রোশনাই। করিম মিয়া নিভানকে নিয়ে উঠোনে হাঁটতে গেছেন।
ইভান মসজিদ থেকে ফিরে সোজা রান্নাঘরে প্রবেশ করল। রোশনাই সবজি কা’টছে। ইভান রোশনাইয়ের পাশে এসে দাঁড়াল।
“এখানে কেন?”
ইভানের দিকে না তাকিয়েই কথাটা বলল রোশনাই। ইভান কিছু বলল না।
“কফি খাবেন?”
প্রশ্নটা করে ঘাড় ঘুরিয়ে তাকাল রোশনাই। ইভান দুদিকে মাথা নাড়ল। রোশনাই পুনরায় সবজি কা’টতে কা’টতে বলল,
“তাহলে কি খাবেন?”
“আপাতত তোমাকে একটা চুমু খেতে চাই।”
তড়িৎ গতিতে ইভানের মুখের দিকে তাকাল রোশনাই। ইভানের চেহারা ভঙ্গি একদম স্বাভাবিক।
“তুমি যদি চাও তবে দুটো খাব।”
রোশনাই সবজি কাটার ছু’রিটা উঁচু করে ধরে বলল,
“দেখেছেন এটা?”
“জি। এটা সবজি কা’টার ছু’রি। তুমি চাইলে এই ছু’রি দিয়ে তোমার স্বামীকেও কা’টতে পারবে।”
রোশনাই কটমট করে তাকাল। বিনিময়ে ইভান সুন্দর একটা মুচকি হাসি দিয়ে রোশনাইয়ের গাল টিপে দিলো।
চলবে……….