ফন্ট সাইজ:
থিম:
অনুভূতির মায়াজাল

পর্ব 27

লেখক: সানা শেখ

#অনুভূতির_মায়াজাল (২৭)
#সানা_শেখ

রোশনাই ইভানের হাত সরিয়ে দিয়ে টমেটো কা’টতে কা’টতে বলল,

“বাজে লোক! সরুন আমার চোখের সামনে থেকে।”

ইভান সরলো না বরং রোশনাইয়ের আরও গা ঘেঁষে দাঁড়াল। একটা লাল টকটকে টমেটো হাতে তুলে কা*মড় বসাল তাতে।

“কাজ করছি তো, এভাবে দাঁড়ালে হাত নাড়াবো কীভাবে? ড্রয়িংরুমে গিয়ে বসুন।”

“ওখানে তো তুমি নেই।”

রোশনাই ঘাড় ঘুরিয়ে ইভানের মুখের দিকে তাকাল আবার।

“তোমার কাছ থেকে দূরে থাকতে ভালো লাগছে না।”

রোশনাই বলল না কিছু। চুপচাপ নিজের কাজ শুরু করল আবার। ইভান তার গা ঘেঁষেই দাঁড়িয়ে রইল। সত্যি সত্যিই রোশনাইয়ের কাছ থেকে দূরে থাকতে ভালো লাগছে না তার। ইচ্ছে করছে রোশনাইকে ঝাপটে ধরে রাখতে। রোশনাই তাকে নিজের দিকে এত বেশি আকর্ষণ করছে যে সে চাইলেও দূরে যেতে পারছে না। রোশনাইয়ের কাছ থেকে দূরে গেলে চারপাশ ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কি যেন নেই।

“নিভানের মা, তুমি কী জাদু জানো?”

রোশনাই নিজের কাজ করতে করতে শীতল গলায় বলল,

“নাহ, তবে খু*ন করতে জানি।”

ইভান হেসে উঠল।

“সত্যিই তাই। তুমি আমার আগের আমিকে খু*ন করে ফেলেছো। তাকে আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না।”

“খোঁজার প্রয়োজন কী? বাকি জীবনটা কা’টিয়ে দিন আমার আপনি হয়েই।”

ইভান রোশনাইয়ের পেছনে দাঁড়িয়ে এক হাতে তার কোমর জড়িয়ে ধরল।

“যেকোনো মুহূর্তে আঙ্কেল চলে আসতে পারে, দূরে সরে দাঁড়ান।”

ইভান পেছনে তাকাল। রোশনাইকে ছেড়ে দিয়ে দরজাটা লাগিয়ে পুনরায় এসে দাঁড়াল রোশনাইয়ের পেছনে। আবার কোমর পেচিয়ে ধরতেই রোশনাই বলল,

“একটু আগে নামাজ আদায় করে এলেন, গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি রয়ে—

রোশনাইকে কথা শেষ করতে না দিয়ে ইভান বলল,

“ওকে ফাইন। টুপি পরে বউয়ের সঙ্গে রোমান্স না করা গেলে টুপি খুলে করছি।”

কথাগুলো বলতে বলতে রোশনাইকে ছেড়ে টুপি খুলে পাশে রেখে দিলো ইভান।
চুলায় ডিম সিদ্ধ হতে দিয়েছিল রোশনাই। ডিম সিদ্ধ হয়ে যাওয়ায় সসপ্যান চুলা থেকে নামাতে নামাতে বলল,

“মাগরিব আর এশার নামাজ এখনো বাকি।”

“আমি কি এ—

“দুষ্টামি না করে আমাকে একটু শান্তিতে রান্নাটা করতে দিন।”

“আমি কি—

“গিয়ে নিভানকে কোলে নিন।”

“আশ্চর্য! আমার কথা শেষ করতে দিচ্ছো না কেন তুমি?”

“আমি জানি আপনি কি বলবেন।”

ইভান চোখ দুটো ছোটো ছোটো করে বলল,

“বলো কি বলব আমি।”

রোশনাই বলল না। সসপ্যান থেকে গরম পানি ফেলে দিয়ে সসপ্যানটা পাশে রেখে দিলো। তারপর ভাতের জন্য চাল ধুতে লাগল। মাগরিবের আগেই রান্না শেষ করতে চায় সে।

ইভান রোশনাইয়ের পাশে এসে দাঁড়াতেই রোশনাই বলল,

“এই ডিমগুলোর খোসা সুন্দর করে ছাড়িয়ে দিন।”

ইভান সসপ্যানের দিকে তাকাল। তারপর ঘাড় ঘুরিয়ে রোশনাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল,

“খোসা ছাড়িয়ে দিলে কি দেবে?”

“আপনি যা চাইবেন।”

“সত্যি তো?”

“একদম।”

“ওকে।”

“যদি খোসার সঙ্গে সঙ্গে ডিমের সাদা অংশও তুলে ফেলেন তাহলে কিন্তু হবে না। নিখুঁতভাবে খোসা ছাড়াতে হবে।”

“আচ্ছা।”

রোশনাইয়ের চাল ধোয়া শেষ। চুলায় ভাত বসিয়ে পেঁয়াজ মরিচ কা’টতে লাগল।

ইভান সসপ্যানে পানি নিল ডিমগুলো ঠান্ডা করার জন্য। তারপর বিসমিল্লাহ বলে একটা ডিম হাতে নিয়ে খোসা ছাড়াতে শুরু করল।
ডিমের খোসা ছাড়িয়ে বেশ মজা পেল সে। সবগুলো ডিমের খোসা সুন্দর মতো উঠে গেছে। নিজের হাত দুটোর দিকে তাকিয়ে চুমু খেতে ইচ্ছে করল ইভানের। বাহ! কি সুন্দর করে ডিমের খোসা ছাড়িয়ে দিলো তার হাত দুটো! হাত দুটো—দুটো চুমুর প্রাপ্য। তাই নিজের হাত দুটোতে নিজেই দুটো চুমু খেলো ইভান। খুশিতে তার নাচতে ইচ্ছে করছে। খুশির ঠেলায় মুখ দিয়ে গানও বেরিয়ে এসেছিল। কিন্তু ঠোঁটের ভেতর থেকেই গানকে বিদায় করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে রোশনাইয়ের কাছে এগিয়ে এলো ডিম নিয়ে।

“নিভানের মা, দেখো কি সুন্দর করে ডিমের খোসা ছাড়িয়েছে তোমার স্বামী।”

রোশনাই ইভানের হাতে থাকা বাটির দিকে তাকিয়ে ইভানের হাস্যোজ্বল মুখের দিকে তাকাল। ইভানের হাসি দেখে মনে হচ্ছে সে কোনো একটা যুদ্ধ জয় করে এসেছে।

রোশনাই ইভানের হাত থেকে বাটিটা নিয়ে বলল,

“কি চান বলুন।”

ইভান বলল না, শুধু তার ঠোঁটের হাসি আরও চওড়া হলো।
রোশনাই ডিমে একটু হলুদ আর একটু লবণ মেশাল হালকা আঁচে ভাজার জন্য।
প্যানে তেল গরম হতেই ডিম চারটা তেলে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে লাগল।
ইভান রোশনাইয়ের হাত থেকে খুন্তি নিয়ে বলল,

“আমি ভাজি, তুমি অন্য কিছু করো।”

“বেশি ভাজবেন না, হালকা বাদামি রঙের হলেই নামিয়ে ফেলবেন।”

“আচ্ছা।”

রোশনাই সিঙ্কের সামনে এসে দাঁড়াল মাংস ধোয়ার জন্য।
ইভান ডিম নাড়াচাড়া করতে করতে বলল,

“সব বাদ, আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি।”

রোশনাই মাংস ধুতে ধুতে বলল,

“কী?”

“আমি রেস্টুরেন্ট খুলব, সেখানকার হেড শেফ থাকব আমি।”

“আপনি রান্না পারেন?”

“পারি না, কিন্তু শিখে নেব।”

“আচ্ছা।”

“আমি শেফ হয়ে গেলে তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না, তখন আমি রান্না করে খাওয়াব।”

“আপনি বাড়িতে রান্না করবেন নাকি আপনার রেস্টুরেন্টে রান্না করবেন? মানুষ তো একজন, একসঙ্গে দুই জায়গা কীভাবে সামলাবেন?”

“রেস্টুরেন্টে রান্না করে তোমাদের জন্য বাড়িতে পাঠিয়ে দেবো।”

“আচ্ছা।”

মাংস ধোয়া শেষ করে সবজি ধুয়ে নিল। চুলার কাছে এসে দাঁড়াতেই ইভান বলল,

“আজকে আমি রান্না করব।”

“একদম না। আপনি যান এখান থেকে। সেকেন্ডে সেকেন্ডে নতুন নতুন শখ জাগে!”

“পারব আমি, তুমি শুধু বলে দাও কীভাবে কী করতে হবে।”

“আপনার আর কী কী শখ আছে বলুন তো শুনি।”

“বারোটা সন্তান হবে আমার। এর মধ্যে একটা তো আছেই, আরও এগারোটা হবে। সাতটা ছেলে আর পাঁচটা মেয়ে। ছেলে সাতজন বড়ো থাকবে, আর মেয়েরা ছোটো। আমার বড়ো ছেলে মানে নিভান হবে সবচেয়ে ভদ্র আর আমার বাধ্য ছেলে, কিন্তু তোমার একটা কথাও শুনবে না। ও হবে পাপা’স বয়। নিভানের ছোটো তিনজন প্রেম করবে, কিন্তু আমি ওদের প্রেম মেনে নেবো না আমার ড্যাডের মতন। আমি ভিলেন হয়ে ওদের প্রেমের মধ্যে প্রবেশ করব, আর জোর করে ধরে বেঁধে অন্য মেয়ের সঙ্গে বিয়ে করিয়ে দেবো। যদি আমার কথা না শোনে তবে আয়নাঘরে বন্দী করে রাখব। মেয়েরা সবসময় আমার নজরে নজরে থাকবে। ওদের ত্রিসীমানায় কোনো ছেলে আসতে পারবে না। এলে সোজা উপরে পাঠিয়ে দেবো। আর—

রোশনাই ইভানকে ঠেলে রান্নাঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করল। ইভান নিজের কথা শেষ না করে অবাক হয়ে বলল,

“এভাবে ঠেলছো কেন?”

“বের হন আপনি এখান থেকে।”

“এখনো তিন ছেলের কথা বলা বাকি।”

“আমি আর একটা কথাও শুনতে চাই না। বের হন আপনি।”

রোশনাই দরজা খুলে ইভানকে বের করে দিলো রান্নাঘর থেকে। ইভান বলল,

“এসব আমার আগের স্বপ্ন ছিল, নতুন স্বপ্নের কথা তো এখনো বলাই হলো না।”

“আপনার আর কোনো শখ-স্বপ্নের কথা শুনতে চাই না আমি!”

রোশনাই দরজাটা লাগিয়ে দিলো ভেতর থেকে।

“আশ্চর্য! সব কথা তো শুনবে নাকি?”

ভেতর থেকে কোনো সাড়াশব্দ এলো না। ইভান ফোস করে শ্বাস ছেড়ে বাইরের দিকে এগোল। বড়ো ছেলেকে সে পাপা’স বয় বানিয়েই ছাড়বে। ওহহো এখনো তো তার একটাই ছেলে—তাই এখন ছোটো বড়ো বলে কোনো কথা নেই।

*****

পরের দিন।
আজ শুক্রবার।
ঘড়ির কাঁটা কিছুক্ষণ আগেই এগারোটার ঘর পার করে বারোটার ঘরে প্রবেশ করেছে।
জুমআর নামাজ আদায় করার জন্য গোসল সেরে তৈরি হয়ে নিল ইভান। সবার আগে সে মসজিদে যাবে বলে এত দ্রুত গোসল করে তৈরি হয়ে নিল। এখন সবার আগে মসজিদে গিয়ে পৌঁছাতে পারলেই হয়।

রোশনাই নিভানকে ঘুম পাড়িয়ে শোয়া থেকে উঠে বসল। ওড়না ঠিক করে বিছানা ছেড়ে নামতে নামতে তাকাল ইভানের দিকে। ইভান গায়ে আতর মেখে ঘুরে দাঁড়াল।
রোশনাইয়ের চাহনি শীতল হয়ে এলো। চোখমুখে ছড়িয়ে পড়ল কোমলতা। ইভান হাসি মুখে বলল,

“কেমন লাগছে আমায়?”

রোশনাই ঠোঁটে হাসি ফুটিয়ে বলল,

“মাশাআল্লাহ!”

ইভানের ওষ্ঠদ্বয় আরও প্রশস্ত হলো। নিজেকে আরেকবার আয়নায় দেখে টুপি মাথায় দিলো। দরজার দিকে এগিয়ে বলল,

“গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নাও।”

“আচ্ছা।”

ইভান বেরিয়ে গেল রুম থেকে। রোশনাইয়ের ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ ইভানকে দেখতে, কিন্তু ইভানের দেরি হয়ে যাবে ভেবে বলল না।
ইভানকে এত বেশি সুদর্শন ও স্নিগ্ধ আজকের আগে তার চোখে লাগেনি।

রোশনাই বারান্দায় এসে দাঁড়াল। ইভান গেটের দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ থেমে গেল। পিছু ফিরে তাকাল নিজের রুমের বারান্দার দিকে। তার মন বারবার বলছিল রোশনাই বারান্দায় দাঁড়িয়ে আছে, আর এই ভাবনার কারণেই সে পিছু ফিরে তাকিয়েছে।

একটা উড়ন্ত চুমু পাঠিয়ে হাত নেড়ে বিদায় জানিয়ে আবার এগোল গেটের দিকে।
রোশনাই মুচকি মুচকি হাসতে লাগল তার যাওয়ার পথে তাকিয়ে। সাদা ধবধবে জুব্বা আর টুপি পরনে ইভানকে অনেক বেশিই সুন্দর, স্নিগ্ধ ও সুদর্শন লাগছে।
ইভান চোখের আড়ালে চলে যেতেই রোশনাই রুমে ফিরে এসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল।

.

রাতের খাবার খেতে বসেছে ইভান, রোশনাই ও ইহসান চৌধুরী। খাবার সার্ভ করেছে ইভান। রোশনাই বিসমিল্লাহ বলে খাবার মুখে পুরল। ইভান তার মুখের দিক থেকে চোখ সরিয়ে বাবার মুখের দিকে তাকাল। ইহসান চৌধুরী প্রথম লোকমা মুখে তুলতেই সব উগরে ফেলে দিলেন। তড়িঘড়ি করে পানি খেয়ে নিজেকে সামলে রোশনাইয়ের দিকে তাকিয়ে বললেন,

“আজ রান্না কে করেছে?”

রোশনাই মুখের খাবার গলা দিয়ে নামিয়ে পানি খেয়ে ইভানকে দেখিয়ে দিয়ে বলল,

“আপনার গুণধর পুত্র।”

ইহসান চৌধুরী বিস্মিত হয়ে ছেলের মুখের দিকে তাকালেন। চোখ দুটো বড়ো বড়ো করে বললেন,

“তুমি রান্না করেছো?”

ইভান হাসি মুখে মাথা নেড়ে বলল,

“হ্যাঁ। কেমন হয়েছে?”

“জঘন্য! কোন অপরাধে এই অখাদ্য খাইয়ে আমাকে মারতে চাইছো তুমি? এমন জঘন্য রান্না কোথায় শিখলে?”

শ্বশুরের কথা শুনে নিজের হাসি ধরে রাখতে না পেরে ফিক করে হেসে উঠল রোশনাই।
ইহসান চৌধুরী ঢকঢক করে পানি গিলতে লাগলেন। তিনি তার এত বছরের জীবনে এমন জঘন্য অখাদ্য খাননি কোনো দিন।

ইভান কপাল ভ্রু-কুঁচকে এক লোকমা তুলে মুখে পুরল, আর সঙ্গে সঙ্গেই তা উগরে ফেলেও দিলো। ওয়াক ওয়াক করতে করতে দৌড়ে গিয়ে দাঁড়াল বেসিনের সামনে।

নিভানকে কোলে নিয়ে ড্রয়িংরুমে পায়চারি করতে থাকা করিম মিয়া ডাইনিংরুমে প্রবেশ করলেন ব্যস্ত পায়ে।

“কি হয়েছে ইভানের?”

ইহসান চৌধুরী বললেন,

“নিজের হাতের অমৃত তার হজম হচ্ছে না। তুমিও একটু চেখে দেখো।”

করিম মিয়া নাকমুখ কুঁচকে বললেন,

“জীবনেও না। এই অখাদ্য আমি দ্বিতীয়বার আর মুখে তুলতে চাই না।”

“তুমি খেয়েছো?”

“হ্যাঁ।”

“সেই জন্যই এতবার বলার পরও তুমি খেতে বসলে না তাই না?”

“তো কী করতাম? এই জঘন্য খাবার খেয়ে নিজেকে অত্যাচার করার কোনো মানে হয়? আমি ফুডপান্ডায় খাবার অর্ডার করে দিয়েছি আমার জন্য।”

ইভান বমি টমি করে ক্লান্ত হয়ে এসে চেয়ারে বসে পড়ল। করিম মিয়ার দিকে তাকিয়ে বলল,

“আপনিই তো সবচেয়ে বড়ো অত্যাচারী! নিজের জন্য খাবার অর্ডার করে দিয়েছেন, আর আমাদের জন্য এই অখাদ্য বরাদ্দ করে রেখেছেন।”

“এখন দোষ আমার?”

“হ্যাঁ।”

কলিংবেল বেজে উঠল। করিম মিয়া দরজার দিকে এগিয়ে বললেন,

“আমার খাবার চলে এসেছে বোধহয়।”

ইভান বসা থেকে উঠে দৌড়ে বের হলো রুম থেকে। দরজার দিকে এগিয়ে বলল,

“কোনো অত্যাচারীর ভালো খাবার খাওয়ার অধিকার নেই।”

করিম মিয়ার কোলে নিভান থাকায় তিনি দৌড় দিতে পারলেন না। চেঁচিয়ে বললেন,

“ইভান, ওটা আমার খাবার। ওটাতে হাত দেবে না তুমি।”

“যে আগে দরজার কাছে পৌঁছাবে খাবার তার।”

“দিস ইজ নট ফেয়ার!”

চলবে……….

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন